Home Blog Page 40

রাফায় বিমান হামলা : জরুরি রুদ্ধদ্বার বৈঠক ডাকল নিরাপত্তা পরিষদ

0

গাজার তাল আস-সুলতান এলাকার তাঁবু ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় ৪৫ জন নিহতের পর জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। তাদের সমর্থন করে স্লোভেনিয়া।

কূটনীতিকরা জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফাহ শহরে বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্যাম্পে ইসরায়েলি হামলার পর মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে।

আলজেরিয়া (বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য) এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।

রাফায় ইসরায়েলের বিমান হামলার পর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ৪৫ জন মারা গেছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে।

যারা রাফায় আশ্রয় নিয়েছিল তাদের শিবিরে এই হামলা চালানো হয়। রাফার আশ্রয়শিবিরে ইসরায়েলের এমন প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর, নরওয়ে, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে) রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার দুই দিন পরই শহরটিতে এমন নারকীয় হামলা চালাল ইসরায়েলি বাহিনী।

গত ৭ মে ইসরায়েল রাফায় হামলা শুরু করার পর শহর ছেড়ে আট লাখের বেশি মানুষ পালিয়েছে।

তবে এখনো সেখানে বহু মানুষ রয়ে গেছে। কেননা ইসরায়েল গাজার সব জায়গায়ই হামলা চালাচ্ছে। সেখানে কোনো নিরাপদ স্থান নেই।
খবর আরব নিউজ

সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার পদ খালি : জনপ্রশাসনমন্ত্রী

0

সরকারি চাকরিতে অনুমোদিত পদ ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে শূন্য পদ রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, বিগত ১০ বছরে ১ম থেকে ৯ম গ্রেডের ৩৫১ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসে। এর মধ্যে গুরুদণ্ড পেয়েছেন ৪১ জন, লঘুদণ্ড পেয়েছেন ১৪০ জন। সবমিলিয়ে শাস্তি পেয়েছেন ১৮১ জন। আর ১৭০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিমান হামলার নিন্দার মধ্যেই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

0

রোববার রাফায় ইসরায়েলি বিমান হামলায় বহু হতাহতের ঘটনায় নিন্দার মধ্যেই ফিলিস্তিনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আবার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রবিবারের ওই হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। যাতে আরও শতাধিক মানুষ গুরুতরভাবে আগুনে পুড়ে গেছে, হাত পা ভেঙ্গে অনেকে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে।

ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতায় নেতানিয়াহু বলেছেন, ‘হামলাটি ছিল একটি দুঃখজনক ভুল। আমরা লক্ষ্য অর্জনের আগে আমি যুদ্ধ শেষ করতে চাই না।’

তিনি বলেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা নিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিরীহ মানুষদের ক্ষতি না করতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবরের হামলার সময় হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয়ার বিষয়ে একটি চুক্তি ব্যর্থ হওয়ায় ইসরায়েলিদের অনেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেছেন।

‘রাফাহ থেকে আমরা ইতিমধ্যে প্রায় এক মিলিয়ন বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নিয়েছি এবং তাদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত কিছু দুঃখজনকভাবে ভুল হয়েছে’, জোর দিয়ে বলছিলেন নেতানিয়াহু।

‘আমরা ঘটনাটি তদন্ত করছি এবং এটি নিয়ে একটা সমাধানে পৌঁছাতে চাই। কারণ, এটা আমাদের নীতি।’

আন্তর্জাতিক সংস্থাগুলো এরই মধ্যে এই হামলার নিন্দা জানিয়েছে। ইইউ জোর দিয়ে বলেছে, ইসরায়েলকে গত সপ্তাহে রাফাহতে হামলা বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তার প্রতি সম্মান করা উচিত। ইইউর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল এই বিমান হামলাকে ‘ভীতিকর’ বলে বর্ণনা করেছেন।

ইসরায়েল রাফায় আক্রমণ চালিয়ে যাওয়ার যে ঘোষণা পুনরায় দিয়েছে, কর্মকর্তারা তার পক্ষে দাবি করছেন যে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় সত্ত্বেও আন্তর্জাতিক আইন অনুযায়ীই তাদের অভিযান চালানোর সুযোগ রয়েছে।

তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘এ হামলা প্রমাণ করে ইসরায়েল সেই আগের পদ্ধতিতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যে কারণে এরই মধ্যে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছে।’

গত জানুয়ারির পর রোববার প্রথমে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাফাহতে পাল্টা হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, রাফাহ হামলায় হামাসের দুই সিনিয়র কমান্ডার নিহত হয়েছে এবং তারা ওই এলাকায় বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে।

তবে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, রাফাহ কেন্দ্র থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পশ্চিমে তাল আল-সুলতানে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত জাতিসংঘ পরিচালিক বেসামরিক সহায়তার তাবু লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়।

প্রথমে বড় বিষ্ফোরণ ও পরে তীব্র আগুন জ্বলতে দেখা গেছে তাল সুলতান এলাকার একটি ভিডিওতে।

মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স বলছে, এই বিমান হামলার পর নারী ও শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে, তাদের অনেকেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সেখানে আরও ১৮০ জনের চিকিৎসা চলছে যাদের বেশিরভাগই বোমায় স্প্রিন্টারবিদ্ধ, ভাঙ্গা হাত পা ও আঘাতজনিত পোড়ায় ভুগছে।

লক্ষ্যবস্তু ভুল ছিল বলে ইসরায়েল যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করে মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স বলছে, হামলাটি সুনির্দিষ্ট ছিল। কথিত নিরাপদ রাফাহতে একটি জনবহুল ক্যাম্পে চালানো আক্রমণ প্রমাণ করছে, গাজার বেসামরিক নাগরিকদের জীবন তাদের কাছে মূল্যহীন।

এই চিত্রকে মার্কিন যুক্তরাষ্ট্র ‘হুদয় বিদারক’ বলছে। তবে তারা এটাও বলেছে যে ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র বলেন, হামাসকে প্রতিহত করার অধিকার আছে ইসরায়েলের। আমরা যতটুকু জানতে পেরেছি, এই হামলায় হামাসের দুই সিনিয়র কমান্ডার নিহত হয়েছে, যারা ইসরায়েলি বেসামরিক মানুষদের ওপর হামলার জন্য দায়ী।

তবে তিনি এটাও স্বীকার করেন, ইসরায়েলকে অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব সতর্কতা অবলম্বন করতে হবে।

রোববার রাফাহর ওই হামলায় কী ভুল হয়েছে তা খুঁজে বের করতে ইসরায়েলি কর্মকর্তারা সোমবারের বেশিরভাগ সময় পার করেছেন। তারা বুঝতে চেয়েছেন একটি নির্ভুল হামলায় কিভাবে এত আগুন ধরলো আর এত প্রাণহানিও বা কেন হল।

আন্তর্জাতিক বিচার আদালত গত সপ্তাহে একটি রায়ে ইসরায়েলকে রাফাহ এলাকায় যে কোনও ধরনের অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছিল। যেখানে বলা হয়েছিল, ইসরায়েলের এই হামলা ফিলিস্তিনি সাধারণ মানুষকে আরও ক্ষতি করতে পারে।

রবিবারের ওই বিমান হামলাটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছিল। ধারণা করা হয়েছিল এই হামলায় হামাসের অনেক নেতাই মারা যাবে।

কিন্তু এতে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক মারা যায়। ধারণা করা হচ্ছে এর সাথে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ ছিল। সেটি কীভাবে আসলো সেটি নিয়েই নানা প্রশ্ন তৈরি হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মেজর জেনারেল ইফাত তোমের ইয়েরুশালমি সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা এই ঘটনার নির্ভুল তদন্তের কথা বলেছে। তিনি বলেছেন, আমরা খুব শীঘ্রই আরও বিস্তারিত ব্যাখ্যা আশা করতে পারি।

রবিবারের হামলাকে নেতানিয়াহু রাফাহতে ‘সম্পূর্ণ বিজয়’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু ভুল লক্ষ্যবস্তু হওয়ার পরও তিনি তার অবস্থান থেকে সরে আসেননি।

আগের রাতের ভয়ঙ্কর ঘটনার পরও ইসরায়েলি স্থল বাহিনী এখনও রাফাহ শহরের কাছাকাছি অবস্থান করছে। তবে, এখন তারা কিছুটা সতর্কতা অবলম্বন করছে। স্থল বাহিনীর এই অভিযানে কোনো রক্তপাত ঘটেনি।

কিন্তু রবিবারের বিমান হামলার ঘটনায় ইসরায়েলের ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ণ করেছে।

গত ৭ অক্টোবর হামাসের বন্দুকধারীরা ইসরায়েলে হামলা চালানোর পরই গাজায় সামরিক অভিযান শুরু হয়। তখন প্রায় ১,২০০ জনকে হত্যা এবং ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেই থেকে ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৬০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

হার্দিকের ৭০ শতাংশ সম্পত্তি দাবি নাতাশার! বিবাহবিচ্ছেদের গুঞ্জন

0

কিছু দিন ধরে হার্দিক পাণ্ড্য এবং নাতাশা স্তানকোভিচের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। যদিও এ নিয়ে কেউই মুখ খোলেননি। আইপিএল খেলে হার্দিক চলে গিয়েছেন লন্ডন। সেখানেই আছেন সার্বিয়ান মডেল-অভিনেত্রী। বিবাহবিচ্ছেদের খোরপোশ হিসাবে হার্দিকের সম্পত্তির একটা বড় অংশ নাকি দাবি করেছেন নাতাশা।

সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে নাতাশা ‘পাণ্ড্য’ পদবি মুছে দিয়েছেন। তার পরেই হার্দিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর খোরপোশ বাবদ অভিনেত্রী হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ দাবি করেছেন। তার কমে তিনি নাকি রাজি নন। উল্লেখ্য, হার্দিকের মোট সম্পদের পরিমাণ ১৫০ কোটি টাকার বেশি (মতভেদে প্রায় ১৬৫ কোটি টাকা)। সেই হিসাবে নাতাশা প্রায় ১০৫ কোটি টাকার সম্পত্তি দাবি করেছেন।

স্ত্রীর সঙ্গে বেশ কিছু দিন ধরে দূরত্ব তৈরি হয়েছে হার্দিকের। গত ৪ মার্চ নাতাশার জন্মদিনেও সমাজমাধ্যমে শুভেচ্ছা জানাননি হার্দিক। দীর্ঘ দিন তাঁদের এক সঙ্গে দেখাও যায়নি। সমাজমাধ্যমে এক সঙ্গে দু’জনের ছবি দেখা গিয়েছিল গত ১৪ ফেব্রুয়ারি।

সম্প্রতি আলেকজান্ডার আলেক্সলিকের সঙ্গে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন নাতাশা। আলেকজান্ডারের সঙ্গে বলিউড অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক রয়েছে বলে জল্পনা রয়েছে। রেস্তরাঁর বাইরে ছবি তোলেন নাতাশা। তখনই তাঁকে প্রশ্ন করা হয়, সত্যিই কি তাঁর আর হার্দিকের মধ্যে কোনও সমস্যা হয়েছে? জবাবে নাতাশা হাসিমুখে বলেন, “ধন্যবাদ”। তার পরে রেস্তরাঁর ভিতরে চলে যান। আর কোনও কথা বলেননি হার্দিকের স্ত্রী।

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৮১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৩৬ হাজার ৫০ জনে। আর আহত ফিলিস্তিনের সংখ্যা ৮১ হাজার ২৬ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী রাফার তাল আস-সুলতান, সৌদি, তাল জারুব এবং আল-হাশাশিন এলাকায় লক্ষ্যবস্তু করে গুলি চালিয়ে যাচ্ছে।

তারা রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু ক্যাম্পে বোমা হামলা চালিয়েছে। এতে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী আগে জানিয়েছে যে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে ক্যাম্পে হামলা চালিয়েছে।

ইসরায়েলের শীর্ষ সামরিক প্রসিকিউটর রাফাহ হামলাকে ‘খুব গুরুতর’ বলে বর্ণনা করেছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল।

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরগঞ্জের দুই যুবক নিহত

0

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ মে) দুপুরে সৌদি আরবের রিয়াদ শহরের একটি বিল্ডিংয়ে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের হাজী বাড়ির সাত্তার মিয়ার ছেলে সাফিকুল মিয়া (৩২) ও একই এলাকার বাওয়াল বাড়ির আওয়াল মিয়ার ছেলে মোজাহিদ (২৬)।

আগানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সাফিকুল মিয়া সাত বছর আগে কাতার যান। বছর দুয়েক আগে দেশে আসেন। দুই সপ্তাহ আগে সাফিকুল সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। আর মোজাহিদ আড়াই বছর আগে রিয়াদে যান। একই এলাকার হওয়ায় মোজাহিদ ও সাফিকুল রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকায় একসঙ্গে থাকতেন এবং কাজও একসঙ্গে করতেন। রোববার রিয়াদ শহরে একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজন একসঙ্গে মারা যান।

আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহমেদ বলেন, একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুরো ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানরা বিদেশে পাড়ি জমায়। একটি দুর্ঘটনায় দুটি পরিবার আজ সন্তানহারা।

আগানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর জানান, দুটি পরিবারেরই উপার্জনকারী ছিল তারা। মরদেহ দুটি যেন ঠিকভাবে দেশে আনতে পাওে, সে জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আল্লাহ পরিবার দুটির শোক সহ্য করার তৌফিক দান করুক।

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে চাপা পড়েছে ২ হাজারেরও বেশি মানুষ

0

ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনির একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় জীবিত সমাহিত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ। দেশটি জাতিসংঘকে এমন তথ্যই জানিয়েছে। মূলত দিন দুয়েক আগের ওই ভূমিধসে গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

আজ সোমবার (২৭ মে) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের একটি প্রত্যন্ত গ্রামে প্রবল ভূমিধসে ২ হাজারেরও বেশি লোক চাপা পড়েছে বলে পাপুয়া নিউ গিনি সোমবার জাতিসংঘকে অবহিত করেছে। মূলত একটি চিঠিতে দেশটি জাতিসংঘকে এই তথ্য জানায় এবং সেই চিঠির একটি অনুলিপি এএফপির হাতে এসেছে।

পাপুয়া নিউ গিনির জাতীয় দুর্যোগ কেন্দ্র রাজধানী পোর্ট মোরেসবিতে অবস্থিত জাতিসংঘের অফিসকে বলেছে, ‘ভূমিধসে ২ হাজারেরও বেশি লোক জীবিত সমাহিত হয়েছে এবং এই ভূমিধস বড় ধরনের ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে।’

গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাপুয়া নিউ গিনির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টিরও বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাওকালাম নামের একটি গ্রাম।

কাওকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় এই ভূমিধস ঘটেছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি।

দুর্যোগ অফিস বলেছে, ভূমিধসের ফলে ভবন, খাবারের গাছের বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনৈতিক লাইফলাইনে বড় ধরনের প্রভাব পড়েছে।

সোমবার সকালে জাতিসংঘের কর্মকর্তারা এই চিঠিটি পেয়েছেন। সেখানে আরও বলা হয়েছে, পোরগেরা মাইনে যাওয়ার প্রধান মহাসড়কটি ‘সম্পূর্ণভাবে অবরুদ্ধ’।

এতে বলা হয়েছে, পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়ে গেছে। কারণ ল্যান্ডস্লিপটি ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে, আর এটি উদ্ধারকারী দল এবং বেঁচে থাকা বাসিন্দা উভয়ের জন্যই বিপজ্জনক।

বিএনপি নেতাকর্মীরা দুর্যোগে সহযোগিতার নামে ফটোসেশন করে : কাদের

0

বিএনপি নেতাকর্মীরা দুর্যোগে সহযোগিতার নামে ফটোসেশন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২৭ মে) দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে অনেক বেশি। বেড়িবাঁধ ভেঙেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৈদ্যুতিক লাইন, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপকূলবর্তী এলাকার দলীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অনেক এলাকা এখনো পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া ভালো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ঘূর্ণিঝড় রেমাল : বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে পিডিবি

0

ঘূর্ণিঝড় রেমালের কারণে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে দেশজুড়ে প্রায় লাখ লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

পিডিবির তথ্যমতে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় এলাকায় বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে পিডিবির জনসংযোগ কর্মকর্তা শামীম হাসান বলেন, ঘূর্ণিঝড়ের সময় সারা দেশে অনেক বৈদ্যুতিক পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত খুলনা ও বরিশাল অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। ক্ষয়ক্ষতি নিরূপণের পর আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে তারা ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। গতকাল এই পরিমাণ ছিল ১২ হাজার মেগাওয়াটের বেশি।

উৎপাদন কমে যাওয়ার ফলে মধ্যরাত থেকে ঢাকার কিছু এলাকাসহ সারা দেশের অনেক উপজেলায় লোডশেডিং চলছে।

সৌদি আরব পৌঁছেছেন ৪৫০৪৩ জন হজযাত্রী

0

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত (২৭ মে রাত ২টা) সৌদি পৌঁছেছেন ৪৫ হাজার ৪৩ জন হজযাত্রী। মোট ১১৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪১ হাজার ২৯৬ জন। এখন পর্যন্ত ৮৪ হাজার ৭৮০টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১১৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩টি, সৌদি এয়ারলাইন্স ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৪টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৪ হাজার ৭৮০টি ভিসা ইস্যু করা হয়েছে।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। এরমধ্যে ২৫ মে মক্কায় মারা যান মো. শাহজাহান। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন গাইড হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।