Home Blog Page 3488

একনেকে অনুমোদন পেল আট প্রকল্প

0

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ সহ আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এতে মোট ব্যয় হবে আট হাজার ৯৬৮ কোটি আট লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয় এসব প্রকল্পের।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী জানান, এই ৮টি (নতুন ও সংশোধিত) প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ৮ হাজার ৯৫২ কোটি ৫৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ১৫ কোটি ৪৯ লাখ টাকা।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, একনেক সভায় মোট আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল স্থাপন। এটি একটি ভালো প্রকল্প। খাবারসহ নানা কারণে ক্যান্সার রোগ বাড়ছে। তাই, এর চিকিৎসা সেবা বৃদ্ধি জরুরি।

জানা যায়, বিভাগীয় মেডিক্যাল কলেজে দুইতলা বেইজমেন্ট ও ১৫তলা ফাউন্ডেশনসহ মোট ১৭তলা ভবন নির্মাণ করা হবে। চিকিৎসা ও শল্য চিকিৎসার সরঞ্জামাদি সংগ্রহ করে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে এমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হবে। ক্যান্সার নির্ণয় ও এর চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ক্যান্সার চিকিৎসায় বৈদেশিক নির্ভরতা কমিয়ে আনা হবে।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ময়মনসিংহ (রঘুরামপুর)-ফুলপুর-নকলা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া সড়কের বিন্দুর মোড় থেকে বিমানবন্দর হয়ে নওহাটা ব্রিজ পর্যন্ত পেভমেন্ট চারলেনে উন্নীতকরণ, রাজশাহী মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদিঘী মোড় এবং মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, জুনোসিস ও আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা, স্ট্রেনথিং মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন ক্যাপাবিলিটিজ অব আইএমইডি (এসএমইসিআই), ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর থেকে মনাকষা সীমান্ত পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ।

এ ছাড়া, সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে চার হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে ‘আশ্রয়ণ-২’ প্রকল্প।

সভায় আরো অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা, পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রমুখ।

কলকাতায় বঙ্গবন্ধু সম্মাননা পেলেন আমিনুল ইসলাম

0

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামকে বঙ্গবন্ধু সম্মাননা প্রদান করেছে কলকাতার চোখ ফাউন্ডেশন। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রাক্কালে এই সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমিনুল ইসলাম। তিনি স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধের দিনগুলো আর দুই বাংলার সম্পর্কের কথা।

কলকাতার চোখ ফাউন্ডেশন দীর্ঘ ২৫ বছর ধরে এই বিশেষ পুরস্কার বঙ্গবন্ধু সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। দুই বাংলার বিশেষ ব্যক্তিদের দেওয়া হয় এই সম্মাননা। গতবছর বঙ্গবন্ধু বিশেষ সম্মাননা পেয়েছিলেন ড. অমর্ত্য সেন।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননাপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, ‘আমি বিশেষভাবে আপ্লুত এই পুরস্কারে ভূষিত হয়ে। এটি কেবল একটি পুরস্কার নয়, দুই দেশের মেলবন্ধনের প্রতীক। ভারত-বাংলাদেশের সম্প্রীতি আরো জোরদার হোক।’

চোখ ফাউন্ডেশন’র সম্পাদক মানিক দে বলেন ‘আমিন ভাই সদাজাগ্রত মানুষ। শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে কাজ করেন তিনি। তাঁর মতো মুজিব অন্তঃপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিকের হাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামাঙ্কিত বিশেষ বঙ্গবন্ধু পুরস্কার-১৪২৬ তুলে দিতে পেরে আমি সত্যিই ধন্য।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ছড়াকার শামসুর রহমান, আকাশবাণী কলকাতার প্রবীণ প্রডিউসর পংকজ সাহা প্রমুখ।

ভিকারুননিসায় ফওজিয়ার নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট

0

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানকে কোন ক্ষমতাবলে নিয়োগ দেওয়া হয়েছে- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে ফওজিয়ার নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

তবে ফওজিয়ার নিয়োগের ওপর কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেননি আদালত। ফলে অধ্যক্ষ হিসেবে তাঁর কাজে যোগদানে কোনো বাধা নেই।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর রুল জারি করেছেন হাইকোর্ট। তবে তাঁর কাজে যোগদানের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেননি আদালত। তাই অধ্যক্ষ পদে তাঁর দায়িত্ব নিতে কোনো বাধা নেই।

বাইরের কোনো প্রতিষ্ঠানের শিক্ষককে সরকার অধ্যক্ষ হিসেবে সরাসরি নিয়োগ দিতে পারে কিনা সেটি জানতে চেয়েছেন আদালত।

রাজধানীর সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে সংযুক্ত থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়াকে সম্প্রতি ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। গত রবিবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয় এ সংক্রান্ত আদেশ।

আদেশে বলা হয়, তিনি (ফওজিয়া) নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। প্রতিষ্ঠান থেকে বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা পাবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন। সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রণ হবে।

প্রায় ১০ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই ভিকারুননিসা পরিচালিত হচ্ছিল। সম্প্রতি স্থায়ী অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম শুরু করা হলেও নানা অনিয়মের অভিযোগে তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ এ প্রতিষ্ঠানে ফেরদৌসি বেগম নামে একজন শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন ইন্দোনেশিয়ান প্রকৌশলী

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন নবনির্মিত একটি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌফিক (৪৫) নামের বিদেশি প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

তৌফিক ইন্দোনেশিয়ার নাগরিক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় কম্পানির একটি বাসায় থাকতেন তিনি।

মৃতের সহকর্মী টেকনিশিয়ান মো. হানিফ জানান, তৌফিক দীর্ঘদিন ধরে ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্তরত ছিলেন। সকালে কেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করল টিসিবি

0

দাম নিয়ন্ত্রণে খোলাবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি’র মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর পাঁচটি স্থানে ৪৫ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, আজ থেকে রাজধানীর পাঁচটি স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমাদের সোর্সিং চলছে, পর্যায়ক্রমে আরো বিভিন্ন স্থানে শুরু হবে এ সেবা।

টিসিবির ডিলার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টা থেকে আমরা এখানে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। একজন ক্রেতা দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। বিক্রির জন্য এক হাজার কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে।

বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত রবিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে মানুষকে স্বস্তি দিতে সরকার খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে খোলাবাজার থেকে একেকজন পাঁচ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না।

পেঁয়াজ আমাদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার কমাতেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, বন্দরে আমদানি করা পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং নির্বিঘ্নে পরিবহনের যাতায়াত নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

নেতাদের আমলনামা অনুযায়ী অ্যাকশন শুরু হবে : প্রধানমন্ত্রী

0

বিতর্কিত কেন্দ্রীয় নেতা, মন্ত্রী-এমপিদের চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হার্ডলাইনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন যার যার আমলনামা অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, গত শনিবার গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন বছরে মাত্র একটি জেলায় সম্মেলন হওয়ায় কেন্দ্রীয় নেতাদের প্রতি চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘এই মেয়াদে মাত্র একটি জেলায় সম্মেলন হলো কেন? বাকিগুলো কেন হলো না? আপনারা করেন কী? কে কী করেন সবার আমলনামা কিন্তু আমার কাছে রয়েছে। জেলায় জেলায় গিয়ে খাওয়া-দাওয়া করে আসেন, দলের কাজ তো কেউ করেন না। ব্যক্তি অপকর্মের দায় দল ও সরকার নেবে না। কাউকে ছাড় দেওয়া হবে না।’
প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর দল ও সরকারের ইমেজ রক্ষায় এবার আর কোনো ছাড় নয়। অনিয়ম, দুর্নীতি ও দলের গঠনতন্ত্র, নীতি-আদর্শবিরোধী যে কোনো কর্মকাণ্ড করলেই ছাড় পাবেন না কেউই। জাতীয় সম্মেলনের আগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোয় একটা গুণগত পরিবর্তন আনতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগের বিরুদ্ধে তার ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ছাত্রলীগের শীর্ষ দুই পদ থেকে শোভন-রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিকেলে ‘রাজহংস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) ভিভিআইপি টারমাকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নবনির্মিত জাতীয় পতাকাবাহী বিমান ‘রাজহংস’।

গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোয়িং ৭৮৭/৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ১৬তম বিমান। ড্রিমলাইনারটি যুক্তরাষ্ট্রের সিয়াটল বোয়িং ফ্যাক্টরি থেকে ঢাকায় অবতরণ করে।

এর আগে গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে ‘আকাশবীণা’ ও ‘হংসবলাকা’ নামের প্রথম ও দ্বিতীয় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ বাংলাদেশে আনা হয়। গত জুলাই মাসে তৃতীয় বিমান ‘গাংচিল’ আনা হয়। প্রধানমন্ত্রী নিজেই বিমানগুলোর নামকরণ করেন।

সব ভারতীয়র ভাষা হিন্দি! প্রতিবাদ বিশিষ্ট ৫০ বাঙালির

0

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার আবেদন জানিয়েছেন, হিন্দিকে ভারতের ‘সর্বজনীন’ ভাষা করতে। একটি টুইটার পোস্টেও তিনি আবেদন জানান। তিনি লেখেন, ভারত নানা ভাষার দেশ, এবং প্রতিটি ভাষারই নিজস্ব গুরুত্ব রয়েছে, কিন্তু আন্তর্জাতিক স্তরে এমন একটি সর্বজনীন ভাষার প্রয়োজন যা ভারতের পরিচিতি হয়ে উঠবে। আজ যদি এমন একটিও ভাষা থেকে থাকে, যা এক সূত্রে দেশকে ঐক্যবদ্ধ করতে পারে, তা হলো হিন্দি, যা কিনা ভারতে সবচেয়ে বেশি বলা এবং বোঝা হয়।

আর তার এই দাবির প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট ৫০ বাঙালি। এছাড়াও তারা আহ্বান জানান, পশ্চিমবঙ্গের বাঙালিরা যাতে ভারতের প্রতিটি ভাষাকে সম্মান জানান। সেই সঙ্গে নিজেদের ওপর কোনো কিছু ছাপিয়ে দিলে তা প্রতিহত করারও আহ্বান জানান। তারা আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিও প্রচার করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন, কবি সুবোধ সরকার, কবি-কলাম লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, উর্মিমালা বসু, জগন্নাথ বসু এবং চলচ্চিত্র নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের পরই তার ওই বিবৃতিটি প্রচার করেন।

এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন কবি সুবোধ সরকার। যে কোনো ভাষাকেই তিনি সম্মান করেন। তিনি ঘোষণা করেন, হিন্দি ভাষাকে আমি সম্মান করি। কন্নড় মালয়ালি মারাঠি কোঙ্কনি কিংবা ককবোরোককে আমি সমানভাবে সম্মান করি। কোনো ভাষা ছোট হয় না। কোনো ভাষা বড় হয় না। মাতৃভাষা একজন মানুষের আসল রেশন কার্ড। তবে বাংলাকে মুছে ফেলার নতুন নীতির নাম এক দেশ এক ভাষা।

এখানেই শেষ নয়। অমিত শাহর ‘এক দেশ এক ভাষা’র সমালোচনা করে সোমবার সকালে নিজের ফেসবুক ওয়ালে একটি কবিতাও পোস্ট করেন সুবোধ সরকার তিনি লেখেন,

“যাঁরা চাইছেন এক দেশ এক ভাষা
তাঁরা কী জানেন কাকে বলে দেশ?
কাকে বলে ভালবাসা?

আমার ভাইকে তোমরা মেরেছ কাশ্মীরে
মেরেছ বোনকে কন্যাকুমারিকায়
গঙ্গার জলে সবটুকু ধোয়া যায়?

নিজের ভাষায় গাইবে না আর গান?
বুঝবে সেদিন
যখন তোমার থালায় পড়বে টান।

দেখেই চলেছি জোচ্চুরী করা পাশা
আমি বলব না আমার মাতৃভাষা?”

অমিত শাহর দাবির প্রতিবাদ জানিয়েছেন তামিল নাডুর রাজনৈতিক নেতা এম কে স্টালিন। তিনি বলেন, ১৯৩৭ সালের হিন্দি বিরোধী আন্দোলনের আমাদের আবারো তৈরি হতে হবে। তামিল জনগণ, শিক্ষার্থী ও তরুণদের উচিত এ প্রতিবাদে অংশ নেওয়া। কারণ বিষয়টি সংস্কৃতি ও ভাষা সম্পর্কিত।

সূত্র: রিপাব্লিকওয়ার্ল্ড।

দুই হাজার ইউরোসহ মানিব্যাগ ফিরিয়ে দিয়ে আলোচিত রোমের বাংলাদেশি

0

রোমের রাস্তায় দুই হাজার ইউরোসহ একটি ওয়ালেট কুড়িয়ে পেয়েছিলেন এক বাংলাদেশি তরুণ মুসান রাসেল। সেটি মালিকের কাছে ফিরিয়ে দেয়ার পর প্রতিদান হিসেবে তাকে পুরস্কার দেয়ার প্রস্তাবও সবিনয়ে প্রত্যাখ্যান করেন মুসান। এরপর মুসানকে নিয়ে এখন ব্যাপক আলোচনা ইতালির গণমাধ্যমে।

ইটালির লা রিপাবলিকা পত্রিকায় মুসানের সাক্ষাৎকার আর ছবি ছাপা হয়েছে। সেখানে তিনি সবিস্তারে বর্ণনা করেছেন পুরো ঘটনা। বিবিসি বাংলার প্রতিবেদনটি তুলে ধরা হলো-

সাত বছর আগে বাংলাদেশ থেকে রোমে আসেন মুসান রাসেল। রোমের রাস্তায় তিনি একটি লেদার সামগ্রীর স্টল চালান।

গত শুক্রবার তিনি রাস্তায় একটি ওয়ালেট পড়ে থাকতে দেখেন। এটি হাতে নিয়ে তিনি দেখতে পান ভেতরে অনেক নোট, ক্রেডিট কার্ড এবং অন্যান্য মূল্যবান কাগজপত্র আছে। এরপর আর কিছু না ভেবেই ওয়ালেটটি নিয়ে তিনি চলে যান নিকটবর্তী পুলিশ স্টেশনে। সেখানে ওয়ালেটটি তুলে দেন পুলিশের হাতে।

এরপর পুলিশ ওয়ালেটের মালিকের সঙ্গে যোগাযোগ করে এবং তার কাছে ওয়ালেটটি ফিরিয়ে দেয়। মালিক মুসান রাসেলের সততার দৃষ্টান্তে অভিভূত হয়ে তাকে পুরস্কার দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন।

লা রিপাবলিকা পত্রিকা তার কাছে জানতে চেয়েছিল, প্রথম যখন তিনি ওয়ালেটটি খুঁজে পান, তখন তিনি কি ভেবেছিলেন।

মুসান বলেন, ওয়ালেটের ভেতরটা দেখে তার মনে হয়েছিল, যিনি এগুলো হারিয়েছেন, তিনি নিশ্চয়ই খুবই সমস্যায় আছেন।

“ভেতরে ছিল কয়েকটি ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং আরও কিছু কাগজপত্র। আর টাকা তো ছিলই। কত টাকা বলতে পারবো না, কারণ আমি গুণে দেখিনি। আমি সবকিছু পুলিশ স্টেশনে নিয়ে গেলাম।”

মুসান রাসেল ভালো ইটালিয়ান বলতে পারেন না। কিন্তু তারপরও তিনি তার বক্তব্য পুলিশকে বোঝাতে পারলেন। ওয়ালেটের মধ্যে একতাড়া নোট দেখে পুলিশ অবাক হলো। তখনই তিনি প্রথম জানতে পারেন যে ভেতরে দুই হাজার ইউরো ছিল।

পুলিশ তাকে ধন্যবাদ জানালো ওয়ালেটটি জমা দেয়ার জন্য। জবাবে মুসান বললেন, ‘এটা আমার কর্তব্য। আমি কাজ করি এবং এই ওয়ালেটটি ঘটনাচক্রে খুঁজে পেয়েছি। এটি আমার নয়।”

মুসান জানান, প্রথম জীবনে তাকে বেশ কষ্ট করতে হয়েছে। দিন-রাত খাটতে হয়েছে। গত দুবছর ধরে তিনি লেদার স্টলটি চালান।

ওয়ালেটটি যার, তার সঙ্গে যখন দেখা হলো, তখন কী ঘটলো? তার কাছে জানতে চেয়েছিল লা রিপাবলিকা।

মুসান জানান, ওয়ালেটটি পুলিশের কাছে দিয়ে তিনি কাজে ফিরে আসেন। কয়েক ঘন্টা পর পুলিশ তাকে ফোন করে। পুলিশ জানায়, ওয়ালেটের মালিক একজন ব্যবসায়ী। তিনি মুসানের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

“প্রথমে আমি যেতে চাইনি। কারণ সবাই আমার দিকে মনোযোগ দিক, সেটা আমি চাইনি। তবে শেষপর্যন্ত আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঐ ভদ্রলোক আমার দেখা পেয়ে আসলেই খুশি হয়েছিলেন। আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পেরে খুশি ছিলেন। আমি অবশ্য তাকে বলেছি, এর কোন দরকার ছিল না, আমি এমন ব্যতিক্রমী কিছু করিনি। কিন্তু তিনি আমাকে একটা পুরস্কার দিতে চেয়েছিলেন, আমি যে পুরস্কার চাই, সেটাই দিতে চেয়েছিলেন।”

কেন তিনি পুরস্কার প্রত্যাখ্যান করলেন- জানতে চাইলে মুসান বলেন, “কারণ এটা কোন সন্মানের ব্যাপার হতো না। আমি বরং তাকে আমার স্টলে আসার আমন্ত্রণ জানিয়েছিল। আমি খুশি হবো যদি উনি আমার দোকানের কাস্টমার হন।”

“আমি যে ওয়ালেটটি খুঁজে পেয়েছিল, সেটা ঘটনাচক্রে। এটার জন্য আমাকে পুরস্কার দেয়া ঠিক নয়।”

‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প!

0

আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হিউস্টনে ‘হাউডি মোদি’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্তত ৫০ হাজার ভারতীয় ওই অনুষ্ঠানে যোগ দেবেন। আর সেই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

জানা গেছে, ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই অনুষ্ঠানে থাকবেন। শুধু তাই নয়, সেখানে বক্তব্যও রাখবেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনও বিশাল সমাবেশে যৌথভাবে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট।

এটা নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে নরেন্দ্র মোদি দু’বার যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখেন। ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত থাকবেন। এতে খুশি বলে টুইট করে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র : নিউজ এইটিন