Home Blog Page 2819

নিরাপত্তা আইন জোরদারের পর হংকং ছাড়ার হিড়িক

0

মাইকেল ও সেরেনা কখনো যুক্তরাজ্যে যাননি, কিন্তু তারাই এখন হংকং ছেড়ে যুক্তরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই দম্পতির ব্রিটিশ ন্যাশনাল (ওভারসিজ) বা বিএনও- পাসপোর্ট আছে যেটি তারা পেয়েছিলেন ১৯৯৭ সালে ব্রিটেন চীনের কাছে হংকং হস্তান্তরের আগে।
এটি একটি ট্রাভেল ডকুমেন্টস যার বিপরীতে বেশ কিছু কনস্যুলার সুবিধা পাওয়ার অধিকার আছে।
মাইকেল ও সেরেনা ব্যাংকে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক এবং তাদের ১৩ বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। অনেক বছর আগে তারা একটি ফ্ল্যাটও কিনেছিলেন। এ ধরনের অনেক কিছুই তাদের ফেলে যেতে হবে।
তারা বলছেন, সাম্প্রতিক আন্দোলনের সময় যেভাবে পরিস্থিতি মোকাবেলা হয়েছে এ হংকং তাদের কাছে অচেনা।
তারা দেখেছেন যে সরকার জনগণের কথা শুনতে চায়নি এবং পুলিশের মধ্যে ধৈর্য ছিল কমই।
চীনা একটি ব্যাংকে কাজ করেন বলে তাদের পরিবার এ আন্দোলনে সরাসরি অংশ নেয়নি, তাও তাদের কন্যা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই ব্যাংকের একজন কর্মীকে আন্দোলনে অংশ নেয়ার দায়ে বরখাস্ত করা হয়েছে।
সেরেনা বলছেন, তাদের মেয়ে বিদেশে পড়ালেখা করতে চায়।
‘সে খুবই ক্ষুব্ধ ও হতাশ। তার প্রশ্ন কেন কর্তৃপক্ষ তাদের এভাবে দেখে।’

সেরেনা বলছেন যে চীন যে দাবি করছে যে আইনটি অল্প কিছু লোকই এই আইনটির টার্গেট হবে তা তিনি খুব একটা বিশ্বাস করেন না।
যুক্তরাজ্য এখন বিএনও পাসপোর্টধারীদের ছয় বছর অবস্থান করার শর্তে নাগরিকত্বের সুবিধা দিতে চাইছে।
যুক্তরাজ্য মনে করে নিরাপত্তা আইনটির মাধ্যমে চীন-ব্রিটেন চুক্তির লঙ্ঘন হয়েছে এবং হংকংয়ে স্বায়ত্তশাসন ও হংকং অধিবাসীদের নাগরিকদের স্বাধীনতা খর্ব করা হয়েছে।
মাইকেল ও সেরেনার মূল লক্ষ্য ছিল শুধু মেয়েকে বিদেশে পড়তে পাঠাবে, কিন্তু এখন পুরো পরিবারই যুক্তরাজ্য চলে যাওয়াটাই তাদের প্রথম পছন্দ।
গত নভেম্বরে তারা তাদের মেয়াদোত্তীর্ণ বিএনও পাসপোর্ট নবায়ন করেছেন।
‘আমি ভেবেছি শেষ পর্যায়ে হয়তো যুক্তরাজ্য বিএনও পাসপোর্টধারীদের নাগরিকত্বের অফার দেবে। কিন্তু সেটি এতো তাড়াতাড়ি আসবে তা ভাবিনি,’ বলছিলেন মাইকেল।
তবে হংকংয়ে নিরাপত্তা আইন প্রয়োগ শুরুর পর মাইকেল ও সেরেনার এ গল্প এখন অনেকটাই সাধারণ চিত্রে পরিণত হয়েছে।
এ মুহূর্তে হংকংয়ে প্রায় সাড়ে তিন লাখ বিএনও পাসপোর্টধারী ব্যক্তি আছেন এবং যুক্তরাজ্য সরকারের ধারণা মোট বিএনও আছে প্রায় প্রায় ২৯ লাখ।
১৯৯৭ সালের পর জন্ম নেয়া কোনো হংকং নাগরিক বিএনও পাসপোর্ট পেতে পারেন না। আবার হংকং চীনের কাছে হস্তান্তরের আগে যারা আবেদন করেননি তারাও এটি পাবে না।
৭৫ লাখ লোকের হংকং শহরে অন্তত ৮ লাখ মানুষের ব্রিটেন, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার পাসপোর্ট আছে।
তবে বিএনও পাসপোর্টধারীদের নাগরিকত্ব দেয়ার যে পরিকল্পনা নিয়েছে ব্রিটেনে তাতে ক্ষুব্ধ হয়েছে চীন। তারা এটিকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করছে।
খবর বিবিসি

ডা. সাবরিনা ৩ দিনের রিমান্ডে

0

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ সোমবার (১৩ জুলাই) ডা. সাবরিনার জামিন আবেদন বাতিল করে ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
তেজগাঁও থানাপুলিশ এদিন সাবরিনাকে আদালতে হাজির করে তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। অন্যদিকে পুলিশের রিমান্ড আবেদনের বিরোধিতা করে সাবরিনার পক্ষে জামিনের আবেদন করেনে সাইফুল ইসলাম সুমনসহ কয়েকজন আইনজীবী।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে এই চিকিৎসককে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে রবিবার (১২ জুলাই) দুপুরে করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে হওয়া মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের একটি টিম তাকে গ্রেফতার করে। পরে পুলিশি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিনই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তাকে বরখাস্ত করার অফিস আদেশ জারি করা হয়েছিল।
গত ২৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে জেকেজি হেলথ কেয়ারের নার্স তানজিনা পাটোয়ারী ও তার স্বামী হুমায়ূন কবিরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাছে তথ্য ছিল, তারা করোনার ভুয়া রিপোর্ট দেয়। তাদের গ্রেফতারের পর জানা যায়, জেকেজি হেলথ কেয়ারে তানজিনার বেতন ছিল ৩০ হাজার টাকা। ভুয়া করোনা পরীক্ষা করে কোটি কোটি টাকা কামানো দেখে তানজিনা প্রতিষ্ঠানটির কাছে আরও বেশি বেতন দাবি করে। বিষয়টি জেকেজির কর্ণধার আরিফ চৌধুরী জেনে তানজিনা ও তার স্বামীকে চাকরিচ্যুত করে। পরে তারা দুজন বাসায় বসে নিজেরাই করোনার ভুয়া টেস্ট করে মানুষকে রিপোর্ট দেওয়া শুরু করে। তানজিনা মানুষের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতো, আর ঘরে বসে তার স্বামী রিপোর্ট তৈরি করত।
গত ২৩ জুন রাতে গ্রেফতার হওয়ার পর তানজিনা ও তার স্বামী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সব বলে দেয়। এরপর ২৪ জুন জেকেজির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারক আরিফসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দুদিনের রিমান্ডে নেওয়া হয়। দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জেকেজির কার্যালয় থেকে ল্যাপটপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় চারটি মামলা হয়েছে। ওই দিনই প্রতিষ্ঠানটির কিছু কর্মী আরিফকে ছাড়িয়ে নিতে তেজগাঁও থানায় জড়ো হয়। তারা থানার বাইরে হট্টগোল করতে থাকে। এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে। ওই মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে।

এবার মাস্ক পরলেন মেলানিয়া ট্রাম্প

0

গত শনিবার (১১ জুলাই) প্রথমবার মাস্ক পরা অবস্থায় দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর একদিন পর তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকেও দেখা গেল মাস্ক পরা অবস্থায়। আর এ ছবির ভিডিও তিনি নিজেই পোস্ট করেছেন।
জানা যায়, গত সপ্তাহে মাস্ক পরে দ্য ম্যারি এলিজাবেথ নামের একটি নারী কেন্দ্র পরিদর্শনে যান মেলানিয়া ট্রাম্প। সেখানকার ভিডিওই তিনি পোস্ট করলেন। তাতে প্রথমবার জনসম্মুখে মুখ ঢাকা অবস্থায় দেখা গেল মেলানিয়াকে।
ভিডিও পোস্ট করে টুইটারে মেলানিয়া লিখেছেন, ‘দ্য ম্যারি এলিজাবেথ হাউজে স্টাফ, মা ও শিশুদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের। একাকী মা ও তাদের সন্তানদের সহায়তায় এখানে পারিবারিক বন্ধনকের শক্তিশালী করা হয় এবং জীবন দক্ষতা বাড়ানোর পাশাপাশি কাউন্সেলিংও করা হয়।’
গত শনিবার ওয়াল্টার রিড হাসপাতাল পরিদর্শনে যান ট্রাম্প। সেখানেই প্রথমবার জনসম্মুখে মাস্ক পরতে দেখা যায় প্রেসিডেন্টকে। অথচ শুরু থেকে মাস্ক বিরোধী ছিলেন তিনি। গত মে মাসে একটি কারখানা পরিদর্শনে গিয়ে কিছুক্ষণের জন্য মাস্ক পরলেও সাংবাদিকদের সামনে আসার আগেই তা খুলে ফেলেন।
অবশ্য এই মাসের শুরুতেই ট্রাম্প বলেছিলেন, জনসমাগমে মাস্ক পরার পক্ষে তিনি। তার সপ্তাহখানেক যেতেই কালো রঙের মাস্ক পরতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্টকে।

ঐশ্বরিয়া ও আরাধ্যার আরোগ্য কামনা করে ‘সাবেক প্রেমিক’ বিবেকের টুইটে মজেছেন নেটিজেনরা

0

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছিল শনিবার রাতেই। রোববার সকালে জানা গেল, ঐশ্বর্য রাই বচ্চন ও তার কন্যা ছোট্ট আরাধ্যাও করোনা আক্রান্ত। এখবর প্রকাশ্যে আসার পরই ছড়িয়ে পড়ে বি-টাউনে। খবর পৌঁছেছে বিবেক ওবেরয়ের কানেও। আর একথা জানার পরই টুইট করে গোটা পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেন বিবেক।
বিবেক অবশ্য টুইটে আলাদা করে ঐশ্বর্য নয়, গোটা বচ্চন পরিবারেই আরোগ্য কামনা করেছেন। তবুও নেটজনতারা মজেছেন বিবেকের টুইট নিয়েই। কারণ, বিবেক তাঁর টুইটে যে খবরটির লিঙ্ক দিয়েছেন, তাতে ঐশ্বর্য ও আরাধ্যার করোনা আক্রান্ত হওয়ার খবরই রয়েছে। সঙ্গে আছে ঐশ্বর্য, আরাধ্যার ছবিও।

ঐশ্বর্যর সাবেক প্রেমিক বিবেক ওবেরয়ের এই টুইটের নিচে বিভিন্ন লোকজন কমেন্ট করতে ছাড়েননি। কেউ লিখেছেন, আমি এই টুইটের নিচে কমেন্টগুলো দেখে না হেসে পারছি না। আবার কেউ লিখেছেন, বিবেক অমিতাভ ও অভিষেকের খবরে টুইট করেননি, তবে ঐশ্বর্যর খবরের পর টুইট করেছেন। কারোর কথায়, প্রাক্তন হলেও হৃদয়ে দুর্বলতা থেকেই যায়। দেখুন কে কী লিখেছেন…

তিস্তার পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে

0

তিস্তা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার (১২ জুলাই) দিবাগত রাত ১২টায় তিস্তার নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের এ রেকর্ড পরিমাপ করা হয়। এর আগে সন্ধ্যায় এই পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নদীর পানি বেড়ে যাওয়ায় রাতে লালমনিরহাটের তিস্তা নদীর তীরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাইকিং করা হয়।

জানা গেছে, তিস্তা নদীর তলদেশ ভরাট হওয়ায় উজানের সামান্য ঢলেই তিস্তার দুই তীর প্লাবিত হয়ে লালমনিরহাটে ভয়াবহ বন্যা দেখা দেয়। পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার পরিবার। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে উজানে ভারতের পাহাড়ি ঢলের মাত্রা বেড়ে যায়। তা অব্যাহত থেকে রবিবার রাত ১২টায় আরও বেড়ে গিয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। তাই ব্যারেজ রক্ষার্থে ফ্লাড বাইপাসের ওপর দিয়ে পানি প্রবাহের ব্যবস্থা করতে তিস্তা পাড়ে রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। অধিবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং শুরু করেছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে রাতে পানির স্রোত বেড়ে যাওয়ায় জেলার নদী তীরবর্তী এলাকার বিভিন্ন সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাসের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ফলে ফ্লাড বাইপাসের ভাটিতে থাকা মানুষজনকে অন্যত্র সরে যেতে মাইকিং করা হচ্ছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটলেও কেউ কেউ পানি উন্নয়ন বোর্ডের এ সতর্কতাকে অবজ্ঞা করে ঘরেই মাচাং বানিয়ে থাকছে।

টানা ৩ দিনের বন্যায় তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাটের ৫টি উপজেলার প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার রাস্তা ঘাট ডুবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন চরাঞ্চলের মানুষ। দীর্ঘ দিন সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। চৌকি/খাটের ওপর মাচাং বানিয়ে মানবেতর জীবনযাপন করছে পানিবন্দি পরিবারগুলো। কেউ কেউ ঘর বাড়ি ছেড়ে উচু বাঁধ বা পাশ্ববর্তী গ্রামে আশ্রয় নিয়েছেন। নিদারুণ বিপাকে পড়েছে বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুরা। গবাদি পশুপাখি নিয়েও চরম বিপাকে পানিবন্দী পরিবারগুলো। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়।

তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল বলেন, তিস্তার পানি শুক্রবার দুপুর থেকে বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। রবিবার রাত ১২টায় বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। পানি আরও বৃদ্ধি পেলে ফ্লাড বাইপাসের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। তাই ভাটিতে থাকা জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এর পরও যদি কেউ থেকে যায় তার দায় পানি উন্নয়ন বোর্ড নেবেন না।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, তিস্তা নদী বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ফ্লাড বাইপাস কেটে দেয়া হবে না। তবে অভার ফ্লো হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। পাউবো রেড অ্যালার্ট জারি করেছে শুনেছি। তবে জনগণকে নিরাপদ স্থলে সরিয়ে নিতে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের সহায়তা চাইলে তা করা হবে।

করোনায় মারা গেলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান

0

করোনানাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৩টায় রাজধানী ঢাকায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান জানান, নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দেয়ে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনাভাইরাস প্রতিরোধের এই সম্মুখযোদ্ধা ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। এ ভাইরাসের সংক্রমণের শুরু থেকে নগরবাসীকে রক্ষায় দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ন ছিলেন তিনি। চট্টগ্রামের আগে তিনি ঝিনায়দহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।

ডা. সাবরিনা গ্রেপ্তার

0

জেকেজি হাসপাতাল কর্তৃক করোনার ভুয়া রিপোর্ট তৈরির ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডিএমপির তেজগাঁও উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ে সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, ডা. সাবরিনা একজন সরকারি চিকিৎসক হয়েও নিজেকে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান পরিচয় দিতেন। অনুমতি না থাকলেও বাসায় গিয়ে নমুনা সংগ্রহ, সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েও টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে জেকেজির বিরুদ্ধে।

চারমাস পর বসছে আপিল বিভাগ, তবে ভার্চুয়ালি

0

নিম্ন আদালত, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ, আপিল বিভাগে চেম্বারজজ আদালতের পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুলবেঞ্চ বসছে। চারমাস বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকেই বসছে ভার্চুয়াল ফুল বেঞ্চ। এ আদালতে সশরীরে নয়, ভার্চুয়াল মাধ্যমেই শুনানি হবে। প্রতি সপ্তাহে দুইদিন (সোম ও বৃহস্পতিবার) বসছে আপিল বিভাগ। সর্বশেষ গত ১২ মার্চ বসেছিল আপিল বিভাগের ফুলবেঞ্চ। তবে তখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিচারপতিরা স্বশরীরে এজলাসে বসেছিলেন।

এ বিষয়ে আজ রবিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতি দেশব্যাপী করোনা ভাইরাস রোগ এর সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন প্রদান করেছেন।’ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোয়া একটা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।’

গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টে শুরু হয় অবকাশকালীন ছুটি। এই ছুটি শেষ হবার আগেই দেশে করোনা ভাইরাসের সংক্রমন ঘটে। এরকম প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারাদেশে নিয়মিত আদালত বন্ধ। এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে। এই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এর পরদিন ১০ মে সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এরপর ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। প্রথমে শুধুমাত্র সীমিত আকারে নির্দিষ্ট কিছু আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। পরবর্তীতে ৩০ মে’র পর আদালতের সংখ্যা ও এখতিয়ার বাড়ানো হয়েছে। এরপর থেকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতসহ সারাদেশে আদালতগুলোতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভার্চুয়ালি আপিল বিভাগ বসার সিদ্ধান্ত নেওয়া হলো।

ডা. সাবরিনা হতে চেয়েছিলেন চিত্রনায়িকা

0

তিনি বাংলাদেশের অন্যতম নারী কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফ চৌধুরী। এই নামেই ২০১৬ সালে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন দেশের একটি টেলিভিশন চ্যানেলের অনলাইন পোর্টালে। সেখানে বলেছিলেন নিজের মনের অনেক কথা। বলেছিলেন চিত্রনায়িকা হতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হয়েছেন চিকিৎসক। সুনাম কুড়িয়েছেন। যদিও সেই সুনামের তরী এখন ডুবে গেছে।

ডা. সাবরিনা সাক্ষাৎকারে বলেন, আমি নায়িকাও হতে চেয়েছিলাম একসময়। হা হা হা। তবে বাবার কড়া শাসনের কারণে আর সেটি হয়ে ওঠেনি। নায়িকা হওয়ার জন্য প্রস্তাবও পেয়েছিলাম। লুকিয়ে অভিনয়ের রিহার্সালে যেতাম। তবে যেদিন ফাইনাল শুটিং হবে সেদিন বাবা বুঝে গেলেন সব কিছু। আমার আর অভিনয় করা হলো না।

চাকরি পাওয়ার পর আমার প্রথম পোস্টিং হয় দিনাজপুরের এক প্রত্যন্ত অঞ্চলে। এমন একটি জায়গা ছিল, যেখানে কাটাকুটি করার মতো কোনো যন্ত্র নেই। কোনো রকমে কিছু ওষুধ আসত। সেখানে থেকে আমার মনে হয়েছে যদি এই জায়গাগুলো উন্নত করা যায়, তাহলে অনেক চিকিৎসক গিয়ে কাজ করত। তবে নেই বলেই কাজ করার সুযোগ সেসব জায়গায় কম। এরপর ঢাকা মেডিক্যাল কলেজে বদলি হই। এখন কাজ করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।

সাবরিনা দেশের অন্যতম নারী কার্ডিয়াক সার্জন। এ প্রসঙ্গে বলেন, সারা বিশ্বেই নারী কার্ডিয়াক সার্জনের সংখ্যা কম। যেখানেই গিয়েছি, অনেক সমাদর পেয়েছি। বাংলাদেশের মতো একটি দেশে নারী কার্ডিয়াক সার্জন রয়েছে- এটি ভেবে অনেকেই খুব অবাক হয়েছেন।

করোনা মহামারিতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণায় নাম উঠে আসা ডা. সাবরিনা এ চৌধুরী সরকারি একটি হাসপাতালে চাকরির পাশাপাশি জেকেজির চেয়ারম্যান। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক। পাশাপাশি তিনি জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান। আর তাঁর স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আজ গ্রেপ্তার হয়েছেন তিনি।

স্বাস্থ্য ডিজিকে কারণ দর্শানোর নোটিশ

0

করোনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের এর কাছে ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রববার সন্ধ্যায় এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়ে। একই সঙ্গে মন্ত্রণালয়ের উর্ধ্বতর কর্মকর্তা বলতে কী বোঝানো হয়েছে এবং রিজেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে কী কী বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে তা জানাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, কোনো হাসপাতালের সঙ্গে চুক্তির পূর্বে তা সরেজমিনে পরিদর্শন, হাসপাতাল পরিচালনার অনুমতি, পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও ল্যাব ফ্যাসিলিটিজ ইত্যাদি বিশ্লেষণ করে উপযুক্ততা বিবেচিত হলেই কভিড পরীক্ষা/চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি সম্পন্ন করার সুযোগ রয়েছে। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির পূর্বে কী কী বিষয় বিবেচনা করা হয়েছিল, চুক্তি করার পর উদ্ধৃত শর্তসমূহ প্রতিপালনে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বলতে কী বোঝানো হয়েছে তার সুস্পস্ট ব্যাখ্যা আগামী তিন কার্যাদিবসের মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করোনা চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করে অধিদপ্তর।