Home Blog Page 3493

কাল দায়িত্ব নিচ্ছেন ছাত্রলীগের দুই ভারপ্রাপ্ত

0

আগামীকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সংগঠনের দায়িত্ব নেবেন তাঁরা।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ নেতাকর্মী।

ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় বলেন, ‘সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব গ্রহণ করব। একইসঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে চলব, হাতকে শক্তিশালী করব।’

তিনি বলেন, ‘ছাত্রলীগ চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে থেকে ছাত্রলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করব। সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টা করব।’

সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব কাজ করবে উল্লেখ করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের যেকোনো অভিযোগ কিংবা দাবি থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের কাছে আসতে কোনো লবিং কিংবা মধ্যস্ততা লাগবে না।’

গতকাল শনিবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শোভন-রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। আর বর্তমান নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয় পদত্যাগের।

এ ছাড়া সভায় আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা এবং অনুমোদন করা হয় সম্মেলন প্রস্তুতি কমিটি।

সন্ত্রাসবিরোধী অভিযানে লাদেনের ছেলে হামযা নিহত, নিশ্চিত করলেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামযা বিন লাদেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে আফগানিস্তান/পাকিস্তান অঞ্চলে নিহত হয়েছেন। তবে অভিযান চালানোর সময় কিংবা নিহতের কোনো দিনক্ষণ তিনি উল্লেখ করেননি।

ওই বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, হামযা বিন লাদেনের মৃত্যু কেবল আল-কায়েদাকে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দক্ষতা এবং তার পিতার প্রতীকী সংশ্লিষ্টতা থেকে বঞ্চিত করে না, তাদের দলের কার্যক্রমেও হ্রাস টেনে ধরে।

ট্রাম্প আরো বলেন, হামযা বিন লাদেন বিভিন্ন ধরনের সন্ত্রাসী গ্রুপের সঙ্গে পরিকল্পনা এবং চুক্তি করতেন ।

এর আগে সিএনএন গত ৩১ জুলাই তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে হামযা বিন লাদেন নিহত হয়েছেন। মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের অভিযানে তিনি নিহত হয়েছেন, তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

সৌদিতে তেল কারখানায় ড্রোন হামলা যে বার্তা দেয়

0

সৌদি আরবে ড্রোন হামলা চালানো হয়েছে দুটি তেল কারখানায়। ওই দুটি তেল কারখানা সৌদি সরকার নিয়ন্ত্রিত তেল কম্পানি আরামকোর পরিচালনাধীন।

অন্তত ১০টি ড্রোন ব্যবহার করে আবকাইক শোধনাগার এবং খুরাইস তেলক্ষেত্রে হামলা চালানো হলে এগুলোতে আগুন ধরে যায়। সৌদি কর্মকর্তারা বলছেন, দুটি স্থানেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা এ হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে সৌদি আরবের ওপর তাদের আক্রমণের আওতা আরো সম্প্রসারিত হবে।

হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের ২০১৫ সাল থেকে যুদ্ধ চলছে। সৌদির সরকারি প্রেস অ্যাজেন্সি জানায়, শনিবার ভোর ৪টার দিকে রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কম্পানি আরামকোর নিরাপত্তা দল – আবকাইক ও খুরাইসের দুটি স্থাপনায় ড্রোন আক্রমণের ফলে সৃষ্ট আগুন নেভানোর কাজ শুরু করে।

তবে কারা এ আক্রমণের পেছনে রয়েছে, কিংবা হামলার ঘটনায় কী ক্ষতি হয়েছে, সে ব্যাপারে সৌদি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র আল-মাসিরা টিভি চ্যানেলকে বলেছেন, তারা ১০টি ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালিয়েছেন এবং ভবিষ্যতে আরো আক্রমণ চালানো হতে পারে।

২০১৫ সাল থেকেই ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি-নেতৃত্বাধীন জোটের লড়াই চলছে। গত কয়েক মাসে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভেতরে সামরিক ঘাঁটিগুলোর ওপর অনেকগুলো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

আবকাইকে আক্রান্ত তেল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম এবং সেখান থেকে ১০০ কিলোমিটার দূরের খুরাইস হচ্ছে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র।

খুরাইসে বিশ্বের মোট চাহিদার এক শতাংশ তেল উৎপন্ন হয়, আর আবকাইক তেল শোধনাগার বিশ্বের সরবরাহের সাত শতাংশ তেল যোগান দেবার ক্ষমতাসম্পন্ন।

এ আক্রমণে ক্ষতির পরিমাণ কত তার ওপর নির্ভর করে – আগামী সোমবার আন্তর্জাতিক বাজার খুললে তেলের দামের ওপর এর কী প্রভাব পড়বে।

ড্রোন হামলা
বিবিসির প্রতিরক্ষা ও কূটনৈতিক সংবাদদাতা জনাথান মার্কাস বলছেন, সর্বসাম্প্রতিক এই হামলা থেকে এটা বোঝা যাচ্ছে যে, সৌদি আরবের তেল স্থাপনাগুলো হুথি বিদ্রোহীদের দিক থেকে কৌশলগত হুমকির মুখে রয়েছে।

হুথিদের ড্রোন আক্রমণ চালানোর দক্ষতা যেভাবে বাড়ছে, তাতে এই বিতর্কটা আবার নতুন করে সামনে চলে আসছে যে তাদের এই সক্ষমতা অর্জনের পেছনে কারা রয়েছে।

তারা কি বাণিজ্যিক পর্যায়ের বেসমারিক ড্রোনকে অস্ত্র ব্যবহারের উপযোগী করে নিয়েছে, নাকি ইরানের বড়ধরনের সহায়তা তাদের পেছনে রয়েছে; সেটাও একটা প্রশ্ন।

মার্কাস বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প সম্ভবত এর জন্য ইরানের দিকেই সন্দেহের আঙুল তুলবেন, কিন্তু ড্রোন হামলার পেছনে ইরানের হাত কতখানি তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে।

সৌদি বিমান বাহিনী কয়েক বছর ধরে ইয়েমেনে লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে অনেকটা সীমিত সক্ষমতার হলেও হুথিদের হাতেও পাল্টা হামলা চালানোর ক্ষমতা তৈরি হয়েছে।

জনাথান মার্কস বলছেন, শক্তিধর মুষ্টিমেয় কিছু দেশের কাছেই একমাত্র সশস্ত্র ড্রোন পরিচালনার সক্ষমতা আছে, এমন দিন শেষ হয়ে গেছে।

ড্রোন প্রযুক্তি এখন যুক্তরাষ্ট্র থেকে চীন, ইসরায়েল এবং ইরান, এমনকি হুথি থেকে শুরু করে হেযবুল্লাহদের হাতেও পৌঁছে গেছে, যদিও প্রযুক্তির মানের হেরফের রয়েছে।

হুথি কারা?

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়াই করছে। ইয়েমেনে যুদ্ধ চলছে ২০১৫ সাল থেকে। হুতিদের হামলার কারণে প্রেসিডেন্ট আবদ্রাববু মনসুর হাদি রাজধানী সানা থেকে পালিয়ে যান ২০১৫ সালে।

প্রেসিডেন্ট হাদির পেছনে রয়েছে সৌদি আরবের সমর্থন এবং হুথি বিদ্রোহীদের হঠাতে সৌদি আরব ওই অঞ্চলের কিছু দেশ নিয়ে গঠিত একটি জোটে নেতৃত্ব দিচ্ছে।

এই জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে প্রায় প্রতিদিন বিমান হামলা চালায়। হুথিরাও সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

হুথি গোষ্ঠীর একজন সামরিক মুখপাত্র সারিয়া আল মাসিরাকে বলেছেন, সৌদি লক্ষ্যবস্তুর ওপর তাদের আক্রমণ ”আরো বাড়বে এবং সৌদি আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে অতীতের তুলনায় এসব হামলা তাদের জন্য বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াবে”। বিবিসি বাংলা।

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজ শনিবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব আমাদের নেত্রী শেখ হাসিনার সময়ে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামীতে সম্পর্ক আরো দৃঢ় হবে।

এনআরসি নিয়ে তিনি বিতর্ক থেকে দূরে থাকলেও তিস্তার পানি বণ্টন নিয়ে ছিলেন অনেকটাই সোজাসাপ্টা। তিনি বলেন, পানি বণ্টন একটি আন্তর্জাতিক বিষয়। আমরা চাই দু’দেশের মানুষের কল্যাণ হবে এমন একটি সমাধান যেন বের হয়।

পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা বলা শুরু করেছেন যে, বাংলাদেশের প্রায় দুই কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে বসবাস করছেন। এনআরসির মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে। তাই নানা মহলে প্রশ্ন উঠেছে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত নিয়ে।

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা। যদিও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী পানিবণ্টন চুক্তির বিরুদ্ধে। নানা মহলের ধারণা পানিবণ্টন নিয়ে এবার আবার দু’দেশের মধ্যে আলোচনা হবে। ঘোষণাও হতে পারে সমাধানের সূত্র।

মাদরাসার আড়ালে জেএমবির প্রশিক্ষণ কেন্দ্র!

0

ভারতের মঙ্গলকোটের নিগনের তামিলপুকুর পাড়ের কাছে তৈরি হতে যাওয়া একটি মাদরাসার আড়ালে জামাতুল মুজাহিদিনের পশ্চিমবঙ্গ শাখার অন্যতম প্রধান কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। এ কাজের জন্য ২৫ কাঠা জমি ব্যবহার করা হচ্ছিল।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানা যায়, ভারতের চেন্নাই থেকে ডাঙ্গাপাড়া গ্রামের আসাদুল্লা শেখ নামের এক ব্যক্তি গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিগনের মাদরাসায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা। এর আগে ২০১৪ সালের ২ অক্টোবর, খাগড়াগড় বিস্ফোরণের পরেরদিনই মঙ্গলকোটের শিমুলিয়া মাদরাসার সঙ্গে তার যোগসূত্রের কথা জেনে যান তদন্তকারী কর্মকর্তারা। শিমুলিয়া মাদরাসায় তদন্ত করতে গিয়ে তারা খবর পান নিগনের তামিলপুকুর পাড়ের কাছে ২৫ কাঠা জমি কিনেন ইউসুফ, বোরহান ও আসাদুল্লা শেখ। তাদের তত্বাবধানেই তৈরি হচ্ছে একটি মাদরাসা। ২০১৩ সালের মার্চ মাসে কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দাদের কাছ থেকে ওই জমি কেনা হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তারা আরো জানতে পারেন, ২০১৩ সালের ৩ মার্চ নতুনহাট সাব-রেজিস্ট্রি অফিসে ২৫ কাঠা জমি কেনা হয়েছিল তিনজনের নামে। তিন মালিকের মধ্যে আসাদুল্লার অংশ ৫ কাঠা, ইউসুফের বন্ধু কাঠমিস্ত্রি বোরহানের অংশ পাঁচ কাঠা এবং বাকি ১৫ কাঠা কেনা হয়েছিল বদরুজ্জামান শেখের নামে। বহরমপুরের উপরডিহি গ্রামের বাসিন্দা বদরুজ্জামান কেতুগ্রামের মউগ্রাম হাইস্কুলের আরবি শিক্ষক। এরপর ওই শিক্ষককে একাধিকবার তলব করেছিল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। যদিও তদন্তকারীদের কাছে ওই শিক্ষক তখন জানিয়েছিল তার মেয়ে শিমুলিয়া মাদরাসায় পড়াশোনা করত। সেই সুবাদে ইউসুফ ও বোরহানের সঙ্গে পরিচয়ের পর যৌথভাবে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছিল।

এদিকে এই মাদরাসার খোঁজ পাওয়ার পরেই ভাতারের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল্লাকে তলব করে একাধিকবার নোটিস পাঠিয়েছিল এনআইএ। নোটিস পাঠানো হয়েছিল বোরহানের বাড়িতেও। কিন্তু খাগড়াগড় বিস্ফোরণের পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় আসাদুল্লা ও বোরহানরা। স্বামী পালিয়ে যাওয়ার পরে দুই মেয়েকে নিয়ে পালিয়ে যায় আসাদুল্লার দ্বিতীয় স্ত্রী হালিমা বিবিও। তারপর থেকে আর আসাদুল্লার হদিশ পাননি তদন্তকারী কর্মকর্তারা।

খাগড়াগড় কাণ্ডের ছয় থেকে সাত বছর আগে থেকেই প্রথম স্ত্রী নূর নীহারের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় আসাদুল্লার। তারপর সে কুলসোনা গ্রামের মেয়ে হালিমাকে বিয়ে করে। মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা আবুল কালাম সম্প্রতি খাগডাগড় কাণ্ডে সাজা পেয়েছে। তাই দ্বিতীয় বিবাহের পর থেকেই আসাদুল্লার সঙ্গে জেএমবির সম্পর্ক তৈরি হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা।

বর্ধমান-কাটোয়া রাজ্যসড়করে ভাতারের তামিলপুকুর। তার চারপাশে ঘন জনবসতি। পুকুরের পশ্চিমদিকে ২০০ ফুটের মধ্যেই কয়েকটা জমি পেরিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে অসমাপ্ত মাদরাসার কাঠামো। প্লাস্টারহীন ইটের দেওয়ালে স্থানীয়রা কেউ ঘুঁটে দেন। আর মাদ্রাসার জমিতে চড়ে গরু। তবে সেখানে ঘেঁষতে দেখা যায় না বোরহান, আসাদুল্লা বা আরবি শিক্ষকের পরিবারের কাউকেই। খাগডাগড় বিস্ফোরণকাণ্ড না ঘটলে হয়ত এতদিনে মাথা তুলে দাঁড়িয়ে যেত তামিলপুকুর পাড়ের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র। আর তাকে ঘিরে জেএমবির জাল এতদিনে বিছিয়ে ফেলতে পারত আসাদুল্লা ও ইউসুফরা।

বাড়িতেই পড়াশোনা করছে কাশ্মীরি শিক্ষার্থীরা

0

ভারতীর সংবিধানে কাশ্মীরকে যে বিশেষ স্বায়ত্বশাসিত এলাকার মর্যাদা দিয়েছিল ৩৭০ ধারা-তা বাতিল করেছে ক্ষমতাসীন বিজেপি। এরপরই রাজ্যটিতে জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া স্কুল-কলেজ। এর কারণেই কাশ্মীরের রাজধানী শ্রীনগরের হজরতবালে নিজের বাড়িতে অন্তত শ’দুয়েক ছাত্রছাত্রীকে পড়ানো শুরু করেছেন মুনাজা ইমরান বাট।

এদিকে অগস্টের মাঝামাঝি স্কুল খুললেও দফায় দফায় কারফিউয়ে উপত্যকার অধিকাংশ শিক্ষার্থীরা স্কুলে হাজির হতে পারছে না। ফলে মুনাজার মতো প্রাইভেট শিক্ষকদের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই অভিভাবকদের। মুনাজ়া বলেছেন, আমি আগে থেকেই ভাইবোনদের পড়াতাম। গত কয়েক দিন ধরে বহু অভিভাবক এসে অনুরোধ করছেন তাদের এলাকায় গিয়ে পড়ানোর জন্য। আসলে পরীক্ষার সময় গেলেও ছেলেমেয়েদের স্কুলে পাঠানো উচিত হবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না বাবা-মায়েরা।

স্কুলে না গেলেও ছেলেমেয়েদের লেখাপড়া যাতে বন্ধ না-হয়, সেই দিকে নজর রাখছেন অভিভাবকেরা। কাশ্মীরের স্থানীয় বাসিন্দা আসিফা নামে এক নারী জানান, গত মাস থেকেই বাচ্চাদের বাড়িতে পড়াচ্ছেন তিনি। তার মতে, স্কুলে না-যাওয়ার যে ক্ষতি, তা অনেকটাই সামলানো যাবে এতে। ওই গৃহবধূর বক্তব্য, ৩৭০ অনুচ্ছেদ রদের জেরে হঠাৎ ৫ অগস্ট থেকে স্কুল কেন বন্ধ হয়ে গেল, তা বোঝানো যাচ্ছে না ছোটদের।

আসিফা বলেন, আমি নিজের বাচ্চাদের পড়ানো শুরু করতেই আত্মীয়, প্রতিবেশীরা তাদের ছেলেমেয়েদের পাঠাতে শুরু করেছেন। যদিও এভাবে স্কুলের অভাব মেটানো সম্ভব নয়, তবে দিনের কিছুটা সময়ে ওদের ব্যস্ত রাখা যায়।

কাশ্মীরের ইউনিস মালিক নামের এক স্কুলশিক্ষা দপ্তরের কর্মকর্তা বলেন, কোনো ছাত্র বা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কিভাবে পরীক্ষার ফর্ম দেব? আমরা দেখছি কী করা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

সূত্র: আনন্দবাজার।

নারী তার ‘বিশেষ রক্ত’ ছিটালেন আইন প্রণেতাদের দিকে

0

যুক্তরাষ্ট্রের বাসিন্দা রেবেকা ডালেলিও নামের অ্যান্টি-ভ্যাকসিন প্রটেস্টের এক নারী তার ‘বিশেষ রক্ত’ ছুড়ে মেরেছেন ক্যালিফোর্নিয়ার রাজ্য সেনেটে। তার ছুড়ে দেওয়া রক্ত দেশটির ছয়জন কর্মকর্তাসহ বেশ কয়েকজন আইন প্রণেতার শরীরে পড়ে। এছাড়াও কিছু কাগজ পত্রে রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

স্থানীয় সংবাদমাধ্যমে ৪৩ বছর বয়সী ওই নারী বলেন, ‘আমার ঋতুস্রাবের রক্ত পুরো সিনেটের মেঝেতে পড়ে রয়েছে’। এই ঘটনার পর ওই নারীকে পুলিশ হেফাজত নেওয়া হয়। শুক্রবার রাতে স্থানীয় পুলিশ জানায়, সিনেটের মেঝেতে ঋতুস্রাবের রক্ত ছুড়ে মারার কারণে ওই নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধ আরো ছয়টি অভিযোগ আনা হয়েছে। তবে আর কী কী অভিযোগ আনা হয়েছে তা খোলাসা করেনি দেশটির পুলিশ।

যুক্তরাষ্ট্রে মেডিক্যািল ভ্যাকসিন এক্সেম্পশনস নামে একটি আইন পাস হওয়ার কথা ছিলো। সেই জন্য অ্যান্টি-ভ্যাকসিন প্রটেস্টের জাড়ো হয়েছিলেন সিনেট চেম্বারের উপরের গ্যালারিতে। তাদের মধ্যে একজন ছিলেন রেবেকা ডালেলিও। আলোচনাকালে হঠাৎ করেই ডালেলিও ঋতুস্রাবের রক্ত ছুড়ে মারেন প্রণেতাদের দিকে। এসময় সবাই বলতে থাকেন, এটি মৃত বাচ্চাদের জন্য। রক্ত ছুড়ে মারলে বেশ কয়েকজন আইন প্রণেতার শরীরে ছিটকে পড়ে।

মন্দিরের মধ্যে ধর্ষণের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে

0

মন্দিরের ভেতরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কর্নাটকের একটি মন্দিরের একজন পুরোহিতকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরেক পুরোহিতকে খুঁজছে পুলিশ।

ভুক্তভোগী নারী তার অভিযোগে উল্লেখ করেছেন, স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর পরিবারের লোকজন ওই দুই পুরোহিতের কাছে নিয়ে যায়। ভবিষ্যতের বড় ধরনের ঝামেলা কাটানোর জন্য দুইবার পূজা দিতে বলা হয় ওই নারীকে।

সে অনুসারে একবার পূজা করা হয় ওই নারীর বাড়িতে। এরপর পূজার কথা বলা হয় মন্দিরে। কিন্তু অভিযোগ উঠেছে, মন্দিরে পূজার কথা বলে ওই দুই পুরোহিত তাকে ধর্ষণ করেছেন।

গত ১০ সেপ্টেম্বর পুরোহিত তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে প্রথমে কাউন্সেলিং দেন। পরে তাকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে।

পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন। বেঙ্গালোর পুলিশের উপ-কমিশনার রাহুল কুমার এ ব্যাপারে বলেন, দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ এবং ৩৫৪বি ধারায় মামলা হয়েছে। একজন পুরোহিতকে এ ব্যাপারে আটক করা হয়েছে এবং আরেকজনকে আটকের চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আজ

0

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডার শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন ছাড়াও প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্র্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সারদা পুলিশ একাডেমী সেজেছে নতুন সাজে। সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে রং-বেরঙের আলোকসজ্জা, বেলুন, ফেস্টুন ছাড়াও একাডেমীর ভেতরে-বাইরে সবখানেই লেগেছে নতুনের রূপ। নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢাকা হয়েছে সারদা পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা। প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে একাডেমীর ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড।

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমদ জানান, রোববার ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে গত কয়েক মাস ধরে একাডেমী কর্তৃপক্ষ অবিরাম চেষ্টা চালিয়ে অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বেলা ১১টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে একাডেমিকে সাজানো হয়েছে নতুন রূপে। আশপাশে গড়ে তেলা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বলয়। ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। পোশাক ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন প্রশাসনের বিভিন্ন দফতরের সদস্যরা। একাডেমীর ঐতিহাসিক প্যারেড মাঠে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ম্যাচসেরার পুরস্কার একে-৪৭ রাইফেল!

0

ক্রীড়াবিশ্বের সব খেলায়ই সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। সাধারণত পুরস্কার হিসেবে পদক, অর্থসহ বিভিন্ন কিছু দেয়া হয়। তবে রাশিয়ার আইস হকি দলের এক খেলোয়াড় ম্যাচসেরার পুরস্কার পেলেন একে-৪৭ রাইফেল। এর আগে বোধহয় প্রাণঘাতী এমন অস্ত্র ম্যাচসেরার পুরস্কার হিসেবে কেউ পায়নি।

পশ্চিম রাশিয়ায় অবস্থিত এ হকি ক্লাব ইজাস্তাল। আর এ অঞ্চলে উৎপাদন করা হয় অস্ত্র একে-৪৭ রাইফেল। যার নির্মাতা মিখাইল কালাশনিকভ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, দলের গোলরক্ষক সেভলি কনোনোভকে ম্যাচসেরার স্বীকৃতি হিসেবে একে-৪৭ রাইফেল দেয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী তিনি আত্মরক্ষার্থে এ অস্ত্র সাথেও রাখতে পারবেন।

চিরপ্রতিদ্বন্দ্বী শেলমেটের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পায় ইজাস্তাল। জয়ের পর দলের কোচ একে-৪৭ রাইফেলটি নিয়ে ঢুকেন ড্রেসিংরুমে। সেখানে তিনি রাইফেলটি ধরে ঘোষণা দেন, ‘এটি তার সহকর্মীদের দ্বারা নির্বাচিত সেরা খেলোয়াড়কে দেওয়া হবে।’