Home Blog Page 3545

তিন বোনের মুক্তির দাবিতে উত্তাল রাশিয়া

0

২০১৮ সালের জুলাই মাসে রাশিয়ার মস্কোয় কিশোরী তিন বোন ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের বাবাকে ছুরিকাঘাত এবং আঘাত করে হত্যা করে। এই বোনদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ থাকলেও তাদের ভবিষ্যত্ কী হবে, তা নিয়ে রাশিয়ায় উত্তপ্ত বিতর্ক শুরু হয়েছে।
এর মধ্যেই ৩ লাখ মানুষ একটি পিটিশন সই করে তাদের মুক্তি দেওয়ার আহবান জানিয়েছে। কেননা তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, মেয়েদের বাবা বছরের পর বছর ধরে তাদের শারীরিক এবং মানসিকভাবে পীড়ন করে আসছিলেন।
২০১৮ সালের জুলাই মাসের বিকালে ৫৭ বছরের মিখাইল খাচাতুরিয়ান তার তিন মেয়ে ক্রিস্টিনা, অ্যাঞ্জেলিনা এবং মারিয়াকে একে একে ডেকে পাঠান। তিন জনই সে সময় ছিল অপ্রাপ্তবয়স্ক। ফ্ল্যাট পরিষ্কার-পরিছন্ন করে না রাখার জন্য তিনি তাদের বকাঝকা করেন এবং মুখে পেপার গ্যাস স্প্রে করেন। কিছুক্ষণ পরে তিনি ঘুমিয়ে পড়লে মেয়েরা ছুরি, হাতুড়ি আর পেপার স্প্রে নিয়ে তার ওপর হামলা করে। তারা মাথায়, গলায় এবং বুকে মারাত্মক আঘাত করে। পরবর্তীতে তার শরীরে ৩০টির বেশি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর মেয়েরা পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলেই তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্ত করতে গিয়ে ঐ পরিবারের মধ্যে চরম নির্যাতন ও সহিংসতার ইতিহাস বেরিয়ে আসে। খাচাতুরিয়ান গত তিন বছর ধরে তার মেয়েদের নিয়মিত মারধর করতেন, নির্যাতন করতেন, দাসী করে রেখেছিলেন এবং যৌন নিপীড়নও করতেন। তিন বোনই তাদের বাবার বিরুদ্ধে এসব অভিযোগ করেছে। এই মামলাটি দ্রুতই রাশিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। মানবাধিকার সংগঠনগুলো দাবি করে যে, এই বোনরা কোনো অপরাধী নয়, বরং ভুক্তভোগী। কারণ নির্যাতনকারী পিতার কবল থেকে বাইরে গিয়ে সাহায্য চাওয়ার কোনো জায়গা বা সুরক্ষার কোনো উপায় তাদের ছিল না।
২০১৭ সালে প্রথম আইনে কিছু পরিবর্তন আনা হয়, যার ফলে পরিবারের কোনো সদস্য অপর সদস্যকে যদি এমনভাবে মারধর করে যাতে তার আঘাত হাসপাতালে ভর্তি করার মতো গুরুতর না হয় তাহলে তাকে শুধু জরিমানা করা যাবে অথবা দুই সপ্তাহ পর্যন্ত আটক রাখা যাবে। হত্যাকাণ্ডের সময় কিশোরী বোনদের মা তাদের সঙ্গে বসবাস করতেন না এবং মেয়েদের সঙ্গে মায়ের যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন খাচাতুরিয়ান।
খাচাতুরিয়ান বোনদের মামলাটি খুবই আস্তে আস্তে এগোচ্ছে। তারা আটক অবস্থায় নেই, তবে তাদের চলাফেরার ওপর কিছু বিধিনিষেধ আছে। তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন না, এমনকি নিজেদের মধ্যেও না। কৌঁসুলিরা দাবি করছেন যে, খাচাতুরিয়ানকে হত্যার বিষয়টি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যেহেতু তিনি ঘুমিয়েছিলেন আর বোনরা সুসংগঠিতভাবে হামলা করেছে, আগেই ছুরি সংগ্রহ করে রেখেছে।
তারা বলছেন, বোনদের উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেয়া। এসব অভিযোগ প্রমাণিত হলে বোনদের বিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অভিযোগ আছে যে অ্যাঞ্জেলিনা হাতুড়ি দিয়ে আঘাত করেছে, মারিয়া ছুরিকাঘাত করেছে আর ক্রিস্টিনা পেপার স্প্রে ছুঁড়েছে।
তবে বোনদের আইনজীবীরা বলছেন, নিজেদের রক্ষা করতেই তারা এই হত্যাকাণ্ডটি ঘটেছে। রাশিয়ার ফৌজদারি আইনে ‘আত্মরক্ষার’ বিষয়টি শুধু তাত্ক্ষণিক হামলা থেকে নিজেকে বাঁচাতেই নয়, বরং নিয়মিত অপরাধ থেকে বাঁচার ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন, কেউ জিম্মি হয়ে থাকলে, সে অবস্থায় নির্যাতনের শিকার হলে নিজের আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে পারেন।
আইনজীবীরা বলছেন, এই বোনরা “নিয়মিত অপরাধের” শিকার এবং এ কারণেই তাদের খালাস দেওয়া উচিত। তারা আশা করছেন, মামলাটি বাতিল করা হবে, যেহেতু তদন্তকারীরা দেখতে পেয়েছেন যে, ২০১৪ সাল থেকেই এই বোনরা বাবার হাতে নিপীড়নের শিকার হয়েছেন

গরুর খামার বানাতে আমাজনে আগুন দিয়েছে ব্রাজিল!

0

গরুর মাংস রপ্তানিতে ব্রাজিল এক নম্বর দেশ। উন্নত দেশগুলোর জনগণ গোমাংসের আসল ভোক্তা।
‘ফাস্ট ফুড’ এর মূল উপাদান গোমাংস। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে ২০১৮ সালেও ১ দশমিক ৭ মিলিয়ন টন গোমাংস রপ্তানি করেছে ব্রাজিল। এছাড়া চীনও গোমাংসের বড় ভোক্তা। এই রপ্তানির আকার ২০১৭ সালের তুলনায় ১০ শতাংশ বেশি।
ব্রাজিলের ৩০টি প্রতিষ্ঠান গরুর মাংস রপ্তানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আর বছর বছরও বাড়ছে গরুর মাংস রপ্তানির চাহিদা।
ফলে আমাজনের ৪ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে।
ব্রাজিলে ২০১৮ সালে গরুর বর্জ্য ছিল ৫ লাখ ২৭ হাজার মেট্রিক টন। যেভাবে এই শিল্প বেড়ে উঠছে, তাতে ২০২৮ সাল নাগাদ বর্জ্য আবর্জনার পরিমাণ দাঁড়াবে প্রায় তিন মিলিয়ন মেট্রিক টনে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৭৩ হাজারের বেশি অগ্নিকাণ্ড ঘটেছে আমাজনে।
ব্রাজিলের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ স্যাটেলাইটে পাওয়া ছবি ও তথ্য পর্যালোচনা করে জানায়, এই বছরে বনে আগুন লাগার সংখ্যা এবং ব্যাপ্তি গত বছরের তুলনায় ৮৮ শতাংশ বেশি।
পরিবেশবাদীদের দাবি, কার্যত গরুর খামার বানাতে আগুন দিয়ে আমাজন উজাড় করছে ব্রাজিল। নির্মাণ-কাঠের রপ্তানি আয় কমে যাওয়ায় ব্রাজিলের অর্থনীতি মার খাচ্ছে। এখন গরুর মাংস রপ্তানির আয় কমে গেলে ব্রাজিল আরো গরিব হয়ে পড়বে। যেখানে ২০১৮ সালে গরুর মাংস রফতানিতে তাদের আয় সাড়ে ছয় বিলিয়ন ডলারের বেশি।
নতুন করে ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ আরো বেশ কিছু দেশ গোমাংস আমদানিতে ব্রাজিলের সঙ্গে চুক্তি করছে।
আমাজনে আগুনের ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোর সমালোচনা করে ফ্রান্স ও আয়ারল্যান্ড। ফিনল্যান্ডের অর্থমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে ব্রাজিলের গরুর মাংস আমদানি নিষিদ্ধের ডাক দেন।
এ ছাড়া পরিবেশবাদী সংগঠনগুলো ব্রাজিলের বিভিন্ন শহরে শুক্রবার বিক্ষোভ করে। বিশ্বের নানা দেশে ব্রাজিলের দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সূত্র: সিএনএন

চীনা পণ্যে ফের শুল্ক আরোপ করল ট্রাম্প

0

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে। চীন যেমন করে মার্কিন পণ্যে শুল্ক আরোপ করছে, ওয়াশিংটনও চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করছে।
এদিকে নতুন করে আবারও শুরু হয়েছে শুল্ক আরোপের খেল। গতকাল শুক্রবার সাড়ে সাত হাজার কোটি ডলারের মার্কিন আমদানি পণ্যে শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয় বেইজিং। এরই প্রেক্ষিতে চীন থেকে আমদানি হওয়া ৫৫ হাজার কোটি ডলারের পণ্যে অতিরিক্ত আরো পাঁচ শতাংশ শুল্ক আরোপ করল মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, টুইটারে মার্কিন প্রেসিডেন্ট তার দেশের কম্পানিগুলোকে চীন থেকে সমস্ত কাজ গুটিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন।
আমেরিকা প্রাথমিকভাবে চীনের যে ২৫ হাজার কোটি ডলারের পণ্যে ২৫ শতাংশ শুল্ক করেছিল, তা ১ অক্টোবর থেকে বেড়ে ৩০ শতাংশ হবে বলে জানান এই রিপাবলিকান প্রেসিডেন্ট। বাকি ৩০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে হবে ১৫ শতাংশ। এই সমস্ত পণ্যের অর্ধেকে শুল্ক বসবে ১ সেপ্টেম্বর থেকে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে কার্যকর হবে পরের অর্ধেকে।
ট্রাম্পের ঘোষণার পর মার্কিন বাণিজ্য প্রতিনিধির অফিস থেকেও চীনের আমদানি হওয়া পণ্যে আরো শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২৫ হাজার কোটি ডলারের পণ্যে অক্টোবর থেকে ৩০ শতাংশ শুল্ক কার্যকর করার আগে জনমত যাচাইয়ের কথাও জানান তারা।
চলতি সপ্তাহে ফ্রান্সে হতে যাওয়া জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ অর্থনীতির দেশের শীর্ষ নেতৃত্বের দেখা হওয়ার কথা রয়েছে। সেখানেও এই বাণিজ্য উত্তেজনা উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের। যদিও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কমিউনিস্ট চীন অবশ্য জি-৭ এর এই জোটে নেই।

মিসৌরিতে হাইস্কুলের অনুষ্ঠানে গুলি : শিশু নিহত, গুলিবিদ্ধ তিন

0

মিসৌরির সেন্ট লুইস শহরের একটি হাইস্কুলের আনন্দ অনুষ্ঠানে শুক্রবার রাতে গোলাগুলির ঘটনায় আট বছরের এক শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় আরো তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ওই কন্যা শিশু তার পরিবারের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিল। আহত তিনজনের মধ্যে দু’জনই অল্পবয়সী। অপর একজন নারীর বয়স ৪০ বছর।
গোলাগুলি শুরুর আগে সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ফাঁকা গুলি চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। জানা গেছে, সোলডেন হাইস্কুলের পাশেই স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

জয়াকে নিয়ে ভারতে হচ্ছে রহস্যময় ভূতের ছবি

0

ভৌতিক ঘরানার ছবিতে আগেও একবার কাজ করেছেন দুই বাংলার অন্যতম অভিনেত্রী জয়া আহসান। ‘দেবী’ নামের সেই ছবিটি দিয়ে ভালোই জমিয়ে নিয়েছেন এই বাংলার দর্শকদের।

এবার পশ্চিম বাংলার দর্শকদের সামনে সরাসরি ভূতের চরিত্রেই হাজির হচ্ছেন জয়া। সে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের এই ছবিটির নাম ‘ভূতপরী’। কোয়েল মল্লিক প্রেজেন্টস এই ছবিটির নাম ভূমিকায় থাকছেন ঢাকার জয়া আহসান। ভূতের ভয় আর রহস্যে মোড়ানো ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই- প্রশংসিত নির্মাতা সৌকর্য ঘোষাল।
জয়া এখন এই ছবির জন্য অবস্থান করছেন কলকাতা শহরে। সেখান থেকে বাংলা ট্রিবিউনকে জানান ছবিটি সম্পর্কে বিস্তারিত।
তিনি বলেন, ‘‘ভৌতিক ঘরানার ছবি এর আগে ‘দেবী’ করেছি। তবে এখানে (ভারতে) এমন ছবি এবারই প্রথম। এই ছবিটাকে একটি ভূতের আত্মকাহিনি বলা যায়, থ্রিলারও আছে। সহশিল্পী হিসেবে আবারও সঙ্গে পাচ্ছি ঋত্বিক চক্রবর্তীকে। আছেন আরও নামকরা অভিনয়শিল্পীরা। আর পরিচালক সৌকর্য এর আগে ‘রেইনবো জেলি’ নামের ছবিটি বানিয়েছেন। আমার খুব পছন্দের ছবি এটি। ২৬ আগস্ট থেকে বোলপুরে শুটিং শুরু হচ্ছে ‘ভূতপরী’র। আমার আউটডোর শুটিং বেশি। বেশ ইন্টারেস্টিং কস্টিউম পাচ্ছি। সৌকর্যর বৌ পূজা করছেন কস্টিউমগুলো। মোট মিলিয়ে আবারও অসাধারণ একটি টিম পাচ্ছি।’’
ছবিটির গল্প প্রসঙ্গে জয়ার বর্ণনা এমন, ভূতের আত্মকথন এটি। এক নারী ১৯৪৭ সালে মারা যান। চলতি বছরে এসে (২০১৯) তার অতৃপ্ত আত্মার সাথে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের। যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা মানে ভূত আবিষ্কার করে যে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন!
তাই জয়ার ভাষ্য এমন, ‘গল্পটা শুধু ভূত আর ভয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। খুনের সূত্র ধরে এটি মোড় নেয় রহস্যময় ক্রাইম-থ্রিলারের দিকেও।’
এই ‘ভূতপরী’র ভূমিকাতে জয়া আহসান আর ছোট্ট ছেলেটির চরিত্রে দেখা যাবে বিশান্তক মুখার্জিকে। এছাড়াও এতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ।
এদিকে ঢাকাই ছবিতে অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসানের তেমন কোনও নতুন আপডেট না পাওয়া গেলেও সম্প্রতি ‘কণ্ঠ’ দিয়ে ভালোই সাড়া ফেলেছেন পশ্চিমবঙ্গে। মুক্তির অপেক্ষায় আছে ঋত্বিকের সঙ্গে অতনু ঘোষের ছবি ‘বিনিসুতোয়’।

আমিরের মেয়ে ইরার অভিষেক পরিচালনায়

0

ভারতের বিনোদন শিল্পে পা রাখছেন আমির খানের মেয়ে ইরা খান। তবে বাবার মতো অভিনয়ে নাম লেখাচ্ছেন না তিনি। পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার।

ইউরিপিডেসের গ্রিক ট্র্যাজেডি অবলম্বনে ‘মেডেয়া’ নামের একটি মঞ্চনাটক নির্দেশনা দেবেন ইরা। ভারতের বিভিন্ন শহরে এর প্রদর্শনী হবে। এ বছরের ডিসেম্বরে মঞ্চে আসবে এটি।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খবরটি ছড়িয়ে দিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, নাটকটির মহড়া শুরু হবে শিগগিরই।

হিন্দি ছবির পরিবর্তে মঞ্চ দিয়ে শুরু করলেন ইরা। এ প্রসঙ্গে তার কথায়, ‘এ সিদ্ধান্ত নেওয়ার আলাদা কোনও কারণ নেই। শিল্পকলা আমার ভালো লাগে। মঞ্চনাটকের মাধ্যমে নির্দেশক হিসেবে নিজেকে বড় পরিসরে প্রকাশ করার সুযোগ মেলে।’

আমির খান ও ইরা খানএদিকে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরা জানান, অ্যাকশন ছবি ছাড়া কখনও অভিনয়ের তাগিদ পাননি। পর্দার অন্তরালের কাজকেই তিনি প্রাধান্য দিয়েছেন সবসময়। তার কথায়, ‘অভিনয় করার কথা কখনও ভাবিনি। নির্দেশক হিসেবে আরও কিছু গল্প বলতে চাই মঞ্চে।’

ইরার মা হলেন আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত। সংগীত বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। তার ভাই জুনায়েদ বাবার কয়েকটি ছবির সহকারী পরিচালক ছিলেন। ২০১৭ সালে , ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ নামের একটি মঞ্চনাটকে কাজ করেছেন।

বিপিএলে ‘টেকসই’ মডেল চায় সিলেট সিক্সার্স

0

নতুন মেয়াদে চুক্তির আগে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শনিবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ছিল সিলেট সিক্সার্সের সঙ্গে সভা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এই সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিসিবি সব দলের মতামত নিচ্ছে, আমরাও মতামত দিলাম। সবার মতামত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আবার হয়তো দলগুলোর সঙ্গে কথা বলবে তারা। এরপরই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি হবে।’

সিলেটের মতামত সম্পর্কে তিনি বলেছেন, ‘মূলত আমাদের কিছু অভজারভেশন দিয়েছি। গ্রাউন্ড আর রেভিনিউ নিয়ে কথা বলেছি আমরা। আগামীতে আমাদের বক্তব্য লিখিত আকারে বিসিবির কাছে পেশ করবো।’

নতুন চুক্তিতে বেশ কিছু নিয়ম পরিবর্তন হবে বিপিএলে। তবে এবার নতুন নিয়ম হলেও ভবিষ্যতের জন্য একটা ‘টেকসই’ মডেল চায় সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ইয়াসির ওবায়েদ বলেছেন, ‘রেভিনিউ, ডিরেক্ট সাইনিং, প্লেয়ার্স রিটেনশন সব কিছুর ধারাবাহিকতা চাই আমরা। আমরা চাই একটা সাসটেইনেবল মডেল, যা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে।’

১৫ বছর অপেক্ষার পর পেলেন গোল

0

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি কোচ হিসেবে প্রথম জয়ের মুখ দেখলেন চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এ ম্যাচে চেলসির হয়ে দীর্ঘ ১৫ বছরের গোল খরা কাটালেন ট্যামি আব্রাহাম
তরুণদের ওপর আস্থা রেখেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর তাঁর শিষ্যরাও সে আস্থার দারুণ প্রতিদান দিলেন। ক্যারো রোডে নরউইচ সিটির বিপক্ষে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে ল্যাম্পার্ডের চেলসিই। আর তাতে সিংহভাগ অবদান চেলসির যুব দলের দুই তরুণ ট্যামি আব্রাহাম ও মাউন্ট ম্যাসনের। নাইজেরিয়ান বংশোদ্ভূত ইংলিশ ফরোয়ার্ড আব্রাহাম কাটিয়েছেন দীর্ঘ ১৫ বছরের গোল খরাও।

প্রথমার্ধে ২-২ গোলের সমতায় শেষ হওয়া এ ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় পেয়েছে চেলসি। জয়সূচক গোল করেছেন আব্রাহামই। ২০০৪ সালে এই তরুণ মাত্র ৬ বছর বয়সে চেলসিতে নাম লেখান। ১২ বছর যুব একাডেমিতে বড় হওয়ার পর ২০১৬ সালে লিগে অভিষেকও হয়েছিল চেলসির হয়ে। কিন্তু দুই মৌসুম মিলিয়ে তিন ম্যাচ খেলে বুঝে যান, এখানে এখনই ভাগ্য গড়তে পারবেন না। ধারে নাম লেখান অন্য ক্লাবে। ব্রিস্টল, সোয়ানসি, অ্যাস্টন ভিলা হয়ে এবার চেলসিতে ফিরেছেন। গত মৌসুমে ভিলার হয়ে চ্যাম্পিয়নশিপে ২৫ গোল করার পর চেলসিই ফিরিয়ে এনেছে তাঁকে। অবশেষে নিজের আঁতুড়ঘরে ফেরাটা জোড়া গোল দিয়ে, জয়সূচক গোল করে উদ্‌যাপন করলেন। এ তো সিনেমার স্ক্রিপ্ট!

এ ক্লাবেরই ঘরের ছেলে ল্যাম্পার্ড এবার কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে পেয়েছেন প্রথম জয়ের দেখাও। তৃতীয় ম্যাচে এসে জয় পেলেন হার ও ড্র দিয়ে শুরু করা ল্যাম্পার্ড। আজ বাজিটাও খেলেছেন বেশ। একাদশ দিয়েই সবাইকে চমকে দিয়েছেন। একগাদা তরুণ জায়গা পেয়েছেন দলে। অলিভিয়ের জিরুর জায়গায় খেলান আব্রাহামকে। এই একাদশের গড় বয়স ২৪ বছর ২০৮ দিন। সর্বশেষ ১৯৯৪ সালে গ্লেন হডল চেলসির কোচ থাকার সময় লিগে ওল্ডহামের বিপক্ষে চেলসি একাদশের গড় বয়স ছিল ২৪ বছর ১৯০ দিন। লিগে চেলসির এটাই সর্বকনিষ্ঠ একাদশ। আর ল্যাম্পার্ড আজ মাঠে নামিয়েছেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ একাদশ।

ম্যাচের শুরুর দিকেই কোচের এ আস্থার প্রতিদান দিয়ে দেন ২১ বছর বয়সী আব্রাহাম। ৩ মিনিটে দলকে এগিয়ে দেন। কিন্তু ষষ্ঠ মিনিটে সমতা ফেরায় নরউইচ। ১৭ মিনিটে চেলসি এগিয়ে যায় ২০ বছর বয়সী আরেক তরুণ ম্যাসন মাউন্টের গোলে। ৩০ মিনিটে আবারও সমতায় নরউইচ। শেষে ৬৮ মিনিটে আব্রাহামের গোলটাই চেলসিকে এনে দেয় পুরো ৩ পয়েন্ট।

রায়ান কুকের আশা বাংলাদেশ ফিল্ডিংয়ে সেরা তিনটি দলের একটি হবে

0

বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ফিল্ডিংয়ের মৌলিক বিষয়ে কতটা জানেন, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। দলের ফিল্ডিং কোচ রায়ান কুক স্বীকার করছেন ‘বেসিক’-এ আরও উন্নতি করতে হবে। তাঁর আশা বাংলাদেশ ফিল্ডিংয়ে সেরা তিনটি দলের একটি হবে
বিশ্বকাপ, বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর—দুটিতেই বাংলাদেশ এত বাজে ফিল্ডিং করেছে, কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান রাখঢাক না রেখেই বলেছেন, ‘বাংলাদেশের ফিল্ডাররা বেসিকই জানে না!’ যেহেতু ‘বেসিক’ নিয়ে প্রশ্ন উঠেছে। আজ ফিল্ডিং কোচকে এই বেসিক নিয়েই বেশি প্রশ্নের উত্তর দিতে হলো।

বাংলাদেশের ফিল্ডারদের শিশুতোষ সব ভুল নিয়মিত দৃশ্য! একজন ফিল্ডারের দুই পায়ের ফাঁক গলে বাউন্ডারি হয়ে যায়, এক সুযোগে বল ধরতে পারেন না, দৌড়ে মাঠ কাভার করতে পারেন না, ওভার থ্রোয়ে রান হয়, সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙার ঘটনা দেখা যায় কালেভদ্রে। আর লোপ্পা ক্যাচ হাতছাড়ার উদাহরণ তো ভূরি ভূরি। স্নায়ুক্ষয়ী মুহূর্তে ভুলের মাত্রাটা বেড়ে যায় আরও বেশি। টেস্টে স্লিপ ফিল্ডিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠা যায়নি এখনো। ‘এই ফিল্ডিং লইয়া কী করিব’ ধরনের কথা ওঠে প্রায় ম্যাচেই। বাজে ফিল্ডিং নিয়ে বিসিবি সভাপতি গত এক মাসে একাধিকবার বিরক্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশের ফিল্ডিংয়ের যে মান তাতে যদি নম্বর দিতে বলা হয় কত দেবেন রায়ান কুক? আজ ফিল্ডিং সেশন শেষে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ যে নম্বর দিলেন তাতে ফিল্ডাররা খুশিই হবেন, ‘খেলার বিভিন্ন প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে। এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সম্ভবত দশে ৬.৫ পাবে। ওয়ানডেতে ৭.৫। আর টেস্টে ৭। হ্যাঁ, অবশ্যই আমাদের আরও উন্নতি করার আছে। তবে অনেক জায়গায় আমরা উন্নতি করছি।’

তবে কুকও স্বীকার করলেন ফিল্ডিংয়ের মৌলিক বিষয়ে অনেক ভুল করেন বাংলাদেশের ফিল্ডাররা। ফিল্ডিং কোচ মনে করেন ক্যাচ ধরায় আরও ধারাবাহিক হতে হবে। স্নায়ুক্ষয়ী মুহূর্তের চাপ নিয়ে ভালো ফিল্ডিং করতে হবে। আগামী কদিনে এসবেই নজর দিচ্ছেন তারা। কুকের আশা বিশ্বের সেরা তিন ফিল্ডিং দলে পরিণত হবে বাংলাদেশ, ‘আমরা সম্ভবত ফিল্ডিংয়ে মাঝামাঝি জায়গায় আছি। বিশ্বকাপের নিরপেক্ষ কন্ডিশনে নিজেদের প্রমাণ করার ভালো একটা সুযোগ ছিল আমাদের। নিজেদের আমি শীর্ষ তিনে দেখতে চাই। ফিল্ডিংয়ে শীর্ষ তিনে থাকার কাজটা অবশ্যই আমরা শুরু করতে পারি।’

কাজটা যে কতটা কঠিন কুক সেটি ভালো করেই জানেন। তবুও তিনি চ্যালেঞ্জটা নিচ্ছেন, ‘আমাদের সবকিছুই দরকার। বিশ্বকাপের আগে সত্যি আমরা অনেক কাজ করেছি সুযোগগুলো যেন কাজে লাগাতে পারি। সেটা গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপে সরাসরি থ্রোয়ে রানআউটের অনেক ঘটনা ঘটেছে। আমরা এটাতে অনেক গুরুত্ব দিয়েছিলাম। অন্য দলের তুলনায় ক্যাচ ধরার হারও ভালো। লক্ষ্য অর্জনে আমরা এসবে অনেক মনোযোগ দিচ্ছি।’

বিয়ে জানিয়েই করব: প্রভাস

0

দের কাছে তিনি প্রভাস। তাঁর আসল নাম ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পালাপতি। চলচ্চিত্রে তাঁর শুরুটা হয় ‘ঈশ্বর’ ছবি দিয়ে, ‘বাহুবলি: দ্য বিগিনিং’ আর ‘বাহুবলি টু: দ্য কনক্লুশন’ ছবি দুটি দিয়ে তিনি আকাশ ছুঁয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সাহো’। অনেকেই বলেছেন, ভারতের চলচ্চিত্র ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাকশন-রোমান্টিক ধাঁচের ছবি হতে যাচ্ছে এই ‘সাহো’। ৩৫০ কোটি রুপি বাজেটের ছবিটি তামিল, তেলেগু আর হিন্দি ভাষায় মুক্তি পাবে ৩০ আগস্ট। এর আগে নিজের জীবন, দর্শন, প্রেম আর ‘সাহো’ ছবি নিয়ে প্রভাস কথা বললেন চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দের সঙ্গে। গতকাল শুক্রবার ইউটিউবে আসা এই সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো এখানে।

আপনি দীর্ঘ পাঁচ বছর ‘বাহুবলী’ সিরিজের সেটে ছিলেন। চুক্তি শেষ হওয়ার পর বলেছেন, যেখানে কঠোর শারীরিক কসরতের দরকার, এমন চরিত্র আর করবেন না। কিন্তু তারপর ‘সাহো’ ছবিতে আপনাকে দেখা যাচ্ছে।
টানা পাঁচ বছর প্রায় প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘণ্টা করে সেটে কাজ করেছি। ২২ কেজি ওজন ঝরিয়েছি। ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়েছি। মাসে কেবল এক দিন আমি ইচ্ছামতো খাবার খেতে পারতাম। কঠোর পরিশ্রম করেছি ‘বাহুবলী’র জন্য। সেই হাড়ভাঙা খাটুনি নিশ্চয়ই ছবিতে চোখে পড়ে। শুটিং শেষ করেও প্রতিদিন প্রায় ২০টি করে সাক্ষাৎকার দিতে হয়েছে। তাই বলেছিলাম, আর না। ‘সাহো’র পরিচালক সুজিত আমার বন্ধু। ও আমাকে রাজি করানোর জন্য বলল, ছবিটি প্রেমের গল্প নিয়ে। আমিও রাজি হয়ে গেলাম। তারপর দেখা গেল, এটাও বিশাল আকারের অ্যাকশন ছবি।
প্রভাস
প্রভাস
৫ বছর ধরে ‘বাহুবলী’ করলেন, দুই বছর ধরে ‘সাহো’ করলেন। একটা ছবির জন্য এত দীর্ঘ সময় আগ্রহ আর উদ্দীপনা ধরে রাখেন কীভাবে?

বড় আকারের ছবির জন্য এই সময়টুকু দিতেই হবে। তাড়াহুড়ো করে বড় হওয়া যায় না। যত সময় নিয়ে ছবি বানানো হচ্ছে, দর্শক তো সেই পরিশ্রম অনুপাতে বিনোদন পাচ্ছেন। বড় কিছুর জন্য দীর্ঘদিন মন দিয়ে কাজ করা যায়। কিন্তু আপাতত আমি এত বড় প্রজেক্টে যুক্ত হচ্ছি না। দুই-তিন মাসে যেসব শুটিং শেষ হয়ে যাবে, সে রকম কাজ করব। আবার এ রকম বড় আয়োজনের কাজ করার আগে আমার একটু বিরতি দরকার।
প্রভাস
প্রভাস
‘সাহো’ হিন্দি, তামিল আর তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে। হিন্দি বলতে অসুবিধা হয়েছে?

আমি হিন্দি পড়তে পারি, লিখতেও পারি। কিন্তু বাসায় এই ভাষায় কথা বলি না। তাই একটু অসুবিধা হয়েছে। কারণ, হিন্দি ভাষায় প্রতিটি বাক্যের, প্রায় প্রতিটি শব্দের স্ত্রীলিঙ্গ ও পুংলিঙ্গ আছে। থা, থি ঠিক করতে একটু ঝামেলা হয়েছে।

বিজয়ের (তামিল অভিনেতা) সঙ্গে কথা হচ্ছিল। বললেন, তিনি জীবনে যত চরিত্র করেছেন, সব কটি চরিত্র ব্যক্তি হিসেবে তাঁকে প্রভাবিত করেছে। ‘বাহুবলী’র কোনো কিছু কি আপনার মধ্যে আছে?
আমার সে রকম মনে হয় না। চরিত্র শেষ করে আমি আমার আমিতে ফিরে আসি। (একটু থেমে) অবচেতনভাবে হয় হয়তো। আমি সচেতনভাবে কখনো গ্রহণ করিনি। আমি আসলে খুব অন্তর্মুখী, ঘরকুনো। ১৮ ঘণ্টা, ২০ ঘণ্টা যা-ই হোক না কেন, কাজ শেষ করে ঘরে যেতে চাই। কাট বলার পর ওই চরিত্র আর বয়ে নিয়ে বেড়াই না। কিন্তু অ্যাকশন আর কাটের মধ্যে আমি পুরোপুরি ওখানেই থাকি।
আপনার পরিবার নাকি ‘বাহুবলী’র সাফল্যে হতবাক হয়ে গিয়েছিল। আপনার মা নাকি বলেছিলেন, ‘এসব যেন তোমাকে বদলে না দেয়।’ সত্যি?

হ্যাঁ। আসলে মা কখনো চাননি আমি সিনেমায় নামি। তিনি সাধারণ গৃহিণী। তিনি চেয়েছিলেন, আমার যথেষ্ট সচ্ছলতা থাকবে। তা দিয়ে স্বাভাবিকভাবে ‘নিরামিষ জীবন’ কেটে যাবে। কিন্তু আমি সে রকম জীবন যাপন করার জন্য জন্মাইনি। আমার খালাতো ভাই সেদিন বলেছে, ‘এই তুই রেস্টুরেন্ট দিতে চেয়েছিলি। পেট্রল পাম্পের দোকান দিতে চেয়েছিলি। কথা ছিল, ব্যবসা ব্যবসার গতিতে চলবে। আমরা ওই রেস্টুরেন্টে খাব আর দোকান থেকে গাড়িতে তেল ভরে ঘুরব। সেই তুই কোথায় চলে গেলি।’ শুনে একটু অন্য রকম লাগল। তখন আমার জীবন কেমন হতো কে জানে।‘সাহো’ ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও প্রভাস
‘সাহো’ ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও প্রভাস
শাহরুখ খান একবার বলেছেন, তাঁকে যদি সেক্সি বলা হয়, তিনি নাকি খুব লজ্জা পান। আপনার এয়ারপোর্টের ভিডিও দেখছিলাম। মেয়েরা সমুদ্রের মতো চারপাশ ঘিরে চিৎকার করছিলেন। আপনাকে একবার স্পর্শ করার জন্য তাঁদের কত ব্যাকুলতা! আপনি অস্বস্তি বোধ করছিলেন?

আমি আসলে অ্যাকশন আর কাটের মধ্যেই অভিনেতা। এর বাইরে আমি এত মানুষ, জনসমাগম, চিৎকার—এগুলোতে এখনো ঠিক অভ্যস্ত হতে পারিনি। এটা আমার দুর্বলতা। আমি শুধু সেটে অভিনয় করে সোজা ঘরে যেতে চাই।
এখন তো একটাই প্রশ্ন, প্রভাস বিয়ে করবে কবে? প্রতিদিন আপনার বিয়ে নিয়ে হাজার হাজার শব্দ লেখা হচ্ছে। আপনি নাকি বলেছেন, আপনি প্রেমের বিয়েতে বিশ্বাসী আর শিগগিরই বিয়ে করছেন?

তারা আমাকে জিজ্ঞেস করেছে, অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ। আমি বলেছি, হয়তো প্রেম করেই বিয়ে করব। তারা তাই লিখেছে, আমি নাকি আনুশকার সঙ্গে প্রেম করছি। আর খুব দ্রুতই বিয়ে করব। আমি যদি ওর সঙ্গে প্রেমই করতাম, তাহলে তা দুই বছর লুকিয়ে রাখা সম্ভব হতো? ২৪ ঘণ্টা আমার ওপর পাপারাজ্জিরা চোখ রাখে। আমার প্রতি মিনিটের হিসাব তারা দিতে পারে। লুকানোর কিছু নেই। বিয়ে করলে জানিয়েই করব।