Home Blog Page 3526

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক

0

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ঘুরতে দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক নোটের বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট তারা ছাড়েনি। এ ধরনের নোট ছাড়ার কোনো সিদ্ধান্তও নেই তাদের।

এ ব্যাপারে যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রচলিত নোট ও কয়েনের পাশাপাশি স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে। লেনদেনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন মানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের কয়েন বাজারে ছাড়া হয়েছে। আবার দেশের বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এখন পর্যন্ত ছয় ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আর স্মারক কয়েন তৈরি করেছে ১২ ধরনের।

জানা যায়, স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নোট ছাপা হয়। ১৯৭২ সালের ২ জুন প্রথম বাজারে ছাড়া হয় ১০ টাকার নোট। এরপর ধীরে ধীরে বাজারে আসে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট। এর প্রায় সবই বাজারে আসে ১৯৭২-৭৬ সালের মধ্যে। চাহিদার পরিপ্রেক্ষিতে ১৯৭৯ সালে ২০ টাকার নোট ও ১৯৮৮ সালে ২ টাকার নোট ছাড়া হয়। ২০০৮ সালে প্রথম বাজারে আসে ১০০০ টাকার নোট। ওদিকে স্বাধীনতার পর থেকে ধীরে ধীরে বাজারে ছাড়া হয় ১, ৫, ১০, ২৫, ৫০ পয়সা ও ১, ২, ৫ টাকার কয়েন।

এখন পর্যন্ত ১ টাকার তিন ধরনের নকশার নোট বাজারে এসেছে। ২ টাকার নোটের নকশা পরিবর্তন হয়েছে দুবার। একইভাবে ৫ টাকার নোটের নকশা পরিবর্তন হয়েছে নয়বার, ১০ টাকার নোটের দুবার ও ২০ টাকার তিনবার। ৫০ টাকার নোট দুবার, ১০০ টাকার নয়বার, ৫০০ টাকার সাতবার ও ১০০০ টাকার নোটের দুবার নকশা পরিবর্তন হয়েছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ১, ৫, ১০ ও ১০০ টাকার চার ধরনের নোট বাতিল করে বাজার থেকে তুলে নিয়েছে।

টাকার নোটে বারবার নকশা পরিবর্তন হলেও কয়েনের নকশায় সেভাবে এত পরিবর্তন আসেনি। ৫০ পয়সার কয়েনে দুবার ও ১ টাকার কয়েনের তিনবার নকশা পরিবর্তন হয়েছে। এর মধ্যে রুপালি রঙের ১ টাকার কয়েন বাজারে ছাড়া হয়।

১৯৯৬ সালে প্রথম ৪০ টাকার স্মারক নোট ছাড়া হয় স্বাধীনতার ২৫ বছর পূর্তি উপলক্ষে। ২০১২ সালে ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৬০ টাকার স্মারক নোট ছাড়া হয়। ২০১৩ সালে টাকা ছাপাখানার ২৫ বছর পূর্তি ও জাতীয় জাদুঘরের ১০০ বছর পূর্তি উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৮ সালের মার্চ মাসে পদ্মা বহুমুখী সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ৭০ টাকার স্মারক নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাবার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাদ

0

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এরশাদ-রওশনপুত্র রাহগির আল মাহী সাদ।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যনের কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করেন সাদ।

এ ছাড়া সোমবার পর্যন্ত রংপুর-৩ আসনের উপনির্বাচনের অংশ নিতে জাপার যুগ্ম মহাসচিব এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও এরশাদের ভাগ্নি মেহেজেবুন্নেছা রহমান টুম্পাও দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এরশাদের মৃত্যুর পর থেকেই তাঁর আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। এরশাদের পরিবারের লোকেরা যেমন চান উপনির্বাচনে এরশাদের আসনটিতে তাঁদের পরিবারের কেউ সংসদ সদস্য নির্বাচিত হোক, একইভাবে রংপুর বিভাগের দুজন কেন্দ্রীয় নেতাও চান এরশাদ পরিবারের বাইরে অন্য কেউ ওই অঞ্চল থেকে জনপ্রিয় নেতা না হয়ে উঠুক।

জাপার একটি সূত্রে জানা যায়, এরই মধ্যে পারিবারিক সমঝোতায় এরশাদ-রওশনপুত্র রাহগির আল মাহী সাদকে রংপুর-৩ উপনির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আসনটিতে জাতীয় পার্টির ১২ হাজার নেতাকর্মীসহ দল থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও রংপুর সিটি করপোরেশনের মেয়র ও একাধিক কাউন্সিলর স্বাক্ষরিত একটি আবেদন পার্টির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। ওই আবেদনে তাঁরা দাবি জানান, রংপুর-৩ আসনের উপনির্বাচনে রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরকে দলীয় মনোনয়ন দিতে। তাই শেষ পর্যন্ত কী হয়- তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর শূন্য হয় রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই আসন।

মিন্নির জামিন আদেশের কপি পৌঁছাল বরগুনার আদালতে

0

বরগুনায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের হামলায় নিহত শাহনেওয়াজ রিফাত শরীফের স্ত্রী কারাবন্দি আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দেওয়া হাইকোর্টের আদেশের কপি বরগুনার আদালতে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামিনের আদেশের কপি পৌঁছায় সেখানে।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিন্নির হাইকোর্টের জামিনের আদেশের স্বাক্ষরিত কপি বরগুনার আদালতে এসে পৌঁছেছে। মিন্নির পক্ষে জামিননামা (বেলবন্ড) দাখিলের অনুরোধ করেছি। আদালতের বিচারক জামিননামা গ্রহণ করে কারা কর্তৃপক্ষকে রিলিজ অর্ডার পাঠাবেন। এরপর সব দাপ্তরিক কাজ শেষ করে আজকের মধ্যেই মিন্নিকে মুক্ত করা সম্ভব হবে বলে আশা করছি আমরা।

গত ২৯ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে মিন্নির জামিন মঞ্জুর করেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি ১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এরপর রাষ্ট্রপক্ষ মিন্নির জামিন স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়। মিন্নির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, জেসমিন সুলতানা, আইনুন্নাহার সিদ্দিকা, মাক্কিয়া ফাতেমা ইসলাম, জামিউল হক ফয়সল প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল ও মো. সারওয়ার হোসেন বাপ্পী।

গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, এরই মধ্যে এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাতে মিন্নিকে আসামি করা হয়েছে। তালিকায় ৭ নম্বরে মিন্নির নাম রয়েছে। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মিন্নির জবানবন্দি পাঠ করেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের বিরোধিতা করে মিন্নির আইনজীবীরা বলেন, ১৯ বছরের একটি মেয়ে। তাঁকে জিজ্ঞাসাবাদের নামে ১৬ জুলাই পুলিশ লাইনসে ডেকে নেওয়া হয়। সেখানে বেশ কয়েক ঘণ্টা রাখার পর রাতে ১০টার পর গ্রেপ্তার দেখানো হয়। এর পরদিন ১৭ জুলাই তাঁকে আদালতে নিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে পুলিশ লাইনসে রাখা হয়। আইনজীবীরা বলেন, আইন অনুযায়ী আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার কথা। কিন্তু তা করা হয়নি। একজন তরুণীকে এত ঘণ্টা পুলিশের হেফাজতে রাখা হলে এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়ার কথা। তা ছাড়া তাঁকে আদালতে হাজির করার পর তিনি বলেছিলেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। এমনকি ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পরও তিনি এই জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তাঁরা বলেন, ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি দেখলে যে কেউ বুঝতে পারবে যে একজন আসামি স্বেচ্ছায় এত গুছিয়ে এত কথা বলতে পারে না।

গত ২৬ জুন সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যা করে। এ ঘটনায় নিহত রিফাতের বাবা আব্দুল আলিম দুলাল শরীফ বাদী হয়ে মামলা করেন। এই মামলার মিন্নি, রিফাত ফরাজী, টিকটক হৃদয়সহ ১৫ জনকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এজাহারভুক্ত নয়ন বন্ড ক্রসফায়ারে নিহত হয়েছে। গত ১৬ জুলাই রাতে গ্রেপ্তার করে পরদিন ১৭ জুলাই মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষ হওয়ার আগেই গত ১৯ জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিন্নি। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগের দিন ১৮ জুলাই দুপুরে সংবাদ সম্মেলন করেন বরগুনার এসপি মারুফ হোসেন। এ অবস্থায় প্রথমে ম্যাজিস্ট্রেট আদালতে ও পরে জেলা জজ আদালতে মিন্নির জামিনের আবেদন করা হলেও ওই দুই আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। হাইকোর্ট মিন্নির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির আগেই এসপির সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আদালত মিন্নির জামিন মঞ্জুর করেন।

বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে : নাসিম

0

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে বিদেশে পালাতক বঙ্গবন্ধুর সকল খুনিদের সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। খুনিদের সম্পত্তি ব্যবহার করে তাদের উত্তরাধিকাররা জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে দেশে-বিদেশে। আইন মন্ত্রণালয়কে অবিলম্বে মোশতাকসহ সকল খুনির সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, বঙ্গবন্ধু খুনের নেপথ্যের যে সকল নায়ক-খলনায়ক ছিলেন জিয়াউর রহমানসহ যাদের বিচার করা সম্ভব হয়নি তাদের চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত সময়ের মধ্যে একটি কমিশন গঠন করতে হবে। কমিশন গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন বলেন, এখন পর্যন্ত বঙ্গবন্ধুর হত্যাকারীদের তিনজনের অবস্থান সঠিকভাবে জানা যায়নি। এটা অবশ্যই আমাদের সরকারের ব্যর্থতা। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের আগেই যাদের অবস্থান নিশ্চিত করা গেছে তাদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের সর্বোচ্চ চেষ্টা করব।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ প্রমুখ।

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

0

ধনু (23 Nov – 21 Dec)
মানসিকভাবে বিব্রত হতে পারেন। শক্ত থাকার জন্য ধ্যান-ধর্মীয় কাজকর্ম, যোগব্যায়াম ইত্যাদির সাহায্য নিতে পারেন।
দূরের যাত্রা শুভ নয়। সাবধানতা অবলম্বন করুন।
মকর (22 Dec – 20 Jan)
আজ আপনার সামনে যেটাই কাজ আসুক, সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তবে কারো কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মনে সাহস রাখুন।
কুম্ভ (22 Jan – 18 Feb)
আজ আপনার হঠাৎ করেই হাতে টাকা আসতে পারে। হারিয়ে যাওয়া প্রেম ফিরে পেতে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (19 Feb – 20 Mar)
পুরনো প্রেম নতুন করে আসতে পারে। যৌথ বিনিয়োগ সফল হওয়ার সম্ভাবনা আছে। আজ একটা সতর্কতা—অর্থ কিংবা প্রেম কোনোটাই নিয়ে জুয়া খেলতে যাবেন না। প্রেমের জন্য দিনটি শুভ।
মেষ (21Mar – 20 Apr)
আজ আপনি অপ্রত্যাশিত কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগী হোন। আজ কাজের ব্যস্ততা বাড়বে। কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (21 Apr – 20 May)
আজ আপনি মানসিক অশান্তিতে ভুগতে পারেন। তা ছাড়া বাড়ি থেকে কোথাও দূরে যাওয়া হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। যাত্রা শুভ।
মিথুন (22 May – 21 Jun)
আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসতে পারে। ব্যবসা-বাণিজ্য, বিশেষত আমদানি-রপ্তানি বাণিজ্যযোগ শুভ। নতুন কোনো প্রেমে পড়তে পারেন। পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। চাকরির ক্ষেত্র ভালো যাবে।
কর্কট (22 Jun – 22 Jul)
আজ আপনার পরিবারের লোকদের সঙ্গে একত্র হতে পারেন। অথবা পরিবারের কোনো সদস্য নিয়ে ঝামেলায় পড়তে পারেন। আকস্মিক ভ্রমণের সুযোগ ঘটতে পারে। ব্যবসার ক্ষেত্রে ঋণ, চুক্তি, যৌথ তহবিলের ব্যাপারে সতর্ক থাকুন।
সিংহ (23 Jul – 23 Aug)
আপনি কারো সঙ্গে কোনো গোপন চুক্তি বা আইনবহির্ভূত কোনো সম্পর্কে যাবেন না। মাথা খাটিয়ে চলার চেষ্টা করুন, মন খাটিয়ে নয়। তবে প্রেম ও রোমান্স শুভ।
কন্যা (24 Aug – 23 Sep)
দিনের শুরুতে নানা রকম সম্পর্ক এবং ভ্রমণের জন্য শুভ। হঠাৎ অর্থ হাতে আসতে পারে। দিনের শেষে নতুন প্রেম নতুন ভালোবাসা। দূরের যাত্রা শুভ।
তুলা (24 Sep – 23 Oct)
গোপন প্রেম জানাজানি হলে বিপত্তি ঘটতে পারে। আজ সাবধান। প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে। যাত্রা শুভ। সূর্য আর নেপচুনের কারণে ইতিবাচক দিকগুলো—যেমন বিয়ে ব্যবসা আপনার আওতায় থাকবে।
বৃশ্চিক (24 Oct – 22 Nov)
প্রেম-ভালোবাসায় নতুন মাত্রা যোগ হতে পারে। মানসিক স্থিতির জন্য আপনি ধর্মকর্মে ঝুঁকে পড়তে পারেন। সৃজনশীলতায় আজকের দিনে আপনার অগ্রগতি হবে। প্রিয় বৃশ্চিক, দিনটি ভালো যাবে।

চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিরুদ্ধে গেলে সংসদ সদস্যদের বহিষ্কারের হুমকি!

0

চুক্তি ছাড়া ব্রেক্সিটের (নো ডিল ব্রেক্সিট) বিষয়ে সরকারের বিরুদ্ধাচারণ না করার জন্য ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সংসদ সদস্যদের সতর্ক করে দেয়া হয়েছে। বিরোধী লেবার পার্টির এমপিরা যখন সরকারের এই উদ্যোগ থামানোর পরিকল্পনা করছে, তখন কনজারভেটিভ এমপিদের সতর্ক করে দেয়া হয়।
এমনই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
ব্রিটিশ পার্লামেন্টের হুইপ অফিস সূত্রে বিবিসি জানায়, ব্রেক্সিট নিয়ে সরকার যে দরকষাকষি করছে বিদ্রোহীরা সেটি ভেস্তে দেবে। এদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের বলা হয়েছে, তারা যদি ‘নো ডিল ব্রেক্সিট’ এর বিপক্ষে ভোট দেয় তাহলে তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হবে। এর অর্থ হচ্ছে, বহিষ্কৃতরা আগামী নির্বাচনে কনজারভেটিভ দলের প্রার্থী হতে পারবেন না।
কোন চুক্তি ছাড়া ব্রিটেন যাতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের না হয় সেজন্য একদল এমপি সংসদে একটি আইন আনতে যাচ্ছে। তাদের এই উদ্যোগ তখনই সফল হবে, যদি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের কিছু এমনি সরকারের বিরুদ্ধে ভোট দেয়।
নো ডিল ব্রেক্সিট থামানোর জন্য বিরোধী লেবার পার্টির ছায়া মন্ত্রীসভা যখন বৈঠক করতে যাচ্ছে তখন ক্ষমতাসীন দলের এমপিদের এই হুঁশিয়ারি দেয়া হলো। আগামী ৩১শে অক্টোবর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার কথা রয়েছে। সেটি চুক্তি হোক কিংবা না হোক।
এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
স্থানীয় সময় রবিবার প্রধানমন্ত্রী বরিস জনসন তার হুইপদের সাথে নিজ দলের এমপিদের সম্ভাব্য বিরোধিতা নিয়ে আলোচনা করেছেন। কনজারভেটিভ হুইপ অফিসের একটি সূত্র বলেছে, ‘মঙ্গলবার তাদের দলের সংসদ সদস্যরা যদি সরকারকে ভোট না দেয়, তাহলে তারা সরকারের দরকষাকষির অবস্থানকে ধ্বংস করবে এবং পার্লামেন্টের নিয়ন্ত্রণ জেরেমি করবিনের হাতে তুলে দেবে। ’

এনআরসির প্রতিবাদে মাঠে নামছে তৃণমূল

0

গত শনিবার ভারতের আসামে জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুসারে আসামে ১৯ লাখ ৬ হাজার ৬৬৭ জন নাগরিককে ভারতীয় নয় বলে বাতিল করা হয়েছে।
এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তার প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে পশ্চিম বঙ্গের রাস্তায়। গোটা রাজ্য জুড়ে এনআরসির প্রতিবাদে বিক্ষোভ অবস্থানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।
আজ সোমবার বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে রাজ্য জুড়ে আগামী ৭ ও ৮ই অগাস্ট বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। সেপ্টেম্বরের ১২ তারিখ উত্তর কলকাতার চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত বিশাল মিছিল করবে তৃণমূল।
এর আগে গত শনিবার সন্ধ্যায় জোড়া টুইট করে এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের।
দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।

দিল্লিতে ‘ছেলেধরা’ সন্দেহে অন্তঃসত্ত্বা তরুণীকে গণপিটুনি, গ্রেপ্তার ৩

0

ভারতের রাজধানী দিল্লিতে ছেলেধরা সন্দেহে এক অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের শিকার হয়েছন। পরে তাকে উদ্ধার করে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বছরও ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক জনকে হত্যার ঘটনা ঘটেছিল।
ভারতের দিল্লিসহ বেশ কিছু প্রদেশে ছেলেধরা গুজবে এমন গণপিটুনির ঘটনা হরহামেশা ঘটছে। যার সর্বশেষ উদাহরণ এ ঘটনা। ছেলেধরা সন্দেহে তরুণীকে মারধরের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে এক তরুণীকে ঘিরে ধরে রয়েছে পাঁচ থেকে ১০ জন্য যুবক। ভিরের মধ্যে থেকে অনেকেই চিৎকার করে বলছে শিশু চুরি করার চেষ্টা করছিল। এ সময় তিন যুবক তার মাথায় আঘাত করতে থাকে। সেই ভিড়ের মধ্যেই অনেকে অভিযোগ করছেন ছোট ছোট বাচ্চাদের টাকা দিয়ে লোভ দেখায় তারপর জানলা দিয়ে শিশুদের চুরি করে পালিয়ে যায়।
তার পরিবারের সদস্যরা জানান, গত ১৮ আগস্ট শ্বশুরবাড়ি বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই নারী। এরপরে কোনোভাবে দিল্লির হর্ষবিহারে পৌঁছে যান তিনি। আশ্রয় নেন ফুটপাথে। স্থানীয় মানুষজন তাকে খাবারও দিতেন। কিন্তু গত ২৭ আগস্ট গুজব রটে, ওই নারী আসলে ছেলেধরা। এরপরই তার ওপর চড়াও হয় উন্মত্ত জনতা। আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি অতুল কুমার ঠাকুর। একই সঙ্গে ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য শহরবাসীর কাছে আবেদন জানিয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়ায় নৌকায় আগুন, নিহত ৮ নিখোঁজ ২৬

0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি দ্বীপে নৌকায় আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২৬ জন।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, নৌকাটিতে মোট ৩৯ জন মানুষ ঘুমিয়েছিলেন। এ পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর মৃ্ত্যু নিশ্চিত করা হয়েছে আটজনের।
স্থানীয় এক কোস্টগার্ডের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৩টার দিকে সান্তা ক্রুজ দ্বীপ থেকে ছেড়ে আসার অল্প সময় পরই ৭৫ ফুট লম্বা নৌকাটিতে আগুন ধরে যায়। আগুন লাগার কিছুক্ষণ পরই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার বেশিরভাগ যাত্রী ঘুমাচ্ছিলেন। ফলে তারা পালাতে পারেননি। তবে নৌকার ডেকে থাকা পাঁচ নাবিক দ্রুত একটি সেতুতে নেমে পড়েন। ফলে বেঁচে যান তারা।
খবরে আরো বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর লোকজন ও ডুবুরিরা। এরইমধ্যে দুই নারীসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৬। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

ভারতে গ্যাস প্ল্যান্টে ভয়াবহ আগুন; নিহত অন্তত ৫

0

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্যাস প্ল্যান্টে ভয়াবহ আগুন লেগেছে। আজ সকাল ৭ টায় এই আগুন লাগে।
এটি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন-এর প্ল্যান্ট বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
জানা গেছে, দমকলকর্মীরা ঘটনাস্থানে পৌঁছেছে আগুন নেভানোর কাজে নেমেছেন জেএনপিটি (জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট) ও নবি মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ।
আজ সকাল সাতটা নাগাদ নবি মুম্বইয়ের উড়ানের ওএনজিসি -র গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন লাগে। দমকল বাহিনীর সঙ্গে আগুন নেভাতে নেমেছে জেএনপিটি এবং নবি মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন । গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এই গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
সূত্র : ইটিভি ভারত