Home Blog Page 3473

দুর্নীতিবিরোধী অভিযানকে সমর্থন জানালেন জিএম কাদের

0

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযানকে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার নিজ দলের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি এই অভিযানের সর্বাত্মক সমর্থন করে।

আজ রবিবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে এমন কাজ করতে হবে, যে কাজে জনগণ আমাদের ওপর আস্থা রাখবে ও বিশ্বাস করবে। সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী, সুসংগঠিত, শৃঙ্খলিত ও একত্রিতভাবে কাজ করলে মানুষের আস্থা অর্জনে আমরা সক্ষম হবো।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা পল্লীবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করবো। সেই লক্ষ্যেই বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি জেলায় সমস্যার সমাধান করার জন্য আলাপ-আলোচনার ভিত্তিতে জেলা কমিটিকে শক্তিশালী ও সুসংগঠিত করে নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি করা হবে।

খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সুনীল শুভ রায়।

সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সরু প্রমুখ।

আরামবাগ, দিলকুশাসহ চার ক্লাবে পুলিশের অভিযান

0

সম্প্রতি বিভিন্ন ক্লাবে অভিযানের পর এবার মতিঝিলের আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে অভিযান শুরু করেছে পুলিশ।

মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন ক্লাব থেকে জিনিসপত্র এ ক্লাবে এনে রাখা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। এখানে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে। তাই অভিযান চালানো হচ্ছে।

তারেক রহমানকে বড় অজগরের সাথে তুলনা করলেন তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড় অজগর সাপ, সে তো গিলে সব খেয়ে ফেলে।

ক্যাসিনোতে অভিযান চালিয়ে সরকার দলীয় দুই নেতাকে গ্রেপ্তারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘কেঁচো খুড়তে আওয়ামী লীগের মধ্য থেকে সাপ বের হচ্ছে’ এমন মন্তব্যের জেরে আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ টেলিভিশন-বেতার শিল্পী সংস্থা’র নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন, এটির জন্য তো বিএনপির বরং সরকারকে সাধুবাদ জানানো দরকার। যেখানে মাদক কিংবা ক্যাসিনো বা যেখানে অনিয়ম হচ্ছে সেখানে ব্যবস্থা গ্রহণ করছেন সেক্ষেত্রে কে কোন মতের বা কোন পথের সেটি দেখা হচ্ছে না। যেটি বিএনপি আমলে করা হয়নি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছেন। এতে তো বিএনপির খুশি হওয়ার কথা। বিএনপির সাধুবাদ জানানোর কথা। সেটি না বলে মির্জা ফখরুলকে প্রশ্ন করবো-নিজেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন বড় অজগর সাপ, সেতো সব খেয়ে ফেলে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেই জায়গায় রেখে, নিজেরা পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, যেখানে অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা পর পর তৃতীয়বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেক অনুপ্রবেশকারী আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ে ঢুকেছে। তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে, ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সম্প্রতি ভারত সফরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

‘রোহিঙ্গা নিয়ে সরকারবিরোধী কাজ করলে ব্যবস্থা’

0

‘কিছু কিছু এনজিও বিএনপির মতোই রোহিঙ্গাদের উসকে দিচ্ছে। কোনো এনজিও যদি মানবিকসেবার আড়ালে সরকারবিরোধী কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে জেলার আটটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের উদ্যোগের ঘাটতি নেই। বিশৃঙ্খলা সৃষ্টি ও উসকানি না দিয়ে এই সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করুন। কারণ এই দেশটি আমাদের সকলের।’ তিনি বলেন, ‘সেই লক্ষ্য (রোহিঙ্গা ইস্যু) নিয়ে অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে চীন-ভারতের সঙ্গেও আলোচনা করা হচ্ছে। যেহেতু তাঁদের ভূমিকাটা বেশি কাজে আসবে।

সেতুমন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব মিয়ানমারের নাগরিকরা তাদের দেশে ফিরে যাক। সে ব্যাপারে সরকার উদ্যোগের কোনো ঘাটতি রাখছে না। আমরা শুধু অপজিশনকে বলব, বিশৃঙ্খলা আর উসকানি দেবেন না। এই দেশটি আমাদের সকলের।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেকউল্লাহ রফিক এবং জাফর আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহামান প্রমুখ।

ঢাকায় আইনজীবীদের সঙ্গে দেখা করলেন মিন্নি

0

ঢাকায় এসেছেন বহুল আলোচিত বরগুনায় প্রকাশ্য হামলায় নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে মোজাম্মেল হোসেন কিশোরকে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার কক্ষে যান মিন্নি।

মোজাম্মেল হোসেন কিশোর জানান, মিন্নি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছে। এ ছাড়া মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডআই খান পান্নার কক্ষে এসেছি।

মিন্নির আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনি লড়াই চালিয়ে যেতে আইনি পরামর্শের জন্যই মূলত মিন্নিকে ঢাকায় এনেছেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বরগুনা লঞ্চঘাট থেকে এমভি শাহরুখ লঞ্চে বাবার সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন মিন্নি।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার মধ্যে ২ জুলাই এ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।

রিফাতের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায়, দুই যুবক রামদা হাতে রিফাতকে একের পর এক আঘাত করে চলেছে। আর তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি স্বামীকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছেন। রক্তাক্ত অবস্থায় সন্ত্রাসীরা রিফাতকে ফেলে চলে যায়। এরপর ওই দিন বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন। মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে মামলায় প্রধান সাক্ষী করা হয়। পুলিশের সিসিটিভি ফুটেজ কেটেছেঁটে গণমাধ্যমে প্রকাশের পর একটি পক্ষ মিন্নির দিকে অভিযোগের আঙুল তোলে। মিন্নির শ্বশুরই পরে হত্যাকাণ্ডে পুত্রবধূর জড়িত থাকার অভিযোগ তোলেন। এরপর ১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ লাইনসে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে সেদিন রাতে তাঁকে রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। কিন্তু মিন্নির পক্ষে কোনো আইনজীবী সেদিন আদালতে দাঁড়াননি, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। পাঁচ দিনের রিমান্ডের তৃতীয় দিনেই মিন্নিকে আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, মিন্নি বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তবে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের অভিযোগ, ‘নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে’ মিন্নিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে পুলিশ।

মিন্নির আইনজীবীরা গত ২১ জুলাই বিচার বিভাগীয় হাকিম আদালতে তাঁর জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। মিন্নিকে ওই দিন আদালতে হাজির করার আবেদন করা হলেও সে আবেদনও খারিজ করে দেন আদালত। এরপর ৩০ জুলাই বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির জামিনের আবেদন খারিজ করা হয়। এ অবস্থায় গত ৫ আগস্ট হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। তবে ৮ আগস্ট শুনানির পর জামিন আবেদন খারিজ করে দিলে মিন্নির আইনজীবীরা আবেদন প্রত্যাহার করে নেন।

এরপর আবার হাইকোর্টে জামিন আবেদন করা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ গত ২০ আগস্ট মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন। রুলের ওপর পরবর্তী শুনানির জন্য ২৮ আগস্ট দিন রাখেন। হাইকোর্টের একই বেঞ্চ গত বৃহস্পতিবার আদেশ দেন। আদালত গণমাধ্যমের সঙ্গে কথা না বলার শর্তে মিন্নির জামিন মঞ্জুর করেন। জামিনের ওই রায় স্থগিতের জন্য রবিবার আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। একই দিন বরগুনার পুলিশ মিন্নিসহ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

মিন্নির জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, সোমবার তার ওপর শুনানি হয়। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেন অর্থাৎ মিন্নির জামিন বহাল রাখেন।

প্রায় দেড় মাসের মাথায় বাবার জিম্মায় জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাড়িতে ফেরেন মিন্নি।

ঢাকা উত্তরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু

0

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবৈধ স্থাপনার দখল হতে সড়ক ও ফুটপাত মুক্ত করতে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা এলাকার সোনারগাঁও জনপথ থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধনের আগেই সকাল ১০টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদ আনোয়ারের নেতৃত্বে উত্তরার সোনারগাঁও এভিনিউতে অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে ফুটপাতে গড়ে তোলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বেলা একটার দিকে তিন নম্বর সেক্টরের দুই নম্বর সড়কে ‘হাংরি ডাক’ নামে একটি রেস্তোরাঁর ফটক, সামনের অংশ এবং দোতলায় ওঠার সিঁড়ি ভেঙে দেওয়া হয়। ফুটপাত দখল করে এসব বানানো হয়েছিল।

একই সময়ে এক নম্বর ওয়ার্ড যুবলীগের একটি অস্থায়ী কার্যালয় গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সড়কে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি অস্থায়ী কার্যালয়‌ও ভাঙা হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই এ উচ্ছেদ অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছেন মেয়রসহ ডিএনসিসির কর্মকর্তারা। এতে আগেভাগেই উত্তরের বিভিন্ন ফুটপাথ ও সড়কের দখলদাররা রাস্তা থেকে সরে গেছে।

আগের অভিযানের তুলনায় এবারেরটা কিছুটা ভিন্ন। আগে যেমন পুরো শহরজুড়ে উচ্ছেদ অভিযান চলত এবারেরটি তা নয়, বরং পৃথক পৃথক এলাকা ধরে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

এ উচ্ছেদ অভিযানে বিষয়ে সম্প্রতি মেয়র বলেছেন ‘অভিযানটি আমরা এক একটি এলাকা ধরে পরিচালনা করব, ওই এলাকার ফুটপাত যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। সেক্ষেত্রে এক এলাকায় যদি আমাদের ৫ -১০ দিনও লাগে আমরা তা করব।

ভারতীয় নৌবাহিনী প্রধান ৪ দিনের সফরে ঢাকায়

0

বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ট ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করতে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বাংলাদেশ সফর করছেন।

গতকাল শনিবার অ্যাডমিরাল করমবীর সিং বাংলাদেশ সফর শুরু করলেও আজ রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি দু’দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে এ সফরে, এমনটাই আশা করা হয়েছে বার্তায়।

ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বিনিময়ের অংশ হিসেবে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর দুজন প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন অ্যাডমিরাল করমবীর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি বাংলাদেশ নৌবাহিনীর খুলনা ও চট্রগ্রাম আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে একটি সেমিনারে অংশ নেবেন ভারতের নৌবাহিনীর প্রধান। এছাড়া খুলনা শিপইয়ার্ড বিভিন্ন নেভাল স্টেশন, যুদ্ধজাহাজ ও বিএনএস বঙ্গবন্ধু পরিদর্শন করবেন তিনি।

বিভিন্ন মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে : স্থানীয় সরকার মন্ত্রী

0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিভিন্ন প্রকল্পের পরিচালকদের বিষয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে। এসব অভিযোগ যেন না আসে সেজন্য প্রকল্প পরিচালকদের প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করতে হবে এবং কাজের মানও ঠিক রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আজ রবিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘দ্রুত প্রকল্প বাস্তবায়ন সপ্তাহ-২০১৯’-এ এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেছেন, বিদেশি সংস্থা কিংবা কোনো রাষ্ট্র বিনিয়োগ করলে তাদের টাকা ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সুন্দর অতীত রয়েছে। আমাদের জনবল রয়েছে। রয়েছে ভূমিও। আমাদের এখন বিনিয়োগ প্রয়োজন।

বিভিন্ন প্রকল্পের পরিচালকদের বিষয়ে তাজুল ইসলাম বলেন, ‘যখন কোনো একটি প্রকল্প গ্রহণ করা হয়, তখন এটির যথাসময়ে বাস্তবায়ন, মান ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। মান সম্পন্ন পরিকল্পনা ও নকশা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে প্রকল্পের খরচ কমানোও অপরিহার্য।’

দেশের নানা খাতে দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেশে দুর্নীতি আরেকটি বড় সমস্যা। আপনারা জানেন, দেশ সবসময় গণতান্ত্রিকভাবে শাসিত হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে অরাজক পরিস্থিতির তৈরি হয়েছিল। অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে আমাদের সমাজে। এর ফলে প্রত্যেক জায়গায় সুশাসনের ঘাটতি রয়েছে, দুর্নীতি রয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদী যে, তিনি এই দুর্নীতিকে রুখবেন।’

এ সময় বিভিন্ন প্রকল্প পরিচালকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তাজুল ইসলাম। বলেন, ‘নিয়মিতই বিভিন্ন মন্ত্রণালয় থেকে অভিযোগ আসে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে। আমি নিজেও একজন স্থানীয় সরকার মন্ত্রী। আশা করি, প্রকল্প পরিচালকরা আরও বেশি যত্নশীল হবেন। যখন কোনো প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তার উচিত সেই প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা, কাজের মানও ঠিক রাখতে হবে।’

টেকনাফে `বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত

0

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নারী-পুরুষ নিহত হয়েছেন। তারা হলেন, টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত কাদের হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩২) ও একই ক্যাম্পের রোহিঙ্গা নারী জাহেদা বেগম (২৭)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

আজ রবিবার ভোর রাত আড়াইটার দিকে টেকনাফের হ্নীলা লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি, একটি থ্রি কোয়ার্টার, ৮ রাউন্ড কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি অস্ত্রসহ রোহিঙ্গা দম্পতি দিল মোহাম্মদ ও জাহেদাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ওই ক্যাম্পের সি ব্লকে অস্ত্র ও কার্তুজ উদ্ধারে যায় পুলিশ। এসময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি প্রদীপ আরো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৈনিক চার-পাঁচজনের বেশি রোগী দেখেন না, চিকিৎসকদের দাবি

0

দেশে নিবন্ধিত চিকিৎসকদের প্রায় অর্ধেকই হিসাবমতো রাজস্ব পরিশোধ করছেন না বলে উঠে এসেছে কর অঞ্চল-১০-এর এক প্রতিবেদনে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার নির্দেশে চলতি অর্থবছর এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও কর অঞ্চল-১০ যৌথভাবে চিকিৎসকদের কাছ থেকে রাজস্ব আদায় কার্যক্রম জোরদার করেছে বলে জানা গেছে।

কর অঞ্চল-১০ এর প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে অনেক চিকিৎসককে এনবিআর দপ্তরে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রতিদিন বা মাসে গড়ে কতজন রোগী দেখছেন এবং কত করে নিচ্ছেন তা জানতে চাওয়া হয়েছে। বেশির ভাগ নামিদামি চিকিৎসক এ সময় এনবিআর কর্মকর্তাদের জানিয়েছেন তাঁরা দৈনিক চার-পাঁচজনের বেশি রোগী দেখেন না। এ সময় এনবিআরের তদন্ত কর্মকর্তারা ওই চিকিৎসকের সামনেই তাঁর কাছে রোগী দেখানোর জন্য তাঁর চেম্বারে ফোন করলে জানা হয় আগামী ১৫-২০ দিন বা এক মাসে কোনো সিরিয়াল দেওয়া যাবে না। তখন ওই চিকিৎসক জানান, তিনি পাঁচজনের কাছ থেকে অর্থ নিলেও অন্যদের বিনা পয়সায় দেখেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নামিদামি চিকিৎসকদের কাছে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তিরা চিকিৎসা নিতে আসেন। এতে তাঁদের মধ্যে সুস্পর্ক গড়ে ওঠে। এনবিআর থেকে হিসাবমতো রাজস্ব আদায়ের জন্য যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট চিকিৎসক প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে রাজস্ব পরিশোধে চাপ না দিতে তদবির করান। বেশির ভাগ ক্ষেত্রে রাজস্ব ফাঁকিবাজ চিকিৎসক প্রভাবশালী ব্যক্তির কাছেও সঠিক তথ্য দেন না।

এছাড়া হাসপাতালের সঙ্গে যোগসাজশে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ আছে চিকিৎসকদের বিরুদ্ধে। রোগী দেখার জন্য চুক্তিবদ্ধ হওয়ার আগেই চিকিৎসকদের অনেকে হাসপাতাল বা ক্লিনিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কতজন রোগী দেখবেন তার প্রকৃত তথ্য কোথাও সরবরাহ না করার শর্ত দেন। হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষ নিজস্ব প্রতিষ্ঠানের প্রচার-প্রসারের স্বার্থে তা মেনে নিয়ে থাকে বলে এনবিআরের তদন্তে উঠে এসেছে।