Home Blog Page 3458

রাতের আঁধারে ক্যাম্পাস ছাড়লেন ভিসি, শিক্ষার্থীদের উল্লাস

0

রাতের আঁধারে ক্যাম্পাস ছেড়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের বাংলো থেকে বের হয়ে যান তিনি। ক্যাম্পাস থেকে বের হয়ে তিনি কোথায় গেছেন তা জানা যায়নি।

এদিকে, উপাচার্যকে প্রত্যাহার করতে ইউজিসির সুপারিশ করার খবর বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাস করেছেন। ইউজিসির সুপারিশকে তারা প্রাথমিক বিজয় বলে মন্তব্য করেন।

গত ১১ দিন ধরে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন। গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসিকে ওই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক তথ্য তদন্ত করে জানাতে অনুরোধ করে। পরদিন ২৪ সেপ্টেম্বর ইউজিসি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইউজিসির তদন্ত শেষে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে তাঁকে ভিসি পদ থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে কমিটি। বিষয়টি জানার পরই ক্যাম্পাস ত্যাগ করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

গতকাল রবিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। ইউজিসি গতকালই শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদনটি পাঠিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করে ইউজিসি চেয়ারম্যান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা একটা বস্তুনিষ্ঠ প্রতিবেদন করেছি। কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র তুলে আনার চেষ্টা করেছেন।’

পাঁচ সদস্যের কমিটির নেতৃত্ব দেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। অন্য সদস্যরা হলেন ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম, সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, পরিচালক কামাল হোসেন এবং কমিটির সদস্যসচিব ছিলেন উপপরিচালক মৌলি আজাদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইউজিসির তদন্তদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়টিতে অবস্থান করেন। এ সময় তাঁরা উপাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ১৯ ব্যক্তির সঙ্গে কথা বলেন। এর মধ্যে রয়েছেন উপাচার্য, প্রক্টর, একাধিক শিক্ষক, আন্দোলনকারী শিক্ষার্থী ও এলাকাবাসী।

তদন্ত কমিটি সূত্র জানায়, যে ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছিল, তাতে সম্পূর্ণ দোষ উপাচার্যের। কারণ তিনি একজন শিক্ষার্থীর সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, তা তিনি বলতে পারেন না। এ ছাড়া উপাচার্য নিজে দোষ করে উল্টো ওই শিক্ষার্থীকেই বহিষ্কার করেন, যা আরেকটি অন্যায়। আন্দোলন থামাতে তিনি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। বহিরাগতরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে এখানেও উপাচার্যের দায়ভার আছে। বহিরাগতরা হামলা করলে উপাচার্যের অবশ্যই মামলা করা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি। এতে বোঝা যায়, হামলায়ও উপাচার্যের ইন্ধন বা সংশ্লিষ্টতা রয়েছে।

কমিটি সূত্রে আরো জানা যায়, ১১ পৃষ্ঠার মূল প্রতিবেদনে পর্যবেক্ষণসহ তিনটি সুপারিশ আছে। সেখানে বলা হয়েছে, ভিসি বিশ্ববিদ্যালয় চালাতে পুরোপুরি ব্যর্থ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। সে ব্যাপারে আইনি পদক্ষেপ না নিয়ে ভিসি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তিনি অদূরদর্শী আচরণ করেছেন। তাঁর বিরুদ্ধে নৈতিকস্খলনের প্রমাণ পেয়েছে কমিটি।

এ বিষয়ে ইউজিসির সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, দুই দিন ধরে তদন্ত শেষে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখেছি। বিশ্ববিদ্যালয়ের চিত্র যা দেখলাম তাতে ওটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না। একটা বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

প্রতিবেদনের সুপারিশে বলা হয়, ভিসি খোন্দকার নাসির উদ্দিনকে স্বপদে বহাল রেখে বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধান সম্ভব নয়। তাঁকে প্রত্যাহারের সুপারিশ করে বলা হয়, অনিয়ম-দুর্নীতি ও নৈতিকস্খলনের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া দরকার।

নাসির উদ্দিনের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা শিথিল করে এমএলএসএস পদে নিয়োগ, বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পাস বলা হলেও অষ্টম শ্রেণি পাস প্রার্থীদেরও নিয়োগ, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী পদে শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা ২.৫০ জিপিএপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সময় ব্যয় না হওয়া প্রায় এক কোটি ৬০ লাখ টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ, নিজের আত্মীয়কে নিয়ম ভেঙে পদোন্নতি, বিশ্ববিদ্যালয়ে বিউটি পার্লার খোলা, নারী কর্মচারীকে যৌন হয়রানি, কেনাকাটায় অনিয়ম, ভর্তি পরীক্ষায় পাস না করা শিক্ষার্থীদেরও ভিসি কোটায় ভর্তিসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

‘সৌদি বাদশাহর দেহরক্ষীকে রাজপ্রাসাদে হত্যা করা হয়েছে’

0

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজি আল সৌদের দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ আল ফাগামকে রাজপ্রাসাদের ভেতরেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন সে দেশের গোপন তথ্য ফাঁসকারী মুজতাহিদ।

নিজেকে সৌদি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে মুজতাহিদ এক টুইট বার্তায় লিখেছেন, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের দেহরক্ষীকে রাজপ্রাসাদে হত্যার পর এখন বলা হচ্ছে, তিনি তার বন্ধুর হাতে নিহত হয়েছেন।

দীর্ঘদিন ধরেই ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ওই দেহরক্ষীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলেও দাবি করেন তিনি। এর আগেও সৌদি রাজপরিবারের ভেতরের অনেক তথ্য ফাঁস করেছেন মুজতাহিদ।

মুজতাহিদ দাবি করেন, এ সংক্রান্ত বিশদ তথ্য খুব শিগগিরই ফাঁস করা হবে।

এর আগে সৌদির নির্বাসিত রাজনৈতিক ব্যক্তিত্ব ড. মুহাম্মদ আল মাসায়ারি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বাদশাহর দেহরক্ষী আল-ফাগামকে হত্যা করতে পারেন।

তিনি আরো বলেছিলেন, ওই দেহরক্ষীর ওপর আস্থা রাখতে পারছে না সৌদি রাজপরিবার। তাকে হত্যা করে মার্কিন ব্ল্যাক ওয়াটারকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হতে পারে।

সৌদি ক্রাউন প্রিন্স স্বেচ্ছানির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায় স্বীকার করার পর বাদশাহর দেহরক্ষীর হত্যার ঘটনা ঘটল।

সূত্র : পার্স টুডে

সৌদিতে পর্যটকদের চুম্বন-মদ-শর্টসে নিষেধাজ্ঞা, না মানলেই জরিমানা

0

পর্যটকদের ভিসা দেওয়া শুরু করলেও বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। জনসম্মুখে অশ্লীলতার ব্যাপারে ১৯ ধরনের ‘অপরাধ’ চিহ্নিত করেছে সৌদি প্রশাসন। সেগুলো করলে কড়া জরিমানা করা হবে। সেই ‘অপরাধ’-এর তালিকায় রয়েছে চুমু খাওয়া, শর্টস পরা, মদ্যপানসহ আরো অনেক কিছু।

জানা গেছে, ৪৯টি দেশের পর্যটকদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে সৌদি। এখন পর্যন্ত সেখানে যাওয়া পর্যটকদের মধ্যে অধিকাংশই মুসলিম তীর্থযাত্রী ও ব্যবসা ক্ষেত্রের মানুষ।

নতুন ভিসা নীতিতে অপরাধ হিসেবে দেখানো হয়েছে, থুথু ফেলা, চুমু খাওয়া, গালিগালাজ করা, লাইন মেনে না-চলা, অনুমতি না-নিয়ে লোকজনের ছবি ও ভিডিও ধারণ, নামাজের সময় গানবাজানো।

জরিমানা করা হতে পারে এক হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পর্যটকরা যেন সৌদি আরবের নাগরিকদের আচরণ সম্পর্কে অবগত হতে পারেন, তা নিশ্চিত করা হবে।

সৌদি আরবের পর্যটন বিভাগের প্রধান আহমেদ আল-খাতিবের কথায়, আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদির দরজা খুলে দেওয়া আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ইউনেস্কোর পাঁচটা হেরিটেজ সাইট আমরা পর্যটকদের জন্য সাজিয়ে রেখেছি।

সৌদির এই সিদ্ধান্তের বেশ কিছু কারণ রয়েছে। সম্প্রতি সৌদির দু’টি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা তাদের তেলের জোগানে ধাক্কা দিয়েছে। এই হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র দ্বৈরথে বিশ্বজুড়ে অশান্তির আবহ তৈরি হয়েছে।

সেই পরিস্থিতিতে তেলের রপ্তানি বাদেও সৌদির বিকল্প আয়ের উৎস খোঁজার প্রয়োজন দেখা দিয়েছে। সৌদির বেকারত্বের হারও ঊর্ধ্বমুখী। এই আর্থিক সঙ্কটকে মাথায় রেখেই সৌদি যুবরাজের ‘ভিশন ২০৩০’।

কিন্তু পর্যটক টানতে হলে সৌদির পোশাকবিধি শিথিল করতে হবে। খাতিবের দাবি, বিদেশিনিদের বোরকা পরতে হবে না, তবে ভদ্র পোশাক পরা প্রয়োজন। সেই ‘ভদ্র’ পোশাকের ব্যাখ্যা খাতিব দেননি।

তথ্য অধিকার পুরস্কার পেল জনপ্রশাসন

0

তথ্য অধিকার পুরস্কার-২০১৯ এর প্রথম স্থান অধিকার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘মন্ত্রণালয় পর্যায়’ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পুরস্কার লাভ করে।

আজ রবিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসাবে বিশ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তথ্য অধিকার আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এ পুরস্কার লাভ করেছে।

লোকমান-শফিকুলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

0

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়া এবং কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রবিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান আবু হেনা মো. রাজি হাসান।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা আয়ের পর তা ভাগভাটোয়ারার মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে লোকমানের বিরুদ্ধে। এর আগে বুধবার দিবাগত রাতে লোকমানকে তার মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব-২। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে লোকমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও অস্ত্রসহ শফিকুল আলম ও আরও ৫ জনকে আটক করে র‌্যাব। এসময় ক্যাসিনো চালানো ও জুয়া খেলার বিপুল সরঞ্জামও উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে সফিকুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়। পরে আদালতে তোলা হলে অস্ত্র ও মাদক আইনে দায়ের দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অবশেষে ভিসি নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ ইউজিসির

0

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আজ রবিবার দুপুরে ইউজিসির ৫ সদস্যের কমিটি প্রতিবেদন সংস্থার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ভিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশসহ মোট তিনটি সুপারিশ করা হয়েছে।

ইউজিসির পরিচালক (জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ) ড. শামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান।

ভিসি নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলন বিষয় খতিয়ে দেখতে গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করে ইউসিজি।

সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি গুজব

0

নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনের বিষয়টি স্রেফ গুজব জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়টি পুরোই গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। অথচ নিরাপদ সড়ক আইন সংশোধনের ব্যাপারে মন্ত্রণালয়ে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগই নেয়নি।

আজ রবিবার রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে পথচারী আন্ডারপাস নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কষ্টদায়ক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ করছে। কাজ নির্ধারিত সময়ের ছয়মাস আগেই চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বর্তমানে কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এটি চালু হলে জনগণ উপকৃত হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। ৫৭ কোটি টাকা ব্যয়ে এ আন্ডারপাস নির্মাণ কর হচ্ছে। বাংলাদেশে প্রথম পুশ ব্যাক পদ্ধতিতে এ আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধন বুধবার

0

দেশের সকল টেলিভিশন চ্যানেল আগামী ২ অক্টোবর থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২ অক্টোবর দেশের ৩৪টি টেলিভিশন চ্যানেলের সবক’টির জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে স্থানীয় টিভি চ্যানেলের অধিকাংশই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সফলভাবে তাদের আনুষ্ঠান সম্প্রচার করছে।

ড. শাহজাহান বলেন, আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সামর্থ্যরে ৪০ শতাংশ বিক্রি করেছি। আগামী দিনগুলোতে বাকি সামর্থ্যও বিক্রির আশা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন যে, তারা আট বছরের মধ্যে দেশীয় বাজার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পুরো টাকা উঠিয়ে আনতে পারবেন।

এর আগে গত ১৯ মে বিসিএসসিএল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভির সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার নিয়ে একটি চুক্তি করে। পাশাপাশি বিটিভির চারটি চ্যানেল অনুষ্ঠান সম্প্রচারে এই স্যাটেলাইট ব্যবহার করছে।

এ বিষয়ে বিসিএসসিএল কর্মকর্তারা জানান, ইতোমধ্যে টেলিভিশনগুলোর সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে।
দেশের সকল টিভি চ্যানেলের তাদের অনুষ্ঠান সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ৫টি ট্রান্সপন্ডারের সামর্থ্য প্রয়োজন হবে। এছাড়াও বেক্সিমকো গ্রুপের কোম্পানি আকাশ ছয়টি ট্র্যন্সপন্ডার ভাড়া নিয়ে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করছে।

টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) একটি প্রতিনিধি দল গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা প্রধানমন্ত্রীকে জানান, আগামী ২ অক্টোবর বিএস-১ এর মাধ্যমে সকল বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার শুরু করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি টিভি চ্যানেল মালিকদের খরচ কমিয়ে আনতে আর্থ স্টেশন স্থাপনের পরিবর্তে এর গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে বিসিএসসিএল সকল টিভি চ্যানেলকে সংযুক্ত করা হচ্ছে।

ফ্রান্সের প্রস্তুতকারি প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস গত নভেম্বর মাসে বিএস-১ এর নিয়ন্ত্রণ কর্তৃত্ব বিসিএসসিএল’র কাছে হস্তান্তর করে। ২০১৮ সালের ১২ মে ফ্লোরিডা থেকে এটি মহাকাশে উৎক্ষেপন করা হয়। বিএস-১ এর প্রথম পরীক্ষামূলক সম্প্রচার করা হয়, ২০১৮ সালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়ন-২০১৮ অনুষ্ঠান সফল সম্প্রচারের মাধ্যমে।

পাশাপাশি বিসিএসসিএল আমাদের প্রতিবেশি চারটি দেশসহ ছয়টি দেশে বিএস-১ এর বাজারজাত ও বিক্রয়ের জন্য আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম থাইকন দুই বছরের জন্য ভাড়া করা হয়। থাই ফার্মটি বতর্মানে বিশ্বের ২০টি দেশে কাজ করছে। ১১৯.১ পূর্ব জিওস্টেশনারি স্লটে অবস্থিত বিএস-১ সার্ক দেশ সমূহ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরিগিজস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান এবং কাজাখস্তানের কিছু অংশ কাভার করবে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা নেপাল এবং ভূটান বেশি কভারেজ পাওয়ায় এই ছয়টি দেশ প্রাথমিকভাবে ব্যবসার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

টিভি চ্যানেলগুলোর জন্য ডাইরেক্ট টু হোম সাভির্সসহ স্যাটেলাইটগুলো পরিচালিত হবে।

গণপূর্তের কাজে টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার সুপারিশ

0

গৃহায়ন ও গণপূর্তের আওতাধীন সব ধরণের প্রকল্পের কাজে স্বচ্ছতা দেখতে চায় সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা উল্লেখ করে জন্য কাজের দরপত্র প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা আনার সুপারিশ করা হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী। বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়েশা খান ও মো. জাহিদুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের ৭টি অডিট আপত্তির ওপর আলোচনা হয়। আলোচনাকালে দেখা গেছে, গণপূর্ত বিভাগের নোয়াখালীতে একটি কাজের জন্য ইন্সট্রাকশন টু টেন্ডার (আটিটি) এর শর্ত করা হয় ঠিকাদারী নির্বাচনে। রেসপনসিভ ঠিকাদারের কাগজপত্র ঘাটতি থাকায় আরো তিন ধরণের কাগজপত্র (ব্যাংক স্ট্রেটমেন্ট, কাজের প্রত্যয়ন পত্র ও সত্যায়িত ট্রেড লাইসেন্স) চায়। কিন্তু গত ৯ বছরে ঠিকাদারী প্রতিষ্ঠানটি এসব কাগজপত্র জমা দেয়নি, যা অডিট আপত্তিতে স্পষ্ট অনিয়ম হিসেবে উঠে আসে।

অডিট কমিটির প্রতিবেদনের আলোকে সংসদীয় কমিটিও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। সংশ্লিস্টদের উদ্দেশ্যে করে কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এ বিভাগের কাজের প্রাক্কলন তৈরি ও চুক্তি সম্পাদন তথা সামগ্রিক কার্য সম্পাদনে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ বর্তমান আওয়ামী লীগ সরকারের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

এ বিষয়ে কমিটির সভাপতি রুস্তুম আলী ফরাজী সাংবাদিকদের বলেন, গৃহায়ন ও গণপুর্তের আওতাধীন চলমান প্রকল্পগুলোতে যেন দুর্নীতি না হয়, সেজন্য টেন্ডার প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সুস্পষ্টভাবে বলেছেন, দুর্নীতিবাজ এবং অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যদি কেউ অসত পথে অর্থ উপার্জন করে, তার এই অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বা অসৎ উপায় ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। সে যেই হোক না কেন, আমার দলের হলেও তাকে ছাড় দেয়া হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার বিকেলে ম্যারিয়ট মারকুইজ হোটেলে তাঁর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় একথা বলেন।

শেখ হাসিনা বলেন, সমাজে অসৎ পথে অর্থ উপার্জনের হার বেড়ে গেলে যেসব ব্যক্তি বা তাঁদের সন্তানেরা সৎ পথে জীবন নির্বাহ করতে চায়, তাঁদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, একজন সৎভাবে চলতে গেলে তাকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয়, আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এই ব্র্যান্ড, ওই ব্র্যান্ড, এটা সেটা হৈ চৈ, খুব দেখাতে পারে।

ফলাফলটা এই দাঁড়ায় একজন অসৎ মানুষের দৌরাত্মে যারা সৎ জীবন-যাপন করতে চায় তাদের জীবনযাত্রাটাই কঠিন হয়ে পড়ে, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সৎ মানুষের ছেলে-মেয়েদের মনে সহসাই একটা প্রশ্ন আসতে পারে যে, কেন তাঁদের পরিবার বিলাসবহুল জীবন-যাপন করতে পারে না। বাস্তবিকভাবেই এই চিন্তা লোকজনকে অসৎ পথে ঠেলে দেয়।

উন্নয়ন প্রকল্পসমূহে অনিয়মের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, সরকার উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ আরো বেশি উন্নত হতে পারতো যদি প্রকল্পের প্রত্যেকটি টাকা যথাযথভাবে ব্যয় করা হতো।

এখন আমাদের খুঁজে বের করতে হবে কোথায় ফাঁক-ফোকর রয়েছে, কারা এই কাজগুলো করছে এবং কিভাবে, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আরেকটা জিনিস আমি দেখতে বলে দিয়েছি-সেটা হলো কার আয়-উপার্জন কত? কীভাবে জীবন-যাপন করে? সেগুলো আমাদের বের করতে হবে।

তিনি বলেন, তাহলে আমরা সমাজ থেকে এই ব্যাধিটা, একটা অসম প্রতিযোগিতার হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে পারবো, আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো।

শেখ হাসিনা বলেন, মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। এটি পরিবার ও দেশকে ধ্বংস করে। মাদকের সঙ্গে জড়িত কারবারীদের আমরা খুঁজে বের করবোই।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতীয় বাজেট সাত গুণ বাড়িয়েছি। বিএনপি-জামায়াতের শাসনামলে এই বাজেটে অর্থের পরিমাণ ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু আমরা চলতি বছর ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট দিয়েছি।

সব সময় সরকারের নিন্দাকারী কিছু মানুষের তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যখন দেশের উন্নয়ন হয়, তখন এই মানুষগুলো অস্বস্তি বোধ করে। তারা তখন প্রতিহিংসায় সব সময় বিদেশীদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে।

গত নির্বাচনে বিএনপি’র বিপর্যয় সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আন্তরিক ছিল না। বরং তারা মনোনয়ন বাণিজ্যে ব্যস্ত ছিল।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, দেশের মানুষ তাঁর দলের ওপর আস্থা রেখেছে এ কারণে যে তারা জানে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও তাদের ভাগ্যের পরিবর্তন হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন যে, দলের চেয়ারম্যান একজন অপরাধী সেই দলকে মানুষ কেন ভোট দেবে।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার এক ছেলে অর্থ পাচারের দায়ে দন্ডিত এবং অপর ছেলে সিঙ্গাপুরে ক্যাসিনো খেলতে গিয়ে গ্রেফতার হয়েছে।

তিনি বলেন, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ জনগণের শক্তিতে ক্ষমতায় এসেছে।

দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই উন্নয়নে তৃণমূলের মানুষ অধিকাংশ ক্ষেত্রে উপকৃত হচ্ছে।

বিদেশী ঋণগ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যাপারে তাঁর সরকার সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে যেন ঋণের কারণে দেশ ক্ষতিগ্রস্ত না হয়।

প্রবাসীদের কল্যাণে নেয়া পদক্ষেপ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার তিনটি এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে।

প্রবাসীরা যেন দেশে বিনিয়োগে আকৃষ্ট হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা যেন বৈধ প্রক্রিয়ায় দেশে টাকা পাঠাতে পারে। সে পদক্ষেপও নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বোয়িং কোম্পানির কাছ থেকে ইতোমধ্যে ১০টি বিমান কেনা হয়েছে। ঢাকা-নিউইয়র্ক রুট পুনরায় চালুর আলোচনা চলছে এবং আমরা আমাদের বিমান বন্দরের নিরাপত্তারও উন্নয়ন করেছি।

বিভিন্ন স্থানে দূতাবাস ও কনস্যুলেট অফিস স্থাপনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফ্লোরিডায় একটি কনস্যুলেট অফিস খোলা হবে।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদক নির্মূল করে মানুষকে উন্নত ও সুন্দর জীবন উপহার দিতে চায়-যা ছিল জাতির পিতার স্বপ্ন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অনুসরণে বাংলাদেশ হবে বিশ্বে সমৃদ্ধ, উন্নত দেশ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা।

অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাগত বক্তৃতা করেন। এ সময় মঞ্চে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

বক্তৃতার প্রারম্ভে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৫ আগস্টের হত্যাযজ্ঞে বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে একটি মিনিট নিরবতা পালন করা হয়।