Home Blog Page 2820

যে কোনো সময় সাহেদ গ্রেপ্তার হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে, তার বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সাহেদ বড় অন্যায় করেছেন, তার অপকর্মের ব্যাপারে ইতোমধ্যে র‌্যাব-পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে খোঁজা হচ্ছে, তিনি যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা পুলিশ তাকে ধরে ফেলবে।

আইন শৃংখলা বাহিনী শিগগির তাকে ধরতে সক্ষম হবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাহেদ যে কোনও সময় গ্রেপ্তার হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ রবিবার ঈদুল আজহা উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, আইজিপি ড. বেনজির আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা,কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তার বিদেশ যাওয়ার কোন সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদের সকল অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে। সাহেদ কি ধরনের অন্যায় করেছে সেগুলো পুলিশ এবং র‌্যাব তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পেলে তার অন্যায়ের গভীরতাটা কতটুকু জানা যাবে।

সাহেদ দেশে আছে নাকি বাইরে চলে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে যাওয়ারতো কোনো উপায় নাই। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, বর্ডার যাতে ক্রশ করতে না পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আশা করি, শিগগিরই তাকে ধরতে সক্ষম হবো’।

এসময় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ প্রসঙ্গে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, সকল তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

‘সাহেদকে গ্রেফতারে সবধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে।’ সব তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি।

সভায় পশুরহাট ও কোরবানির পশু পরিবহনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় পশুর হাটে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য একটি গাইড লাইন তৈরি করছে। এ গাইড লাইন বাস্তবায়নের জন্য আইন শৃংখলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবেন।

ঢাকা শহরের বাহিরে পশুর হাট বসানোর জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন ব্যবস্থা গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।

এ বছর কোরবানির পশু অনলাইন কেনাকাটার উপর সভায় গুরুত্ব আরোপ করা হয়েছে।

কোরবানির হাটের ইজারাদারদের হাটের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা (বেসিনসহ) হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ক্রেতাদের মাস্ক পরিধান করে হাটে প্রবেশ করতে হবে। কোন ক্রেতা মাস্ক পড়ে না আসলে ইজারাদারদের নিকট সংরক্ষিত মাস্ক ক্রয় করে হাটে প্রবেশ করতে হবে। হাটের কাছে ব্যাংক বুথ থাকবে। রাস্তাঘাটের উপর পশুর হাট দেয়া যাবে না। কোন হাটে যাবে পশুর ট্রাকের সামনে ব্যানারে হাটের নাম লেখা থাকবে। পশুর ট্রাক অন্য কোথাও থামানো যাবে না। পশুবাহী কোন গাড়ি রাস্তায় থামানো যাবে না। নিরাপত্তা বাহিনী প্রতিবারের মতো এবারও জাল নোট, চাদাবাজি, অজ্ঞান-মলম পার্টি হতে নিরাপত্তা দিবে।

নদীপথে ফেরি, লঞ্চ ও জাহাজে অতিরিক্ত যাত্রী পরিবহণ করা যাবেনা। অতিরিক্ত যাত্রী পরিবহণ করলে কোস্টগার্ড ও নৌ-পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। নদীপথে পশুবাহী ট্রলার যাতে অতিরিক্ত বোঝাই (ওভারলোড) না হয় সে ব্যাপারে কোস্টগার্ড ও নৌ-পুলিশ লক্ষ্য রাখবে।

পশুর চামড়ার দাম নির্ধারণ ও যথাযথভাবে বিপণনের বিষয়ে শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
গার্মেন্টস ফ্যাক্টরি অন্যান্য বারের চেয়ে কম সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে। শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধে বিজিএমইএ এবং কারখানা মালিকগণ ব্যবস্থা গ্রহণ করবেন।

এবারের ঈদ-উল-আযহার জামায়াত মসজিদে আদায়ের জন্য ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও সভায় জানানো হয়।

ভার্চুয়াল কোর্টের সাহায্য নিতেই হবে : আইনমন্ত্রী

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনা ভাইরাস আমাদেরকে কতদিনে ছেড়ে যাবে তা আমরা জানিনা। যদি করোনাভাইরাসের প্রকোপ আরও বাড়ে, তাহলে আমাদেরকে ভার্চুয়াল কোর্টের সাহায্য নিতেই হবে। কারণ বিচার ব্যবস্থার কার্যক্রম চালু রাখতে হবে। স্বাধীন ও ন্যায়বিচার প্রাপ্তির জন্য জনগণের আশা পূরণ করতেই হবে। আর করোনা পরিস্থিতি ভালো হলে স্বাভাবিক আদালত স্বাভাবিকভাবেই চলবে। ভার্চুয়াল আদালত কেবল বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হবে।

আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্ম সচিব উম্মে কুলসুম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ মো. শফিউল আজম, নরসিংদীর জেলা জজ মোস্তাক আহমেদ, জিআইজেড বাংলাদেশ এর ‘রুল অফ ল’ প্রোগ্রামের প্রধান প্রমিতা সেনগুপ্ত, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি যথাক্রমে অ্যাডভোকেট মো. শফিউল আলম ও অ্যাডভোকেট মিজানুর রহমান বক্তৃতা করেন।

ভার্চুয়াল আদালত ব্যবস্থা নিয়ে আইনজীবীদের কারিগরি ও তথ্য প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ও নরসিংদী জেলার আইনজীবীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রায় দেড়মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের যাত্রা শুরু হলো। আগামী ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশের সকল জেলার সরকারি আইন কর্মকর্তা (জিপি-পিপি) ও সাধারণ আইনজীবীদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে। আইন ও বিচার বিভাগের সার্বিক তত্বাবধানে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড-এ কারিগরি সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল আদালত চালু হলেও অধিকাংশ আইনজীবী ভার্চুয়াল আদালত পদ্ধতি সম্পর্কে কারিগরি ও তথ্য প্রযুক্তিগত সঠিক ধারণা না থাকায় আইন মন্ত্রণালয় এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে।

মন্ত্রী বলেন, সারা বিশ্ব এবং দেশের সকল অফিস ভার্চুয়ালের দিকেই এগিয়ে যাচ্ছে। বিচার বিভাগ যদি ভার্চুয়ালের দিকে এগিয়ে না যায় তাহলে শুধু বিশ্বে নয় দেশেও পিছিয়ে থাকবে। আমরা সমালোচনার সম্মুখীন হবো। জনগণ আমাদের উপর আস্থা রাখতে চিন্তা করবে। সবকিছু বিবেচনা করেই ভার্চুয়াল আদালত সম্পর্কিত প্রশিক্ষণের আয়োজন করেছে সরকার।

তিনি বলেন, এ বিষয়ে পর্যায়ক্রমে সারা দেশের আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে অনেক আদালত বন্ধ হয়েছে। শেখ হাসিনার সরকার সেখানে একটি বিকল্প ব্যবস্থা করে আদালত চালাতে পেরেছে।

তিনি বলেন, এই আদালত পূর্ণাঙ্গভাবে চালাতে গেলে আইনজীবীদের প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণ ছাড়া, ভৌত অবকাঠামো গড়া ছাড়া ভার্চুয়াল কোর্ট পদ্ধতি সম্পূর্ণভাবে চালু করা সম্ভব না। সরকার প্রায় দুই হাজার ৮শ কোটি টাকার ই-জুডিসিয়ারি প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, বর্তমানে ভার্চুয়াল আদালতে জামিন শুনানি চলছে। এ পদ্ধতির মাধ্যমে প্রায় ৫০ হাজার আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রধান বিচারপতি স্বাভাবিক আদালতে আত্মসমর্পনের ব্যবস্থা করে দিয়েছেন এবং আরও কিছু পর্যায়ক্রমে স্বাভাবিক আদালতে চালু হবে।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারাদেশে নিয়মিত আদালত বন্ধ। এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে। এই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এর পরদিন ১০ মে সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এরপর ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। যা অব্যাহত রয়েছে। এই অধ্যাদেশটিই বিল আকারে গত ৮ জুলাই জাতীয় সংসদে পাশ করায় এটি এখন আইনে পরিণত হয়েছে।

কেন্দ্রীয় ঔষধাগারের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

0

মাস্ক, পিপিইসহ অন্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতি অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগারের ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার (১২ জুলাই) দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।

নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কভিড-১৯ এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের তাদের বক্তব্য শোনা ও গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

ছয় কর্মকর্তা হলেন- সিএমএসডির সাবেক সহকারী পরিচালক (মজুদ ও বিতরণ) ও বর্তমানে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ (অতিরিক্ত দায়িত্ব, স্টোর) ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ, সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকির, উপ-পরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন এবং সাবেক মেডিক্যাল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক। এদের মধ্যে প্রথম তিনজনকে ১৯ জুলাই এবং পরবর্তী তিনজনকে ২০ জুলাই তলব করা হয়েছে।

‘উন্নয়ন প্রকল্পের কাজ মানসম্পন্ন না হলে আইনানুগ ব্যবস্থা’

0

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নয়ন প্রকল্পে কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রকল্প পরিচালক, প্রকৌশলীরা যদি কোনো বাধা বা হুমকির সম্মুখীন হন, তাহলে তাঁদের নিরাপত্তা দিতে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে মন্ত্রণালয় দায়িত্ব নেবে। তবে দেশের উন্নয়নে গৃহীত প্রকল্পে নিম্নমানের কাজে জড়িত থাকলে বরখাস্ত অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে এক অনলাইন সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই মানসম্পন্ন, টেকসই ও উৎপাদনশীল হতে হবে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যে স্তরের কর্মকর্তা-কর্মচারী নিম্নমানের কাজে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, মন্দ কাজের জন্য যেমন তিরস্কার বা বরখাস্তের ব্যবস্থা থাকবে, তেমনি ভালো কাজে যারা জড়িত, তাদেরও পুরস্কৃত করা হবে।

গ্রামীণ সড়ক, ইউনিয়ন পরিষদ সড়ক ও উপজেলা সড়ক নির্মাণে স্ট্রাকচারাল ডিজাইনসহ দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি নির্দিষ্ট করে একটি পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি করে সে অনুযায়ী বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন মন্ত্রী। এ ছাড়া ছোট-বড় যেকোনো প্রকল্প নেওয়ার আগে নেভিগেশন, পরিবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, সব ওয়াসা, সব সিটি করপোরেশন, এনআইএলজি এবং স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়নাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রীকে অবহিত করা হয়।

ডা. সাবরিনা বরখাস্ত

0

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা শারমিন হুসাইনকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত আদেশে তাঁকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. সাবরিনা শারমিন হুসাইন চাকরিতে থেকেও বেসরকারি প্রতিষ্ঠান জেকেজি’র চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান ও অর্থ আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে আজ ১২ জুলাই পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারি কর্মকর্তা হয়ে সরকারের অনুমতি ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকা এবং অর্থ আত্মসাৎ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই ডা. সাবরিনা শারমিন হুসাইনকে সরকারি কর্মচারী বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষভাতা প্রাপ্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপপুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে ডাকা হয়েছিল দুপুরে। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ আজ সংবাদ সম্মেলনে বলেছেন, আগামীকাল সোমবার সাবরিনাকে আদালতে নেওয়া হবে।

বিদেশে গমনে বাংলাদেশিদের করোনা নেগেটিভ সনদ লাগবে

0

বিদেশ গমনকারী সকল বাংলাদেশিকে এখন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গমন করতে হবে। আজ রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে এক বিশেষ ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে করোনা পরীক্ষা করে এ সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ের সুবিধার্থে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়ার বিষয়ে এ সভায় সুপারিশ করা হয়। তাছাড়া কর্মসংস্থানের জন্য বিদেশে গমনকারীদের করোনা পরীক্ষার সুবিধার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি নিবেদিত করোনা টেস্টিং সেন্টার স্থাপনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্তঃমন্ত্রণালয় সভায় স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম অংশগ্রহণ করেন। এছাড়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মুহিবুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সভায় সংযুক্ত ছিলেন।

ভারতে পালাতে পারেন সাহেদ, সীমান্তে নজরদারি

0

আত্মগোপনে থাকা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম।

আজ রবিবার মাসুম গণমাধ্যমকে জানান, এর আগে একাধিক মামলায় জড়িয়ে পড়লে সাহেদ সাতক্ষীরা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে চলে যান। এরপর বারাসাতে দুই বছর কাটান। তাই আবারও এপথ দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন তিনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে সাহেদ যেন পালাতে না পারে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। রিজেন্ট হাসপাতাল থেকে ১০ হাজারের বেশি করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছে। হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি করেছিল করোনা আক্রান্ত রোগীদের ফ্রি-তে চিকিৎসা দেবে বলে। কিন্তু তারা রোগীর কাছ থেকে জোরপূর্বক মোটা অংঙ্কের টাকা আত্মসাৎ করেছে। এসব প্রতারণার মূলে রয়েছে গ্রুপটির চেয়ারম্যান সাহেদ করিম। তবে অভিযানের পর থেকে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারে র‌্যাব-পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

১৬ জুলাই এককোটি চারা রোপণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মুজিববর্ষ উদযাপনের অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ জুলাই দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

সেদিন প্রধানমন্ত্রী বেলা ১১টায় গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিয়ান গাছের চারা রোপণ করার মাধ্যমে এ কার্যমের উদ্বোধন করবেন।

আজ রবিবার (১২ জুলাই) আয়োজিত এক অনলাইন সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, জাতির পিতা এদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় মুজিববর্ষে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের এ কর্মসূচিতে পঞ্চাশ শতাংশের বেশি থাকবে ফলজ গাছ। এ মহতী কর্মসূচি সফল করার জন্য সংসদ সদস্যসহ দেশের সকল পর্যায়ের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করি।

প্রতিটি গাছ রোপণের পর নিয়মিত খোঁজখবর রাখা এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন এর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী ও মো. মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বার, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. মো. মাসুদুর রহমান এবং ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক পরিমল সিংহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির যে ৫ স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

0

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫টি অস্থায়ী পশুর হাট বসবে। একইসঙ্গে উত্তর সিটির আদলেই দক্ষিণ সিটিতেও কোরবানির পশুর একটি ডিজিটাল হাট বসানো হবে।

আজ রবিবার (১২ জুলাই) দুপুর ডিএসসিসির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে এ বছর ডিএসসিসির ১৩টি পশুর হাট বাতিল করা হয়েছে। করোনার বিস্তার রোধে কোরবানির হাট ঘিরে কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে এসব হাট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল পশুর হাট বসাবে বলেও জানান এই কর্মকর্তা।

চলতি বছর ডিএসসিসি এলাকায় যে ৫ স্থানে বসবে কোরবানির পশুর হাট : উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন খালি স্থানে, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজসংলগ্ন খালি জায়গায়, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গায় এবং আফতাবনগর ব্লক-ই, এফ, জির সেকশন ১ ও ২ এলাকায়।

চীনের সঙ্গে সংঘাতের মাঝেই তাইওয়ানে বিশেষ কূটনীতিক পাঠাচ্ছে দিল্লি

0

সীমান্ত সংঘাত নিয়ে চীনকে জবাব দিতে তাইওয়ানকে ব্যবহার করছে ভারত। তাইপেতে বিশেষ দূত পাঠাচ্ছে দিল্লি। পররাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব গৌরাঙ্গলাল দাসকে তাইওয়ানে পরবর্তী বিশেষ দূত নিয়োগ করার কথা রয়েছে।

এক চীন নীতির কারণে ভারত আনুষ্ঠানিকভাবে তাইওয়ানে কোনও রাষ্ট্রদূত নিয়োগ করতে পারে না। তবে, কূটনীতিত কার্যকলাপ পরিচালনার জন্য তাইপেতে একটি সরকারি দফতর রয়েছে। এই দফতর ভারত-তাইপেই অ্যাসোসিয়েশন নামে পরিচিত। গোরাঙ্গলাল দাসকে এই অ্যাসোসিয়েশনের ডিরেক্টার জেনারেল পদে নিয়োগ করা হবে। এতদিন এই দায়িত্বে ছিলেন শ্রীধরণ মধুসূধণন। সেই সাথে আগামী সেপ্টেম্বর মাসে ভারতে নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন তাইওয়ানের প্রবীণ কুটনীতিবিদ বাউশুয়ান গের।

এদিকে কুটনীতিবিদরা বলছে, নয়া দূত নিযুক্ত করে ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন রুপ দিতে চাচ্ছে তাইওয়ান। বাণিজ্য থেকে শুরু করে কৌশলগত সম্পর্ক আরো মজবুত করার চেষ্টা করছে নয়াদিল্লি-তাইপেই।

অন্যদিকে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং শুক্রবার বিবৃতিতে বলেছিলেন যে, আমাদের (ভারত-চীন) পারস্পরিক স্বার্থ এবং উদ্বেগকে সম্মান করতে হবে, এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলতে হবে।

তবে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে অনেকটাই সচেতন সাবধান সাউথ ব্লক। কয়েকদিন আগেই তিব্বতী ধর্মগুরু দলাই লামার জন্মদিনে শুভেচ্ছা জানাননি প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখে চলা সংঘাতের আবহে এক চীন নীতিতে আঘাত করতে চাইছে না কেন্দ্র। এই মুহূর্তে লাদাখ সংলগ্ন সীমান্তকে এপ্রিল মাসের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে দিল্লির প্রধান উদ্দেশ্য। কিন্তু গোপনে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরালো করার কাজও চলছে সমানতালে।

২০১৪ সালে মোদীর শপথ অনুষ্ঠানে ভারতে তাইওয়ানের প্রতিনিধি চুং কুয়াং তিয়েনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় তিব্বতী প্রশাসনের প্রেসিডেন্ট লবসাং সাঙ্গে। কয়েক সপ্তাহ আগেই বিজেপির দুই সংসদ সদস্য মীনাক্ষী লেখি এবং রাহুল কাসওয়ান তাইওয়ানের প্রেসিডেন্ট টি ওয়েনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে অংশ নিয়েছিলেন। তারপরই তাইওয়ানের রাষ্ট্রদূত হিসাবে ভারত গৌরাঙ্গলাল দাসকে নিয়োগ করছে।