Home Blog Page 3483

লাইবেরিয়ায় মাদ্রাসায় আগুন লেগে ২৮ শিশুর মৃত্যু

0

লাইবেরিয়ার একটি মাদ্রাসায় আগুন লেগে অন্তত ২৮ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানী মোনরোভিয়ার নিকটবর্তী পেইন্সভেল সিটি-সংলগ্ন ওই মাদ্রাসাটিতে অগিুকা-ের ঘটনা ঘটে।
দেশটির পুলিশ মুখপাত্র মোজেস কার্টার জানান, মসজিদ-সংলগ্ন মাদ্রাসাটিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীরা গভীর রাতে যখন ঘুমিয়ে ছিল, তখনই এ আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।
প্রথমে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন কার্টার। কিন্তু পরে সংশোধন করে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। দগ্ধ আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এক টুইট বার্তায় পশ্চিম আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়া বলেন, ‘গত রাতে পেইন্সভেল সিটিতে যে শিশুরা মারা গেছে তাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি। ওই পরিবারগুলো ও পুরো লাইবেরিয়ার জন্য এটি একটি কঠিন সময়।’
খবর রয়টার্স

সালমান শাহর জন্মদিন আজ

0

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার ৪৮তম জন্মদিন। সর্বমহলের প্রিয় এ নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান।
সালমান ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন।
বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন। অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক।
সালমান শাহ অভিনীত সিনেমা হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’, ‘দেন মোহর’, ‘কন্যাদান’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহা মিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’।

আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ ৩ সন্ত্রাসী নিহত

0

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পাহাড়ি ঢালা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার বালুখালী ১৭নং ক্যাম্পের রোহিঙ্গা ফজল আহমদের ছেলে মোহাম্মদ জামিল (২০), একই ক্যাম্পের নবী হোসেনের ছেলে আসমত উল্লাহ (২১) ও টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর নতুনপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রফিক (২৪)।
পুলিশের দাবি, নিহত তিন রোহিঙ্গা শীর্ষ ডাকাত ছিলেন। তাদের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও চুরির অভিযোগ রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভোররাতে বাহারছড়ার শামলাপুর ঢালার পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। এসময় আশপাশ থেকে দেশীয় তৈরি ৩টি এলজি, ৬ রাউন্ড তাজা গুলি, ৮ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা রোহিঙ্গাসহ তিন সন্ত্রাসীকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় পৃথক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনায় এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার গুরুতর আহত হয়েছে বলেও জানান ওসি প্রদীপ দাশ। তিনি বলেন, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জোর দেবেন প্রধানমন্ত্রী

0

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নিতে আগামীকাল শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার নিউ ইয়র্ক পৌঁছার পর পরবর্তী এক সপ্তাহে তিনি বেশ কিছু বৈঠকে অংশ নেওয়া ছাড়াও সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দেবেন প্রধানমন্ত্রী। এ সফরেই দুটি সম্মাননা পাচ্ছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের এ অধিবেশনে রোহিঙ্গা সমস্যা আলোচনায় আসবে এবং এ বিষয়ে বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা বিষয়ে বিশ্ব নেতৃত্বের আগ্রহ, সার্বিক অবস্থান অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন ত্বরান্বিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের জোরালো বক্তব্য ও অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রোহিঙ্গা সমস্যা সমাধানে অতীতের মতো এবারও সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরতে পারেন। এর আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী যে পাঁচ দফা ও গত বছর তিন দফা প্রস্তাব দিয়েছিলেন তা এখনো প্রাসঙ্গিক বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

এবারের প্রস্তাবে কী থাকবে—জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় কী বলবেন তা আগেই বলা ঠিক হবে না। তিনি বলেন, ‘রোহিঙ্গারা যাতে প্রত্যাবাসন করে, নিরাপত্তা ও সুরক্ষার মধ্যে থাকে এবং অবাধে চলাফেরার সুযোগ পায় সে বিষয়ে বক্তব্য দেবেন।’ অতীতের পাঁচ দফা ও তিন দফার সঙ্গে এবারের প্রস্তাবের পার্থক্য কী হবে—জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেগুলো জোরালো করে ভিন্ন আঙ্গিকে উত্থাপন করব।’

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রত্যাবাসন শুরুর উদ্যোগ দুইবার ভেস্তে যাওয়ার পর সমস্যাটা যে মিয়ানমারের ভেতরই তা বিশ্ব সম্প্রদায়ের কাছে আরো স্পষ্ট হয়েছে। রোহিঙ্গাদের ফিরে যেতে আগ্রহী করতে হলে মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে—এ বিষয়টি বাংলাদেশ আবারও তুলে ধরতে পারে। একই সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গা সংকটের বিরূপ প্রভাব ও ঝুঁকিগুলো তুলে ধরে সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানাতে পারেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের নতুন রেসিডেন্ট কোঅর্ডিনেশন প্রগ্রামে সহায়তা হিসেবে সংস্থাটির ট্রাস্ট ফান্ডে এক লাখ ডলার অনুদান ঘোষণা করবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাবিষয়ক একাধিক আলোচনা অনুষ্ঠানে ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীরাও ত্রিপক্ষীয় বৈঠক করবেন।

তিনি আরো বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে নতুন করে সরকার গঠনের পর এই অধিবেশনে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নেতৃত্বে বিগত বছরগুলোতে অর্জিত বাংলাদেশের সাফল্যগুলো তুলে ধরতে পারেন। এর পাশাপাশি দেশে চলমান অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে তিনি বাংলাদেশের কর্মপরিকল্পনা বিশ্ববাসীকে অবহিত করতে পারেন।

এবারের অধিবেশনের ফাঁকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ভোজসভা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গ্লোবাল হোপ কোয়ালিশনের সভাপতি ইরিনা বোকোভা, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান কৌঁসুলি ফেটু বেনসুডা, এক্সন মবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া মহাত্মা গান্ধী ও সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী অংশ নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স নামে একটি সংস্থা সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ তরুণদের দক্ষতা উন্নয়নে উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননা প্রদান করবে।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী নেতাদের ও নীতি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও বৈঠক করবেন।

এনআরসি নিয়ে মোদির কাছে উদ্বেগ প্রকাশ করতে পারেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে তিনি নয়াদিল্লিতে বিশদ দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

মোমেন বলেন, ‘দেশে যতগুলো সমস্যা, নিশ্চয়ই তিনি (প্রধানমন্ত্রী) সেগুলো ভারতকে জানাবেন। বিশেষ করে, ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের সমস্যা আছে, আমার ধারণা সেগুলো তিনি সেখানে উত্থাপন করবেন; সেটা জাতিসংঘে করেন, আর ভারতে গিয়েই করেন।’

বাংলাদেশ সরকার আসামে নাগরিক তালিকাকে (এনআরসি) সমস্যা হিসেবে দেখছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে সমস্যা নয়। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে এটাতে কারো কারো উদ্বেগ আছে। মনে হয়, প্রধানমন্ত্রী সেই কথাটা প্রকাশ করতে পারেন।’

ভিসি নাসিরের পদত্যাগের দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি

0

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিতর্কিত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল ক্যাম্পাস।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপাচার্যের পদত্যাগ চেয়ে বিজয় দিবস হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে এক সঙ্গে স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা অনেকে ফেসবুকে লাইভে বৃহস্পতিবার সকাল ৯ টায় আন্দোলনে নামার ঘোষণা দেন।
এর আগে বুধবার বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ও দ্য ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর একদিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এই শিক্ষার্থীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। একজন উপাচার্য কীভাবে একজন শিক্ষার্থীর সঙ্গে এরকম ভাষায় কথা বলতে পারেন সেটি নিয়েও বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সুশীল সমাজে কড়া সমালোচনা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিনিয়াকে বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর লেখালেখি ও প্রশাসনকে বিব্রত করার জন্য সাময়িক বহিষ্কার করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আইন বিভাগের সব শিক্ষার্থী ক্ষমা চেয়ে আবেদন এবং বিভাগের সব শিক্ষক ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ও এ ঘটনায় জিনিয়ার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন দিয়েছেন। শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় এনে এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আবেদন আমলে নিয়ে ফাতেমা তুজ জিনিয়ার বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ দেয়া হয়েছিল তা প্রত্যাহার করা হলো।
এ ব্যাপারে জিনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে কোনো আবেদন দেইনি। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কেন আমার হয়ে ক্ষমা চাইবেন, আমি তো কোনো অপরাধ করিনি। আমি জানি শিক্ষার্থীরা মোটেই সেখানে যাননি।’
এ সকল ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। যার ফলস্বরূপ রাত ৯টায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
এ ব্যাপারে সহকারী প্রক্টর মো. হাফিজুর রহমান জানান, এই আন্দোলনের পিছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসন আলোচনায় বসে দ্রুত বিষয়টির সমাধান করবে।

মোদির সাথে বৈঠকের পর মমতার সুর নরম

0

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বুধবার দিল্লিতে দেখা করলেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। আর তারপর সবাইকে অবাক করে জানালেন, আগামীকাল তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সভাপতি অমিত শাহ’র সঙ্গে দেখা করার সময় চেয়েছেন।

মোদির সঙ্গে বৈঠক নিয়ে অনেক কৌতূহল ছিল। কারণ হঠাৎ নির্ধারিত হয়েছে ওই বৈঠক। কৌতূহলের মাত্রা আরো বাড়িয়ে দিলেন মমতা বৈঠক থেকে বেরিয়ে। যে মোদির সঙ্গে তার এতো বাদানুবাদ, সেই মোদির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বন্ধুত্বপূর্ণ কথা বললেন মমতা।

প্রায় ৩০ মিনিট বৈঠকের পর মমতা বলেন, রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, একটা সরকারের সঙ্গে আরেকটা সরকারের মিটিং হলো। বীরভূমের দেউচা-পাচামি কয়লাখনির উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, পূজা-নবরাত্রি মিটে গেলে একটা দিন সময় দিলে উদ্বোধনের কাজটা একসাথে সেরে ফেলা যাবে।

মমতা বলেন, রাজ্যের অন্যান্য দাবি-দাওয়া নিয়েও মোদির সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মমতার? অবাক হওয়া এখানেই শেষ নয়। গত কয়েকদিন নানাভাবে এনআরসি নিয়ে মোদিকে আক্রমণ করেছেন মমতা এবং তৃণমূলের নেতৃবৃন্দ। আজ মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, দিদি এনআরসি নিয়ে কোনো কথা হয়েছে?

তিনি বলেন, না এনআরসি নিয়ে কোনো কথা হয়নি। এনআরসি তো শুধু আসামের বিষয়। পশ্চিমবঙ্গে তো এখন কিছু হচ্ছে না! এখানে রাজনৈতিক কোনো ব্যাপারে আলোচনা হয়নি।

পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেব না, এনআরসি করে কাউকে দেশ থেকে বের করতে দেব না, সাহস থাকলে করে দেখাক। মমতা এইসব কথা বলতেন, কিন্তু আজ হঠাৎ যেন অন্য সুর।

অবাক করা এখানেই শেষ নয়। যে অমিত শাহকে ধান্দাবাজ গুন্ডা বলেছিলেন মমতা, আজ তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। মমতা বলেন, সময় দিলে কালকেই তার সঙ্গে দেখা করব।

আজ বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর ‘রাজনীতি নিয়ে কথা হয়নি’ মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, আসলে ম্যানেজ করতে দিল্লি গেছেন। যাতে সারদা চিটফান্ড মামলায় তাকে এবং তার ভাইপো অভিষেককে নিয়ে টানাটানি না হয়, তাই এত সুর নরম।

তৃণমূল নেতারাও একান্ত স্বীকার করেন তারা মমতার এই রূপ দেখে অবাক। কিন্তু এক নেতা বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন। সেখানে গিয়ে তিনি ঝগড়া করবেন সেটা তো হতে পারে না, এটা সৌজন্যের রাজনীতি।

বাংলার বদলে রাজ্যের অন্য কোনো নামেও রাজি মমতা

0

ভারতের পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা রাখার পরিকল্পনা থেকে সরতে রাজি হয়েছেন মমতা ব্যানার্জি। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে বেরিয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

মমতা বলেন, আমরা পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব পাঠিয়েছি। আজ আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আপনাদের যদি কিছু পরামর্শ থাকে দেন। আমরা গ্রহণ করব।

মমতার এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এর অর্থ বাংলার বদলে অন্য নাম গ্রহণ করতে তার আপত্তি নেই।

যদিও পশ্চিমবঙ্গ বিধানসভা প্রস্তাব গ্রহণ করে রাজ্যের নাম পরিবর্তনের জন্য দিল্লিতে পাঠিয়েছে কয়েক মাস আগে। যদিও সে প্রস্তাব কেন্দ্রীয় সরকারের অনুমোদন পায়নি ।

দিল্লি সূত্র জানিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ হওয়ায় পশ্চিমবঙ্গের নাম বাংলা করলে অনেক বিভ্রান্তি হবে। সে কারণে সরকার এই প্রস্তাবের বিপক্ষে। মমতা আগেই বলেছিলেন, ভারত এবং পাকিস্তান উভয় দেশে যদি পাঞ্জাব থাকতে পারে, তাহলে বাংলা এবং বাংলাদেশ আপত্তি কোথায়?

কিন্তু আজ বুধবার মমতার সুর অনেক আলাদা ছিল।

আপনারা এত দিন আঙুল চুষছিলেন, প্রশ্ন যুবলীগ চেয়ারম্যানের

0

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘আপনি বলছেন ৬০টি ক্যাসিনো আছে, আইনশৃঙ্খলা বাহিনী আপনারা ৬০ জনে কি এত দিন আঙুল চুষছিলেন? তাহলে যে ৬০ জায়গায় এই ক্যাসিনো, সেই ৬০ জায়গার থানাকে অ্যারেস্ট করা হোক। সেই ৬০ থানার যে র‌্যাব ছিল, তাদের অ্যারেস্ট করা হোক।’

আজ বুধবার বিকেলে মিরপুরের দারুসসালাম এলাকায় গোলারটেক মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের কয়েকটি ওয়ার্ডের যৌথ ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘অপরাধ করলে শাস্তির ব্যবস্থা হবে। প্রশ্ন হলো, এখন কেন অ্যারেস্ট হবে। অতীতে হলো না কেন, আপনি তো সবই জানতেন। আপনি কি জানতেন না? নাকি সহায়তা দিয়েছিলেন—সে প্রশ্নগুলো আমরা এখন তুলব। আমি অপরাধী, আপনি কী করেছিলেন? আপনি কে, আমাকে আঙুল তুলছেন?’

উত্তেজিত হয়ে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আমাকে অ্যারেস্ট করবেন? করেন। আমি রাজনীতি করি, ১০০ বার অ্যারেস্ট হব। আমি অন্যায় করেছি, আপনারা কী করেছিলেন? আপনি অ্যারেস্ট করবেন, আমি বসে থাকব না। আপনাকেও অ্যারেস্ট হতে হবে। কারণ, আপনিই প্রশ্রয় দিয়েছেন।’

ওমর ফারুক চৌধুরী আরও বলেন, ‘এখন হঠাৎ করে কেন জেগে উঠলেন? কারণটা কী? এটা কি বিরাজনীতিকরণের দিকে আসছেন? দলকে পঙ্গু করার কোনো ষড়যন্ত্রে আসছেন? নিষ্ক্রিয় করার ষড়যন্ত্রে আসছেন?’

মধ্যরাতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে যুবলীগ অফিসে সম্রাট

0

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেফতার হওয়ার পর হাজারখানেক নেতাকর্মী নিয়ে সংগঠনের কার্যালয়ে অবস্থান করছেন সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর কাকরাইলে যুবলীগের কার্যালয়ের ভেতর-বাইরে হাজারের বেশি নেতাকর্মী দেখা গেছে। এসময় তারা সম্রাটের পক্ষে বিভিন্ন স্লোগানও দেন।

কার্যালয়ে অবস্থানরত সম্রাট গণমাধ্যমকে বলেন, র‌্যাব খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর নেতাকর্মীরা সবাই অফিসে ছুটে এসেছে। তারা এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে।

রাতে গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসা এবং ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে নিষিদ্ধ ক্যাসিনোতে একযোগে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

ক্যাসিনোতে মদ আর জুয়ার বিপুল সরঞ্জামের পাশাপাশি প্রায় ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। দুই নারীসহ ১৪২ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

অপরদিকে গুলশানের বাসা থেকে খালেদকে অবৈধ অস্ত্র, গুলি, মাদকসহ গ্রেফতার করে র‌্যাব।

লাইসেন্সের শর্তভঙ্গের অভিযোগে বাসা থেকে উদ্ধারকৃত দুটি অস্ত্র জব্দ করে র‌্যাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ছাত্রলীগ, যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে সমালোচনার মুখে থাকা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হয়।

যুবলীগের কয়েক নেতা সম্পর্কেও ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতার ভাষ্য, প্রধানমন্ত্রী যুবলীগের কয়েকজন নেতাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা শোভন-রাব্বানীর চেয়েও খারাপ। প্রধানমন্ত্রী বলেন, যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা যা ইচ্ছে করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করছে। আরেকজন এখন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন। সদলবলে অস্ত্র নিয়ে ঘোরেন। এসব বন্ধ করতে হবে। যারা অস্ত্রবাজি করেন, যারা ক্যাডার পোষেণ, তারা সাবধান হয়ে যান, এসব বন্ধ করুন। তা না হলে যেভাবে জঙ্গি দমন করা হয়েছে, একইভাবে তাদেরও দমন করা হবে।

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ওইসব কথা বলেছিলেন বলে জানান অনেক নেতা।

যুবলীগের একটি সূত্র জানায়, গণমাধ্যমে অভিযোগের খবর আসার পরে প্রথম পর্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে শোকজ করা হয়।

যুবলীগের এক বিবৃতিতে বলা হয়, যুবলীগের কোনো নেতা বা কোনো শাখার বিরুদ্ধে অভিযোগ থাকলে সংগঠনটি নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে এর তদন্ত ও বিচার করবে। এজন্য যুবলীগ চেয়ারম্যান বা সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ ও প্রমাণ পাঠাতে বলা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এগুলো চলার পাশাপাশি বুধবার র‌্যাব তার বাসা এবং ক্লাবে অভিযান চালায়। এর আগে মঙ্গলবার রাতে খবর ছড়িয়ে পড়ে খালেদকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়; কিন্তু তাকে গ্রেফতার করতে পারেনি।

ছাত্রদলের সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

0

দীর্ঘ ২৮ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হলো ছাত্রদলের নতুন নেতৃত্ব।

সংগঠনের ষষ্ঠ কাউন্সিলে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তিনি পেয়েছেন ১৩৯ ভোট।

বৃহস্পতিবার ভোর ৫টায় ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শাহজাহানপুরের বাসায় রাতভর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়।

নতুন ছাত্রদল সভাপতি খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুক ইসলাম শ্রাবণ ইসলাম পেয়েছেন ১৭৮ ভোট এবং সাধারণ সম্পাদক শ্যামলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৮ ভোট।

ছাত্রদল সূত্র জানা গেছে, নবনির্বাচিত সভাপতি খোকনের বাড়ি বগুড়া জেলায়। সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদী। ৫৩৩ কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন ভোট প্রদান করেছেন।

রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।