Home Blog Page 3465

অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪১ কোটি টাকা লোকমানের

0

ক্যাসিনো ব্যবসা করে বিসিবির পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ৪১ কোটি টাকা আয় করেছেন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ টাকা অস্ট্রেলিয়ার দু’টি ব্যাংকে গচ্ছিত রেখেছেন বলেও জানিয়েছেন লোকমান হোসেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে লোকমানকে তার বাসা থেকে আটক করে র‌্যাব। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই তিনি এ তথ্য জানিয়েছেন।

ফের ইনজুরিতে মেসি

0

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বাম থাইয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। যদিও নতুন এই ইনজুরির কারণে ঠিক কতদিন মেসিকে বিশ্রামে থাকতে হবে এ ব্যপারে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
মঙ্গলবার ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে মেসি ইনজুরিতে পড়ে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি। মৌসুমে এই প্রথম ম্যাচে তিনি মূল একাদশে মাঠে নেমেছিলেন। এর আগে গত ৫ আগস্ট কাফ ইনজুরিতে আক্রান্ত হয়ে বিশ্রামে চলে গিয়েছিলেন মেসি। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত মেসি দলের বাইরে থাকবেন। শনিবার লা লিগায় গেটাফে সফরে মেসিকে না পাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। এরপর আগামী বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে আথিত্য দিবে কাতালান জায়ান্টরা। চারদিন পর লিগে ক্যাম্প ন্যুতেই সেভিয়ার মোকাবেলা করবে।
সব ধরনের প্রতিযোগিতায় সাত ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হওয়া বার্সেলোনা যত দ্রুত সম্ভব তাদের সুপারস্টারকে দলে ফিরে পাওয়ার আশা করছে। কাফ ইনজুরি কাটিয়ে মেসি বরুসিয়া ডর্টমুন্ড ও গ্রানাডার বিপক্ষে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম একাদশের জন্য নিজেকে ফিট প্রমাণ করেন।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের তথ্য ভুয়া

0

দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তা ভুয়া বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, কোনো সরকার যদি গর্দভ দ্বারা পরিচালিত হয়, তাহলে এ ধরনের নোট বাতিলের খবর আগে ঘোষণা দেয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সে বিষয়ে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যেসব খবর আসে তা সব সময় পুরোপুরি সত্য নয় অভিযোগ করে তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আংশিক খবর প্রকাশিত হয়। যার সব সময় কোনো প্রমাণ থাকে না।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে বৈঠকে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের কিছু তথ্য দেয়া হয়। সেই তথ্য দেখে মনে হচ্ছে সব খবর সঠিক নয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ স‌ংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে’

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সময়েই ক্যাসিনোর বিস্তার হয়। কিন্তু তারা অবৈধ ক্যাসিনো পরিচালনাকারীদের বিচার করতে পারেনি। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ সেটা করে দিখিয়েছে। আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ আর জুয়ারিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বাড়বে। এ অভিযানে সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। সেজন্য বিএনপির উচিত সরকারকে অভিনন্দন জানানো।

দুই দিনের সিলেট সফরকালে এদিন বিকেল ৩টায় নগরের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত আওয়ামী লীগের সাবেক জাতীয় নেতা মরহুম আ ন ম শফিকুল হকের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেতুমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দলের সেতাকর্মীরা।

প্রশাসনের নাকের ডগায় ক্যাসিনো, ১৪ দলের নিন্দা

0

ঢাকায় প্রশাসনের নাকের ডগায় অবৈধ জুয়ার ক্যাসিনো গড়ে ওঠায় প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা জানিয়েছেন ক্ষমতাসী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, আমরা বিস্মিত হয়েছি, দুঃখ পেয়েছি। ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ ক্যাসিনোর কাজগুলো সম্পন্ন হয়েছে এটা ভেবে। প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা জানাচ্ছি।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, কিছু দুর্বৃত্তের কারণে সরকারের অর্জন ম্লান হয়ে যাবে এটা আমরা মেনে নিতে পারি না। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন ১৪ তার সঙ্গে আছে। তবে দুর্বৃত্তদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এর সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি যাতে চক্রান্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো অশুভ শক্তি যেন গুটিকয়েক দুর্বৃত্তের জন্য কোনোভাবে সুযোগ নিতে না পারে। দুর্বৃত্তায়নের সঙ্গে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থ নিতে হবে।

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, দুর্নীতি, সামাজিক অপরাধ, ক্যাসিনো বন্ধে যে অভিযান শুরু হয়েছে এতে আমরা আনন্দিত, এটাকে আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা দুঃখিত ও বিস্মৃত যে কিছু রাজনৈতিক কর্মী এই দুর্নীতি, অপকর্মের সঙ্গে জড়িত। ঢাকা শহরের নাকে ডগায় এই সব অপকর্ম হয়েছে কিন্তু প্রশাসন নিলিপ্ত ছিল। আমরা এর নিন্দা জানাই।

মোহাম্মদ নাসিম জানান, আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ১৪ দলের পক্ষ্য থেকে ১৮ মার্চ কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন সন্ধ্যা ৬টায় মানিক মিয়া এভিনিউয়ে সমবেত হয়ে মোমবাতি প্রজ্জল করে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। এটা হবে ১৪ দলের প্রথম কর্মসূচি। এর পর আরও কর্মসূচি থাকবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, আমরা বলছি কোনো দল দেখে, কোনো মুখ দেখে যেনো ব্যবস্থা নেওয়া না হয়। যে অপরাধী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। প্রশাসন থেকে দুর্নীতির কালো বিড়াল ধ্বংস করতে হবে। রাজনৈতিক দল থেকে দুবৃত্তদের বের করে দিতে হবে।

১৪ দলের সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তাঁর দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

গুলিস্তান মার্কেটে মিন্নিকে দেখে ভিড়, কেনাকাটায় পেলেন ছাড়!

0

বরগুনার আলোচিত রিফাত হত্যার সাক্ষি ও মামলার সাত নম্বর আসামি আয়শা সিদ্দিকা মিন্নি এখন ঢাকায়। চিকিৎসা ও আইনি সহায়তার কাজে গত রবিবার বাবা মোজাম্মেলের সাথে তিনি ঢাকা আসেন।

বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, এর মধ্যে আইনজীবী জেড আই খানের সঙ্গে দেখাও করেন মিন্নি ও তার বাবা।এরপর মঙ্গলবার তারা যান রাজধানীর গুলিস্তানে কেনাকাটা করতে। সেখানে মিন্নিকে দেখে চিনতে পারে লোকজন। ভিড় জমে যায়। দোকানদাররা কেনাকাটাতে ছাড় দিয়েছে বলে কিশোর জানান।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, কিছুদিন আগেও মানুষজন আমাদের দিকে, আমার মেয়ে মিন্নির দিকে কেমন কেমন করে করে তাকাতো। লজ্জায় বের হতে পারতাম না কিন্তু এখন লোকজন দেখলে উচ্ছ্বাস প্রকাশ করে। তিনি বলেন, ‘মিন্নির জামিন হওয়ার পর একদম পাল্টে গেছে পরিস্থিতি।

মিন্নিকে নিয়ে মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে কেনাকাটা করতে গিয়ে সংবাদমাধ্যমকে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নিকে দেখে মানুষের উচ্ছ্বাসের শেষ নেই। পুরো মার্কেটের মানুষ একত্র হয়ে গিয়েছিল। মেয়েকে জামা-কাপড় কিনে দিলাম। দোকানিও খাওয়াতে চেয়েছে। দামে ডিসকাউন্ট দিয়েছে।

মিন্নির বাবা বলেন, মানুষ শুধু জড়োই হয় না। ছবি তুলবেই তুলবে। ছবি তোলার জন্য ভিড় সামলানো যায় না। মোজাম্মেল হোসেন কিশোর বলেন, এটা মানুষের সম্মান। এই সম্মানের মর্যাদা যেন তারা রাখতে পারেন।

গত ২৯ আগস্ট জামিনে মুক্তির পর বেশ অসুস্থ ছিলেন মিন্নি। চলতি মাসের শুরুতে মিন্নির শারীরিক অবস্থা প্রসঙ্গে তার স্বজনরা বলেছিলেন, সদা হাস্যোজ্জ্বল, চঞ্চল ও স্বজনদের সঙ্গে সদালাপী ছিলেন মিন্নি। কিন্তু জামিনে মুক্তির পর অনেক স্বজনের মাঝেও একাকিত্বে ভুগছেন সেই মিন্নি। শারীরিকভাবে অসুস্থ মিন্নি এখন স্বামী রিফাত শরীফের স্মৃতিতে কাতর। একরাশ বিষণ্নতা নিয়ে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। এ নিয়ে বেশ উদ্বিগ্ন তার বাবা-মা।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেছিলেন, দুই হাঁটুতে কালো দাগ রয়েছে মিন্নির। হাঁটুর ব্যথায় হাঁটতে পারে না সে। চঞ্চল ও সদালাপী মিন্নি এখন কারও সঙ্গে কথা বলে না। খেতে চায় না কিছুই। একাকী কাঁদে। রিফাতের স্মৃতি মিন্নিকে আপ্লুত করে তুলছে। ঘুমের মধ্যেও চিৎকার করে কেঁদে ওঠে মিন্নি।

প্রসঙ্গত, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে দুই শর্তে জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট। যে দুই শর্তে মিন্নিকে জামিন দেওয়া হয়েছে তা হলো, মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না এবং তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে।

২৯ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। জামিনে থাকা অবস্থায় মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বললে তার জামিন বাতিল হবে বলেও আদেশে উল্লেখ করেন আদালত।

‘সালমানের মাথায় রুমাল বেঁধে দিলাম, সেই স্টাইল সারাদেশে ছড়িয়ে গেল’

বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের উৎসাহিত করুন

0

বাংলাদেশের পর্যটনশিল্প উদীয়মান খাত। এই দেশে পর্যটনের অপার সম্ভাবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটনকে গুরুত্ব দিচ্ছেন। তাই সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের উৎসাহিত করবেন।’

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী অষ্টম এশিয়ান পর্যটনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এ দেশে রয়েছে বিশ্বের দীর্ঘ সমুদ্রসৈকত ও ম্যানগ্রোভ বন। এখানকার বন, হাওর, চা বাগান, পাহাড়পুর বিহার, সোয়াম্প ফরেস্ট, সিলেটের মাজার ও বাগেরহাটের মসজিদ অনিন্দ্যসুন্দর। এসব প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের বিমোহিত করবে।

মাহবুব আলী বলেন, বিদেশি পর্যটকদের অনুরোধ করবো, বাংলাদেশ ভ্রমণ করতে আসুন। এদেশের পর্যটন আপনাদের আনন্দ দেবে। তিনি বলেন, আমাদের দেশে পর্যটনের অপার সম্ভাবনা। তাই সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের উৎসাহিত করবেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটনশিল্প উদীয়মান খাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটনকে গুরুত্ব দিচ্ছেন। এসডিজি অর্জনে পর্যটক টানার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা ও কাঠমান্ডুতে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো। তিনি বলেন, ইন্দোনেশিয়ার জিডিপিতে বড় ভূমিকা রাখছে পর্যটন। ইন্দোনেশিয়ায় পর্যটক টানতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সেখানে বিস্ময়কর অনেক আইল্যান্ড রয়েছে। তিনি বলেন, এশিয়ার মধ্যে দ্বিতীয় বেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে। এ জন্য বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু করা হয়েছে। তিনি বাংলাদেশি পর্যটকদের ইন্দোনেশিয়া ভ্রমণ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বিমসটেকের সচিব শহিদুল ইসলাম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভূবন চন্দ্র বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। অনুষ্ঠান শেষে স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রীসহ অতিথিরা।

মাসিক পর্যটন বিচিত্রা আয়োজিত এ আন্তর্জাতিক মেলায় সাতটি দেশের ৫৩টি পর্যটন সংস্থার ১১৫টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা শেষ হবে আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায়।

রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

রাজধানীর কাওরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে অভিযানের শুরুতেই ভাঙা হয় তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের কার্যালয়। এরপর পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ভবন ভেঙে ফেলতে দেখা যায়।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। এ ছাড়া উপস্থিত রয়েছেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, কাওরান বাজারে আমাদের মোট ২৩ বিঘা জায়গা রয়েছে। এর মধ্যে প্রায় তিন-চার বিঘা অবৈধ দখল হয়েছে। আমরা ফুটপাতসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছি।

রাজীবের মৃত্যুর তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল

0

তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন করা ও পরবর্তীতে তাঁর মৃত্যুর ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা তা দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী আগামী ৪ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করেন।

গত বছর ৩ এপ্রিল দুপুরে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে যাচ্ছিলেন মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসি বাসটির গা ঘেঁষে অতিক্রম করে। দুই বাসের চাপে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই ঘটনার পর পথচারীরা রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করেন। এরপর তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। তাঁর ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর মাথায়ও আঘাত লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বছর ১৭ এপ্রিল মারা যান তিনি। তাঁর মৃত্যুর পর এ সংক্রান্ত মামলাটি দুর্ঘটনাজনিত হত্যা মামলায় রূপ নেয়।

ঘটনার দেড় বছর তিন মাস পার হলেও রাজীব নিহত হওয়ার ঘটনায় দায়ের এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। ঘটনার পর স্বজন পরিবহনের চালক খোরশেদ আলমকে ও বিআরটিসির গাড়িচালক ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়।

বেপরোয়াভাবে গাড়ি চালানোসহ দুর্ঘটনা ঘটানো ও রাজীবের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনকে এরইমধ্যে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় চালকদের দ্রুত বিচার করা শুরু করা যাচ্ছে না।

আমার তত্ত্বাবধানে খাশোগিকে খুন করা হয়েছে : সালমান

0

গত বছর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। জামাল খাসোগি হত্যার দায় স্বীকার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন টিভি চ্যানেল পিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে খাসোগি হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, খাশোগি হত্যার দায় তার নিজের, কারণ তার পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে খাশোগি হত্যার ঘটনা ঘটেছে।

মোহাম্মদ বিন সালমান এই প্রথম খাশোগিকে হত্যার কথা স্বীকার করলেন। এর আগে তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলোসহ বিভিন্ন সূত্র জানিয়েছিল যে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করেছে।

মোহম্মাদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের সব দায় নিয়ে বলেন, আমার পর্যবেক্ষণে থাকা অবস্থায় এ ঘটনা ঘটেছে। আমি এর সব দায় নিচ্ছি কারণ আমার পর্যবেক্ষণে থাকা অবস্থাতেই ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সৌদি যুবরাজের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন। সৌদি সরকার ১৭ দিন ধরে খাশোগির অবস্থান সম্পর্কে কোনো কিছু জানা থাকার কথা অস্বীকার করার পর তীব্র আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে ১৯ অক্টোবর স্বীকার করে যে, খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়েছে।

জামাল খাশোগি সৌদি সরকারের হাতে আটক ও খুন হওয়ার আশঙ্কায় স্বেচ্ছায় দেশত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। এরপরও তাঁকে সৌদি কনস্যুলেটের মধ্যেই সৌদি গোয়েন্দা কর্মকর্তাদের হাতে নির্মমভাবে খুন হতে হয়েছে।

সূত্র : রয়টার্স, পার্সটুডে