Home Blog Page 3459

গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন বিক্রি বন্ধ ঘোষণা

0

গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন বাংলাদেশে বিক্রি বন্ধ ঘোষণা করেছে ওষুধ প্রশাসন। সেই সাথে আমদানি ও রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে বলে আজ রবিবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্প্রতি রেনিটিডিন ট্যাবলেটে ক্যান্সারের উপাদানের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা। এই ওষুধ সম্পর্কে সতর্কবার্তাও জারি করেছে সংস্থা দুটি। এরপরই এ নিয়ে বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জাতীয় দৈনিকে আগামীকাল সোমবার গণবিজ্ঞপ্তি জারি হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৩টি পাখি অবমুক্ত করলেন ঢাকা দক্ষিণের মেয়র

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ৭৩টি বন্যপাখি অবমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। খাঁচায় বন্দি পাখিদের মুক্ত করে প্রধানমন্ত্রীকে শুভ কামনা জানান ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা দক্ষিণ নগর ভবন প্রাঙ্গণে এসব পাখি অবমুক্ত করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাখিগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতারা কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন ছিল। শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনের শীর্ষে : অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনের শীর্ষে। পদ্মা সেতু বাস্তবায়িত হলে প্রবৃদ্ধি এক শতাংশ বাড়বে। তখন প্রবৃদ্ধি ডাবল ডিজিটে চলে যাবে।

আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে দুদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হার্নেসিং ব্লকচেন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ২০৩০ সালে দেশে টেলিস্কোপ দিয়ে দরিদ্রতা খুঁজে পাওয়া যাবে না বলেও এ সময় মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সে সময় ‘ঘর নেই’ এমন লোক থাকবে না। সবাই থাকবে ক্ষুধামুক্ত।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ২০২৭ সালে বাংলাদেশে বিশ্বের মধ্যে ২৬তম অর্থনীতির দেশ হবে। ২০৩০ সালে প্রত্যেক পরিবারে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দরিদ্রতা শূন্যের কোঠায় নেমে আসবে। এ সময় মালয়েশিয়া-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলবো আমরা।

প্রধানমন্ত্রী টাকা-পয়সা কামানো পছন্দ করেন না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থ ও বৈভবের প্রতি ওনার কোনো মোহ নাই। প্রধানমন্ত্রীর একটাই মোহ দেশের সব পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, ইআরডির ভারপ্রাপ্ত সচিব ফরিদা নাসরিন প্রমুখ।

‘কেবল ক্যাসিনোর বিরুদ্ধে নয়, আইন না মানলেই ব্যবস্থা’

0

‘চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে- তাদের সবার বিরুদ্ধে এই অভিযান। যারাই অনৈতিক ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে আনসার-ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে- তাদের সবার বিরুদ্ধেই এই অভিযান। যারাই অনৈতিক ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘বলেছেন, প্রধানমন্ত্রী দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে হলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কেউ অন্যায় করলেই তাকে আইনের মুখোমুখি করতে হবে।’

এর আগে, গাজীপুরে ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন তিনি। পরে তিনজন কৃতি প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাস প্রমুখ।

একাদশ শ্রেণির ভর্তিতে নীতিমালা লঙ্ঘন ও অতিরিক্ত ফি চ্যালেঞ্জ করে রিট

0

নীতিমালা লঙ্ঘন করে একাদশ শ্রেণিতে আসনের বাইরে ভর্তি ও অতিরিক্ত ফি আদায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আজ হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই রিটে ভিকারুননিসায় একাদশ শ্রেণিতে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় ও অনুপস্থিতির জরিমানা বেশি আদায় বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয় বলে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে জানিয়েছেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টির শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

রিটে বিবাদী করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান ও অধ্যক্ষকে।

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

0

১৪৪১ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে বলা হয়েছে।

নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা ফ্যাক্সেও জানানো যাবে। ফ্যাক্স নম্বরগুলো হলো : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপি নেতাদের অবৈধ সম্পদের শ্বেতপত্র প্রকাশ করা হবে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের অবৈধ সম্পদের তথ্যও বের করা হবে।

আজ রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে।

এ সময় গণমাধ্যমে প্রকাশিত নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়টি পুরোই গুজব।’

তিনি বলেন, ‘আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।’

আজ বেনাপোল হয়ে ভারতে যাচ্ছে ২৪ টন ইলিশ

0

দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়া ৫০০ মেট্রিক টন ইলিশ মাছের প্রথম চালান পাঠানো শুরু হচ্ছে। প্রথম চালানে বেনাপোল হয়ে ২৪ মেট্রিক টন ইলিশ ভারতে যাচ্ছে।

আজ রবিবার প্রথম চালানে ২৪ টন ইলিশ ভারতে রপ্তানি হবে। প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ধরা হয়েছে। তবে এতে কোনো শুল্ক ধরা হয়নি বাংলাদেশের পক্ষ থেকে।

ব্যবসায়ীরা জানান আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান রপ্তানির নির্দেশনা রয়েছে। শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।

দুর্নীতিবাজ নিজের দলের হলেও ছাড় পাবে না : নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্নীতিবাজ নিজের দলের হলেও ছাড় পাবে না। বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক দূর করে বাংলাদেশের মানুষকে আমরা উন্নত জীবন দিতে চাই।

গতকাল শনিবার বিকেলে নিউ ইর্য়কের হোটেল ম্যারিয়ট মারকুইসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা স্পষ্ট বলতে চাই, এই অসৎ পথ ধরে কেউ উপার্জন করলে তার অনিয়ম, উশৃঙ্খলতা বা অসৎ এ উপায় যদি ধরা পড়ে সে যেই হোক না কেন, আমার দলের হলেও ছাড় হবে না।’

চলমান দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাহলে আমরা সমাজ থেকে এই ব্যাধিটা, একটা অসম প্রতিযোগিতার হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে পারবো, আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো।’

এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযানও অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মাদক একটা পরিবার ধ্বংস করে, একটা দেশ ধ্বংস করে। এর সঙ্গে কারা আছে সেটাও আমরা খুঁজে বের করবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে শুধু না আন্তর্জাতিক পর্যায়েও জঙ্গীবাদ, সন্ত্রাস এটা একটা সমস্যা। আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে।’

একজন সৎ মানুষের জীবনযাত্রায় সীমাবদ্ধতা থাকে এবং অসৎ মানুষের দৌরাত্বে তা আরো বেড়ে যায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সৎভাবে চলতে গেলে তাকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয়, আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এই ব্র্যান্ড, ওই ব্র্যান্ড, এটা সেটা হৈ চৈ,… খুব দেখাতে পারে। ফলাফলটা এই দাঁড়ায় একজন অসৎ মানুষের দৌরাত্বে যারা সৎ ভাবে জীবন যাপন করতে চায় তাদের জীবনযাত্রাটাই কঠিন হয়ে পড়ে।’

এ সমস্যা শিশুদের ওপর প্রভাব ফেলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেমেয়েরা ছোট শিশু তারাতো আর এতটা বোঝে না, ভাবে যে ওরা এই ভাবে পারে তো আমাদের নাই কেন। এটা স্বাভাবিক তাদের মনে এই প্রশ্নটা জাগবে।’

আজ রবিবার রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ভিয়েনায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

0

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উরবান লরিস প্লাস-এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ছোট্রমণি লিয়ানা নেত্রীর জন্মদিনের কেক কাটে। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সুজন, আইন বিষক সম্পাদক মাহবুব খান সামীম, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আবদুস সালাম মাতব্বর, গাজী মোহাম্মদ, মোহাম্মদ আলী, ফিরুজ সরদার, মাসুম মজুমদার, জহির তুহিন, আর আই মাসুম, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক নয়ন হোসেন, সদস্য সচিব সাঈদ শেখ, যুগ্ম-আহবায়ক বিলাল হোসেন, সদস্য জুয়েল ঢালি, লিমন রহমান, শাহিন হোসেন, সাইফ মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘বাঙালির সঙ্গে নিবিড় যোগসূত্র শেখ হাসিনার জন্মান্তরের। দেশের মানুষের আস্থা ও অস্তিত্বে তাঁর স্থায়ী আসন। মানুষের পাশে থাকেন সবসময়। তাঁর চিন্তা ও চেতনায় কেবলই বাংলাদেশ ও দেশের মানুষ।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের আঙিনায় যে সবুজ মানচিত্রটি আঁকা, সেটি বাংলাদেশের। নেতৃত্বের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে তাঁর বিকল্প নেই। তাঁর নেতৃত্ব বাংলাদেশের জন্য আশীর্বাদ।’

খন্দকার হাফিজুর রহমান নাসিম তাঁর বক্তব্যে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।