Home Blog Page 3487

সৌদি শাসকদের ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের ডাক দিলেন নির্বাসিত যুবরাজ

0

জার্মানিতে নির্বাসনে থাকা সৌদি শাসক পরিবারের যুবরাজ খালেদ বিন ফারহান আল সৌদ শাসকদের ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের ডাক দিয়েছেন। সেই সঙ্গে তিনি শাসনব্যবস্থা পরিবর্তন এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে আহ্বান জানান। ৪১ বছর বয়সী সৌদি যুবরাজ ফারহান আল সৌদ বলেন, যখন মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তখন থেকেই শাসন ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করেছে।

ফারহান আল সৌদ বলেন, সৌদি বাদশাহ এবং তার ছেলে আন্তর্জাতিক, মুসলিম ও আরব অঙ্গনে দেশটির মর্যাদা ও সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের শাসনামলে সৌদি আরব ইহুদিবাদীদের কাছে ক্রীতদাসে পরিণত হয়েছে। তিনি বলেন, সৌদি শাসক ‘নিয়ন্ত্রণহীনভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে এবং উস্কানিমূলকভাবে অনেক কিছুই ধ্বংস করছে।

তিনি সৌদি আরবের রাজনৈতিক ব্যবস্থার প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, রিয়াদের ক্ষমতাসীন সরকার আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ সব কাজগুলোই করছে। ভিন্ন মতাবলম্বীদের তারা সব ধরনের উপায়ে নির্যাতন করছে। তিনি বলেন, বিন সালমান তার চাচাত ভাইদের ওপর আক্রমণ করেছে। পরে তাদরে কারাগারে আটকে রেখেছে। শাসক পরিবারের সদস্যদের কোথাও যাতায়াত করতে বাধা দেওয়া হয়। রাজ্যের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের ওপর আক্রমণ চালিয়েছে মোহাম্মদ বিন সালমান।

তিনি আরও বলেন, গত তিন বছরে দেশটির অস্ত্র ক্রয়ের বৃদ্ধির পিছনে ছিলো মোহাম্মদ বিন সালমান। অস্ত্র ক্রয়ের টাকার পরিমাণ দেশটির মোট বাজেটের প্রায় এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দরিদ্র ও প্রতিবেশী দেশ ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানের দিকে ইঙ্গিত করে ফারহান আল সৌদ বলেন, ইয়েমেনে সৌদি আরবের পরাজয় হয়েছে। এর মূল কারণ হলো সেনাবাহিনীর সামরিক মতবাদ এই যুদ্ধের বৈধতা স্বীকার করে না। সৌদি ক্রাউন প্রিন্স ইয়েমেনে অন্যায়ভাবে আক্রমণ করে সৌদিকে নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

নির্বাসিত সৌদি যুবরাজ বলেন, সৌদি আরবে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রী ও সরকার নিয়োগের জন্য নির্বাচন আয়োজন, বর্তমান কর্মকর্তাদের পদচ্যুত করার এবং দেশে মানবাধিকার লঙ্ঘন ও অবিচারের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন চালিয়ে যাব আমি। দেশটিতে বিরজমান বর্তমান পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার।

জাতিসংঘের তদন্তে মিয়ানমারের দেড় শতাধিক অপরাধী চিহ্নিত

0

রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতনে মিয়ানমার বাহিনী ও তাদের দোসরদের গুরুতর অপরাধের তথ্যপ্রমাণসংবলিত ৫৬ হাজার ৫০০টি নথি জাতিসংঘের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত কাঠামোতে জমা হয়েছে। মিয়ানমারের দেড় শতাধিক অপরাধীকে চিহ্নিত করা হয়েছে এতে।

জাতিসংঘ গঠিত স্বাধীন সত্যানুসন্ধানী দলের প্রধান মারজুকি দারুসমান গতকাল মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদকে এ তথ্য জানান।

গত দুই বছরে ওই নথিগুলো তৈরি করেছে জাতিসংঘের স্বাধীন সত্যানুসন্ধানী দল। এতে মিয়ানমারে অপরাধের শিকার হওয়া এক হাজার ২২৭ ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার বা জবানবন্দি রয়েছে।

সে সময় মারজুকি দারুসমান রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার বাহিনীর নির্মূল অভিযানে জেনোসাইড, ব্যাপক হত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসহ গুরুতর অনেক অপরাধের আলামত থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জেনোসাইড প্রতিরোধবিষয়ক কনভেনশনে সই করেও মিয়ানমার জেনোসাইড ঠেকাতে ব্যর্থ হচ্ছে।

মারজুকি দারুসমান আরো বলেন, দুই বছর আগে মানবাধিকার পরিষদ যখন স্বাধীন সত্যানুসন্ধানী দল গঠন করার প্রস্তাব গ্রহণ করেছিল তখন পরিস্থিতি জানার জন্য বিশ্বসম্প্রদায়ের অপেক্ষা করার সময় ছিল। এখন মিয়ানমার পরিস্থিতি কী তা বিশ্বের সামনে স্পষ্ট। তিনি বলেন, বিশ্বের এখন ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।

জাতিসংঘের তদন্তদলটি মিয়ানমারের সামরিক বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে সেগুলোর সঙ্গে সম্পর্ক না রাখতে বিশ্বসম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাখাইন রাজ্যেও বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যে সাবধানতা অবলম্বন করতে বলেছে।

মানবাধিকার পরিষদে গতকালের আলোচনায় বেশির ভাগ সদস্য ও বেসরকারি সংস্থা মিয়ানমারের জবাবদিহির পক্ষে মত দেয়। তবে চীন ও রাশিয়া এর বিরোধিতা করে বলেছে, সত্যানুসন্ধানী মিশন তার ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছে। ওই মিশনের সুপারিশ ও প্রতিবেদন মিয়ানমার পরিস্থিতির উন্নতি ঘটাতে কোনো ভূমিকা রাখবে না, বরং আরো অবনতি ঘটাতে পারে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওসের মতো আসিয়ান সদস্যগুলো মিয়ানমারের নেওয়া উদ্যোগ তুলে ধরে। সত্যানুসন্ধানী মিশনের প্রতিবেদন ও সুপারিশের সমালোচনা না করে মিয়ানমারের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে ভারত। একই সঙ্গে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সংস্কারের জন্য গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।

মানবাধিকার পরিষদের বেশির ভাগ সদস্যই মিয়ানমারে চলমান ‘জেনোসাইড’ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্যে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে এবং ওই সব অভিযোগ তদন্তের দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে (আইসিসি) দেওয়ার সুপারিশ করে।

বাংলাদেশ বলেছে, সত্যানুসন্ধানী দলের প্রতিবেদনে মিয়ানমারের লজ্জাজনক অপরাধের তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উত্থাপিত তথ্যের সঙ্গে বাংলাদেশ একমত যে মিয়ানমার জেনোসাইড ঠেকাতে ব্যর্থ হয়েছে। মিয়ানমারে সংঘটিত অপরাধের বিচার অভ্যন্তরীণ ব্যবস্থায় সম্ভব নয়।

বাংলাদেশ আরো বলেছে, রাষ্ট্র হিসেবে মিয়ানমারের অপরাধ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে (আইসিজে) বিচারের উদ্যোগকে বাংলাদেশ সমর্থন করে। এ ছাড়া মিয়ানমারের অপরাধীদের আইসিসিতে বিচার বা আলাদা আদালত প্রতিষ্ঠার সুপারিশকেও বাংলাদেশ স্বাগত জানায়।

মিশনের বিশেষজ্ঞ রাধিকা কুমারাস্বামী বলেন, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয়। রাখাইনে কাউকে যেতে না দিয়ে নৃশংসতা আড়াল করা যাবে না। তিনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীতে যত দিন পরিবর্তন না আসছে তত দিন মিয়ানমারে সংস্কার ও পরিবর্তন সম্ভব নয়।

পাক নিয়ন্ত্রিত কাশ্মীরও ভারতের অংশ, একদিন নিয়ন্ত্রণ আশা করি : জয়শঙ্কর

0

পাক অধিকৃত কাশ্মীর বা আজাদ কাশ্মীর ভারতের অংশ এবং আমরা একদিন আক্ষরিক অর্থেই এর নিয়ন্ত্রণ আশা করি বলে মন্তব্য করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি আরো বলেন, জম্মু ও কাশ্মীর সম্পর্কে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবস্থান রয়েছে এবং থাকবে।

এস জয়শঙ্কর আরো বলেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, আমরা আশা করি একদিন নিয়ন্ত্রণাধীন হবে, কার্যকরী নিয়ন্ত্রণ।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাকিস্তান। তার মধ্যেই কয়েক সপ্তাহ আগে এস জয়শঙ্করের মতো একই সুরে বিবৃতি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং উপরাষ্ট্রপতি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষপের ফলে দেশের অন্যান্য জায়গার মতোই সুযোগ সুবিধা পাবে জম্মু ও কাশ্মীর।

যদিও ভারতের ওই পদক্ষেপের সমালোচনা করেছে পাকিস্তান এবং বিষয়টিকে জাতিসংঘে তুলতে চায় তারা।

এস জয়শঙ্কর বলেন, মানুষের নিজের মতবাদ প্রকাশের অধিকার রয়েছে। আমি খুব কম এরকম খবর দেখেছি, যেখানে বলা হয়েছে, ৩৭০ ধারা ছিল একটি অস্থায়ী আইন। জম্মু ও কাশ্মীর নিয়ে মানুষ কী বলছে, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। ১৯৭২ থেকেই ভারতের অবস্থান পরিষ্কার। আমার ক্ষেত্রে, আমার অবস্থান থাকবে। মার্কিন কংগ্রেসের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। তারা অনেক কিছু বলে, কারণ, মানুষ বিশেষ সদস্যদের কাছে যায় এবং যা বলার প্রয়োজন, সেটাই বলে।

উদ্বোধনের দিনই পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে : রেলমন্ত্রী

0

উদ্বোধনের দিনই স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, এ লক্ষ্যে পুরোদমে রেল লাইনের কাজ চলছে।

আজ মঙ্গলবার দুপুরে রেলভবন মিলনায়তনে রেলমন্ত্রীর ভারত ও চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, দুই ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার ও দ্বিতীয় ধাপে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মিত হবে। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত প্রকল্পের কাজে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। পদ্মা সেতুর অগ্রগতি হয়েছে এখন পর্যন্ত ৭৩ শতাংশ। স্বপ্নের এ সেতু উদ্বোধনের দিনেই এর ওপর দিয়ে ট্রেন চলাচল করবে।

মন্ত্রী এ সময় ভারত ও চীন সফর নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমরা ভারতের ট্রেন, তাদের ট্রেনে আধুনিকতা সরেজমিনে দেখে এসেছি। আমাদের দেশে চলাচল করা ২৬৩ ট্টেনের ৬৮ শতাংশ মেয়াদ আছে, বাকিগুলোর নেই। আমরা ভারতের কাছে থেকে কিছু ইঞ্জিন কেনার প্রস্তাব দিলে তারা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ২০টি ইঞ্জিন উপহার দেবে, যেগুলো তিন বছর পর ফেরত দেবো।

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের চলাচল সপ্তাহে চার দিন থেকে বাড়িয়ে ছয় দিন করতে ভারতীয় রেলওয়েকে রাজি করিয়েছেন বলেও জানান সুজন। খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের যাত্রা বাড়ানোর আশাও করেন তিনি।

রেলমন্ত্রী বলেন, এখন মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে চার দিন চলাচল করে। এটাকে বাড়িয়ে ছয় দিন করতে চাই। মানে ছয় দিনে ১২ বার চলাচল করবে। বন্ধন এক্সপ্রেস ট্রেনটি এক দিনের বদলে সপ্তাহে যেন তিন দিন চলতে পারে, সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেত্রী বললে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব নেব

0

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নিজে থেকে প্রার্থিতা ঘোষণা করবেন না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পারসোনালি আমি কোনো প্রকার প্রার্থিতা ঘোষণা করব না। নেত্রী যাকে ইচ্ছে দেবেন। আমাকে যদি তিনি থাকতে বলেন, সেটা তিনি বলতে পারেন। আবার বলতে পারেন, বিদায়! আরেকজন আসবেন, নতুন মুখ আসবে। ওয়েলকাম, কোনো অসুবিধা নেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গুরুত্বপূর্ণ পদগুলো দলের প্রধানের মাইন্ড সেটের ওপরে সবাই ছেড়ে দেয়। তার নির্দেশনায় দল চলবে। প্রার্থী হওয়ার অধিকার সবার আছে, তবে নেত্রীর ইচ্ছার বাইরে কিছু হয় না। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। সবারই এমন পদ কাঙ্ক্ষিত। তিনি আস্থা রেখে দলের সাধারণ সম্পাদকের যে দায়িত্ব দিয়েছেন, তা পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ এ পদের ইচ্ছা সবার থাকে। এটা বিরাট সম্মানের বিষয়।

তিনি বলেন, নেত্রীর ইচ্ছের বাইরে আসলে কিছু হয় না। নেত্রী সাধারণ সম্পাদক হিসেবে যাকেই পছন্দ করেন, আওয়ামী লীগের কর্মী-কাউন্সিলররা তার প্রতি সবাই ঝুঁকে পড়েন। আমি ভাগ্যবান মানুষ, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। অনেক কর্মী আজীবন ত্যাগ করেও এই পদটি পায়নি।

কাদের বলেন, আমি এটুকু বলতে পারি, আমার চেষ্টা ও আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। অসুস্থ ছিলাম কিছুদিন। অসুস্থতার পরও আমি দল ও সরকারে সমানভাবে সময় দিচ্ছি। যখন যেখানে প্রয়োজন, সেখানে আমি নিজেকে এনগেইজড করছি। এবার নেত্রী কাকে পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে পছন্দ করবেন, তিনি যাকে পছন্দ করবেন, তার প্রতি আমাদের সবারই পূর্ণ সমর্থন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে বিমানের বহরে সংযুক্ত হলো ড্রিমলাইনারটি।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে ফিতা কেটে রাজহংসের উদ্বোধন করেন তিনি।

এর আগে ১৪ সেপ্টেম্বর বিকাল পৌনে ৪টায় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ (বিজি-৫০০৪) উড়োজাহাজটি দেশে পৌঁছায়। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৬তম উড়োজাহাজ।

এর আগে গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে ‘আকাশবীণা’ ও ‘হংসবলাকা’ নামের প্রথম ও দ্বিতীয় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ বাংলাদেশে আনা হয়। গত জুলাই মাসে তৃতীয় বিমান ‘গাংচিল’ আনা হয়। প্রধানমন্ত্রী নিজেই বিমানগুলোর নামকরণ করেন।

প্রকল্পের পণ্য ক্রয়ে দাম নির্ধারণে সতর্ক হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

0

প্রকল্পের পণ্য ক্রয়ে দাম নির্ধারণের ক্ষেত্রে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রকল্পের পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে উচ্চমূল্য নির্ধারণ হওয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হওয়ায় প্রধানমন্ত্রী এ তাগিদ দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার অহেতুক সমালোচিত হতে চান না। আমরা পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের দাম নির্ধারণে সতর্ক হতে নির্দেশনা দিয়েছি। আমার জানামতে এ রকম কাজ আর হবে না। প্রকল্পের যে কোনো দাম নির্ধারণের ক্ষেত্রে যাচাই-বাছাই করে করে দাম নির্ধারণ করতে হবে।’
রাস্তাঘাট প্রশস্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী কী বলেছেন সে ব্যাপারে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রাস্তাঘাট প্রশস্ত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন ‘রাস্তার পাশে গরিব মানুষের বাড়ি ও গ্রাম যাতে ভেঙ্গে ফেলা না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে এ্যালাইন্টমেন্ট পরিবর্তন করে হলেও অন্যপাশ দিয়ে রাস্তা ঘুরিয়ে নিতে হবে। তারপরও বাধ্য হয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে হলে তাদের উদার ভাবে ক্ষতিপূরণ দিতে হবে। ঘুরানো চলবেনা।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ ছাড়া ঝাড়খন্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নির্মাণ করা হবে সেটি দিয়ে শুধু যে বিদ্যুৎ আমদানি হবে তা নয়, ভবিষ্যতে হয়তো আমরা রফতানি করতে পারবো।’
সরকারের প্রকল্প তদারকি সংস্থা আইএমইডিকে আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া প্রধানমন্ত্রী আইএমইডির বিভাগীয় অফিস স্থাপনের বিষয়ে খোঁজ-খরব নিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী জানান।

ভারত বন্ধুত্বের নিদর্শন হিসেবে ২০টি রেল ইঞ্জিন দেবে : রেলমন্ত্রী

0

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলে লোকোমোটিভ সংকট রয়েছে। ভারতীয় ঋণে যেসব ইঞ্জিন আসার কথা, সেগুলো ২০২২ সাল নাগাদ পাওয়া যাবে। এর আগে রেলের ইঞ্জিন সংকট কাটাতে আমরা তাদের কাছে ক্রয় অথবা ভাড়ায় কিছু ইঞ্জিন চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের ২০টি ইঞ্জিন বন্ধুত্বের নিদর্শন হিসেবে দিতে রাজি হয়েছে। এর ১০টা মিটার গেজ এবং ১০টা ব্রড গেজ।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রেলভবন মিলনায়তনে সদ্য ভারত ও চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে রেল‌ওয়ের ২৩৩টি লোকোমোটিভ রয়েছে, তবে এর ৬৮ শতাংশের আয়ুষ্কাল ফুরিয়ে গেছে।
রেলমন্ত্রী বলেন, আমরা রেলকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করে যাচ্ছি। চীনের সহযোগিতায় ও ভারতের অর্থায়নে আমাদের অনেক প্রকল্প চালু আছে। আমরা ট্রেনকে ১৬ কোটি মানুষের চাহিদার শীর্ষে আনতে চাই। সে লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু হয়েছে, সিঙ্গেল লাইনগুলোকে ডাবল লাইনে আনার কাজ চলছে, নতুন নতুন রুটে রেল চলাচলের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, দেশের বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে সেতুর ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। আমাদের কাজও অব্যাহত আছে। স্বপ্নের এ সেতু উদ্বোধনের দিনেই এর ওপর দিয়ে ট্রেন চলাচল করবে। এ লক্ষ্যে ভাঙ্গা-মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটারের রেল লাইনের কাজ চলছে পুরোদমে। প্রথম দিকে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত এ ট্রেন চলবে। তবে এ সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত (১৭২ কিলোমিটার) ট্রেন চলাচল করতে আরও সময় লাগবে। সেটা হয়তো আমাদের প্রকল্পের মেয়াদ (২০২৪ সাল) পর্যন্ত সময়ের প্রয়োজন পড়বে।
ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের চলাচল সপ্তাহে চার দিন থেকে বাড়িয়ে ছয় দিন করতে ভারতীয় রেলওয়েকে রাজি করিয়েছেন বলে জানান সুজন। খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের যাত্রা বাড়ানোর আশাও করছেন তিনি।
তিনি বলেন, ‘এখন মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে চার দিন চলাচল করে। এটাকে বাড়িয়ে ছয় দিন করতে চাই। মানে ছয় দিনে ১২ বার চলাচল করবে। বন্ধন এক্সপ্রেস ট্রেনটি এক দিনের বদলে সপ্তাহে যেন তিন দিন চলতে পারে, সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি।’
চীন সফর নিয়ে সুজন বলেন, দেশটির রেল যোগাযোগ ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছেন তিনি, যা বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কাজে দেবে।
সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন, রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা’

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠা জাবি উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টিকে সরকার কীভাবে দেখছে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ কী কারণে, নৈতিকস্খলন, সেটা যদি তদন্ত করে প্রমাণ হয়, তিনিও কোনো আইনের ঊর্ধ্বে নন। তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, এখানে যদি তার কোনো অপকর্মের সংশ্লিষ্টতা থাকে, তদন্তে যদি এটা প্রমাণিত হয়, তবে অবশ্যই তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জাবি ভিসির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল তো সবার পদত্যাগ দাবি করছেন। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। তিনি নিজেই নিজের পদত্যাগ দাবি করেছেন। তিনি নির্বাচনে জিতেও পদত্যাগ করেছেন। আবার কথা রাখতে পারেননি, ওই শূন্য জায়গায় নিজেই আরেকজনকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন।
তিনি বলেন, এই দ্বিচারিতায় তাদের যে ভালো ভালো কথার দাম নেই। তারা নিজেরা বলে একটা, করে আরেকটা। তারা নিজেরাই গণতন্ত্রে বিশ্বাস করে না। নিজের দলের যখন গণতন্ত্রের সংকট তারা দেশের গণতন্ত্র নিয়ে যখন কথা বলে তখন সাধারণ মানুষ বিষয়টিকে হাস্যকরই মনে করবে। এছাড়া অন্যকিছু মনে করার কারণ নেই।

রোহিঙ্গাদের এনআইডি : ইসি কর্মচারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

0

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা এবং ল্যাপটপ গায়েব করার ঘটনায় গ্রেফতার চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মচারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে নগরের ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইন এবং নির্বাচন কমিশন আইনে মামলাটি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন (৩৫), তার সহযোগী চালক বিজয় দাস (২৬) ও তার বোন সীমা দাস (২৪) ওরফে সুমাইয়া। সীমা দাস চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালের আয়া। বাকি দুই আসামির নাম তদন্তের স্বার্থে পুলিশ গোপন রেখেছে।
এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন।
তিনি বলেন, ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের এক কর্মচারীসহ তিনজনকে আটকের পর গতকাল সারারাত বিষয়টি নিয়ে কাজ হয়েছে। নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমার দায়ের করা মামলায় ওই তিনজনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
তিনি আরও বলেন, আসামিদের ধরতে অভিযান চলছে। ওই দুজন আটক হলে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেয়া চক্রটির মূল হোতাদের চিহ্নিত করা যাবে বলে আশা করছি।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, হাটহাজারী থেকে জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিতে আসা রোহিঙ্গা নারী লাকি আক্তারকে শনাক্তের পর জানা যায়, আঞ্চলিক নির্বাচন অফিসের কেউ কেউ এর সঙ্গে জড়িত। পরে অনুসন্ধান চালিয়ে গত তিন দিনে চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ডাবলমুরিং থানার অফিস সহায়ক জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। পরে তার সহায়তায় বিজয় দাস ও তার বোন সীমা দাসকেও আটক করা হয়। এ সময় জয়নাল আবেদীনের হেফাজতে থাকা নির্বাচন কমিশনের লাইসেন্স করা একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।