Home Blog Page 2745

‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের চিহ্নিত না করলে তারা আবার ষড়যন্ত্র করবে’

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা হলেও এ হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। কুশীলবদের চিহ্নিত করতে না পারলে তারা আবার ষড়যন্ত্র করবে। তাই তাদের চিহ্নিত করার জন্য একটি কমিশন গঠন করা অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবিও উঠেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল শোকসভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

সভায় আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. সাইফুল ইসলাম, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটেউটের পরিচালক গোলাম কিবরিয়া প্রমুখ বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শোকসভায় অংশ নেওয়া আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, এই কমিশনের কর্মপরিধি কী হবে, কিভাবে কাজ করবে তা নিয়ে আমাদের এখন থেকেই চিন্তাভাবনা করা উচিত। কারণ এ দায়িত্ব আইন মন্ত্রণালয় ও আইন কমিশনের ওপরই পড়বে।

মন্ত্রী বলেন, আমরা বলে থাকি কিছু বিপথগামী সামরিক অফিসার বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসলে তা নয়। যদি তা-ই হতো, তাহলে তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করত। বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যকে হত্যা করত না। তারা সেদিন ঢাকায় বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সৌভাগ্যক্রমে সেদিন বিদেশে থাকার কারণে বেঁচে আছেন।

তিনি বলেন, খুনিরা সেদিন ভালো করেই বুঝেছিল যে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করতে পারলেই বাংলাদেশকে হত্যা করা যাবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে কয়েকজনকে ফাঁসি দেওয়া হলেও তাঁকে হত্যা করার কলঙ্ক কিন্তু এখনো মোচন হয়নি। এই কলঙ্ক তখনই মোচন হবে, যখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ব্যপক কর্মসূচি পালন

0

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সারা দেশব্যপি কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর সহ জেলা উপজেলা গুলি ব্যপক কর্মসূচি পালন করেছেন ।

১৫ আগস্ট দিনের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আড়াই হাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুজাহিদুর রহমান হেলো সরকার ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ ।
পরে সকাল দশটায় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধী সহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ , ফাতেহা পাঠ , কোরআন খানি ও মিলাদ মাহফিলে অংশ নেন এবং দুস্তদের মাঝে তোবারক বিতরণ করেন ।

এদিকে বিকেলে সংগঠনটির অস্থায়ী কার্যালয় ৬৩/১ পাইওনিয়ার রোড , কাকরাইলে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও শিশু শেখ রাসেলের জীবনের উপর আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

সংগঠনের কেন্দ্রীয় নেতা জামাল হোসেন ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান হাওলাদার , জোয়ার্দার হোসেন , ইকবাল কবীর , শোয়েব অাহমেদ শিপন , আনোয়ার হোসেন সাগর , অলিউর রহমান , সোহেল হোসেন , জামাল হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ ।
দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সহ নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয় ।

সবশেষে আলোচনা সভার সভাপতির বক্তব্যের মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সারাদিন ব্যপি সকল কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় ।

পলাতক খুনিদের ফেরাতে কূটনীতিকদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রবিবার বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী এ সহায়তা প্রত্যাশা করেন।

বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংযুক্ত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পাঁচজন খুনি এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে। আমরা ইতোমধ্যে দুজনের অবস্থান জানতে পেরেছি। বাকি তিনজনের অবস্থান আমরা এখনও জানি না। এসব খুনিদের অবস্থান নির্ণয় ও দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে সহায়তার জন্য সকল বন্ধুরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

৩৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৭ জনের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

0

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরও ৩৭তম বিসিএস-এ নিয়োগ না পাওয়া ২৭ জনকে কেন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রুল জারি করেন।

জনপ্রশাসন ও অর্থ সচিব, পিএসসি চেয়ারম্যানসহ চার জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত নাইমুর রহমান, ইমরান হাসান, মেহরাব হোসেন, ফারহানা হোসাইনসহ ২৭ জনের করা রিট আবেতনে এ রুল জারি করা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি দেবাশীষ ভট্টাচার্র্য্য ও সহকারি অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় গতবছর ও চলতি বছর মোট সাতটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১২৪৯ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে।

সর্বশেষ গত ১৮ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু রিট আবেদনকারী ২৭ জনকে অদ্যাবধি নিয়োগ দেয়নি। একারণে তারা রিট আবেদন করেছেন। আদালত তাদের নিয়োগ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন।

অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি রোধ করবে : রেলমন্ত্রী

0

তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতি যেমন কমবে, আমাদের সময়ও বাঁচবে। অনলাইনে টিকিটেও অভ্যস্ত হয়ে যায় মানুষ। অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি রোধ করবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ রবিবার কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের সা‌র্বিক কাজ প‌রিদর্শন শেষে রেলমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, সব স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। তবে এজন্য যাত্রীসাধারণের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, যাত্রীদের যাতে টাকা সাশ্রয় হয়, কালোবাজারিদের যাতে অতিরিক্ত টাকা দিতে না হয়, সে কারণেই অনলাইনে টিকিট দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্মার্টফোন না থাকলে তারা কি ভ্রমণ করতে পারবে না? এমন এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম সুজন বলেন, করোনা মহামারির সময় খুব বেশি প্রয়োজন ছাড়া ভ্রমণ নিরুৎসাহিত করতে হবে। স্কুল-কলেজ এখনো খোলা হয়নি, তাই এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি দেশ।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতি যেমন কমবে, আমাদের সময়ও বাঁচবে। অনলাইনে টিকিটেও অভ্যস্ত হয়ে যায় মানুষ। ঘরে বসে যাতে টিকিট কাটতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখবো কী কী সুবিধা অসুবিধা হচ্ছে, সেগুলো চিহ্নিত করে দূর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রমুখ।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক হাইকোর্টে

0

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক সরকারি ছাপাখানা (বিজি প্রেস) থেকে প্রস্তুত হয়ে হাইকোর্টে পৌঁছেছে।

আজ রবিবার (১৬ আগস্ট) সকালে মামলার পেপারবুক হাইকোর্টে পৌঁছনোর ফলে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানির পথ খুলল। পেপারবুক প্রস্তুত হওয়ায় মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতি একটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান পেপারবুক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

একটি মামলার যাবতীয় নথি (নিম্ন আদালতের রায়, সাক্ষীদের সাক্ষ্য, জেরা, আসামির জবানবন্দিসহ সকল নথি) একসঙ্গে যুক্ত করে বাঁধাই করা নথিকেই পেপারবুক বলে। এই পেপারবুক প্রস্তুত না হলে হাইকোর্টে শুনানি শুরু হয় না।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় ২৪ জন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিল হয়। একটি হত্যা এবং অপরটি বিস্ফোরকদ্রব্য আইনে। এরপর বিচার শেষে পৃথকভাবে দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃতদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।

২০১৮ সালের ১০ অক্টোবর দেওয়া এই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা অনুমোদনের জন্য দুটি মামলায় ৩৭ হাজার ৩৮৫ পৃষ্ঠার এই রায়ের কপি (ডেথ রেফারেন্স) ২০১৮ সালের ২৭ নভেম্বর হাইকোর্টে পাঠানো হয়। এরমধ্যে ছিল হত্যা মামলায় ৩৬৪ পৃষ্ঠা ও বিস্ফোরকদ্রব্য মামলায় ৩০৭ পৃষ্ঠার মূল রায়। এরপর কারাবন্দি আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। এ অবস্থায় পেপারবুক প্রস্তুত করতে বিজি প্রেসে পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলার রায় একইসঙ্গে ঘোষণা করা হয়। হত্যা মামলায় ১৯ জনকে ফাঁসির দণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ১৯ জনকে ফাঁসি এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ৩৮ জনকে বিস্ফোরকদ্রব্য আইনের অন্য ধারায় ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই মামলায় আলাদাভাবে সাজা দেওয়া হলেও তা একযোগে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ে বাবর, পিন্টুসহ ছাড়াও ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন ডিজিএফআই-এর সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, হুজিবি নেতা মাওলানা তাজউদ্দিন (আবদুস সালাম পিন্টুর ভাই), হুজির প্রতিষ্ঠাতা মাওলানা শেখ আবদুস সালাম, কাশ্মিরভিত্তিক জঙ্গি নেতা ইউসুফ ভাট ওরফে আবদুল মাজেদ ভাট (পাকিস্তানি), কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম, হুজি নেতা মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি (মুফতি হান্নানের ভাই), মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের (তাজউদ্দিনের ভায়রা), হুসাইন আহম্মেদ তামিম, মইনুদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ, রফিকুল ইসলাম ওরফে সবুজ ওরফে খালিদ সাইফুল্লাহ ওরফে শামিম ওরফে রাশেদ ও মো. উজ্জ্বল ওরফে রতন। হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনের উভয় মামলায়ই এই ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে প্রত্যেক মামলায় এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

তারেক রহমান, হারিছ চৌধুরী, কায়কোবাদ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন হুজি নেতা শাহাদত্ উল্লাহ জুয়েল, মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর হুমায়রা ওরফে পীর সাহেব, মাওলানা সাব্বির আহমেদ ওরফে হান্নান সাব্বির, আরিফ হাসান সুমন ওরফে আবদুর রাজ্জাক, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আবু বকর ওরফে হাফেজ ওরফে সেলিম হাওলাদার, মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (ঢাকা সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়াডের্র সাবেক কমিশনার), মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন, আনিসুল মুসালিন ওরফে মুরছালিন, মো. খলিল, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল, মো. লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও বাবু ওরফে রাতুল বাবু ওরফে রাতুল (পিন্টুর ভাই)।

দুই মামলায়ই এই ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় দণ্ড একসঙ্গে চলবে বলে আদেশ দেওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

হত্যা মামলায় পুলিশের সাবেক দুই আইজি মো. আশরাফুল হুদা ও শহুদুল হককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধীকে আশ্রয় দেওয়ায় দণ্ডবিধির ২১২ ধারায় দুই বছর করে এবং কোনো অপরাধীকে শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করায় দণ্ডবিধির ২১৭ ধারায় আবার দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় শাস্তি একইসঙ্গে চলবে বলে উল্লেখ করা হয়েছে রায়ে।

অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক (খালেদা জিয়ার ভাগ্নে), লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দার ও মেজর জেনারেল (অব.) এ টি এম আমিনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করায় এঁদের প্রত্যেককে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। উভয় ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করা হলে আরো ছয় মাস করে কারাভোগ করতে হবে প্রত্যেককে।

পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান, তৎকালীন পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান খানকেও অপরাধীকে আশ্রয় দেওয়ার দায়ে দুই বছর এবং অপরাধীকে রক্ষার ব্যবস্থা করায় দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই দুজনকে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার আলামত নষ্ট করার দায়ে।

মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তা সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, সাবেক এসপি রুহুল আমিন, সাবেক এএসপি আবদুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানকে দণ্ডবিধির ২১৮ ধারায় (অপরাধীকে শাস্তি থেকে বাঁচানোর অপরাধ) দুই বছরের কারাদণ্ড এবং দণ্ডবিধির ৩৩০ ধারায় (কারো মিথ্যা স্বীকারোক্তি আদায় করতে বাধ্য করা) তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. হানিফ, মাওলানা তাজউদ্দিন পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাতক আছেন তারেক রহমান, হারিছ চৌধুরী, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, রাতুল বাবু, মহিবুল মুত্তাকিন, আনিসুল মুরছালিন, মো. খলিল, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল, মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই।

এ ছাড়া সাবেক সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম জোয়ার্দার, এ টি এম আমিন, সাবেক ডিআইজি খান হাসান সাঈদ, সাবেক এসপি মো. ওবায়দুর রহমান পলাতক।

সুদানে শান্তিরক্ষা মিশনে জাতীয় শোক দিবস পালন

0

নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সুদানের দারফুর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা ফর্মড পুলিশরা। দারফুরে অবস্থিত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের বঙ্গবন্ধু ক্যাম্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। এসময় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়। এছাড়াও জাতির পিতা ও ১৫ আগস্ট কালরাত্রির সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম জানান, আমরা সর্বপ্রথম জাতির পিতা ও ওনার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন স্থাপনা এই মিশন এরিয়াতে প্রতিষ্ঠা করি। এর মাধ্যমে সুদানে অবস্থিত নানা দেশের কর্মরত জনগণ আমাদের জাতির পিতা ও তাঁর পরিবার সম্পর্কে অবগত হতে পারছেন। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার পরিবারের অবদান অনস্বীকার্য। এ দিনগুলোকে মর্যাদার সাথে পালনে সকলকে সাথে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মিশন সাপোর্ট ডিভিশনের প্রধান জনাব হিউটসন ফার্গুসন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুলিশ চিফ স্টাফ আহমাদো মান্নাহ, দারফুর এলাকার পরিবেশ রক্ষা কর্মকর্তাগণ ও বিভিন্ন দেশের প্রায় শতাধিক কর্মকর্তাগণ।

উনামিড মিশন সাপোর্ট ডিভিশনের প্রধান জনাব ফার্গুসন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উনামিড এর নর্থ দারফুরের সকল কন্টিনজেন্টের মধ্যে কভিড-১৯ নিয়ন্ত্রণে সফলতার ধন্যবাদ প্রদান করেন।

মোদিকে ফোন করে শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী

0

সীমান্ত বিরোধ ও বিতর্কিত মানচিত্র প্রকাশ নিয়ে বন্ধু দেশ নেপালের সঙ্গে সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়েছিল ভারতের। এমনই প্রেক্ষাপটে শনিবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এ সময় দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে কথা বলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত। এই জয়ের জন্যও মোদিকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। অপর দিকে করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় নেপালকে সহায়তা অব্যাহত রাখার কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। টেলিফোন করে কথা বলার জন্য অলিকে ধন্যবাদ দেন মোদি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছিলেন। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার এবং ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে ভারতের সাম্প্রতিক জয়ের জন্য।’

সম্প্রতি ভারতের কিছু অংশ যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল। এটি দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। ওই নতুন মানচিত্রে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার অঞ্চলগুলোকে নেপালি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্য উত্তেজনা বেড়েছে। তবে সে উত্তেজনা চলার মধ্যেই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত ও নেপালের কর্মকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১৮ আগস্ট ওই বৈঠক হতে পারে।

সূত্র : এনডিটিভি।

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বাড়াতে চায় ট্রাম্প

0

যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুর্নবহাল করার প্রস্তাব পাসে ব্যর্থ হলেও দাবি আগামী সপ্তাহের মধ্যেই এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জের ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকা অনলাইন সম্মেলন যোগ না দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

২০১৫ সালে জাতিসংঘের মাধ্যমে অনুমোদিত ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার আওতায় আগামী অক্টোবর মাসের মধ্যে তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র দুই বছর আগেই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও দেশটি ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত প্রস্তাবে শুক্রবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এদিন ১১ দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে; আর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে। আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনও দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।

শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভোটের ফলাফল কী হয়েছে, আমরা তা জানি। তবে আমরা নিষেধাজ্ঞা নবায়ন করব, সামনের সপ্তাহেই আপনারা তা দেখতে পারবেন। ট্রাম্পের এমন মন্তব্যের জেরে কূটনীতিকরা বলছেন, এ ধরণের পদক্ষেপে কঠিন যুদ্ধের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

এদিকে ইরান ইস্যুতে বিরোধ ঠেকাতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আমরা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। নিষেধাজ্ঞা বাড়ানো নিয়ে কোন ঝামেলার সৃষ্টি হয় আমরা তা চাই না। আর জের ধরেই অনলাইন ভিডিও আলোচনার আয়োজন করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় লকডাউন শিথিল হচ্ছে

0

প্রানঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। করোনা সংক্রমণের সংখ্যা চূড়ান্তে পৌঁছে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান সোমবার থেকে লকডাউন শিথিল করা হবে। এতে করে দেশটির অর্থনীতি আবারো সচল হবে। এছাড়া লকডাউনের কারণে অভ্যন্তরীণ যাতায়াতের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা উঠে যাবে। পাশাপাশি অ্যালকোহল ও তামাকের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

আফ্রিকার করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকই দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। মারা গেছে ১১ হাজার ৫শ মানুষ।