Home Blog Page 19

অবশেষে মোদিকে শুভেচ্ছা জানালো পাকিস্তান

0

জওহরলাল নেহরুর পরে প্রথমবার ভারতের কোনও প্রধানমন্ত্রী তিনবার শপথ নিয়েছেন। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথগ্রহণ করেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণের আগেই বহু রাষ্ট্রনেতা তাকে অভিনন্দন জানিয়েছেন। পড়শি দেশগুলোর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপের রাষ্ট্রপ্রধানেরা রবিবার মোদির শপথে আমন্ত্রিত ছিলেন। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে কোনো শুভেচ্ছাবার্তা ভারতে আসেনি। শপথ গ্রহণে আমন্ত্রিতদের তালিকাতেও ছিল না পাকিস্তান। অবশেষে অনেকটা সময় কেটে যাবার পর, নিজের এক্স হ্যান্ডলে একটি টুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লেখেন, “ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই।”

শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর বড় ভাই এবং ক্ষমতাসীন দলের সুপ্রিমো নওয়াজ শরিফও। সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ বলেছেন যে, সাম্প্রতিক নির্বাচনে মোদির সাফল্য তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা প্রতিফলিত করে এবং তাকে দুই বিলিয়ন মানুষের ভাগ্য গঠনের সুযোগ করে দিয়েছে। আপাতভাবে শেহবাজের এই বার্তাকে নিয়মরক্ষা বলেই মনে করা হচ্ছে। কিন্তু কিছুদিন আগে, লোকসভা ভোটের ফলপ্রকাশের পরে পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে শুভেচ্ছা জানানো হলে, সেটা ‘তাড়াহুড়ো’ হয়ে যাবে।

তিনি বলেন , ‘আমরা ওদের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাই না’।
বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ-তে থাকা দলগুলোর সম্মলিত আসনসংখ্যা যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা পেরিয়ে গেছে, ফলাফলে তার স্পষ্ট ইঙ্গিত ছিল। তার পরেও পাকিস্তানের বিদেশ দফতরের ওই বিবৃতি কেন, বোধগম্য হয়নি অনেকেরই। চলতি বছরের মার্চ মাসেই প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ নিজেও। তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। এক্স হ্যান্ডেলে তার বার্তা ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেহবাজ শরিফকে অনেক অভিনন্দন। দুদিন কেটে যাওয়ার পর সেই বার্তার জবাব দিয়েছিলেন শেহবাজ।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের আগে শুক্রবার পাকিস্তান জানিয়েছিল, তারা ভারতসহ সব প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায়। কিন্তু নির্বাচনে জয়ের পর কেন মোদিকে অভিনন্দন জানানো হল না, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রধানমন্ত্রী। ২০১৯ সালে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ধাক্কা খায়। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংসদ ৩৭০ ধারা স্থগিত করার পরে ইসলামাবাদ নয়াদিল্লির সম্পর্কে চিড় ধরে।

হজে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশি মৃত্যু

0

চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশি মোট ১৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সোমবারই দুইজন মারা গেছেন।

মঙ্গলবার (১১ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৭৯ হাজার ৫৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী একজন। মক্কায় ১১ জন এবং মদিনায় চারজন মারা গেছেন।

মারা যাওয়া হজ যাত্রীদের মধ্যে রয়েছেন, রাজধানীর কদমতলীর মো. শাজাহান (৪৮), কুমিল্লা কোতোয়ালুর মো. আলী ইমাম ভূইয়া (৬৫), কক্সবাজার মহেশখালীর জামাল উদ্দিন (৬৯), কক্সবাজারের রামুর মো. নুরুল আলম (৬১), কক্সবাজারের চকোরিয়ার মাকসুদ আহমেদ (৬১), ফরিদপুর নগরকান্দার মমতাজ বেগম (৬৩), ঢাকা রামপুরা বনশ্রীর শেখ আরিফুল ইসলাম (৫৭), গাইবান্ধা সাঘাটার মো. সোলাইমান (৭৩), রংপুর পীরগঞ্জের মো. শাহাজুদ আলী (৫৫) ও রংপুর তারাগঞ্জের মো. গোলাম কুদ্দুস (৫৪)।

এছাড়া সর্বমোট ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫ হাজার ২৯৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৭৪ হাজার ২৬২ জন।

এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২০১টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৫টি,
সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৬৮টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২৮টি।

সৌদিতে আগামী ১৫ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ পালন করবেন।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৮ জন গ্রেফতার

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ২৮১ পিস ইয়াবা, ৪৪৬ গ্রাম ২২২ পুরিয়া হেরোইন, ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ জুন) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারাগারের থাকা অবস্থায় শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে।

এরপর ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেওয়া হয় তাকে। একই বছর ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় মহাজোট সরকার।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

ধর্ষণ মামলায় টিকটকার মামুন গ্রেফতার

0

সোশ্যাল মিডিয়ায় পরিচিত টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে।

গত বছরের ৫ ডিসেম্বর প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতারণা করে বিয়ে না করার অভিযোগে এক নারী রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ফৌজদারি বিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করেন। মামলার পর আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে। কুমিল্লার পুলিশ তাকে হস্তান্তর করবে। আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে।

মামলায় ওই নারী উল্লেখ করেন, ‘মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায়, তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনও বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়। তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই।’

তিনি আরও বলেন, ‘২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার মা-বাবা মাঝেমধ্যেই বাসায় এসে অবস্থান করতো। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার আমাকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।’

মামলার পর প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়ায় বলেছিল, ‘গত ডিসেম্বরে মাঝরাতে লায়লা ও আমার মধ্যে কিছুটা ভুল-বোঝাবুঝি হয়েছিল। তখন উত্তেজিত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে। যা পরবর্তী সময়ে মামলায় গড়ায়। বিষয়টি এখন আইনিভাবে মোকাবিলা করবো আমি।’

মামুন আরও বলেছেন, ‘সে (বাদী) বলেছিল মামলাটি তুলে নেবে। এ কারণে আমিও আর আদালতে কোনও হাজিরা দিইনি। আর আদালতে হাজিরা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।’

দুঃসংবাদ দিলেন সব্যসাচী চক্রবর্তী

0

ক্যানসারে আক্রান্ত টলি অভিনেত্রী ও জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী। স্ত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা সব্যসাচী । হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচী জানিয়েছেন, মিঠু স্তন ক্যানসারে আক্রান্ত। সোমবার (১০ জুন) তাকে ৬ নম্বর কেমো দেয়া হবে। পাঁচটি কেমো সেশন ভালোভাবেই হয়েছে। জানা গেছে, গেল ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার হয় অভিনেত্রী মিঠু চক্রবর্তীর। তারপর শুরু হয় কেমো থেরাপি। আর সেটি শেষ হলে রেডিও থেরাপি শুরু করা হবে।

এপ্রিলেই শোনা গিয়েছিল ক্যানসারের কারণে হরগৌরী পাইস হোটেল থেকে সরে আসতে বাধ্য হন তিনি। কেননা শরীর শুটিংয়ের ধকল নিতে পারেনি। প্রয়োজন হয়ে পড়েছিল বিশ্রাম নেওয়ার। আপাতত মিঠুকে আগলে রাখছে গোটা সব্যসাচী পরিবার। বিশেষ করে স্ত্রীর দেখভাল করছেন সব্যসাচী।

যদিও নিজেও শারীরিকভাবে বেশ সব্যসাচী। মার্চ মাসে বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছিল, রাতে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তারকার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর জানা যায় হার্টে ব্লক রয়েছে তার। পেসমেকার বসানো হয়েছে। আপাতত তিনি অনেকটাই সুস্থ।

১৯৮৬ সালে বিয়ে করেন সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী। ১৯৮৭ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান গৌরবের। আর ছোট ছেলে অর্জুনের জন্ম ১৯৯০ সালে। দুই ছেলেই প্রতিষ্ঠিত সিনেমার জগতে।

স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

0

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৮টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

এ তথ্য নিশ্চিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওবায়দুল কাদের শিগগিরই ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।

এর আগে গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ৯ মার্চ দেশে ফেরেন তিনি।

হারের পর মাহমুদুল্লাহ’র আবেগঘন বার্তা

0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ। ইনিংসের একেবারে শেষ দিকে প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। টানটান উত্তেজনাকর স্নায়ু চাপের ম্যাচে পারল না বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র ১১৪ রানের। টাইগাররা শেষ পর্যন্ত থামে ১০৯ রানে।

সোমবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ ২ বলে দরকার ৬ রান। মাহমুদুল্লাহ তখন স্ট্রাইকে। টানটান উত্তেজনা। কেশভ মহারাজের হাই ফুলটস বলে মাহমুদুল্লাহ সজোরে হাঁকালেনও। ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু লংঅন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম। তাতেই স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের।

এইডেন মার্করাম বলটি তালুবন্দি করার পর মাহমুদুল্লাহ ব্যাট ছেড়ে দুই হাতই মাথায় দিয়ে আফসোস করেছেন। তিনি হয়তো ভেবে ছিলেন আরেকটু জোর দিতে পারলে ছক্কা হয়ে যেত। তাই তো ম্যাচ শেষে নিজের আবেগঘন বার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

মাহমুদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ভাগ্য আজ কঠিন ছিল। আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এগিয়ে যেতে থাকব….

জাতিসংঘে আমেরিকা প্রস্তাবিত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব পাস

0

জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে সোমবার আমেরিকার প্রস্তাবিত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ১৪টি দেশ। অবশ্য আমেরিকার এ প্রস্তাবে ভোট দেয়নি রাশিয়া।

আমেরিকার প্রস্তাবে একটি ‘পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি’, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি, নিহত জিম্মিদের দেহাবশেষ ফেরত এবং ফিলিস্তিনি বন্দি বিনিময়ের শর্ত নির্ধারণ করা হয়েছে।

আমেরিকার তৈরি করা খসড়া প্রস্তাবে তিনটি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে জিম্মি-বন্দি বিনিময়ের পাশাপাশি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি সম্পর্কিত।

দ্বিতীয় ধাপে ‘শত্রুতার স্থায়ীভাবে অবসান’ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে।

তৃতীয় ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনার রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতির লক্ষ্যে তিন ধাপের পরিকল্পনায় সম্মত হওয়ার কয়েক সপ্তাহ পর এই প্রস্তাব পাস হলো।

প্রস্তাবটি পাস হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইউএস অ্যাম্বাসেডর লিন্ডা থমাস-গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, আজ আমরা শান্তির পক্ষে ভোট দিয়েছি।

ব্রিটেনের অ্যাম্বাসেডর বারবারা উডওয়ার্ড গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করে বলেছেন, দুর্ভোগ দীর্ঘদিন ধরে চলছে।

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এটি ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

গত মার্চে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। হামাস প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বাংলাদেশের সঙ্গে অনেক দেশ ব্যবসা করতে চায় : ইইউ রাষ্ট্রদূত

0

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি বলেছেন, অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়।

সোমবার তিনি জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিসিএবি) ফ্ল্যাগশিপ ইভেন্ট ডিসিএবি টকে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পছন্দ করার অবস্থানে রয়েছে। কারণ অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়। এটা সহজ ও সরল বিষয়। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে আরও ব্যবসা করতে চায়। কারণ দেশটির জিডিপি অনুপাতে ঋণের পরিমাণ তুলনামূলকভাবে ভালো।

হোয়াইটলি বলেন, বাণিজ্য হচ্ছে বাংলাদেশ-ইইউ সম্পর্কের মূল ভিত্তি এবং সেই ভিত্তি ক্রমবর্ধমান।

ইইউ রাষ্ট্রদূত নতুন বিধিবিধানের প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করে বলেন, জিএসপি প্লাসে উত্তরণের প্রত্যাশায় বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী অগ্রগতি করেছে।

তিনি বলেন, আমি বাংলাদেশের মনস্তাত্ত্বিক পদ্ধতিতে খুব খুশি। তারা এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেয়। তারা এটিকে খুব প্রাথমিক পর্যায়ে দেখে। তাই এটা খুব চিত্তাকর্ষক।

রাষ্ট্রদূত বাংলাদেশের অংশীদারিত্ব এবং গ্লোবাল গেটওয়ে এর নতুন উদ্যোগ নিয়ে কথা বলেন যার মাধ্যমে ব্রাসেলস অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য গুণমান অফার করছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ডিক্যাবের সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

সূত্র : বাসস