Home Blog Page 3471

স্পা সেন্টার থেকে আটক দুই পুরুষ রিমান্ডে, ১৬ নারী কারাগারে

0

রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টার থেকে গ্রেপ্তার দুই পুরুষকে রিমান্ডে নেওয়া হয়েছে। সেখান থেকে গ্রেপ্তার ১৬ নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এসব আদেশ দেন।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে মানবপাচার আইনে দায়ের করা মামলায় ম্যাংগো স্পা থেকে আটক আসাদুজ্জামানকে দুই দিন ও লাইফ স্টাইল হেলথ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেলুন থেকে গ্রেপ্তার আলমকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

আজ বিকেলের দিকে তিন স্পা সেন্টার থেকে আটক ১৮ জনকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে আসাদুজ্জামানকে সাত দিন ও আলমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষে জামিনের আবেদন জানানো হয়। মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান।

অন্যদিকে ১৬ নারীকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। একই আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত রবিবার রাতে রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারের এই তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন নারী ও তিনজন পুরুষসহ ১৯ জনকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। এ ঘটনায় গুলশান থানা পুলিশ মানবপাচার প্রতিরোধ আইনের ১২ ধারায় তিনটি পৃথক মামলা করে। আদালত পৃথক পৃথক আদেশ দেন।

ফু-ওয়াং ক্লাবে অভিযান

0

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফু-ওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ সোমবার বিকেল ৫টার দিকে পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানে ডিএমপির ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

এর আগে রবিবার রাজধানী মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া। এসময় ক্লাবগুলো থেকে টাকা, মদ, সিসা ও ক্যাসিনোর সামগ্রী জব্দ করা হয়।

কাজাখস্তানে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

0

ইউরোশীয় দেশগুলোর স্পিকারদের চতুর্থ সম্মেলন সোমবার শুরু হয়েছে। সম্মেলনে যোগদানের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুদিনের ওই সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ প্রতিনিধি দল সেখানে পৌঁছলে বিমান বন্দরে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কাজাখস্তান পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান অব মজলিস বোজকো ভুলাদিমির কারপোভিচ। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। পরে সম্মেলনে প্রতিনিধি দলের সদস্যরা সম্মেলনে অংশ নেন।

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলে আছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বেগম সাগুফতা ইয়াসমিন ও বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

উল্লেখ্য, ইউরেশিয়ান দেশভূক্ত স্পিকারদের এ সম্মেলন কাল মঙ্গলবার শেষ হবে। সম্মেলন শেষে স্পিকার উগান্ডায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেবেন।

‘ক্লাবে ক্যাসিনো কালচার বন্ধের আহ্বান আগেও জানিয়েছিলাম’

0

অবৈধ ক্যাসিনো বন্ধে চলমান শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। দেশবাসী এ অভিযানে সমর্থন জানিয়েছেন। এ অভিযানের সফল পরিসমাপ্তি ঘটবে বলে আমি আশা করি।

আজ সোমবার নগর ভবনে ঢাকায় ডেনিস রাষ্ট্রদূত উইনি পিটারসেন-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে মদ জুয়া খেলা এসব অনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে বিরত থাকার জন্য আমি ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং এ বিষয়ে প্রচারণাও চালাই কিন্তু কোনো কাজ হয়নি। এবার কাজ হয়েছে।

অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত একজন কাউন্সিলরের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, ওই কাউন্সিলরের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে বলে তিনি জানান।

যারাই অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গডফাদার, গ্র্যান্ডফাদার নয়, আমরা চিনি অপরাধী। তিনি বলেন, যারাই অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যাসিনোসহ বিভিন্ন অভিযানে জড়িত অপরাধীরা যেন দেশের বাইরে চলে যেতে পারেন, এ জন্য কোনো সতর্কতা জারি করা হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেড অ্যালার্ট জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।

বিভিন্ন অপরাধে রাজনৈতিক নেতাদের গ্রেফতার ও ঢাকা শহরের ক্যাসিনোগুলোয় অভিযানের পর বিমানবন্দরেও বিশেষ কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ওই বাড়ি থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম পৌঁছালে বাড়িটির ভেতরে অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ওই এলাকার জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রেখেছে।

ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকায় ওই বাড়িটিতে অভিযানে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন।

বাড়িটি থেকে আটক ৩ সন্দেহভাজন হলেন- বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের দুই ছেলে ফরিদ উদ্দীন (২৭) ও জামাল উদ্দীন (২৩) এবং ফরিদ উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)।

বিচারকদের কাজের সময় ফেসবুক কঠোরভাবে পরিহারের নির্দেশ সুপ্রিম কোর্টের

0

বিচারকসহ বিচার বিভাগীয় কর্মকর্তাদের অফিস চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) উপস্থিতি কঠোরভাবে পরিহার করতে বলা হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা পালন করার নির্দেশ দেওয়া হয় তাদের।

এ বিষয়ে গতকাল রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিচারকদের সতর্ক করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এমন নির্দেশনা জারির তথ্য নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়, সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর রিফর্মসের সুপারিশক্রমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একটি অনুসরণীয় নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

যেসব বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে

নির্দেশনায় বলা হয়, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কিছু, রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা, কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা হেয়প্রতিপন্ন করে এমন কোনো কিছু, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয়প্রতিপন্ন করে এমন কিছু, লিঙ্গ বৈষম্যমূলক, জনমনে অসন্তোষ ও অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো কিছু, কোনো মামলাসংক্রান্ত বিষয়ে বিরূপ মন্তব্য বা ব্যক্তিগত অনুভূতি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো বিরূপ মন্তব্য বা ব্যক্তিগত অনুভূতি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের ছবি বা ভিডিও ক্লিপ, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, মানহানিকর এবং নৈতিকতা পরিপন্থী কোনো তথ্য, মন্তব্য, স্ট্যাটাস, পোস্ট, লিংক, ছবি ইত্যাদিতে অন্যজনকে সংযুক্তরণ (ট্যাগিং), আদান-প্রদান (শেয়ারিং), প্রকাশ ও প্রচার করা যাবে না।

আরো যেসব বিষয় সতর্ক থাকতে হবে

নিষেধাজ্ঞার পাশাপাশি কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তা হলো—

ক. প্রকাশিতব্য লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি নির্বাচন ও বাছাইয়ের ক্ষেত্রে।

খ. প্রকাশিত তথ্য-উপাত্তের যথার্থতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

গ. ব্যক্তিগত ও পারিবারিক তথ্য আদান-প্রদান, প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা এবং বিচারকসুলভ মনোভব অবলম্বন করতে হবে।

ঘ. অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন বিষয়ে তথ্য, স্ট্যাটাস বা পোস্ট দেওয়া যাবে না।

ঙ. বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য একটি পোর্টাল বা গ্রুপ থাকতে পারে, যেখানে বিচারাধীন মামলার বিষয় এবং ব্যক্তিগত বিষয় ব্যতীত শুধু আইনগত বিষয়ে একাডেমিক আলোচনা ও তথ্য আদান-প্রদান করা যাবে।

চ. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল ও বিচারকসুলভ আচরণ করতে হবে এবং রাষ্ট্রীয় অনুশাসন মেনে চলতে হবে।

ছ. সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য আদান-প্রদান ও বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিজ কর্মক্ষেত্রে মামলার স্বার্থসংশ্লিষ্ট বা মামলা পরিচালনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত অ্যাকাউন্টে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না।

জ. বাস্তব ও স্বাভাবিক অবস্থায় সহকর্মীদের সঙ্গে মিথস্ক্রিয়া-সংক্রান্ত নিয়ম-নীতি, করণীয় ও বর্জনীয় দিকগুলোর প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিশ্চিত করতে হবে।

ট্যাংক, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্মার্ট বোমা প্রদর্শন করল ইরান

0

সৌদি আরবের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এক সামরিক কুচকাওয়াজে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ট্যাংক, ড্রোন, সাঁজোয়া যান ও শক্তিশালী বোমা প্রদর্শন করেছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত কুচকাওয়াজটি ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির মাজার সামনের বিশাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সময় দেশটির সামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৮০ সালের ইরান-ইরাক যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রদর্শিত হয় খোরামশাহার নামে একটি উন্নততর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর আওতা দুই হাজার কিলোমিটার বলে দাবি করা হয়।

এছাড়া ১০০০ কিলোমিটার পাল্লার ১২টি ড্রোন ও বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করা হয় এতে।ড্রোনগুলো এক হাজার কেজি ওজন নিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত তুলতে পারে। এছাড়া ইরান কাসেদ নামের স্মার্ট বোমাও প্রদর্শন করেছে। এটি ইরানের সবচেয়ে ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমাগুলোর একটি বলে দাবি করা হয়।

কুচকাওয়াজে প্রদর্শিত ট্যাংকটির নাম হচ্ছে হায়েল। এই ট্যাংকটি কোনো ধরণের ফ্রিকোয়েন্সি পাঠানো ছাড়াই লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। সূত্র : আরব নিউজ।

মোহামেডান, ভিক্টোরিয়া, আরামবাগ ও দিলকুশা ক্লাবে একই চিত্র

0

ক্যাসিনোবিরোধী চলমান অভিযানে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহামেডান ক্লাব ঘিরে ফেলে পুলিশ। এ অবস্থায় ক্লাবে ঢুকতেই চোখে পড়ে বিশাল বোর্ডরুম। ক্লাবটির উন্নয়নে মিটিং করার জন্য নির্ধারিত এ কক্ষে জুয়ার আসর যে বসত তা স্পষ্ট। কক্ষজুড়ে জুয়ার সামগ্রী। দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবের কোথাও তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যায়নি খেলার কোনো সামগ্রী। দামি সোফা, কারুকার্যখচিত বড় বড় ক্যাসিনো টেবিলে এলোমেলোভাবে রাখা ছিল জুয়ার বোর্ড, মদের বোতলসহ বিভিন্ন বাহারি আহারসামগ্রী। দেয়ালে টানানো টিভি।

গতকাল রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত মোহামেডানসহ চারটি ক্লাবে একযোগে অভিযান চালিয়েছে পুলিশ। অন্য তিনটি ক্লাব হচ্ছে ভিক্টোরিয়া, আরামবাগ ও দিলকুশা। সব ক্লাবেই ঢুকে একই চিত্র চোখে পড়ে। ক্লাবগুলো থেকে ক্যাসিনো তথা জুয়ার বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের সময় সঙ্গে ছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযানে মোহামেডান ক্লাব থেকে দুটি রুলেট টেবিল, ৯টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকুসহ বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী জব্দ করা হয়েছে। ভিক্টোরিয়া ক্লাব থেকে একটি বড় টেবিল, বিভিন্ন ধরনের জুয়া খেলার ৯টি বোর্ড, চেয়ার, সোফা, ক্যাসিনো কয়েন, বোর্ডসহ বিভিন্ন সরঞ্জাম, এক লাখ টাকা, বিপুল পরিমাণ তাস, জুয়ায় ব্যবহৃত চিপস ও মদ জব্দ করা হয়েছে। আরামবাগ ও দিলকুশা ক্লাবেও বাকারা ও রুলেটসহ বিভিন্ন জুয়ার সরঞ্জাম পেয়েছে পুলিশ।

অভিযানের সময় ক্লাবটির কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি। ক্লাবের ভেতরেই হাতের বাঁ পাশে তাকাতেই চোখে পড়ে একটি সুসজ্জিত কক্ষ। সেখানে নতুন একটি ক্যাসিনো বোর্ড। এর চারপাশে দামি সোফা। কক্ষটির ওপরের দেয়ালে ঝুলছিল দামি বাতি। এর পাশের কক্ষে ঢুকেও পাওয়া গেল ক্যাসিনো বোর্ডসহ জুয়ার সরঞ্জাম। সেখান থেকে ক্যাশ কাউন্টারে ঢুকে দেখা যায়, তাস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। চেয়ার-টেবিল সব এলোমেলো। এর পাশেই রয়েছে একটি স্টোর রুম।

এখানেও মদের বোতলসহ বিভিন্ন ক্যাসিনো সরঞ্জাম। ওয়াশরুমগুলোতে ছড়িয়ে রয়েছে জুয়ার কড়ি। এরপর চোখে পড়ে একটি গোপন কক্ষ। সেখানেও জুয়ার সরঞ্জাম। ভিক্টোরিয়া ক্লাবের গেট দিয়ে ভেতরে ঢুখে চোখে পড়ে টেবিলের ওপর থরে থরে সাজানো তাস। পাশাপাশি রয়েছে খোলা তাসের প্যাকেট ও তাসের অসংখ্য বান্ডেল এবং তার পাশেই একটি মদের বোতল। তার পাশের অন্য একটি টেবিলে রয়েছে ক্যাসিনোর কয়েন।

এদিকে মতিঝিলে প্রথম দফায় অভিযানের সময় বিদেশী জুয়ারীদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগ উঠেছে পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে। ওই এলাকায় নেপালের নাগরিকসহ ১৯জন বিদেশী জুয়ারী ছিলেন, যারা অভিযানের সময় গ্রেপ্তার এড়িয়ে সটকে পড়েছিল।

গতকালের অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ক্লাবগুলো থেকে টাকা, মদ, সিসা, ক্যাসিনো ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়েছে। চারটি ক্লাবেই ক্যাসিনো ও জুয়ার সামগ্রী পাওয়া গেছে।’

এত দিন কেন অভিযান চালানো হয়নি—প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও এ এলাকার কয়েকটি বহুতল ভবনে ক্যাসিনো বারে অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করা হয়েছিল। তবে এর আগে আমাদের কাছে ক্লাবগুলোতে ক্যাসিনো সরঞ্জামের বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। তথ্য পেলেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এত বড় পরিসরে হয়নি।’ মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, ক্যাসিনোর ব্যাপারে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে আগে জানিয়েছেন।

ক্লাবের আশপাশের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে ক্লাবপাড়ায় অভিযান চালানো হবে বলে খবর আগেই ছড়িয়ে পড়ে। ক্লাবের হোতারা পুলিশ আসার আগেই পালিয়ে যায়।

পরিচয় প্রকাশ না করার শর্তে র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনোতে র‌্যাবের আকস্মিক অভিযানের পর থেকেই আরামবাগ, দিলকুশা, ভিক্টোরিয়া ও মোহামেডান ক্লাবের ক্যাসিনো ছিল বন্ধ। গতকালও পুলিশ বন্ধ ক্যাসিনোর তালা ভেঙে সেখান থেকে সরঞ্জাম জব্দ করে। ওই এলাকায় ৯ জন নেপালের বড় জুয়াড়িসহ ১৯ জন বিদেশি জুয়াড়ির তথ্য মিলেছে। এরা কেউ গ্রেপ্তার হয়নি। অথচ এরা ক্লাবের আশপাশের বাড়িতে ভাড়া থাকত। অভিযানের সময় কয়েকজন পুলিশ সদস্য তাদের বাসায় গিয়ে খবর জানিয়ে পালাতে সাহায্য করে। সিসি ক্যামেরার ফুটেজে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। গোপন খবর দিয়ে ওই পুলিশ সদস্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলেও জানিয়েছে সূত্র। কয়েকজনকে ব্যাগ হাতে বাসা থেকে বের হতে দেখা গেছে। এসব পুলিশ সদস্যকে শনাক্ত করার চেষ্টা চলছে।

জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে তিনি ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জন এফ কেনেডি বিমানবন্দরে নামেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ উর্দ্ধতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে নিউ ইয়র্কসহ বিভিন্ন স্টেট থেকে আসা নেতাকর্মীরা দুপুরের পর থেকে সেখানে ভিড় করতে থাকেন। তারা দলীয় নেত্রীকে স্বাগত জানিয়ে শ্লোগান দিতে থাকেন। নানা রকমের ব্যানার-ফেস্টুন নিয়ে আসা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এবার প্রিয় নেত্রীকে আমরা স্বাগত জানালাম। নেত্রী যতদিন থাকবেন, এভাবেই আমরা তার পাশে পাশে থাকবো।’

এদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে দেশে গণতন্ত্রহীনতাসহ নানান অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। এ সময় তারা শেখ হাসিনা সরকারের সমালোচনা করে লেখা বিভিন্ন ব্যানারও বহন করে। তবে দুই পক্ষের উপস্থিতিতে সেখানে কোন অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ম্যানহাটনে হোটেল লোটে প্যালেসে যান। যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফরে এবার তিনি এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন।

এছাড়া ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কো-চেয়ার হিসেবে জাতিসংঘ ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিলে (ইসিওএসওসি) ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের বহুপাক্ষিক প্যানেল বৈঠক পরিচালনা করবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ

সাধারণ পরিষদ হলে ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তব্য রাখবেন এবং “রিকগনাইজিং পলিটিক্যাল লিডারশিপ ফর ইম্যুনাইজেশন ইন বাংলাদেশ” বিষয়ক অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশের স্থায়ী মিশন ও ওআইসি সচিবালয় আয়োজিত মিয়ানামারে রোহিঙ্গা সংখ্যালঘুদের অবস্থার ওপর একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। গত বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, এবারের অধিবেশনেও রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে প্রধানমন্ত্রী তার জোড়ালো অবস্থান তুলে ধরবেন।

শেখ হাসিনা ‘লিডারশিপ ম্যাটার্স-রিলেভ্যান্স অব মহাত্মা গান্ধী ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া তিনি লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেবেন। ২৫ সেপ্টেম্বর ট্রাস্টিশিপ কাউন্সিলে টেকসই উন্নয়নের (এসডিজি সম্মেলন) উপর উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী কো-মডারেটরের দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সফরেও ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এছাড়া তিনি ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘সাইটেইনেবেল ইউনিভার্সেল হেল্থ কভারেজ: কমপ্রেভেনসিভ প্রাইমারি কেয়ার ইনক্লুসিভ অব মেন্টাল হেলথ অ্যান্ড ডিজেবিলিটিজ’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ প্রধানমন্ত্রী একই দিন জাতিসংঘ সাধারণ সম্মেলনের ৭৪তম বার্ষিক সাধারণ বিতর্কে বক্তব্য রাখবেন।

২৮ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি সংবাদ সম্মেলন করবেন। একইদিন তিনি নিউ ইয়র্কের হোটেল ম্যারিয়ট মারকুইসে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

ভ্যাকসিনেশন ও যুব দক্ষতা উন্নয়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার সময় দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত ১৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিনেশন এন্ড ইমিউনাইজেশন (গাভি) টিকা প্রদানে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ নামে পুরস্কার প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া ইউনিসেফ ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ শীর্ষক পুরস্কারে প্রধানমন্ত্রীকে সম্মানিত করবে। প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন।

সফর শেষে ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। আবুধাবি হয়ে আগামী ১ অক্টোবর ভোরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।