Home Blog Page 10

সুপার এইটের লক্ষে ভোরে নেপালের মুখোমুখি বাংলদেশ

0

২০০৭ সালে প্রথম বিশ্বকাপেই সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সুপার এইটে খেলার সুর্বণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। সুপার এইটের লড়াইয়ে আগামীকাল ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিন ম্যাচটি জিতলেই সুপার এইট নিশ্চিত টাইগারদের।

নবম আসরে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৪ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানের হেরেছে টাইগাররা। প্রোটিয়াদের কাছে মাত্র চার রানের হারে হৃদয় ভাঙলেও বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারায় টাইগাররা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে কাছাকাছি বাংলাদেশ।

সুপার এইটে খেলতে হলে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ হলো- শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে। অথবা অন্তত ১টি পয়েন্ট পেলেই এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে খেলবে টাইগাররা। আর যদি নেপালের কাছে হেরে যায়, তাহলে এই গ্রুপে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

ওই ম্যাচে ডাচরা জিতলে, বাংলাদেশের সমান ৪ পয়েন্ট হবে নেদারল্যান্ডসের। তখন রান রেট বিবেচনা করা হবে। বর্তমানে নেদারল্যান্ডসের চেয়ে রান রেটে বেশ এগিয়ে বাংলাদেশ। এখন বাংলাদেশের রান রেট ০.৪৭৮ এবং নেদারল্যান্ডসের রান রেট -০.৪০৮। তাই নেপালের কাছে হারলেও ব্যবধানটা যেন বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশকে।

মাঠের লড়াইয়ের দুই দলের পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। এখন পর্যন্ত একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেপাল। সেটি ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র ম্যাচে নেপালকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছিলো টাইগাররা।

আগামীকাল বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ দিন নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঈদের দিন নেপালের বিপক্ষে জয়ের স্বাদ নিয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ‘নেপালের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। জিতলেই আমরা দ্বিতীয় রাউন্ডে। স্বাভাবিকভাবেই মুখিয়ে আছি সামনের ম্যাচের জন্য। আশা করি, ঈদের দিনে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারব।’

এদিকে তিন ম্যাচে জয়ের স্বাদ না পাওয়া নেপাল শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে চায়। নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, ‘বিশ্বকাপে শেষ ম্যাচটা জয়ে দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ। সুপার এইট নিশ্চিত করতেই জয়ের জন্য মরিয়া থাকবে তারা। তবে আমরা শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছি।’

সুপার এইটের এই লড়াইয়ে মাঠে নামার আগে সংবাদ সম্মলনে আসেন টাইগার পেসার তানজিম সাকিব। নেপালকে সমীহ করেই তিনি বলেছেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলব আগের ম্যাচের মতো। তিনি বলেন, ‘আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকি।

কোরবানি আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে : রাষ্ট্রপতি

0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১৬ জুন) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি বলেন, কোরবানি আমাদের মধ্যে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।

কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

মিয়ানমার সীমান্ত আমাদের কঠোর নজরদারিতে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্ত আমাদের কঠোর নজরদারিতে রয়েছে। আমরা সতর্ক অবস্থায় রয়েছি। বাংলাদেশ কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করেনি। গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজন নেই।

আজ রোববার (১৬ জুন) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেন্টমার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেন্টমার্টিনে যে ঘটনা ঘটেছে, সেটা করেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি।

সেন্টমার্টিনে খাদ্যবাহী জাহাজ নিয়মিত যাতায়াত করছে জানিয়ে ওবায়দুর কাদের বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজন নেই। আমরা কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করিনি, করবও না। কয়েক দিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে এমন গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত এসব গুজব ছড়াচ্ছে। মিয়ানমারের সীমান্তরক্ষীরা যারা অনুপ্রবশ করেছিল, তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে। এখনও সেটাই করছে। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় আছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে। আমরা কোনো নতজানু আচরণ করিনি, ভবিষ্যতেও করবো না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদের আগে রিজার্ভে সুখবর

0

ঈদুল আজহাকে কেন্দ্র করে বেশি বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়া, ডলারের দাম বাড়ায় রপ্তানি আয়ও বেশি আসছে। ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ১২ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, গ্রস রিজার্ভ ১৯ দশমিক ২১ বিলিয়ন। মাসের শুরুতে অর্থাৎ ৫ জুন গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ২৩ বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৮ দশমিক ৬২ বিলিয়ন।

তবে, এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। এটি প্রকাশ করা করা হয় না। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলারের ঘরে। প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা নেই। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন মন্দ সূচকে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।

১২ দিনে প্রবাসী আয় ১৪৬ কোটি ডলার

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে দেশে ১৪৬ কোটি (১ দশমিক ৪৬ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন। এর আগে গত মে মাসে ব্যাংকিং চ্যানেলে দে‌শে রে‌মিট্যান্স এসে‌ছে ২২৫ কোটি মা‌র্কিন ডলার। যা গত ৪৬ মাসের মধ্যে যা সর্বোচ্চ এবং এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে, এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার।

আসুন, ত্যাগের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামীকাল দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা।

ঈদুল-আজহার প্রাক্কালে আজ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম,এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল-আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল-আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

শেখ হাসিনা আরো বলেন,‘আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’

বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন,‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

উল্লেখ্য, সোমবার (১৭ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

ঈদে দিনেও মুক্তি নেই গাজার বাসিন্দাদের

0

আরবি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী আজ শনিবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। ফিলিস্তিনেও আজ ঈদ; তবে এই ঈদের সময়ও গাজা উপত্যকায় অভিযানে কোনো বিরতি দিচ্ছে না ইসরায়েলি বাহিনী।

গতকাল শনিবার গাজার প্রধান শহর গাজা সিটিসহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, রোববার গাজা সিটির তিনটি পৃথক বাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। এরা সবাই ইসরায়েলি বাহিনীর বোমায় নিহত হয়েছেন।

এছাড়া এই দিন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এবং গাজার সিটির শরণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

গত প্রায় দেড় মাস ধরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। মে মাসের শুরুর দিকে যখন এই অভিযান শুরু হয়, সে সময় এতে প্রবল আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়। সেই আপত্তি উপেক্ষা করেই অভিযান চলছে রাফায়। কারণ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুক্তি— রাফায় শক্তিশালী ঘাঁটি রয়েছে হামাসের এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী এই সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে রাফায় অভিযান চালানো জরুরি।

এদিকে রাফায় অভিযান ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তির মূল কারণ ছিল সেখানে বিপুল সংখ্যক বেসামরিক ফিলিস্তিনির উপস্থিতি। গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই সীমান্ত শহরটিতে আশ্রয় নেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে গুলি করে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরওে ২৪২ জনকে।

জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যা এখনও চলছে। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৩৭ হাজার ২৬৬ জন মানুষ, যাদের অধিকাংশই বেসামরিক ফিলিস্তিনি।

ঈদকে কেন্দ্র করে হামলা বা নাশকতার তথ্য নেই : র‍্যাব ডিজি

0

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন র‍্যাব ডিজি।

মো. হারুন অর রশিদ বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে পশুর হাট জমে উঠেছে। হাটকেন্দ্রীক মলম পার্টি, অজ্ঞানপার্টি প্রতিরোধে র‍্যাব সার্বক্ষণিক নজরদারি রেখেছে। হাটগুলোতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন রাখা হয়েছে, জাল টাকা শনাক্তের জন্য ডিভাইস রয়েছে। প্রতিটা বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশনে র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে। টিকিট কালোবাজারির সঙ্গে সংঘবদ্ধ ১০ জনের একটি দলকে র‍্যাব গ্রেপ্তার করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পশুবাহী গাড়ি ঢাকায় আসছে। এসব গাড়ি যাতে কোথাও বাধাগ্রস্ত না হয় আমরা নজর রাখছি।

জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
তিনি বলেন, ঈদের দিনে ঢাকায় জাতীয় ঈদগাহে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, শোলাকিয়া, রংপুর, দিনাজপুরে বড় জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ নজরদারি জোরদার করা হয়েছে। র‍্যাব সদর দপ্তর থেকে কন্ট্রোলরুম স্থাপন করে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হবে। চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি না হয়, সেজন্য ব্যবস্থা নিয়েছি।

তিনি আরও বলেন, ঈদ ঘিরে আমরা যথেষ্ট সতর্ক রয়েছি, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা-নাশকতার তথ্য নেই। তবে কোনো আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, সবকিছু মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আমরা সতর্ক রয়েছি। র‍্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ দুটি হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা-হামলা প্রতিরোধ করতে র‍্যাব প্রস্তুত রয়েছে। সাইবার ওয়ার্ল্ডে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে, যেকোনো গুজব প্রতিরোধ করতে প্রস্তুতি রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারপরেও যদি এমন কিছু হয়ও আমরা প্রস্তুত আছি। যেকোনো ঘটনা প্রতিহত করতে র‍্যাবের প্রস্তুতি রয়েছে। র‍্যাব বর্তমানে ত্রিমাত্রিক এলিট ফোর্সে পরিণত হয়েছে। জলে-স্থলে-আকাশে আমাদের সক্ষমতা রয়েছে। নিশ্চয়তা দিচ্ছি শোলাকিয়ায় হামলার মতো এ ধরনের ঘটনা ঘটবে না।

সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কাজ করছে : মতিয়া চৌধুরী

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, একটি জাতির সমৃদ্ধি অর্জন করতে হলে প্রথমে যা প্রয়োজন তা হল মানসম্পন্ন শিক্ষা। এরই লক্ষ্যে সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কাজ করছে। আর মানসম্পন্ন শিক্ষাই পারে অন্ধকার দূরীভূত করে আমাদেরকে আলোর পথ দেখাতে। তিনি ১৫ জুন শনিবার তাঁর নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলায় মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে শিক্ষিতের হার বাড়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য আওয়ামী লীগ সরকার সবকিছুই করছে। শিক্ষার্থীদের মেধাবী ও সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষক নিয়োগের পাশাপাশি তাদেরকে পাঠদান বিষয়ে যুগোপযোগী করে গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারীশিক্ষাকে অবৈতনিক করা হয়েছে। বছরে শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই দেওয়ার পাশাপাশি ধর্মীয় উৎসবগুলোতে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছ। দেশে যেন কেউ অশিক্ষিত না থাকে এবং সকলের জন্য যেন সুশিক্ষা নিশ্চিত করা যায় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছুই করছেন।

প্রণোদনা বিতরণকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়াসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতিয়া চৌধুরী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার মেধাক্রমানুসারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রথম ১০ জন শিক্ষার্থী এবং সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসার মেধাক্রমানুসারে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র ঈদুল আযহা’র উপহার হিসেবে আর্থিক প্রণোদনা বিতরণ করেন।

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মো‌দি

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে মোদির শু‌ভেচ্ছা জানা‌নোর তথ‌্য রোববার (১৬ জুন) এক বার্তায় জানায় ঢাকায় ভারতীয় হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে উল্লেখ করেছেন, এই উৎসবটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদুল আজহাকে বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন।

‌চি‌ঠি‌তে ভার‌তের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে কৃষি : পলক

0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে স্মার্ট হচ্ছে কৃষি, এগিয়ে যাচ্ছে দেশ।

আজ শনিবার চলনবিলের সাতপুকুরিয়ায় পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে বিএডিসির ফসল সংগ্রহ ও মজুদ কেন্দ্র এবং থ্রেশিং ফ্লোর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা করেন। বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করেই আজ আমরা কৃষিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগানোর কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে।বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকটের নিরসনে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষিযন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন-নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহুগুণে। চলনবিল পরিণত হয়েছে শস্য ভান্ডারে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা কৃষিসহ দেশের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দেশের মানুষকে সুশাসন উপহার দিয়েছেন। শতভাগ বিদ্যুৎ আর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সুবিধা গ্রহণ করে গ্রামীণ জনপদ এখন অর্থনৈতিকভাবে অনেক সুসংহত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের কারনে জীবনযাত্রার মান এখন সহজ ও সুন্দর। এখন আর চলনবিল অনগ্রসর জনপদ নয়, বিদ্যুৎহীন আর নিরাপত্তাহীনতায় মানুষকে আর অসহায় জীবন যাপন করতে হয় না। দেশের উন্নয়নের সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।

বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান।

এর আগে প্রতিমন্ত্রী সাতপুকুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ‘মুজিব কিল্লা’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিমন্ত্রী ৪০ লাখ টাকা ব্যয়ে পুনঃনির্মিত ডাহিয়া বাজার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী দিনব্যাপী কর্মসূচিতে সকালে সিংড়াতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেন।