Home Blog Page 3456

রাজধানীর ৩৫ স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি

0

রাজধানীর ৩৫টি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে শুরু হয় এসব পণ্য বিক্রি।

ট্রাকে করে পেঁয়াজ, মশুর ডাল, চিনি, সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। এর মধ্যে পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর ১৬ স্থানে শুরু হয় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি।

ট্রাকে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এ ছাড়া প্রতিকেজি চিনি ৫০ টাকা ও মশুর ডাল ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে (২ ও ৫ লিটার) প্রতি লিটার ৮৫ টাকায়।

টিসিবি সূত্র জানায়, সকাল সাড়ে ৯টায় বিক্রি শুরু হয়েছে ন্যায্যমূল্যের পণ্য। চারটি পণ্যের মধ্যে পেঁয়াজের চাহিদা বেশি। যতক্ষণ পণ্য থাকবে ততক্ষণ চলবে এ ন্যায্যমূল্যের পণ্য বিক্রি।

বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ন্যায্যমূল্যে খোলা বাজারে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে মানুষকে স্বস্তি দিতে সরকার খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে খোলাবাজার থেকে একেকজন পাঁচ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না।

পেঁয়াজ আমাদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার কমাতেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়। বলা হয়, বন্দরে আমদানি করা পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং নির্বিঘ্নে পরিবহনের যাতায়াত নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

ঢাকার যেসব স্থানে টিসিবির পণ্য পাওয়া যাবে সেসব স্থান হলো সচিবালয়ের গেইট, প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট/নীলক্ষেত মোড়, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামারবাড়ি, ফার্মগেট, কলমীলতা মোড়, রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স, উত্তরা, মিরপুর-১ নম্বর মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, আইডিয়াল স্কুল, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, আশকোনা হাজি ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়ে।

ফারাক্কা বাঁধের সব লকগেট খুলে দিল ভারত

0

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। এতে উপচে পড়ছে বাঁধের পানি। এ কারণে ফারাক্কা বাঁধের সবকয়টি লকগেট একসঙ্গে খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এর জেরে মুর্শিদাবাদ একাংশ ও বাংলাদেশে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, গঙ্গা ছাড়াও পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রায় সমস্ত নদীতে পানি বাড়ছে। একটানা বর্ষণে ইংরেজ বাজার শহরের একাধিক এলাকা পানির তলায়।

সোমবার ফারাক্কা ব্যারেজের ১০৯টি লকগেটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর জেরে নদীর নিম্নগতিতে প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে। পানি বেড়েছে মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে।

একটানা বৃষ্টিতে প্লাবিত ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেরে পানি জমেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। জমা পানিতে নাকাল হয়ে সোমবার পথ অবরোধ করেন স্থানীয়রা। ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই জলমগ্ন। পুরাতন মালদা পুরসভার ২০টি ওয়ার্ডের ৯টি জলের তলায়। জেলায় একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর। এর ফলেনতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর মিলছে।

সূত্র : জি-নিউজ

রাজধানীতে পিকআপভ্যানের চাপায় প্রাণ গেল পথচারীর

0

রাজধানীর ভাটারা এলাকায় পিকআপভ্যানের চাপায় ফিরোজ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই পথচারী।

গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আদিল হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে ভাটারা থানার অদূরে সড়কে পিকআপভ্যানের চাপায় গুরুতর আহত হন পথচারী ফিরোজসহ তিনজন। তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই গাড়িসহ পিকআপচালক আলাউদ্দিনকে (২৫) আটক করা হয়েছে বলে জানান ওসি।

পারফরমার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ছাড় দেওয়া হবে : হাবিবুল বাশার

0

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০১৯-২০ মৌসুমের খেলা। এ লিগ শুরুর আগে প্রতিবারের মতো এবারও খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার বিপ টেস্ট দিতে হবে। তবে এবার বিপ টেস্টে ১১ পয়েন্ট পেতে হবে ক্রিকেটারদের। যা আগে ছিল ৮-৯ পয়েন্ট। তাই হঠাৎ করে বোর্ডের এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের মাঝে দেখা মিশ্র প্রতিক্রিয়া গেছে।

এ ব্যাপারে গতকাল সোমবার সাংবাদিকদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, যারা পারফরমার ক্রিকেটার তাদের ব্যাপারে ফিটনেস নিয়ে ছাড় দেওয়া হবে। বিপ টেস্টে ফিটনেস লেভেল ১১ পয়েন্টেই রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা একটা স্ট্যান্ডার্ড কালচার ফলো করার চেষ্টা করছি। শুধু আমরা না সবাই করে থাকে। আমরা একটা বেঞ্চ মার্ক বেঁধে দিয়েছি। গতবার ৯ ছিলো এবার ১১ করেছি। পেশাদার ক্রিকেটারদের সবার ফিটনেস ঠিক রাখা উচিৎ। তবে এটা নিয়ে এতো হৈ-চৈ করার কিছু নেই।’

পরীক্ষিত ক্রিকেটারদের ফিটনেসের বিষয়ে হাবিবুল বাশার বলেন, ‘নিয়মিত পারফরমার যারা সবসময় পারফর্ম করে আসে আমি এখানে বয়স উল্লেখ করব না, তারা যদি না করে তাহলে আমরা একটু বিচেবনা করব। আমি এখানে কোন বেঞ্চ মার্ক রাখব না। আমরা চিন্তা করব কত হয়। কিন্তু সেটা বলব না যে ১০ করো বা ১০.৫ করো কিংবা ৯ করো। সেটা পুরোপুরি আমাদের বিবেচনায় হবে।’

তিনি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে ফিটনেস ও ফিল্ডিং এই দুই দিকে দিয়ে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে এই দুই বিষয়ের ওপর আরও বেশি গুরুত্ব আরোপ করা হবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আগুন

0

রাজধানীর সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের শিখা কমে গেলেও ধোঁয়ার পরিমাণ বাড়ছে।

এর আগে, হোটেলটির এক কর্মী নিজের ফেসবুক এই আগুনকে ভয়াবহ বলেও উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।

ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

0

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১ অক্টোবর) ভোরে হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।

আবুধাবিতে যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ার লাইনন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে গত ২০ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী। টানা আট দিনের সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে বাংলায় ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সাইড লাইনে প্রধানমন্ত্রী বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

আর লোটে প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির প্রসিকিউটর ফাতো বেনসুদা, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রানডি, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা এবং এক্সন মবিল এলএনজি মার্কেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যালেক্স ভি ভলকভ।

সমন্বিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের ব্যাপক সফলতার জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই-গ্যাভি) তাঁকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেছে। পেয়েছেন ইউনিসেফের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’।

বশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগ

0

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেছেন। আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। রবিবার রাত ৯টার পর কড়া পুলিশ পাহারায় নিজের কোয়ার্টার থেকে গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

সোমবার দুপুরের পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে সাদা কাগজে লিখিত পদত্যাগপত্রটি জমা দেন। পরে তিনি সেটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করেন।

ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে আলোচিত উপাচার্য নাসিরের পদত্যাগ দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। গত ২১ সেপ্টেম্বর একদল বহিরাগত শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঘটনা তদন্তে একটি কমিটি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ওই কমিটি রবিবার সকালে ইউজিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এদিনই তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আমি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি রোহিঙ্গা ইস্যুতে কারো সঙ্গে লড়াই করতে চান না। তিনি এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চান।

আজ সোমবার ওয়াশিংটন পোস্টের সাপ্তাহিক সাময়িকী টুডে’স ওয়ার্ল্ডভিউকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি বলেন, আমি কারো সঙ্গে লড়াইয়ে জড়াতে চাই না। আমি এই পরিস্থিতির শান্তিপূর্ণ একটি সমাধান চাই। কারণ, তারা (মিয়ানমার) আমার নিকটতম প্রতিবেশী।

টুডে’স ওয়ার্ল্ডভিউয়ের বৈদেশিক নীতি বিষয়ক সাংবাদিক ঈশান থারুর লিখিত ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের বোঝা হয়ে থাকতে পারে না: বলেন প্রধানমন্ত্রী’ শিরোনামে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

এতে শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, কিন্তু যদি আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, মায়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কাজ হবে, তাহলে তো খুবই চমৎকার। তবে, আমি এই পরামর্শ দিতে পারি না।

এতে আরো বলা হয়, শেখ হাসিনা জানান, তিনি এই ইস্যুটি নিয়ে মিয়ানমারের কার্যত বেসামরিক নেতা নোবেল বিজয়ী অং সান সুকির সাথেও আলোচনা করেছেন।

তিনি (সুকি) এই পরিস্থিতির জন্য দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেন। তিনি আমাকে বলেছেন যে, সেনাবাহিনী তার কথা খুব একটা শোনে না।

ভারতে ২০১৬ সালে আয়োজিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনকালে তাদের মধ্যে ওই বৈঠকটি হয়। এরপর থেকে সুকি দেশটির সামরিক বাহিনীর সিদ্ধান্তকেই সমর্থন দিয়ে যাচ্ছেন এবং এমনকি তিনি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠিটিকে বুঝাতে ‘রোহিঙ্গা’ শব্দটিও উচ্চারণ করেন না।

শেখ হাসিনা ওই সাক্ষাতকারে বলেন, এখন আমি দেখতে পাচ্ছি যে তিনি (সুকি) তার অবস্থান থেকে সরে এসেছেন।

ব্যাংককগামী বিমান থেকে যাত্রী আটক

0

অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধান নামের এক যাত্রীকে আটক করেছে র‍্যাব। তার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে।

আজ সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।

বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তি অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত। তিনি অনলাইনে ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন।

২০২৩ সালের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ

0

আগামী ২০২৩ সালের মধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, এরমই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) ৫৯তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে দেশে পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইল ফোন সেবা চালুর জন্য নীতিমালা তৈরি ও সার্বিক প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন , ‘টুওয়ার্ডস এ ডিজিটাল কমনওয়েলথ’ প্রতিপাদ্যে আজ থেকে ৪ অক্টোবর ঢাকায় দ্বিতীয়বারের মত এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এবারের সম্মেলনে ১৫টি সেশনের একটি বড় অংশজুড়ে ৫জি এবং সাইবার নিরাপত্তার বিষয়গুলো থাকছে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের স্বাচ্ছ্যন্দের বিষয়টি সামনে রেখে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিচ্ছে, ইতোমধ্যে আমাদের ফাইভ-জি ট্রায়াল করা হয়েছে। খুব দ্রুত লাইসেন্স দিতে ফাইভ-জি পলিসি ও ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে।