Home Blog Page 2812

সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র সরবারহ করছে আমেরিকা ও তার মিত্ররা: রাশিয়া

0

আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর অজুহাতে দেশটিতে তৎপর সন্ত্রাসীদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি গেনেদি গাতিলভ তার দেশের বিখ্যাত পত্রিকা ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে দামেস্ক সরকারের সঙ্গে এজন্যই সমন্বয় করছে না যাতে ত্রাণের নামে সন্ত্রাসীদের কাছে অস্ত্র পাঠানো যায়। সিরিয়া সরকারের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে গাতিলভ বলেন, আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির জনগণের জীবিকাকে টার্গেট করেছে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশি মদদে যে ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়েছিল ২০১৮ সালে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নির্মূলের মধ্যদিয়ে তার অবসান হয়। তবে এখনো কিছু জঙ্গি গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান করছে। তারা মাঝেমধ্যেই হামেইমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ সেনাদের উপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে।

করোনায় সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারত

0

একের পর এক করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে ভারতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। নতুন করে ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে। এতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লাখেরও বেশি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৬৯৫ জন। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ৮৭৬।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬০৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৪ হাজার ৯১৫ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত এগিয়ে আছে মহারাষ্ট্র। এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৬৪০। অপরদিকে, মারা গেছে ১০ হাজার ৯২৮ জন। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে মুম্বাই। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৪৭৪।
এদিকে রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯৯৩। সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৯৫ হাজার মানুষ।

করোনার ভুয়া সনদ নিয়ে কেউ ইতালি যাননি : পররাষ্ট্র মন্ত্রণালয়

0

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশ থেকে ১ হাজার ৬০০ জন ইতালি গেছেন। তবে কোনো বাংলাদেশিই ভুয়া করোনা সনদ নিয়ে ইতালি যাননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার ( ১৬ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে অনেক বাংলাদেশি ভুয়া করোনা সনদ নিয়ে ইতালি গেছেন। তবে কোনো বাংলাদেশিই ভুয়া করোনা সনদ নিয়ে ইতালি যাননি। কেননা করোনা সনদ নিয়ে ইতালি যেতে হবে, সে দেশের সরকার এমন কোনো শর্ত দেয়নি। তবে তারপরেও কিছু বাংলাদেশি নিজ থেকেই করোনা সনদ নিয়ে গেছেন, তারা ভেবেছিলেন যদি প্রয়োজন পড়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনক হলো কিছু বাংলাদেশি ইতালি ফিরে গিয়ে কোয়ারেন্টিন মানেননি। আর সম্ভবত, তাদের থেকে কম্যুনিটির মধ্যে সংক্রমণ হতে পারে। ইতালির ল্যাজিও অঞ্চলে গত সপ্তাহে ৫ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করা হয়েছে, এর মধ্যে ৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। রোমের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ইতালি সরকার ল্যাজিও অঞ্চলের ৩০ হাজার বাংলাদেশির করোনা টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উল্লেখ্য যে আগামী ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের মতো আরো ১২টি দেশের সাথেও ইতালি ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।

ঈদুল আজহার ছুটিতে গণপরিবহন চলবে

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পবিত্র ঈদুল আজহার ছুটিতে গণপরিবহন চলবে। তবে ভারী যানবাহন ঈদের আগের তিন দিন বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার গণপরিবহন চলাচল বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বক্তব্যে এ তথ্য উঠে আসে।

ওবায়দুল কাদের জানান, ভারী যানবাহন ঈদের আগের তিন দিন বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজের গতি বাড়ানোর তাগিদ খাদ্যমন্ত্রীর

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা যাতে খাদ্যে ভেজাল মুক্ত থাকতে পারি, নিরাপদ খাদ্য ভোগ করতে পারি সে লক্ষ্যেই ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন এবং ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। এজন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চলমান কার্যক্রমসমূহ আরো জোরদার ও গতিশীল করতে হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় মন্ত্রীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় সমন্বয় ও সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুম।

এ সভায় আরো উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রমুখ।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিয়ে আমরা অতীতে বিভিন্ন সেমিনারসহ অনেক কাজ করেছি। বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সে কাজগুলো সেভাবে আর হচ্ছে না। কিন্তু অচিরেই নতুন করে পুরোদমে কার্যক্রম শুরু করা হবে। কেউ যেন ভেজাল খাদ্য তৈরি করতে না পারে, ভেজাল খাদ্য বিক্রি করতে না পারে, প্রতিটি খাদ্যের নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সজাগ দৃষ্টি রাখতে বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, আইন, বিধি-বিধান যতই তৈরি করা হোক না কেন; যদি এগুলোর সঠিক প্রয়োগ না হয়, কার্যকারিতা না থাকে, তবে তা কোনো সুফল বয়ে আনবে না। তিনি আধুনিক ল্যাবরেটরি স্থাপনের প্রয়োজনের কথা তুলে ধরে বলেন, প্রথমত ল্যাবরেটরি প্রয়োজন এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রয়োজন। প্রতিটি জেলায় ভ্রাম্যমাণ টেস্টিং ল্যাবরেটরি তৈরি করতে পারলে যত বেশি খাদ্যদ্রব্য টেস্ট করা যাবে ততো বেশি মানুষ এ সম্পর্কে জানতে পারবে এবং সচেতন হবে। এজন্য জেলায় জেলায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরি প্রদান করার ওপর জোর দেন মন্ত্রী।

সভায় মন্ত্রী জানান, ধান-চাল সংগ্রহ অভিযান চলছে, এগোচ্ছে, তবে কাঙ্ক্ষিত গতিতে না। তিনি আবারো চালকল মালিকদের উদ্দেশে বলেন, চালের বাজার স্থিতিশীল রাখেন, সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে চাল সরবরাহ করেন; যদি তা না করেন তবে সরকার চাল আমদানিতে যেতে বাধ্য হবে। যারা সরকারি খাদ্যগুদামে চাল দেবেন তারা সুনজরে থাকবেন। যারা চাল সরবরাহ করবেন না তাদেরকে অবশ্যই কালো তালিকাভুক্ত করা হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মনজুর মোরশেদ আহমেদ সভায় একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান প্রধান দায়িত্ব ও কর্তব্য, কার্যাবলী, কর্তৃপক্ষের জনবল নিয়োগ, স্যানিটারি ইন্সপেক্টরদের দায়িত্ব প্রদান, বিধি-প্রবিধানমালা প্রণয়ন, মোবাইল কোর্ট পরিচালনা, নিরাপদ খাদ্য দিবস, অর্জিত নানা সাফল্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রভৃতি বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরো জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় ২০১৮ সাল থেকে ২ ফেব্রুয়ারি দিনটিকে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং যথারীতি উৎসাহ-উদ্দীপনায় দিবসটি পালিত হয়ে আসছে। ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ এর ধারণা পূর্বে কোনো দেশে ঘোষণা বা পালন করা হয়েছে এরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই শ্লোগানের মধ্য দিয়ে ২০১৯ সালের ২ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়।

কোটি চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে এক কোটি চারা বিতরণ, রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে তেঁতুল, ছাতিয়ান ও চালতা প্রজাতির তিনটি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গতকাল বুধবার জানিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানের মাধ্যমে তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২০-এর উদ্বোধন করবেন।

এর আগে এক ভার্চুয়াল বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছিলেন, গণভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তেঁতুল ও ছাতিয়ান গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিটি জেলা ও উপজেলায় তিনটি চারা- একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা আনুষ্ঠানিকভাবে লাগানো হবে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম বজায় রেখে ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর চলতি বৃক্ষরোপণ মৌসুমে দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে চারা রোপণ করা হবে বলে জানা গেছে।

ডিগ্রি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না এমপি : হাইকোর্ট

0

ডিগ্রি কলেজ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডির সভাপতি থাকতে পারবেন না সংসদ সদস্য -হাইকোর্টের এই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার।

গত বছর ২৫ নভেম্বর হাইকোর্ট এই রায় দিয়েছিলেন। যার লিখিত কপি আজ প্রকাশিত হলো।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আতরজান মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পদ নিয়ে ২০১৭ সালে করা এক রিট আবেদনে হাইকোর্ট এ রায় দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্যকে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আফজালুল হক রিট আবেদনটি দাখিল করেছিলেন।

রিমান্ডে স্বামী-স্ত্রীর কাদা ছোড়াছুড়ি

0

জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথকেয়ার) চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক (বরখাস্ত) ডা. সাবরিনা চৌধুরী এবং তাঁর স্বামী (প্রতিষ্ঠানের নির্বাহী) আরিফ চৌধুরী রিমান্ডে গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষার নামে প্রতারণার কথা স্বীকার করে নিচ্ছেন। তবে এই অপকর্মের জন্য তাঁরা একে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন।

সাবরিনার দাবি, জেকেজি ও ওভাল গ্রুপের অনেকেই এই অপকর্মের সঙ্গে যুক্ত। আরিফ চৌধুরীর এই কর্মকাণ্ড এবং ব্যক্তিগত হয়রানির কারণে তিনি তাঁকে ডিভোর্সও দিয়েছেন। তবে আরিফ বলেছেন, সাবরিনার কারণে এই অপকর্মে জড়িয়েছেন তিনি। তদন্তকারী সূত্র জানিয়েছে, আরিফ চৌধুরী ধরা পড়ার পরই ভোল পাল্টে ফেলেন সাবরিনা। ১৫ হাজারেরও বেশি ভুয়া করোনা রিপোর্ট তৈরির সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আরিফ ও সাবরিনার ওভাল গ্রুপের আরো সাত পরিচালককেও জালিয়াতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

গতকাল করোনা পরীক্ষার নামে জালিয়াতির মামলায় জেকেজির প্রধান নির্বাহী আরিফের চার দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

সাহেদের গ্রেফতার বিএনপির কথাকে অবান্তর প্রমাণ করেছে: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যে ক্রমাগত অবান্তর কথা বলে, সাহেদের গ্রেফতারে তা প্রমাণ হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এসময় বিএনপির সাম্প্রতিক মন্তব্য ‘দুর্নীতি-অনিয়মে সরকারি মদদ’ -এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সাহেদের দুর্নীতি সরকারই উদ্ঘাটন করেছে এবং সাহেদের প্রতিষ্ঠানের এমডিকে গতকালই গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার প্রতিষ্ঠানের আরও অনেকেই গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হচ্ছিল, সহসা সাহেদকে গ্রেফতার করতে তারা সক্ষম হবে। শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী সাহেদকে গ্রেফতার করেছে। এতে প্রমাণিত হয়, বিএনপি ক্রমাগত অবান্তর কথা বলে এবং এ নিয়ে বিএনপি এতোদিন যা বলে এসেছিল, সেগুলো তারই ধারাবাহিকতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতি অনিয়মের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে অটল উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন এক্ষেত্রে কে কোন দল বা মতের সেটি কখনই দেখা হয়নি। যদি আওয়ামী লীগের কেউ হয়, এমনকি পদধারী নেতাও যদি হয়, তার বিরুদ্ধেও কিন্তু অতীতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আর যদি সাহেদের মদদদাতা ধরতে হয়, তাহলে হাওয়া ভবন থেকে যারা মদদ দিয়েছিল এবং স্কাইপিতে যখন তারেক রহমানের সঙ্গে সে কথা বলে, সে ব্যাপারে বিএনপি কি বলবে’ প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। অবশ্যই সাহেদের অপকর্মের সঙ্গে যদি অন্য কেউ যুক্ত থাকে, তদন্তে যদি সেটি বেরিয়ে আসে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে’ -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, বিক্ষোভ যে কারো বিরুদ্ধেই হতে পারে, যে কেউ তার ক্ষোভ প্রকাশ করতে পারে, এটি গণতান্ত্রিক রীতিনীতিরই অংশ। তথ্যমন্ত্রী আরও বলেন, আমি মনে করি, স্বাস্থ্য অধিদফতর যখন বিভিন্ন হাসপাতালের সঙ্গে চুক্তি করে, তখন প্রথম থেকেই তাদের আরও সতর্কতা অবলম্বন প্রয়োজন ছিল । তাহলে সাহেদের রিজেন্ট কিংবা জেকেজির মতো প্রতিষ্ঠান কাজ করার সুযোগ পেতো না।

অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনের বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আমরা ইতিমধ্যেই কিছু প্রক্রিয়া সম্পন্ন করেছি। আবেদন করা অনলাইনগুলোর বিষয়ে একটি সংস্থার পক্ষ থেকে ১৬শ’র বেশি এবং আরেকটি সংস্থা থেকে একশ’র মতো তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। এ মাসের মধ্যেই আরও তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা অনলাইনগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করবো। যে সমস্ত অনলাইনের ব্যাপারে নেতিবাচক প্রতিবেদন এসেছে, পরীক্ষা-নিরীক্ষা করে আমরা সেগুলোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো।

আর যে সমস্ত অনলাইন গুজব ছড়ায়, তাদের অনেকগুলোই আবার ক্ষণে ক্ষণে পরিচয় পরিবর্তন করে, দেশে বা বিদেশ থেকে যে সমস্ত অনলাইন পোর্টাল এভাবে পরিচয় পরিবর্তন করে পরিচালনা করছে, সেগুলোর ব্যাপারে প্রযুক্তিগতভাবে আমরা আরো দৃঢ় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি, জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে কোনো অনলাইনের মাধ্যমে গুজব ছড়ানো হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর পর থেকে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের

0

দেশের বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পরিবেশিত সিনেমা এবং ওয়েব সিরিজে প্রদর্শিত অশ্লীল ও আপত্তিকর দৃশ্য আগামী সাতদিনের মধ্যে সরিয়ে ফেলতে বুধবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

পরে তানভীর আহমেদ বলেন, ‘গত ৬ জুন বাংলাদেশি ওয়েব সিরিজ সংক্রান্ত একটি রিপোর্ট দেখি বেসরকারি একটি টিভি চ্যানেলে। দেখার পর ১৪ জুন বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে কোনো ধরনের অগ্রগতি না দেখায় গত ১২ জুলাই জনস্বার্থে একটি রিট করি। সেটি শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।’

তানভীর আহমেদ আরও বলেন, রিটের শুনানি নিয়ে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিবাদীদের ওই অনৈতিক ও নিন্দনীয় আইনবহির্ভূত ভিডিও কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। একই সাথে আগামী এক মাসের মধ্যে বিটিআরসিকে একটি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। রিপোর্টে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে তারা কীভাবে সরকারি রেভিনিউ কালেক্ট (রাজস্ব আয়) করেন (যেমন তারা করছেন নেটফ্লিক্সের ক্ষেত্রে) তা উল্লেখ করতে বলা হয়েছে।

গত ১৪ জুন পাঠানো আইনি নোাটিশে বলা হয়েছিল, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিন দিন বেড়েই চলেছে। সেসব দৃশ্য জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্লাটফর্ম বিং এবং ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ এবং ‘আগস্ট ১৪’-তে আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট বা অ্যালকোহলবিষয়ক দৃশ্য থাকার পরও সেক্ষেত্রে কোনোপ্রকার সতর্কতামূলক বাণী প্রচার করা হয়নি।

নোটিশে আরও বলা হয়, এসব ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এর স্পষ্ট লঙ্ঘন, যা আমাদের দেশীয় সংস্কৃতি এবং সামাজিক নিয়মশৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। তাই অনলাইন প্লাটফর্ম থেকে সিনেমা-ওয়েব সিরিজের আপত্তিকর ভিডিও বন্ধ এবং তা সরিয়ে ফেলা প্রয়োজন। ‘অশ্লীলতা, বেহায়াপনা এবং বেলেল্লাপনা’র দৃশ্য সরিয়ে সমাজের উঠতি বয়সীদের রক্ষার্থে জনস্বার্থে এ নোটিশ দেয়া হয়েছে জানিয়ে আইনজীবী তানভীর তখন বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে এসব দৃশ্য না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে।