Home Blog Page 2672

এনআইডি জালিয়াতি : ডা. সাবরিনার জামিন নামঞ্জুর

0

জালিয়াতির মাধ্যমে দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনার জামিন নামঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে ডা. সাবরিনার পক্ষে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ৩০ আগস্ট মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। এর পর ৩ সেপ্টেম্বর আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় অভিযোগ করা হয়, বর্তমানে সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চায়। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেয়া ১৯৭৮ সালের ২রা ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২রা ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

প্রসঙ্গত, করোনা টেস্টের নমুনা সংগ্রহের জন্য অনুমোদন পায় সাবরীনার নিয়ন্ত্রণাধীন জেকেজি হেলথকেয়ার। কিন্তু সরকারি অনুমতি নিয়ে তারা নমুনা সংগ্রহের নামে মানুষের কাছে করোনার নেগেটিভ-পজিটিভ জাল সনদ বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এ অভিযোগে সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।

মসজিদে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

0

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শাহাদাত হোসেন সিফাত (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৪ জন।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আইসিইউতে তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

শাহাদাত স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তির চেষ্টা করছিলেন। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তার বাবা স্বপন শেখ ডেকোরেটরের কাজ করেন। নারায়ণগঞ্জের তল্লায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। তখন ছয়টি এসি বিস্ফোরিত হয়। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন।

নুরের বিরুদ্ধে অপহরণ-ধর্ষণ ও ডিজিটাল আইনে মামলা

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সোমবার রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। মামলায় নুরুসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এর পর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে রাত ১২টা ৩৫ মিনিটে তাকে ছেড়ে দেয়া হয়। ছেড়ে দেয়ার কিছুক্ষণ পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ধর্ষণের ঘটনা পরম্পরায় ভিপি নুরের নাম উঠে আসায় তাকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।

নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ‘বাস্তবসম্মত রোডম্যাপ’ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

0

দৃঢ়ভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জাতিসংঘকে সঠিক পথে নিতে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্ধিতার মাধ্যমে জাতিসংঘকে দুর্বল না করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর রাতে নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতিসংঘকে দুর্বল করে এমন কোনো ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন দেয়া উচিত নয়। আমরা এটা পূর্ববর্তীদের কাছ থেকে পেয়েছি। এ জন্য তাদের কাছে আমরা ঋণী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরও জাতিসংঘকে একটি সত্যিকার অর্থে সার্বিকভাবে আন্তর্জাতিক কার্যকর সংস্থায় পরিণত করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি বলতে চাই যে, ‘আমরা এমন অনেক মুহূর্ত প্রত্যক্ষ করেছি, যা আমাদের মানবসভ্যতার নতুন ইতিহাস গড়ে তুলেছে। ইউএনজিএ-৭৫ এ ধরনের আরেকটি মুহূর্ত আমাদের সামনে এনে দিয়েছে।’

চলমান বৈশ্বিক প্রাণঘাতী মহামারি কোভিড-১৯ প্রসঙ্গে তিনি বলেন, এই মহামারি আমাদের ২০৩০ এজেন্ডার লক্ষ্য অর্জনকে আরও কঠিন করে দিয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘চলমান মহামারিসহ বর্তমান সময়ের চ্যালেঞ্জ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এ ধরনের সংকট মোকাবিলার অক্ষমতা প্রকাশ পেয়েছে।

তিনি এ প্রসঙ্গে বলেন, এই মহামারি দেখিয়ে দিয়েছে যে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশকেই পূর্বের যেকোনো সময়ের চেয়ে জাতিসংঘকে এখন বেশি প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অনেক উপকৃত হয়েছে। তাই বাংলাদেশ জাতিসংঘের কাছে ঋণী।

শান্তিরক্ষী সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে সহায়তা করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে এখন আমাদের দেশের সবচেয়ে বেশি সৈন্য ও পুলিশ সদস্য রয়েছে।

তিনি উল্লেখ করেন যে বিশ্বের সংঘাতপ্রবণ দেশগুলোর শান্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের ১৫০ শান্তিরক্ষী সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সাথে একই সময়ে হওয়ায় বাংলাদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে।

তিনি আরও বলেন, ‘১৯৭৪ সালে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধু বলেছিলেন যে, জাতিসংঘ ভবিষ্যতে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এটা জাতিসংঘ ও বহুপাক্ষিকতার ওপর বাংলাদেশের আস্থা ও বিশ্বাসের প্রমাণ।’

শেখ হাসিনা আরও বলেন, ‘অক্লান্ত প্রচেষ্টা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য আমি জাতিসংঘের সকল কর্মকর্তা ও সংস্থার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

কোভিড-১৯ মহামারির কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতৃবৃন্দ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন।

স্বাস্থ্যের ড্রাইভার মালেক সাময়িক বরখাস্ত

0

স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলের গাড়িচালক টাকার কুমির শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক আব্দুল মালেক ওরফে বাদলকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ বিষয়টি নিশ্চিত করছেন।

বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে গাড়িচালক আব্দুল মালেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ড্রাইভার মালেককে (৬৩) দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার আব্দুল মালেককে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই রুবেল শেখ ১৪ দিনের রিমান্ড আবেদন করেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া বামনার টেক ৪২ নম্বর হাজি কমপ্লেক্স ভবন থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জালনোট, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

স্বল্পশিক্ষিত আব্দুল মালেক অধিদপ্তরের চাকরির পাশাপাশি বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড চালাতেন। অবৈধ অস্ত্র ও জালনোটের কারবার ছাড়াও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় শেখ হাসিনা মাজেদা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জনান।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের মা খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বার্ধক্যজনিত কারণে সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে সন্তানের গর্বিত মা। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া কামনা করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরে তৃতীয়-চতুর্থ শ্রেণির ৪৪ কোটিপতির সন্ধান পেয়েছে দুদক

0

শুধু আবজাল বা মালেক নয়, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ও কেরানিরসহ তৃতীয়-চতুর্থ শ্রেনীর আরো ৪৪ জন কোটিপতির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। তাদের সম্পদের অনুসন্ধানও করা হচ্ছে।

চালক, কেরানি ছাড়াও এ তালিকায় আছেন অধিদপ্তরের অফিস সহকারি, স্টোর কিপার ও কম্পিউটার অপারেটর। অনুসন্ধানে এসব কর্মচারীর অস্বাভাবিক সম্পদ পাওয়ায় সম্পদ বিবরণীর নোটিশও জারি করেছে দুদক।

দুদক সচিব দিলোয়ার বখত জানান, মালেক ড্রাইভারের সম্পদের অনুসন্ধান একবছর ধরেই চলছে। তার অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় সম্পদের নোটিশও তারা পাঠিয়েছেন। এরই মধ্যে ৪৫ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু মালেক নয়। অধিদপ্তরের তৃতীয়-চতুর্থ শ্রেনীর ৪৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। যারা অধিদপ্তরের কেরানি, অফিস সহকারী, গাড়ি চালক হলেও নামে বেনামে রয়েছে তাদের কোটি কোটি টাকার সম্পদ।

অনুসন্ধানে সম্পদের বৈধ উৎস না পাওয়ায় এরইমধ্যে তাদের ১১ জনের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। বাকিদের নামেও সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হবে। তবে কারো নাম উল্লেখ না করে দুদক সচিব ৪৫ জনের অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চলতি মাসে কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে মামলা করবে দুদক।

সস্ত্রীক সাবেক সাংসদ আউয়ালের জামিনের মেয়াদ আরও এক মাস বাড়ল

0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের পুনরায় এক মাসের জামিন দিয়েছে জজ আদালত। আজ ২১ সেপ্টেম্বর সোমবার পিরোজপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহম্মদ মহিদুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
তিনি জানান, দুদকের দায়েরকৃত তিনটি মামলায় গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান আউয়াল এবং তার স্ত্রী। পরবর্তীতে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে করা দুদকের আবেদন খারিজ করে তাদের জামিন আদেশ বহাল রেখে গত ১৬ ফেব্রুয়ারি আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আউয়াল এবং তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় ৩ মার্চ তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন ও জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান জামিন নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশের পর বিক্ষোভে ফেটে পড়েন আউয়াল সমর্থকেরা। জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেয়। এর মধ্যে বিচারককে বদলি করা হয়। নতুন বিচারকের আদালতে আবেদন করা হলে নাহিদ নাসরিন জামিন মঞ্জুর করেন। এরপর পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত গত ৩ মার্চ আউয়াল এবং তার স্ত্রীকে দুই মাসের জামিন দেন।কোডিড-১৯ প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের কারণে আসামিদের আদালতে উপস্থিত হওয়ার কোনো সুযোগ না থাকায় আজ সোমবার এ মামলার আসামীরা সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থিত হলে আদালতের বিচারক তাদের এক মাসের আন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। এদিকে এর আগে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন( দুদকের) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

, তিন মামলায় তাদের জামিন কেন বাতিল করা হবে না এই মর্মে তিন সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট।

এর মধ্যেই আজ ২১ সেপ্টম্বর তাদের আরও এক মাসের জামিন েদওয়া হয়। এ প্রসঙ্গে

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মুনসুর উদ্দিন হাওলাদার জানান, দুদকের এই মামলাটি জামিনের বিষয়ে হাইকোর্টে প্রক্রিয়াধীন রয়েছে। তাই তিনি এ বিষয়ে সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে রাজি হননি।

গত বছরের ৩০ ডিসেম্বর ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভিনের বিরুদ্ধে পৃথকভাবে তিনটি মামলা দায়ের করে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর।

মাস্ক পরা নিশ্চিতে মার্কেট-শপিং মলে ‘আকস্মিক অভিযান’

0

মাস্ক পরায় অনীহা দেখা দেয়ার প্রেক্ষাপটে মার্কেট ও শপিং মলগুলোতে অ্যাকশনে যাচ্ছে সরকার। মাস্ক পরা বাধ্যতামূলক করতে আকস্মিক অভিযান পরিচালিত হবে ওইসব স্থানে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মাস্ক না পরা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথা জানান।

‘যে কোনো দিন যে কোনো মার্কেটে’ পর্যবেক্ষণ চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আমি সম্প্রতি একটি কাজে একটি মার্কেটে গিয়েছিলাম, আমি সেখানে বেশি লোককে মাস্ক পরতে দেখিনি। পরে আমরা নির্দেশনা দিয়েছি, আমরা ক্রস চেক করব যে কোনো দিন, সে মার্কেটে যদি সবাইকে মাস্ক পরা না দেখি তাহলে উই উইল টেইক অ্যাকশন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ব্যবহার করা দরকার। সবাই মিলে ঠিকভাবে মাস্ক যদি ব্যবহার না করি তাহলে কিন্তু মুশকিল। কারণ বিশেষজ্ঞরা বলছেন, দুই তরফ থেকে যদি মাস্ক পরা থাকে তাহলে ৯৫-৯৮ শতাংশ নিরাপদ। আর এক তরফ থেকে মাস্ক থাকলে ৬০-৬৫ শতাংশ নিরাপদ। মাস্ক যদি না পরে তাহলে কিন্তু কোনো কিছুই সফল হবে না। এজন্য সবাইকে উদ্ভুদ্ধ করতে হবে।

কেউ মাস্ক কিনতে না পারলে বাড়িতে কাপড় দিয়ে সহজেই তা বানিয়ে নেওয়া যাবে বলে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেন আনোয়ারুল। এই মহামারীর মধ্যে যারা স্বাস্থ্যবিধি মানছেন না- ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক দেশে, বিশেষ করে শীতপ্রধান দেশে দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শেষ থেকে ‘সেকেন্ড ওয়েভ’ আসতে পারে, সেই প্রস্তুতি রাখতে হবে। সেজন্য মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের যেন প্রস্তুতি থাকে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সেকেন্ড ওয়েভ যদি আসে… আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি সচেতন হই, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। অক্টোবরের শেষ বা নভেম্বরের মাঝামাঝি থেকে ঠাণ্ডার প্রকোপটা বাড়তে পারে। আমাদের লোকজনের নিউমোনিয়া, সর্দি, জ্বর বা অ্যাজমাটিক সমস্যা থাকে, সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন (প্রধানমন্ত্রী)। এসবে আক্রান্ত হলে যেন চিকিৎসা করান।

কোভিড-১৯ এর ‘দ্বিতীয় ঢেউ’ এলে মাঠ পর্যায়ে সেটাকে কীভাবে মোকাবেলা করতে হবে সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে সরকারপ্রধান নির্দেশনা দিয়েছেন জানিয়ে আনোয়ারুল বলেন, কাল বসে বিস্তারিত কর্মসূচি নেব।

‘লকডাউনের’ মত ব্যবস্থা আবার নেওয়া হবে কি না, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাত্রাটা কেমন হবে আমরা তো জানি না। আমাদের প্রস্তুতি রাখতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। ঠাণ্ডা থেকে প্রোটেকশন নিতে হবে। আর উপসর্গ দেখা গেলে চিকিৎসকের কাছে যেতে হবে।

প্রসঙ্গত, হাটবাজার, দোকান-পাট ও শপিংমলে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের পাশাপাশি শপিংমলে প্রবেশমুখে তাপমাত্রা পরিমাপক যন্ত্র এবং হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখা ছাড়াও শপিংমলে আসা যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেসব নিয়ম পুরোপুরি মানা হচ্ছে না।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে গত ২১ জুলাই একটি পরিপত্র জারি করা হলেও নানা অজুহাতে মানুষ তা এড়িয়ে যাচ্ছে।

সরকারি হিসাবে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা পৌঁছে গেছে পাঁচ হাজারের কাছাকাছি।

১৬ অক্টোবর থেকে খুলছে দেশের সব সিনেমা হল

0

করোনা পরিস্থিতিতে ছয় মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতা মিয়া আলাউদ্দিন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রণালয়ে এক বৈঠকে মন্ত্রী হল মালিকদের ১৬ অক্টোবর থেকে সিনেমা হল চালু করার কথা জানানো হয়।

সেই বৈঠকের বরাত দিয়ে মিয়া আলাউদ্দীন বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ১৬ অক্টোবর থেকে আমাদেরকে সারা দেশে সিনেমা হল চালু করার জন্য বলেছেন তথ্যমন্ত্রী। আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’

করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে সারা দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়।