Home Blog Page 3480

সাত দেহরক্ষীসহ যুবলীগ নেতা জি কে শামীম আটক

0

যুবলীগের কেন্দ্রীয় নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর নিকেতনের অফিস থেকে ৬ দেহরক্ষীসহ তাকে আটক করা হয়।

দেহরক্ষীদের মধ্যে প্রধান দেহরক্ষী শহীদুল মুরাদ কামাল ও জাহিদের পরিচয় পাওয়া গেছে। নিকেতন ৪ নম্বর রোডের ১১৪ নম্বর ভবনে জিকেবি কোম্পানি প্রাইভেট লিমিটেড শামীমের বাণিজ্যিক কার্যালয়। জিকে শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

জানা গেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের ঘনিষ্ঠ।

‘ক্যাসিনোগুলো ছিল বিএনপির সময়’

0

‘বিএনপি যা করতে পারেনি সেটি আওয়ামী লীগ সরকার করছে। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। খালেদা জিয়া সরকার যা পারেননি, শেখ হাসিনা সরকার তা করছে।’

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি ক্যাসিনোর শহর বানিয়েছিল- এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম ৮-৯ মাসেও ব্যবস্থা নিয়েছি। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনো অ্যাকশন নেয়নি। তিনি বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘শুধু ছাত্রলীগ, যুবলীগ নয়- আওয়ামী লীগের যারা এসব কাজের সঙ্গে যুক্ত, তাদের মনে রাখা উচিত, কাউকে ছাড় দেওয়া হবে না।’

সৌদি তেল স্থাপনায় হামলা : ‘শান্তিপূর্ণভাবে সমাধানের’ পক্ষে পম্পেও

0

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার বলেছেন, সৌদি আরবের তেল স্থাপনায় হামলার কারণে সৃষ্ট সংকট যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। ইরান ‘সর্বাত্মক যুদ্ধের’ আশঙ্কা ব্যক্ত করার পর তিনি এমন কথা বললেন।
পম্পেও সৌদির দু’টি তেল স্থাপনায় সপ্তাহান্তে নাটকীয় হামলার জন্য ইরানকে দায়ী করে ‘যুদ্ধ কর্মকান্ডের’ নিন্দা জানান। এ হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদন প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে।
এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ড এ অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। উল্লেখ্য, সেখানে প্রাধান্য বিস্তারে সৌদি আরব ও ইরান দশকের পর দশক ধরে বিভিন্ন ধরনের কর্মকান্ড চালিয়ে আসছে।
রিয়াদ ও আবুধাবিতে মিত্র দেশগুলোর সাথে বৈঠকের পর পম্পেও বলেন, তেল স্থাপনায় ইরানের হামলার কারণে এ অঞ্চলে অভূতপূর্ব ঐকমত্যের সৃষ্টি হয়েছে।
এদিকে ইরান তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রত্যাখান করেছে এবং ইয়েমেন বিদ্রোহীরা সৌদি তেল স্থাপনায় হামলার দায়িত্ব প্রত্যাখান করেছে।
পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র এ সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার ব্যাপারে আগ্রহী।
তিনি সাংবাদিকদের বলেন, এ সংকটের ‘আমরা একটি শান্তিপূর্ণ সমাধান দেখতে চাই। আমি মনে করি আমরা সে লক্ষ্যে সে ধরনের আচরণ প্রদর্শনও করেছি।’
‘আমি আশা করি ইরানও একই ধরনের আচরণ প্রদর্শন করবে।’
খবর এএফপি

ডিজিটাল বাংলাদেশের দ্বিতীয় পর্যায়

0

১.
পৃথিবীতে যেসব বিচিত্র বিষয় নিয়ে ব্যবসা হয়, আমার ধারণা সেগুলোর একটি হচ্ছে তথ্য-উপাত্তের ব্যবসা, ইংরেজিতে আজকাল খুব সহজে যাকে আমরা বলি ‘ডাটা’। এটি যদি খুব ছোটখাটো ব্যবসা হতো, তাহলে তা নিয়ে কেউ মাথা ঘামাতো না। কিন্তু এটি মোটেও ছোটখাটো ব্যবসা নয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসাগুলোর একটি, শুনেও ঠিক বিশ্বাস হতে চায় না তথ্য-উপাত্তের ব্যবসা নাকি পৃথিবীর তেল গ্যাসের মতো বড় ব্যবসা!
প্রশ্ন হচ্ছে তথ্য-উপাত্ত বলতে আমরা ঠিক কী বোঝাই? এটা নিয়ে আবার ব্যবসা হয় কেমন করে? আমি যেভাবে বুঝি সেটা এরকম—‘আমি’ মানুষটিকে নিয়ে কেউ ব্যবসা করতে চাইবে না, মানুষ হচ্ছে এক ধরনের যন্ত্রণা, মানুষের যদি মূল্য থাকতো তাহলে আমাদের দেশের দশ লাখ রোহিঙ্গা নিয়ে পৃথিবীতে কাড়াকাড়ি পড়ে যেতো। ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো বর্ডারে একটা দেয়াল তোলার জন্য এত ব্যস্ত হতেন না। ভূমধ্যসাগরে শরণার্থীরা এভাবে ডুবে মারা যেতেন না। মানুষের কোনও ব্যবসামূল্য না থাকলেও তাদের তথ্য-উপাত্ত বিশাল মূল্যবান জিনিস। আমাকে নিয়ে কেউ টানাটানি করবে না কিন্তু আমি কী খাই, কী পরি, কী পড়ি, কোথায় থাকি, আমার বন্ধুবান্ধব কারা, আমি কোন সিনেমা দেখতে পছন্দ করি, আমার প্রিয় চিত্রতারকা কে—এসব তথ্য বিশাল মূল্যবান জিনিস। শুধু আমার একার এই তথ্য-উপাত্ত হয়তো খুব বেশি মূল্যবান নয়, কিন্তু সারা পৃথিবীর কোটি কোটি মানুষের তথ্য-উপাত্ত একসঙ্গে পেয়ে গেলে তার মূল্য অবিশ্বাস্য। সেগুলো দিয়ে পৃথিবীকে ওলটপালট করে ফেলা যায়। জ্ঞানী-গুণীরা আজকাল সোজাসুজি বলতে শুরু করেছেন, যিনি সবচেয়ে বেশি তথ্য-উপাত্ত ব্যবহার করতে পারবেন, তিন এখন এই পৃথিবী নিয়ন্ত্রণ করবেন।
আমরা কী আমাদের দেশেও এই বিষয়গুলো দেখতে শুরু করিনি? একজন রাজনৈতিক নেতা যখন আন্দোলন চাঙা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাশ ফেলে দেওয়ার পরিকল্পনা করেন, টেলিফোনে তার কথাবার্তা সময়মতো ফাঁস হয়ে যায়; ছাত্রলীগ যখন কোটি কোটি টাকার চাঁদাবাজি করে, সেই কথাবার্তাও ফাঁস হয়ে যায়! কেউ না কেউ তথ্যগুলো যতœ করে রক্ষা করে, সময়মতো ব্যবহার করে। কাউকে ঘায়েল করার জন্য এর থেকে বড় অস্ত্র আর নেই!
আমরা সবাই নিশ্চয়ই লক্ষ করেছি, এসব তথ্য-উপাত্তগুলো আমাদের ওপরেই ব্যবহার করা হচ্ছে। আমি যখন গুগলে কোনও কিছু খুঁজতে চাই, শব্দটা টাইপ করার আগেই গুগল সেটা আমাকে বলে দেয়। এর কারণ, আমি কোন ধরনের তথ্য খুঁজতে চাই গুগল সেটা আমার থেকে ভালো করে জানে। আমাজনে যখন বই ঘাঁটাঘাঁটি করি, আমি কিছু করার আগেই তারা আমাকে আমার পছন্দের বইগুলো দেখাতে শুরু করে। আমার পছন্দ অপছন্দ সব তারা এরইমধ্যে জেনে গেছে। ইউটিউবে গান শুনতে চাইলেই তারা আমার সামনে একটার পর একটা রবীন্দ্রসংগীত হাজির করতে থাকে! এরকম উদাহরণের কোনও শেষ নেই এবং আমরা যারা নানা কাজে নেট ব্যবহার করি তারা এটা নিয়ে কোনও আপত্তি করিনি; বরং বলা যায় বিষয়টা হয়তো উপভোগই করেছি।
কিন্তু এই একেবারে নির্দোষ সাহায্যের ব্যাপারটি যে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হয়ে যেতে পারে, পুরো পৃথিবী ওলটপালট হয়ে যেতে পারে, সেটা কি সবাই জানেন? ডোনাল্ড ট্রাম্প নামে একজন চরম অমার্জিত ব্যবসায়ী আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাওয়ার কারণে যে পুরো পৃথিবীটা একটা অবিশ্বাস্য রকমের বিপজ্জনক জায়গা হয়ে গিয়েছে, সেটি কি কেউ অস্বীকার করতে পারবে? তার নির্বাচনি প্রক্রিয়াটি কেমন ছিল?
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া আমাদের নির্বাচন প্রক্রিয়া থেকে অনেক ভিন্ন। এর খুঁটিনাটিতে না গিয়ে খুব সহজভাবে বলা যায়, নির্বাচনের আগেই খুঁজে বের করে ফেলা হলো কোন স্টেটে কতজন মানুষকে নিজেদের দিকে টেনে নিতে পারলে নির্বাচনে জিতে যাওয়া যাবে। এই অংশটুকু সহজ কিন্তু নির্দিষ্ট সংখ্যক মানুষকে নিজের দিকে টেনে নেয়া এত সহজ না। তবে ব্যাপারটা সহজ হতে পারে যদি প্রত্যেকটা ভোটারের চিন্তার ধরন, পছন্দ-অপছন্দের বিষয়গুলো আগে থেকেই জেনে যায়। যারা আগে থেকেই নিজের দলে আছে তাদের পেছনে সময় নষ্ট করার কোনও প্রয়োজন নেই। যাদের কোনোভাবেই নিজের দিকে টেনে নেওয়া যাবে না তাদের পিছনেও সময় নষ্ট করে কোনও লাভ নেই। এই দুই দলের মাঝখানের যারা দোদুল্যমান, তাদের কাউকে কাউকে নিজের দিকে টেনে নেওয়া যাবে। কাজটা খুব সহজ যদি মানুষগুলো সম্পর্কে আমি জানি। সবাইকে একভাবে প্ররোচিত না করে যে যেভাবে কথা শুনতে চায় তাকে সেভাবে কথা শুনিয়ে মুগ্ধ করতে হবে।
আমেরিকার নির্বাচনে ঠিক এই কাজটাই করা হয়েছিল। বলা হয়ে থাকে নির্বাচনি প্রচারণার সময় আমেরিকার প্রত্যেক ভোটারের প্রায় পাঁচ হাজার ভিন্ন ভিন্ন তথ্য ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন পরিচালনা টিম জেনে গিয়েছিল। ক্যামব্রিজ এনালিটিকা নামে একটা তথ্যপ্রযুক্তি কোম্পানি এ ব্যাপারে সাহায্য করেছিল। তারা তথ্যগুলো পেয়েছিল ফেসবুকের কাছ থেকে। যারা ফেসবুক ব্যবহার করেন তারা সেখানে কী লেখেন, সেখান থেকে কী পড়েন, ফেসবুক সবকিছু জানে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেগুলো একটু বিশ্লেষণ করলেই প্রত্যেকটা মানুষের নাড়ির খবর বের করে ফেলা যায়। ক্যামব্রিজ এনালিটিকা যে পদ্ধতিতে ফেসবুকের কাছ থেকে প্রতিটি ভোটারের পছন্দ অপছন্দের বিষয়গুলো এবং আলাদাভাবে তাদের মনমানসিকতা, চিন্তার পদ্ধতি বের করে নিয়ে এসেছিল সেটি আইনসম্মত ছিল না।
সেটি যখন জানাজানি হয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এর মাঝে প্রতিদিন ফেসবুকে এক মিলিয়ন ডলারের বিজ্ঞাপন দিয়ে ঠিক যে কয়জন মানুষকে প্রভাবিত করে নির্বাচনের ফল পাল্টে ফেলা যাবে, সেটা করে ফেলা হয়েছে। তারা যে ভাষায় যে কথা শুনতে পছন্দ করেন, তাদের ঠিক সেই ভাষায় সেই কথা শোনানো হয়েছে। তার ফল আমরা সবাইকে জানি, সারা পৃথিবীর সব মানুষ হতবুদ্ধি হয়ে একদিন আবিষ্কার করেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট একজন রুচিহীন অমার্জিত অশালীন ব্যবসায়ী। শুধু আমেরিকার নির্বাচন নিয়ে নয়, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে যুক্তরাজ্য তছনছ হয়ে যাচ্ছে, প্রচলিত ভাষায় আমরা যেটাকে ব্রেক্সিট বলি, সেটাও ঠিক একই কায়দায় একইভাবে করা হয়েছিল। সেটার দায়িত্বটুকুও নিয়েছিল ক্যামব্রিজ এনালিটিকা নামের তথ্যপ্রযুক্তির সেই নীতিবিবর্জিত কোম্পানি।
অনেকেই হয়তো জানেন, এক-দুজন মানুষের আদর্শবাদী প্রতিবাদী ভূমিকার কারণে শেষ পর্যন্ত বিষয়গুলো সাধারণ মানুষের চোখের সামনে এসেছে। শেষ পর্যন্ত ক্যামব্রিজ এনালিটিকাকে আইনের মুখোমুখি হতে হয়েছে এবং নিজেদের দেউলিয়া ঘোষণা করে কোম্পানিটা শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। ফেসবুকের কিছু হয়নি, তারা বহাল তবিয়তে পৃথিবীর সব মানুষের তথ্য সংগ্রহ করে যাচ্ছে। পৃথিবীর সাধারণ মানুষ গদগদ হয়ে সকল তথ্য তাদের হাতে তুলে দিয়ে কৃতার্থ হয়ে যাচ্ছেন। তারা জানেনও না এসব বড় বড় তথ্যপ্রযুক্তির দানবদের সামনে তারা একজন উলঙ্গ মানুষের মতো। কারণ, তাদের কোনও কিছুই এই দানবদের অজানা নেই! ডোনাল্ড ট্রাম্প শুধু যে প্রবল প্রতাপে আছেন তা নয়, সামনের নির্বাচনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন!
সাধারণ মানুষের কোনও ধরনের মাথাব্যথা না থাকলেও যারা বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করেন তারা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে শুরু করেছেন। তাদের অনেকের ধারণা, ‘সুষ্ঠু নির্বাচন’ বলে যে বিষয়টি আমরা এতদিন জেনে এসেছি পৃথিবীতে সেটি আর ঘটবে না! আমরা হয়তো তার প্রমাণও দেখতে শুরু করেছি। সারা পৃথিবীতে যেভাবে ধর্মান্ধ শক্তির উত্থান হতে শুরু করেছে সেটি কী স্বাভাবিক ঘটনা? আপাতদৃষ্টিতে যেটাকে একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া মনে হচ্ছে সেগুলো কী আসলেই তাই!
যেহেতু আমাদের তথ্য দিয়েই আমাদের ঘোল খাওয়ানো হচ্ছে, তাই নিজের তথ্য রক্ষা করার জন্য সারা পৃথিবীতেই ধীরে ধীরে এক ধরনের সচেতনতা তৈরি হতে শুরু করেছে। মানুষকে বোঝানো শুরু হয়েছে যে, ‘তোমার তথ্যটি আসলে তথ্য নয়, সেটি হচ্ছে সম্পদ। এই সম্পদের মালিক তুমি। এই সম্পদটি তুমি রক্ষা করো।’ আমি যদি লুটপাট কিংবা ডাকাতি করার জন্য আমার ঘরের দরজা ডাকাতদের জন্য খুলে না দেই, তাহলে কেন ডিজিটাল সন্ত্রাসীদের জন্য আমার নিজের সব তথ্যভাণ্ডার উন্মুক্ত করে দেবো? (ডিজিটাল সন্ত্রাসী শব্দটা আমার বানানো শব্দ নয়, আজকাল অনেক সময় এই শব্দটা ব্যবহার করা হয়। আমার ধারণা এটি একটি যথার্থ শব্দ!)।
সোশ্যাল নেটওয়ার্কও একটি নতুন বিষয়। আমাদের চোখের সামনে দেখতে দেখতে এটি সারা পৃথিবীকে দখল করে নিতে শুরু করেছে! যারা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করেছেন তাদের যদি এটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে তারা গলা কাঁপিয়ে, আবেগে আপ্লুত হয়ে বলবে, সোশ্যাল নেটওয়ার্ক আমাদের সবাইকে একের সঙ্গে অন্যকে যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে আমরা কিন্তু পুরো উল্টো বিষয়টা দেখবো। মনে হচ্ছে এটা পৃথিবীটাকে ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য তৈরি হয়েছে। (এটি আমার নিজের কথা নয়, এটি গুরুত্বপূর্ণ মানুষদের চিন্তাভাবনা করে বলা কথা।) তবে, কথাটি সত্যি নাকি বানোয়াট আমরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারি। দশ লাখ রোহিঙ্গার ওপর গণহত্যা চালিয়ে তাদের আমাদের দেশে পাঠানোর আগে দীর্ঘদিন মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে তাদের একটি দূরত্ব তৈরি করা হয়েছিল, শুধু বিভেদ নয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর প্রতিহিংসা তৈরি করা হয়েছিল। কেমন করে এত সহজে কাজটি করা হয়েছিল? আমরা খোঁজ নিলেই দেখতে পাবো, সেটা করা হয়েছিল সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে। আমাদের দেশের উদাহরণও যদি আমরা নেই আমরা ঠিক একই ব্যাপার দেখবো। এখানে রামু কিংবা ব্রাহ্মণবাড়িয়ার সেই ভিন্ন ধর্মের ওপর আঘাতের বিষয়টি করা হয়েছিল ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে। পৃথিবীতে এখন ডোনাল্ড ট্রাম্পের মতো আরও একজন মানবতাবিরোধী রাষ্ট্রপ্রধান হচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। এই মানুষটিও মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে নির্বাচনে জিতে এসেছেন এবং সবাই জানেন এর জন্যে এই মানুষটি ব্যাপকভাবে হোয়াটস অ্যাপ ব্যবহার করেছেন। এরকম উদাহরণের কোনও অভাব নেই। শেষ পর্যন্ত সোশ্যাল নেটওয়ার্কগুলোর ভেতর এগুলো বন্ধ করার জন্য চাপ দেওয়া শুরু হয়েছে। তারা বাধ্য হয়ে শেষ পর্যন্ত মানুষের মাঝে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে কাজ করতে শুরু করেছেন। সেদিন খবরে দেখেছি মানুষের মাঝে বিদ্বেষ ছড়ানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে! এগুলো একান্তই লোকদেখানো কাজ, করা হচ্ছে অনেক দেরি করে, অনেক ছোট পরিসরে। দুধ-কলা খাইয়ে একবার একটা দানব তৈরি করে ফেললে পরে মাথায় হাত বুলিয়ে শান্ত করা যায় না।
২.
বলা যেতে পারে এই লেখাটির ওপরের অংশটি হচ্ছে ভূমিকা, এখন আমি আমার মূল বক্তব্য বলতে চাইছি। পৃথিবীতে যে তথ্য নিয়ে একটা হুলস্থুল কর্মকাণ্ড ঘটছে সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। আগে যেরকম একটি দেশ অন্য দেশকে কলোনি করে ফেলতো এখন সেটার একটা নতুন রূপ হয়েছে—সেটা হচ্ছে ‘ডাটা কলোনি’। এখানে বড় বড় তথ্যপ্রযুক্তি দানবেরা আমাদের দেওয়া তথ্য ব্যবহার করে তাদের তথ্যপ্রযুক্তির ভিত্তি তৈরি করেছে এবং আমরা বুঝে হোক না বুঝে হোক সেই বড় বড় দানবদের তৈরি করা কলোনির অধিবাসী হয়ে আছি। কলোনির অধিবাসীদের এক ধরনের মানসিকতা থাকে, এক ধরনের হীনম্মন্যতা থাকে, আমাদের ভেতরে ঠিক সেটা ঘটে গেছে। আমরা নিজেরা কিছু করি না, করা যেতে পারে আমাদের সেই ক্ষমতা আছে সেটাও বিশ্বাস করি না। সব সময়েই বড় বড় ডিজিটাল দানবদের মুখ চেয়ে থাকি, তাদের সেবা গ্রহণ করে কৃতার্থ হয়ে যাই। আমরা মনে করি তারা আমাদের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন অথচ ব্যাপারটা যে ঠিক তার উল্টো সেটা বুঝতে চাই না!
যখন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখা হয়েছিল সেটি ছিল এই দেশের জন্য অনেক বড় একটি পদক্ষেপ। আমার মনে আছে ডিজিটাল বাংলাদেশ বলে ঠিক কী বোঝানো হয়েছিল দেশের বেশিরভাগ মানুষ প্রথমে সেটা পর্যন্ত বুঝতে পারেননি! কিন্তু তাতে সমস্যা হয়নি। ধীরে ধীরে সবাই সেটা বুঝতে পেরেছেন, অনেক কিছু হয়েছে যেটা এমনিতে হতো না।
আমি মনে করি এখন ডিজিটাল বাংলাদেশের পরবর্তী পর্যায়ে পা দেওয়ার সময় হয়েছে, যেখানে আমরা অন্যদের তৈরি করে দেওয়া প্রযুক্তি ব্যবহার করে সন্তুষ্ট থাকবো না, নিজেরা নিজেদের প্রযুক্তি তৈরি করে নেবো। এই মুহূর্তে আমরা হয়তো মেট্রোরেল তৈরি করতে পারবো না, চন্দ্রযান তৈরি করতে পারবো না, কিন্তু অবশ্যই নিজেদের সার্চ ইঞ্জিন, নিজেদের সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্ম তৈরি করতে পারবো। তথ্যপ্রযুক্তির নিরাপত্তা একটি অনেক বড় বিষয়, পৃথিবীর সব দেশ এখন সেই নিরাপত্তার জন্য তাদের সমস্ত শক্তি ব্যয় করতে শুরু করেছে, আমরা এখনও বিদেশের মুখাপেক্ষী হয়ে আছি। পৃথিবীতে যে তথ্যপ্রযুক্তির একটা বিশাল বিপ্লব ঘটে যাচ্ছে তার পেছনে যে মূল চালিকাশক্তি সেটি হচ্ছে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’। আমরা সেটা মাত্র ব্যবহার শুরু করেছি কিন্তু এই জ্ঞানটুকুর নিজস্ব রূপ আমাদের নেই। এ মাসের শেষে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার কম্পিউটারায়নের ওপর একটা আন্তর্জাতিক কনফারেন্স হচ্ছে। গত বছরের মতো এ বছরেও সারা পৃথিবী থেকে বাংলা ভাষার বড় বড় গবেষকরা আসছেন, অনেক পেপার জমা পড়েছে, সেখান থেকে বেছে বেছে গোটা ত্রিশেক পেপার উপস্থাপন করা হবে। আমি সেগুলোর ওপর চোখ বুলিয়েছি, প্রায় সব পেপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গবেষণা। তারপরেও আমি ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলি—আমরা শুধু প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছি, কখন আমরা নিজেরা প্রযুক্তি তৈরি করবো?
আমি নিশ্চিতভাবে জানি আমাদের দেশে এখন মানবসম্পদ আছে। এই দেশে যথেষ্ট চ্যালেঞ্জ নেই বলে তারা বিদেশ পাড়ি দেন। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন, কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করেন! আমরা কী আমাদের দেশে গবেষণার একটা ক্ষেত্র তৈরি করতে পারি না, যেখানে আমাদের তরুণ প্রজন্ম কাজ করবে, বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করার জন্য নয়, দেশকে ভবিষ্যৎ আগ্রাসন থেকে রক্ষা করার জন্য। আমরা অতীতে কলোনি হয়ে থেকেছি, ভবিষ্যৎ প্রজন্মকে যেন আর কখনও কলোনি হতে না হয়। অন্যের কলোনি হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের, অনেক লজ্জার!
ডিজিটাল বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে আমরা এখন পা দিতে চাই।
লেখক : কথাসাহিত্যিক। অবসরপ্রাপ্ত অধ্যাপক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

দুই লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

0

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে ফিশিং ট্রলারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলো- মিয়ানমার আকিয়াব জেলার মো. দইলা (২০), মো. রবি আলম (১৭), মো. আলম (২৫), মো. শফিকুল (১৮), মো. নুর (১৮), মো. নুর আলম (৩০), আলী আজমদ (২০), নুরুল আমীন (৩৫)।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. সোহেল রানার নেতৃত্বে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। ট্রলারটি থেকে মিয়ানমারের ৮ নাগরিককে আটক করা হয়েছে।
ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি : নিহত ১

0

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে মাত্র ২ মাইল দূরে ওই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় হতাহতদের সবাই প্রাপ্তবয়স্ক।
পুলিশ জানিয়েছে, ওয়াশিংটন ডিসির রাস্তায় গোলাগুলি হয়েছে। ওই এলাকা হোয়াইট হাউস থেকে বেশি দূরে নয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
গোলাগুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একই সঙ্গে ক্যামেরার ফুটেজ খুঁজে দেখা হচ্ছে।

সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ

0

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্ত থেকে কামাল (৩২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শুক্রবার ভোরে নাগরভিটা সীমান্তের ৩৬৯/(২) পিলার এলাকা থেকে কামালকে ধরে নিয়ে যান ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।
স্থানীয়রা জানান, ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯/(২) পিলার এলাকায় যায় কামাল। এ সময় তাকে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করে। পরে পিটিয়ে কামালকে হত্যা করে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, ভারতীয় বিএসএফকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বৈঠকে পিটিয়ে হত্যার কারণ খতিয়ে দেখে লাশ ফেরত আনা হবে।

দুর্নীতির বিরুদ্ধে আসছে সমন্বিত অভিযান

0

দুর্নীতি দমনে সমন্বিত অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্নীতি দমন কমিশন (দুদক), এনবিআরসহ সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে এ কাজে আরো সক্রিয় করা হবে। সরকারের উচ্চপর্যায়ের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্নীতির সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের নাম ব্যাপকভাবে আলোচনায় আসার পর এ নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়, যা সরকারের ভাবমূর্তি ম্লান করছে বলে মনে করা হচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পর দুর্নীতি দমনে সমন্বিত কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের দায়িত্বশীল একটি সূত্র কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রম মনিটর করবেন বলে জানা গেছে। তিনি উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দেখে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য দুর্নীতিবাজদের একটি তালিকা তৈরি করবেন। ওই তালিকা দুদক, এনবিআরসহ সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। সে অনুযায়ী পর্যায়ক্রমে ব্যবস্থা নেবে দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানগুলো। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরেও আনা হবে।

হঠাৎ করে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে বলে মনে করছেন সরকারের নীতিনির্ধারকরা। আর এ অপরাধে জড়িত সরকারদলীয় কিছুসংখ্যক নেতাকর্মী, যার দায় এসে পড়েছে সরকারের ওপর। তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অর্থপাচার রোধ এবং সরকারি দলের দুর্নীতিবাজ নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে সমন্বিত এ অভিযান পরিচালনা করা হবে। সরকারের সমন্বিত এই কাজের প্রধান লক্ষ্য দুর্নীতির সঙ্গে জড়িতদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করে এ অপরাধ থেকে তাঁদের দূরে রাখা। ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম অন্য সংগঠনগুলোর কিছুসংখ্যক নেতাকর্মীর কারণে জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা সরকার নিরসন করতে চায়।

চাঁদাবাজির অভিযোগে গত শনিবার ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদচ্যুত করা হয়। গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে যুবলীগের দুই নেতার দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিতর্কিত নেতাদের ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করে তিনি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। এরপর গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে। সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে অভিযান জোরালো করবে সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত বুধবার ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগ কিংবা দলের সহযোগী সংগঠনের কোনো নেতা দুর্নীতি করলে দুদক ব্যবস্থা নেবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে বলা আছে। অপরাধ করে আওয়ামী লীগের কেউ পার পাবেন না। এর আগে গত সপ্তাহে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, সরকারি দলের এমপিদের বিরুদ্ধেও দুদক চার্জশিট দিয়েছে। অভিযোগ পাওয়ার পর একাধিক এমপির বিরুদ্ধে তদন্ত হয়েছে। অভিযুক্তরা জামিনের জন্য সহযোগিতা চাইলেও তাঁদের কথা শোনেননি বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান এমপি গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত আছে। তবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আরো অ্যাকটিভ হওয়া প্রয়োজন। আমাদের সরকার সেটাই করছে। আমরা নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রক্ষা করতে চাই।’

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ গতকাল কালের কণ্ঠকে বলেন, “দুর্নীতির বিষয়ে পত্রপত্রিকায় যেসব সংবাদ ছাপা হচ্ছে, তা আমরা দেখছি। আমাদের নিজস্ব ‘প্রসেস’ অনুযায়ী এসব ব্যাপারে পদক্ষেপ নেব।”

সাম্প্রতিক সময়ে আলোচিত ছাত্রলীগের পদচ্যুত দুই নেতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাঁদের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে সংবাদমাধ্যমে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ এসেছে সে সম্পর্কে তিনি অবগত।

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান খানের বিরুদ্ধে এ সরকারের আমলেই দুর্নীতির মামলা করেছে দুদক। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধেও দুদক দুর্নীতির মামলা করে। কক্সবাজারের বহুল আলোচিত সরকারদলীয় সাবেক এমপি আবদুর রহমান বদি দুদকের মামলায় কারাগারে ছিলেন। এরপর তিনি দলীয় মনোনয়নবঞ্চিত হন। শেরপুরের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এবং নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খানের দুর্নীতির বিষয়ে তদন্ত করেছে দুদক। প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবদুল ওদুদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে।

ক্রাশ প্রগ্রাম নিয়ে নামছে প্রশাসন

0

সারা দেশের নদ-নদী অবৈধ দখলমুক্ত করতে এক বছরের ক্রাশ প্রগ্রাম (উচ্ছেদ কার্যক্রম) হাতে নিয়েছে সরকার। এ জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এই কার্যক্রমের আওতায় নদীর অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি নদীর জমি কারো নামে লিজ দেওয়া হয়ে থাকলে কিংবা কারো মালিকানায় থাকলে তা বাতিল করা হবে। নদীর জমি ভুলক্রমে কিংবা অসৎ উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড হয়ে থাকলে তা বাতিল হবে। নদীর সীমানা চিহ্নিত করা হবে। মরা নদীর জমি চিহ্নিত করার জন্য জরিপ পরিচালনা করা হবে। মরা নদীর জমি সংরক্ষণ করা হবে।

একই সঙ্গে সরকারের ১০০ বছর মেয়াদি ডেল্টা প্ল্যান অনুসারে সারা দেশের নদ-নদী, খাল ও জলাশয় দখল ও দূষণমুক্তকরণ, সংরক্ষণ ও উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আটটি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় নদী রক্ষা কমিশন এরই মধ্যে সারা দেশের জেলাভিত্তিক নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা তৈরি করেছে। এই তালিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশও করা হয়েছে। দেশের ৬১ জেলায় ৪৬ হাজার ৭৪২ জন দখলদার চিহ্নিত করা হয়েছে। তবে ময়মনসিংহ, গাইবান্ধা ও পঞ্চগড়—এই তিন জেলা প্রশাসন এখনো নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা জমা দেয়নি। তাদের আগামী এক সপ্তাহের মধ্যে তালিকা তৈরি করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সরকারের সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার কালের কণ্ঠকে বলেন, দেশের নদ-নদী রক্ষার একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে জাতীয় নদী রক্ষা কমিশন নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সারা দেশের নদ-নদীকে দখলমুক্ত করার জন্য এর আগে তৈরি করা অবৈধ দখলদারদের তালিকা ধরে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য এক বছর মেয়াদি ক্রাশ প্রগ্রাম হাতে নেওয়া হয়েছে। তিনি এই কার্যক্রমে দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে গত ২৭ আগস্ট জেলা প্রশাসকদের কাছে ক্রাশ প্রগ্রাম পরিচালনার নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশের কথা বলা হয়েছে। তালিকা অনুসারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নদীর সীমানা চিহ্নিত করতে বলা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা নদ-নদী ও তীরভূমি, ফোরশোর যাতে পুনঃ দখল না হয় তার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন/উপজেলা ভূমি অফিসের নিয়মিত পরিদর্শন ও নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ নিতেও বলা হয়েছে।

নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে নেত্রকোনার জেলা প্রশাসক মইন উল ইসলাম কালের কণ্ঠকে জানান, তাঁরা এই নির্দেশনা পেয়েছেন। নির্দেশনা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করছেন। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গণি জানিয়েছেন, নদী দখলমুক্ত করার জন্য এরই মধ্যে অবৈধ দখলদারদের নোটিশ পাঠানো হয়েছে, খননকাজ শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে, তার আগেই নদী দখলমুক্ত হবে।

নদ-নদী রক্ষার ক্ষেত্রে বিদ্যমান আইন অনুসারে জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে জেলা প্রশাসক ও কালেক্টররা কী কী আইন প্রয়োগ করতে পারবেন তা-ও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। নদ-নদী রক্ষায় হাইকোর্টের ১৩৯৮৯/২০১৬ নম্বর রিট পিটিশনের আদেশও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ করে বলা হয়েছে, নদীর জমি কোনো ব্যক্তি/গোষ্ঠী/প্রতিষ্ঠানের নামে মালিকানা থাকলে তা বাতিল করার ক্ষমতা রয়েছে জেলা প্রশাসকের। একইভাবে জমি কোনো ব্যক্তি/গোষ্ঠী/প্রতিষ্ঠানের নামে রেকর্ড হয়ে থাকলেও তা বাতিল ও সংশোধন করার ক্ষমতা রয়েছে জেলা প্রশাসকের। এই প্রসঙ্গে ভূমি মন্ত্রণালয়ের ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর জারি করা একটি পরিপত্রও যুক্ত করা হয়েছে। নদ-নদীর দখল উদ্ধারে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধি- ১৩৩, ১৩৯(ক) ধারায় নদী, খাল ও পথ/স্থানের গণ-উৎপাত বা উপদ্রব অপসারণের আদেশ প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট দণ্ডবিধির অধীনেও (ধারা ২৭৭, ২৭৮, ২৮১-২৮৩) অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

মুজিবুর রহমান হাওলাদার জানান, মরা নদী ও খালের জমিও সরকারের অনুকূলে থাকবে। এগুলো চিহ্নিত ও সংরক্ষণ করা হবে। এ জন্য বিদ্যমান আইন অনুসারে কালেক্টর কিংবা রাজস্ব কর্মকর্তা দিয়ারা জরিপ ম্যাপ (আরএস কিংবা চর্চা ম্যাপের আইনানুগ ভিত্তি/গ্রহণযোগ্যতা এ ক্ষেত্রে নেই) প্রস্তুত করবেন। তিনি আরো জানান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) স্যাটেলাইট সার্ভের মাধ্যমে দেশে নদ-নদীগুলোর ভৌগোলিক অবস্থান নির্ধারণ এবং এসংক্রান্ত ডিজিটাল ডাটাবেইস তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের ১০০ বছর মেয়াদি ডেল্টা প্ল্যান অনুসারে নদ-নদী, খাল ও জলাশয় দখল ও দূষণমুক্তকরণ, সংরক্ষণ ও উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান তৈরির জন্য যে বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে তাতে জাতীয় নদী রক্ষা কমিশনের একজন সদস্যকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদ, পানিসম্পদ মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, স্পারসো, বন বিভাগ, সিটি করপোরেশন পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি রাখা হয়েছে।

কমিটিকে নদ-নদী, খাল ও জলাশয় অবৈধভাবে দখল ও দূষণমুক্ত করা ও উন্নয়নের জন্য ক্রাশ, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। কমিটিকে মাসে কমপক্ষে একবার বসে আগামী ছয় মাসের মধ্যে খসড়া কমিশনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীর আশপাশের চার নদী নিয়ে একটি মাস্টারপ্ল্যান এরই মধ্যে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন চলছে অবৈধ দখল উচ্ছেদের কার্যক্রম। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, ভূমি রক্ষা ও ব্যবহারের জন্য দু-তিন বছরের স্বল্প, তিন-পাঁচ বছরের মধ্য এবং ৫-১০ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। শেষ হবে সাড়ে ১১টায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে আজকের ভর্তি পরীক্ষা।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এমন কোনো ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

যে কোনো ধরনের অনিয়ম রুখতে পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।

ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে- admission.eis.du.ac.bd

এ বছর ঢাবির ‘ক’ ইউনিটে ১৭৯৫ আসনে ভর্তি করা হবে। তবে এর বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ৯৫৫ শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে এবার লড়তে হবে ৪৯ শিক্ষার্থীকে।