Home Blog Page 3462

জাতিসংঘ ভবনের সামনে আওয়ামী লীগের সমাবেশে হামলা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সময় জাতিসংঘ ভবনের সামনে আওয়ামী লীগের সমাবেশে হামলা হয়েছে।

জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডকে কেন্দ্র করে, বিক্ষোভ সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্র বিএনপি। আদালতের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন নেতাকর্মীরা।

অন্যদিকে, এই কর্মসূচি থেকে হামলা হতে পারে- এমন অভিযোগে বিএনপিকে প্রতিহতের ঘোষণা দেয় আওয়ামী লীগ। পাশাপাশি আয়োজন করে আনন্দ সমাবেশের। জাতিসংঘ ভবন ছাড়াও, উত্তপ্ত ছিল বাংলাদেশ কনস্যুলেট এলাকা। পাল্টাপাল্টি কর্মসূচি ছিল হোয়াইট হাউজ আর মার্কিন পররাষ্ট্র দফতরের সামনেও।

শুক্রবার বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল।

তখন বিএনপির ব্যানারে কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালায় বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার সমর্থনে আওয়ামী লীগে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলেন, অন্যদিকে তার বিরোধিতায় স্লোগান দিচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। শেখ হাসিনাকে কটূক্তি করে বিএনপির সমাবেশ থেকে স্লোগান উঠলে তার প্রতিবাদ জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির সমাবেশের একদল চড়াও হয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘বিএনপির ব্যানারে থাকা ছাত্রশিবিরের কর্মীরা ইট ছোড়ে। এতে আওয়ামী লীগের দুজন আহত হন।’

উত্তেজনাকর পরিস্থিতিতে নিউ ইয়র্ক পুলিশ এসে দুজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ওই দুই যুবককে ছেড়ে দেওয়া হয়।

পরে পুলিশি বেষ্টনির মধ্যে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করে উভয় পক্ষ।

হামলার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘যারা মারপিটের ঘটনায় লিপ্ত, আমি তাদের চিনি না। তারা বিএনপির লোক নন। হয়ত সমর্থক। অতি-উৎসাহীরা এমন অপকর্ম চালিয়েছে, যার দায়িত্ব বিএনপি নিতে পারে না। কারণ, আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি।’

সম্রাট আটক!

0

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে গোয়েন্দারা। রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবন থেকে গতকাল শুক্রবার তাঁকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী বিষয়টি প্রকাশ্যে স্বীকার না করলেও সংশ্লিষ্ট একটি সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি পৌঁছেও তিনি ফিরে আসতে বাধ্য হন। পরে কাকরাইলে ভূঁইয়া ম্যানশনে ব্যক্তিগত কার্যালয়ে টানা ছয় দিন অবস্থান করেন। আর পাহারায় বসান শতাধিক যুবককে। সেখান থেকে গত রবিবার তিনি বনানীর ডিওএইচএস এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। সর্বশেষ সেখান থেকেই তাঁকে আটক করা হয়েছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘যুবলীগ নেতা সম্রাট ঢাকাতেই অবস্থান করছেন এবং আমাদের নজরদারির মধ্যেই আছেন। তাঁকে আটকের বিষয়টি এখনই প্রকাশযোগ্য নয়। সবুজ সংকেত পেলেই তাঁর বিষয়টি প্রকাশ করা হবে।’

সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী এই নেতা আটক বা গ্রেপ্তার এড়াতে ক্ষমতাসীন দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টা করে আসছিলেন। হাইকমান্ডের সঙ্গে তিনি দফায় দফায় কথাও বলেছেন। তাঁর কাছ থেকে সুবিধা নেওয়া প্রভাবশালীচক্র এক্ষেত্রে মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তবে শেষ পর্যন্ত দলের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পেয়েই সম্রাটকে আটকের সিদ্ধান্ত নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যুবলীগ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদ গ্রেপ্তার হওয়ার পরই ভড়কে যান সম্রাট। যেকোনো মূল্যে গ্রেপ্তার এড়াতে শুরু করেন নানা মহলে লবিং। তিনি দলীয় হাইকমান্ডকে দফায় দফায় বুঝাতে চেয়েছেন দলের প্রতি তাঁর অবদানের কথা। কিন্তু শেষরক্ষা হয়নি।

এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, যুবলীগ নেতা সম্রাট গোয়েন্দা হেফাজতেই আছেন। এর আগে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও গোলাম কিবরিয়া শামীমকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। আর ওই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সম্রাট দম্পতির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে সম্রাটের আর্থিক লেনদেনের বিষয়টির চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশনসহ সরকারের কয়েকটি সংস্থা। আর তাঁকে জড়িয়ে ক্যাসিনো বিষয়ক তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

অন্যদিকে সম্রাট আটক হওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ দক্ষিণের নেতা আরমানুল হক আরমান, মোমিনুল হক সাঈদ ওরফে সাঈদ, সম্রাটের ভাই বাদল, জুয়াড়ি খোরশেদ আলমসহ আরো অনেকে। তাঁদেরও গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অভিযান অব্যাহত রেখেছে।

পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ৩০ সেপ্টেম্বর

0

১০ বছর পর পাকিস্তানের করাচিতে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। তাই গতকাল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি ছিল দেশটির ক্রিকেটের জন্য ঐতিহাসিক ম্যাচ। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে বৃষ্টির হানা থাকছে আগামী ম্যাচেও।

জানা গেছে, করাচিতে আরো দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পরবর্তী দ্বিতীয় ওয়ানডে ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। তবে যথারীতি ২ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।

এদিকে প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরই পিসিবি এক বিবৃতিতে তারা জানিয়েছে, ম্যাচের টিকেটের টাকা ফেরত দিবে তারা। কেউ যদি ফেরত নিতে না চায় তবে সুযোগ থাকছে এই টিকেট দিয়েই সিরিজের পরবর্তী দুই ওয়ানডের যেকোনও একটি দেখার।

বিরামপুরে ৭ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ যুবক আটক

0

দিনাজপুরের বিরামপুরে সাত সাত কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিলসহ মো. রায়হান কবির (২১) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাটলা ইউনিয়নের ভগবতিপুর রাস্তার উপর অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।

আটক মো. রায়হান কবির উপজেলার সীমান্ত এলাকার দক্ষিণ দাউদপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভগবতিপুর গ্রামের পাশে অবস্থান নেয় পুলিশ। পরে পোটলায় করে গাঁজা বহনকালে ওই যুবকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাত কেজি গাঁজা এবং ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, আটক যুবককে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।

শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ

0

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন আজ।

তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁর জন্মদিন পালন করবে।

শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহনের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থ বারের মত নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন।

তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, আইসিটি এবং এসএমই খাতে এসেছে ব্যাপক সাফল্য। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি।

দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে মধুমতি নদীর তীরবর্তী গ্রাম টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেলসহ তাঁরা পাঁচ ভাই-বোন। বর্তমানে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পিতা বঙ্গবন্ধু এবং মাতা ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন।

শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে চলে আসেন। তখন পুরনো ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় ওঠেন তাঁরা ।

বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩, নম্বর মিন্টু রোডের বাসায় তারা বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ঢাকা শহরে টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি শেরেবাংলা গার্লস স্কুল এন্ড কলেজ নামে খ্যাত। শুরু হয় তাঁর শহর বাসের পালা।

তিনি ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।

শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬-দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত ৬-দফা দাবিতে পূর্ববাংলায় এক অভূতপূর্ব জাতীয় জাগরণ সৃষ্টি হয়। শাসকগোষ্ঠী ভীতসন্ত্রস্ত হয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। শুরু হয় প্রচন্ড দমন-নির্যাতন। আটক থাকা অবস্থাতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। তাঁর জীবন ও পরিবারের ওপর নেমে আসে গভীর বিপদাশংকা ও দুঃসহ দুঃখ-যন্ত্রনা।

এই ঝড়ো দিনগুলোতেই বঙ্গবন্ধুর আগ্রহে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়ার পর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়।

অবরুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় তাঁর প্রথম সন্তান ‘জয়’-এর মা হন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর কন্যা সন্তান পুতুলের জন্ম হয়।

১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হবার আগে ছোট বোন শেখ রেহানাসহ শেখ হাসিনা ইউরোপ যান। সেখানে অবস্থানকালে তিনি সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হবার খবর পান। তাৎক্ষণিকভাবে দেশে ফেরার কোনো পরিবেশ না থাকায় তিনি ইউরোপ ছেড়ে স্বামী-সন্তানসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।

শেখ হাসিনার পরবর্তী ইতিহাস একবিংশ শতকের অভিযাত্রায় তিনি কীভাবে বাঙালি জাতির কান্ডারি হয়েছেন তার ইতিহাস। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন রূপায়নের দায়িত্ব নিয়ে বাঙালি জাতির আলোর দিশারী হওয়ার ইতিহাস।

১৯৮১ সালের ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাঁকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। আর ঐ বছরেরই ১৭ মে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন।

১৯৮৬ সালের সংসদ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে নির্বাচিত হন। ১৯৯০ সালের ঐতিহাসিক গণআন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পরে তিনি পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নির্বাচিত হন।

১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে এবং সে বছরের ২৩ জুন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তিনি সপ্তম জাতীয় সংসদে বিরোধীদলের নেতা নির্বাচিত হন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়। তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও ওই হামলায় ২৪ জন নিহত এবং পাঁচশ’ নেতা-কর্মী আহত হন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বিশাল বিজয় অর্জন করে। এই বিজয়ের মধ্যদিয়ে শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারী তৃতীয়বার এবং ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে বিশ্বজুড়ে বিভিন্ন সম্মানসূচক ডিগ্রী, পদক ও স্বীকৃতি দিয়ে শেখ হাসিনার অসামান্য অবদানকে সম্মানিত করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। টিকা দান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরুস্কারে ভ’ষিত করা হয়েছে।

সুইজারল্যন্ড ভিত্তিক বিশ্বব্যাপি টিকা দান সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যকসিনেশন এবং ইমিউনাইজেশন (জি এভি আই) ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার প্রদান করা হয়। এর আগে এ মাসেই শেখ হাসিনাকে ড.কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এ্যাওয়ার্ড পদক প্রদান করা হয়। কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এডভাইজরি কাউন্সিলের প্রধান উপদেষ্টা এ্যাম্বাসেডর টিপি শ্রী নিবাসন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পদক হস্তান্তর করেন।

এ পর্যন্ত শেখ হাসিনাকে প্রদত্ত উল্লেখ যোগ্য পদক গুলোর মধ্যে রয়েছে,ওয়াসেদা ইউনিভার্সিটি অব জাপান-এর সম্মানসূচক ডক্টরেট অব ল ডিগ্রি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আলবারটে ডান্ডি’র সম্মানসূচক ডক্টরেট অব ফিলোসফি ইন লিবারেল আর্ট, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক দেশীকোত্তমা, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ডক্টরেট অফ লস, মার্কিন যুক্তরাষ্টের ব্রিজপোর্ট ইউনিভার্সিটির, ডক্টর অফ হিউম্যান লেটারস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি ডক্টরেট অব ল’স প্রদান, পল হারিস ফেলোশিপ দ্য রোটারি ইন্টারন্যাশনাল, ইউনেস্কোর হাউফুয়ট-বোনি শান্তি পুরস্কার-১৯৯৮, এম কে গান্ধী পুরস্কার-১৯৯৮, মাদার তেরেসা পুরস্কার-১৯৯৮ এবং ২০০৬, মার্কিন যুক্তরাষ্ট্রের র‌্যান্ডলফ ম্যাকন মহিলা কলেজের পার্ল এস বাক পুরস্কার-১৯৯৯, সিইআরইএস পদক- ১৯৯৯, এমডিজি অর্জনের জন্য জাতিসংঘ পুরস্কার (শিশু মৃত্যু)-২০১০, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার-২০০৯, সাউথ-সাউথ পুরস্কার-২০১১, এমডিজি অর্জনের জন্য জাতিসংঘ পদক-২০১৩, পুরস্কার, রোটারি শান্তি পুরস্কার- ২০১৩, শান্তি বৃক্ষ-২০১৪ আইসিটি স্থায়ী উন্নয়ন পুরস্কার-২০১৪, পৃথিবীর চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ-২০১৫, এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড-২০১৬, এবং প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক-২০১৬।

মন্তব্য

মোহামেডান ক্লাবের ক্যাসিনোর টাকা পাঠাতেন তারেকের কাছে

0

যুবলীগ নেতা (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা পরিচয় দেওয়া গোলাম কিবরিয়া (জি কে) শামীম, কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজ ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালম লোকমান ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িতদের সম্পর্কে তথ্য মিলছে। তাঁদের দেওয়া তথ্যের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা সংস্থা বলেছে, ক্যাসিনোর আইডিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দলটির শাসন আমলেই ঢাকায় ক্যাসিনো কারবার গেড়ে বসে। এ কারবারে মির্জা আব্বাসসহ বিএনপির অন্তত তিন নেতা জড়িত ছিলেন।

ক্যাসিনো সাম্রাজের গডফাদারদের মধ্যে শুধু ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটই নন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাও রয়েছেন। তাঁরাও ক্যাসিনোর গডফাদার। গোয়েন্দা সূত্রগুলো তাই বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘তারেক রহমানই প্রথম দেশে ক্যাসিনো কারবারকে প্রতিষ্ঠিত করার আইডিয়া দেন। তারেক রহমানের ব্যাবসায়িক প্রতিষ্ঠান হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্টের মাধ্যমেই ক্যাসিনো থেকে কাঁচা টাকা আয়ের মূল ধারণাটি আসে।’

এ বিষয়ে র‌্যাবের জিজ্ঞাসাবাদে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ক্যাসিনো থেকে যে আয় করা সম্ভব এ ধারণা প্রথম তিনি পান তারেক রহমানের কাছ থেকে। বিএনপির আমলে এ নিয়ে তাঁর সঙ্গে অনেকবার কথা হয়েছে। এরপর ২০১৬ সালেও তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেন। তখন তারেক রহমান তাঁকে ক্যাসিনো কারবার চালিয়ে যেতে বলেন। সেই অনুযায়ী তিনি প্রথমে মোহামেডান ক্লাবে ক্যাসিনো কারবার শুরু করেন। ক্যাসিনোর টাকা তারেক রহমানকেও পাঠাতেন তিনি।

রিমান্ডে থাকা যুবলীগ নেতা খালেদ ও ঠিকাদার জি কে শামীম বলেছেন, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর ঘনিষ্ঠ লুত্ফর রহমান বাদলও ক্যাসিনো কারবারের সঙ্গে যুক্ত। যদিও মানি লন্ডারিং মামলার আসামি হয়ে পালিয়ে বর্তমানে নেপাল রয়েছেন তিনি। দেশে ক্যাসিনো কারবারে যেসব নেপালি এসেছিল তাদের পাঠাতে সহযোগিতা করেছিলেন বাদল। তিনি তারেক রহমানেরও অত্যন্ত ঘনিষ্ঠ।

এ ছাড়া সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক আলী ফালু ও মির্জা আব্বাসের নাম বলেছেন খালেদ ও জি কে শামীম। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, মতিঝিলসহ ঢাকায় ক্যাসিনো কারবার বিস্তারে আওয়ামী লীগ ও বিএনপির যাঁরাই জড়িত তাঁদের সঙ্গেই এসব শীর্ষ রাজনৈতিক নেতার সম্পর্ক ছিল।

খালেদ আরো বলেছেন, একসময় মতিঝিল পাড়া নিয়ন্ত্রণ করতেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও তাঁর ভাই মির্জা খোকন। তাঁদের নির্দেশে তিনি মতিঝিল এলাকার ক্লাবগুলোতে ক্যাসিনো কারবারের পাশাপাশি জুয়ার আসর চালাতেন। জি কে শামীমও একসময় মির্জা আব্বাসের লোক ছিলেন। তাঁদের সঙ্গে সে সময় যুবদলের নিয়ন্ত্রণে ছিল ক্যাসিনো ও জুয়ার কারবার। সে সময়ও তাঁদের হাত দিয়ে দেশের বাইরে ক্যাসিনোর অর্থ পাচার হতো। নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় বিএনপি ও যুবদল নেতারা ক্যাসিনোর টাকা পাচার করেন।

রিমান্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া বলেছেন, এরশাদ জামানার শেষের দিকে ঢাকায় জুয়ার কারবার শুরু হয়। নব্বইপরবর্তী সময়ে বিএনপি সরকারের সময় বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ক্লাব পর্যন্ত এর বিস্তার ঘটে। এরপর ক্লাবগুলোতে ক্যাসিনো সরঞ্জাম বাড়তে থাকে। শুরু হয় ক্যাসিনো কারবার। ওই সময় মোসাদ্দেক আলী ফালু ও লোকমানের সহযোগিতায় ক্লাবপাড়ায় যুবদল-ছাত্রদলের একচ্ছত্র প্রভাব ছিল।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময় জি কে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা মহানগর যুবলীগের এক বড় নেতাকে ১৫ লাখ টাকা দিয়ে দিয়ে যুবলীগের ছত্রচ্ছায়ায় আসেন তিনি।

রোহিঙ্গা সংকটের মাত্রা বিশ্বকে বুঝতে হবে : শেখ হাসিনা

0

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে নতুন চারটি প্রস্তাব প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ পূর্ণ বাস্তবায়ন এবং রাখাইন প্রদেশে বেসামরিক তত্ত্বাবধানে সুরক্ষা বলয় প্রতিষ্ঠাসহ পাঁচ-দফা প্রস্তাব পেশ করেছিলাম।
আজ কিছু প্রস্তাব আবার পেশ করছি:
১. রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও আত্মীকরণে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক সদিচ্ছার পূর্ণ প্রতিফলন দেখাতে হবে।
২. বৈষম্যমূলক আইন ও রীতি বিলোপ করে মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থা তৈরি করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন সফরের আয়োজন করতে হবে।
৩. আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বেসামরিক পর্যবেক্ষক মোতায়েনের মাধ্যমে মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে।
৪. আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই রোহিঙ্গা সমস্যার মূল কারণ বিবেচনায় আনতে হবে এবং মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা মনে করি বহুপাক্ষিকতাবাদ বৈশ্বিক সমস্যা সমাধান এবং সার্বজনীন মঙ্গলের জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘই আমাদের সব আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই আশাই ব্যক্ত করেছিলেন।
একটি শক্তিশালী বহুপাক্ষিক ফোরাম হিসেবে জাতিসংঘের প্রতি বাংলাদেশের সমর্থন সর্বদা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ নিরাপদ, সুষ্ঠু ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার একটি বৈশ্বিক সমস্যা। যার মূলে রয়েছে জটিল ও সংঘবদ্ধ অপরাধচক্র। জাতীয় পর্যায়ে মানবপাচার প্রতিরোধ ও দমন এবং মানবপাচার সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সম্প্রতি আমরা মানবপাচার বিষয়ক ‘পালেরমো প্রোটোকল’-এ যোগ দিয়েছি।
নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রাম সফল না হচ্ছে, ততদিন তাদের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।
বাংলাদেশ আজ প্রায়শই ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে আলোচিত হচ্ছে মন্তব্য করে বাংলাদেশে টানা তিনবার মিলিয়ে চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক বিশ্বে নানা অস্থিরতা ও বিশ্বব্যাপী ক্রমাগত আর্থিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত ১০ বছর ধরে সমৃদ্ধি বজায় রেখেছে। স্পেকটেটর ইনডেক্স ২০১৯ অনুযায়ী, গত ১০ বছরে মোট ২৬টি দেশের তালিকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ।
দ্রুত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে তার সরকারের নানাবিধ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, উন্নয়ন কৌশল হিসেবে আমরা মনোনিবেশ করেছি দারিদ্র্য দূরীকরণ, টেকসই প্রবৃদ্ধি, পরিবেশ সুরক্ষা, মানবসম্পদ উন্নয়নের মতো বিষয়। গত ১০ বছর ধরে আমরা প্রগতিশীল ও সময়পোযোগী নীতি এবং কার্যক্রম গ্রহণ করে আসছি যা আমাদের এনে দিয়েছে অসামান্য সাফল্য।

আমাদের রপ্তানি আয় ২০০৫-০৬ অর্থবছরের তুলনায় তিন গুণ বেড়ে ২০১৮-১৯ অর্থবছরে ৪০.৫৩ বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু আয় সাড়ে তিন গুণ বেড়ে ১৯০৯ মার্কিন ডলার উন্নীত হওয়া এবং গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির ৮.১৩ শতাংশ অর্জন, বিনিয়োগ জিডিপির ২৬ শতাংশ থেকে ৩১ দশমিক ৫ শতাংশে উন্নীত হওয়া, বেসরকারি বিনিয়োগ ৫ গুণ বেড়ে ৭০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার; বৈদেশিক মুদ্রার মজুদ ৯ গুণ বেড়ে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার উন্নীত হওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, উন্নয়নের দু’টি প্রধান অন্তরায় হলো দারিদ্র্য ও অসমতা। দ্রুততম সময়ে দারিদ্র্য হ্রাসকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। ২০০৬ সালে আমাদের দারিদ্র্যের হার ছিল ৪১ দশমিক ৫ শতাংশ যা ২০১৮ সালে হ্রাস পেয়ে হয়েছে ২১ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার ২৪ শতাংশ থেকে ১১ দশমিক ৩ শতাংশে নেমেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার গ্রাম আমার শহর’, ‘আশ্রায়ন’, ‘আমার বাড়ি আমার খামার’-এর মতো আমাদের নিজস্ব ও গ্রামবান্ধব উদ্যোগ অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে অবদান রেখে আসছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশকে পেছনে ফেলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ৩৪তম।
নাগরিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সব নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের একটি বিশাল নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি। এসব কেন্দ্র থেকে গ্রামীণ জনগণকে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ এবং স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেবাগ্রহিতাদের ৮০ শতাংশই নারী ও শিশু। এসব কর্মসূচির ফলে মাতৃমৃত্যুর হার, নবজাতক ও শিশু মৃত্যুহার, পুষ্টিহীনতা, খর্বকায়তা ও ওজনহীনতার মতো সমস্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে।
তিনি বলেন, প্রতিবন্ধী, অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় সম্পৃক্ত করার বিষয়টি আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। বর্তমানে এ ধরনের প্রায় ১৬ লাখ ৪৫ হাজার ব্যক্তি নিয়মিত সরকারি ভাতা পাচ্ছেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষী মোতায়েনে জাতিসংঘের আহ্বানে নিয়মিতভাবে সাড়া দেওয়ার বিষয়টি উল্লেখ করেন শেখ হাসিনা।
নতুন দায়িত্বে আসা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সভাপতি তিজানি মুহাম্মদ বান্দেকে অভিনন্দন জানান এবং গেলো বছর সভাপতির দায়িত্ব পালনকারী মারিয়া ফার্নান্দা এসপিনোসা গার্সেসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেরও প্রশংসা করেন তিনি।

এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছুই নেই : শেখ হাসিনাকে মোদি

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করে বলেছেন, জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আজ নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি এই আশ্বাস দেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারতের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। তাই এ ধরনের ইস্যু নিয়ে উদ্বেগের কিছুই নেই।’
বৃহস্পতিবার বিকেলে লোতে নিউইয়র্ক প্যালেস হোটেলে দ্বিপক্ষীয় সভাকক্ষে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় নেতা তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়েও আলোচনা করেন।
ড. মোমেন বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠক খুবই সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে এনআরসি, অভিন্ন নদীর পানি বন্টনসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনআরসি ইস্যুর কথা উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের জন্য খুবই উদ্বেগের বিষয়।
জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এনআরসি ও পানি বন্টনের মতো ইস্যুগুলোকে আমরা সহজভাবে নিতে পারি। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।’
এ প্রসঙ্গে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নির্ধারণে কাজ করবে। এ ব্যাপারে বাংলাদেশের সংকিত হওয়ার কোন কারণ নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন বিষয় নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি। এ ব্যাপারে আগামী ৫ অক্টোবর নয়াদিল্লীতে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
ড. মোমেন বলেন, উভয় পক্ষ দু’দেশের জনগণের কল্যাণে কাজ করবে। কেননা দুই নেতার মধ্যে ভাই-বোনের মতো চমৎকার সম্পর্ক রয়েছে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান, পররাষ্ট্র সচিব জেডিমো. শহিদুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

লোকমান অপরাধী প্রমাণিত হলে বিসিবিও ছাড় দেবে না : পাপন

0

ক্যাসিনো আর মাদক ইস্যুতে বিসিবি পরিচালক তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়ার গ্রেপ্তার এবং রিমান্ড নিয়ে গত তিন দিন ধরে তুলকালাম চলছে। তবে আজকের আগ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। অবশেষে আজ সাংবাদিকদের সামনে অবস্থান পরিস্কার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, লোকমান হোসেনের অপরাধ প্রমাণিত হলে বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে পাপন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের তো কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনই এটা নিয়ে বলা ঠিক হবে না। আমার কথা হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে। এখানে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। আমি বিসিবিতেও ছাড় দেব না। বিসিবিতেও কখনো আমি ছাড় দেইনি, এটি হতেই পারে না।’

দেশের ক্লাবগুলোতে যে রীতিমতো জমজমাট ক্যাসিনো চলে সেটা তার অজানা বলে উল্লেখ করেন নাজমুল হাসান, ‘এখানে আমাদের কোনো তদারকি নেই। ক্লাবে তাস খেলা হয়, এটি আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। এই তাস খেলা আমি সারা জীবনই দেখে এসেছি। এই তাস খেলা যে এখন ক্যাসিনোতে চলে এসেছে এই ব্যাপারে সত্যি বলছি কোনো ধারণা ছিল না আমার। আমাকে লোকমান কোনো দিন বলেনি যে ক্লাবে একটি ক্যাসিনো আছে। এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। সে কিন্তু আমার বন্ধু। আমি নিজেও জানতাম না, আমাকে কখনো বলেইনি। এখন সব বের হয়ে আসবে।’

প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

0

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে ছিল। সেই বাংলাদেশ এখন প্রযুক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শুধু তথ্য-প্রযুক্তিই নয়, প্রতিটি ক্ষেত্রেই ঈর্ষণীয় সাফল্য আনছে।
শুক্রবার দুপুরে রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় বাংলাদেশ পোস্টাল অ্যাকাডেমিতে ৬৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটা সময় কলকাতা থেকে হরফ এনে পত্রিকা চালাতে হতো। এখন সবকিছু হয় প্রযুক্তির ছোঁয়ায়।
তিনি বলেন, বাংলাদেশকে বার বার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হয়েছে। ১৯৭১ সালের পরাজিত শক্তি ১৯৭৫ এবং ১৯৯৬ সালে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত করেছে। কিন্তু সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনির হোসেন এবং জেলা প্রশাসক মো. হামিদুল হক। অনুষ্ঠানে মন্ত্রী মোস্তাফা জব্বার প্রশিক্ষণপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে বাংলাদেশ পোস্টাল অ্যাকাডেমির অধ্যক্ষ সিরাজ উদ্দীন তাদের শপথ বাক্য পাঠ করান।
গত ১ এপ্রিল থেকে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়েছিল। এতে বিসিএসের প্রশাসন, পুলিশ, সমবায়, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কৃষি এবং প্রাণীসম্পদ বিভাগের ৪৫ জন নবীন কর্মকর্তা অংশ নেন।