Home Blog Page 2836

ঈদে যে কোনো মূল্যে ভিড় এড়াতে হবে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোজার ঈদে মানুষের অবাধ চলাচল, ভিড় ও সমাবেশে অংশগ্রহণ সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন কোরবানির ঈদে এ সমাগম ও ভিড় যে কোনো মূল্যে এড়াতে হবে, নিজের বেঁচে থাকার স্বার্থে।
আজ রবিবার সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।
তিনি বলেন, মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। এ তিনটি হলো- অসহায় মানুষের প্রোটেকশন, বন্যাকবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ শত প্রতিকূলতার মধ্যেও থেমে থাকেনি। ইতোমধ্যে ৩১টি স্প্যান স্থাপন করা হয়েছে, দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার। এ ছাড়া ইতোমধ্যেই স্থাপিত স্প্যান বা ট্রাসের ওপর যানবাহন চলাচলের স্থাপনের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, ৩০ জুন পর্যন্ত মূল সেতুর শতকরা ৮৯ ভাগ কাজ শেষ হয়েছে। কাজ শেষ হয়েছে শতকরা ৭৩ ভাগ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ দশমিক ৫০ শতাংশ।
সেতুমন্ত্রী বলেন, জাইকার অর্থায়নে নতুন প্রজন্মের স্বপ্নের প্রকল্প মেট্রোরেল রুট-৬ এর কাজ এগিয়ে চলেছে। প্রকল্পে কর্মরত জনবলের কোভিড-১৯ পরীক্ষা শেষে তাদের কর্মে নিয়োগ করা হচ্ছে। প্রকল্প এলাকায় অবস্থান নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে আবাসিক স্থাপনা।
তিনি বলেন, ইতোমধ্যে দুটি ফিল্ড হসপিটাল নির্মাণ কাজ এগিয়ে চলেছে। স্থাপন করা হয়েছে রেললাইন। একসেট ট্রেন নির্মাণকাজ জাপানের কারখানায় সম্পন্ন হয়েছে। আরও চার সেট নির্মাণ করা হচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে জাপান থেকে জলপথে ট্রেনগুলো নিয়ে আসা হবে।
সেতুমন্ত্রী বলেন, ইতোমধ্যেই স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে। করোনার শুরুর দিকে কিছুটা থমকে গেলেও এখন পুরোদমে চলছে মেট্রোরেলের কাজ। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেই প্রকল্প এগিয়ে নেয়া হচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ এগিয়ে চলেছে। করোনাকালে থেমে থাকে নি নদীর খনন কাজ। ইতোমধ্যে দুই দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি টিউবের দুই দশমিক ৩ কিলোমিটার খনন শেষ হয়েছে। সম্প্রতি টানেলের অন্যান্য কাজেও পূর্ণ গতি ফিরে এসেছে। এ প্রকল্পের এ পর্যন্ত অগ্রগতি শতকরা ৫৬ ভাগ।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ গতি ফিরে পেয়েছে। করোনার আঘাতে প্রথমদিকে কাজ সীমিত পর্যায়ে চললেও এখন গতি পেয়েছে। ইতোমধ্যেই এ প্রকল্পের সংকট দূর হয়েছে।
তিনি বলেন, গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ থেমে নেই। সীমিত পরিসরে চলছে। চীনা ঠিকাদারের কিছুটা সমস্যা দেখা দেওয়ায় ইতোমধ্যে আমরা চীনা দূতাবাসের সহযোগিতা চেয়েছি। তবে এ প্রকল্পের আওতায় গাজীপুর-ঢাকা করিডোরের দ্রুত মেরামত কাজ শেষ করা হয়েছে।
মন্ত্রী বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে ঢাকা-সিলেট হাইওয়ের চার লেনে উন্নীতকরণের সকল বাধা পেরিয়ে আশার মুখ দেখেছে। সম্প্রতি এডিবি এ প্রকল্পে অর্থায়নে চূড়ান্ত সম্মতি জ্ঞাপন করেছে। এডিবির নিজস্ব বাজেটে অর্থায়ন অনুমোদন পেয়েছে। বর্তমানে নকশা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, পায়রা সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গত দুই-তিন মাসে সেতুর নদীর মধ্যবর্তী অংশের কাজ চলেছে সীমিত পর্যায়ে। ইতোমধ্যে ২০০ শ্রমিকের জন্য প্রকল্প এলাকায় বাসস্থান নির্মাণের ফলে নির্মাণকাজ গতি সঞ্চারিত হয়েছে। এ প্রকল্পে নির্মাণ কাজের অগ্রগতি মূলসেতুর ৬৫% এবং পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় ৫৯ শতাংশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় আশুগঞ্জ নদীবন্দর হতে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলমান। তিনটি প্যাকেজে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে দুটি প্যাকেজের কাজ চলছে। অপর প্যাকেজের দরপত্র প্রক্রিয়াধীন আছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না : সচিব

0

কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ।
তিনি বলেন, যাদেরই অতিরিক্ত বিল এসেছে তার সব সমন্বয় করে দেওয়া হয়েছে। গ্রাহকের সঙ্গে আমাদের সম্পর্ক এক দিনের নয়। কাজেই কোনো গ্রাহক যদি এখনো মনে করে তার বিল বেশি এসেছে তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তার বিলটি পরীক্ষানিরীক্ষা করে দেখে ব্যবস্থা নেব।
আজ রবিবার (০৫ জুলাই) দুপুরে ভাচুয়াল মিটিংয়ে বিদ্যুৎ সচিব এ তথ্য জানান।
সচিব বলেন, আমরা সব সময়ই গ্রাহকবান্ধব। আমরা যে আস্থা হারিয়েছি আশা করছি তা শিগগিরই পুনরুদ্ধার করতে পারব। ভবিষ্যতে বিতরণ কোম্পানিগুলো এ ধরনের সংকট সমাধানে শতভাগ মিটার রিডিং নিয়ে বিল করবে।

তিনি বলেন, করোনার মধ্যে আমাদের মিটার রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং করতে পারেনি। এ জন্য এ সমস্যা তৈরি হয়েছে। করোনার মধ্যে ৬০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২ জন বিদ্যুৎ কর্মী মারা গেছেন।
জুনের মধ্যে বিল পরিশোধের ক্ষেত্রে মাসুল ছাড়া বিল দেওয়ায় ছাড় দেওয়া হয়েছিল তা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। তবে সেটি শুধুই আবাসিকের ক্ষেত্রে দেওয়া হতে পারে বলে সচিব জানান।
তিনি বলেন, আমাদের ৬টি সংস্থা বিদ্যুৎ বিতরণে কাজ করে। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২ কোটি ৯০ লাখ গ্রাহকের মধ্যে অভিযোগ এসেছে ৩৪ হাজার ৬৮১টি। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ডিপিডিসির ৯ লাখ ২৬ হাজার ৬৭৯ জন গ্রাহকের মধ্যে ১৫ হাজার ২৬৬ জনের অভিযোগ এসেছে। এখানে ৪ জনকে সাময়িক বরখাস্তসহ আরও ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেসকোর ১০ লাখ গ্রাহকদের মধ্যে অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নেসকোর ১৫ লাখ ৪৮ হাজার ৩৪৮ জন গ্রাহকের মধ্যে ২ হাজার ৫২৪ জনের অভিযোগ এসেছে। ইতোমধ্যে নেসকোর ২২৩ জনকে তলব করা হয়েছে এবং তদন্ত চলছে। পিডিবির ৩২ লাখ ১৮ হাজার ৫১৫ জন গ্রাহকের মধ্যে অভিযোগ এসেছে ২ হাজার ৫৮২ জনের। যার সবগুলো নিষ্পত্তি করা হয়েছে।
ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগ ও গাফলতি নিয়ে বিদ্যুৎ সচিব বলেন, আমাদের গ্রাহকের পূর্বের রেকর্ড দেখে বিল করা হয়েছে, যেটা এখন থেকে রিডিং দেখে হবে। রেকর্ড দেখে ম্যানুয়ালি করতে গিয়ে কারো অতিরিক্ত বিল এসেছে। এতে আমাদের কারো কোনো গাফলতি থাকলে দেখা হবে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে অনেকে শাস্তির আওতায় এসেছেন, অনেকের অভিযোগ নিষ্পত্তি হয়েছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় এটা ভালো ভাবে দেখতে হবে কোম্পানিগুলোকে।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, ইতোমধ্যে আমাদের চার প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরও ৩৬ প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযোগ তদন্তে কোম্পানির নির্বাহী পরিচালককে (আইসিটি) প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এখন থেকে রিডিং দেখে বিল করা হবে।
পাওয়র সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ছাড়াও সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ২৭৩৮

0

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৫২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন।
আজ রবিবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ৯৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৪৬ হাজার ৬২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৩৮ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯০৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৬২৫ জনে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ১৯ জন ঢাকা বিভাগের, ১৩ জন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, পাঁচজন বরিশাল বিভাগের, দুইজন সিলেট বিভাগের , আটজন রংপুর বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। ৪১ জন মারা গেছেন হাসপাতালে এবং ১৪ জনের মৃত্যু হয়েছে বাসায়। এদের মধ্যে ১ থেকে ১০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন, ষাটোর্ধ্ব নয়জন, সত্তরোর্ধ্ব ১২ জন রয়েছেন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ। আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হয়।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ প্রায়। মৃতের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজারের বেশি। তবে সাড়ে ৬৪ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

ঘানার প্রেসিডেন্ট স্বেচ্ছায় আইসোলেশনে

0

করোনায় আক্রান্তের পর স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো। এক বিবৃতিতে দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থা (আইসোলেশন) বেছে নিয়েছেন তিনি।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে থেকেই প্রেসিডেন্ট কাজ করবেন। ঘনিষ্ঠ এক ব্যক্তি করোনায় আক্রান্তের পর স্বেচ্ছায় আইসোলেশনে যান তিনি।
ঘানায় এ পর্যন্ত ১৯ হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১১৭ জন আক্রান্ত। সাব-সাহারা অঞ্চলের দেশগুলোর মধ্যে ঘানাতেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

চীনের সঙ্গে লড়তে সীমান্তে সব যুদ্ধবিমান হাজির করল ভারত

0

লাদাখে ভারত-চীন সীমান্ত এলাকার ফরোয়ার্ড এয়ারবেসে- ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে এই এয়ারবেস থেকেই নিজেদের শক্তি সম্পর্কে প্রতিবেশী রাষ্ট্রকে অবহিত করছে।
রাশিয়ার শক্তিশালী ঝঁ-৩০গক এবং গরএ-২৯ং -লড়াকু বিমানও রয়েছে বিমানবাহিনীর এই মহড়ায়।
সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিনিধি এই এয়ারবেসে পৌঁছে যায়, সেখান থেকে যুদ্ধবিমান মহড়ার নির্ভরযোগ্য খবর দিচ্ছেন ভারতবাসীকে, যাতে তারা অনেকটাই আশ্বস্ত বোধ করেন।
জানা গেছে, সব যুদ্ধবিমান সীমান্তে হাজির করেছে ভারত। সেখানে রাশিয়ার বিমানের সমকক্ষ শক্তিশালী ওষুঁংযরহ-৭৬, অহঃড়হড়া-৩২। এছাড়া মার্কিন যুদ্ধবিমান ঈ-১৭ , ঈ-১৩০ঔ বিমানও দেখা যাচ্ছে ওই এয়ারবেসের আকাশে।
এর পাশাপাশি পণ্য পরিবহণকারী বিমানে করে চীনের বিরুদ্ধে মোকাবিলার জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাদের কাছে প্রয়োজনীয় প্রতিটা জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে। পূর্ব লাদাখ এলাকায় যুদ্ধবিমান অঢ়ধপযব- এর মাধ্যমে সেনাদের সবরকমের উপকরণ পৌঁছে যাচ্ছে। এই পার্বত্য এলাকায় এই বিমান খুব কার্যকর।
এই বছর হঠাৎ করেই লাদাখ সীমান্ত বরাবর চীনা সেনাদের অশান্তির পরিস্থিতি তৈরি করার পর ভারত একেবারে কোমর বেঁধে তৈরি হচ্ছে। আকস্মিক পরিস্থিতির সঙ্গে লড়তে তৈরি থাকছে এয়ারবেস। তাই প্রবল শক্তিশালী চপার ও চিনুক সেখানে হাজির করেছে। এই দুটি বিমান এই ধরনের পরিস্থিতিতে খুবই কার্যকার। যদি সত্যিই যুদ্ধপরিস্থিতি তৈরি হয় তা হলে এই বিমানগুলো অত্যন্ত গুরুত্বপ্র্ণূ ভূমিকা নেবে।।
এই এয়ারবেসে থাকা লেফটেন্যান্ট জানিয়েছেন, ‘এই বেসের অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনও আকস্মিক পরিস্থিতিতে এই বেস বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এখানে সবরকমের সাপোর্ট পাঠানো হচ্ছে।’
ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডার জানিয়েছেন ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রেখেছে। ভারতের বিমানবাহিনী এখন বিশ্বমানের।

করোনায় প্রাণ হারিয়েছেন প্রাথমিকের ৮ শিক্ষক-কর্মকর্তা, আক্রান্ত ৪১৮

0

প্রাথমিকের ৪১৮ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭ জন শিক্ষক ও ১ জন কর্মকর্তা মারা গেছেন। এ পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। তবে গতকাল শনিবার নতুন করে কেউ আক্রান্ত হননি।
আজ রোববার (৫ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে করোনা আপডেট থেকে এসব তথ্য জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাথমিকের ৩২২ জন শিক্ষক, ৪৮ জন কর্মকর্তা, ২৯ জন কর্মচারী ও ১৯ জন শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সাতজন শিক্ষক ও একজন কর্মকর্তা মারা গেছেন। এ পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন শিক্ষক, সাতজন কর্মকর্তা, কর্মচারী তিনজন ও সাতজন শিক্ষার্থী রয়েছেন।
আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৪০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, চট্টগ্রামে ১২২ জন, খুলনায় ২৯ জন, বরিশালে ২১ জন, সিলেটে ৩৯ জন, রংপুরে ২১ জন এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন।
আক্রান্ত শিক্ষকরা জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে কারো কারো খোঁজখবর নেয়া হচ্ছে। এছাড়া প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আক্রান্তদের নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, ‘প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। সারাদেশে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। অনেক শিক্ষক করোনা পরীক্ষা করাচ্ছেন না। এ কারণে সঠিক সংখ্যাটাও জানা যাচ্ছে না। অনেকে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। সামাজিক হয়রানির ভয়ে বাইরে যাচ্ছেন না।
যেসব শিক্ষক কোভিড-১৯ আক্রান্ত, তাদের বেশিরভাগই নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। আর হাসপাতালে ভর্তি আছেন কয়েকজন। তবে সম্প্রতি প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে ডিপিই। প্রতিদিন এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ২৪ ঘণ্টা পরপর ওয়েবসাইটে আপডেট করা হচ্ছে।

বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার কার্যক্রম স্থগিত

0

বঙ্গবন্ধু কর্নারের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১৫০ কোটি টাকার বই কেনার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২ জুলাই) সৃজনশীল প্রকাশক ও লেখকের আপত্তির মুখে বই কেনার প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
একই সঙ্গে বইয়ের বাজার মূল্য নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে আহ্বায়ক, যুগ্ম সচিব (উন্নয়ন) রুহুল আমিন ও উপসচিব (শৃঙ্খলা) আক্তারুন্নাহার সদস্য করা হয়েছে।
জানা গেছে, কমিটি আজ রোববার (৫ জুলাই) থেকে কাজ শুরু করেছে এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, যেহেতু বই ক্রয়ের ক্ষেত্রে কথা উঠেছে, তাই বিষয়টি যাচাই করার জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আজকে থেকে কাজ শুরু করে দিয়েছে। কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। তার আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ করে সেখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক দর্শনসহ বিভিন্ন ক্যাটাগরির বই কেনার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে চলতি বছর ৬৭টি বই কেনার ব্যাপারে গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৯টি বই কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রতিটি বইয়ের ৬৫ হাজার কপি করে কেনা হবে। যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।

আজ থেকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করা যাবে

0

করোনাভাইরাস রোধে নিম্ন আদালতে আত্মসমর্পণ ও জামিন শুনানি চলছে ভার্চুয়াল পদ্বতিতে। ই-মেইলের মাধ্যমে চেক ডিজঅনার মামলাও গ্রহণ করছেন আদালত। আজ (৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামিরা অধস্তন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন।
শনিবার (৪ জুলাই) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর এ বিষয়ে সার্কুলার জারি করেছেন। সার্কুলারে করোনাকালীন সময়ে আদালত পরিচালনার ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা পালন করতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো-
১. স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। এ বিষয়ে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যপদ্ধতি নির্ধারণ করবেন।
২. চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ আবেদন দাখিল এবং শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে এবং আদালত ভবনে কোনোরূপ জনসমাগম না ঘটে। আদালত প্রাঙ্গণে এবং এজলাস কক্ষে প্রত্যেককে কমপক্ষে ৬ (ছয়) ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে।
৩. চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ এবং আদালত ভবনে জনসমাগম এড়াতে প্রতিদিন নির্দিষ্টসংখ্যক আত্মসমর্পণ দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সংক্রান্ত একটি তালিকা সম্বলিত বিজ্ঞপ্তি আদালত এবং আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে প্রচারের ব্যবস্থা করবেন।
৪. একটি মামলায় অভিযুক্ত ব্যক্তির পক্ষে সর্বোচ্চ ২ জন আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। এজলাস কক্ষে একত্রে ৬ (ছয়) জনের অধিক লোকের সমাগম করা যাবে না। তবে একই মামলায় একাধিক আত্মসমর্পণকারী অভিযুক্ত ব্যক্তি থাকলে এজলাস কক্ষের ডকে সর্বোচ্চ ৫ জন অভিযুক্ত ব্যক্তি অবস্থান করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনে এ ধরনের মামলা একাধিক ভাগে/সেশনে শুনানি করতে পারবেন এবং সম্পূর্ণ শুনানি সম্পন্ন করে আইনানুগ আদেশ প্রদান করবেন।
৫. আত্মসমর্পণ দরখাস্ত শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যতীত অন্য কোনো আইনজীবী এজলাস কক্ষে অবস্থান করবেন না।
৬. এজলাস কক্ষে প্রত্যেককে অবশ্যই মুখাবরণ (মাস্ক) পরিহিত অবস্থায় থাকতে হবে।

করোনায় মেক্সিকোতে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

0

করোনাভাইরাস মহামারীর নতুন উপকেন্দ্র হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন এই করোনাভাইরাসে আরও ৫২৩ জনের মৃত্যুর খবর জানায়। তাতে মেক্সিকোতে মৃতের মোট সংখ্যা ৩০ হাজার ৩৬৬ জনে দাঁড়িয়েছে।
এদিন আরও ৬ হাজার ৯১৪ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ১৬৫ জনে।
রয়টার্স লিখেছে, শনাক্ত রোগীর চেয়ে আক্রান্তের প্রকৃত সংখ্যা যে উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে, তা আগেই জানিয়েছিল মেক্সিকো সরকার।
দেশটির সিভিল রেজিস্ট্রির পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম মিলেনিয়োর প্রতিবেদনে বলা হয়েছে, উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গাতেল মৃতের যে সংখ্যা প্রকাশ করেছিলেন ১৯ জুন পর্যন্ত ভাইরাসটিতে তার দ্বিগুণ সংখ্যক লোকের মৃত্যু হয়েছিল।

সৌদিতে একদিনে করোনায় রেকর্ডসংখ্যক মৃত্যু

0

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ডসংখ্যক মানুষ মারা গেছেন। শনিবার একদিনে দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মার্চের ২ তারিখ থেকে সৌদি আরবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিনে দেশটিতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেনি।

এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৫৮ জনে। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ১২৮ জন।
সৌদি আরবে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্তের তালিকায় রিয়াদে ৩৬০, দাম্মামে ৩১৫, হুফফে ২১৭ এবং কাতিফের ২১৪ জনের নাম রয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৪২ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৪৩ হাজার ২৫৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হলেন।