Home Blog Page 3461

শিক্ষিত লোকেরা বেশি অপরাধ করছে : আইনমন্ত্রী

0

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিক্ষিত লোকের মাধ্যমে অপরাধ বেশি হচ্ছে। দুর্নীতি বর্তমানে বড় সমস্যা। এর মাধ্যমে সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের মাদক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাহলেই দেশের দুর্নীতি কমে আসবে।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত ও উন্নত, সে জাতির মধ্যে অপরাধ করার প্রবণতা তত কম। কিন্তু বাংলাদেশে উন্নয়নের গতি ও শিক্ষার হার বাড়লেও সামাজিক অপরাধ না কমার ব্যাপারে চিন্তিত আমরা। এটা কেন হচ্ছে, তা ভাবার সময় এসেছে।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ গড়ায় অর্থনীতিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০৪১ সালে উন্নত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর। এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সরকারের পক্ষে একাই সবকিছু করা সম্ভব নয়। এজন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, দুর্নীতি সমাজে ব্যাপক বৈষম্য তৈরি করছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে। সে কারণে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শূন্যসহিষ্ণুতা নীতি বাস্তবায়ন করেছেন এবং এই নীতিতেই দুর্নীতিবিরোধী অভিযান চালানো হচ্ছে।

এ সময় সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গঠনে এই অনন্য চেষ্টার জন্য ডাচ-বাংলা ব্যাংকের প্রশংসা করেন গভর্নর ফজলে কবির। এই উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শুধু সম্রাট নয়, যে কেউ আইনের আওতায় আসতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘অপেক্ষা করুন, যা ঘটে দেখবেন।’ চীনের প্রজাতন্ত্রের ৭০ বছরের অর্জন নিয়ে আজ শনিবার হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে যেই ধরনের অপরাধই করুক না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে। এ জন্য আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি। আপনারাও দেখছেন। অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে এমন খবর যখন পাব তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা কোনো শুদ্ধি অভিযান না। এটা সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করার প্রয়োজন তাই আমরা করছি।

এ সময় সম্রাটকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দেখবেন, আপনারা খুব শিগগিরই দেখবেন। আপনারা অনেক কিছু বলছেন, আমরা যেটা বলছি ‘সম্রাট’ হোক যেই হোক অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আমি এটা এখনও বলছি, সম্রাট বলে কথা না যে কেউ আইনের আওতায় আসবে। আপনারা সময় হলেই দেখবেন।’

ক্যাসিনোর অভিযান সর্ম্পকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের আমরা সবসময় সঠিক তথ্যটাই দিয়ে থাকি। চলমান যে অভিযান এটাকে আমি অভিযান বলব না, এটা সবসময় হয়ে থাকে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে গেছে তার মূল কারণ হলো, সামনে কি আসবে সেটা নিয়ে চিন্তা করেন।

মন্ত্রী বলেন, এ কারণে তিনি দেশকে একটা পর্যায় নিয়ে গিয়েছেন। সেটা কীভাবে টেকসই উন্নয়নে রূপান্তরিত করা যায় সে জন্য প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠায় তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন এবং সবাইকে আইন মেনে চলতে বলেছেন।

উল্লেখ্য, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে সবচেয়ে আলোচনায় আসেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। শোনা যাচ্ছে, নগরীর অবৈধ ক্যাসিনো তথা জুয়ার আসরের সঙ্গে তিনি জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ক্যাসিনোকাণ্ডে গ্রেফতাররাও তাকে ‘ক্যাসিনো সম্রাট’ বলেও অভিহিত করেছেন। এসব কারণে ইতিমধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। গত রবিবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি আদেশ দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়। সেইসঙ্গে তার ব্যাংক হিসাবও তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বিকল্পধারা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছাবাণীতে প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেছে বিকল্পধারা বাংলাদেশ।

আজ শনিবার বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি সেই শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন। এতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন তারা।

জন্মদিনের শুভেচ্ছাবাণীতে বিকল্পধারার নেতারা বলেন, আমরা মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করছি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বর্তমান, ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহ যেন দীর্ঘমেয়াদে বাংলাদেশের অনুকূলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়।

যে কারণে হিন্দুদের পশুবলি নিষিদ্ধ করল ত্রিপুরা হাইকোর্ট

0

ধর্মের নামে আর পশু বলি দেওয়া যাবে না। হিন্দু ধর্মের কোথাও লেখা নেই, পশু বলি না দেওয়া হলে ধর্ম পালন করা যাবে না। জানা গেছে, এই যুক্তি দেখিয়ে ত্রিপুরায় ধর্মের নামে পশুবলির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।

সে রাজ্যের কোনো মন্দিরে আর বলি দেওয়া যাবে না। এমনকি রাজ্য সরকার চাইলেও বলি দিতে পারবে না। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ নির্দেশনা দিয়েছে।

প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ গতকাল শুক্রবার এই রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, পশুপাখিদেরও বেঁচে থাকার মৌলিক অধিকার আছে। ত্রিপুরার কোনো মন্দিরের ত্রিসীমানায় আর পশুবলি দেওয়া যাবে না। পশুবলির অনুমতি দিতে পারবে না রাজ্য সরকার। এমনকি, সরকার নিজস্ব উদ্যোগেও আর বলি দিতে পারবে না।

এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য প্রতিটি জেলাশাসক এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ত্রিপুরার বেশ কিছু মন্দিরে অসংখ্য পশু বলি দেওয়া হয়। অধিকাংশ বলির খরচ সরকার জোগায়।

জানা গেছে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ত্রিপুরেশ্বরী এবং চতুরদাস দেবতা মন্দিরে সিসিটিভি বসানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে মুখ্যসচিবকে প্রতি মাসের রেকর্ডিংয়ের তথ্য সংগ্রহ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, জনস্বার্থে করা একটি মামলার ভিত্তিতে ওই রায় দিয়েছে আদালত। মামলাটি করেছিলেন রাজ্যের অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ সুভাষ ভট্টাচার্য। তিন দিন ধরে সেই মামলার শুনানি চলে ডিভিশন বেঞ্চে।

যদিও রাজ্যের পক্ষ থেকে বলি বন্ধের বিরোধীতা করা হয়। রাজ্য সরকারের আইনজীবী যুক্তি দেন, শত শত বছর ধরে এই প্রথা চলে আসছে। ১৯৪৯ সালে ত্রিপুরা যখন ভারতের অংশ হয়, তখনই সকল মন্দিরের বলির খরচ সরকারের পক্ষ থেকে বহন করার চুক্তি হয়।

সুভাষ পাল্টা যুক্তি দেন, বেদ বা উপনিষদে কোথাও লেখা নেই, বলি না হলে হিন্দু ধর্ম পালনে ক্ষতি হবে। সেই যুক্তি মেনে নেয় আদালত।

এবার কাবা শরিফ ধৌত করেছেন তারা

0

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে মক্কার গভর্নর যুবরাজ খালিদ আল-ফায়সাল এবার পবিত্র কাবা শরিফ ধৌত করার নেতৃত্ব দিয়েছেন। চলতি মাসের ১৬ তারিখ পবিত্র কাবা শরিফ ধৌত করা হয়েছে।

জানা গেছে, কাবা শরিফ দৌত করার কাজে হাত লাগানোর সৌভাগ্য হয়েছে পবিত্র দুই মসজিদের দায়িত্বে থাকা শেখ ডা. আবদুলরহমান আল সাউদিস, মক্কার ডেপুটি গবর্নর যুবরাজ বদর বিন সুলতান বিন আবদুল অজিজ, হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. মোহাম্মদ সালিহ বেততিনসহ আরো অনেকের।

এ বছর জমজমের পানি ও গোলাপজল মিশ্রিত বিশেষ পানি দিয়ে কাবা শরিফ ধৌত করার পর ভেজানো পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলা হয়।

প্রসঙ্গত, কাবা শরিফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত। ওইসব পর্দা প্রতি তিন বছর পর পর পরিবর্তন করা হয়। এর ছাদে ১২৭ সেন্টিমিটার লম্বা ও ১০৪ সেন্টিমিটার প্রস্থের একটি ভেন্টিলেটর রয়েছে।

যা দিয়ে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে। এটি একটি কাচ দিয়ে ঢাকা। প্রতিবছর দুই বার কাবা শরিফের ভেতর ধৌত করার সময় এ কাচ খোলা হয়। এবারও কাচটি খোলা হয়েছিল।

ডিজের দৌরাত্ম্য বন্ধে উদ্যোগ নিয়েছে চুঁচুড়া পুলিশ

0

যে কোনো উৎসব, অনুষ্ঠানে নিয়মের তোয়াক্কা না করেই ডিজে বক্স বাজানো চলছে। দুর্গাপূজায় ডিজের দাপট আরো বেড়ে যায়। এবার সেটা বন্ধ করতে কোমর বেঁধে নামছে ভারতের চন্দননগর পুলিশ।

পূজা কমিটিকে শুধু খাতা-কলমে নির্দেশ না দিয়ে এ ব্যাপারে প্রচারণা চালাতে হবে জোরকদমে। ডিজে যারা ভাড়া দেন, তাদেরও সতর্ক করার পরিকল্পনা রয়েছে পুলিশের। এর পরেও আইন ভেঙে ডিজে বক্স বাজানো হলে সেটা জব্দ করা হবে।

পুলিশ বলছে, দুর্গাপূজা ছাড়াও বিয়ে, অন্নপ্রাশন থেকে পারিবারিক নানা অনুষ্ঠান, ধর্মীয় উৎসব বা বছরের বিশেষ দিনে ডিজে বাজানো কার্যত রীতি হয়ে গেছে। সে কারণে শুধু উৎসবের মওশুম নয়, বছরজুড়ে যেন ডিজেতে লাগাম পরানো যায় সে ব্যাপারে ভাবনাচিন্তা করবেন তারা।

তবে আপাতত দূর্গাপূজা নিয়েই তারা ভাবছেন। ঠিক হয়েছে আগামী ২ অক্টোবর চুঁচুড়ার ঘড়ির মোড়ে ডিজে বন্ধের আবেদন নিয়ে সচেতনতা প্রচার করা হবে পুলিশের পক্ষ থেকে। ‘কৌতুহলী বিজ্ঞান সংস্থা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও তাতে সামিল হবেন।

চুঁচুড়ার ওই সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই ডিজে এবং আতস বাজি বন্ধের দাবিতে আন্দোলন চলছে। এক মাস আগে এই দাবিতে তারা চুঁচুড়া থানায় স্মারকলিপিও দেয়।

চুঁচুড়া, চন্দননগরের নানা জায়গায় পোস্টারও লাগিয়েও প্রচারণা চালানো হচ্ছে। ডেপুটি পুলিশ কমিশনার (সদর) সুব্রত গঙ্গোপাধ্যায় ওই সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এরই মধ্যে।

সেখানেই পুলিশের পক্ষ থেকে ডিজে বন্ধের কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা জানান, ঘড়ির মোড়ের কর্মসূচিতে স্কুল শিক্ষার্থীরাও মানুষকে সচেতন করবে।

শব্দবাজি এবং ডিজের প্রচণ্ড আওয়াজে হৃদরোগ এবং কানের নানা সমস্যাও হতে পারে। এই ব্যাপারে বোঝানোর জন্য চিকিৎসকদেরও উপস্থিত করানোর চেষ্টা করা হবে। বিলি করা হবে লিফলেট।

এক পুলিশ কর্মকর্তার কথায়, অন্যান্য জায়গাতেও এভাবে কর্মসূচির কথা ভাবা যেতে পারে। মানুষ সচেতন হলেই সমস্যা মিটবে।

পুলিশ জানায়, ডিজে বাজানো যে নিষিদ্ধ তা পূজার অনুমতি দেওয়ার সময় লিখিতভাবে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়। এবার ডিজে যারা ভাড়া দেন, তাদেরও ডেকে সতর্ক করে দেওয়া হবে যাতে তারা ওই বক্স ভাড়া না দেন।

ডেপুটি পুলিশ কমিশনার সুব্রত বলেন, যারা শব্দবাজি বা তার স্বরে ডিজে বাজিয়ে আনন্দ করেন, তারা অন্যদের কথা ভাবেন না। প্রচণ্ড আওয়াজে বয়স্ক, শিশুদেরও মারাত্মক ক্ষতি হয়। এই বিষয়টি সবাইকে বোঝানোর চেষ্টা করতে হবে।

‘আরএসএস ও ভারত সমার্থক’ ইমরানের বক্তব্যের জবাবে সংঘ নেতা

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে ভারতবিরোধী বক্তৃতা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে গুজরাট দাঙ্গার প্রসঙ্গ তুলেছেন তিনি। শুধু তাই নয়, ইমরানের আক্রমণ ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর দিকেও। আরএসএস -কে ‘ফ্যাসিস্ট’দের সঙ্গেও তুলনা করেছেন ইমরান খান। এবার তারই পাল্টা জবাব এসেছে আরএসএস-এর পক্ষ থেকে। আজ শনিবার সংঘ নেতা কৃষ্ণ গোপাল বলেছেন, আরএসএস মানেই ভারত। আমাদের বিশ্বের অন্যত্র কোনও শাখা নেই। আরএসএস ও ভারত সমার্থক। আমরাও চাই, ভারত ও আরএসএসকে একত্রেই দেখুক বিশ্ব । পাকিস্তান যদি সংঘকে ঘৃণা করে, তবে তারা ভারতকেও ঘৃণা করছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করতে গিয়ে সংঘকেও টেনে আনেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মিস্টার মোদি আজীবন আরএসএস -এর সদস্য। এই আরএসএস আদতে হিটলার-মুসোলিনির আদর্শে তৈরি। আরএসএস ভারত থেকে মুসলিমদের মুছে ফেলার তত্ত্বে বিশ্বাস করে। আরএসএস -এর প্রতিষ্ঠাতা গোলওয়ালকর ও সাভারকর সম্পর্কে গুগল করে দেখুন। এদের এই ঘৃণার তত্ত্বই গান্ধিকে হত্যা করেছিল। প্রাক্তন কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আরএসএস ক্যাম্পে জঙ্গি তৈরি হয়। এই জঙ্গিরাই গুজরাট দাঙ্গার সময় ২ হাজার জনকে কেটে ফেলেছিল। ঘরছাড়া হয়েছিল দেড় লাখ মুসলিম।

জাতিসংঘে নির্ধারিত ১৫ মিনিটের সময় পেরিয়ে যাওয়ার পরও আধ ঘণ্টা বেশি সময় ধরে কথা বলেন ইমরান খান। সময়সীমা ছাড়ানোর জন্য সতর্ক করতে পোডিয়ামে লাল আলোও জ্বলে উঠেছিল।

এদিকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বের সর্বোচ্চ মঞ্চের অপব্যবহার’ হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি।

সূত্র : এই সময়

মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ কে শুনতে পারে?

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল যিনি প্রকাশ করেছেন, তার দাবি, ওই ফোন কলটি যেভাবে অস্বাভাবিক গোপনীয়তার সঙ্গে সামলানো হয়েছে, তাতে বোঝা যায় যে, এ ধরণের ফোন কল কীভাবে নজরদারি করা হয় এবং কতটা গোপনীয় রাখা হয়।

ওই টেলিফোন আলাপে ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে চাওয়া জো বাইডেন এবং তার ছেলের ব্যাপারে তদন্তের জন্য মি. ট্রাম্প চাপ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর মার্কিন কংগ্রেসে ইমপিচমেন্ট তদন্ত শুরু করেছে ডেমোক্র্যাটরা।

ফোন কলের তথ্য ফাঁসকারী মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বিশ্বাস করেন, ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদামির যেলেনস্কির টেলিফোন কথোপকথন গোপনীয় একটি ইলেকট্রনিক স্থানে রাখার কারণ আসলে জাতীয় নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক।

তার বক্তব্য অনুযায়ী, প্রথমে ওই টেলিফোন আলাপ গোপনীয় হিসাবে তালিকাভুক্ত করা হয়। এরপরে সেটি চরম-গোপনীয় বলে তালিকাভুক্ত করা হয়, যা শুধুমাত্র কয়েকজন ব্যক্তির দেখার বা শোনার সুযোগ আছে।

তথ্য ফাঁসকারী ব্যক্তির মতে, এর ফলে বোঝা যাচ্ছে যে, এটার রাজনৈতিক স্পর্শকাতরতার ব্যাপারে হোয়াইট হাউজের কর্মকর্তারা যে শুধু জানতেনই, তা নয়, বরং তারা মার্কিন সরকারের অন্যদের কাছে থেকে তথ্য গোপন করার চেষ্টা করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সমালোচকরা বলছেন, ওই কলের উদ্দেশ্য ছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে রাজি করানোর চেষ্টা করা যাতে তিনি প্রতিপক্ষ প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ব্যাপারে তদন্ত করেন। যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হয় এবং হোয়াইট হাউজের কর্মীরা যাবতীয় চিহ্ন মুছে ফেলতে পারেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহকারীরা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই টেলিফোন আলাপের ব্যাপারে আলাদা করে কিছু ঘটেনি।

কিন্তু এক্ষেত্রে স্বাভাবিক নিয়মগুলো কী?

রীতি অনুযায়ী, বিদেশি কোন নেতার সঙ্গে টেলিফোন আলাপের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) কর্মকর্তারা প্রেসিডেন্টকে অবহিত করেন। এরপরে যখন মার্কিন প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলেন, তখন ওই কর্মকর্তারা ওভাল অফিসে বসে থাকেন।

ইউএসএ টুডের তথ্য অনুযায়ী, এনএসসির কমপক্ষে দুইজন কর্মকর্তা সেখানে উপস্থিত থাকবেন।

এ সময় হোয়াইট হাউজের আরেকটি গোপনীয় কক্ষে কর্মকর্তারা বসে ওই টেলিফোন আলাপ শুনবেন এবং নোট নেবেন। তাদের এই নোটকে বলা হয় ‘মেমোর‍্যান্ডাম অফ টেলিফোন কনভারসেশন’ এবং হোয়াইট হাউজের আরো অনেক জিনিসের মতো একে সংক্ষেপে বলা হয় মেমকন।

কম্পিউটারের মাধ্যমে বিদেশি নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ বিস্তারিত বর্ণনা তৈরি করা হয়।

হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, যে কর্মকর্তা টেলিফোন আলাপের নোট নেন, তার সঙ্গে কম্পিউটারের বর্ণনা মিলিয়ে দেখা হয়। কর্মকর্তার নোট এবং কম্পিউটারের ট্রান্সক্রিপ্ট পরবর্তীতে একটি ফাইলে সংযুক্ত করে রাখা হয়। হয়তো এই ট্রান্সক্রিপ্ট পুরোপুরি নিখুঁত হয় না, তবে যতটা সম্ভব যত্ন আর সতর্কতার সঙ্গে এটি তৈরি করা হয়।

তথ্যফাঁসকারী ওই ব্যক্তির দাবি অনুযায়ী, মি. যেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ প্রক্রিয়ায় জড়িত ছিলেন অন্তত এক ডজন ব্যক্তি, যারা ওই আলাপ শুনতে পেয়েছেন।

সাবেক এনএসসি কর্মকর্তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে টেলিফোন আলাপ শুরুর একেবারে আগে আগে ব্রিফিংয়ের জন্য কর্মকর্তাদের ডাকা হয়। যাদের সেখানে ডাকা হয়, তাদের দক্ষতাও একই রকম নয়। অনেক সময় শেষ মুহূর্তে ফোন কল শুনতে বলা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের জের ধরে ইমপিচমেন্ট তদন্তের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরাটেলিফোন আলাপের গোপনীয়তা-চরম গোপনীয়তা কীভাবে নির্ধারিত হয়?
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) নির্বাহী সচিবের অফিসে যারা কাজ করেন, সেই কর্মকর্তারা ঠিক করেন যে একটি টেলিফোন আলাপের গোপনীয়তার মাত্রা কী হবে, বলছেন সাবেক একজন হোয়াইট হাউজ কর্মকর্তা।

যদি টেলিফোন আলাপের বর্ণনায় এমন তথ্য থাকে, যার ফলে জাতীয় নিরাপত্তা বা কোন ব্যক্তির নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, তাহলে সেটি চরম গোপনীয় বলে তালিকাভুক্ত করা হয় এবং বিশেষ সংরক্ষিত স্থানে সেটি সংরক্ষণ করে রাখা হয়।

ওবামা প্রশাসনের সময় জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষে মধ্যপ্রাচ্য গণতন্ত্র বিষয়ক প্রকল্পের কর্মকর্তা অ্যান্ডু মিলার, যিনি এই গোপনীয়তার ধাপগুলো সম্পর্কে পরিচিত হয়ে ওঠেন। মি. মিলার বলছেন, কেন কিছু টেলিফোন আলাপকে সবচেয়ে বেশি গোপনীয়তার তকমা দেয়া হয়। কিন্তু, তার মতে, মি. ট্রাম্প এবং মি. যেলেনস্কির আলাপের মধ্যে এমন কিছু নেই, যেজন্য সেটাকে চরম গোপনীয় বলা যেতে পারে।

”ওই আলাপকে চরম গোপনীয় হিসাবে তালিকাভুক্তির কোন কারণ আমি দেখি না,” বলছেন মি. মিলার। ”একমাত্র রাজনৈতিক কারণেই এটা করা হয়েছে।”

টেলিফোন আলাপ ‘চরম গোপনীয়’ তালিকাভুক্ত করা হলে কী ঘটে?
কোন টেলিফোন আলাপকে ‘চরম গোপনীয়’ মাত্রা দেয়া হলে সেটা শুধুমাত্র মার্কিন সরকারের শীর্ষ কয়েকজন ব্যক্তি দেখার সুযোগ পাবেন, যাদের শীর্ষ পর্যায়ের অনুমতি রয়েছে।

সাবেক কর্মকর্তারা ব্যাখ্যা করে বলছেন, জয়েন্ট ওয়ার্ল্ডওয়াইড ইন্টেলিজেন্স কমিউনিকেশন সিস্টেম নামের একটি নেটওয়ার্কের মাধ্যমে এসব ট্রান্সক্রিপ্ট সংরক্ষণ করা হয়, যেখানে শুধুমাত্র ইন্টেলিজেন্স সার্ভিসে কর্মরত লোকজন প্রবেশ করতে পারে।

এসব তথ্য যদিও বিশেষ একটি স্থানে সংরক্ষণ করে রাখা হয়, কিন্তু সেখানে নিরাপত্তার অস্বাভাবিক পাহারা থাকে না।

যেসব টেলিফোন আলাপ শুধুমাত্র ‘গোপনীয়’ হিসাবে তালিকাভুক্ত করা হয়, সেগুলোর বিষয় সম্পর্কে কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ করতে পারেন। তবে অবশ্যই শুধু তারাই আলাপ করতে পারেন, যারা সরকারে কাজ করে।

এই ঘটনায় কি গোপনীয়তার নিয়ম মানা হয়েছে?
প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শদাতারা বলছেন, এই টেলিফোন আলাপে কোন সমস্যা নেই-সুতরাং ট্রান্সক্রিপ্টের ব্যবস্থাপনা নিয়েও কোন প্রশ্ন নেই। তারা তথ্য ফাঁসকারীর দাবি জোরালো ভাবে নাকচ করে দিচ্ছেন। কিন্তু অন্যরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টেলিফোন এবং সেটি ঘিরে গোপনীয়তা প্রমাণ করছে যে, এখানে রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

”নিরাপত্তা গোপনীয়তার বিষয়টি তৈরি করা হয়েছে জীবন রক্ষার কথা বিবেচনায় রেখে,” বলছেন ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউজের কর্মকর্তা ব্রেট ব্রয়েন।

”হঠাৎ করে যদি সেটা রাষ্ট্রপতির রাজনৈতিক অবস্থানকে রক্ষা করার কাজে ব্যবহৃত হতে শুরু করে, তাহলে আর জাতীয় নিরাপত্তার জন্য গোপনীয় কোন গ্রহণযোগ্য ব্যবস্থা থাকবে না।”

এই বক্তব্যের সঙ্গে একমত মি. মিলার। তিনি বলছেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে বসের টেলিফোন আলাপের বিস্তারিত গোপনীয় করে রাখার মানে হলো এই পদ্ধতিটি বাজে ভাবে ব্যবহার করা।

যারা হোয়াইট হাউজে কাজ করেন, তাদের একটি শপথ নিতে হয় যে, তারা প্রেসিডেন্টকে নয়, বরং যুক্তরাষ্ট্রের সংবিধানকে সমুন্নত রাখবেন।

”আপনার প্রাথমিক আনুগত্য দেশির প্রতি হওয়া উচিত- কোন ব্যক্তির প্রতি নয়।” তিনি বলছেন।

গোলাগুলিতে ফের উত্তপ্ত কাশ্মীর

0

ভারতের জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনা সূত্রের দাবি, আজ শনিবার সকাল থেকে রম্বন জেলার বাটোট-ডোডা জাতীয় সড়কের ওপর বাস, গাড়ি থামিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছিল দুই সন্দেহভাজন জঙ্গি। এই সংবাদ পেয়েই এলাকা ঘিরে ফেলে ‘কুইক রেসপন্স টিম’। সেনা সদস্যদের পাল্টা জবাবে পিছু হটে জঙ্গিরা।

জানা গেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছিল। নিরাপদ জায়গায় গা ঢাকা দিয়ে সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।

ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, বাটোটের ২৪৪ নম্বর জাতীয় সড়কের কাছেই ঘাপটি মেরে রয়েছে ওই দুই সন্ত্রাসবাদী ব্যক্তি। প্রাথমিকভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালানোই ছিল তাদের লক্ষ্য়। বাটোটের কাছেই রয়েছে সেনা ঘাঁটি। জঙ্গিরা সেখানেও আক্রমণ শানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ইতিমধ্য়ে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া সেক্টরে এনকাউন্টারের ভিডিও প্রকাশ করেছে ভারতীয় বাহিনী।

গত ৩০ জুলাইয়ের ওই ভিডিওতে দেখা গেছে, জওয়ানদের গুলি থেকে বাঁচতে পিছু হটেছে চার জঙ্গি। হাতে অস্ত্র থাকলেও সেগুলো বাগিয়ে ধরার সময় নেই। এক মুহূর্ত থামলে ভারতীয় সেনার গুলি এফোঁড় ওফোঁড় করে দেবে। পড়িমড়ি করে দৌড়চ্ছে জঙ্গিরা। কখনও উঠছে, কখনও পড়ছে, কখনও পাথরের আড়ালে লুকাচ্ছে।

এদিকে, সোমবার চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং একাডেমিতে সাংবাদিক বৈঠক করে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, পাকিস্তানের বালাকোটে ফের সক্রিয় হয়ে উঠেছে জইশ-ই-মোহাম্মদ। আধুনিক আগ্নেয়াস্ত্র ও ইসরায়েলি বোমা নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জইশের অন্তত ৫০০ জঙ্গি। যেকোনো মুহূর্তে হামলা রুখতে নিয়ন্ত্রণরেখায় সতর্কতা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের ওপর থেকে ‘স্পেশ্যাল স্ট্যাটাস’ তুলে নেওয়ার পর থেকেই সক্রিয় হয়েছে জঙ্গিরা। তাদের প্রত্যক্ষ মদত দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। জঙ্গিদের বিষয়ে কড়াকড়ি একদমই কমিয়ে দেয় পাকিস্তানের প্রশাসন। এমনকি জানা গেছে, জইশ-এর হাত ধরেই ভারতে সন্ত্রাস চালাতে চাইছে পাকিস্তান। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এটাও জানিয়েছে, নতুন করে মানসেরা, গুলপুর, কোটলির জঙ্গি শিবিরে প্রশিক্ষণ শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে জইশ নতুন করে জঙ্গি নিয়োগ করছে।

সূত্র : দ্য ওয়াল, ইন্ডিয়া সমাচার

নজিরবিহীন বিপাকে ট্রাম্প!

0

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কির ফোনালাপ ফাঁস হয়ে যায়। একজন সিআইএ কর্মকর্তা ফোনালাপ ফাঁস করেছেন বলে জানা গেছে। এরপরই মূলত ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত শুরু হয়েছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ওই কর্মকর্তা এক সময় হোয়াইট হাউসে কর্মরত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের পরে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। ২০২০-র নির্বাচনের আগেও সেই একই বিতর্কের সামনে এখন তিনি। ফের তাঁর বিরুদ্ধে ভোটে জেতার জন্য অন্য রাষ্ট্রের সাহায্য নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এবারের অভিযোগ আগের চেয়ে আরো বেশি গুরুতর। এই পরিপ্রেক্ষিতে নজিরবিহীন বিতর্কের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন মিডিয়ার দাবি, ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলা এই ‘হুইসলব্লোয়ার’ মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র সদস্য। বিরোধী নেতার অভিযোগ উড়িয়ে দেওয়া সহজ, কিন্তু অভিযোগকারী গুপ্তচর হলে সেই কাজ বেশ কঠিন। বৃহস্পতিবার এই অভিযোগপত্রের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ্যে আসার পর তা শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বে হৈচৈ ফেলেছে।

অভিযোগকারী লিখেছেন, কাজ করার সময় আমি একাধিক কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি, প্রেসিডেন্টের ক্ষমতাকে কাজে লাগিয়ে ভোটে অন্য রাষ্ট্রগুলির থেকে সাহায্য আদায়ের চেষ্টা করছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর যে কথোপকথন হয়েছে তা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।

অভিযোগকারীর দাবি, ফোনকলটি ঘিরে বিতর্ক হতে পারে এটা আঁচ করে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হোয়াইট হাউস। ‘সিচুয়েশন রুম’র পক্ষ থেকে কথোপকথনের বিশদ বিবরণ হোয়াইট হাউসের হাতে তুলে দেওয়া হলেও, তারা শুধুমাত্র সারাংশ প্রকাশ করেই ক্ষান্ত হয়। একইসঙ্গে সিচুয়েশন রুমকে নির্দেশ দেওয়া হয়, এই কথোপকথন সাধারণ কম্পিউটার থেকে সরিয়ে সেই কম্পিউটারে রাখতে যেখানে গোপন সরকারি নথি রাখা হয়।

বিতর্ক যে নজিরবিহীন তা মার্কিন কংগ্রেসের বয়ান দিতে গিয়ে স্বীকার করেছেন মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান জোসেফ ম্যাগুয়েরও। প্রত্যাশিত ভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে চেপে ধরেছেন বিরোধীরা।

হাউসের স্পিকার তথা ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি প্রশ্ন তুলেছেন, কী করে একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তদন্ত করার জন্য অন্য একটি দেশকে অনুরোধ করতে পারেন প্রেসিডেন্ট? দেশে কি আইনকানুন বলে কিছুই নেই?

এদিকে, নিজের অবস্থানে অনড় রয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি টুইট করে দাবি করেছেন, এটা মার্কিন রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি।

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস একটি প্রতিবেদনে লেখা হয়েছে, টুইটারে ট্রাম্প এই কথা বললেও নিউ ইয়র্কের একটি বৈঠকে কর্মকর্তাদের সামনে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, ওই গুপ্তচরকে কে এসব বলল?

ফোনালাপের তথ্য ফাঁস করা ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের সব তথ্য ‘প্রকাশ’ ঠেকানোর চেষ্টা করেছেন হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেন।

জানা গেছে, টেলিফোন আলাপের প্রকাশিত বিবরণ অনুসারে জেলেনস্কি ইউক্রেনের সামরিক চাহিদার কথা উল্লেখ করেন। এ সময় তিনি ট্রাম্পকে জানান, তার দেশ যুক্তরাষ্ট্র থেকে ট্যাংক বিধ্বংসী মিসাইল কিনতে আগ্রহী। সে কথার জবাবে সরাসরি ‘হ্যাঁ’ বলার বদলে ‘আপনাকে আমাদের জন্য একটা উপকার করতে বলব’-এমন প্রস্তাব রাখেন ট্রাম্প।

সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস, এপি, এই সময়