Home Blog Page 3454

কাল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ১০টির বেশি চুক্তি-সমঝোতার আশা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে চার দিনের সফরে নয়াদিল্লি পৌঁছাবেন। প্রথম দুই দিন তাঁর সফরসূচি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনকেন্দ্রিক। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৬টি চুক্তি ও এমওইউ সইয়ের জন্য বিবেচনাধীন রয়েছে। শীর্ষস্থানীয় নেতারা সেগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তবে এর মধ্যে উভয় পক্ষের সম্মতিতে অন্তত ১০টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল সন্ধ্যায় তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর নয়াদিল্লিতে আগামী শনিবার তাঁরা আনুষ্ঠানিক বৈঠকে বসছেন। নরেন্দ্র মোদি ইতিমধ্যে স্পষ্ট জানিয়েছেন, আসামে নাগরিক তালিকা হালনাগাদ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই। বাংলাদেশও জম্মু ও কাশ্মীর প্রশ্নে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করাকে ওই দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। আসন্ন বৈঠকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর এবারের সফরেও তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে বড় কোনো অগ্রগতির আভাস মিলছে না। তবে তিস্তার বাইরে সাতটি নদীর পানিবণ্টন চুক্তি সইয়ের বিষয়টি দুই দেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নয়াদিল্লি ওই চুক্তি সইয়ের জন্য অঙ্গীকারবদ্ধ ও প্রস্তুত। কিন্তু তিস্তা নদীটি যেহেতু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সে জন্য ওই রাজ্যের সম্মতি ছাড়া তিস্তার পানিবণ্টন চুক্তি করবে না ভারতের কেন্দ্রীয় সরকার। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি সই করার কথা থাকলেও দৃশ্যত পশ্চিমবঙ্গ রাজ্যের আপত্তিতে তা ভেস্তে যায়। তখন থেকেই তিস্তা চুক্তির বিষয়টি ঝুলে আছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, কেবল তাঁর সরকার ও শেখ হাসিনার সরকারই তিস্তার পানিবণ্টন চুক্তি করতে পারে। অঙ্গীকার সত্ত্বেও মোদি সরকার গত কয়েক বছরে চুক্তি সই করতে পারেনি। তবে অঙ্গীকার থেকে ভারত সরেও যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘ভারত চাচ্ছে তিস্তা ইস্যুতে আটকে না থেকে অন্য নদ-নদীগুলোর পানিবণ্টনের বিষয়টি এগিয়ে নিতে। বিশেষ করে, গত ২০ আগস্ট ঢাকায় বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ সচিবদের নেতৃত্বে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে ফেনী, ধরলা, দুধকুমার, মনু, খোয়াই, গোমতী ও মুহুরী—এই সাতটি নদীর পানিবণ্টন চুক্তি দ্রুত সই করার লক্ষ্যে সেপ্টেম্বর মাসের মধ্যেই ওই নদীগুলোর তথ্য-উপাত্ত হালনাগাদ করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা এখনো করা সম্ভব হয়নি। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হালনাগাদের কাজ শেষ হবে এবং তা স্বাক্ষরের জন্য উপযুক্ত হবে।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘আগামী শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের শীর্ষ বৈঠকে ওই সাত নদীর পানিবণ্টনে চুক্তি সইয়ের জন্য তথ্য হালনাগাদ করার কাজ বেগবান করার তাগিদ দেওয়া হবে। যৌথ বিবৃতিতেও এ বিষয়টি উল্লেখ থাকার সম্ভাবনা রয়েছে।’

নয়াদিল্লির সূত্রগুলো জানায়, এবারের শীর্ষ বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকছেন না। পূজার কারণে তিনি এ সময়টা সাধারণত পশ্চিমবঙ্গের বাইরে যান না। কয়েক দিন আগেই তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে কলকাতা ফিরেছেন।

জানা গেছে, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের নয়াদিল্লি সফরে সাক্ষাৎ হচ্ছে না। প্রণব মুখোপাধ্যায়ও পূজার কারণে আগামীকাল বৃহস্পতিবার তাঁর বাড়ি পশ্চিমবঙ্গে যাচ্ছেন। সাধারণত নয়াদিল্লি এলে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা।

এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তার পানিবণ্টন বিষয়ে আলোচনার পাশাপাশি আটটি চুক্তি/সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

সফরকালে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাত্সূচি রয়েছে। সফর শেষে আগামী রবিবার প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

কয়েল তৈরির আড়ালে মাদক ব্যবসা, মিলল সোয়া কোটি টাকা আর ইয়াবা

0

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি ২৫ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে তিনজনকে।

আজ বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় অবস্থিত ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব টাকা ও ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন রসুলপুর এলাকার ইউনুস মৃধার ছেলে জামাল হোসেন, তার ভাই মোস্তফা কামাল এবং প্রতিবেশী মানিক মিয়া।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আটক ব্যক্তি টাকার বৈধ উৎস এবং এত টাকা কোথা থেকে এনেছে সে তথ্য দিতে পারেননি। রাতে একটি বড় ইয়াবার চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ এক কোটি ২৫ লাখ টাকাসহ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।’

হারুন অর রশিদ আরো বলেন, ‘জামাল হোসেন বলেছেন তার কয়েল তৈরির কারখানা আছে। সেটি মাস্টার কয়েল নামে পরিচিত। সেটিরও কোনো বৈধ কাগজপত্র নেই। আর এ কয়েল ফ্যক্টরির মাধ্যমে তিনি পরিবেশ দূষণ করছেন। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে আর তার বিরুদ্ধে আমরা মানি লন্ডারিংয়ের মামলা করতে পারব, মাদক মামলাও হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবা সম্রাট থেকে শুরু করে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘পুলিশের কাছে সংবাদ ছিল রসুলপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবা রয়েছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল গতরাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করে। অভিযানকালে দুই হাজার পিস ইয়াবা ও ট্যাঙ্কের ভেতর রাখা এক কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে বাড়ির মালিক জামাল হোসেন, তার ভাই মোস্তফা কামাল এবং প্রতিবেশী মানিক মিয়াকে আটক করা হয়।’

ওসি আরো বলেন, ‘জামাল হোসেন ও মোস্তফা কামালের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ধাসুরা এলাকায়। আট বছর আগে তারা রসুলপুর এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। তারা অবৈধ কয়েল কারখানা ও গরুর খামারের আড়ালে পাইকারি ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শুধু তাই নয়, চারতলা বিশিষ্ট বাড়িসহ তিনটি বাড়ি রয়েছে তাদের।’ এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

0

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে মধুপুরের গাংগাইর বেকারকোণা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত বিনিময় সার্ভিসের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে ধনবাড়ীর দিকে আসছিল। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে ময়মনসিংহ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এরশাদবিহীন নির্বাচনে জয় পেতে মরিয়া জাপা

0

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনে নির্বাচন নিয়ে জমে উঠেছে রংপুরের রাজনীতি। এই আসনে উপনির্বাচন আগামী ৫ অক্টোবর। আসনটি দীর্ঘ ২৮ বছর ধরে জাতীয় পার্টির দখলে ছিল। তাই এবার এরশাদবিহীন প্রথম কোনো জাতীয় নির্বাচনে জয় পেতে মরিয়া জাপা।

জাপার প্রার্থী এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। এর মধ্যে আলোচনায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী এরশাদের ভাতিজা ও জাপার সাবেক এমপি আসিফ শাহরিয়ার এবং বিএনপির রিটা রহমান। নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোদ পরিবারের মাঝে বিরোধ এবং সমর্থন দেওয়া আওয়ামী লীগনির্ভর হয়ে ওঠা জাপার সামনে এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।

এবারের উপনির্বাচনে এরশাদ পরিবার থেকে আসিফ শাহরিয়ারের প্রার্থী হওয়া ও স্থানীয় জাপার একটি অংশ বিপক্ষে থাকাসহ সনাতন ধর্মাবলম্বীদের ভোট বর্জনের ঘোষণা জাপা প্রার্থী সাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সেই সঙ্গে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত এরশাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৩ হাজার ভোট পেয়েছিলেন তিনি। এবার এরশাদ নেই, সেই সঙ্গে জাপার বিভেদকে কাজে লাগিয়ে ফল ঘরে তুলতে তৎপর বিএনপি।

এদিকে প্রায় এক সপ্তাহ সময় ধরে বৈরী আবহাওয়ায়ও থেমে নেই প্রার্থীদের দৌড়ঝাঁপ। আগামীকাল বৃহস্পতিবার সকালের পর বন্ধ হয়ে যাচ্ছে আনুষ্ঠানিক প্রচার। শেষ মুহূর্তে এসে প্রচারে তাঁরা ব্যস্ত সময় পার করছেন।

এলাকা ঘুরে জানা যায়, প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর মধ্যে জাপার সাদ এরশাদের লাঙল, স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ারের মোটরগাড়ি ও বিএনপির রিটা রহমানের ধানের শীষের আলোচনা সর্বত্র। শেষ মুহূর্তে এসে তিন প্রার্থী একে অপরের দুর্বলতাকে পুঁজি করে ভোটারদের মন জয় করতে চাইছেন। কেউ কেউ তুলে ধরছেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও।

অন্তঃকোন্দল কিছুটা থাকলেও জাপার প্রেসিডিয়াম সদস্য ও জেলার সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন, ‘জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ নেই। দু-একজন হয়তো নির্বাচনী কাজ করছেন না। তাতে অসুবিধা হওয়ার কথা নয়। আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে। তাদের কার্যক্রম দৃশ্যমান না হলেও সাদ এরশাদের পক্ষেই তারা কাজ করছে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

রোহিঙ্গা শিবিরে কাঁটাতার দিয়ে ‘উন্মুক্ত কারাগার’ বানাতে চাইছে সরকার : এইচআরডাব্লিউ

0

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণের যে পরিকল্পনায় আপত্তি জানিয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এইচআরডাব্লিউ বলেছে, শিবিরের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের হলেও নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মৌলিক অধিকার ও মানবিক প্রয়োজন অস্বীকার করা যাবে না। বাংলাদেশ সরকারের প্রস্তাবিত এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী চলাফেরার স্বাধীনতা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না।

বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে অবস্থান করছে প্রায় ১১ লাখ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা।

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান এসব শিবির ঘিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে এই পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

গতকাল এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এখন মনে হচ্ছে তিনি শিবিরগুলোকে কার্যত উন্মুক্ত কারাগার বানাতে চাইছেন। শরণার্থীদের বাইরের বিশ্ব থেকে আলাদা করে বাংলাদেশ সরকার তাদের অর্জিত বৈশ্বিক সুনামকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের দাবি, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তার সুরক্ষা দেওয়ার পরিবর্তে তাদের মৌলিক মানবাধিকার হিসেবে চলাফেরার স্বাধীনতাকে অস্বীকার করা হচ্ছে। এ ছাড়া এর ফলে জরুরি পরিস্থিতিতে শিবির থেকে বাইরে বের হওয়া বা জরুরি চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিকসেবা পাওয়া থেকে তারা বঞ্চিত হবে।

দুদিনের সফরে খুলনা পৌঁছেছেন রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুলনার খালিসপুরে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দু’দিনের সফরে আজ মঙ্গলবার বিকেলে এখানে পৌঁছেছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে রওয়ানা দেওয়ার প্রায় ৪০ মিনিট পর সন্ধ্যা ৫টা ১০ মিনিটে বিএনএস বেস তিতুমীর হেলিপ্যাডে পৌঁছায়।

চিফ অফ নেভি স্টাফ অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বাংলাদেশ নেভাল ফ্যামেলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বিএনএফডব্লিও) সভাপতি ড. আফরোজা আওরঙ্গজেব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ আগামীকাল দুপুরে বিএনএস বেস তিতুমীরে অ্যাওয়াডিং অফ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দেবেন। এ ছাড়া রাষ্ট্রপতি এই সফরকালে নৌবাহিনীর আরো কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

খুলনা সফরের সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সঙ্গে রয়েছেন। আবদুল হামিদ আগামীকাল বিকেলে ঢাকায় ফিরবেন।

কাশ্মীরে আটক ১৪৪ শিশু, ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির রিপোর্ট

0

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেখানকার শিশুদের শৈশব কার্যত ‘বন্দি’ হয়ে পড়েছে। গত দুই মাসে সেখানে একশ ৪৪ জন শিশুকে আটক করা হয়েছে।

৯ থেকে ১১ বছর বয়সী আটক ওই শিশুদের রাখা হয়েছে বিভিন্ন হোমে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ কমিটিকে এ তথ্য দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। তবে তাদের কাউকেই বেআইনিভাবে আটক করা হয়নি বলেও সরকারিভাবে দাবি করা হয়েছে।

প্রশাসনের যুক্তি, পাথর নিক্ষেপ, দাঙ্গা-হাঙ্গামা বাঁধানো এবং সরকারি ও বেসরাকরি সম্পত্তি নষ্টে যুক্ত থাকার কারণে তাদের আটক করা হয়েছে।

গত ৫ আগস্ট থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সমাজসেবামূলক সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, সেখানে দমন-পীড়ন চলছে। সেই দমননীতি থেকে শিশুদেরও ছাড় দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

সেই অভিযোগের ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়‌ের করেন সমাজকর্মী এনাক্ষী গঙ্গোপাধ্যায় এবং শান্তা সিংহ। তাদের অভিযোগ, উপত্যকায় বেআইনিভাবে ছোট ছোট ছেলেমেয়েদের আটক করছে নিরাপত্তা রক্ষা বাহিনী।

সমাজকর্মীদের ওই অভিযোগ খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর হাইকোর্টের জুভেনাইল জাস্টিস কমিটিকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি এনভি রমণ, আর সুভাষ রেড্ডি এবং বিআর গাবাইয়ের ডিভিশন বেঞ্চে প্রাথমিক রিপোর্ট জমা দেয় বিচারপতি আলি মুহাম্মদ মাগ্রের নেতৃত্বাধীন চার সদস্যের ওই কমিটি। তারপরই বিষয়টি সামনে এসেছে।

কমিটির তাদের রিপোর্টে নিজেদের কোনো মতামত পেশ করেনি। শুধু পুলিশের বয়ান উদ্ধৃত করে জমা দিয়েছে। পুলিশের বয়ান অনুযায়ী, বেআইনিভাবে কোনো শিশুকে আটক করা হয়নি। বরং কোনো নাবালক আইন বিরোধী কাজে লিপ্ত রয়েছে বলে জানা গেলে, আইন মেনেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। পাথর ছোড়ার জন্য সাময়িকভাবে আটকে রাখা হয় তদের। পরে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ধরনের কিছু ঘটনা ঘটে থাকলেও, সামান্য ব্যাপারকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে।

কিন্তু এটাই চূড়ান্ত রিপোর্ট নয়। কী অভিযোগে এবং কতজন শিশুকে আটক করা হয়েছে, জম্মু-কাশ্মীর পুলিশের এডিজি-র কাছে সেই সম্পর্কে সবিস্তার রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত ওই কমিটি।

জম্মু-কাশ্মীর হাইকোর্ট এবং নিম্ন আদলতে ওই শিশুদের জামিনের কোনো আবেদন জমা পড়েছে কি না, সেটাও জানাতে বলা হয়েছে।

‘শরণার্থীরা ভারতে থাকবেন, কিন্তু অনুপ্রবেশকারীদের স্থান নেই’

0

সেমিনার ছিল জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি তৈরি নিয়ে। এদিকে পশ্চিমবঙ্গে সবাই উদগ্রীব হয়েছিলেন জানার জন্য যে, কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ কী বলেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই ছিল নাগরিকত্ব সংশোধন বিল। এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গের শঙ্কিত মানুষদের অভয় দেওয়ার চেষ্টা করে অমিত শাহ বলেন, কোনো হিন্দুকে বাংলা থেকে কোথাও যেতে হবে না। তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন। তাদের ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠার অধিকার দেবে ভারতীয় জনতা পার্টির সরকার।

তিনি আরো বলেন, শুধু হিন্দু কেন, শিখ, খ্রিস্টান, জৈন- কাউকেই ভারত ছেড়ে যেতে হবে না। কিন্তু একজন অনুপ্রবেশকারীও এই দেশে থাকতে পারবেন না।

পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্কে এরই মধ্যে ১৩ জন মানুষ মারা গেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারো সুর ছড়িয়েছেন, বিজেপির বিরুদ্ধে।আসামে ১৯ লাখ মানুষের নাম নাগরিক তালিকা থেকে বাদ যাবার পর মমতা বলেছেন, বাংলায় কোনো ভাবেই এনআরসি হতে দেবেন না।

বিজেপিকে আরো আক্রমণ করে মমতা বলেছেন, ১৯ লাখ মানুষের নাম বাদ গেছে। তার মধ্যে ১২ লাখ হিন্দু এক লাখ গোর্খা আছে। তার মানে দেশের মানুষকে বিদেশি করে দিয়েছে বিজেপি।

মমতাকে আজও আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, মমতা ব্যানার্জি বলছেন, এনআরসি বাস্তবায়ন হলে বাংলা থেকে শরণার্থী হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে। এর থেকে বড় মিথ্যা হতে পারে না।

তিনি আরো বলেন যে, বিজেপি সরকার এনআরসির আগে নাগরিকত্ব সংশোধন বিল পেশ করবে। নাগরিকত্ব সংশোধন বিল এই তৃণমূল সাংসদরাই পাশ করাতে দেয়নি। মতুয়া সমাজ হোক বা অন্য সমাজের যারা ভারতের নাগরিক হতে পারেননি, তারা জেনে রাখুন তৃণমূল যতই বিরোধিতা করুক নাগরিকত্ব সংশোধন বিল পাশ করানো হবে।

পরমাণু ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কি বার্তা দিল রাশিয়া?

0

আজ মঙ্গলবার আন্ত:মহাদেশীয় পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোপোল-এম উৎক্ষেপণ করেছে রাশিয়া। এক টুইটবার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। রুশ প্লেসেৎস্ক মহাকাশবন্দর বা কসমোড্রোম থেকে এটি ছোঁড়া হয়েছে।

জানা গেছে, রুশ বাহিনী যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবে ওই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। রাজধানী মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কামচাটকায় উপদ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

লক্ষ্যবস্তুতে আঘাত হানতে নকল বা বিস্ফোরকহীন বোমা ব্যবহার করা হয়েছে। তোপোল-এম ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একে ছোঁড়া হয়েছে।

১৯৮০ দশকের শেষে এবং ১৯৯০-এর দশকের প্রথম দিকে কৌশলগত আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোপোল-এমকে তৈরি করা হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর প্রথম এই ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া।

তোপোল-এম ক্ষেপণাস্ত্র ৮০০ কিলোটন ওজনের একটি পরমাণু বোমা বহন করতে পারে। এ বোমার ধ্বংস ক্ষমতা ৮ লাখ টন টিএনটি বা ডিনামাইটের সমান। অর্থাৎ ১৯৪৫ সালে নাগাসাকির ওপর যে আণবিক বোমা আমেরিকা ফেলেছিল তোপোল-এমের ধ্বংস ক্ষমতা তার চেয়েও ৪০ গুণ বেশি।

সূত্র : পার্সটুডে

পাকিস্তানের জন্য উন্নত যুদ্ধজাহাজ বানাচ্ছে তুরস্ক

0

জাতিসংঘের সাধারণ অধিবেশনে খোলাখুলি পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তুরস্ক। জানা গেছে, প্রতিরক্ষা ক্ষেত্রে ইমরান খানের সরকারকে সাহায্য করতে চলেছে তুরস্ক।

পাকিস্তানের নৌবাহিনীর জন্য অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরি করছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজেই সেই ঘোষণা দিয়েছেন।

গত রবিবার ঘরোয়া প্রযুক্তিতে তৈরি নতুন রণতরী ‘টিসিজি কিনালাদা’-কে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করতে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন এরদোয়ান। সেখানে পাকিস্তানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জাফর মেহমুদ আব্বাসির উপস্থিতিতে জাতীয় যুদ্ধজাহাজ প্রকল্প ‘মিলি জেমি প্রজেসি’(মিলজেম)-র আওতায় পাকিস্তানের জন্য অত্যাধুনিক রণতরী তৈরির ঘোষণা দেন তিনি।

এরদোয়ান বলেন, পাকিস্তান ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতের ক্ষেত্রেও যথেষ্ট সম্ভাবনাময়। তুরস্ক নির্মিত এই রণতরী হাতে পেলে পাকিস্তান লাভবান হবে।

প্রসঙ্গত, সারাবিশ্বে যে ১০ দেশ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করতে পারে, তাদের মধ্যে অন্যতম তুরস্ক। ২০১৮ সালের জুলাই মাসে তাদের কাছ থেকে চারটি মিলজেম রণতরী কেনার চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান। যার মধ্যে প্রথম দু’টি তুরস্কে তৈরি হওয়ার কথা।

প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাকি দু’টি তৈরি হবে পাকিস্তানে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, প্রায় ৩২৪ ফুট দীর্ঘ এই রণতরী দু’হাজার ৪০০ টন ওজন বইতে সক্ষম। গতিবেগ ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল। এই রণতরী রাডারকেও ফাঁকি দিতে সক্ষম বলে জানিয়েছে সে দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু।