Home Blog Page 21

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজা কার্লোস আলকারাজ

0

ম্যাচের আগে কার্লোস আলকারাজকে হারানোর হুমকি দিয়ে রেখেছিলেন আলেক্সান্ডার জেভেরেভ। ম্যাচেও দেখিয়েছেন দাপট। তবে পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন আলকারাজ। শেষ দুই সেটে দাপুটে পারফরম্যান্স করে ফ্রেঞ্চ ওপেনের নতুন রাজার মুকুট পরলেন স্প্যানিশ তারকা।

রোববার (৯ জুন) পুরুষ এককের ফাইনালে সহজেই প্রথম সেটে প্রতিপক্ষকে কাবু করেন আলকারাজ। এরপরই জেভেরেভের ঘুরে দাঁড়ানোর পালা। পরপর দুই সেট জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন জোরাল করেন তিনি। কিন্তু পরে আর ছন্দ ধরে রাখতে পারেননি জার্মান তারকা।

দুই তরুণ তারকার এই লড়াই স্থায়ী হয় চার ঘণ্টা ১৯ মিনিট। ম্যাচ গড়ায় পাঁচ সেটে। তাতে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জিতে প্রথমবারের মতো লাল মাটির দূর্গ জয় করেন রাফায়েল নাদালের উত্তরসূরি।

সব মিলিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন আলকারাজ। ২১ বছর বয়সী তারকা আগের দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০২২ ইউএস ওপেন ও ২০২৩ উইম্বলডনে। ফ্রেঞ্চ ওপেন জয়ের মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সে তিনটি গ্র্যান্ড স্ল্যামের সবগুলো জিতলেন তৃতীয় বাছাই আলকারাজ।

একসময় টেলিভিশনের পর্দায় স্বদেশী কিংবদন্তি রাফায়েল নাদালকে দেখতেন। এই আসরে সর্বোচ্চ শিরোপা জিতেছেন নাদাল। আজ সেই আসরেই ট্রফি উচিয়ে ধরে অতীত রোমান্থন করলেন আলকারাজ, ‘আমি টেলিভিশনে এই টুর্নামেন্ট দেখতাম আর এখন এই ট্রফি ধরে আছি।’

অন্যদিকে এই নিয়ে দুবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে শিরোপা অধরাই রয়ে গেল জেভেরেভের। এর আগে ২০২০ সালের ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন তিনি, সেবারও পাঁচ সেটের লড়াইয়ে হেরে গিয়েছিলেন ডমিনিক টিমের বিপক্ষে।

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

0

আর ছয় দিন পরই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। ২৪ ঘণ্টায় প্রায় আড়াই কোটি টাকার টোল আদায় হয়েছে।

আজ সোমবার (১০ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদের কারণে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। এ কারণে টোল আদায় বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক আছে।

‘প্রিয় বন্ধু’ মেলোনির ডাকে সাড়া দিয়ে ইটালি যাবেন মোদি

0

তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এ বার ‘প্রিয় বন্ধু’, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডাকে সাড়া দিয়ে সেই দেশে যাওয়ার প্রস্তুতি নরেন্দ্র মোদির।

তৃতীয় দফার প্রথম বিদেশ সফর হিসেবে ইটালিকেই বেছে নিলেন মেদি। আগামী ১৪ জুন জি৭-ভুক্ত রাষ্ট্রগুলির ‘আউটরিচ’ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে মেলোনির পাঠানো চিঠিতে সাড়া দিয়েছেন মোদি।

গত বছরের শেষে নরেন্দ্র মোদি দুবাইয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সময় মেলোনির সঙ্গে তোলা একটি সেলফিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘বন্ধুদের সঙ্গে দেখা করা সব সময়ই আনন্দের।’ মেলোনিও তাকে ‘প্রিয় বন্ধু’ হিসেবেই বর্ণনা করে এসেছেন বরাবর।

এ বার ইটালি গিয়ে মোদি স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে কথা বলবেন বলেই জানা গিয়েছে। আগামী দিনে ভারতের সঙ্গে ইটালির সম্পর্ক মজবুত করার ডাকও দেবেন।

ইটালি ছাড়াও নরেন্দ্র মোদিকে ‘সামিট অব পিস ইন ইউক্রেন’ কর্মসূচিতেও আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৬ জুন সেটি আয়োজিত হবে সুইজারল্যান্ডের বার্জেনস্টকে। তবে সেখানে তার উপস্থিত থাকার সম্ভাবনা কম।

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি, কার্যকর ঈদের পর

0

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সে মোতাবেক ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।

সূত্র জানিয়েছে, নতুন নিয়মে আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

আজ রোববার (৯ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন।

এতে বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সরকারকে ব্যাংক থেকে ঋণ নেওয়া কমাতে হবে : স্বতন্ত্র এমপি জাহেদী

0

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী বলেছেন, ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমাতে হবে। সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যায়। এতে শিল্প বাণিজ্যের অগ্রগতি বিঘ্নিত হয়। কর্মসংস্থান সৃষ্টি হয় না।

রোববার (৯ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ২০১৭-১৮ সালে ব্যাংকিং উৎস থেকে সরকার নিয়েছিল ১১ হাজার কোটি টাকার কিছু বেশি। চলতি অর্থবছরে এই ঋণ ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ কোটি টাকা। এদিকে সরকারের দৃষ্টি দেওয়া দরকার। সরকারের উচিত ব্যাংকিং খাত থেকে ঋণ কম নিয়ে বেসরকারি খাতে ঋণ বাড়তে দেওয়া।

কিশোরগঞ্জ থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দিন বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ রেখেছে সরকার। কালো টাকা সাদা করা নয়, বৈধ অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কর ৫ শতাংশ করলেও অসুবিধা নেই। কর যত কমানো হবে তত বেশি টাকা প্রদর্শিত হবে।

সোহরাব উদ্দিন বলেন, ১৫ শতাংশ কর অনেক বেশি। এই হারে অনেকে অপ্রদর্শিত আয় প্রদর্শন করবে না। ১৫ শতাংশ কর দিতে হলে অপ্রদর্শিত আয় কমাতে হবে। তাহলে অপ্রদর্শিত আয়ের প্রদর্শন বেশি হবে। রাষ্ট্রের ট্যাক্স আসবে। দেশে বিনিয়োগের সুযোগ বাড়বে। এক্ষেত্রে আরও সুযোগ দেওয়া যায়। আগে এটি ছিল। ইন্ডাস্ট্রি করতে জমি, মেশিনারিজ কেনার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না।

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল থাকছে

0

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ মর্মে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। ফলে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশটি আপাতত বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

তবে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৪ জুলাই পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি নিয়ে রোববার (৯ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র ‘অবৈধ’ ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।

পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার (৯ জুন) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এর শুনানি নিয়েই হাইকোর্টের আদেশটি বহাল রাখেন চেম্বার আদালত।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সাতদিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর এ পরিপত্র জারি করা হয়।

তখন রিটকারীরা জানান, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেড (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) বাতিল করে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) ১৪ থেকে ২০তম গ্রেডে রাখা হয়েছে। যা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মকে হেয়প্রতিপন্ন করার শামিল।

ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে যেন বৈষম্য-বিবাদ না হয় : স্বাস্থ্যমন্ত্রী

0

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের এমন নোটিশ জারির পর তাকে ডেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে যেন বৈষম্য বা বিবাদ না হয়।

আজ রোববার (৯ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সংলাপের সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

পরিচালকের এ নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি আজকে সকালে পরিচালককে ফোন করেছিলাম যে- কেন এরকম একটি ঘটনা হচ্ছে। আমার কাছে কিছু রং ইনফরমেশন আজ আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করব। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। আমি তাকে বলেছি, দেখেন- সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন। এখানে যেন কোনোরকম বৈষম্য বা কোনোরকম বিবাদ না হয়। এটা আমি তাকে স্পষ্ট করে বলে দিয়েছি।

মন্ত্রী বলেন, তবে একটা কথা সত্যি আমি নিজেও ফেস করি। অনেক সময় দেখা যায় আমরা যখন রোগী দেখি…। আমার ক্ষেত্রে আমি অনেক সাংবাদিকদের সঙ্গে…। এত বড় বড় ম্যাসিভ ঘটনা বাংলাদেশ ঘটেছে, নিমতলী থেকে শুরু করে যেগুলো আমি ট্যাকেল করেছি।

সামন্ত লাল সেন বলেন, ওইটা একটু নিজেকে ইয়ে করে ট্যাকেল করতে হয়। সেটা আমিও তাকে (ঢামেক পরিচালক) বলেছি, এখানে যেন সাংবাদিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ না করা হয়। এটা আমি সকালে তাকে ডেকে বলে দিয়েছি।

তর্কাতর্কির পর উত্তেজিত হয়ে গুলি ছোড়েন কাওসার : ডিএমপি

0

রাজধানীর বারিধারায় ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল হকের সঙ্গে কনস্টেবল কাওছার আলীর তর্কাতর্কির ঘটনা ঘটে। তর্কাতর্কির পর উত্তেজিত হয়ে কনস্টেবল কাওছার ৮-৯ রাউন্ড গুলি ছোড়েন সহকর্মী মনিরুলকে উদ্দেশ্য করে।

তবে কী নিয়ে তর্ক ও কী কারণে কনস্টেবল কাওছার উত্তেজিত ছিলেন সে বিষয়ে এখনো জানাতে পারেনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তদন্ত করে সেটি বের করা হবে বলে জানিয়েছে ডিএমপি।

রোববার (৯ জুন) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপ্স) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, দুই পুলিশ সদস্যের মধ্যে বিরোধ ছিল- এমন তথ্য আমাদের কাছে নেই। কাওছারের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধের কোনো তথ্য তার কাছ থেকে পাওয়া যায়নি। পাশাপাশি অভিযুক্ত কাওছারের গত এক-দুই মাসের ডিউটির রেকর্ড দেখেছি। রেকর্ডে কাওছার যথাযথভাবেই ডিউটি করেছে।

‘গুলি করার আগে তদের মধ্যে কী বিষয় নিয়ে তর্ক হয়েছিল এখনো কনফার্ম হতে পারিনি আমরা। তদন্তে করে জানা যাবে’- যোগ করেন ড. মহিদ উদ্দিন।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, আমার কাছে মনে হয়েছে, অভিযুক্ত কনস্টেবল কাওছার আলী মানসিকভাবে বিপর্যস্ত। গুলি করেই তিনি হতভম্ব। এই কারণে বারবার বলছিলেন, ‘এটা কীভাবে হয়ে গেলো। আমি জানি না।’

‘অর্থাৎ নিজের সহকর্মীকে এ ধরনের ঘটনা ঘটার পর মাসনিকভাবে নার্ভাস থাকে। যে কারণে ঘটনা ঘটানোর পরও অস্ত্র রেখে কনস্টেবল কাওছার সেখানে হাঁটাহাঁটি করছিলেন। কারণ তিনি স্ট্রেসটা নিতে পারছিলেন না। ঘটনার পর তিনি বুঝতে পেরেছেন হয়তো কত বড় অন্যায় ও অমানবিক কাজ করেছেন। হয়তো দু-একদিন গেলে বোঝা যাবে গুলি করার কারণ।’

অতিরিক্ত ডিউটির কারণে কনস্টেবল কাওছার মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে ড. খ. মহিদ বলেন, ‘না, ডিউটির কারণে কোনো সমস্যা তৈরি হয়নি। এখন কোথাও ডিউটির অতিরিক্ত চাপ নেই। স্বাভাবিকভাবেই ডিউটি করছেন সবাই।’

সামগ্রিকভাবে পুলিশ সদস্যদের কাউন্সেলিংয়ের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না- জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কাউন্সেলিংয়ের সিস্টেম নেই। তবে আমরা নিয়মিত ব্রিফিংয়ে কী করা যাবে, কী করা যাবে না; সে সম্পর্কে বলা হয়। এটাও এক ধরনের কাউন্সেলিং।

গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের কাছে কয়লা বিক্রি স্থগিত করেছে কলম্বিয়া

0

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজায় হামাসের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধের বিরুদ্ধে তিরস্কার হিসেবে তার দেশ থেকে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত ঘোষণা করেছেন। শনিবার তিনি এ ঘোষণা দেন।

বোগোটায় ইসরায়েলি দূতাবাস বলেছে, মে মাসে পেট্রোর সরকার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরেও কয়লা রফতানি চালু ছিল। কলম্বিয়া ২০২৩ সালে ইসরায়েলে প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের কয়লা রপ্তানি করেছে, কলম্বিয়া ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচক, কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো শনিবার এক্স-এ বলেছেন, ‘গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত’ ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত থাকবে।

একটি সরকারি ঘোষণায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জারি করা অস্থায়ী ব্যবস্থার আদেশ সম্পূণরূপে মেনে না চলা পর্যন্ত’ নিষেধাজ্ঞাগুলো জারি থাকবে।

মে মাসের শেষের দিকে, দক্ষিণ আফ্রিকার আনা একটি মুলতুবি মামলার অংশ হিসাবে, আইসিজে ইসরায়েলকে দক্ষিণ গাজার রাফাহ শহরে তার আক্রমণ বন্ধ করার নির্দেশ দেয়, পাশাপাশি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখন্ডে মানবিক সাহায্যের ‘নিরবচ্ছিন্ন সরবরাহের বিধান’ মেনে চলার নির্দেশ দেয়।

কলম্বিয়ান সরকারের ঘোষণায়, কয়লা রপ্তানি নিষেধাজ্ঞা সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পাঁচ দিন পরে কার্যকর হবে এবং ইতিমধ্যে চালানের জন্য অনুমোদিত পণ্যগুলোকে প্রভাবিত করবে না।

বোগোটা কয়লার ভূমিকাকে ‘অস্ত্র তৈরি, সৈন্য সংগঠিত করা এবং সামরিক অভিযানের জন্য একটি কৌশলগত সম্পদ’ হিসেবে উল্লেখ করেছে।

পেট্রো আরও বলেছেন, কলম্বিয়া ইসরায়েলের তৈরি অস্ত্র কেনা বন্ধ করবে, দক্ষিণ আমেরিকার দেশটির নিরাপত্তা বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী ইসরায়েল।

উপজেলা চেয়ারম্যানদের ৭৯ শতাংশই ব্যবসায়ী : টিআইবি

0

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের প্রায় ৭৯ শতাংশই ব্যবসায়ী বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ রোববার (৯ মে) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হলফনামা বিশ্লেষণ ও চূড়ান্ত ফলাফল’ শীর্ষক এক আয়োজনে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

টিআইবি জানায়, স্থানীয় সরকারের এ নির্বাচনে তিনটি পদের ভোটে ১ হাজার ২১০ জন নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে ৯৩০ জনই নতুন মুখ। তাদের মধ্যে ২৭৯ জন জনপ্রতিনিধি রয়েছেন যারা ৫ম উপজেলা পরিষদে ছিলেন।

টিআইবি আরও জানায়, দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি। এবার চারধাপে উপজেলা পরিষদ ভোটের ঘোষণা দিয়েছিল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে কমিশন তা আর করতে পারেনি৷ চারধাপে ৪৪২ উপজেলায় ভোট শেষ করে কমিশন। আজ রোববার ১৯ উপজেলায় স্থগিত নির্বাচনের ভোট হচ্ছে। সবমিলিয়ে ৪৬১ উপজেলায় ভোট শেষ হবে আজ। আইনি জটিলতা ও মেয়াদ শেষ না হওয়ায় বাকি ৩৪ উপজেলায় ভোট হবে পরে। ভাইস চেয়ারম্যান পদে নবনির্বাচিত মুখ ৩১৭ জন। বিগত ৫ম উপজেলা পরিষদে ছিলেন ৬৫ জন। নারী ভাইস চেয়ারম্যান পদে ৩১০ জন নতুন মুখ। ৮৪ জন নারী ভাইস চেয়ারম্যান রয়েছে যারা গত উপজেলায় নির্বাচিত হয়েছিলেন।

টিআইবির তথ্য অনুযায়ী ষষ্ঠ উপজেলা নির্বাচনে তিন পদে মোট প্রার্থী ৫ হাজার ৪৭২ জন প্রার্থী ছিলেন। চেয়ারম্যান পদে ১ হাজার ৮৬৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ হাজার ৯৫জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছেন ১ হাজার ৫১৩ জন।

আইন অনুযায়ী, দলীয় প্রতীকে ভোটের বিধান থাকলেও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ দলগতভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে অংশগ্রহণকারী প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী। ভোটে মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশনা থাকলেও দলীয় নিয়ম অমান্য করে ৫৪ জন স্বজন অংশ নিয়েছেন। এছাড়া বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে মোট ১৩১ উপজেলায় নির্বাচনে অংশ নিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতে বহিষ্কৃত হয়েছেন ২০১ জন।

টিআইবি জানায়, স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ জাতীয় নির্বাচনের তুলনায়ও কম। নির্বাচনে চেয়ারম্যান পদে নারী প্রার্থী ছিলেন মাত্র ৭৬ জন যার মধ্যে ১৪ জন জয় নিয়ে মাঠ ছেড়েছেন। নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে উচ্চশিক্ষিত বেশি; নারী ভাইস চেয়ারম্যানদের অধিকাংশ নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়েছেন।

জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচনের সকল ধাপে ব্যবসায়ী প্রার্থীদের দাপট অক্ষুণ্ণ রয়েছে বলে মনে করে টিআইবি। টিআইবির তথ্যমতে, নির্বাচিতদের মধ্যে ব্যবসায়ীদের হার ৫ বছরে বেড়েছে ৬.৫ শতাংশ; চেয়ারম্যানদের প্রায় ৭৯ শতাংশই ব্যবসায়ী।

নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের ৫০.৯৬ শতাংশ নিজেকে গৃহিণী/গৃহস্থালি কাজকে পেশা হিসেবে দেখিয়েছেন। গৃহিণী/গৃহস্থালিকে পেশা হিসেবে দেখানো প্রার্থীদের ১৫.৬৮ শতাংশের আয় আসে ব্যবসা থেকে। ১৫.৭৯ শতাংশ প্রার্থীর কোনো না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। নির্বাচিতদের ক্ষেত্রে এ হার ২০ শতাংশ।

সার্বিকভাবে প্রার্থীদের প্রায় ৪০ শতাংশ আয় দেখিয়েছেন সাড়ে তিন লাখ টাকার নিচে, অর্থাৎ করযোগ্য আয় নেই তাদের। সাড়ে ১৬ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ১০ শতাংশ প্রার্থী।

চেয়ারম্যান ও অন্যান্য প্রার্থীদের মাঝে উল্লেখযোগ্য আয় বৈষম্য লক্ষ্য করা গেছে বলেও জানায় টিআইবি।

চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২৩ শতাংশের আয় ১৬ লাখ ৫০ হাজার টাকার ওপরে, অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এ হার ৩.০৩ শতাংশ। আবার, চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২১ শতাংশের আয় সাড়ে তিন লাখ টাকার নিচে, অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এ হার ৫০.২৫ শতাংশ।

বছরে ১০ লাখ টাকা আয় করেন এমন নির্বাচিত প্রার্থীর সংখ্যা ২৮০ জন। চেয়ারম্যানদের ৫১ শতাংশ বছরে ১০ লাখ টাকা আয় করেন। বছরে ১ কোটি টাকা আয় করেন এমন নির্বাচিত প্রার্থীর সংখ্যা ৪০। এর মাঝে ২ জন ভাইস চেয়ারম্যান আর বাকি সবাই চেয়ারম্যান।

৭.১৩ শতাংশ বা ৩৯০ প্রার্থীর কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। ৫ বছরে প্রায় তিন গুণের বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। নির্বাচিতদের ১৫০ জন বা ১২.৩৭ শতাংশ কোটিপতি; চেয়ারম্যানদের ১৩২ জন বা ৩০.৪১ শতাংশ কোটিপতি।

প্রায় ২৪.৪ শতাংশ বা ১৩৩৫ জন প্রার্থীর ঋণ/দায় রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ১৫২৮.৯১ কোটি টাকা ঋণ/ দায় রয়েছে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর। গত নির্বাচনের তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়েছে দায় বা ঋণগ্রস্তের সংখ্যা; নতুন চেয়ারম্যানদের প্রায় ৪৪ শতাংশের বর্তমানে ঋণ আছে।

৫ বছরে একজন জনপ্রতিনিধির আয় বেড়েছে সর্বোচ্চ ৩১ হাজার ৯০০ শতাংশ; এ সময়ে জনপ্রতিনিধিদের স্ত্রী অথবা স্বামী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার সর্বোচ্চ ১২ হাজার ৪০০ শতাংশ।

৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের। একজন সংসদ সদস্যের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৩০৬৫ শতাংশ, যেখানে একজন চেয়ারম্যানের বেড়েছে ১১ হাজার ৬৬৬ শতাংশ।

৬ষ্ঠ উপজেলা পরিষদে একজন বিজয়ীর ৫ বছরে আয় বেড়েছে সর্বোচ্চ ১০ হাজার ৮৬৬.৬৭ শতাংশ; অস্থাবর সম্পদ সর্বোচ্চ বেড়েছে ২৩ হাজার ৯৩৭.৬৫ শতাংশ। প্রায় ৮৪ শতাংশ প্রার্থীর হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের সম্পদের হিসেবের পার্থক্য দেখা যায়।

৫ বছরে ১ কোটি টাকার উপরে অস্থাবর সম্পদ বেড়েছে এমন প্রার্থীর সংখ্যা ৫১ জন। ১০ বছরে এমন প্রার্থীর সংখ্যা ৪১ জন। দেশের মধ্যাঞ্চল, কুমিল্লা-ফেনী অঞ্চল ও খুলনা অঞ্চলে প্রার্থীদের গড় আয় ও অস্থাবর সম্পদ বেশি। বরিশাল, খুলনা, কুমিল্লা অঞ্চলে প্রার্থীদের গড় অস্থাবর সম্পদ ৫ বছরে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গাজীপুর, ময়মনসিংহ অঞ্চলে।