Home Blog Page 3453

প্রধানমন্ত্রীকে ইমরান খানের ফোন, স্বাস্থ্যের খোঁজ নিলেন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে তাদের মধ্যে কথা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন।

টেলিফোনের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের বর্তমান অবস্থারও খোঁজ-খবর নেন। শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

উজানের পানিতে উত্তরাঞ্চলের কয়েক জেলায় বন্যা

0

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার কিছু অংশ প্লাবিত হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনাসহ বেশ কয়েকটি জেলার নিচু চর অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছে সেসব এলাকার বহু মানুষ। ভারতে প্রবল বৃষ্টিপাতের কারণে হওয়া বন্যার পানি নামতে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বছরের এ রকম সময়ে বন্যা অপ্রত্যাশিত হলেও সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হবে না।

বাংলাদেশে অক্টোবর মাসে সাধারণত বন্যা না হলেও গত কয়েকদিন ধরেই ভারতের বিহার ও উত্তর প্রদেশে প্রবল বৃষ্টিজনিত বন্যা চলছে এবং ভারতের গঙ্গা নদী থেকে আসা ঢলেই অসময়ের এই বন্যা। অপ্রত্যাশিত এই বন্যায় রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সীগঞ্জ এলাকায় বহু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ কী বলছে?

বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এই বন্যা খুব বেশিদিন স্থায়ী হবে না এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হবে না।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, তাদের হিসেব অনুযায়ী বন্যা পরিস্থিতি সপ্তাহখানেকের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। আগামী তিন থেকে চারদিন পানি বাড়লেও পরের তিন-চারদিনে পানির উচ্চতা স্বাভাবিক মাত্রায় চলে আসবে।

তিনি বলেন, ভারতের কয়েকটি রাজ্যে অতিবৃষ্টির কারণেই এই বন্যা হয়েছে। সাধারণত অক্টোবরে বাংলাদেশে বন্যা হয় না, তবে কখনোই যে হয়নি সেরকমও নয়, অতীতে অক্টোবরে বন্যা হওয়ার নজির রয়েছে। গঙ্গা ও পদ্মার তিন-চারটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে গতকাল মঙ্গলবার এবং নদীসংলগ্ন কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

‘ফারাক্কা ব্যারাজ না থাকলেও একই পরিমান পানি আসতো’

ভারত ফারাক্কা বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে- এবারের বন্যার পর এরকম একটি ধারণা বাংলাদেশের কিছু মানুষের মধ্যে তৈরি হয়েছে, যার প্রতিফলন দেখা গেছে সামাজিক মাধ্যমে অনেকের মন্তব্যে।

তবে এই ধারণা ভিত্তিহীন বলে মন্তব্য করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।

তিনি বলেন, বর্ষার সময় এই ব্যারাজের আসলে কোনো ভূমিকা থাকে না। ভারতের সাথে আমাদের চুক্তিটাও শুকনো মৌসুমের জন্য। ব্যারাজ না থাকলেও এই মৌসুমে ওখান থেকে এরকম পানিই আসতো। যেহেতু বাংলাদেশ ডাউনস্ট্রিম কান্ট্রি (ভাটির দেশ), তাই তিনটি নদী থেকে বর্ষার পানির ঢল সবসময় আসবে।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে বন্যার কারণে সরাসরি বড় ধরণের ক্ষতির সম্ভাবনা না থাকলেও বন্যার পানি নেমে যাওয়ার পর পদ্মার তীরে ভাঙনের হার বাড়বে।

সমন্বয় থাকলে নেওয়া যেতো পূর্বপ্রস্তুতি

সাইফুল ইসলাম মনে করেন, ভারত ও বাংলাদেশের নদী বিষয়ক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় থাকলে তথ্য আদার-প্রদানের মাধ্যমে পূর্বপ্রস্তুতি নেওয়া সহজ হতো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে ক্ষয়ক্ষতির হার আরো কমানো যেত।

তিনি বলেন, তারা যদি আগে থেকেই আমাদের সাথে শেয়ার করতো যে ফারাক্কা পয়েন্টে কবে কী পরিমাণ পানি আসবে, তাহলে সে অনুযায়ী বাংলাদেশ প্রস্তুতি নিতে পারতো। এখন আমরা তিন থেকে পাঁচদিনের পূর্বাভাস দেই, তথ্য পেলে সেক্ষেত্রে হয়তো আরো সঠিকভাবে আরো আগে থেকে পূর্বাভাস দিতে পারবো।

জাতিসংঘে ম্যান্ডেলার মতো বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা

0

বর্ণবাদ বিরোধী নেতা ও দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য জাতিসংঘের সদর দপ্তরে স্থাপন করার পরিকল্পনা নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এটি করতে চায় সরকার।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, এ এম নাঈমুর রহমান ও জাকিয়া তাবাসসুম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাংবাদিকদের বলেন, জাতিসংঘের সদর দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের উদ্যোগকে সংসদীয় কমিটি স্বাগত জানিয়েছে। এজন্য শক্ত কূটনৈতিক প্রচেষ্টা চালাতে বলা হয়েছে। এ ছাড়া বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কাউন্সিলর অফিসার মো. মোশারফ হোসেন মোল্লা স্বাক্ষরিত কার্যপত্রে বলা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সমন্বয় কমিটির নিকট সর্বমোট ৮৯টি ইভেন্টের তালিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৫০টি দেশীয় ও ৩৯টি আন্তজার্তিক টুর্নামেন্ট। এসব খেলাধুলা ও টুর্নামেন্ট আয়োজনের জন্য সর্বমোট ৩০৬ কোটি ২৩ লাখ টাকার সম্ভাব্য বাজেট অনুমোদনের জন্য সুপারিশ প্রেরণ করা হয়েছে।

কার্যপত্রে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সকল খেলা জাতির পিতা বঙ্গবন্ধুর নামে দেওয়া হবে। জাতীয় পর্যায়ের জন্মশতবার্ষিকী সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সরকার চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ গঠন করেছে। গত ৮ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির প্রথম সভায় যুব ক্রীড়া মন্ত্রণালযয়ের প্রতিমন্ত্রীকে আহ্বয়াক করে ২৭ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের উপ-কমিটি গঠন করা হয়। গত ১৭ এপ্রিলে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত হয় নেলসন ম্যান্ডেলার মতো বঙ্গবন্ধুর ভাস্কর্য জাতিসংঘের সদর দপ্তরে স্থাপন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কার্যপত্রে আরো বলা হয়েছে, তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে মন্ত্রণালয়। উৎসবমুখর পরিবেশে আয়োজনের উদ্দেশ্যে এখন থেকেই প্রচার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সকল ফেডারেশন দ্রুত একটি বাজেটসহ বড় কর্মপরিকল্পনা তৈরি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাবে।

এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল- ২০১৯’ কমিটি বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটির সদস্যবৃন্দ বিলটি বিশদভাবে পর্যালোচনা করেন। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটির সদস্য এ এম নাঈমুর রহমানকে আহবায়ক করে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়।

এ ছাড়া বৈঠকে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়েছে।

ধৈর্য ধরুন, গরম খবর আসছে : সাংবাদিকদের সেতুমন্ত্রী

0

ধৈর্য ধরুন, গরম খবর আসছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

কী ধরনের খবর জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কী ধরনের খবর সেটা বলে দিলে তো হয় না। সময় আসলে জানতে পারবেন। এরপরও সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, যখন খবরটা পাবেন তখন দেখবেন। আগে বলে দিলে সারপ্রাইজ থাকবে না।

এরপর সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায় আধাঘণ্টা ধরে কথা বলেন তিনি। শেষ দিকে সাংবাদিকেরা জানতে চান শুরুতে বলেছিলেন একটা গরম খবর, সময় এলে জানাবেন বলেছেন। কী ধরনের গরম খবর? অভিযান নিয়ে কোনো গরম খবর? সম্রাটকে নিয়ে কোনো খবর? তার আপডেটটা কী?

এসব জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমিতো বলছি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এটা কি সম্রাটের ক্ষেত্রে প্রযোজ্য নাকি আরো অনেকের ক্ষেত্রে এ প্রশ্নে তিনি বলেন, না, আমি কিছু বলবো না।

এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাতের কথা রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ পরিষদের সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার সঙ্গে এই বৈঠকের কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক কাদেরের।

জি কে শামীম ফের ৯ দিনের রিমান্ডে

0

যুবলীগের কেন্দ্রীয় নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ টাকা রাখার অভিযোগে আলাদা দুই মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২ অ‌ক্টোবর) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মোহাম্মদ জ‌সিম এ আদেশ দেন।

অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় ১০ দিনের রিমান্ড শেষে জি ‌কে শামীম‌কে আদাল‌তে হা‌জির ক‌রা হয়। এদিন অস্ত্র মামলায় ফের সাতদিন ও মা‌নি লন্ডা‌রিং মামলায় ১০ দি‌নের রিমান্ড আবেদন করা হয়। আদালত অস্ত্র মামলায় চার‌দিন ও মা‌নি লন্ডা‌রিং মামলায় পাঁচদি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

এ সময় আসামির পক্ষের আইনজীবী আব্দুর রহমান হাওলাদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভর পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে শনিবার অস্ত্র ও মাদক আইনে দায়ের করা দুই মামলায় যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমকে (জি কে শামীম) ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

গত মঙ্গলবার মা‌নি লন্ডা‌রিং মামলায় শামীমকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু সাঈদ। ওইদিন এ মামলায় জিকে শামীমের সাত দেহরক্ষীকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত।

গত ২০ সেপ্টেম্বর জি কে শামীমকে তার সাত দেহরক্ষীসহ গুলশান থানাধীন নিকেতনের অফিসে অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়, যার মধ্যে তার জি কে শামীমের মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা তার নামে। পাওয়া যায় মার্কিন ডলার। জি কে শামীম ও তার দেহরক্ষীদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র। আর পাঁচ বোতল বিদেশি মদ উদ্দার করা হয়। এ ঘটনায় জি কে শামীমের নামে তিনটি মামলা হয়।

অপকর্মে জড়িত থাকলে দল, পরিবার কাউকেই ছাড় দেব না

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, সরকার দেশের উন্নয়ন প্রকল্পের অর্থ উইপোকায় ধ্বংস করা থেকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর মাধ্যমে সকল দেশীয় টেলিভিশন চ্যানেলের বাণিজ্যিক ট্রান্সমিশনের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চলতি বাজেটে ১৭৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। দুর্নীতিবাজ উইপোকাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে অর্থ লুটে নিচ্ছে। দেশের উন্নয়নের জন্য জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার যথাযথ ব্যবহার নিশ্চিতের জন্য আমাদের ওইসব উইপোকাকে আটক করতে হবে।

তিনি বলেন, আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত রাখব। এই সব অপকর্মের সাথে জড়িত থাকলে দল, পরিবার নির্বিশেষে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি দেশের দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করতে চাই।

প্রধানমন্ত্রী কোনো ধরনের প্রপাগান্ডা বা অপপ্রচার না করার জন্য গণমাধ্যম ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অপপ্রচারগুলো সরকারের বিরোধিতার নামে মানুষের মধ্যে অনাস্থা সৃষ্টির পাশাপাশি দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে।

শেখ হাসিনা বলেন, আমি আপনাদের কাছে আরেকটি আবেদন রাখতে চাই। আপনারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরুন যাতে করে দেশবাসীর মনে সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা তৈরি হয় এবং তারাও উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারে।

ডিআইজি মিজানের দুই মামলার প্রতিবেদন দাখিল ১১ নভেম্বর

0

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান (সাময়িক বরখাস্ত), তার স্ত্রী, ভাই ও ভাগ্নের বিরুদ্ধে দায়ের করা তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই তারিখ ধার্য করেন। পৃথক আদেশে একই আদালত ডিআইজি মিজান ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক (সাময়িক বরখাস্ত) এনামুল বাছিরের মধ্যে ঘুষ লেনদেনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একই তারিখ ধার্য করেছেন।

বুধবার এই মামলা দুটির তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় আদালত তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন।

জ্ঞাত আয় বহির্ভত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় মিজানুর রহমান ও তার ভাগনে মাহমুদুল হাসান কারাগারে আছেন। গত ২ জুলাই পুলিশ মিজানকে জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। মাহদুদুল গত ৪ জুলাই আত্মসমর্পণ করেন। তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসানকে আসামি করা হয়।
ওই মামলার বর্ণিত সম্পদের বিষয়ে অনুসন্ধানকালে দুদক কর্মকর্তা এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজে গণমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। পরে ঘুষ লেনদেনের বিষয়েও মামলা হয়।

গত ১৬ জুলাই দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা ঢাকার এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে ডিআইজি মিজানুর রহমান ও দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করেন। ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর দুই প্রতিষ্ঠান থেকেই ডিআইজি মিজান ও এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়। এই মামলায় মিজানকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।

মিজান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বিয়ে গোপন করতে ক্ষমতার অপব্যবহার করে দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এ ছাড়া এক সংবাদপাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগে মিজানের বিরুদ্ধে বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। নারী নির্যাতনের অভিযোগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

দু-একদিনের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে : বাণিজ্যমন্ত্রী

0

দু-একদিনের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। তিনি জানান, দু-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম ৬০-৭০ টাকা হবে।

এ সময় বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ থাকার পরও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সুযোগ নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করেছে। এর মধ্যেই মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিকটন পেঁয়াজ দেশে ঢুকেছে। আরো এ পরিমাণ পেঁয়াজ শিগগিরই দেশে ঢুকবে। এই আমদানির সর্বোচ্চ খরচ পড়বে কেজিপ্রতি ৪৩ টাকা, যা ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রয় হবে সর্বোচ্চ ৭০ টাকায়।

তিনি আরো বলেন, যেসব অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করেছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১০ জন যুগ্ম সচিবের নেতৃত্বে ১০টি টিম এর মধ্যে কাজ শুরু করেছে।

শক্তিশালী পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৯৯তম বাংলাদেশ

0

শক্তিশালী পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৯৯তম স্থানে পৌঁছেছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনারস পাসপোর্ট ইনডেক্সে এ বছরের শুরুতে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। কিন্তু বছরের শেষভাগে এসে দুই ধাপ নেমে তা দাঁড়িয়েছে ৯৯তম স্থানে। এবারের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে দু’টি দেশ- জাপান ও সিঙ্গাপুর। এদিকে ৯৯তম স্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইরান ও ইরিত্রিয়া।

বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশ বা অঞ্চলে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় যাতায়াতের সুবিধা পাবেন।

বিশ্বের সবচেয়ে ভ্রমণবান্ধব পাসপোর্ট এশিয়ার জাপান ও সিঙ্গাপুরের। তাদের পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৯০টি দেশ/অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া যায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে তিনটি দেশ- ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তাদের পাসপোর্ট নিয়ে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৮টি দেশ/অঞ্চলে। তৃতীয় অবস্থান ইউরোপের তিনটি দেশের দখলে। ডেনমার্ক, ইতালি ও লুক্সেমবার্গের পাসপোর্ট নিয়ে ১৮৭টি দেশ/অঞ্চলে ভিসামুক্ত প্রবেশ করা যায়। চতুর্থ ফ্রান্স, স্পেন ও সুইডেন। এ তিনটি দেশের পাসপোর্ট নিয়ে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৬টি দেশ/অঞ্চলে। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পর্তুগাল (১৮৫টি দেশ/অঞ্চল)। বেলজিয়াম, কানাডা, গ্রিস, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডের সঙ্গে যৌথভাবে তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। তাঁদের ভিসামুক্ত প্রবেশাধিকার ১৮৪টি দেশ/অঞ্চলে।

এরপর সপ্তম স্থানে রয়েছে মাল্টা, চেক রিপাবলিক (১৮৩), অষ্টম স্থানে রয়েছে নিউজিল্যান্ড (১৮২), নবম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, লিথুনিয়া, স্লোভাকিয়া (১৮১), ১০ম স্থানে রয়েছে হাঙ্গেরি, আইসল্যান্ড, লাটভিয়া, স্লোভেনিয়া (১৮০)।

এ র‌্যাংকিংয়ে সবচেয়ে নিচের ১০টি দেশের মধ্যে ১০০তম উত্তর কোরিয়া ও লেবানন (৩৯), ১০১তম নেপাল (৩৮), ১০২তম লিবিয়া, ফিলিস্তিন ও সুদান (৩৭), ১০৩তম ইয়েমেন (৩৩), ১০৪তম পাকিস্তান ও সোমালিয়া (৩১), ১০৫তম সিরিয়া (২৯), ১০৬তম ইরাক (২৭), ১০৭তম আফগানিস্তান (২৫)।

দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের গুদামে অভিযান

0

পেঁয়াজের দামে লাগাম টানতে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালানো হয়েছে আরো কয়েকটি জেলায়। এ ছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গভীর রাতে পেঁয়াজের বিভিন্ন গুদামে অভিযান চালিয়েছে র‌্যাব পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাক্সফোর্স।

খাতুনগঞ্জে অভিযান চালানো ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘মিয়ানমার থেকে কেনা পেঁয়াজ অস্বাভাবিক দরে বিক্রির প্রমাণ পেয়েছি আমরা। খাতুনগঞ্জের সব আড়তেই একই অবস্থা। প্রথম দিনে আমরা আড়তদারদের সতর্ক করে দিয়েছি। পরে অঙ্গীকার নিয়েছি যাতে তারা অতিরিক্ত মুনাফায় পেঁয়াজ বিক্রি না করে। এরপর অভিযানে প্রমাণ পেলে জরিমানা করা হবে।’

গতকালের অভিযানে মেসার্স আবদুল আউয়ালের বেচাকেনার নথি যাচাই করে দেখা গেছে, ১১ সেপ্টেম্বর ভারতীয় পেঁয়াজ কেজি ৪২ টাকা, ১৫ সেপ্টেম্বর ৫৬ টাকা, ২৪ সেপ্টেম্বর ৬০ টাকা, ২৯ সেপ্টেম্বর ৫২ টাকা, ৩০ সেপ্টেম্বর ৯০ টাকায় বিক্রি করেছে। ৪২ টাকা দরে কেনা পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি করেছে। শাহজালাল ট্রেডার্সে নথিতে ২৮ সেপ্টেম্বর পেঁয়াজ বিক্রি করেছে ৬০ টাকায়। কিন্তু তারা কত টাকা দরে কিনেছে এর কোনো হিসাব নেই। এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের কেউ ছিলেন না। তাদের ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ করে রাখে।

আদালত খাতুনগঞ্জের বেশির ভাগ আড়তেই মূল্যতালিকা ঝুলানো দেখতে পাননি। অভিযানের শেষ দিকে বাড়তি দরে পেঁয়াজ বিক্রি করায় খাজা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গভীর রাতে বিভিন্ন পেঁয়াজের গোডাউনে র‌্যাব পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাক্সফোর্স অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভোমরা বন্দরের ব্যবসায়ীরা জানান, টাক্সফোর্সের দল প্রথমে কাস্টমসসংলগ্ন একটি পেঁয়াজের গোডাউনে অভিযান চালায়। ওই গোডাউনে বিপুল পরিমাণ পেঁয়াজ দেখতে পায় টাক্সফোর্স দল। এরপর কর্তৃপক্ষকে ডেকে এনে বুধবার সকালে এসব পেঁয়াজ বাজারজাত করার নির্দেশ দেন। পাশাপাশি আরো পাঁচ-ছয়টি পেঁয়াজের গুদামে পৌঁছায় দলটি। সকালের মধ্যে এসব পেঁয়াজ বাজারজাত করা না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানায় দলটি।

অভিযানের বিষয়ে টাক্সফোর্সের নেতৃত্বাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে পেঁয়াজ গুদামে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। প্রতিটি গুদামে প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। বিপুল পরিমাণ পেঁয়াজ আজ সকালেই বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাসময়ে পেঁয়াজ বাজারজাত করা না হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান টাস্কফোর্সের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার চান্দিনাসহ অনেক জায়গায় পেঁয়াজের গুদামে অভিযান চালায় গোডাউনে র‌্যাব পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাক্সফোর্স। অনেক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়।