Home Blog Page 2875

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। অনিয়মকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোন প্রশ্রয় নেই।
আজ বুধবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে যেমনি কঠোরভাবে শাস্তি দেওয়া হয়েছে তেমনি চিকিৎসা সরঞ্জাম অনিয়মের বিরুদ্ধেও সরকার শূন্য সহিষ্ণুতা বজায় রাখবে।
বিএনপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বন করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা দেশ ও জাতির পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার, গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে।
তিনি বলেন, এ মিথ্যাচার ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস। করোনার মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধুলোজমা মরচে ধরা চশমা সরিয়ে এ সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদানে আবারও তাদের প্রতি আহবান জানাচ্ছি।

তিনি বলেন, সরকার জোনভিত্তিক লকডাউন কার্যকর করার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।
সেতুমন্ত্রী বলেন, এখনো ভিড়ে, জটলায়, বাজারে, কর্মস্থলে অনেকে মাস্ক ব্যবহার করে না, সংক্রমণ গোপন করছে, এ শৈথিল্য, অবহেলা সর্বগ্রাসী করোনার কাছে নিজেকে এবং আশপাশের সবাইকে নিয়ে আত্মসমর্পণের শামিল।
সরকার নতুন করে সংক্রমিত এলাকার ম্যাপিং এর মাধ্যমে রেড, ইয়েলো এবং গ্রিন জোন করতে যাচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ডিএমপিসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্তৃপক্ষের মাঝে সুসমন্বয় গড়ে তুলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানান মন্ত্রী।
নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয়, তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে শুরুতেই কঠোরহাতে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০০৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১৩০৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪০০৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ৪৮৯ জন।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৫১ হাজার ২৪৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৮ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।
বুধবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত রোগী বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।
ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে ৮৩ লাখ। মৃতের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজারেরও বেশি। তবে ৪৩ লাখ ৩৩ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

ইতালির উদ্দেশে ঢাকা ছাড়লেন ২৫৯ বাংলাদেশি

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগে বাংলাদেশে এসে আটকে পড়া ইতালিতে বসবাসরত ২৫৯ বাংলাদেশি দেশটির রাজধানীর রোমের উদ্দেশে রওনা হয়েছেন।
আজ বুধবার (১৭ জুন) বেলা ১২টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করে।
বিমানের এজিএম তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট ঢাকা থেকে ২৮৭ বাংলাদেশিকে ইতালির রোমে নিয়ে যায়।

প্রাণঘাতী সংঘর্ষের জন্য পরস্পরকে দুষছে ভারত ও চীন

0

ভারত ও চীনের মধ্যে যে সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে লাদাখে, তা নিয়ে দুদেশই একে অপরের বিরুদ্ধে প্ররোচা দেওয়ার অভিযোগ এনেছে।
ভারতের অভিযোগ যে, চীন একতরফাভাবে স্থিতাবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছিল, অন্যদিকে চীন ভারতীয় বাহিনীর দিকে আঙ্গুল তুলে বলেছে তারাই চীনা বাহিনীর সদস্যদের আক্রমণ করেছিল।
সোমবারের ওই সংঘর্ষে দুপক্ষেই হতাহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানালেও চীন এখনো তাদের দিকে কোনো হতাহতের সংখ্যা জানায়নি।
চীন কী বলছে?
চীনের এক সামরিক মুখপাত্র এই প্রথম মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। চীনের সরকারি পত্রিকা পিপলস্ ডেইলি সেই বিবৃতি ছেপেছে।
পিপলস লিবারেশন আর্মির পশ্চিম সীমান্ত অঞ্চলের মুখপাত্র ঝ্যাং শুইলি কে উদ্ধৃত করে পিপলস ডেইলি লিখেছে, ‘ভারতীয় সৈন্যরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে বেআইনি কাজ চালাচ্ছিল এবং ইচ্ছে করে প্ররোচনা দেয় আর চীনা বাহিনীকে আক্রমণ করে। তারই ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর শারীরিক সংঘাত হয় এবং হতাহত হয়।’
ঝ্যিাং আরও বলেছেন, ‘ভারতের উচিত তাদের বাহিনীকে কঠোরভাবে সংযত করা। নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন ও প্ররোচনা দেওয়া বন্ধ করে তাদের উচিত চীনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার নিষ্পত্তি করা।’
পিপলস্ ডেইলির মালিকানাধীন ট্যাবলয়েড পত্রিকা ‘গ্লোবাল টাইমস’ বুধবার একটি সম্পাদকীয় লিখেছে, যেখানে ভারতের কড়া সমালোচনা করা হয়েছে। চীন-ভারত সীমান্তে সবসময়েই উত্তেজনা বিরাজ করার পেছনে ভারতের দম্ভ আর অদূরদর্শী মনোভাবই দায়ী। সম্প্রতি নতুন দিল্লি সীমান্ত ইস্যু নিয়ে একটা কঠোর মনোভাব নিয়েছে, যা দুটি ভুল মূল্যায়নের ওপরে দাঁড়িয়ে আছে। তারা মনে করে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের ফলে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করতে চাইবে না চীন। তাই ভারতের তরফে প্ররোচনা দেওয়া হলেও হয়তো চীন প্রত্যাঘাত করবে না। এছাড়াও ভারতের কিছু মানুষের মনে ভুল ধারণা আছে যে তাদের নিজেদের বাহিনী চীনের বাহিনীর থেকে বেশি শক্তিশালী। এই দুটি ভুল ধারণাই ভারতের মতামতের যৌক্তিকতাকে প্রভাবিত করে চীন সংক্রান্ত নীতিনির্ধারণের সময়ে।
ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছে, ‘ভারতের সঙ্গে সংঘর্ষে জড়াতে চায় না চীন। তারা আশা করে দ্বিপাক্ষিক সীমান্ত সমস্যাগুলি শান্তিপূর্ণভাবেই মেটানো যাবে। এটা চীনের বদান্যতা, দুর্বলতা নয়।’
এর আগে মঙ্গলবারই ভারতের সেনাবাহিনী দুটি বিবৃতি দেয়। প্রথমে মৃতের সংখ্যা ৩ বলা হলেও রাতে একটি বিবৃতিতে জানানো হয় গুরুতর আহত হয়েছিলেন, এমন ১৭ জনের মৃত্যু হয়েছে, যার ফলে লাদাখের ওই সংঘর্ষে মোট ২০ জন নিহত হয়েছেন।
৪৫ বছরের মধ্যে এই প্রথম লাদাখের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে এতজন সৈন্য মারা গেলেন।
দুই সেনাবাহিনী অবশ্য মঙ্গলবারই উত্তেজনা প্রশমনের জন্য বৈঠক করেছে। আর এটাও দুই পক্ষই বলেছে যে আগের চার দশকের মতো এই সংঘর্ষেও কোনো গুলি চলেনি।
খবর বিবিসি

গণস্বাস্থ্যের করোনা শনাক্তকরণ কিট কার্যকর নয়: বিএসএমএমইউ

0

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকার নয় বলে মত দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

আজ বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়। এ সময় গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই কিট কার্যকর নয় বলে মত দেওয়া হয়।

এর আগে আজ বুধবার (১৭ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে প্রতিবেদন জমা দেয় পারফরম্যান্স কমিটি।

বিএসএমএমইউ সূত্র জানায়, পারফরম্যান্স কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কিটের ব্যাপারে তাদের অবস্থান গণস্বাস্থ্য কেন্দ্র ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে চিঠি দিয়ে জানানো হবে।

মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট অব্যাহতি ও শুল্ক ছাড়

0

দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকে আরও উৎসাহিত করতে যন্ত্রাংশ উৎপাদনে প্রযোজ্য ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। একই সঙ্গে শর্ত সাপেক্ষে কাঁচামালের আমদানি শুল্কে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (১৬ জুন) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আর এই আদেশ ১১ জুন থেকে কার্যকর হবে, যা আগামী ২০২২ সালের ৩০ জুন পযর্ন্ত বলবৎ থাকবে।
এনবিআর সূত্রে জানা গেছে, স্থানীয় সেলুলার ফোন উৎপাদন সুবিধায় প্রজ্ঞাপনে উল্লেখিত টেবিল-১ ও টেবিল-২ এর আওতায় এইচএস কোডের বিপরীতে ৮৭ ধরনের কাঁচামালের ওপর প্রযোজ্য আমদানি শুল্ক মূল্যভিত্তিক ১ শতাংশের অতিরিক্ত শুল্ক এবং সমুদয় ভ্যাট হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইভাবে প্রজ্ঞাপনে উল্লেখিত টেবিল-৩ ও টেবিল-৪ এ অন্তর্ভুক্ত ১১ ধরনের কাঁচামালে প্রযোজ্য আমদানি শুল্ক মূল্যভিত্তিক ১০ শতাংশের অতিরিক্ত শুল্ক এবং সমুদয় ভ্যাট হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
যদিও এ সুবিধা পেতে সেলুলার ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে- আমদানিকারক অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কম্প্লায়েন্ট সেলুলার ফোন উৎপাদনকারী বা সংযোজনকারী প্রতিষ্ঠান বা ভেন্ডর এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অধীন নিবন্ধিত হতে হবে।
আরও রয়েছে- সেলুলার ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্থ ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কম্প্লায়েন্ট প্রতিষ্ঠান, যারা স্থানীয়ভাবে সংগ্রহকরা আমদানিকরা কাঁচামাল দ্বারা সেলুলার ফোনের ব্যাটারি, চার্জার ও আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রাংশ এবং এক্সেসরিজ নিজেরা প্রস্তুত করে বা স্থানীয় ভেন্ডর থেকে সংগ্রহের মাধ্যমে সেলুলার ফোন উৎপাদন করে থাকে।
ভেন্ডর অর্থ ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কম্প্লায়েন্ট প্রতিষ্ঠান, যারা স্থানীয়ভাবে সংগৃহীত আমদানিকরা কাঁচামাল দ্বারা সেলুলার ফোন ব্যাটারি, চার্জার পিসিবিএ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রাংশ বা এক্সেসরিজ প্রস্তুতপূর্ব সেলুলার ফোন উৎপাদনকারী প্রদানকারী প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট বিক্রয় চুক্তির আওতায় বা স্থানীয়ভাবে সরবরাহ করে থাকে।
ভ্যাট কম্প্লায়েন্ট অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর অধীন নিয়মিত রিটার্ন দাখিল করে এমন সেলুলার ফোন উৎপাদনকারী বা সংযোজনকারী প্রতিষ্ঠান বা ভেন্ডর হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠান।
শর্তের মধ্যে আরও রয়েছে, পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান নিজস্ব টেস্টিং ল্যাব থাকতে হবে অথবা মান নিয়ন্ত্রণের জন্য কোনো স্বীকৃত টেস্টিং ল্যাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে।
আমদানিকরা পণ্য বা যন্ত্রাংশ উপকরণ সেলুলার ফোন, ট্যাব উৎপাদন অথবা সেলুলার ফোন সংশ্লিষ্ট ব্যাটারি, চার্জার ও পিসিবির উৎপাদন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার বা বিক্রয়ের জন্য হস্তান্তর করা যাবে না ইত্যাদি।
গত ১১ জুন বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে বলেন, আইসিটি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজন। এ শিল্পে রেয়াত সুবিধা দেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনকারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেলুলার ফোন উৎপাদন উৎসাহিত করা ও সংযোজন শিল্প প্রসারে এ শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াত সুবিধা আরও বিনিয়োগবান্ধব ও যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে।

করোনার চিকিৎসায় ‘জীবনরক্ষায়’ সাফল্য অর্জনে হু’র অভিনন্দন

0

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় মৌলিক স্টেরয়েড ব্যবহারে ‘জীবনরক্ষায় বৈজ্ঞানিক ব্যাপক সাফল্য’ অর্জনের জন্য মঙ্গলবার ব্রিটেনকে অভিনন্দন জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, এ ওষুধ ব্যবহার করা গুরুতর রোগীদের এক-তৃতীয়াংশ প্রাণে বেঁচে গেছে।
হু’র প্রধান টেড্রস আধানোম গ্রেব্রেয়েসাস বলেন, ‘এটি একটি বড় খবর। আমি যুক্তরাজ্য সরকার, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং জীবনরক্ষায় বিজ্ঞানসম্মত এই ব্যাপক সাফল্য অর্জনে অবদান রাখা বিভিন্ন হাসপাতাল ও রোগীদের অভিনন্দন জানাচ্ছি।’
বিজ্ঞানীরা বলছেন, এই ওষুধ করোনার চিকিৎসায় গুরুত্বর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সক্ষম। মূলত: করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগীর ভেন্টিলেশন ও অক্সিজেনের প্রয়োজন হয়, সেসব রোগীর জীবন বাঁচাতে এ ওষুধ অত্যন্ত কার্যকর। এটা এক ধরনের স্টেরয়েড। তবে করোনার মৃদু উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের প্রয়োজন নেই।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য কোন কার্যকর চিকিৎসা বা ভ্যাকসিন আবিস্কার হয়নি। গত ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে বিশ্বে এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষ কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারিয়েছে।

করোনার ভয়ে বেইজিংয়ে সাড়ে ১২শ ফ্লাইট বাতিল

0

চীনের রাজধানী বেইজিং শহরের কর্তৃপক্ষ করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ফের একের পর এক আঁটসাঁট পদক্ষেপ নিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিমান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রীত পিপলস ডেইলির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশ ও দেশের বাইরে অন্তত ১ হাজার ২৫৫টি ফ্লাইট বাতিল করে দিয়েছে বেইজিং নগর কর্তৃপক্ষ।
গত ছয় দিনে দিনে বেইজিংয়ে ১৩০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সেখানে এই ভাইরাসের দ্বিতীয়ধাপের সংক্রমণ শুরু হতে চলছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব সতর্কতার অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ।
নগরীর বাসিন্দাদের শহর ত্যাগ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বেইজিং যেসব পর্যটক অন্যান্য প্রদেশে বেড়াতে গেছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় বেইজিংসহ চীনের অধিকাংশ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়াসহ লকডাউনও অনেক শিথিল করে চীন সরকার। দেশটিতে সবকিছু যখন স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে তখন ফের সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস, যা উদ্বেগের জন্ম দিয়েছে।

সৌদি আরবে করোনায় মৃত্যু হাজার ছাড়াল

0

বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাসে সৌদি আরবে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার আরও ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে দেশটিতে কোভিড-১৯ এ নিশ্চিত মৃতের মোট সংখ্যা ১ হাজার ৫২ জন হয়েছে। একদিনে আরও ৪ হাজার ২৬৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে।
শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত ৮৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন বলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে বিশ্বের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৫৫ হাজার ২৬৬ জন ছিল। শনাক্ত ২১ লাখ ৩৭ হাজার ৭১৬ জন আক্রান্ত নিয়ে তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে ব্রাজিল, রাশিয়া ও ভারত সবচেয়ে আক্রান্ত দেশ হিসেবে আছে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বজুড়ে ৪ লাখ ৪১ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

0

করোনা সংক্রমণ পরিস্থিতিতে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
মঙ্গলবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। এর আগে দফায় দফায় স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছিল।
নির্দেশনায় আরও বলা হয়, তবে শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমী ভিসা প্রদান করা যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত পিসিআর কোভিড-১৯ মুক্ত সনদ (ইংরেজিতে অনুবাদ করা) এবং তিনি এদেশের একজন প্রকৃত বিনিয়োগকারী/ব্যবসায়ী মর্মে প্রয়োজনীয় প্রত্যয়ন ও এ সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।
আগের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ১৫ জুন পর্যন্ত।