Home Blog Page 3468

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি বাড়ল

0

দুর্গাপূজায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি তিনদিন থেকে বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৫-৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

আজ বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পূজার ছুটি দুইদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে। এতে করে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, এ বছর মধ্যমিক স্তরে পূজার ছুটি ৪ অক্টোবর (শুক্রবার) থেকে ১৩ অক্টোবর (রবিবার) পর্যন্ত আট দিন। আর প্রাথমিকে ছুটি ৭ অক্টোবর (সোমবার) থেকে ৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত মাত্র তিন দিন।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়া নিয়েও ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের।

শাহজালালে সোনা, মালামালসহ আটক ১

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বার ও অন্যান্য মালামাল নিয়ে আটক হয়েছেন দুবাইফেরত এক ব্যক্তি। আটক ওই ব্যক্তির নাম আব্দুল আজিজ।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ালাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আব্দুল আজিজ। তিনি সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত বলে আগেই তথ্য ছিল শুল্ক গোয়েন্দাদের কাছে। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই তথ্যের ভিত্তিতে তার কাছে সোনা আছে কিনা জানতে চাওয়া হয়।

আব্দুল আজিজ অস্বীকার করলে দেহ তল্লাশি করে কিছু না পেয়ে তাকে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নেওয়া হয়। এ সময় দেহে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মলদ্বারে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে মোট ৬৯৮ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ১৫কেজি গুঁড়ো দুধ, ১০ কেজি প্রসাধন সামগ্রীসহ প্রায় ৪০ লাখ টাকার পণ্য জব্দ করা হয়।

দুর্নীতির অভিযোগে ওএসডি হলেন ইউজিসি সচিব

0

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে তাকে।

নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর ঘটনায় তাকে ওএসডি করা হয় বলে কমিশন সূত্র জানায়। সূত্র আরো জানায়, সচিব মো. খালেদের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে তিনি নিয়োগ কমিটিতে দায়িত্ব পালন করেছেন।

ওই ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সচিবের বিরুদ্ধে প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় কমিশন।

ভোল পাল্টালেন ট্রাম্প! বললেন, পাকিস্তানকে বিশ্বাস করেন

0

পাকিস্তানকে বিশ্বাস করেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ফের ভারত পাকিস্তানের সম্পর্কে সালিশির প্রস্তাবও দিয়েছেন। ২৪ ঘণ্টা আগেই হিউস্টনের ট্রাম্প মোদির সঙ্গে একমঞ্চ ভাগ করে নিয়েছিলেন। উগ্র ইসলামী সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব গড়ার ডাক দিয়েছিলেন তিনি।

ফের মধ্যস্থতার প্রস্তাব
ইমরান খানের সঙ্গে সোমবার বৈঠক শুরুর আগে ট্রাম্প বলেন, খান এবং মোদি দুজনেই যদি কাশ্মীর নিয়ে মধ্যস্থতায় তাঁকে চান, তিনি তৈরি।

পরে ট্রাম্প বলেন, তিনি পাকিস্তানকে বিশ্বাস করেন। দেখতে চান কাশ্মীরে সবার সঙ্গেই ভালো আচরণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন মোদির সঙ্গে তাঁর সম্পর্কও খুব ভালো। যদি উভয়েই চায়, তাহলে তিনি তৈরি বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি নিজেকে ভালো সালিশি বলেও দাবি করেন।

আগে দেওয়া হয়েছিল প্রস্তাব
এর আগেও ইমরান খানের সঙ্গে বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট ইসলামাবাদ এবং নতুন দিল্লির মধ্যে মধ্যস্থতার কথা বলেছিলেন। কিন্তু সেই সময় ভারতের তরফ থেকেই না বলে দেওয়া হয়েছিল।

হিউস্টনের অনুষ্ঠান মঞ্চ থেকে পাকিস্তানকে আক্রমণ
হিউস্টনের অনুষ্ঠান মঞ্চ থেকে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন পাকিস্তানের মূল কাজই হলো ভারতের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করা। ৯/১১ আমেরিকাই হোক কিংবা ২৬/১১ মুম্বাই হামলা দুয়ের পেছনেই কোনো দেশ রয়েছে, নাম না করে ওই মঞ্চ থেকে ইঙ্গিত করেছিলেন।

পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬

0

পাকিস্তানে গতকাল মঙ্গলবার ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৬ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে শতাধিক জনের আঘাত গুরুতর।

পাকিস্তানের ইসলামাবাদ, শিয়ালকোট, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুলতানসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ রিয়াজ এএফপিকে বলেন, ‘মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে উত্পত্তি হওয়া ভূমিকম্পটি পাঞ্জাবজুড়ে অনুভূত হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।’ তিনি আরো বলেন, ‘ভূমিকম্পে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের মিরপুর এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।’

ভূমিকম্পের উত্স মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে হওয়ায় এর তীব্রতা ছিল অনেক বেশি। প্রতিবেশী ভারতেও এ কম্পন টের পাওয়া গেছে।

মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, গতকাল স্থানীয় সময় বিকেল ৪টার পরপরই পাঞ্জাব ও আজাদ কাশ্মীর সীমান্তবর্তী ঝিলাম থেকে ২২ দশমিক ৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উত্পত্তিস্থল।

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুখ হায়দার খান জানান, আহতদের মিরপুর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তিনি সাংবাদিকদের আরো বলেন, ভূমিকম্পে ‘আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।’ প্রদেশটির যুব, ক্রিড়া ও সাংস্কৃতিক মন্ত্রী সাংবাদিকদের জানান, পরিস্থিতি মোকাবেলার জন্য হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নাঈম নামে স্থানীয় এক বাসিন্দা এএফপিকে জানান, ভূকম্পনের তীব্রতা এতোটাই বেশি ছিলে যে এতে রাস্তাঘাট, মোবাইল ফোনের টাওয়ার, বৈদ্যুতিক খুঁটির মারাত্মক ক্ষতি হয়েছে। সাজ্জাদ জারাল ও কাজী তাহির নামে দুই প্রত্যক্ষদর্শী টেলিফোনে জানান, ভূমিকম্পে অনেক বাড়িঘর ও অন্তত একটি রাস্তার ভয়াবহ ক্ষতি হয়েছে।

জুয়ার কারবার থেকে সাবেক কয়েকজন মন্ত্রী কত টাকা নিতেন জানিয়েছেন তাঁরা

0

ক্যাসিনো ও জুয়ার আসর বন্ধে চলমান অভিযানে ধরা পড়া যুবলীগের দুই নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীম এবং কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজ রিমান্ডে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ক্যাসিনো বার ও জুয়ার কারবার থেকে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাবেক কয়েকজন মন্ত্রী কত টাকা নিতেন সেই তথ্য দিয়েছেন তাঁরা। তাঁরা বলেছেন, উত্তরা, মিরপুর, ওয়ারী, মতিঝিলসহ আটটি এলাকায় সহস্রাধিক জুয়ার আসর ও ৬০টি ক্যাসিনো বার রয়েছে।

ক্যাসিনো ও জুয়ার কারবার বন্ধে গত মঙ্গলবার থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। ওই দিন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা পরিচয় দেওয়া ঠিকাদার জি কে শামীম ও কৃষক লীগ নেতা ফিরোজকে। তাঁদের তিনজনকেই রিমান্ডে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা কালের কণ্ঠকে বলেছেন, শুধু যুবলীগের রাঘব বোয়ালরাই ক্যাসিনো ও জুয়ার কারবারে জড়িত নন, গোয়েন্দা সংস্থা ও পুলিশের একাংশের বিরুদ্ধেও এসব কারবারে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। রিমান্ডে থাকা যুবলীগ নেতা খালেদ ও জি কে শামীম প্রতিদিন জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। তাঁদের জিজ্ঞাসাবাদকারী গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, জিজ্ঞাসাবাদে খালেদ জানিয়েছেন যে তাঁর জানা মতে রাজধানীর সব থানা এলাকায় প্রতিদিন কয়েক হাজার জুয়ার আসর বসে। সেই সঙ্গে অন্তত ৬০টি ক্যাসিনো বার রয়েছে। এর মধ্যে মতিঝিল এলাকায় ১৩টি ক্লাবে ক্যাসিনোর রমরমা কারবার চলত। গুলশানের বেশির ভাগ ক্লাবে জুয়ার আসরের পাশাপাশি অন্তত ২০টি ক্যাসিনো কারবার রয়েছে। এ ছাড়া উত্তরা এলকায় ছোট-বড় ৪০টিরও বেশি ক্লাব, আবাসিক এলাকার ভবনে ক্যাসিনো ও জুয়ার আসর রয়েছে। এ ছাড়া পুরান ঢাকার মধ্যে ওয়ারী এলাকায় কিছু ক্লাবে অন্য জুয়ার পাশাপাশি ক্যাসিনো বারও চলত। মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও তেজগাঁও, কামরাঙ্গীর চর এলাকাসহ প্রায় প্রতিটি এলাকায় বিপুলসংখ্যক জুয়ার আসর রয়েছে। খিলগাঁও, বাসাবো, বনশ্রী ও উত্তরার বিভিন্ন সেক্টরের বাসা-বাড়িতে মিনি জুয়ার আসর বসে। সবই পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন জানে। একসময় যারা বিএনপির রাজনীতি করত, তারাও সরকারদলীয় নেতাকর্মীদের সঙ্গে ক্যাসিনো জুয়ার কারবারে জড়িয়ে পড়েছে।

খালেদ আরো বলেছেন, রাজধানীর জুয়ার আসর ও মাদক কারবার তাঁদের নিয়ন্ত্রণেই চলত। নেতৃত্বে ছিলেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এই কারবারে একসময় বিএনপি-জামায়াতের কয়েকজন সাবেক শীর্ষ নেতারও নিয়ন্ত্রণ ছিল।

অন্যদিকে জি কে শামীম জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি গর্ণপূর্তের ঠিকাদারি নিয়েই ব্যস্ত থাকতেন। তবে একসময় যুবলীগ নেতা সম্রাট ও খালেদের সঙ্গে তিনিও ক্যাসিনো কারবারে জড়িত ছিলেন। শীর্ষ সন্ত্রাসীরাও তাঁর সহযোগী ছিল। সেই সঙ্গে সরকারের অনেক নেতা তাঁকে সব সময় অর্থের বিনিময়ে সুবিধা দিতেন। বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।

ক্যাসিনো কারবারে মতিঝিল আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশির ভাগ নেতা

জিজ্ঞাসাবাদে যুবলীগ নেতা খালেদ ঢাকায় ৬০টি ক্যাসিনোর নিয়ন্ত্রক ২৫ জনের নাম বলেছেন। তাঁদের মধ্যে যুবলীগের পাশাপাশি মতিঝিলের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, গুলশান ও মতিঝিল এলাকার কয়েকজন কাউন্সিলর রয়েছেন। এর মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সহসভাপতি এনামুল হক আরমান, সোহরাব হোসেন স্বপন ও সরোয়ার হোসেন মনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ, নির্বাহী সদস্য জাকির হোসেন, খায়রুল, উজ্জল ও রিমন, মতিঝিল আওয়ামী লীগের সহসভাপতি স্বপন, মুরসালিন, মনির হোসেন, মনা ও রানা, সাংগঠনিক সম্পাদক সারওয়ার হোসেন বাবু, সদস্য জামান ও মাকসুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা মো. আবু কাউসার ও কাউন্সিলর আনিসুর রহমান। এ ছাড়া গুলশান এলাকার একাধিক ক্লাব ও জুয়ার আসর এবং বারের সঙ্গে যুক্ত আছেন দুজন ওয়ার্ড কাউন্সিলর।

এদিকে ঢাকার বিভিন্ন অবৈধ ক্যাসিনোতে কাজ করা ৯ নেপালি নাগরিককে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা এবং একটি গোয়েন্দা সংস্থার দুই সদস্য। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শৃঙ্খলা বিভাগ ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। দুই গোয়েন্দা সদস্যের মধ্যে একজনের নাম আক্তার বলে জানা গেছে। অন্যজনের নাম জানাতে রাজি হয়নি ওই সূত্রগুলো।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান কালের কণ্ঠকে বলেন, পুলিশের এক সদস্য ও দুই গোয়েন্দা সদস্যের সহযোগিতায় ৯ নেপালি নাগরিক পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

রমনা থানার ওসি মাঈনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘দীপঙ্কর আমার থানার কনস্টেবল। সে ছুটি না নিয়ে গত ৩ সেপ্টেম্বর থেকে থানায় অনুপস্থিত। মৌখিকভাবে সে অসুস্থতার কথা বলে রাজারবাগ হাসপাতালে চিকিৎসার কথা জানিয়েছিল। এর পর থেকে সে আর থানায় যোগদান করেনি। ক্যাসিনো কারবারে জড়িত নেপালিদের পালিয়ে যেতে সহযোগিতা করার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

একটি বিশেষ গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের দুই সদস্য ক্যাসিনো কারবারি নেপালিদের র‌্যাবের অভিযানের সময় পালিয়ে যেতে সহযোগিতা করে বলে তথ্য পাওয়া গেছে। তাদের একজনের নাম আক্তার। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বান্দরবানে জি কে শামীমের সম্পদের পাহাড়, পুলিশ ফাঁড়ি বানিয়ে স্বার্থসিদ্ধির ধান্দা

0

পার্বত্য বান্দরবান জেলা সদর থেকে গাড়ি নিয়ে রুমা-থানচি সড়ক ধরে পাঁচ কিলোমিটার এগোলেই পাহাড়চূড়ায় নীলাচল পর্যটন কেন্দ্র। তা পেরিয়ে আরেকটু সামনে গেলেই চোখে পড়ে একটি সাইনবোর্ড। এতে লেখা ‘ক্রয় সূত্রে এই জায়গার মালিক সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার’।

সাইনবোর্ডের আওতাধীন এই অংশের দেড় শ গজের মধ্যেই রয়েছে একটি পুলিশ ফাঁড়ি। তবে সেই দূরত্বও আরেকটু কমেছে। কারণ সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা বান্দরবান জেলা পুলিশকে এই ফাঁড়ির জন্য প্রায় সাড়ে ১৮ শতক জমি দান করেছে। ফাঁড়ির জন্য সেখানে একটি দ্বিতল ভবনও করে দেওয়া হচ্ছে।

এই সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পার পরিচালকদের একজন ঢাকায় গ্রেপ্তার হওয়া টেন্ডার মাফিয়া যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম)। অগাধ বিত্ত-বৈভব আর প্রভাবশালী এই যুবলীগ নেতার আয়ের টাকা বিনিয়োগ হয়েছে পার্বত্য জেলা বান্দরবানেও। কম্পানি গঠন করার মধ্য দিয়ে বান্দরবান সদরের মৌজায় প্রায় ৬০ একর জমি কেনা হয়েছে সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের নামে।

জি কে শামীম এখানেও কায়েম করেছেন তাঁর দখলদারি। সাইঙ্গ্যা মারমা পাড়া, হাতিভাঙা ত্রিপুরা পাড়া ও লাইমী (বম) পাড়ার বাসিন্দাদের অভিযোগ, এই সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এখানে কমপক্ষে ১০০ একর জমি জবরদখল করেছে। নানাভাবে নাজেহাল করা হচ্ছে স্থানীয় লোকজনকে। পাশাপাশি প্রশাসনকে নিজের স্বার্থসিদ্ধির কাজে লাগাতে পুলিশ ফাঁড়ির জন্য জমি দান করে সেখানে পাকা ভবনও করে দেওয়া হচ্ছে। দ্বিতল ভবনটি নির্মাণের কাজ এখন অনেকটাই এগিয়ে গেছে। শিগগিরই এই ভবনে পুলিশ ফাঁড়ি স্থানান্তরিত হওয়ার কথা রয়েছে বলে জেনেছে স্থানীয় লোকজন।

সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পার পরিচালকদের সভার একটি রেজল্যুশন কপি এই প্রতিবেদকের হাতে এসেছে। কম্পানির রেজল্যুশন কপির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৫ এপ্রিল সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের একটি বোর্ড মিটিং বান্দরবান সদরের ৩১৩ নম্বর রেজি. অফিসে অনুষ্ঠিত হয়। তবে কালের কণ্ঠ’র অনুসন্ধানে জানা গেছে, এই কম্পানির কোনো অফিস বান্দরবান সদরে নেই। এ কারণেই মূলত বান্দরবান সদরের ৩১৩ নম্বর মৌজা এলাকায় রেজি. অফিস ঠিকানা দেওয়া হয়েছে।

রেজল্যুশনের তথ্য অনুযায়ী, ওই দিন কম্পানির চেয়ারম্যান জসিম উদ্দিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম চৌধুরী স্বপন, পরিচালক গোলাম কিবরিয়া (জি কে) শামীম, উপব্যবস্থাপনা পরিচালক জামিল উদ্দিন শুভ, অপর চার পরিচালক যথাক্রমে এস এইচ এম মহসিন, উম্মে হাবিবা নাসিমা আক্তার, জিয়া উদ্দিন আবির ও জাওয়াদ উদ্দিন আবরার উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন মন্টুকে বান্দরবান সদরের ৩১৩ মৌজার ৮০৭ নম্বর হোল্ডিংয়ের ০.১৮৩৭ একর (প্রায় সাড়ে ১৮ শতক) তৃতীয় শ্রেণির জমি বিক্রি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদনে ক্ষমতা প্রদান করা হয়।

পরে এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পুলিশ সুপার বরাবরে জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। কিন্তু বাস্তবে ওই জমি দান করা হয়েছে বলে জানা গেছে। আবার বোর্ডসভায় ‘পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা’কে জমি হস্তান্তরের সিদ্ধান্ত হলেও বাস্তবে রেজিস্ট্রিকৃত দলিলে ‘মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা’ বরাবরে রেজিস্ট্রেশন করা হয়েছে বলে জানা গেছে। এ ক্ষেত্রে ‘পুলিশ সুপার’ পদের বিপরীতে রেজিস্ট্রেশন না করে ব্যক্তি ‘মোহাম্মদ জাকির হোসেন মজুমদার’ লেখা হয়েছে।

আবার এই কম্পানির বোর্ডসভায় জমি বিক্রির সিদ্ধান্ত হলেও ‘দান’ করার সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং সেই জমিতে পুলিশ ফাঁড়ির জন্য ভবন নির্মাণ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জমি দানের পর কম্পানির টাকায় ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে বান্দরবান জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

এই রিসোর্টের পাশে থাকা তিন পাড়ার লোকজন জানায়, এই রিসোর্টের কারণে তিনটি পাড়ার বাসিন্দারা উচ্ছেদ হওয়ার আতঙ্কে আছে। এ নিয়ে রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে তাদের মামলা-মোকদ্দমা চলছে। কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। অধিকন্তু কম্পানির কাছ থেকে জমি ও ভবন গ্রহণ করায় ওই তিন পাড়ার মানুষ মনে করছে, জেলা পুলিশ মূলত এই কম্পানির আশ্রয়দাতা হিসেবে কাজ করছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, জি কে শামীম সিন্ডিকেটের প্রতিষ্ঠানটি শুরুতে ৬০ একর জমি কেনার কথা প্রচার করে। কিন্তু এখন কম্পানির দখলে আছে প্রায় ১০০ একর জমি। বর্তমানে সেখানে প্রতি একর জমির গড় মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। সেই হিসাবে বাড়তি ৪০ একর জমি দখল করে প্রায় দুই কোটি টাকার জমির নিয়ন্ত্রণ নিয়েছে কম্পানি। তারা আরো দখলপ্রক্রিয়া চালাচ্ছে।

সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা কম্পানির জমি ও ভবন গ্রহণ বিষয়ে জানতে ফোন করা হয় বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারকে। অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে বলেন, ‘স্যার খুব ব্যস্ত। রাতের আগে ফ্রি হবেন না।’ এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এসপি বান্দরবান’ ফেসবুক অ্যাকাউন্টের ইনবক্সে বার্তা পাঠানো হলেও অপর প্রান্ত থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এ কারণে জি কে শামীম সিন্ডিকেটের কাছ থেকে জমি ও ভবন গ্রহণ এবং জমি রেজিস্ট্রেশনে নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে ৪ প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী

0

আগামী শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্যে রোহিঙ্গা সংকট সমাধানে চারটি প্রস্তাব দেবেন তিনি।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে আমি পাঁচটি প্রস্তাব দিয়েছিলাম। যেখানে কফি আনান কমিশনের সুপারিশগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন, রাখাইন রাজ্যে আলাদা ‘বেসামরিক পর্যবেক্ষিত সেইফ জোন’ প্রতিষ্ঠা কথা অন্তর্ভুক্ত ছিল। এবার আমি নিম্নলিখিত বিষয়গুলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) উপস্থাপন করবো।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সেক্রেটারিয়েট এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ‘রোহিঙ্গা সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক উচ্চ পর্যায়ের একটি অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী।

এর আগে সোমবার ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “এখনি অভিযোজন, মানুষকে নিরাপদ করা” এই বিষয়ে অনুষ্ঠিত সামিটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তার সরকারের নেয়া কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জেনারেল অ্যাসেম্বলি হলে আয়োজিত এই সামিটে জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে গোটা বিশ্বের জন্যে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূর রানি মাক্সিমার সঙ্গে একটি সৌজন্য বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের দেয়া মধ্যাহৃ ভোঁজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী শুক্রবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে যেসব প্রস্তাব উপস্থাপন করবেন সেগুলো হলো-

১. রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারকে অবশ্যই তাদের রাজনৈতিক ইচ্ছে পরিষ্কার করতে হবে। এজন্য রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার কর্তৃপক্ষ কী করছে সেটাও সুস্পষ্টভাবে বলতে হবে।

২. বৈষম্যমূলক আইন ও চর্চা পরিত্যাগ করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন রাজ্যে ‘যাও এবং দেখ’ এই নীতিতে পরিদর্শনের অনুমতি দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই তাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।

৩. রাখাইন রাজ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেসামরিক পর্যবেক্ষক মোতায়েন করে মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই রোহিঙ্গাসহ সবার নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা (গ্যারান্টি) দিতে হবে।

৪. আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো বিবেচনায় নিতে হবে এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক নির্বাসিত ১ দশমিক ১ মিলিয়ন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। মানবিক দিক বিবেচনা করে আমরা আমাদের সীমান্ত খুলে দিয়েছিলাম যা ইসলামের নৈতিক শিক্ষা।

অপকর্ম করলে কেউই ছাড় পাবে না

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজের ঘর থেকেই আমরা অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্ম করলে কেউই ছাড় পাবে না।

তিনি বলেন, এখন তো সবাই আওয়ামী লীগের নেতা। আগে কে কোন দল ছিল, সে কথা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয় ব্যবহার করছে। কাজেই আমরা নিজ ঘর থেকেই অভিযান শুরু করেছি।

ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নেতাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাইরে যাওয়ার ব্যাপারে কত জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়েছে সেই বিষয়ে আমার জানা নেই। তবে, বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। নজরদারিতে যদি বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকে, তাহলে তা মানতে হবে। তবে কতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে সেই সংখ্যাটা আমি জানি না।

‘ক্যাসিনো নিয়ে সরকারের পরিকল্পনা কী?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাসিনো বিষয়ে এখন হাঙ্গামা চলছে। ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে, নাকি একেবারেই বাদ দেয়া হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

‘বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিদল আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে কী বলেছে?’- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে জানতে চেয়েছে, কিভাবে আমরা প্ল্যান করছি। কাউন্সিলিংয়ে নেতাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কি না, কেন্দ্রীয়ভাবে নারীদের কতটুকু প্রধান্য দেওয়া হবে, নারীদের ক্ষমতায়ন আরও বাড়বে কিনা, এগুলো জানতে চেয়েছেন।

তিনি বলেন, তারা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সহযোগিতা করবে। তারা দলীয় কাউন্সিলে নারী প্রতিনিধিত্ব আরো বাড়ানো হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছে। এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে বলে জানিয়েছি।

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে চায়। বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না। তারা সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

কাজের বুয়া নিয়োগে বিশেষ পরামর্শ

0

ইদানিং ঢাকা মহানগর এলাকায় কাজের বুয়া কর্তৃক গৃহকত্রীকে সুযোগ বুঝে সুকৌশলে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে এমন অভিযোগ থানায় পাওয়া গেছে। কখনও কখনও এমন ঘটনায় গৃহকত্রী ৩/৪ দিন অজ্ঞান থাকেন ও পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগেন। বেশিরভাগ অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তদন্তে দেখা যায় কাজের বুয়া নিয়োগের সময় তার সঠিক পরিচয় যাচাই না করে বাসায় কাজের জন্য নিয়োগ দেয়া হয়।

এছাড়াও বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের মাধ্যমে কাজের বুয়া নিয়োগ করা হলেও কাজের বুয়া সরবরাহকৃত ব্যক্তি/প্রতিষ্ঠান ও কাজের বুয়ার কোন তথ্য সংগ্রহ করেন না বাড়ির মালিক। যার ফলে কাজের বুয়া অপরাধ ঘটিয়ে চলে গেলেও সঠিক তথ্যের অভাবে পুলিশের পক্ষে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা কষ্টসাধ্য হয়। অনেক সময় অপরাধীকে সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয় না।

কাজের বুয়া নিয়োগের ক্ষেত্রে গৃহকত্রী একটু সচেতন হলে এমন অপরাধ অনেকাংশে কমে যাবে। কাজের বুয়া নিয়োগের ক্ষেত্রে যেসব সতর্কতা অবলম্বব করতে হবে তা জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কাজের বুয়া/কাজের লোক নিয়োগের আগে যা করবেন-

> কাজের বুয়া/কাজের লোক নিয়োগের আগে তার নিকট হতে জাতীয় পরিচয় পত্র, সদ্য তোলা রঙ্গিন ছবি, সনাক্তকারী ব্যক্তি, ব্যক্তির পরিচয় ও তার জাতীয় পরিচয় পত্র নিন।

> সমস্ত তথ্য নেয়ার পর তথ্য যাচাই করার জন্য নিকটস্থ থানায় কাজের বুয়া/ কাজের লোকের তথ্য প্রদান করুন এবং নিজের কাছে রাখুন। তাতে করে সে যদি পূর্বে কোন অপরাধ করে থাকে তাহলে পুলিশ তাকে সহজে সনাক্ত করতে পারবে।

> পূর্ববর্তী সময়ে সে কোথায় কাজ করেছে তার বিস্তারিত তথ্য নিন এবং কাজ ছাড়ার কারণ জানার চেষ্টা করুন। প্রয়োজনে পূর্বের কাজের ঠিকানায় যোগাযোগ করে তার তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

> কাজের বুয়া/ কাজের লোকের পরিবারের তথ্য নিন। তার স্থায়ী ঠিকানা ও পরিবারে কে কে আছে তা জানার চেষ্টা করুন। প্রয়োজনে তার স্থায়ী ঠিকানায় যোগাযোগ করে দেখতে পারেন, সে আসলে ওই ঠিকানায় বসবাস করে কি না। এত কিছু খোঁজ খবর অনাবশ্যক মনে হতে পারে। কিন্তু সমস্যা সৃষ্টি হলে তখন আফসোসের অন্ত থাকবে না।

> বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরীর সকল মানুষের তথ্য সংরক্ষণের কাজ করছে। ডিএমপি কর্তৃক নির্ধারিত তথ্য ফরমে আপনার কাজের বুয়া/ কাজের লোকের তথ্য পূরণ করে থানায় জমা দিন।

কাজের বুয়া/ কাজের লোক নিয়োগের পরে যা করবেন

> নিয়োগের পর কাজের বুয়া/কাজের লোকের গতিবিধি লক্ষ্য করুন। তার চালচলনে আপনি বুঝতে পারবে সে আসলে কেমন ব্যক্তি।

> বাসার মেইন গেইটে সিসি ক্যামেরা স্থাপন করতে পারেন। এতে করে আপনার বাসায় কোন অপরিচিত লোকের আনাগোনা হচ্ছে কি না তা দেখতে সহজ হবে। প্রয়োজনে ঘরের ভেতরেও সিসি ক্যামেরা লাগানো যেতে পারে যাতে আপনার অনুপস্থিতিতেও কাজের বুয়ার কর্মকাণ্ড মনিটর করতে পারেন।

> বাসায় মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালঙ্কার ও টাকা কাজের বুয়া/ কাজের লোকের অগোচরে রাখুন। আপনার লকারের চাবি সবসময় আপনার কাছে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে যে রুমে লকার/আলমারি রয়েছে সে রুম আলাদাভাবে লক করে রাখুন।

> বাড়িতে কাজের বুয়া/ কাজের লোককে একা রেখে সবাই বাড়ি ছেড়ে যাবেন না। বাচ্চা রেখে গেলে সাথে আরও একজনকে রাখুন। কোনো অবস্থাতেই বাচ্চাকে একা রেখে যাবেন না।

> কাজের বুয়ার চাহিদা বুঝার চেষ্টা করুন। তাতে করে সে লোভী কি না জানতে সহজ হবে।

> সন্দেহজনক কারোর সাথে কাজের বুয়া মোবাইলে কথা বলে কি না অথবা তার কাছে সন্দেহজনক কেউ দেখা করতে আসে কি না এ বিষয়ে লক্ষ্য রাখুন।

> বাড়িতে গ্যাসের চুলা, ইলেক্ট্রিক যন্ত্রাংশ ব্যবহারে কাজের বুয়া/ কাজের লোক সতর্ক রয়েছে কি না লক্ষ্য করুন। অসতর্কতার ফলে যেকোন বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

> কাজের লোক/বুয়াকে নিয়ে কোথাও ভ্রমনে গেলে সবসময় সাথে সাথেই রাখুন। সে হারিয়ে গেলে বা কোন দূর্ঘটনা ঘটলে আপনাকেই বিড়ম্বনায় পড়তে হবে।

> সর্বশেষ, আপনার বাসার কাজের লোক/বুয়ার সাথে মানবিক আচরণ করুন।

আপনার সচেতনতাই রুখতে পারে কাজের বুয়া/ কাজের লোকের অপরাধের তৎপরতা। কাজের বুয়া/ কাজের লোককে অতি বিশ্বাস না করাই শ্রেয়। তাদেরকে নজরদারীতে রাখুন আপনার স্বার্থেই। আপনার যেকোন প্রয়োজন ও সমস্যায় যোগাযোগ করুন নিকটস্থ থানা বা ফাঁড়ির পুলিশের সাথে। – ডিএমপি নিউজ