Home Blog Page 3485

‘হিন্দি চাপানোর’ বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের বাঙালিরা

0

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দি ভাষার তথাকথিত আগ্রাসন রোধ করে সব জায়গায় বাংলা ব্যবহারের একটি আন্দোলন ক্রমশই দানা বাধছে এবং রাজ্যে ‘জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে’ প্রতিবাদও হচ্ছে।
আর এই আন্দোলনটি এমন সময় জোরদার হয়েছে যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ দেশের প্রধান ভাষা হিসাবে হিন্দিকে তুলে ধরার কথা বলেছেন।
দক্ষিণ ভারতের প্রায় সবকটি রাজ্যেই হিন্দির বিরুদ্ধে প্রবল জনমত রয়েছে দীর্ঘদিন ধরেই। ওইসব রাজ্যে খুব কম মানুষই হিন্দি বোঝেন, কিংবা বুঝলেও অনেকটা আদর্শগতভাবেই হিন্দি বলেন না।
তাই তামিলনাডু, কেরালা বা কর্ণাটকের মতো রাজ্যগুলো থেকে যে হিন্দিকে প্রধান ভারতীয় ভাষা হিসেবে তুলে ধরার প্রচেষ্টার বিরোধিতা হবে, তা হয়তো স্বাভাবিক।
তবে নিজেদের ভাষা-সংস্কৃতি নিয়ে গর্ব থাকলেও পশ্চিমবঙ্গবাসীকে হিন্দি নিয়ে প্রতিবাদে সরব হতে খুব একটা দেখা যায়নি। বরং অনেক সময়েই দুই বাঙালিকে নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলতে শোনাও যায়। কিন্তু পশ্চিমবঙ্গে এখন অনেকেই মনে করছেন হিন্দি ভাষার আগ্রাসন হচ্ছে এবং এর একটি রাজনৈতিক দিকও রয়েছে- ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলার পক্ষে ক্যাম্পেইন চলছে, আর প্রতিবাদ হচ্ছে রাস্তার বিক্ষোভ-জমায়েতে।
কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে কয়েকদিন আগে এ রকমই একটা জমায়েত হয়েছিল ভাষা-সংস্কৃতি কর্মীদের, যেখানে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দেয়া হয়েছে।
ওই জমায়েতের মূল সংগঠন অধ্যাপক ইমানুল হক দীর্ঘদিন ধরেই মাতৃভাষা নিয়ে আর বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য অ্যাক্টিভিজম চালাচ্ছেন।
বিবিসি বাংলাকে তিনি বলছিলেন, ‘আমরা যদিও দীর্ঘদিন ধরেই মাতৃভাষা নিয়ে আন্দোলন করছি, কিন্তু এখন অনেকেই আমাদের মাতৃভাষার ওপরে কোনও রকম আঘাত এলেই যে সরব হচ্ছেন, তার একটা কারণ নিঃসন্দেহে আছে। দেশের অর্থনীতির যা অবস্থা, সেইরকম সঙ্কটজনক পরিস্থিতিতে মানুষ একটা কিছু আঁকড়ে ধরতে চাইছেন। সেই আবেগটাই প্রকাশিত হচ্ছে ইদানীং।’

ফ্যাশন ডিজাইনার তন্বী দাস বাংলা ভাষা-সংস্কৃতি নিয়ে সামাজিক মাধ্যম আর রাস্তায় নেমে মুখর হওয়া- দুটোই করেন।
তিনি বলেন, ‘নিজের ভাষা-সংস্কৃতি নিয়ে সচেতনতা আগেও ছিল। কিন্তু মানুষকে আগে এতটা মুখর হতে দেখেননি হয়ত এই কারণে যে এই প্রথম কেন্দ্রীয় সরকার হিন্দি চাপিয়ে দেওয়ার কথা খুব জোরালোভাবে বলছে। আমরা যে একটা জাতি, সেই জাত্যাভিমানের জায়গা থেকেই প্রতিবাদ এখন বেশি দেখা যাচ্ছে।’
এই বাঙালি জাত্যাভিমানের আবেগেই ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠন তৈরি হয়েছে, যারা নিয়মিত ‘হিন্দি আগ্রাসনের’ বিরুদ্ধে সরব।
ফেসবুককে কেন্দ্র করে গড়ে ওঠা এই সংগঠনটি অবশ্য শুধুই সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ থাকে না, তারা পথেও নামে।
সংগঠনটির প্রধান, অধ্যাপক গর্গ চ্যাটার্জীর কথায়, ‘পূর্ব পাকিস্তানে উর্দু সাম্রাজ্যবাদ প্রথমেই আগুনে বাঙালিদের ঝলসে দিয়েছিল, তাই সঙ্গে সঙ্গেই সেখানকার বাঙালি লাফিয়ে উঠেছিল। কিন্তু এখানে হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের ফুটন্ত জলে সেদ্ধ করেছে ধীরে ধীরে, যাতে একটা সময়ে আমরা স্থবির, বলহীন হয়ে পড়ি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা টের পেয়েছে যে জনসংখ্যার বিন্যাসে বদল ঘটিয়ে পুঁজি, বাজার, চাকরি আর জমি- এগুলো বেদখল হয়ে যাচ্ছে বহিরাগতদের দ্বারা, দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে বাঙালিদের। এ অবস্থাটা আটকাতেই আমাদের লড়াই।’
আরেকজন অ্যাক্টিভিস্ট শাশ্বতী নাথের কথায়, ‘যে ষড়যন্ত্র চলছে বাঙালিদের বিরুদ্ধে- কখনও সেটা আসামে এনআরসি-র মাধ্যমে, কখনও হিন্দি চাপিয়ে দেওয়ার মাধ্যমে, তখন যদি বাঙালিরা নিজেদের জাতিগত পরিচয়, ভাষাগত পরিচয়কে হাতিয়ার করে রুখে দাঁড়াতে না পারে, তা হলে বাঙালিদের জন্য কঠিন সময় আসছে।’
তবে অধ্যাপক হকের সতর্কবার্তা, ‘নিজেদের মাতৃভাষা নিয়ে গর্বিত হয়ে প্রতিবাদে সামিল হওয়ার অর্থ কিন্তু এটা নয় যে অন্যের মাতৃভাষাকে অসম্মান করব।’
বিশ্লেষক আর অ্যাক্টিভিস্টরা মনে করছেন সারা দেশের ওপরে হিন্দি চাপিয়ে দেওয়ার পিছনে একটা নির্দিষ্ট রাজনীতি রয়েছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের ভাবাদর্শ- যেখানে হিন্দি, হিন্দু ধর্ম আর হিন্দুরাষ্ট্র- এই তিনটি বিষয়কেই সমার্থক করে তুলে ধরার চেষ্টা হয়।
অধ্যাপিকা মীরাতুন নাহার বলছিলেন, ‘আমি কোনো একটা পদে আছি বলেই আমার দল যে ভাবাদর্শে বিশ্বাস করে, সেই অনুযায়ী কিছু বলে দিলাম, তা তো হয় না! গণতন্ত্র তা হলে কোথায় গেল? ওই ভাষাটিই যদি মূল ভাষা করার পরিকল্পনা হয়, তাহলে ভাষাবিদ, নাগরিক সমাজ- সবার সঙ্গে কথা বলা হোক। সবাই যদি মনে করে সেটিকেই মূল ভারতীয় ভাষা করা হবে, তাহলে মেনে নিতেই হবে।’
হিন্দিকে দেশের মূল ভাষা হিসেবে তুলে ধরার যে পরিকল্পনার কথা বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে দক্ষিণ আর পশ্চিম ভারতেও।
দক্ষিণ ভারতে তার দলের নেতা-মন্ত্রীরাও বিজেপি সভাপতির এ বক্তব্যের ফলে অস্বস্তিতে পড়েছেন।
তাদেরও বলতে হচ্ছে যে হিন্দি নয়- ওইসব রাজ্যগুলোর নিজস্ব ভাষাই মূল ভাষা থাকবে, যেমনটা এখন আছে।
খবর বিবিসি বাংলা

মির্জা আব্বাসের বাসায় ছাত্রদলের নতুন নেতা নির্বাচনে ভোটগ্রহণ

0

২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পাচ্ছে ছাত্রদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় বুধবার সন্ধ্যা থেকে ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের প্রক্রিয়া শুরু হয়। রাত পৌনে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।

পাঁচটি বুথে ব্যালটের মাধ্যমে কাউন্সিলরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়া শুরু করেন। লন্ডন থেকে স্কাইপিতে শুরু থেকে ভোটগ্রহণ তত্ত্বাবধান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটগ্রহণ চলছিল।

ছাত্রদলের সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী রয়েছেন। ৫৩৩ জন কাউন্সিলরের ভোটে ছাত্রদলের নতুন নেতা নির্বাচিত হবেন। তবে কাউন্সিল অংশ নিতে আশা বেশ কয়েক কাউন্সিলরসহ গত দুই দিনে ৪০ জনের অধিক ছাত্রদল নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি যুগান্তরকে বলেন, ছাত্রদলের কাউন্সিলকে বাধাগ্রস্ত করতে সরকার নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। এরই অংশহিসেবে বুধবার ও তার আগের দিন মঙ্গলবার-এই দুই দিনে কমপক্ষে ৪০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে অধিকাংশই কাউন্সিলর। আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রিজভী আহমেদ।

সভাপতি পদের প্রার্থী হলেন: কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ফজলুর রহমান খোকন, হাফিজুর রহমান, মামুন বিল্লাহ (মামুন খান), সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পি, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, এরশাদ খান, মাহমুদুল আলম সরদার।

সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন: আমিনুর রহমান আমিন, জুয়েল হাওলাদার, শাহনেওয়াজ, জাকিরুল ইসলাম জাকির, তানজিল হাসান, কারিমুল হাই নাঈম, মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শেখ আবু তাহের, সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন শ্যামল, মুন্সি আনিসুর রহমান, মিজানুর রহমান শীরফ, শেখ মো. মসিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও কাজী মাজহারুল ইসলাম।

আগের দিন মঙ্গলবার তারেক রহমানের নির্দেশে সারা দেশের কাউন্সিলর ও প্রার্থীদের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। সে অনুযায়ী, বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত হন প্রার্থী ও কাউন্সিলররা। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সঙ্গে আসা কয়েক হাজার কর্মী-সমর্থকরা নয়াপল্টনের অফিসের সামনে দুপুর থেকে অবস্থান নিতে শুরু করে বিকালে অফিসের সামনে সমাবেশে পরিণত হয়।

এর মধ্যে সন্ধ্যায় খবর আসে তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন, মির্জা আব্বাসের বাসায় কাউন্সিল হবে, সেখানে সবাইকে যাওয়ার জন্য বলা হয়। এই নির্দেশ পাওয়ার পর কাউন্সিলর ও প্রার্থীরা মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় কাউন্সিলর ও প্রার্থীরা ছুটে যান। পরিচয়পত্র দেখে দেখে কাউন্সিলরদের বাসার ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।

রাত পৌনে ৯টায় জানতে চাইলে কাউন্সিলর ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম যুগান্তরকে বলেন, ভোট শুরুর আগে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।

জানা গেছে, মির্জা আব্বাসের বাসায় ভোটগ্রহণের সময় শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকুসহ আরও কয়েকজন নেতা উপস্থিত আছেন।

গত ১৩ সেপ্টেম্বর ঢাকার চতুর্থ জজ আদালত সাবেক কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহর দায়ের করা মামলায় স্থগিতাদেশ দিলে ১৪ সেপ্টেম্বরের নির্ধারিত কাউন্সিলের ওপর স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে আদালত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

জানতে চাইলে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম যুগান্তরকে বলেন, আদালতের নির্দেশনা মেনে ছাত্রদলের কাউন্সিল প্রক্রিয়া থেকে আমরা সরে দাঁড়িয়েছি। কাউন্সিলর ও ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতারা কাউন্সিলে দায়িত্বপালন করছেন।

রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন ২০ অক্টোবর

0

বাংলাদেশ ব্যাংকের (বিবি) রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন নির্ধারণ করেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকাররা রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা ওই বছরের ১৫ মার্চ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলাটি দায়ের করেন।

‘সাত বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা’

0

‘সাতটি নার্সিং ইন্সটিটিউটকে কলেজে উন্নীত করে সেখানে বিএসসি কোর্স চালু করা হয়েছে। আরো ১৫টি কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এরসঙ্গে সাতটি বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।’

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন প্রথম সরকার গঠন করি তখন থেকেই দেশের স্বাস্থ্য সেবার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি। এজন্য ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই প্রান্তিক জনগোষ্ঠির মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করি। সাতটি নার্সিং ইন্সটিটিউটকে কলেজে উন্নীত করে সেখানে বিএসসি কোর্স চালু করি। আরো ১৫টি কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এরসঙ্গে সাতটি বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।’

শেখ হাসিনা বলেন, ‘নার্সিং হলো সবচেয়ে সম্মান জনক পেশা। একজন মানুষকে সেবা করার মাধ্যমে সুন্দর জীবনে ফিরিয়ে আনার মতো আনন্দ আর কি হতে পারে? এই মহৎ পেশায় যুক্ত হতে মানুষ যেন আগ্রহবোধ করে এজন্য আমাদের সরকার নার্সদের মর্যাদা বৃদ্ধি করেছে।’

তিনি বলেন, ‘১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করার পর ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে এই সেবা বন্ধ করে দেয়। এর যুক্তি হিসেবে তারা বলে, কমিউনিটি ক্লিনিকে মানুষ সেবা নিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে দিবে। অথচ প্রতি ছয় হাজার মানুষের জন্য চালু করা এই স্বাস্থ্যসেবা কার্যক্রমটি খুব দরকারি। এখানে দরিদ্র মানুষেরা সহজেই সেবা পেয়ে থাকে। সবচেয়ে বেশি উপকৃত হয় প্রসূতি নারী ও শিশুরা।

‘রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার’

0

মিয়ানমার তাদের লোকদের ফেরত নিতে রাজি হয়েছে। ১৯৭৮ কিংবা ১৯৯২ সালেও তারা আলোচনার মাধ্যমে তাদের লোকদের ফেরত নিয়েছিল। তবে এবার সংখ্যাটা অনেক বেশি। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।’

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা প্রত্যাবাসনবিষয়ক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার অত্যন্ত কনজারভেটিভ। তারা কারো কথা শোনে না। তবে আশার কথা হলো তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে। ১৯৭৮ কিংবা ১৯৯২ সালেও তারা আলোচনার মাধ্যমে তাদের লোকদের ফেরত নিয়েছিল। তবে এবার সংখ্যাটা অনেক বেশি। ১৯৯২ সালে দুই লাখ ৫৩ হাজার ছিল। এরমধ্যে দুই লাখ ৩০ হাজার চলে যায়। এবার ১৩ লাখ। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।

মন্ত্রী বলেন, গত কয়েকবছর ধরে বিভিন্ন আলোচনার ফলে মিয়ানমার যাদের ওপর নির্ভর করে সেই চীন বা রাশিয়া এখন অনেকটাই আমাদের পক্ষে। আমরা তাদের আস্থা অর্জনে রোহিঙ্গা নেতাদের রাখাইনে ঘুরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলাম। চীন আমাদের সে প্রস্তাব মিয়ানমারের কাছে তুলে ধরেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একবাক্যে স্বীকার করেছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন অত্যাবশ্যক। তাঁরাও আমাদের সঙ্গে একমত যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হলে এই অঞ্চলে অনিশ্চয়তা দেখা দেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে আমরা শর্ত দিয়েছিলাম রোহিঙ্গারা ফেরত যাওয়ার পর যেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং তারা যাতে রাখাইনে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। মিয়ানমার সে বিষয়ে রাজি হয়েছে। কিন্তু মিয়ানমারের যে লোকগুলো আমাদের দেশে আছেন, তাঁরা তাঁদের সরকারকে বিশ্বাস করেন না।’

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ায় জড়িতদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, পাসপোর্টের সঙ্গে শুধু পুলিশ জড়িত থাকে না। এর সঙ্গে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান সার্টিফিকেটসহ অন্যরাও জড়িত থাকে। তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন।

রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে অনেক সংস্থা জড়িত থাকে। স্থানীয় চেয়ারম্যান, জন্মনিবন্ধন সনদ যিনি দেন, ওয়ার্ড কমিশনার, জাতীয় পরিচয়পত্র তৈরির পর পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বরতদেরও দায়িত্ব আছে। যারা এসব কাজে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, রোহিঙ্গারা যখন এ দেশে ঢুকেছে তখন আট লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক্স করা হয়েছে। এরপর আরও তিন লাখ রোহিঙ্গা এসেছে। মোট ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আছে। তাদের আইডেন্টিফাই করা হয়েছে। ফলে তারা পাসপোর্ট করতে গেলে সফটওয়্যারে ধরা পড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারপরও যারা অত্যন্ত চতুরতার সঙ্গে বা কৌশলে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার কাজ করছেন তাদের আইনের আওতায় নেওয়া হয়েছে। এতে যদি পুলিশ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে।

ডিশ ও ইন্টারনেট তারের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যুৎ বিতরণ : নসরুল হামিদ

0

রাজধানীজুড়ে ডিশ ও ইন্টারনেট সার্ভিসের ঝুলে থাকা তার প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঢাকায় ডিশ ও ইন্টারনেট ক্যাবলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যুৎ বিতরণ। এগুলো সরিয়ে ফেলতে হবে।

আজ বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনে ডিপিডিসি’র (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) স্মার্ট গ্রিড, অনলাইন মনিটরিং সিস্টেম, অটোমেশন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ভিডিও মনিটরিং, স্ক্যাডা সিস্টেম ও আধুনিক সুবিধা সম্বলিত উপকেন্দ্র স্থাপনে পরামর্শক নিয়োগে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে ঝুলে থাকা বিদ্যুতের লাইন প্রসঙ্গে তিনি বলেন, উন্নত কোনো দেশে এভাবে ঝুলন্ত ক্যাবল নেই। এতে নানা রকম সমস্যা হয়। বেশিরভাগ এলাকায় মাঝে মধ্যেই বিদ্যুৎ থাকে না। লাইন ও উপকেন্দ্রগুলো মাটির নিচে নিতে হবে।

তিনি বলেন, আমরা প্রথমে ধানমন্ডি এলাকায় আন্ডার গ্রাউন্ড ক্যাবল স্থাপন করছি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও করা হবে। আমরা জেলা শহরেও আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপন করতে চাই।

ফিনল্যান্ডের প্রতিষ্ঠান হিফ্যাব ওয়’র সঙ্গে যৌথভাবে কাজটি করবে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্ট বাংলাদেশ লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে চাই। উন্নত কোনো দেশে এভাবে ঝুলন্ত ক্যাবল নেই। এতে নানা রকম সমস্যা হয়। বেশিরভাগ এলাকায় মাঝে মধ্যেই বিদ্যুৎ থাকে না। লাইন ও উপকেন্দ্রগুলো মাটির নিচে নিতে হবে।

তিনি বলেন, ঢাকায় ডিশ ও ইন্টারনেট ক্যাবলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যুৎ বিতরণ। এগুলো সরিয়ে ফেলতে হবে। আপনারা ক্যাবল অপারেটরদের সঙ্গে বসে ঠিক করবেন। প্রয়োজন হলে আমিও বসতে চাই।

ঢাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে এসেছে : সাঈদ খোকন

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

আজ বুধবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে সিঙ্গাপুর সফর শেষে অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, আগস্টে ঘোষণা দিয়েছিলাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে চলে এসেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে বিষয়টা এমনও নয়। তবে ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমে এসেছে, কিন্তু সারা দেশে এই ডেঙ্গুর প্রকোপ রয়েছে। তবে নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে।

অনুষ্ঠানে পাঁচ বছর মেয়াদী একটি প্রকল্পের কথা জানিয়ে মেয়র বলেন, ডেঙ্গু ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ডেঙ্গু নির্মূল এবং একটি স্থায়ী সমাধানের মধ্য দিয়ে কীভাবে ঢাকা শহরে মানুষের জীবনে নিরাপত্তা স্থায়ীভাবে নিশ্চিত করা যায়, তার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন একটি প্রকল্পের মাধ্যমে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন সিঙ্গাপুর সরকারের মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অফ হেলথ এবং হেলথ ইনস্টিটিউটের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি স্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা সর্বসম্মতিক্রমে একমত হয়েছি বলেও জানান মেয়র।

মেঘালয়ের গভর্নরের সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শিলংয়ে মেঘালয়ের গভর্নর তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এসময় বাংলাদেশের তথ্যমন্ত্রী ও মেঘালয়ের গভর্নর দু’দেশের মানুষের বন্ধুত্ব ও অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পর্যটন শিল্পের বিকাশের ওপর জোর দেন।

কলকাতা-আগরতলা-শিলং সফরের শেষদিন বুধবার সকালে হাছান মাহমুদ মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে রাজ্য গভর্নরের আমন্ত্রণে তার সাথে প্রাতরাশ বৈঠকে মিলিত হন। মন্ত্রীর সহধর্মিনী নূরান ফাতেমা ও গভর্নরের সহধর্মিনী অনুরাধা রায় এসময় উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, ‘পাহাড় ঘেরা মেঘালয় বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় পর্যটন অঞ্চল। আবার যোগাযোগ সুবিধা ভালো হলে এখানকার মানুষও সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের বিভিন্ন অংশে বেড়াতে যেতে আগ্রহী।’

তথ্যমন্ত্রী তার সঙ্গে একমত পোষণ করেন ও পর্যটন বিকাশের জন্য বাংলাদেশ সরকারের আন্তরিকতার কথা জানান।

তথ্যমন্ত্রী এসময় আগামী বছরের মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।

ঘন্টাব্যাপী আন্তরিক এ বৈঠকে হাছান মুক্তিযুদ্ধের সময় আন্তরিক সহযোগিতার জন্য গভর্নরকে মেঘালয়ের প্রতি বাংলাদেশের অকুন্ঠ ধন্যবাদ জানান।

তথাগত রায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে তার নিজের লেখা ‘যে দেশ আমাদের ছিল’ গ্রন্থটি উপহার দেন। তথ্যমন্ত্রীও তাকে নৌকা স্মারক, ঐতিহ্যবাহী নকশীকাঁথা ও জামদানি উপহার দেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিলংয়ের এশিয়ান কনফ্লুয়েন্স সেন্টারে বাংলাদেশ সহকারী হাইকমিশন, গৌহাটি আয়োজিত আলোচনা সভায় মানবিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেঘালয় রাজ্যসভার স্পিকার মেতবাহ লিংডহ। এসময় ‘আমাদের বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

তথ্যমন্ত্রীর সাথে গৌহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনার এস এম তানভীর মনসুরসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সফরশেষে আজ রাতে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

জাপানে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে : রাষ্ট্রদূত

0

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, দূতাবাসের সঠিক উদ্যোগ ও ব্যবস্থাপনার কারণে জাপানের তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে।

জাপানের ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউট বাংলাদেশের ৫০ জন তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করবে। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, টোকিও আজ বুধবার দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আগত প্রশিক্ষণার্থীদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। এ সময় বক্তব্যকালে তিনি একথা বলেন।

ওরিয়েন্টেশন কর্মশালার প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, গত জানুয়ারি মাসে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউট যৌথভাবে জাপানে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউটে একটি সেমিনার আয়োজন করে। যেখানে জাপানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি যোগদান করেন। সেমিনারে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরা হয় ফলশ্রুতিতে জাপানি তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যপক সাড়া পরে। সেই ধারাবাহিকতায় এ বছর জুন মাসে ঢাকায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

রাষ্ট্রদূত আরো বলেন, সমঝোতা স্মারকটির মূল প্রতিপাদ্য ছিলো ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউট বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট ও প্রফেশনালদের প্রশিক্ষণ প্রদান করবে। যাতে তারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সম্পর্কে জাপানি ব্যবসায়ীদের অবহিত এবং বিনিয়োগে সহায়তা করতে পারবেন। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীগণ অনেকে জাপানেই চাকরির সুযোগ পাবেন এবং অন্যরা জাপানের শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, টোকিও ২০১৭ সালে জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা)র সাথে অনুরূপ একটি উদ্যোগ নিয়েছিলো যা ‘মিয়াজাকি মডেল’ নামে পরিচিত। মডেলটির মাধ্যমে জাইকা বাংলাদেশে তথ্য-প্রযুক্তিতে দক্ষ কর্মীদের বাংলাদেশেই প্রশিক্ষণ প্রদান এবং পরবর্তীতে জাপানে নিয়োগের ব্যবস্থা করছে।

ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট হিদেকি কিওয়াকি বলেন, তাদের লক্ষ্য বাংলাদেশে আইটি ব্যবসার কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশকে ‘বিগ ডাটা’, এ আই, রোবটিক্স ইত্যাদি প্রযুক্তিতে দক্ষ মানব-সম্পদ তৈরিতে সহায়তা করা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মো. খায়রুল আমিন, বাংলাদেশের আইসিটি বিভাগের যুগ্মসচিব মো. খায়রুল আমিন এবং ফুজিতসু রিসার্চ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট হিদেকি কিওয়াকি, আগত প্রশিক্ষণার্থীগণ এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।