Home Blog Page 3492

দিল্লিতে শেখ হাসিনা-মোদি বৈঠক ৫ অক্টোবর

0

আগামী ৫ অক্টোবর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ৩ অক্টোবর ভারতের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ৩ থেকে ৫ অক্টোবর ইনডিয়ান ইকনোমিক ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকটি হবে ৫ অক্টোবর।

চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

ছাত্রলীগের পাশাপাশি প্রধানমন্ত্রীর নজরে যুবলীগের একাধিক নেতা

0

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগের নেতাদের পাশাপাশি আলোচনায় ছিল যুবলীগের কয়েকজন নেতার প্রসঙ্গও। যুবলীগের একাধিক নেতার নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: যেভাবে আমি জঙ্গি দমন করেছি, ঠিক সেভাবে তাদেরও দমন করা হবে।

শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের শেষ দিকে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

ওই বৈঠকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে ‘দানব’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেইসঙ্গে যুবলীগের কিছু নেতাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন: এরা শোভন-রাব্বানীর থেকেও খারাপ।

আলোচনার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কীভাবে উদযাপন করা হবে, সেই প্রসঙ্গ তুলে ধরেন বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এরপর বৈঠকে উপস্থিত সবাই জাঁকজমকের সাথে তার জন্মদিন পালনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেন। কিন্তু প্রধানমন্ত্রী এ নিয়ে অনীহা প্রকাশ করেন।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির কথা তুলে ধরেন। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে ‘২৮ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের কথা জানান। এছাড়া তিনি নিজেসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের কথার জেরে প্রধানমন্ত্রী বলেন: আমার জন্মদিন ঘিরে কোনো জাঁকজমক আমি চাই না। এসময় যুবলীগের কয়েকজন নেতার নাম ধরে ধরে প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে তার কাছে থাকা অভিযোগগুলো পড়ে শোনান এবং বলেন, চাঁদাবাজির টাকা বৈধ করতেই যুবলীগ এমন মিলাদ মাহফিলের আয়োজন করেছে। চাঁদাবাজির টাকায় আমি এমন আয়োজন চাই না।

এসময় এক যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আগেও তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কাজ হয়নি। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। ১১ বছরে এদের অনেকে অর্থবিত্তের মালিক হয়েছে। কিন্তু আমার ত্যাগী কর্মীদের আগের সেই দুরাবস্থা রয়েই গেছে। এরা এখন অস্ত্র নিয়ে মহড়া দেয়। কই, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল, তখন তো কাউকে অস্ত্র নিয়ে বের হতে দেখা যায়নি।

প্রধানমন্ত্রী ওইসব যুবলীগ নেতারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে জঙ্গি দমনের আদলে তাদের দমনের সতর্কবার্তা দেন।

বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন: এই মেয়াদে তোমরা শুধু একটি জেলা ইউনিটের সম্মেলন করতে পেরেছো। এভাবে তো দল চলতে পারে না।

উপস্থিত নেতারা তখন জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে নেতাদের ব্যস্ততার কথা তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের এমন অজুহাত আমি শুনতে চাই না। তোমরা না পারলে বলো আমি দলের নারী নেত্রীদের দায়িত্ব দেবো।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক পর্যায়ের নেতারা প্রধানমন্ত্রীকে জানান, সব ঠিক করা আছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে ডিসেম্বরের আগে সব মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন করা সম্ভব। এর প্রতিউত্তরে প্রধানমন্ত্রী বলেন: ও, টিকেট কেটেই রেখেছো!

শেখ হাসিনাকে নিয়ে ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিনের কভার স্টোরি

0

নেদারল্যান্ডের প্রথিতযশা পত্রিকা ডিপ্লোম্যাট ম্যাগাজিনের চলতি সংখ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘শেখ হাসিনা : দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে কভার স্টোরি প্রকাশ করেছে।
চলতি সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা, আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মী, থিঙ্ক ট্যাঙ্কস, ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, এংগোলা, সুইডেন, ফিনল্যান্ড, লক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনিজুয়েলা এবং ইকুয়েডরের রাষ্ট্রদূতরা, রাশিয়ান ফেডারেশন, জর্জিয়া, আর্জেন্টিনা এবং আজারবাইজেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কেনিয়া, পোল্যান্ড এবং পানামা দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধিগণ উক্ত উপস্থিত ছিলেন।
ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রকাশক মিজ মেইলিন ডি লারা এবং নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল উপস্থিত রাষ্ট্রদূতগণকে সঙ্গে নিয়ে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন।

রাষ্ট্রদূত বেলাল প্রচ্ছদ হিসেবে মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ প্রধানমন্ত্রীর ‘মাদার অব হিউম্যানিটি’ সংক্রান্ত খবরকে বেছে নেওয়ার জন্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাইকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত উন্মুক্ত করে দেবার বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করে লাখ লাখ নির্যাতিত মানুষের জীবন রক্ষা করে বিশ্ববাসীর নিকট ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশ সরকার নিজেদের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তার ঝুঁকিকে উপেক্ষা করে শুধু মানবিক কারণে যেভাবে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ইত্যাদি সুবিধাদি প্রদান করেছে সে সম্পর্কেও তিনি বিস্তারিত বর্ণনা করেন।
রাষ্ট্রদূত বেলাল জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক প্রয়োজনসমূহ নিশ্চিত করে দ্রুত তাদের নিজেদের বাসভূমিতে ফিরে যেতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
এ ছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার প্রতিও তিনি জোর দেন।
খবর বাসস

হাতবোমা বিস্ফোরণে উড়ে গেল র‌্যাব কর্মকর্তার হাতের কব্জি

0

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে অভয়নগর থানা চত্বরে এ ঘটনা ঘটে। আহত শহিদুল ইসলাম খুলনা খালিশপুর র‌্যাব-৬ এর কর্পোরাল (সার্জেন্ট)।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খুলনা র‌্যাব-৬ এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিস্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে। র‌্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিস্ক্রিয় করার উদ্যোগ নেন।
এ সময় প্রথম বোমাটি নিস্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র‌্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙ্গুলসহ কব্জি পর্যন্ত উড়ে যায়।
অভয়নগর থানা পুলিশ তাকে গুরুত্বর আহত অবস্থায় যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। তিনি সেখানেই চিকিৎসারত আছেন।

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান

0

ঢাকার নামি ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনরত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ান এই নিয়োগ পেয়েছেন।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়।
নিয়োগ আদেশে বলা হয়, সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রণ হবে। তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
প্রতিষ্ঠান কর্তৃক বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা পাবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।
তিনি স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিলে চাঁদা দেবেন এবং প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার লিভ স্যাল্যারি ও পেনশনের চাঁদা দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রোহিঙ্গাদের দেখতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল কক্সবাজারে

0

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজার পৌঁছেছেন আমেরিকা ও চীনের পৃথক প্রতিনিধি দল।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রতিনিধি দলটি। বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি সরাসরি চলে যান কুতুপালং ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে।
প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। প্রতিনিধিরা মূলত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করবেন।
অপরদিকে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান চীনের প্রতিনিধি দলটি। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সেখান থেকে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করবেন। জিমিং ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন আরও ৮ সদস্য।
মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন লি জিমিং। বিকেলে জেলা প্রশাসন ও ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে।
প্রসঙ্গত যে, গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াতে প্রতিনিধি দল পাঠায় চীন। চীনের প্রতিনিধির উপস্থিতিতে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে সরকার। কিন্তু রোহিঙ্গারা রাজি না হওয়ায় সে প্রত্যাবাসন প্রক্রিয়াটি আটকে যায়।
২০১৭ সালে ২৫ আগস্ট রাখাইনের ৩০টি নিরাপত্তা চৌকিতে একযোগে হামলার ঘটনা ঘটে। প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু করে। ফলে প্রাণ বাঁচাতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। পুরনোসহ উখিয়া-টেকনাফের ৩৪টি শিবিরে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ১১ লাখ ৮৫ হাজার ৫৫৭। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনে গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

0

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডমিতে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব পুলিশ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ারও নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আশা করি আপনাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রূপক-২০২১’ এবং ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন।

পুলিশের নবীন কর্মকর্তারাও তাদের পূর্বসূরীদের ন্যায় দেশপ্রেম, পেশাদারিত্ব ও অসীম সাহসিকতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সর্বদাই এ দেশের পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করতেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বিগত ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর এদেশের সার্বিক উন্নয়ন ও জনমানুষের জীবনযাত্রার মানােন্নয়ন সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, বৈদেশিক নীতি ও সম্পর্ক, গ্রামীণ ও নগর অবকাঠামো, ব্যবসা-বাণিজ্য, সামাজিক নিরাপত্তা-প্রতিটি সেক্টরেই আজ কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশেও আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে।

এছাড়া মেট্রোরেল এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যেই জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে ট্রফি বিতরণ করেন। পরে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন। বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ হলেন- ‘বেস্ট শ্যুটার’ খায়রুল কবির, ‘বেস্ট ফিল্ড পারফমার’ আব্দুল্লাহ-আল-মামুন, ‘বেস্ট হর্সম্যানশিপ’ সালাহউদ্দিন, ‘বেস্ট একাডেমিক’ সাইফুল ইসলাম খান এবং বেস্ট প্রবেশনার সালাহ্ উদ্দিন। প্যারেডে ১৭ জন নারী অফিসারসহ ১১৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন।

আজ দুপুরেই প্রধানমন্ত্রীর রাজশাহীর সারদা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

‘অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না’

0

‘অন্যায়-অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে এই প্রথম ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য কোনো সংগঠনে এ ধরনের নজির নেই।’

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। তাদেরকে বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে।

আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সম্মেলনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত। তবে কিছু জেলা, উপজেলা ও ইউনিয়ন সম্মেলন বাকি আছে। জাতীয় সম্মেলনের আগেই এ সম্মেলনগুলো সম্পন্ন করা হবে। আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে বিদ্রোহী ১৭৫ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের জবাব পাওয়ার পর বিদ্রোহীদের যারা মদদ দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সেতুমন্ত্রী নবনির্মিত ভুলতা ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ভুলতা ফ্লাইওভারের প্রকল্প পরিচালক গোলাম হায়দার রিয়াজ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো, হারুনুর রশিদসহ সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

জনগণ সেবা না পেলে নিজে থানায় বসবেন ডিএমপি কমিশনার

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, অধীনস্থ কোনো থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায় তাহলে আমার সিনিয়র অফিসারদের থানায় বসাবো প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করব।

আজ রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপির নতুন কমিশনার।

থানায় সেবা নিতে যাওয়া কাউকে যেন কোনো ধরনের হয়রানি না করা হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সাধারণ মানুষ যাতে পুলিশভীতি থেকে বের হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে জানিয়ে কমিশনার বলেন, দায়িত্ব নেয়ার পরেই ঢাকার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-কমিশনারদের (ডিসি) সঙ্গে বসেছিলেন তিনি।

সাধারণ মানুষ যাতে পুলিশের দ্বারা হয়রানি, চাঁদাবাজির শিকার নায় কিংবা পুলিশি সেবার বিপরীতে যাতে আর্থিক লেনদেন না হয়, সেদিকে নজর রাখার অঙ্গিকারও করেছেন ডিএমপি কমিশনার।

সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধার করব : জয়

0

ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে ছাত্রলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করব। সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টা করব। শেখ হাসিনার হাতকে শক্ত করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। চাঁদাবাজি টেন্ডারবাজিসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আজ রবিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জয় বলেন, আমি একটি হলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, লেখক ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল। আমাদের সম্পর্কে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আমরা সব সময় চেষ্টা করি যে কোনো ধরনের কালিমা আমাদের গায়ে যেন না লাগে।

তিনি বলেন, আমাদের মাধ্যমে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য আমরা সব সময় কাজ করে যাব। বাংলাদেশ ছাত্রলীগ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজকে ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। সুতরাং আমরা যদি কোনো প্রমাণ পাই যে কেউ চাঁদাবাজি করছে, ছাত্রলীগের দুর্নাম করছে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো বিচার হওয়া উচিত কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শুধু দায়িত্ব পেয়েছি। এই বিষয়ে ছাত্রলীগের যারা নীতি-নির্ধারক, আওয়ামী লীগের প্রবীণ নেতা, তারা উত্তর দিলে ভালো হয় বলে জানান তিনি।