Home Blog Page 3455

জনকল্যাণ নিশ্চিত হলে এসডিজি অর্জন সহজ হবে : স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের নিয়ে এসডিজি সেল গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত হলে এসডিজি অর্জন সহজ হবে।

আজ মঙ্গলবার সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য এসডিজি বাস্তবায়ন বিষয়ক ‘ব্রেইন স্টর্মিং সেসন’ এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সংসদ সদস্যরা দেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডাকে সামনে রেখে এসডিজি অর্জনে নিজ নির্বাচনী এলাকায় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন। আর সে কর্মপরিকল্পনা গ্রহণ করবেন জনগণের সার্বিক কল্যাণ বিবেচনায় নিয়ে।

এসডিজি অর্জনে সংসদীয় আসন ভিত্তিক ট্র্যাকারকে উদ্ভাবনী উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে আসন ভিত্তিক এসডিজি’র অগ্রগতি সহজেই নিরূপন সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, ইউএনডিপির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফোকাল পয়েন্ট চার্লস স্যুভেল, ইউএনডিপির কলসালটেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের রমিজ উদ্দিন।

স্পিকার বলেন, সংসদ ও সংসদ সদস্যদের সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সুশাসনের বিষয়টি নিশ্চিত করতে সংসদ সদস্যদের দায়িত্বও বেড়েছে গেছে। সংসদ সদস্যদের সক্ষমতা বাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠা এবং এসডিজি অর্জনে গতিশীলতা আনতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। যা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। সে ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে।

অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এমপি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপি রুস্তম আলী ফরাজি এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি আলোচনায় অংশ নেন।

জি কে শামীমকে ১০ দিনের রিমান্ড আবেদন, শুনানি কাল

0

যুবলীগের কেন্দ্রীয় নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকেও মানি লন্ডারিং মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। আজ মঙ্গলবার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবু সাঈদ।

ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আগামীকাল বুধবার ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। জি কে শামীম অস্ত্র ও মাদক মামলায় রিমান্ডে রয়েছেন। কাল তাকে আদালতে হাজির করা হতে পারে। তার উপস্থিতিতেই গ্রেপ্তার দেখানোর আবেদন ও রিমান্ড শুনানির আবেদনের ওপর শুনানি হবে।

গত ২০ সেপ্টেম্বর জি কে শামীমকে তার সাত দেহরক্ষীসহ গুলশান থানাধীন নিকেতনের অফিসে অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। অভিযানে এক কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়, যার মধ্যে তার জি কে শামীমের মায়ের নামে ১৪০ কোটি ও ২৫ কোটি টাকা তার নামে। পাওয়া যায় মার্কিন ডলার। জি কে শামীম ও তার দেহরক্ষীদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র। আর পাঁচ বোতল বিদেশি মদ উদ্দার করা হয়। এ ঘটনায় জি কে শামীমের নামে তিনটি মামলা হয়।

উত্তর প্রদেশ থেকে ‘বাংলাদেশি’দের বের করে দেওয়ার নির্দেশ

0

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ‘বাংলাদেশি’ এবং অন্য ‘বিদেশি’দের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হতে যাচ্ছে। ‘বাংলাদেশি’ এবং অন্য ‘বিদেশি’দের শনাক্ত করে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে এই নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ রাজ্য সরকার।

উত্তর প্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল সকল জেলা পুলিশ প্রধানকে চিঠি দিয়ে বলেছেন, রাজ্যের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এই পদক্ষেপ ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

তিনি বলেন, এই প্রক্রিয়া ‘নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ এবং উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে’।

যোগী রাজত্বে এই নয়া নির্দেশ মনে করিয়ে দিচ্ছে আরেক বিজেপি-শাসিত রাজ্য আসামকে। আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

উত্তর প্রদেশের পুলিশকে যেভাবে ‘বাংলাদেশি’ এবং ‘অন্যান্য বিদেশি’ চিহ্নিত করতে বলা হয়েছে তাতে অনেকেই এর মধ্যে আসম এনআরসির ছায়া দেখছেন।

আসামে এনআরসি’র কারণে সে রাজ্যের নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লাখ মানুষের নাম। তাঁরা নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তাঁদের রাজ্য থেকে বিতাড়িত করা হবে।

জানা গেছে, উত্তরপ্রদেশ পুলিশকে সমস্ত জেলার উপকণ্ঠে ‘ট্রান্সপোর্ট হাব’ এবং বস্তি অঞ্চলগুলোতে কোনো ব্যক্তিকে সন্দেহজনক মনে হলেই তাঁর সমস্ত নথি যাচাই করার জন্য আদেশ দেওয়া হয়েছে। পুলিশকে এমন সরকারি কর্মচারীদেরও সন্ধান করতে বলা হয়েছে যারা ‘বিদেশিদের’ জন্য জাল দলিল প্রস্তুত করতে সহায়তা করেছে। ‘বাংলাদেশি’ বা ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের আঙুলের ছাপও নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে সমস্ত নির্মাণ সংস্থাগুলোকে জানানো হয়েছে যে, সকল শ্রমিকের পরিচয়ের প্রমাণপত্র রাখা তাদের দায়িত্ব।

প্রসঙ্গত, গত মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসাম এনআরসির প্রশংসা করেন। সে সময় তিনি জানান, প্রয়োজনে তিনি তাঁর রাজ্যেও একই রকম পদক্ষেপ গ্রহণ করবেন।

সূত্র : এনডিটিভি

‘ঘুষ খাওয়া এবং ভিক্ষাবৃত্তির মধ্যে কোনো পার্থক্য নেই’

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ঘুষখোরদের কোনো আত্মমর্যাদা থাকে না। ঘুষ খাওয়া এবং ভিক্ষাবৃত্তির মধ্যে কোনো পার্থক্য নেই। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা মনে করেন ঘুষ খেলে কেউ জানবে না, তারা বোকার স্বর্গে বাস করেন।

আজ মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয়ে অফিস শৃঙ্খলা, অফিসের নিরাপত্তা, কাজের গোপনীয়তা এবং অফিসিয়াল আচরণ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশনকে একটি স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করতে হলে কর্মকর্তাদের প্রতিটি কাজ হতে হবে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য,অর্জনযোগ্য, প্রাসঙ্গিক ও সময়াবদ্ধ। এর বিচ্যুতি ঘটলে কমিশনকে যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করা কঠিন। কর্মকর্তাদের কর্মে এ বিষয়গুলোর প্রতিফলন থাকতে হবে। তাই আপনাদের আচার-আচরণ এবং কর্ম সম্পাদনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, কমিশনের অনুসন্ধান ও তদন্তের তথ্য ব্যবস্থাপনায় এমন কোনো সুযোগ রাখা সমীচীন হবে না, যাতে অপরাধীরা কমিশনের নথির গতিবিধি এবং আগাম তথ্য জানতে পারে। এভাবে কমিশনের তথ্য পাচার অফিস শৃঙ্খলা পরিপন্থী।

তিনি বলেন, নিজে পরিবর্তন না হলে, পরিণত মানুষের মানসিকতা পরিবর্তন করা প্রায় অসম্ভব। তাই প্রতিষ্ঠানের স্বার্থেই নিজেকে নিজেই পরিবর্তন করতে হবে।

কমিশনের উপসহকারী পরিচালক থেকে উপপরিচালক পদমর্যাদার ত্রিশজন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সেলিম প্রধানের ক্যাসিনোর টাকা যেত লন্ডনে : র‌্যাব

0

অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের বাসায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা, ২৩ দেশের ৭৭ লাখ টাকা সমমূল্যের মুদ্রা, ৮ কোটি টাকার চেক ও হরিণের দুইটি চামড়া জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ক্যাসিনো থেকে আয়ের অবৈধ টাকা তিনটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হতো। এরপর সেসব টাকা হুন্ডি বা সঙ্গে করে বিদেশে পাচার করে আসছিলেন তিনি। এমনকি সেসব টাকা লন্ডনেও পাচারের তথ্য পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার সেলিম প্রধানের বাসা ও অফিসে অভিযান শেষে এসব কথা জানান র‌্যাব ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

তিনি বলেন, অনলাইনে ক্যাসিনো খেলতে হলে গ্রাহকের নির্দিষ্ট পরিমাণ টাকার প্রয়োজন হয়। সেসব টাকা তিনটি গেটওয়েতে জমা হতো। খেলায় জিতলে টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যেত, অন্যথায় টাকাগুলো গেটওয়েতে থেকে যেত।

তিনি আরো বলেন, সেলিম প্রধানের সহকারী মো. আক্তারুজ্জামান প্রতি সপ্তাহে সেসব গেটওয়ের টাকা তুলে সেলন, যমুনা ও কমার্শিয়াল তিনটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন। এরপর সেসব টাকা হুন্ডির মাধ্যমে বা ব্যক্তির সঙ্গে করে বিদেশে চলে যেত।

এর আগে সোমবার রাতে গুলশান-২ এর ১১/এ রোডে সেলিম প্রধানের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করেছে র‍্যাব। তার আগে সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইট ছাড়ার আগমুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়।

সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী এবং বাংলাদেশের কান্ট্রি প্রধান। তিনি ওয়ান্ডারার্স ক্লাবের সহসভাপতি। এ ছাড়া এর আগে গ্রেপ্তার হওয়া বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাশিয়ারও।

সেলিম প্রধানের ব্যাংককের পাতায়ায় বিলাসবহুল হোটেল, ডিসকো বারসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। সংশ্লিষ্টরা জানান, শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয়, সেলিম প্রধান রাজশাহীসহ সীমান্ত এলাকায় ভারতীয় গবাদিপশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি সীমান্তে জালটাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে।

প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সখ্য গড়ে তোলে তিনি খাটাল, মাদক ও জালটাকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। সেখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা নেন। দুই বছরে তিনি সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা চাঁদা নিয়েছেন।

‘সরকারি দলে শুদ্ধি অভিযান বাংলাদেশে নজিরবিহীন’

0

‘কারো বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়। সরকারি দল একটি শুদ্ধি অভিযান চালাচ্ছে, এটি বাংলাদেশে নজিরবিহীন।’

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘যারা বিভিন্ন অপকর্মে জড়িত তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এখন সরকার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে বিষয়ে জানতে পারবেন।’ তিনি বলেন, সাম্প্রতিক অভিযানের টার্গেটে যদি কেউ থেকে থাকেন, তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।’

মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর প্রধানমন্ত্রীর কাছে সম্পদের হিসাব ও সরকারের কোষাগারে রাজস্ব দিয়ে থাকি। কোনো মন্ত্রী-এমপির আয়-ব্যয়ে অসঙ্গতি দেখলে তা নিয়ে রিপোর্ট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে বিএনপির আন্দোলন কর্মসূচিতে বাধা পড়েছে, তাই এই অভিযান তারা মানতে পারছে না। তারা শেখ হাসিনার সাফল্যে ঈর্ষান্বিত। তবে এ অভিযানে দেশের মানুষ খুশি বলে মন্তব্য করেন তিনি।

ইরানি প্রেসিডেন্টের কাছে বার্তা পাঠাল সৌদি

0

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির কাছে বার্তা পাঠিয়েছেন সৌদি নেতারা। একটি আরব দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে ড. রুহানির কাছে সৌদি বার্তা পৌঁছেছে। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি এ কথা জানিয়েছেন। তবে সৌদি আরবের বার্তায় কী রয়েছে তা স্পষ্ট করেন নি তিনি।

সোমবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে বার্তা পাঠানোর খবরের সত্যতা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে আলী রাবিয়ি বলেন, খবরটি সত্য। একজন আরব রাষ্ট্রপ্রধানের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির কাছে সৌদি নেতাদের বার্তা এসেছে। তবে আমরা তাদের সদিচ্ছার নিদর্শন দেখব। প্রথম নিদর্শন হতে হবে ইয়েমেনে আগ্রাসন ও গণহত্যার অবসান ঘটানো।

তিনি বলেন, সৌদি আরবে ইয়েমেনিদের পাল্টা হামলায় তাদের সামরিক শক্তি ও সার্মথ্য প্রমাণিত হচ্ছে। সৌদি আরব এর আগে ইয়েমেনের শক্তি-সামর্থ্যকে প্রত্যাখ্যান করে আসছিল, কিন্তু আরামকোর তেল স্থাপনায় হামলার মধ্য দিয়ে ইয়েমেনের শক্তি প্রমাণিত হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র বলেন, সৌদি আরবের আচরণে প্রকৃত অর্থে পরিবর্তন আসলে ‌ইরান সেটাকে স্বাগত জানাবে।

তিনি বলেছেন, ইরানের বার্তা প্রথম থেকেই সুস্পষ্ট। আমরা ইয়েমেনে সৌদি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে আসছি এবং আমরা ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠাকে সমাধানের উপায় বলে মনে করি।

সূত্র : পার্সটুডে

তাইওয়ানে ব্রিজ ভেঙে নিখোঁজ ৫;

0

তাইওয়ানে ব্যস্ত সময়ে আচমকা একটি ব্রিজ ভেঙে পড়েছে। মঙ্গলবার দক্ষিণ তাইওয়ানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, এ ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, ওই ঝুলন্ত আর্ক ব্রিজ দুর্ঘটনার কবলে পড়ে যায় একটি তেলের ট্যাঙ্কার।

ভিডিওতে দেখা গেয়েছে, তেলের ট্যাঙ্কারটি খুব দ্রুত ব্রিজের কিনারায় পৌঁছে গেলেও শেষ রক্ষা হয়নি।

এদিকে, এ ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন নিখোঁজ হয়েছে। তাঁদের উদ্ধারে নেমেছে পুলিশ ও উদ্ধারকারী দল।

চীনে কারা এই উইঘর, তাদের নির্যাতনের বিষয়ে যা জানা গেছে

0

চীনে সংখ্যালঘু উইঘর মুসলিমদের ওপর নিপীড়ন ও নির্যাতনের কারণে চীনা সরকারের তীব্র সমালোচনা হচ্ছে। চীন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বিপুল সংখ্যক উইঘর মুসলিমকে কতোগুলো বন্দী শিবিরের ভেতরে আটকে রেখেছে। গত অগাস্ট মাসে জাতিসংঘের একটি কমিটি জানতে পেরেছে যে, ১০ লাখের মতো উইঘর মুসলিমকে পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে কয়েকটি শিবিরে বন্দি করে রাখা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ক্যাম্পে তাদেরকে ‘নতুন করে শিক্ষা’ দেওয়া হচ্ছে। কিন্তু বেইজিং সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু একইসাথে শিনজিয়াং প্রদেশে বসবাসকারী লোকজনের ওপর চীন সরকারের নিপীড়নমূলক নজরদারির তথ্যপ্রমাণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

কারা এই উইঘর
উইঘরদের বেশিরভাগই মুসলিম। চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে এদের সংখ্যা প্রায় এক কোটি দশ লাখ। আত্মপরিচয়ের বেলায় তারা নিজেদেরকে সাংস্কৃতিক ও জাতিগতভাবে মধ্য এশীয়র লোকজনের কাছাকাছি বলে মনে করেন। তাদের ভাষা অনেকটা তুর্কী ভাষার মতো। তবে গত কয়েক দশকে সংখ্যাগরিষ্ঠ চীনা হান জাতির বহু মানুষ শিনজিয়াং অঞ্চলে গেছেন সেখানে বসবাস করতে। উইঘর সম্প্রদায়ের লোকজন মনে করছেন এর ফলে তাদের সংস্কৃতি ও জীবনযাপন হুমকির মুখে পড়েছে।

শিনজিয়াং কোথায়?
এটা চীনের একেবারে পশ্চিম প্রান্তে। একই সাথে এই অঞ্চল চীনের সবচেয়ে বড় প্রদেশ। এর সীমান্তের ওপাশে আছে আরো কয়েকটি দেশ- ভারত, আফগানিস্তান এবং মঙ্গোলিয়া। তিব্বতের মতো শিনজিয়াংও স্বায়ত্তশাসিত এলাকা। তার অর্থ হচ্ছে, কাগজে কলমে হলেও, বেইজিংয়ের বাইরেও তারা নিজেদের মতো করে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই দুটো এলাকাই চীনের কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে শিনজিয়াংয়ের অর্থনীতি কৃষি ও বাণিজ্যের ওপর নির্ভরশীল। কারণ এই অঞ্চলের শহরগুলোর ভেতর দিয়েই গেছে সিল্ক রোড। বিংশ শতাব্দীর শুরুর দিকে উইঘররা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু এই অঞ্চলটিকে ১৯৪৯ সালে চীনের নতুন কমিউনিস্ট সরকারের পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

শিনজিয়াংয়ে কী হচ্ছে
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি কমিটি ২০১৮ সালের আগস্ট মাসে জানতে পারে যে চীন সরকার উইগরদের স্বায়ত্তশাসিত এলাকাকে মূলত একটি বন্দিশিবিরে পরিণত করেছে। সেখানে ১০ লাখের মতো মানুষকে বন্দি করে রাখা হয়েছে। এসব তথ্যের সাথে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগের মিল পাওয়া যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, যেসব লোকজনের ২৬টি তথাকথিত ‘স্পর্শকাতর দেশের’ আত্মীয়-স্বজন আছেন তাদেরকে এসব ক্যাম্পে আটকে রাখা হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, কাজাখস্তান এবং তুরস্কসহ আরো কিছু দেশ।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এছাড়াও যারা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশের কারো সাথে যোগাযোগ করেছে তাদেরকে টার্গেট করেছে কর্তৃপক্ষ।

মানবাধিকার সংগঠনগুলো আরো বলছে, এসব ক্যাম্পে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে চীনা ম্যান্ডারিন ভাষা শেখানো হচ্ছে। বলা হচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুগত থাকতে। আরো বলা হচ্ছে, তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাসের সমালোচনা করতে অথবা সেই ধর্ম পরিত্যাগ করতে।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, উইঘর সম্প্রদায়ের লোকজনের ওপর কড়া নজর রাখা হচ্ছে। তাদের বাড়িঘরের দরজায় লাগিয়ে দেওয়া হচ্ছে বিশেষ কোড, বসানো হয়েছে মুখ দেখে সনাক্ত করা যায় এরকম ক্যামেরা। ফলে কোনো বাড়িতে কারা যাচ্ছেন, থাকছেন বা বের হচ্ছেন তার ওপর কর্তৃপক্ষ সতর্ক নজর রাখতে পারছে। তাদেরকে নানা ধরনের বায়োমেট্রিক পরীক্ষাও দিতে হচ্ছে।

বিবিসি কী জানতে পারছে
শিনজিয়াংয়ে সংবাদমাধ্যম নিষিদ্ধ। ফলে সেখান থেকে প্রকৃত তথ্য পাওয়া কঠিন। তবে বিবিসির সাংবাদিকরা বেশ কয়েকবার ওই এলাকায় যেতে পেরেছেন। তখন সেখানে বেশ কিছু ক্যাম্প এবং প্রত্যেকটি স্তরে পুলিশের উপস্থিতি চোখে পড়েছে। দেখা গেছে, সরকারি কর্মকর্তারা লোকজনের মোবাইল ফোন পরীক্ষা করে দেখছেন। এসব ক্যাম্প থেকে পালিয়ে অন্য দেশে চলে যেতে সক্ষম হয়েছেন এরকম কয়েকজনের সাথেও কথা বলতে পেরেছে বিবিসি।

ওমির নামে তাদের একজন বলেছেন, ‘তারা আমাদের ঘুমাতে দেয়নি। কয়েক ঘণ্টা ধরে আমাকে ঝুলিয়ে রেখে পেটানো হতো। কাঠ ও রবারের লাঠি দিয়ে পেটাতো। তার দিয়ে বানানো হতো চাবুক। সুই দিয়ে শরীরে ফুটানো হতো। প্লাইয়ার দিয়ে তুলে নেওয়া হতো নখ। আমার সামনে টেবিলের ওপর এসব যন্ত্রপাতি রাখা হতো। এসময় অন্যরা যে ভয়ে চিৎকার চেঁচামেচি করতো সেটাও আমি শুনতে পেতাম।’

সহিংসতার ব্যাপারে কী জানা যায়
চীন সরকারের দাবি তারা বিচ্ছিন্নতাবাদী একটি ইসলামপন্থী গ্রুপের সন্ত্রাসী তৎপরতা মোকাবেলা করছে। বেইজিং বলছে, উইঘর মুসলিমদের কেউ কেউ জঙ্গী গ্রুপ ইসলামিক স্টেটে যোগ দিয়েছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে, সেখানকার লোকজনের ওপর চীনের দমন-পীড়নের কারণেই সেখানে সহিংসতার ঘটনা ঘটছে।

সেখানকার আঞ্চলিক রাজধানী উরুমকিতে ২০০৯ সালের দাঙ্গায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ২০০ জন। তাদের বেশিরভাগই চীনা হান। তারপর থেকে সেখানে আরো কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। হামলা হয়েছে পুলিশ স্টেশন এবং সরকারি ভবনেও। ২০১৪ সালে এরকম কিছু হামলায় নিহত হয়েছে ৯৬ জন।

সরকারের পক্ষ থেকে এসব হামলার জন্যে বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করা হয়েছে। বেইজিং বলছে, শিনজিয়াংয়ের বিচ্ছিন্নতাবাদীরা চীনের অন্যত্রও হামলা চালিয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ২০১৩ সালের অক্টোবর মাসে তারা তিয়েনানমেন স্কয়ারে গাড়ি দিয়েও হামলা করেছিল।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিনজিয়াংয়ে ছুরি দিয়ে চালানো হামলায় পাঁচজন নিহত হওয়ার পর সরকার সেখানে নতুন করে অভিযান চালাতে শুরু করে। এসময় সেখানকার কমিউনিস্ট পার্টির নেতাও ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কী বলছে চীন
চীন বলছে তারা ‘জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের অপরাধমূলক তৎপরতা’ মোকাবেলা করছে। জেনেভায় ২০১৮ সালের অক্টোবরে জাতিসংঘের এক অধিবেশনে চীনা কর্মকর্তা বলছেন, ১০ লাখ উইগরকে বন্দী শিবিরে আটকের রাখার খবর ‘সম্পূর্ণ মিথ্যা।’

কিন্তু তারপরে চীনের একজন কর্মকর্তা লিও শিয়াওজুন সাংবাদিকদের বলেছেন, চীন সেখানে কিছু প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে যেখানে লোকজনকে নানা ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে। তিনি বলেন, অনেকেই হয়তো এটাকে উত্তম পদ্ধতি বলবেন না। কিন্তু মনে রাখতে হবে সন্ত্রাস মোকাবেলায় পশ্চিমা বিশ্ব ব্যর্থ হয়েছে।

শিনজিয়াংয়ে কী হচ্ছে সে ব্যাপারে চীনের সরকারি তরফ থেকে কখনো পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়নি। সেখানে যেহেতু সরকারের কঠোর নিয়ন্ত্রণ সে কারণে আসলেই কী হচ্ছে সে বিষয়ে নিরপেক্ষ খবর পাওয়া খুব কঠিন।

কী করছে বিশ্ব
উইঘর মুসলিমদের সাথে আচরণ নিয়ে চীন সরকারের সমালোচনা ক্রমশ বাড়ছে। তবে নিন্দা করে বিবৃতি দেওয়া ছাড়া কোনো দেশ তেমন কিছু করেনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ২০১৮ সালের শুরুর দিকে চীন সফরে যাওয়ার আগে শিনজিয়াং প্রদেশে মুসলিমদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্রে চীন বিষয়ক কংগ্রেসের একটি কমিটির পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে শিনজিয়াংয়ে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্যে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেটও দাবি জানিয়েছেন শিনজিয়াংয়ের পরিস্থিতি দেখতে পর্যবেক্ষকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়ার জন্যে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং সরকার।

সূত্র: বিবিসি বাংলা

মুখ খুললে উঠিয়ে নেওয়া হবে…মানুষ খেতে পাচ্ছে না: কাশ্মীর ঘুরে এসে বললেন আজাদ

0

হিউস্টনে অন্য ভাষার সঙ্গে বাংলাতেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘(দেশে) সব খুব ভালো’। দেশে কাশ্মীর নিয়ে তার সেনাপতি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ‘কাশ্মীরে কোনো বিধিনিষেধই নেই। বিধিনিষেধ তো কারো কারো মনে। সেখানে তো এবারে পঞ্চায়েতের নীচের স্তরে ভোটও হবে।’ রাতের মধ্যে ব্লক স্তরের ভোটও ঘোষণা করে দিয়েছে জম্মু-কাশ্মীরের নির্বাচন কমিশন।

সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সদ্য ছয় দিন জম্মু-কাশ্মীরে কাটিয়ে এসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। ঘুরেছেন জম্মু, শ্রীনগর, বারামুলা, অনন্তনাগের মতো এলাকা। সেখানকার অভিজ্ঞতা জানালেন, সব নাকি খুব ভালো? কোনো বিধিনিষেধই নাকি নেই? সরকার যে ছবি দেখাচ্ছে, তা ধোঁকা ছাড়া আর কিছু নয়। নেতারা বন্দি, আর ভোট করছে বিজেপি। অবিলম্বে এ সব বন্ধ হোক।

যেহেতু সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে জম্মু-কাশ্মীর গিয়েছেন আজাদ, তাই শীর্ষ আদালতে রিপোর্ট দেবেন সেখানকার হাল হকিকতের। আজ বললেন, ‘বিধিনিষেধ না থাকলে নিজের রাজ্যে যাওয়ার জন্য আদালতের অনুমতি নিতে হলো কেন? অধিকাংশ জায়গাতেই যেতে দেয়নি প্রশাসন। যারা দেখা করতে এসেছেন, তাদের সঙ্গে কথোপকথনও ভিডিওবন্দি হয়েছে। ভয় দেখানো হয়েছে, মুখ খুললে উঠিয়ে নেওয়া হবে। মানুষ খেতে পাচ্ছে না। তবু তারা প্রশাসনকে সমর্থন করছেন না। ইন্টারনেট-মোবাইল ফোন বন্ধ, স্কুল-কলেজ বন্ধ, ব্যবসার ক্ষতি হচ্ছে। শুধু উপত্যকার নয়, জম্মুরও।’

গতকালই অমিত শাহ জানান, ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন হয়ে গেলেই ভারত সরকার ৭ হাজার কোটি টাকা পাঠাবে। তা খরচ হবে পঞ্চায়েতের মাধ্যমে। ৫-৭ বছরে উন্নয়নে সেরা হবে জম্মু-কাশ্মীর। কিন্তু আজাদের দাবি, কাশ্মীরের অর্ধেক বাসিন্দাই শ্রমিক, কারিগর। ব্যবসা, পরিবহণ বন্ধ। তাই তাদের দিনমজুরিও নেই। শ্রীনগরের অর্থনীতির সঙ্গে জড়িত জম্মুরও ভরসা ব্যবসা। সকালে যে এক-দেড় ঘণ্টা বাজার খোলা হয়, সেখানকার ছবি দেখিয়েই সরকার দাবি করছে ‘সব স্বাভাবিক, সব ভালো।’

প্রধানমন্ত্রীর কাছে আজাদের আবেদন, ছয় মাসের জন্য খাবার, ওষুধ বিনামূল্যে বিলি করা হোক। চালু হোক স্কুল-কলেজ, ইন্টারনেট-মোবাইল। আবদুল্লা-মুফতিদের সঙ্গে কংগ্রেসের নেতাদেরও বন্দি রেখে আসন পুনর্বিন্যাস করে ফেলে যে ভোট করাচ্ছে বিজেপি, তা বাতিল হোক। সব দলের নেতার সঙ্গে আলোচনা করে নতুনভাবে আসন পুনর্বিন্যাস করা হোক। ভোট হোক পরের বছর।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ এবং নিষেধাজ্ঞার বিরোধিতায় পেশ করা সব আর্জির শুনানি এক দিন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, অযোধ্যা শুনানি প্রতিদিন চলার ফলে সাংবিধানিক বেঞ্চে কাশ্মীর সংক্রান্ত মামলা শোনার সময় পিছিয়ে দিতে হয়েছে। আগামীকাল থেকে ওই আর্জিগুলি শোনা হবে। পাশাপাশি ফারুক আবদুল্লাকে আটক করার বিরুদ্ধে এমডিএমকে প্রধান ভাইকোর আর্জি এ দিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তাকে ‘উপযুক্ত মঞ্চে’ আবেদন জানাতে বলা হয়েছে।

সূত্র: আনন্দবাজার