Home Blog Page 3472

হাইটেক পার্ক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে : পলক

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশকে সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে সরকার ৫ হাজার ২৯৫টি ডিজিটাল সেন্টার করেছে। সেখানে প্রতি বছর ৬০ লাখ মানুষ তথ্যপ্রযুক্তি সেবা নিচ্ছেন। এ ছাড়া গত ১০ বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও ৪০ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি শিক্ষাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করা হয়েছে।

আজ রবিবার বিকেলে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এনডিসি) হোসনে আরা বেগম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) গৌরী শংকর ভট্টাচার্য্য, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) ফাহমিদা আক্তার, আইটি বিভাগের বিজনেস স্ট্র্যাটেজিস্ট রাকিব আহমেদ, ডিজিকন টেকনোলজিস লিমিটেডের কর্মকর্তা ওয়াহিদ শরীফ, স্টার্ট-আপ বাংলাদেশের টিমলিডার নাঈম আশরাফী, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেমিনারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) গৌরী শংকর ভট্টাচার্য্য জানান, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষে-বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কুমিল্লা, চট্টগ্রাম, নাটোর সিলেট, বরিশাল, মাগুরা ও নেত্রকনাসহ দেশের ৭ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের আওতায় ৩৬ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ২০২০ সালের জুন মাসে এ ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হবে।

প্রকল্পটির কাজ সম্পন্ন হলে এখানে প্রায় ১২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেখানে প্রতিটি সেন্টারে গ্রাফিক্স ডিজাইন, এনড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, থ্রিডি এনিমেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স কন্ডাক্টিং, এন্টারপ্রনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট, ওয়েবসাইট ম্যানেজম্যান্ট অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টসহ আইটির ১০টি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন। প্রতিটি সেন্টারে ২ হাজার ৫০০ জন হিসাবে দেশের ৭ সেন্টারে মোট ১৭ হাজার ৫০০ জন প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন।

তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জীবন মানের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে একটি জ্ঞান ভিক্তিক ডিজিাটাল বাংলাদেশ গড়ে তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম রাজনৈতিক অঙ্গীকার। হাইটেক পার্ক নির্মাণের ফলে সারা দেশের সাধারণ মানুষের দৈনন্দিন আইটি নির্ভর কাজ কর্ম সমাধান করা যাবে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবিকার ধারা বদলাবে। যা অর্থনীতিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে।

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের

0

দুর্নীতি-সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে গত কয়েক দিনের অভিযানের ফলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে। তাই সরকারি দল হিসাবে আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার কক্সবাজারে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে সকালে কক্সবাজারের ৯ টি সড়কের নির্মাণ ও সংষ্কার কাজের উদ্বোধন করেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী বলেন, অপকর্ম বিরোধী কঠোর অভিযানে সরকার প্রধান শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় বিএনপি নেতারা অস্থির হয়ে পড়েছেন। তারা এমনটা মোটেই সহ্য করতে পারছেন না। তাই লাগামহীন কথাবার্তা বলে বিএনপি নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে।

ওবায়দুল কাদের বলেন, আজ সমাজে ভালো কথার দাম নেই। তবে দাম আছে ভালো কাজের। এ জন্য প্রধানমন্ত্রী সমাজকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি’র সমালোচনা করে বলেন, যারা হাওয়া ভবন খুলে দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হয়েছিল তাদের মুখে সমালোচনা শোভা পায় না। সরকারের বিরুদ্ধে চলমান দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে সমালোচনা করেও জনগণকে এ বিষয়ে কোনোভাবেই বিভ্রান্ত করা যাবে না বলেও তিনি মনে করেন।

সভায় মন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন। কোনোভাবেই আওয়ামী লীগার হবেন না। আপনারা নিরপেক্ষ থাকলে আমাদের সরকারি দল বিতর্কের ঊর্ধ্বে থাকবে।

সভায় পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বিশেষ অতিথির বক্তব্যে রোহিঙ্গা সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ‘মানবতার মা’ উপাধি পেয়েছেন। তবে রোহিঙ্গাদের এখানে দীর্ঘ সময় আশ্রয় দেওয়া সম্ভব নয়। রোহিঙ্গাদের অবস্থান দীর্ঘ মেয়াদের হলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শঙ্কা থাকে। তাই তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজারের সাংসদ আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমদ, রেজাউল করিম, অ্যাডভোকেট রনজিত দাশ, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, নুরুল আবছার, সাংবাদিক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা

0

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল সকালে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন সফরকে সামনে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৯ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের চারটি ওয়ানডে হবে যথাক্রমে- ২,৬,৯ ও ১৩ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।

ওয়ানডে সিরিজের আগে ২৭ সেপ্টেম্বর একটি অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশের যুবারা। সিরিজ শেষে ১৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবার আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, মাহমুদুল হাসান জয়, তানজীম হাসান সাকিব, অভিষেক দাস, শামিম হোসেন, অনিক সরকার ও হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই : অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিসাদ হোসেন, মোহাম্মদ শাহিন আলম ও মিনহাজুর রহমান মোহান্না।

বশেমুরবিপ্রবি উপাচার্যকে শেকৃবিতে অবাঞ্ছিত ঘোষণা

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বহিষ্কার, নির্যাতন এবং আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়ার প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীরা বশেমুরবিপ্রবি উপাচার্য ড. খন্দকার নাসিরুদ্দীনের কুশপুত্তলিকা দাহ ও মানববন্ধন করেছে। এ সময় তারা ড. নাসিরুদ্দীনকে শেকৃবিতে অবাঞ্ছিত ঘোষণা করে।

রবিবার দুপুর ১টায় শেকৃবির প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনের শুরুতেই বশেমুরবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন।

বক্তৃতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৭তম ব্যাচের শিক্ষার্থী জামিউল আলম পরশ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের উপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের পর থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তার (বশেমুরবিপ্রবি উপাচার্য) প্রবেশ নিষিদ্ধ। তিনি যদি এই বিশ্ববিদ্যালয়ে কখনো প্রবেশের চেষ্টা করে আমরা সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করব।

অপর শিক্ষার্থী মো. রসূল হোসেন বলেন, যে উপাচার্য বাইরের সন্ত্রাসী দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তার উপাচার্য পদে থাকার কোনো যোগ্যতা নেই। অবিলম্বে এই অযোগ্য উপাচার্যকে অপসারণ করে তাকে বিচারের আওতায় আনতে হবে’।

রাহাত ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর ভিসি বাহিনীর হামলা একাত্তরের নৃসংশতার কথা মনিয়ে করিয়ে দেয়। এটা আমাদের লজ্জা।

আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, অবিলম্বে ভিসি নাসিরুদ্দীনকে অপসারণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ সন্ধ্যায় মশাল মিছিল করবে বলে নিশ্চিত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

জীবননগরে প্রস্তাবিত হাইটেক পার্ক পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী

0

চুয়াডাঙ্গার জীবননগরে প্রস্তাবিত হাইটেক পার্ক পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক। প্রস্তাবিত স্থান উপজেলার উথলী ইউনিয়নের মোল্লাবাড়িতে আজ রবিবার সকাল ১০টায় প্রতিমন্ত্রী হাইটেক পার্কের জমি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ হোসেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী।

এ ছাড়া জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আ. কাদের প্রধানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মিগণ।

সোমবার ঢাকা আসছেন বিশ্ব ব্যাংকের ভিপি ও জাতিসংঘ ‍দূত

0

আগামীকাল সোমবার ঢাকা আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শ্যাফে ও জাতিসংঘ মহাসচিবের সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত জিন টোড।
তারা এখানে বাংলাদেশের সড়ক নিরাপত্তার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
দুই দিনের সফরে তারা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘সবার জন্য সড়ক নিরাপত্তা’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন শ্যাপে ও টোড। যেখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে।
শ্যাফে বলেন, ‘সড়ক দুর্ঘটনা পরিবারের জন্য জীবন বিপর্যয়কর অভিজ্ঞতা এনে দেয়। মানুষের ব্যাপক ক্ষতি ছাড়াও বিশ্বব্যাপী সড়কের নিরাপত্তার একটি বড় অর্থনৈতিক প্রভাব রয়েছে। ধারণা করা হয়, সড়ক দুর্ঘটনা সাথে সম্পর্কিত বার্ষিক যে ক্ষতি হয়, তা জাতীয় জিডিপির প্রায় ২-৫ শতাংশের সমান।’
সড়কের নিরাপত্তা বিশ্বব্যাপী উন্নয়নের জন্য চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১০ লাখের বেশি (১.৩৫ মিলিয়ন) মানুষ গাড়ি ও সাইকেল চালানোর সময় এবং রাস্তায় হেঁটে চলাচল করতে গিয়ে প্রাণ হারান। আর ৫ কোটি (৫০ মিলিয়ন) মানুষ আহত হয়।
সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় দেখা যায়, পুরো দক্ষিণ এশিয়ায় সড়ক মৃত্যুর হার ৫০ শতাংশ হ্রাস করতে পারলে আনুমানিক ১.২ ট্রিলিয়ন ডলারের সুবিধা পাওয়া যাবে।

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রীর আবুধাবি ত্যাগ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য আট দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে আজ রবিবার আবুধাবি ত্যাগ করেছেন।
ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি বিমান (ইওয়াই-১০১) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আবুধাবীতে এক দিনের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে। একই দিনে প্রধানমন্ত্রী বিকাল ৪টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।
২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কো-চেয়ার হিসেবে জাতিসংঘ ইকোনমিক এন্ড সোসাল কাউন্সিলে (ইসিওএসওসি) একই সঙ্গে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের বহুপাক্ষিক প্যানেল বৈঠক পরিচালনা করবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী অছি পরিষদে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যয়ের বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তব্য রাখবেন এবং ‘রিকগনাইজিং পলিটিক্যাল লিডারশিপ ফর ইম্যুনাইজেশন ইন বাংলাদেশ’ বিষয়ক অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
শেখ হাসিনা জাতিসংঘ সদরদপ্তর (ইউএনএইচকিউ) বুথে ইনক্লুসিভ ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট এর জাতিসংঘ মহাসচিবের স্পেশাল অ্যাডভোকেট কুইন মেক্সিমার সাথে বৈঠক করবেন।
তিনি জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম ৭ এ গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী নর্থ ডেলিগেট’স লাউঞ্জে জাতিসংঘ মহাসচিব আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন।
তিনি জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম ১১ তে বাংলাদেশের স্থায়ী মিশন ও ওআইসি সচিবালয় আয়োজিত মিয়ানামারে রোহিঙ্গা সংখ্যালঘুদের অবস্থার ওপর একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দিবেন।
শেখ হাসিনা ইউএনএইচকিউ এর ইসিওএসওসি চেম্বারে ‘লিডারশিপ ম্যাটার্স-রিলেভ্যান্স অব মহাত্মা গান্ধী ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।
২৫ সেপ্টেম্বর, ট্রাস্টিশিপ কাউন্সিলে টেকসই উন্নয়নের (এসডিজি সম্মেলন) ওপর উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামে ‘লোকালাইজিং দ্য এসডিজিস’ এ প্রধানমন্ত্রী কো-মডারেটরের দায়িত্ব পালন করবেন।
প্রধনামন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অন ফরেন রিলেশনস এ ‘এ কনভারসেশন উইথ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি অনুষ্ঠানেও অংশ নেবেন।
একই দিনে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বাইলেটারেল মিটিং রুমে তিনি অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং সকলের জন্য স্যানিটেশন এন্ড ওয়াটারের সভাপতি কেভিন রাডের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি বাংলাদেশ হাউসে একটি নৈশভোজে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের বাইলেটারেল মিটিং রুমে ইক্সোনমোবিল এলএনজি মার্কেট ডেভেলপমেন্ট ইনকর্পোরেটেডের চেয়ারম্যান এলেক্স ভি. ভলকোভ, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো- চেয়ার বিল গেটস এবং আইসিসি প্রোসিকিউটর ফাতোউ বেনসোউদার সাথে বৈঠক করবেন।
শেখ হাসিনা একই দিনে লোটে নিউইয়র্ক প্যালেসের হোলমেসে ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এ ছাড়া তিনি ইউনিসেফ হাউসের লাবৌউইস হলে ইউনিসেফ আয়োজিত ‘এক ইভেনিং উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ অনুষ্ঠানে অংশ নেবেন।
শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর, জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রু-১-এ বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত ‘সাসটেইনেবল ইউনিভার্সেল হেল্থ কভারেজ : কমপ্রিহেনসিভ প্রাইমারি কেয়ার ইনক্লুসিভ অব মেন্টাল হেল্থ অ্যান্ড ডিজেবিলিটিজ’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিন তিনি জাতিসংঘ সাধারণ সম্মেলনের ৭৪তম বার্ষিক সাধারণ বিতর্কে বক্তৃতা দিবেন।
শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রেস ব্রিফিং করবেন। এছাড়াও তিনি নিউইয়র্কের হোটেল ম্যারিয়ট মারকুইসে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।
জাতিসংঘ সচিবালয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন ও যুব দক্ষতা উন্নয়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি) টিকা প্রদানে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ নামে পুরস্কার প্রদানের আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, এ ছাড়া ইউনিসেফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ শীর্ষক পুরস্কারে প্রধানমন্ত্রীকে সম্মানিত করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পুরস্কার প্রদানের জন্য ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানানোর জন্য এক সন্ধ্যা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ আন্তর্জাতিক সুপরিচিত গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন।
প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। তিনি আবুধাবি হয়ে ঢাকায় পৌঁছাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় শেখ হাসিনা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
প্রধানমন্ত্রী আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ফ্লাইটটি ১ অক্টোবর ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
খবর বাসস

আরামবাগ ও দিলকুশা ক্লাবেও ক্যাসিনোর সন্ধান

0

পুলিশের অভিযানে মতিঝিলের দিলকুশা স্পোর্টিং ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ থেকে ক্যাসিনো ও জুয়ার বিপুল সরঞ্জাম জব্দ করেছে মতিঝিল ও পল্টন থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পুলিশের মতিঝিল বিভাগের এডিসি শিবলি নোমান। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে একসঙ্গে চার ক্লাবে অভিযান চালানো হচ্ছে। তার নেতৃত্বে আরামবাগ ও দিলকুশা ক্লাবে অভিযান চলছে।

এ ছাড়া মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, অভিযানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

ক্যাসিনো ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ক্যাসিনো ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্যাসিনো আমাদের দেশে আইনসঙ্গত ব্যবসা না। যারাই আইনসঙ্গত নয় এমন ব্যবসা করবেন, আমরা কাউকে সেই ব্যবসা করতে দেবো না।

আজ রবিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতা হোক, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক, বা জনপ্রতিনিধি হোক, কাউকেই আইনসঙ্গত নয়, এমন ব্যবসা করতে দেবো না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সে কাজটিই করছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চাঁদাবাজি ও আইন বহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কাজ করছি।

এ সময় ফুটপাত দখল নিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনকে লিস্ট দিতে বলা হয়েছে। কোন কোন ফুটপাতে হকার বসছে, দখল করছে আপনারা লিস্ট দিন। যেখানে একবার উচ্ছেদ হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেনসহ আরো অনেকে।

ভিক্টোরিয়া ক্লাব থেকে নগদ টাকা ও মদের বোতল উদ্ধার

0

রাজধানীর মতিঝিলের বিভিন্ন ক্লাবে চলমান অভিযানের সময় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ভেতরে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ ক্লাবটিসহ ওই এলাকার মোহামেডান ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোটিং ক্লাবে অভিযান শুরু করে পুলিশ।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, অভিযানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার যুবলীগ নেতা খালেদ মাহমুদের ইয়াংমেনস ক্লাবে অভিযানের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান শুরু হয়। ওই দিন আরও কয়েকটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব। ওই সব ক্লাব থেকে মদ, নারী, মাদকসহ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।

এর দুই দিনের মাথায় শুক্রবার ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমণ্ডি ক্লাবেও অভিযান চালায় র্যাব। কলাবাগান ক্রীড়াচক্র থেকে ক্লাব সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।