Home Blog Page 3496

বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে পারলে দেশ সোনার বাংলায় পরিণত হবে : মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

0

শিক্ষকরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শিক্ষার্থীদের পাঠদান করতে পারলেই এ দেশ সোনার বাংলায় পরিণত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে আজ শনিবার দুপুরে উপজেলার হাবড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরণ, মত বিনিময় ও মা সমাবেশে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ মিথুন মুন্নীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) মহেষ চন্দ্র রায়, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন সচিব আকরাম আল হোসেন। শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহবান জানান তিনি। মা সমাবেশে সরকারী বে-সরকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেয়।

দেশে এসেছে বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’

0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ দেশে এসেছে। নির্ধারিত সময়ের ৪৯ মিনিট পর ঢাকার রানওয়ে স্পর্শ করে ‘রাজহংস’। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিমানটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর বেলা ১২টায় সিয়াটল থেকে বাংলাদেশের পথে যাত্রা শুরু করে বিরতিহীনভাবে ১৫ ঘণ্টা উড্ডয়নের পর দেশে পৌঁছায় ‘রাজহংস’। ঢাকায় উড়োজাহাজটি নিয়ে এসেছেন বিমানের পাইলট ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ক্যাপ্টেন সরওয়ার, ফার্স্ট অফিসার জামিল ও আতিয়াব।
বিমানকে এর মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার। বিমানের পক্ষে পরিচালক (প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম মালিকানা বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড্রিমলাইনারটি ১৪ সেপ্টেম্বর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জ্ঞাপন করলেও বর্তমান পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান কেনার জন্য ২ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি করে। ড্রিমলাইনারে আসন সংখ্যা মোট ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসের ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় এটি যাত্রীদের আরামদায়ক বিশ্রামের জন্য সহায়ক।

বিএনপির নেতিবাচক রাজনীতিতে ছাত্রদলের সম্মেলন পণ্ড: কাদের

0

বিএনপির নেতিবাচক রাজনীতির কারণেই ছাত্রদলের সম্মেলন পণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘জনগণের ক্ষমতায়ন দিবসের’ আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, ছাত্রদলের সম্মেলন পণ্ড হওয়ার একমাত্র কারণ বিএনপি ও তাদের দলের নেতিবাচক রাজনীতি।
ছাত্রদলের কাউন্সিল শনিবার হওয়ার কথা ছিল। তবে আদালতের স্থগিতাদেশ থাকায় কাউন্সিল হয়নি। বিএনপি নেতাদের অভিযোগ- সরকারের কারণেই বন্ধ হয়েছে ছাত্রদলের কাউন্সিল।
এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন পণ্ড করেছে। এখানে আওয়ামী লীগ বা সরকারে এখানে দোষ কী? আওয়ামী লীগ কেন ছাত্রদলের সম্মেলন বন্ধ করতে যাবে? ছাত্রদলের নেতাদের মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হল। এখানেও নন্দ ঘোষ শেখ হাসিনার দোষ, এখানেও নন্দ ঘোষ, আওয়ামী লীগের দোষ।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদলের এই সংকটের জন্য বিএনপির নেতৃত্ব দায়ী। তাদের বিদ্বেষপ্রসূত রাজনীতি, তাদের নেতিবাচক রাজনীতি বিএনপিতে সংকট তৈরি করেছে।’
নেতৃত্বের অভাবেই বিএনপিতে কোন্দল ও সংকটের সৃষ্টি হচ্ছে– এমন মন্তব্য করে তিনি বলেন, নিজ দলের নেতাদের অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না বিএনপি। তবে শেখ হাসিনার মতো সৎ সাহস ও সঠিক নেতৃত্বের কারণেই অপকর্ম করে পার পায়নি আওয়ামী লীগের কোনো নেতা।
শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্জনই বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করাকে সঙ্কটপূর্ণ করে তুলেছে বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‌‌‌‘শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এই দেশে অনেকের আঁতে ঘা লাগে, যন্ত্রণা শুরু হয়। শেখ হাসিনার উন্নয়ন অর্জন ও তার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশে বিরোধী রাজনীতির জন্য সঙ্কটের কালো ছায়া নামিয়ে এনেছে।’
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এতে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রধান ইস্যু হবে আসামের নাগরিক পঞ্জী: হিন্দুস্তান টাইমস

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আসামের জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়াদের নিয়ে ঢাকার উদ্বেগ এই সফরের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে এবারেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচনে ভূমিধ্বস জয় নিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। আর গত জুনে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন মোদি। দুই নেতার অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরালো হয়েছে। যৌথভাবে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেছেন দুই নেতা । বিশেষ করে দুই দেশের সংযোগস্থাপনে নানা প্রকল্প চালু হয়েছে তাদের মেয়াদে।

দিল্লি সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ছাড়াও ৪ অক্টোবর বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় অর্থনৈতিক সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা।

সফর সংশ্লিষ্টদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বাংলাদেশ আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ফেরত পাঠানো নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। আসামের রাজনীতিবিদদের প্রকাশ্য মন্তব্যের কারণেই এই উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারত বাংলাদেশকে বোঝাবে যে ভারতে অবৈধভাবে বসবাসরত তাদের নাগরিকদের ফেরত নিতে হবে।

তবে গত আগস্টে নিজের প্রথম ঢাকা সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসামের অবৈধ অভিবাসী চিহ্নিত করা ভারতের অভ্যন্তরীণ বিষয়। গত বৃহস্পতিবার জয়শঙ্কর বলেন, আসামের নাগরিক তালিকা থেকে বাদ ১৯ লাখ মানুষের ভাগ্য নির্ধারণী প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হবে বলে আশা করা হচ্ছে। বাদ পড়া ব্যক্তিদের ফরেনার্স ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতে আপিলের অধিকার আছে।

নাগরিক তালিকা ছাড়াও এই সফরে মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী ফেরাতে ভারতের সমর্থন চাইবে বাংলাদেশ। এছাড়া ভারতের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি বাস্তবায়ন পর্যালোচনা এবং নদীর পানি বন্টন নিয়ে আলোচনা হবে।

হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে,দুই দেশই সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরালো করবে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোহা. শফিকুল ইসলামের প্রথম কর্মদিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ডিএমপির নবনিযুক্ত এই কমিশনার। এ সময় তিনি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন।

পরে তিনি রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান জানান।

সৌদিতে ড্রোন হামলা: লন্ডভন্ড তেল স্থাপনা

0

সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোর দু’টি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে স্থাপনা দু’টিতে ব্যাপক বিস্ফোরণে আগুন লেগে লন্ডভন্ড হয়ে গেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে আরামকো কোম্পানির তেল স্থাপনায় এ হামলার ঘটনা ঘটেছে।
মাধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মমতা ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা রাজীবকে গ্রেপ্তার করতে পারে সিবিআই

0

কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে বিশ্বের অন্যতম সেরা পুলিশ কর্মকর্তা বলে দাবি করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, সেই রাজীব কুমার সিবিআই বা অন্যান্য কোনো তদন্ত এজেন্সির কাছে কোনো স্পেশাল ট্রিটমেন্ট পেতে পারেন না।

কলকাতা হাইকোর্ট রায় দিল সিবিআই বা অন্য তদন্ত এজেন্সি ডাকলে তাকে যেতেই হবে। তদন্তেও সাহায্য করতে হবে। এমনকি সিবিআই চাইলে তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারে।

এক সিবিআই সূত্র জানিয়েছে, এবার রাজীব কুমারকে সিবিআইয়ের কলকাতা অফিসে আসার জন্য নোটিশ দেওয়া হবে এবং উনি এলে উনাকে গ্রেপ্তার করা হবে।

রাজিবের বিরুদ্ধে এই রায় মমতার জন্য বড় ধাক্কা। কারণ গত ৩ ফেব্রুয়ারি সিবিআই কর্মকর্তারা যখন রাজিবের বাড়িতে গিয়েছিলেন তখন কলকাতা পুলিশ চরম হেনস্থা করেছিল তাদের। এমনকি টেনে-হিঁচড়ে তাদের পুলিশ ভ্যানে তোলা হয়েছিল, তারপর রাজীবের বাড়িতে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে ধরনাই বসে পড়েন তিনি।

হাইকোর্টে রাজিবের আইনজীবীরা অভিযোগ করেছিলেন, তার মক্কেলকে হেনস্থা করছে। সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। কিন্তু কলকাতা হাই কোর্ট জানায়, রাজীব কুমার এই সব অভিযোগে জোরালো কোনো ভিত্তি আদালতের সওয়ালে প্রতিষ্ঠা করা যায়নি। চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে যখন পুরো পশ্চিমবঙ্গে হৈচৈ হচ্ছে তদন্তের জন্য মমতা তাকে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের প্রধান করেছিলেন।

পরবর্তীকালে ২০১৪ সালের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে চিটফান্ড কাণ্ডের তদন্ত ভার নেয় সিবিআই। গোড়া থেকে সিবিআই অভিযোগ করছিল, রাজীব চিটফান্ড কাণ্ডের তথ্য ও প্রমাণ লোপাট করেছেন। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির আরো অভিযোগ ছিল, প্রভাবশালীদের আড়াল করতে সক্রিয় ছিলেন রাজীব। সিবিআই পারপার তাকে জেরার জন্য ডাকলেও তা তিনি এড়িয়ে গেছেন।

রায় ঘোষণার সময় হাইকোর্ট জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত হচ্ছে কিন্তু তাতে সহযোগিতা না করে বারবার এজেন্সির নোটিশ এড়িয়ে যাওয়াটা ঠিক নয়। বরং সিবিআই ডাকলেই যেতে হবে রাজীব কুমারকে এবং প্রয়োজনে তাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে তদন্ত এজেন্সি।

আমি কাশ্মীরিদের দূত হয়েছি, কারণ আমি একজন পাকিস্তানি : ইমরান খান

0

কাশ্মীরিদের সঙ্গে ‘সংহতি’ জানানোর জন্য শুক্রবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে সভা করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই তিনি বলেন, আমি কাশ্মীরিদের দূত হয়েছি, কারণ আমি একজন পাকিস্তানি, একজন মুসলিম ও একজন মানুষ। কাশ্মীর ইস্যু আজ এক মানবিক সংকট।

ভারতের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ইমরান বলেন, একমাত্র কাপুরুষের পক্ষেই মানুষের ওপর এ রকম নিষ্ঠুরতা চালানো সম্ভব। অধিকৃত কাশ্মীরের জনগণের ওপর আজ ৯ লাখ সেনা নৃশংসতা চালাচ্ছে। একজন নির্ভীক পুরুষ কখনো এ কাজ করতে পারে না। যত অন্যায়ই আপনারা করুন, আপনারা কখনো সফল হতে পারবেন না। কারণ কাশ্মীরের জনগণ, হোক সে নারী, শিশু বা বৃদ্ধ, কেউ আর মৃত্যুকে ভয় পায় না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, কাশ্মীরের ওপর নজর রয়েছে সকলেরই। ধর্মীয় মেরুকরণ মানুষকে মৌলবাদের দিকে ঠেলে দেয়। মানুষকে প্রতিহিংসার পথে ঠেলে দিচ্ছেন মোদি। আমাদের ধর্ম শান্তির পক্ষে।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় জম্মু-কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরবেন ইমরান খান। ওই একই দিনে সেখানে বক্তৃতা করবেন নরেন্দ্র মোদিও। আন্তর্জাতিক মহল কী করবে জানা নেই, তবে কাশ্মীর পরিস্থিতির শেষ দেখে ছাড়বেন বলে জানান ইমরান।

ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা’ নিহত

0

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। রুবেল (৩০) নামে নিহত সেই ব্যক্তি ‘মাদক বিক্রেতা’ বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ভালুকার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বন্দুকযুদ্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিরবাড়ি এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান যায় ডিবি পুলিশের দু’টি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে মাদক বিক্রেতারা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

নিহত রুবেলের বিরুদ্ধে মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আবার সৌদি আরব সফরে যাচ্ছেন ইমরান খান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চলতি মাসের শেষ দিকে সৌদি আরব সফর করবেন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম এই খবর দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান ইতিমধ্যে দুবার সৌদি আরব সফর করেছেন। আসন্নটি হবে তাঁর তৃতীয় সফর।

পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের খবরে বলা হয়, প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন ইমরান খান। তার আগে তিনি সৌদি আরব সফর করবেন।

গণমাধ্যমের খবরে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের দেশটিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রাজা আলী ইজাজের সঙ্গে ইমরান খানের সম্ভাব্য সফর নিয়ে রিয়াদে আলোচনা করেন।

ইমরান খান বলেছেন, তিনি তাঁর বক্তব্যে কাশ্মীর ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

গত মাসে ভারত দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে। জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করে। মোদি সরকারের এই পদক্ষেপের পর থেকে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর ইস্যুটিকে ভারত তাদের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলছে।

গত জুন মাসে সবশেষ সৌদি আরব সফরে যান ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি প্রথমবারের মতো সৌদি আরব সফর করেন।