Home Blog Page 3466

জঙ্গি টার্গেটে মোদি-অমিত শাহ; সতর্কতা জারি

0

ভারতের বিভিন্ন সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কা করছে দেশটির গোয়েন্দারা। এই প্রেক্ষিতে জম্মু-কাশ্মীর,পাঞ্জাব ও উত্তরপ্রদেশের বিভিন্ন সেনা ঘাঁটিতে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। সেনা ছাউনির পাশাপাশি নরেন্দ্র মোদি, অমিত শাহ ও অজিত ডোভালের ওপরে জইশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর জঙ্গিরা হামলার ছক কষেছে বলে সতর্ক করে দিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। এদিকে, আজ জম্মু-কাশ্মীর পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর গিয়েছেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা ডোভাল।

সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত জানান, প্রায় পাঁচশো জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের জন্য প্রস্তুত রয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সীমান্তে কড়া পাহারা সত্ত্বেও ৪৫-৫০ জন জঙ্গির একটি দল ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে। জম্মু-কাশ্মীরের শ্রীনগর, উরি, অবন্তীপোরা, জম্মু, পঠানকোটের পাশাপাশি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের হিন্ডন বায়ু সেনা ঘাঁটিতেও হামলার পরিকল্পনা রয়েছে ওই জঙ্গিদের। সতর্কতা জারি হয়েছে দিল্লিতেও।

ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, জইশের প্রধান মাসুদ আজহার শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গোটা অপারেশনের দায়িত্বে রয়েছে তার ভাই আব্দুল রউফ।

গোয়েন্দাদের দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের ‘বদলা’ নিতে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডোভালের ওপরে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে জইশের জঙ্গিরা।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে যে চ্যালেঞ্জই আসুক না কেন সেনা, নৌবাহিনী ও বিমানসেনা তার জবাব দিতে প্রস্তুত।

সম্প্রতি পাঞ্জাবের তর্ণ তারণে একটি পোড়া ড্রোন উদ্ধার হয়। তদন্তে দেখা যায়, আধুনিক ওই ড্রোনটির মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র পাঠানো হচ্ছিল পাঞ্জাবে। সেটি পাকিস্তানে ফিরতে ব্যর্থ হওয়ায় জ্বালিয়ে দেয় জঙ্গিরা। ড্রোনটি দ্রুত গতির, ৫ কিলোগ্রাম ওজন বহনে সক্ষম এবং নীচ দিয়ে উড়তে সক্ষম হওয়ায় সেটিকে চিহ্নিত করাও কঠিন।

ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অন্তত ১০ বার ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র পাঠানো হয়েছে পাঞ্জাবে। সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ভারত সরকার। ড্রোন হামলা মোকাবিলায় নীতি তৈরির প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়।

এদিকে পাঞ্জাব পুলিশের দাবি, জম্মু-কাশ্মীর সীমান্তে কড়া পাহারা রয়েছে। তাই সড়ক পথে কাশ্মীরের জঙ্গিদের গোলাবারুদ পৌঁছে দিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে ড্রোনের সাহায্যে খালিস্তান জিন্দাবাদ ফোর্সের জন্য অস্ত্র পাঠানো হয়েছিল। তল্লাশিতে একাধিক এ কে ৪৭ রাইফেল, গ্রেনেড এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেছে পাঞ্জাব পুলিশ।

সূত্র : আনন্দবাজার, দ্য ওয়াল

অস্ট্রেলিয়ায় গর্ভপাত আর অপরাধ নয়

0

এখন থেকে অস্ট্রেলিয়ায় গর্ভপাত আর অপরাধ হিসেবে বিবেচিত হবে না। সর্বশেষ রাজ্য হিসেবে দেশটির নিউ সাউথ ওয়েলসে গর্ভপাতকে নিরপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আইনের সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন এমপিরা। নিউ সাউথ ওয়েলসই ছিল একমাত্র রাজ্য যেখানে গর্ভপাত অপরাধ হিসেবে স্বীকৃত ছিল।

অস্ট্রেলিয়ার প্রাদেশিক পরিষদে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত বিলটি পাস হয়েছে। আর এর মধ্য দিয়ে ১১৯ বছরের পুরনো আইনটির অবসান ঘটল। দীর্ঘদিন ধরে এই আইনকে আদিম বলে সমালোচনা করে আসছিল বিরোধীরা।

গত এক সপ্তাহে এ বিষয়ে প্রাদেশিক পরিষদে বিতর্ক হয়েছে। অবশেষে ক্ষমতাসীন রক্ষণশীল সরকারের দ্বিধাবিভক্তির মধ্য দিয়ে বিলটি পাস হয়।

নিউ সাউথ ওয়েলসে এতদিন ধরে গর্ভপাত আইনত দণ্ডনীয় অপরাধ ছিল। তবে বিশেষ ক্ষেত্রে গর্ভপাতের অনুমোদন ছিল। যদি কোনো চিকিৎসক দেখেন গর্ভপাত না করালে একজন নারী ‘মারাত্মক স্বাস্থ্য’ ঝুঁকিতে পড়বেন তখন সেই নারী গর্ভপাতের অনুমতি পেতেন।

জানা গেছে, প্রাদেশিক পরিষদে ২৬ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে এবং ১৪ জন আইনপ্রণেতা বিলটির বিপক্ষে ভোট দেন। অবশ্য বিলটি সংসদে উত্থাপন করার পর এক সপ্তাহ বিতর্কের মধ্য দিয়ে প্রস্তাবিত বিলটিতে শতাধিক সংশোধন আনা হয়। ইতোমধ্যে উচ্চকক্ষ বিলটির অনুমোদন দিয়েছে।

ইরানে ট্রেন দুর্ঘটনা : নিহত ৫, আহত অর্ধশতাধিক

0

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯২ জন।

গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটিতে ২৫০ জন যাত্রী ছিলেন। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহর থেকে ট্রেনটি রাজধানী তেহরানে যাচ্ছিল। জাহেদান শহর থেকে রাজধানী তেহরানের দূরত্ব ১,৫০০ কিলোমিটার।

ইরানের রেলওয়ে কোম্পানি তিন নারী এবং এক পুরুষের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

সিস্তান-বালুচিস্তান শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানান, ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, শুরু এলাকার বালুময় রেল লাইনের উপর দিয়ে ট্রেনটি যাওয়ার সময় একটি ওয়াগন ছিটকে যায়। ওই এলাকায় প্রায়ই মরুঝড় হয় এবং বালিতে রেললাইন ঢেকে যায়।

সূত্র : পার্সটুডে

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

0

পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েক শ’ মানুষ। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর সহায়তায় এই উদ্ধার চলছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, রাস্তায় বড় ফাটল ধরেছে। ভেঙে পড়েছে অনেক ঘরবাড়ি।

দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, অবকাঠামো ক্ষতিগ্রস্তের খবর পেয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, কাশ্মীরের মিরপুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান, বেসামরিক প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়।

সূত্র : বিবিসি, রয়টার্স

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জের মুখে: প্রধানমন্ত্রী

0

রোহিঙ্গাদের মাতৃভূমিতে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে কাউন্সিল অন ফরেইন রিলেশন আয়োজিত ‘এ কনভারসেশন উইথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক ইন্টারঅ্যাকটিভ ডায়ালগে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের উন্নয়ন ভয়ানক চ্যালেঞ্জের মুখে।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পৈতৃক বাড়িতে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছা প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত নৃশংসতার মাধ্যমে মিয়ানমার সরকার উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা সংখ্যালঘুদের নিধন করেছে। তারা (রোহিঙ্গা) নৃশংসতা ও সন্ত্রাস থেকে পালিয়েছিল। আমরা মানবিক দিক বিবেচনা করে সীমান্ত খুলে দেই।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময়কার বাঙালির দুঃসহ স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেওয়া ১০ লাখ বাংলাদেশিদের অভিজ্ঞতা থেকে এই মানবিক (রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া) সিদ্ধান্ত আসে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর ছোট বোন শেখ রেহানাসহ নিজের উদ্বাস্তু জীবনের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমার ছোট বোন এবং আমি দেশের বাইরে থাকায় সে সময় সৌভাগ্যক্রমে বেঁচে যাই। মিলিটারি স্বৈরশাসক জিয়াউর রহমানের সময় ছয় বছর দেশে ফিরতে পারেনি এবং ভারতে উদ্বাস্তু জীবন যাপন করতে হয়েছে।
রোহিঙ্গাদের বাংলাদেশ তার সাধ্যমত মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এ সংকটের একটি শান্তিপূর্ণ এবং দ্রুত সমাধান চাই। মিয়ানমারে এ সংকট সৃষ্টি হয়েছে এবং মিয়ানমারেই এ সংকটের সমাধান রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধান করতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, চীন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খুবই সহায়তা করছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, আপনারা যখন ক্যাম্পে যাবেন এবং মিয়ানমারে সামরিক বাহিনী এবং স্থানীয় সন্ত্রাসীদের হাতে নির‌্যাতনের ভয়ানক ঘটনা শুনবেন, তখন আপনাদের হৃদয় কেঁপে উঠবে। ক্যাম্পে রোহিঙ্গাদের দুর্দশা আপনাদের হৃদয় নাড়িয়ে দেবে এবং আপনারা চাইবেন খুব দ্রুতই যেন তাদের (রোহিঙ্গা) এই কষ্টকর জীবনের সমাপ্তি হয়।
সন্ত্রাস ও সামজিক ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সন্ত্রাসীদের কোনো ধর্ম ও সীমানা নেই।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও চরমপন্থাবিরোধী লড়াইয়ে এবং সংঘাত বন্ধে চারটি পদক্ষেপ নিতে হবে। এগুলো হলো- প্রথমত, সন্ত্রাসীদের অস্ত্রের যোগান অবশ্যই বন্ধ করতে হবে; দ্বিতীয়ত, তাদের অর্থের যোগান বন্ধ করতে হবে; তৃতীয়ত, সামাজিক বৈষম্য দূর করতে হবে এবং চতুর্থত, আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
বাংলাদেশে সন্ত্রাস ও চরমপন্থা নির্মূলে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং সফলতার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রমুখ।

গাজীপুরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

0

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ঘরের ভেতর স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে হত্যার এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবুল কালাম (৪০) ও তাঁর স্ত্রী পুতুল বেগম (২৮)।

পুলিশ জানায়, বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে গতকাল রাতে আবুল কালাম ও তাঁর স্ত্রী পুতুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান জানান, কে বা কারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

0

খুলনার ডুমুরিয়া উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিকাশ কুমার দে (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলছে, বিকাশ চিহ্নিত মাদক ব্যবসায়ী। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধানিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিকাশের বাড়ি উপজেলার কৈয়া বাজার এলাকায়। র‍্যাবের ভাষ্য, তাঁর বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, মাদকসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।

খুলনা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সহকারী পুলিশ সুপার (এএসপি) সমীর সরকার বলেন, ধানিবুনিয়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কয়েকটি গুলি বিনিময়ের পর পিছু হটে মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় বিকাশকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, একটি শুটার গান, পিস্তলের একটি ম্যাগাজিন, পিস্তলের তিনটি গুলি, বন্দুকের তিনটি গুলি, ৫৫ বোতল ফেনসিডিল ও ২০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সমীর সরকার।

‘আমি ও রেহানা জাকাতের টাকা আঞ্জুমান মুফিদুলে দেই, আর সম্রাট সেখানে চাঁদা দাবি করে’

0

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউ ইয়র্ক যাওয়ার আগে গণভবনে দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি করা একটি প্রতিবেদন পড়ে শোনান। প্রধানমন্ত্রী ওই প্রতিবেদনে উল্লেখ করা সরকারি দলের নেতাদের সম্পর্কে অভিযোগগুলো বর্ণনা করে কী পদক্ষেপ নেওয়া যায়, তা জানতে চান। তখন সেখানে উপস্থিত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অ্যাকশনে’ যাওয়ার পরামর্শ দেন।

শেখ হাসিনা নিজেও ওই নেতাদের সঙ্গে একমত পোষণ করেন। এর মাধ্যমে বিচ্ছিন্নভাবে নয়, বড় ধরনের দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় সরকার। সে জন্য এনবিআরের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে এ কাজে সক্রিয় করা হবে। এরপরই র‌্যাব ‘অ্যাকশনে’ যায়। মতিঝিল ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়াসহ তাঁর সহযোগীদের। পরে দেহরক্ষীসহ গ্রেপ্তার হন যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীম।

সূত্র জানায়, দলের নেতাদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। গণভবনে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার পর আরেকটি বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসী-চাঁদাবাজ এবং বিতর্কিত নেতাদের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, একজন তো ক্রসফায়ারের (ইসমাইল চৌধুরী সম্রাট) হাত থেকে বেঁচেছে। আরেকজন (খালেদ) প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলাফেরা করে। অথচ পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার সময় কাউকে পাওয়া যায়নি। তাঁর সরকারের শাসনামলে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে পৌঁছেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে অভিযানের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি র‌্যাবের সঙ্গে অন্যান্য সংস্থা সমন্বিত অভিযানে না নামায় ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী অভিযানকে আরো দীর্ঘায়িত করার নির্দেশ দেন।

গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এটা অত্যন্ত পজিটিভ। দুর্নীতি বা অপকর্মের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে কঠোর অবস্থান এ অভিযান পরিচালনার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে। এতে অনেক ক্রাইম কমে যাবে। তাই এটাকে আমি স্বাগত জানাই।’

দলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গতকাল বুধবার কালের কণ্ঠকে জানান, কিছুদিন আগে তিনিসহ আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। এ সময় ক্ষুব্ধ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা নানক ও আজমকে যুবলীগের সাবেক শীর্ষ নেতা হওয়ায় সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে আসা চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে অবহিত করেন। শেখ হাসিনা বলেন, তার কত সাহস যে আঞ্জুমান মুফিদুলের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে। এ সময় মির্জা আজম বলেন, নেত্রী যা শুনেছেন তা ঠিক নাও হতে পারে। তখন দলের সভাপতি শেখ হাসিনা তাঁদের জানান, তাঁর কাছে সঠিক তথ্য রয়েছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি ও রেহানা আমাদের জাকাতের টাকা আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিই। আর সেখানে সম্রাট চাঁদা দাবি করে! তার কত সাহস। সে কি মরবে না?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও ছাত্রলীগের সাবেক ওই কেন্দ্রীয় নেতা চুপ করে শোনেন। তাঁরা এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে।

দুবাইয়ে খালেদ ও জিসানের বৈঠকের ব্যবস্থা করেন জি কে শামীম

0

রাজধানীর ক্লাবে ক্যাসিনো বা জুয়ার কারবারের সঙ্গে জড়িত যুবলীগ নেতারা প্রভাবশালী রাজনৈতিক নেতা ও শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করে চলতেন। ক্যাসিনোর ‘কাঁচা টাকা’র ভাগ যেত অনেকের পকেটেই। নেতারা বসেই পেতেন টাকার ভাগ। এই ভাগের সমন্বয় করতেন জুয়ার নিয়ন্ত্রকরা। এই নিয়ন্ত্রকরা চাঁদাবাজি ও টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করতেন একই পন্থায়।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক পরিচয়ে চলা গোলাম কিবরিয়া (জি কে) শামীম শীর্ষ সন্ত্রাসী জিসানের সঙ্গে মিলে মতিঝিলসহ আশপাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তাঁকে কবজায় নিয়ে ‘সুবিধা’ পকেটে পোরেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এই নিয়ে আন্ডারওয়ার্ল্ডে উত্তেজনা দেখা দিলে শামীমের মধ্যস্থতায় দুবাইয়ে জিসান ও খালেদের সমঝোতার চেষ্টা চলে। তবে ওই উদ্যোগ ভেস্তে যায়। পুলিশের রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন খালেদ, জি কে শামীম ও কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজ। তাঁরা পুলিশ ও সাংবাদিকসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের চাঁদা দেওয়ার দাবি করছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া ‘বিব্রতকর তথ্য’ যাচাইয়ে সময় পার করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা। পুলিশের অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছেন সিনিয়র কর্মকর্তারা। গতকাল বুধবার ডিবির অভিযুক্ত দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, ক্যাসিনো কেলেঙ্কারি প্রকাশের পর পুলিশকে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশে ভাবমূর্তি নিয়ে চিন্তায় রয়েছেন শীর্ষ কর্মকর্তারা। দু-একজন সদস্যের কারণে ডিএমপি ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামসহ সিনিয়র কর্মকর্তারা। এরই মধ্যে খোঁজ নেওয়া শুরু হয়েছে ক্যাসিনো থেকে কোউ সুবিধা নিতেন কি না। গতকাল পর্যন্ত কামরুল নামে এক পরিদর্শক ও নাসিম নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ক্যাসিনো, বারসহ জুয়ার আসর থেকে টাকা সংগ্রহ করে কিছু কর্মকর্তাকে দেওয়ার তথ্য পাওয়া গেছে। এমন তথ্য পেয়ে গতকালই তাঁদের ডিবি থেকে ডিএমপি সদর দপ্তরে বদলি করা হয়েছে। এই দুই কর্মকর্তা কয়েক বছর ধরেই ডিবিতে চাকরি করে অবৈধভাবে টাকা সংগ্রহ করছিলেন বলে অভিযোগ পান সিনিয়র অফিসাররা।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, জি কে শামীম চারদলীয় জোট সরকারের আমলে ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক। বিএনপি নেতা মির্জা আব্বাসের ঘনিষ্ঠ ক্যাডার। সরকার বদল হলে তিনি যুবলীগে ঢুকে পড়েন। এ সময় শীর্ষ সন্ত্রাসী জিসানের পক্ষে টেন্ডারবাজি করতেন শামীম। আড়াই বছর আগে জি কে শামীমকে নিয়ন্ত্রণে নিয়ে নেন খালেদ মাহমুদ ভূঁইয়াসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কয়েক প্রভাবশালী নেতা। তখন থেকে জি কে শামীম দীর্ঘদিনের ঘনিষ্ঠ জিসানকে বাদ দিয়ে যুবলীগ নেতাদের পক্ষে ঠিকাদারি-টেন্ডারবাজি-চাঁদাবাজি শুরু করেন। এ নিয়ে জিসানের সঙ্গে চরম দ্বন্দ্ব শুরু হয় খালেদের। জিসানের বিরুদ্ধে মতিঝিল, পল্টন ও রমনা থানা এলাকায় দুই বছর আগে পোস্টারিং হয়। এ দায়িত্ব পালন করেন জি কে শামীম। এসব কারণে বিদেশে থাকা জিসান খালেদ ও শামীমের ওপর চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে শামীম ওই বিরোধ নিরসনের উদ্যোগ নেন। দুই মাস আগে দুবাইয়ে খালেদ ও জিসানের বৈঠকের ব্যবস্থা করেন শামীম। সেখানে টেন্ডারবাজির বিষয় নিয়ে তিনজনের কথা হলেও সমঝোতায় পৌঁছাতে পারেননি তাঁরা।

সূত্র জানায়, পরবর্তী সময়ে খালেদকে ভয় দেখাতে শুরুতে রানা মোল্লা নামে এক যুবলীগকর্মীকে হত্যার পরিকল্পনা করেছিলেন জিসান। তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি ঢাকায় একে-২২ রাইফেল পাঠান। গত ৩০ জুন রাজধানী সুপারমার্কেটের সামনে থেকে একটি একে-২২ রাইফেলসহ কামাল হোসেন ও সাইদুল ইসলাম মজুমদার নামে দুজনকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিটের আর্মস এনফোর্সমেন্ট টিম। এ অস্ত্র চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বলে তখন জানায় পুলিশ। পরবর্তী সময়ে জানা গেছে, এই অস্ত্রটি প্রতিপক্ষকে ঘায়েল করতে পাঠান জিসান।

৪৬ লাখের বেশি ভারতীয় রুপিসহ আটক ৩

0

রাজধানীর ফকিরাপুল থেকে ৪৬ লক্ষাধিক ভারতীয় রুপিসহ তিনজনকে আটক করেছে পল্টন থানা পুলিশ। গতকাল বুধবার তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ইয়াকুব (৫৫), হাসান আহম্মেদ (৩৬) ও রুবেল (৩৩)।

পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসংলগ্ন ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে অভিযান পরিচালনা করে ৪৬ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপিসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহূত সিএনজিটিও জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উদ্ধারকৃত ভারতীয় রুপি এসএ পরিবহনের মাধ্যমে দুবাই থেকে ঢাকায় এসেছে। এ তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।