Home Blog Page 3481

বিকেলে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

0

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে আজ শুক্রবার বিকালে দুবাই হয়ে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএর ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ বিকেলে আবুধাবীর উদ্দেশে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে এক দিনের যাত্রাবিরতির পরে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ইত্তেহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের পথে যাত্রা করবেন। একই দিন স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

সফরকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বেশ কয়েকটি সেমিনার ও বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তাঁর আগামী ১ অক্টোবর ভোরে দেশে ফেরার কথা রয়েছে।

রোহিঙ্গা এনআইডিতে দুই পারিবারিক সিন্ডিকেট

0

মূলত নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট দুটি সংঘবদ্ধ সিন্ডিকেট বিপুল অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ও ভোটার তালিকায় নিবন্ধনের মাধ্যমে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব পাইয়ে দিত। প্রতিটি এনআইডি কার্ডের বিনিময়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা নিত চক্রটি। এই চক্র দুটি নিয়ন্ত্রণ করতেন ইসির দুই কর্মী। ২০১৫ সাল থেকে বিভিন্ন মাধ্যমে রোহিঙ্গাদের ভোটার হওয়ার তথ্য উঠে এলেও নির্বাচন কমিশনের অনেকটা নীরব দায়সারা ভূমিকার প্রসঙ্গ উঠে এসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে।

রোহিঙ্গাদের এনআইডি কার্ড প্রাপ্তি ও ভোটার হওয়ার চাঞ্চল্যকর ঘটনায় দুদক গঠিত এনফোর্সমেন্ট টিম গতকাল বৃহস্পতিবার দুদক চেয়ারম্যানের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে রোহিঙ্গাদের এনআইডি কার্ড প্রাপ্তির জন্য একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধির অর্পিত ক্ষমতা অপব্যবহার করে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি যন্ত্রপাতি আত্মসাৎ, রোহিঙ্গাদের নামে ভুয়া জন্ম নিবন্ধন সনদ প্রদান, নাগরিকত্বের সনদ প্রদান, ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ, এনআইডি প্রদান ও পাসপোর্ট তৈরিতে সহায়তার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সাতজন কর্মকর্তা-কর্মচারীর সম্পদ অনুসন্ধানের অনুমোদন চাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর উপপরিচালক মাহবুব আলম গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘নির্ধারিত সময়েই আমরা প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তাতে আমাদের মনে হয়েছে, এই দুর্নীতির সঙ্গে অনেক রাঘব বোয়াল জড়িত। আমরা বিস্তারিত তদন্তের জন্য আবেদন করেছি। অনুমোদন পেলে দুদকের এই তদন্ত বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

দুর্নীতি দমন কমিশনের নির্দেশে গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হচ্ছেন (দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক) রতন কুমার দাশ। অন্য দুই সদস্য হলেন উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন ও উপসহকারী পরিচালক জাফর সাদেক শিবলী।

গতকাল বিকেলে দুদক চেয়ারম্যানের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের একটি কপি কালের কণ্ঠের হাতে এসেছে।

পরিবারকেন্দ্রিক দুটি সিন্ডিকেট
রোহিঙ্গাদের অবৈধ উপায়ে ভোটার করতে নির্বাচন কমিশনের কমপক্ষে দুটি সিন্ডিকেটের সন্ধান পায় দুদক এনফোর্সমেন্ট টিম। এর একটির নিয়ন্ত্রক চট্টগ্রাম ডবলমুরিং থানা নির্বাচন অফিসের পিয়ন জয়নাল আবেদীন। অন্য গ্রুপটি পরিচালনা করেন নির্বাচন কমিশন প্রধান কার্যালয়ের এনআইডি প্রজেক্টে কর্মরত টেকনিক্যাল এক্সপার্ট শাহানূর মিয়া। এর মধ্যে জয়নাল আবেদীনকে গত ১৭ সেপ্টেম্বর ইসির এনআইডি উইংয়ের তদন্তদল আটক করে চুরি হওয়া নির্বাচন কমিশনের একটি নিবন্ধিত ল্যাপটপসহ পুলিশে সোপর্দ করে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

এই জয়নালের অন্তত ১০ জন আত্মীয় চাকরি করছেন নির্বাচন কমিশনে। ২০০৪ সালে নির্বাচন কমিশনে যোগ দেন জয়নাল। একই সময়ে তাঁর ভগ্নিপতি নুর আহমদও যোগ দেন অফিস সহায়ক পদে। নুর আহমদ এখনো আছেন চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে। আবার কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোজাফফর হচ্ছেন গ্রেপ্তার জয়নালের খালাতো ভাই। রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আলীও জয়নালের নিকটাত্মীয়। আর কমিশন সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ওসমান গণি এই মোহাম্মদ আলীর ভাগ্নে।

জয়নাল সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন ঢাকায় এনআইডি প্রজেক্টে আগে কর্মরত টেকনিক্যাল এক্সপার্ট সত্য সুন্দর দে ও সাগর (দুজনই সম্প্রতি নির্বাচন কমিশনের দায়ের করা মামলার আসামি), জয়নাল আবেদীনের স্ত্রী, জেলা নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ের কাজ করা রিশি। এ ছাড়া রোহিঙ্গা সরবরাহ করেন জয়নাল আবেদীনের বেতনভুক্ত সেক্রেটারি জাফর, অস্থায়ী অপারেটর সৈকত বড়ুয়া, শাহজামাল, পাভেল বড়ুয়া, জয়নালের বোন-জামাই বয়ান উদ্দিন ও জনপ্রিয় বড়ুয়া। কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসেন কক্সবাজার জেলার নির্বাচন অফিসের অফিস সহায়ক মোজাফফর ও দালাল নজিবুল্লাহ।

গ্রেপ্তার জয়নাল আবেদীন নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়ার ভাগ্নে। জয়নাল ও জকরিয়া দুজনের বাড়িই বাঁশখালী উপজেলায়। জয়নালের আত্মীয়-স্বজন যাঁরা নির্বাচন কমিশনে চাকরি করছেন, তাঁদের বেশির ভাগের বাড়িও বাঁশখালীতে। এই সিন্ডিকেটের সবাই ২০০৪ সালে মোহাম্মদ জকরিয়ার সুপারিশে চাকরি পেয়েছেন বলে দুদক তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

রোহিঙ্গাদের অবৈধ উপায়ে ভোটার করতে নির্বাচন কমিশনের দ্বিতীয় সিন্ডিকেটটি হলো শাহানুর গ্রুপ। তিনি নির্বাচন কমিশন প্রধান কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে এনআইডি প্রজেক্টে কর্মরত। তাঁর ১০-এর অধিক নিকটাত্মীয় মাঠ প্রকল্পের প্রায় প্রতিটি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে কর্মরত বলে খোঁজ পেয়েছে দুদক। তাঁর সিন্ডিকেটে রয়েছেন চট্টগ্রাম জেলার পাঁচলাইশ নির্বাচন অফিসের অপারেটর তাসলিমা আক্তার, চট্টগ্রাম জেলার ডাবলমুরিং নির্বাচন অফিসে তাঁর আপন ছোট ভাই শাহজামাল, চট্টগ্রাম জেলার বাঁশখালী নির্বাচন অফিসের অপারেটর তাঁর ভাগিনা জাহিদ হোসেন, কক্সবাজার সদর নির্বাচন অফিসের অপারেটর শাহানুরের খালাতো ভাই নঈম ইসলাম, আরেক খালাতো ভাই শাহ আলম বোয়ালখালী নির্বাচন অফিসের অপারেটর ও শাহানুর মিয়ার বন্ধু কক্সবাজার রামু নির্বাচন অফিসের অপারেটর হিরো। এ ছাড়া হালনাগাদে আরো রয়েছেন শাহানুরের আপন খালাতো দুই বোন অপারেটর ইয়াসমিন আক্তার রূপা ও ফারজানা আক্তার। শাহানুর মিয়ার মামা শহীদুল্লাহ তাঁকে লোকবল সংগ্রহ করে এসব অপকর্মে সহায়তা করেন।

উল্লেখ্য, শাহানুর মিয়ার বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়। তাঁর সিন্ডিকেটের অন্যদের বাড়িও আশপাশের উপজেলায়।

মামলার এজাহার নিয়ে প্রশ্ন
দুদক তদন্ত শুরুর পর তড়িঘড়ি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জয়নালকে আটক করে তাঁর বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় যে মামলা রুজু করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুদক কর্মকর্তারা। কারণ হিসেবে তাঁরা জানান, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্তৃক দুদকের তফসিলভুক্ত অপরাধের জন্য কোনো মামলা রুজু/রেকর্ড করার ক্ষমতা থানা-পুলিশের নেই। কারণ দুদক বিধিমালা-২০১৯ সংশোধনে বলা হয়েছে, দুদকের তফসিল অপরাধের মামলা দুদক কার্যালয়ে রেকর্ড করতে হবে। সে মোতাবেক ইসির মামলাটিও রেকর্ড করার আইনত ক্ষমতা একমাত্র উপপরিচালক দুদক, চট্টগ্রামের। কী কারণে ইসি কর্তৃক মামলাটি দুদকের তফসিলের বাইরে করা হয়েছে এবং কোন স্বার্থে কোন কোন রাঘব বোয়ালকে বাঁচানোর অপচেষ্টায় দুদককে পাশ কাটিয়ে একটি ত্রুটিযুক্ত মামলা করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন দুদক কর্মকর্তারা।

২০১৪ সালে হারিয়ে যাওয়া ল্যাপটপ দিয়ে ২০১৫ সালে ভোটার হন নূরু ডাকাত

নির্বাচন অফিস থেকে জানানো হয়, আলোচিত ৪৩৯১ নম্বর আইডি ল্যাপটপটি ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় হারিয়ে যায়। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বর্ণিত ল্যাপটপটি গত ২০১৪ সালে হারিয়ে যায় মর্মে মৌখিক তথ্য প্রদান করলেও এ বিষয়ে কোনো জিডি কিংবা অফিশিয়াল নোটিং সরবরাহ করতে পারেননি। সম্প্রতি বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাত সর্দার নুর আলমের এনআইডিটি ল্যাপটপ নং ১৫৫৭-৪৩৯১ (১৫৫৭ হলো পাঁচলাইশ উপজেলার আইডি এবং ৪৩৯১ হলো ল্যাপটপ আইডি) ব্যবহার করে করা হয়েছিল বলে দুদক জানতে পেরেছে।

সন্দেহ তিন ট্রাভেল এজেন্সিকে
বাবুস সালাম ট্রাভেল এজেন্সি, কর্ণফুলী ট্রাভেল এজেন্সি ও চট্টগ্রামের বিবিরহাটের নূর ট্রাভেলস রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

ছাত্রলীগের পর যুবলীগকে সংশোধন করা হচ্ছে: শেখ হাসিনা

0

ছাত্রলীগকে সততা, আদর্শ নিয়ে সংযমের সঙ্গে চলার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কোনো নালিশ শুনতে চাই না। ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি। একে একে সব ধরব।

আজ বৃহস্পতিবার রাতে গণভবনে ছাত্রলীগের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের অসঙ্গতি এখন দূর করব। একে একে এসব ধরতে হবে। আমি করব। জানি এগুলো কঠিন কাজ। কিন্তু করব। এই কাজ করতে গিয়ে অনেক বাধা আসবে। তারপরও আমি করবই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এ ছাড়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢোকেন। পরে প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষনেতারা।

অস্ত্র ও মাদক মামলায় খালেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

0

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার অস্ত্র ও মাদক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গুলশান থানা থেকে আদালতে নেওয়া হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। দুপুর আড়াইটায় র‌্যাব-৩ ব্যাটালিয়ন কর্তৃক অস্ত্র-গুলি ও মাদকসহ আটক খালেদকে গুলশান থানায় হস্তান্তর করেছে।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে বুধবার রাতে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব। পর তাকে র‍্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের সময় খালেদের বাড়ি থেকে চারশ পিস ইয়াবা, লকার থেকে এক হাজার, পাঁচশ ও পঞ্চাশ টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার করা হয়। সেগুলো গণনার পর ১০ লাখ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। এছাড়া ডলারেরও বান্ডিল পাওয়া যায়। টাকায় তা ৫-৬ লাখ টাকা হবে বলে র‌্যাব জানায়।

এছাড়া তার কাছ থেকে মোট ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুইটি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল। রাতভর জিজ্ঞাসাবাদে মতিঝিলের ক্যাসিনো পরিচালনার বিষয়টি যুবলীগের সম্রাট, মতিঝিল থানা পুলিশ, মতিঝিল জোন, পুলিশ সদর দফতর ও ডিএমপি সদর দফতরের কর্মকর্তারা জানতেন বলে দাবি করেন খালেদ।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে বেলজিয়াম

0

ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। আর দ্বিতীয় স্থানে রয়েছে বিশ^চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে হেরে যাওয়ায় ব্রাজিলের র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে। দুইয়ে থাকা ব্রাজিল নেমে গেছে তিনে। তিন থেকে দুইয়ে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এডেন হ্যাজার্ডদের বেলজিয়াম ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষেই আছে।
সেরা দশে ছিল না সাবেক চ্যাম্পিয়ন জার্মানির নাম। তারা ওপরেও উঠতে পারেনি। বরং ১৫ থেকে নেমে গেছে ১৬তে। তবে, নেদারল্যান্ডস দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তে উঠেছে। আর্জেন্টিনা ছিল ফিফা র‌্যাংকিংয়ে দশম স্থানে। তাদের অবস্থানের কোন অদল-বদল হয়নি।
ফিফা র‌্যাংকিংয়ে সেরা দশে থাকা অন্য দলগুলো হলো বেলজিয়াম (১), ফ্রান্স (২) ব্রাজিল (৩), ইংল্যান্ড (৪), পতুর্গাল (৫), উরুগুয়ে (৬), স্পেন (৭), ক্রোশিয়া (৮), কলম্বিয়া (৯), আর্জেন্টিনা (১০)।

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী আলিয়া

0

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ আইফা অ্যাওয়ার্ডে ‘পদ্মাবত’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘রাজি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইতে ওই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এবারের আয়োজনে সেরা ছবির পুরস্কার পেয়েছে মেঘনা গুলজারের স্পাই ড্রামা ‘রাজি’। ‘অন্ধাধুন’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন শ্রীরাম রাঘবন। বিগত ২০ বছরের প্রেক্ষিতে সেরা ছবির বিশেষ সম্মান দেয়া হয় ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিকে।

নিয়মিত বিভাগ ছাড়াও এবার ২০ বছর উপলক্ষে বিশেষ কয়েকটি পুরস্কার ঘোষণা করা হয় আইফার মঞ্চে। এদিকে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান অদিতি রাও হায়দরি (পদ্মাবত), সেরা পার্শ্ব অভিনেতার ভিকি কৌশল (সঞ্জু), সেরা নবাগত অভিনেতার ঈশান খট্টর (ধড়ক), সেরা নবাগতা অভিনেত্রীর সারা আলি খান (কেদারনাথ), সেরা সংগীত পরিচালকের: আমাল মালিক (সোনু কে টিটু কি সুইটি), সেরা গীতিকারের অমিতাভ ভট্টাচার্য (ধড়ক), সেরা নারী শিল্পীর হর্ষদীপ কৌর এবং বিভা সরফ (রাজি ছবির ‘দিলবারো’ গানের জন্য), সেরা পুরুষ শিল্পীর পুরস্কার পান অরিজিৎ সিং (রাজি ছবির ‘অ্যায় ওয়তন’ গানের জন্য)।

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ‘ক’ ইউনিটে এক হাজার ৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৫৫ জন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যান্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের (http://admission.eis.du.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে।

আফগানিস্তানে ড্রোন হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহত

0

আফগান নিরাপত্তা বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার রাতে দেশটির পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বাহিনীর সহযোগিতায় ইসলামিক স্টেটের গোপন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে দুর্ঘটনাবশত ড্রোন থেকে নানগারহার প্রদেশের খোগিয়ানি জেলার ওয়াজির টাঙ্গি এলাকার একটি মাঠে কৃষকদের ওপর হামলা চালানো হয়।
নানগারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, বাদামের ক্ষেতে একটি ড্রোন হামলায় ৩০ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন।
হামলার খবর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছে, আইএসের ঘাঁটি লক্ষ্য করে আফগান ও মার্কিন বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছিল। তবে হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়ে কোনো ধরণের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে মন্ত্রণালয়।
ওয়াজির টাঙ্গির উপজাতি নেতা মালিক রাহাত গুল জানান, এমন সময় হামলাটি চালানো হয়েছে যখন ক্লান্ত কৃষকরা বিশেষ করে দৈনিক মজুরির শ্রমিকরা তাদের তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল।
তিনি বলেন, ‘ড্রোন হামলার মুহূর্তে শ্রমিকরা খড়কুটো দিয়ে আগুন জ্বেলে একসঙ্গে বসেছিল।’

এখন রোহিঙ্গারা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে : প্রধানমন্ত্রী

0

রোহিঙ্গাদেরকে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়া উচিৎ।

বৃহস্পতিবার গণভবনে ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)’র দু’টি পৃথক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কারণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় আমরাও একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। সে সময়ে ১ কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এখন রোহিঙ্গারা আমাদের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং এদের কারণে স্থানীয় মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

মানবিক কারণে ভোগান্তি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী স্থানীয় মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

সফররত ইউকে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ (সিএফওবি) ও ইউকে এপিপিজি অন পপুলেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেল্থ এর প্রতিনিধি দলের সদস্যরা ও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইউকে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)’র সভাপতি অ্যানী মেইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

ইউকে এপিপিজি প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাদের সফরের উপর লেখা একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যহত থাকবে বলে আবারো প্রতিশ্রুতি দেন।

দুই বছর আগে বাংলাদেশে তাদের সফরের বিষয়টি উল্লেখ করে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, সেই সময়ের তুলনায় এখন রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ অনেক ভাল হয়েছে।

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেন বাংলাদেশের উন্নয়নে অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে।

ইউকে এপিপিজি অন পপুলেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ এর প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহিত পরিবার পরিকল্পনা নীতির প্রশংসা করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর তিনি এ নীতি গ্রহণ করেছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে বঙ্গবন্ধু গৃহিত নীতিটি খুবই কার্যকরী হয়েছে।

প্রতিনিধি দলের সদস্যরা আরো বলেন, পরিবার পরিকল্পনা ইস্যুতে সাফল্যের কারণে এ সংক্রান্ত যুক্তরাজ্যের অনেক প্রতিবেদনে বাংলাদেশের নাম আছে।

বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রশংসনীয়।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা ও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা আরো বলেন, জাতির পিতা বাংলাদেশেকে ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে তাঁর কাজ শুরু করেছিলেন। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরের মধ্যে তিনি বাংলাদেশকে তাঁর কাঙ্গিত লক্ষের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এভাবে তিনি যখন দেশকে সমৃদ্ধির পথে এনিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে তিনি ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।’

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের উন্নয়নে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার গ্রামীণ এলাকার আর্থ -সামাজিক উন্নয়নে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি বলেন, গ্রামীণ জনপদ ও গ্রামীণ জনমানুষের অবস্থার উন্নয়ন আমার প্রধান কাজ।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৬ সালে এটা ছিল ৫৪৩ মার্কিন ডলার। ২০০৬ সালে দেশের বিদ্যুৎ উন্নয়ন ছিল ৩২শ’ মেগাওয়াট। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার মেগাওয়াটে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে তার সরকার ১৯৯৬-২০০১ সালে দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেছিল।

তিনি আরো বলেন, কিন্তু বিএনপি-জামাত সরকার ক্ষমতা দখল করে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবার কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম চালু করে।

বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৮ হাজারের মতো কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে এবং এগুলোতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো বলেন, নারী ও শিশুরা এইসব ক্লিনিকের প্রকৃত উপকারভোগী।

শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নারীদের জন্য শিক্ষা অবৈতনিক করেছিলেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট উইনিংটন গিবসন।

‘ভৌতিক’ কোনো বিলে স্বাক্ষর করা যাবে না

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট সকল ঠিকাদারী কাজের গুণগত মান বুঝে নিয়ে তারপরই সব বিল পরিশোধ করা হবে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ ও ইনস্টিটিউটের পরিচালকদের সাথে দেশের স্বাস্থ্যসেবার দৃশ্যমান অগ্রগতির পর্যালোচনা বিষয়ক মতবিনিময়সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, সরকারি হাসপাতালে বিভিন্ন ঠিকাদারীর কাজ না করেই তার বিল করে টাকা তুলে নেওয়ার দিন শেষ হয়ে গেছে। প্রতিটি হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট সকল ঠিকাদারী কাজের গুণগত মান বুঝে নিয়ে তারপরই ঠিকাদারদের সব বিল পরিশোধ করতে হবে। অযৌক্তিক বা ভৌতিক কোনো বিলে কোনোভাবেই স্বাক্ষর করা যাবে না।

দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের সুবিধার্থে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মেডিক্যাল শিক্ষার্থীদের হাসপাতালে থাকার জন্য আলাদাভাবে উন্নত সুযোগ সুবিধা সংবলিত ডরমেটরি নির্মাণ করে দেওয়া হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।