Home Blog Page 3478

চাঁদাবাজি মামলার ২ ঘণ্টার মধ্যে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

0

কুষ্টিয়ায় চাঁদাবাজির মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের দুই ঘণ্টা আগে আলামিন জোয়ার্দ্দার নামে এক ব্যবসায়ী চাঁদাবাজির এই মামলা করেন।
গ্রেপ্তার দুই নেতা হলেন কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কুষ্টিয়া পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান। গতকাল রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কুষ্টিয়া ডিবি পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ প্রথম আলোকে বলেন, গতকাল রাত আটটার দিকে থানায় মামলা হয়। এরপর রাত ১০টার দিকে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে। আজ তাদের আদালতে নেওয়া হবে বলে জানান ওসি।

তাঁদের হাতের মুঠোয় ছিল ইসির সার্ভার

0

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের সার্ভারের (তথ্যভান্ডার) সব তথ্য ছিল জালিয়াত চক্রের হাতের মুঠোয়। তারা যখন-তখন এই জাতীয় সার্ভারে প্রবেশ করে তথ্য সংগ্রহ এবং কারও নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করে আঙুলের ছাপ ও ছবিসহ তা সার্ভারে যুক্ত করে দিতে পারত। আর এই কাজটা করতেন জালিয়াত চক্রের সদস্য চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর মোস্তফা ফারুক।
গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন মোস্তফা ফারুক। এরপর​ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পায় পুলিশ। কেবল তা-ই নয়, মোস্তফার বাসা থেকে উদ্ধার করা তাঁর ব্যক্তিগত ল্যাপটপ ও তিনটি পেনড্রাইভে পাওয়া গেছে চট্টগ্রাম ও আশপাশের জেলার ভোটার তালিকা, যা জাতীয় সার্ভার থেকে ডাউনলোড করা হয়েছিল। তাঁর বাসা থেকে নির্বাচন কমিশনের (ইসি) ডেটা এন্ট্রির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, মডেম, আঙুলের ছাপ নেওয়ার তিনটি সিগনেচার প্যাডসহ (যার গায়ে রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা লেখা) এনআইডি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মোস্তফা ইসির অস্থায়ী কর্মী। ডেটা এন্ট্রির কাজ করতেন। তাঁর কাছে জাতীয় সার্ভারে প্রবেশের পাসওয়ার্ড ছিল। তিনি জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত হয়ে গত পাঁচ বছরে সার্ভারে প্রায় তিন হাজার ব্যক্তির নামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করেছেন বলে​ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তবে এ-সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থা চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তাদের ধারণা, এই সংখ্যা আরও বেশি হবে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই জালিয়াত চক্র ভুয়া এনআইডি তৈরির ক্ষেত্রে মৃত ব্যক্তির তথ্য ব্যবহার করত। তারা মৃত ব্যক্তির ছবি ও আঙুলের ছাপ পাল্টে দিয়ে বাকি তথ্য ঠিক রেখে সেটা জাতীয় সার্ভারে যুক্ত করে (আপলোড) দিত বলে তথ্য পাওয়া গেছে। এখন তা যাচাই-বাছাই চলছে।
এই জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত চট্টগ্রামের ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নালসহ তিনজনকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে অস্থায়ী কর্মী মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ গতকাল শুক্রবার প্রথম আলো কে বলেন, ২০১৪ সাল থেকে এনআইডি জালিয়াতি করে আসছে এই চক্র। চক্রের হোতা মোস্তফা নিজেই এনআইডি সার্ভারে আপলোডের (তথ্য, ছবি ও আঙুলের ছাপ) কাজ করতেন। রোহিঙ্গাসহ বিভিন্ন ব্যক্তিকে দালালদের মাধ্যমে তাঁর কাছে নিয়ে আসতেন ইসির আরেক কর্মচারী জয়নাল আবেদীন। এই চক্রের সঙ্গে ইসির কিছু কর্মকর্তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। কর্মকর্তাদের গাফিলতির কারণে চক্রটি ইসির সার্ভার নিয়ে নয়ছয় করতে পেরেছে।
জালিয়াত চক্রের​ যোগাযোগ ঢাকায়ও
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেস বড়ুয়া জানান, ইসির সার্ভারে কীভাবে প্রবেশ করতেন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে মোস্তফাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল শুক্রবার আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জিজ্ঞাসাবাদের সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, ঢাকায় ইসির কার্যালয়েও মোস্তফার যাতায়াত ছিল। সার্ভারে প্রবেশের পাসওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় তথ্য তাঁর নখদর্পণে। তিনি নিজেই ইসির সার্ভারে তথ্য আপলোড করতে পারেন। আবার অনেক সময় এনআইডির তথ্য তৈরি করে তা ঢাকায় দুই কর্মীকে পাঠাতেন এবং তাঁরা তা সার্ভারে আপলোড করতেন। ওই দুজন ঢাকায় জাতীয় পরিচয়পত্র প্রকল্পের অধীনে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া। তাঁদের সঙ্গে মোস্তফার ভালো পরিচয় রয়েছে। একেকটি এনআইডি তৈরির জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকা নিতেন মোস্তফা। এই টাকার ভাগ যাঁরা পেতেন, তাঁদের নামও বলেছেন তদন্ত সংস্থাকে।
মোস্তফা জেলা নির্বাচন কার্যালয়ে প্রায় ১০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছেন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমেও তিনি চট্টগ্রাম জেলা কার্যালয়ের অধীনে কাজ করেছেন।
গাফি​লতির জের
চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন থেকে রোহিঙ্গারা নাম-ঠিকানা পরিবর্তন করে ভোটার হচ্ছেন। ভুয়া এনআইডি দিয়ে জঙ্গিরা বাসা ভাড়া নিচ্ছেন। এর সঙ্গে জড়িত ইসির কোনো কোনো মাঠকর্মী। ইসি কর্মকর্তাদের অনেকে নিজেদের পাসওয়ার্ড অফিস সহকারী ও ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে রেখেছেন। এমন অভিযোগ অনেক দিন থেকে শোনা গেলেও ইসি এত দিন কোনো ব্যবস্থা নেয়নি।
জালিয়াতির সঙ্গে জড়িতদের ধরতে পুলিশকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান ইসি সচিবালয়ের উপসচিব মো. খোরশেদ আলম। তিনি গতকাল প্রথম আলো কে বলেন, ১৫ দিন আগে তাঁরা ইসির সার্ভারে যাতে কেউ কিছু করতে না পারে সেই ব্যবস্থা নিয়েছেন।
পাঁচ বছর ধরে জালিয়াতি চলছে, এত দিন কেন সুরক্ষার ব্যবস্থা নেওয়া হলো না—এ প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেন, যখনই জানা গেছে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরীর মতে, ইসির গাফিলতির জেরে এমন জালিয়াত চক্র গড়ে উঠেছে। এর পেছনে বড় কর্মকর্তাদের কেউ কেউ জড়িত থাকতে পারেন। তিনি বলেন, এনআইডির সার্ভারের সুরক্ষা নিশ্চিত করা না গেলে এটা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করবে।

ফেসবুক ভেঙে দিতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জাকারবার্গ

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাকারবার্গের সঙ্গে সাক্ষাতের একটি ছবি টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা গেছে, হাত মিলিয়ে জাকারবার্গের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন ট্রাম্প। ছবিটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন- ওভাল অফিসে দারুণ সাক্ষাৎ হলো ফেসবুকের মার্ক জাকারবার্গের সঙ্গে।

তাদের এই সাক্ষাৎ প্রসঙ্গে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক খবরে বার্তা সংস্থা এএফপি বলছে, ওভাল অফিসের ওই সাক্ষাৎকারে জাকারবার্গকে ফেসবুক ভেঙে দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের সেই আহ্বান তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যানও করেন মার্ক জাকারবার্গ। ওই সাক্ষাৎকারে ট্রাম্প ও জাকারবার্গের মধ্যে ভবিষ্যৎ ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং এ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বছর জুড়েই ফেসবুকের বিরুদ্ধে ওঠা প্রতিযোগিতা, ডিজিটাল প্রাইভেসি, সেন্সরশিপ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে স্বচ্ছতার আইনি প্রশ্নে জর্জরিত জাকারবার্গ। এছাড়া বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি তদন্তের মুখেও পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচালনাকারী সংস্থাটি।

ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, চলমান এই পরিস্থিতিতে ওয়াশিংটনে তিন দিন ধরে বিভিন্ন আইনপ্রণেতার সঙ্গে সময় কাটাচ্ছেন জাকারবার্গ। ফেসবুকের ওপর চাপ সরাতেই আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এ বিষয়ে ফেসবুকের সমালোচক হিসেবে পরিচিত জশ হাওলে বলেন, জাকারবার্গের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। ফেসবুকে পক্ষপাত, প্রাইভেসি ও প্রতিযোগিতা বিষয়ে জাকারবার্গকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। একটি হচ্ছে- হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বিক্রি করে দেওয়া। আরেকটি হচ্ছে- সেন্সরশিপ বিষয়ে স্বাধীন তৃতীয় পক্ষের কাউকে দায়িত্ব দেওয়া।

জশ হাওল জানান, জাকারবার্গ দুটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেছেন।

‘২০১৩ সালেই মিয়ানমারে গণহত্যার ইঙ্গিত দিয়েছিলেন সু চি’

0

মিয়ানমারের গণহত্যার পেছনে দেশটির সামরিক বাহিনী জড়িত থাকলেও দেশটির নেত্রী অং সান সু চি তাতে কিছুই করার ছিল না, এমন একটা প্রচারণা রয়েছে। কিন্তু এখন ক্রমে স্পষ্ট হচ্ছে তাতে সু চির প্রত্যক্ষ সমর্থন ছিল। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর ‘ফর দ্য রেকর্ড’ বইয়ে সু চির সঙ্গে আলাপের প্রসঙ্গ তুলে ধরেছেন। যেখানে স্পষ্ট হয় রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর ‘জেনোসাইডের’ ইঙ্গিত ২০১৩ সালের অক্টোবরে লন্ডন সফরকালেই দিয়েছিলেন সু চি।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর ‘জেনোসাইডের’ ইঙ্গিত ২০১৩ সালের অক্টোবরে লন্ডন সফরকালেই দিয়েছিলেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। এমনকি রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও জাতিগত নির্মূল প্রসঙ্গে সাফাই গেয়ে সু চি বলেছিলেন, রোহিঙ্গারা মিয়ানমারের প্রকৃত বাসিন্দা নয়, বাংলাদেশি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর ‘ফর দ্য রেকর্ড’ বইয়ে ২০১৩ সালে সু চির সঙ্গে আলাপের বিষয়ে এসব তথ্য তুলে ধরেছেন।

গত বৃহস্পতিবার প্রকাশিত ওই বইটিতে এমন তথ্য প্রকাশিত হওয়ার পর রোহিঙ্গা ইস্যুতে সু চির মনোভাব নতুন করে আরো স্পষ্ট হয়েছে। ২০১২ সালে সু চি ভারত সফরকালে রোহিঙ্গাদের বাংলাদেশি হিসেবে অভিহিত করলে বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু বহু বছর ধরে পরিকল্পনা করে রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালানো মিয়ানমার ওই জনগোষ্ঠীকে ‘বিদেশি’ বা ‘বাংলাদেশি’ বলা ছাড়েনি।

ডেভিড ক্যামেরন তাঁর বইয়ে শান্তিতে নোবেল বিজয়ী সু চির সঙ্গে ২০১২ ও ২০১৩ সালের সাক্ষাতের বিষয়ে লিখেছেন। ২০১২ সালে সু চির সঙ্গে প্রথম সাক্ষাৎ বিষয়ে ক্যামেরন উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘আমি গণতন্ত্রপন্থী প্রচারক অং সান সু চির সঙ্গে দেখা করেছি। তিনি শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। ১৫ বছর গৃহবন্দি থাকার পর দেশকে সত্যিকারের গণতন্ত্রে রূপান্তর—কী চমৎকার ইতিহাস হতে যাচ্ছে তা তিনি বলেছেন।’

কিন্তু এক বছর পর ২০১৩ সালে ক্যামেরন লন্ডনে সু চির সঙ্গে তাঁর সাক্ষাতের বর্ণনা দিয়েছেন ভিন্নভাবে। তিনি লিখেছেন, ‘‘২০১৩ সালের অক্টোবর মাসে তিনি যখন লন্ডন সফরে এলেন তখন সবার দৃষ্টি তাঁর দেশের রোহিঙ্গা মুসলমানদের দিকে। বৌদ্ধ রাখাইনরা রোহিঙ্গা মুসলমানদের বাড়িঘর থেকে তাড়াচ্ছিল। ধর্ষণ, হত্যা ও জাতিগত নির্মূলের তথ্য আসছিল। আমি তাঁকে বললাম—বিশ্ব দেখছে। তাঁর জবাব ছিল—‘তারা (রোহিঙ্গারা) সত্যিকারের বার্মিজ নয়। তারা বাংলাদেশি।’

গত সপ্তাহে জাতিসংঘের তদন্তদল বলেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমার বাহিনীর নির্মূল অভিযান তাদের পরিকল্পনা ও উদ্যোগের অংশ মাত্র। জেনোসাইড প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে মিয়ানমার জেনোসাইড ঠেকাতে ব্যর্থতার দায় এড়াতে পারে না। জাতিসংঘের তদন্তকারীরা গত সপ্তাহে জেনেভা মানবাধিকার পরিষদে বলেছেন, রোহিঙ্গা জেনোসাইড, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার দায়ে সু চিরও বিচার হতে পারে।

মিয়ানমার সরকারের কার্যত প্রধান হিসেবে আছেন স্টেট কাউন্সেলর অং সান সু চি। রোহিঙ্গা জেনোসাইডের ব্যাপারে সু চির নীরবতা নিয়ে পশ্চিমা বিভিন্ন দেশ ও জাতিসংঘের দূতরা প্রশ্ন তুললেও ক্যামেরনের বইয়ের তথ্যে আরো স্পষ্ট হলো যে রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমার বাহিনী ও সু চির মনোভাবের তেমন কোনো পার্থক্য নেই।

মধ্যপ্রাচ্যে অস্থিরতা : সৌদি আরবে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

0

সম্প্রতি সৌদি আরবের তেল অবকাঠামোতে হামলা করা হয়। এই প্রেক্ষিতে দেশটিতে সেনা পাঠানোর পরিকল্পনার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এই সেনা মোতায়েনের বিষয়টি হবে ‘স্বাভাবিক প্রতিরক্ষামূলক’। তবে মোট কতজন সেনা পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

গত সপ্তাহে দুটি সৌদি তেলক্ষেত্রে হামলা চালানো হয়। এই হামলা দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

কিন্তু যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয় দেশই এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

এর আগে, শুক্রবার ,ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ স্তরের’ নিষেধাজ্ঞা ঘোষণা করার সময় সামরিক দ্বন্দ্ব এড়াতে চান বলে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সে সময় নতুন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং এর সার্বভৌম সম্পদ তহবিলের ওপর জোর দেওয়া হবে বলে মন্তব্য করেন ট্রাম্প।

সূত্র : বিবিসি, গার্ডিয়ান

বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা; শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

0

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
একইসঙ্গে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত জরুরি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত রাখতে, বিবাদমান গ্রুপসমূহের মধ্যেকার মতানৈক্য নিরসনে এবং সম্ভাব্য অপ্রত্যাশিত ঘটনা এড়াতে রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যগণের মৌখিক অনুমতির প্রেক্ষিতে আসন্ন পূজার নির্ধারিত ছুটির সঙ্গে ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তর জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
এ দিকে, উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বহিষ্কার করাসহ নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ এনে পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে বিকাল থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে।
শিক্ষার্থীরা জানিয়েছে, আমার এখনো আদেশের চিঠিটি পাইনি। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশের বিষয়টি আমরা শুনেছি। আমাদের একমাত্র দাবি ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ করলেই আন্দোলন থেকে সরে যাবো। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নুরউদ্দিন আহমেদ ছুটি ও হল ত্যাগের সত্যতা নিশ্চিত করে বলেছেন, উদ্ভুত পরিস্থিতি সামাল দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছি।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে জিনিয়ার বহিষ্কাররাদেশ তুলে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে নিউইয়র্ক যাবার পথে আজ বিকেলে (স্থানীয় সময়) আবুধাবী পৌঁছেন।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিট) আবুধাবী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
সংযুক্ত আরব আমীরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এর আগে, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে আবুধাবীর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

শেষটা রাঙিয়ে গেলেন মাসাকাদজা

0

সান্ত্বনার জয় নিয়েই দেশে ফিরছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জিম্বাবুয়েকে দিশা দেখালেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা নিজেই। ব্যাট হতে জ্বলে উঠে দলকে এনে দিলেন ৭ উইকেটের অসাধারণ জয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এদিন সতীর্থরা তাকে খালি হাতে ফিরতে দিলেন না। এনে দিলেন দারুণ জয়। ক্রিকেট দেবীর করুণাও ছিলো মাসাকাদজার ওপর। তার ব্যাটে ভর করেছে জিতেছে দল।

আফগানিস্তানের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্রেন্ডন টেইলরকে সঙ্গে নিয়ে দারুণ শুরু এনে দেন মাসাকাদজা। ১৯ রানে টেইলরকে ফেরান মুজিব। কিন্তু মাসাকাদজার ব্যাটের ঝড় তাতে এতটুকু কমেনি। চাকাভা ক্রিজে এসে দারুণ সঙ্গ দেন। ৪২ বলে ৭১ রানের দৃষ্টি নন্দন ইনিংস খেলে দৌলত জাদরানের শিকার হন মাসাকাদজা। ৪ বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিলো তার ইনিংসটি। চাকাভার ব্যাট থেকে আসে ৩৯ রান। টপ অর্ডারের কৃতিত্বে হাতে চলে আসা ম্যাচটা সহজেই নিজেদের করে নেন শেন উইলিয়ামসন। তিনি অপরাজিত থাকেন ২১ রানে।
এর আগে ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুললেও শেষ দিকে দ্রুত উইকেট হারায় আফগানিস্তান, সঙ্গে রানের গতিও কমে যায়।
দুই ওপেনর হজরতুল্লাহ জাজাই এবং রহমতুল্লাহ গুরবাজ টি-২০ ক্রিকেটের পুরো সৌন্দর্য নিয়েই হাজির হয়েছিলেন। ইনিংসের নবম ওভারে যখন ওপেনার হজরতুল্লাহ বিদায় নেন তখন আফগানদের রান ৮৩। ২৪ বলে ৩১ রানে ফেরেন জাজাই। রহমতুল্লাহ তখনো কচুকাটা করে চলেছেন জিম্বাবুয়ের বোলারদের। কিন্তু শুরুতে ঝড়ো মেঘের যে গর্জন শোনা যাচ্ছিলো শেষ পর্যন্ত তা পরিণত হয় উইকেট বর্ষণে।
১৪তম ওভারে ৬১ রান করা রহমতুল্লাহকে ফেরান শেন উইলিয়ামস। আর এখান থেকেই শুরু হয় আফগান ব্যাটসম্যানদের ধস।
ক্রিস এমপুফু রান খরচা একটু বেশি করলেও তুলে নেন ৪টি উইকেট। শেষ ১০ ওভারে ৭১ রান তুলতে গিয়ে ৭টি উইকেট হারায় রশিদ খানের দল।

শুটিংয়ে অংশ নিতে শ্রাবন্তী ঢাকায়

0

নতুন ছবি ‘বিক্ষোভ’র শুটিংয়ে অংশ নিতে টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঢাকায় এসেছেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগত শান্ত খান। তার সঙ্গে অভিনয় করছেন শ্রাবন্তী। বর্তমানে গাজীপুরে ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন শ্রাবন্তী।

শামীম আহমেদ রনির গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। চলতি মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত মুম্বাইয়ে সানি লিওনের আইটেম গানের দৃশ্য ধারণ করা হয়েছে।

শুধু গাজীপুরে নয়। চলতি মাস ঢাকার বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হবে। ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

‘বিক্ষোভ’ প্রসঙ্গে নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘প্রতিবছর শত শত মেধাবী শিক্ষার্থীর জীবন চলে যায় সড়ক দুর্ঘটনায়। এ বিষয়টি মানবিকতার জায়গা থেকে নাড়া দিয়েছেন। চলচ্চিত্রের মাধ্যমে নিরাপদ সড়ক দাবির ইস্যুটি দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, বিক্ষোভের মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন অনেক কিছু পাবে। আগামী বছর ‘বিক্ষোভ’ দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই’।

শ্রাবন্তী, শান্ত ছাড়াও ছবিতে অভিনয় করছেন বলিউডের রাহুল দেব। এ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে পারফর্ম করছেন বলিউড তারকা সানি লিওন। তিনি যে গানে পারফর্ম করছেন, সেটি গেয়েছেন কোনাল।

সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা ২৭ সেপ্টেম্বর

0

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক লিমিটেডের একটি পদে নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক লিমিটেড

পদের নাম: সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পরীক্ষার ধরন: এমসিকিউ
পূর্ণমান: ১০০ নম্বর
পরীক্ষার তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০১৯
বার: শুক্রবার
সময়: সকাল ৯টা-১০টা
পরীক্ষার স্থান: বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল
প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://http://erecruitment.bb.org.bd থেকে সংগ্রহ করতে পারবেন।
শর্ত: পরীক্ষার্থীরা মূল প্রবেশপত্র, কলম ও ক্যালকুলেটর ছাড়া আর কিছু সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।