Home Blog Page 2888

করোনাকালে ভার্চুয়াল আদালতে ৪৮৯ শিশুর জামিন

0

বিভিন্ন অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ৪৮৯ শিশুকে জামিন দিয়েছেন ভার্চুয়াল অধস্তন আদালত।
আজ শুক্রবার (১২ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাকালে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর থেকে ২০ কার্য দিবসে ৪৮৯ শিশু জামিন প্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যেই ৪৬০ শিশুকে অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে ৮৮০ জন শিশু বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অবস্থান করছেন।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালত ২০ কার্য দিবসে ৩৩১৫৫ আসামির জামিন মঞ্জুর করেছেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর দিন থেকে থেকে ১১ জুন পর্যন্ত মোট ২০ কার্য দিবসে ৬০ হাজার ৩৮৯টি জামিন আবেদনের শুনানি করে ৩৩ হাজার ১৫৫ আসামির জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এর পর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

ইতালিতে ফিরে গেলেন ২৮৭ বাংলাদেশি

0

করোনার আগে বাংলাদেশে আসা ইতালিতে বসবাসরত ২৮৭ বাংলাদেশি ফিরে গেলেন।
আজ শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশে যাত্রা করে।
বিমানের এজিএম তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সে দেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে ফেরার আবেদন করে। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

অবশেষে চালু হয়েছে বসুন্ধরা সিটি শপিং মল

0

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে বসুন্ধরা সিটি শপিং মল।
আজ শুক্রবার (১২ জুন) সকাল ১০টা থেকে খুলে দেওয়া হয়েছে শপিং মলের সবগুলো প্রবেশদ্বার। সকাল থেকেই শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের প্রবেশ করতে দেখা যায়। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানার বিভিন্ন ব্যবস্থা থাকায় স্বস্তি প্রকাশ করেন গ্রাহকরা।
শপিং মলের ইনচার্জ শেখ আবদুল আলীম বলেন, আজ থেকে শপিং মল খুলে দেওয়া হলো। এখানে আসা সবার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ডিজইনফেকসনাল টানেল বসানো হয়েছে। প্রবেশের পূর্বে সবার শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে।

বিএনপির পক্ষে বাজেটের ব্যাপকতা বোঝা সম্ভব নয় : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পক্ষে এই বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়, এটাই স্বাভাবিক।
২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেটের ওপর আজ শুক্রবার (১২ জুন) নিজ বাসভবন থেকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে যোগ দেন তিনি। দলীয় কার্যালয়ে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভিডিও কনফারেন্সে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোনো ধরনের বিচার-বিশ্লেষণ না করে বিএনপি আগেভাগে প্রস্তুত করা ও মনগড়া পুরনো ও গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপির নেতারা গত ১১টি বাজেট ঘোষণার পর বাজেট নিয়ে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং বরাবরই বলেছেন, বাজেট বাস্তবায়ন হবে না।’
তিনি বলেন, ‘অর্থনীতি মুখ থুবড়ে পড়বে- বিএনপি নেতাদের এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করতে দেখা গেছে। এবারও তারা সংকট জয়ের সুপরিকল্পিত উদ্যোগ এই বাজেটের বিরুদ্ধে চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশে শুধু স্বাস্থ্যখাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতায়, ভিন্ন প্রেক্ষাপটে প্রণীত। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। করোনা ভাইরাসে সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার-বিশ্লেষণ করে; সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণিত হয়েছে এবারের বাজেট। যা জীবন-জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের সময়োচিত সাহসী চিন্তার ফসল। গতানুগতিক ধারার সঙ্গে ‘আউট অব বক্স’ চিন্তার সমন্বয় করে সংকট জয়ের নবউদ্যোম সৃষ্টিতে এই বাজেট পেশ করা হয়েছে।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপে বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমায় এটি যুগোপযোগী ও জনকল্যাণমুখী বাজেট।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, সব দিক বিবেচনায় নিয়ে করোনার কবল থেকে ‘অর্থনীতি পুনরুদ্ধারের’ এক ভারসাম্যপূর্ণ বাজেট হচ্ছে এবারের বাজেট। এটি একটি জনবান্ধব ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা। যার মাধ্যমে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎসাহ পাবে। এতে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। বাজেটে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। কর্মসংস্থানের ধারাবাহিকতার সামঞ্জস্য রাখা এবং ভবিষ্যত অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে মেগাপ্রকল্পসমূহ চলমান রাখা হয়েছে। অর্থনৈতিক অঞ্চলসমূহেও ২০.২৫ মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের শিরোনাম করা হয়েছে ‘অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যত পথ পরিক্রমা’। করোনা পরিস্থিতি বিবেচনায় প্রস্তাবিত বাজেটকে একটা আপৎকালীন বাজেট বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী।

করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৭১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১০৪৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৪৭১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৫২৩ জন।
আজ শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৭১ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯৫ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৫০ জন।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সোয়া চার লাখ ছুঁই ছুঁই। তবে সাড়ে ৩৮ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়াল, মৃত্যু ৪ লাখ ২৩ হাজার

0

চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া নভেল করোনা ভাইরাস (কভিড ১৯) ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮১৯ জনের। যা আক্রান্তের ৫.৫৮%। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ লাখ ৪১ হাজার ৩৩৮ জন। যা আক্রান্তের ৫০.৫৭%।
বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়িয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনার তথ্য প্রকাশকারী ওয়েবসাইট কভিডভিজ্যুয়ালাইজার থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। নিউমোনিয়ার মতো লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাস এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলা ব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। এই রোগ মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে।

যুক্তরাষ্ট্রে অ্যান্টিবডি ককটেল মানবদেহে প্রয়োগ

0

অ্যান্টিবডি ককটেলের হিউম্যান ট্রায়াল শুরু করেছে যুক্তরাষ্ট্র। যা করোনা রোগীকে সুস্থ করে তোলার পাশাপাশি ভাইরাস প্রতিরোধও করবে।
বুধবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় ওই অ্যান্টিবডি ককটেলের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। চার ধরনের ব্যক্তিদের ওপর এটি প্রয়োগ করা হয়েছে।
তারা হলেন- যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, যাদের রোগের লক্ষণ রয়েছে তবে হাসপাতালে ভর্তি করা হয়নি, যেসব ব্যক্তি সুস্থ আছেন কিন্তু অসুস্থ হওয়ার উচ্চ ঝুঁকিতে এবং স্বাস্থ্যকর ব্যক্তিরা যারা অসুস্থ ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে এসেছেন।
জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ডা. আনোয়ার হাশিমের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল এবং কিং আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে সৌদি ভ্যাকসিন ইন্সটিটিউট একসঙ্গে করোনার ভ্যাকসিন তৈরিতে কাজ করছে।
খবরে বলা হয়, ভাইরাসটির চিকিৎসায় বিশ্বের অন্যান্য অঞ্চলে তৈরি করা ভ্যাকসিনগুলোতে শূকর এবং অ্যালকোহলের মতো নিষিদ্ধ জিনিসও ব্যবহার করা হচ্ছে।
ইসলামী আইন অনুযায়ী শূকরের গোশত বা এর ডেরাইভেটিভ ব্যবহার নিষিদ্ধ করে। মধ্য আফ্রিকা এবং পূর্ব এশিয়ার মুসলিম জনগোষ্ঠী ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণে কোনো সন্দেহযুক্ত ভ্যাকসিন ব্যবহার করতে চায় না। এ কারণে সৌদি আরব ইসলামে অনুমোদিত উপাদান দ্বারা ভ্যাকসিন তৈরি করছে। যাতে মুসলমানরা বিনা দ্বিধায় এটি ব্যবহার করতে পারে।

যুক্তরাজ্যকে টপকে আক্রান্তে শীর্ষ চারে ভারত

0

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান এখন চতুর্থ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে তালিকায় চতুর্থ স্থানে ছিল যুক্তরাজ্য, সেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজারের কিছু বেশি। সর্বোচ্চ আক্রান্তের তালিকায় ভারতের আগে রয়েছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের অবস্থান।
গত ৩০ জানুয়ারি ভারতের কেরালায় প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন জারি করা হয়। সেই সময় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫০০-এর কিছু বেশি। মৃতের সংখ্যা ছিল মাত্র ১০ জন। তবে সম্প্রতি লকডাউন শিথিল করতে শুরু করেছে ভারত। আর এর মধ্যেই দ্রুত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৪ মে এর পর থেকে বেড়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সময় প্রথম ১০টি আক্রান্ত দেশের তালিকায় প্রবেশ করে ভারত। তখন থেকে মাত্র ১৮ দিনে চতুর্থ স্থানে গেল দেশটি। যদিও এখন ৩০ জুন পর্যন্ত পঞ্চম পর্যায়ের লকডাউন চলছে, তবে বাস, ট্রেন, অভ্যন্তরীণ বিমান চলাচল পরিষেবা, বেশিরভাগ অফিস,বাজার, শপিং মল এবং ধর্মীয় স্থান খোলা হয়েছে, কঠোর নিরাপত্তা বজায় রেখে তাদের কাজকর্ম শুরু করতে বলা হয়েছে।
ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। এর পর রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। দেশের রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৮৭ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১ লাখ ১৬ হাজার ছাড়াল

0

আগের তুলনায় যুক্তরাষ্ট্রে বেড়েছে সুস্থতার হার। তবে থেমে নেই করোনার তাণ্ডব। যার শিকার প্রায় ২১ লাখ আমেরিকান। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। দেশটিতে এখনও গড়ে প্রতিদিন ২০ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছে।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ২৩ হাজার ৩০০ জন। এতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৯০৪ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১৬ হাজার ৩৪ জন মানুষের মৃত্যু হলো করোনায়। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ১৬ হাজারে বেশি মানুষ।
এর মধ্যে সবচেয়ে বৃহৎ শহর নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ২ হাজার ছাড়িয়েছে। যেখানে ৩০ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে, যা সর্বোচ্চ সংক্রমণের অনেক দেশকেও ছাড়িয়ে গেছে।
দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ভাইরাসটি। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত ১ লাখ সাড়ে ৬৮ হাজার ২০৪ জনের শরীরে ভাইরাসটি চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়ও। যেখানে সংক্রমণ ১ লাখ সাড়ে ৪৩ হাজারে পৌঁছেছে। প্রাণহানি ৫ হাজার ছুঁই ছুঁই। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ৩০ হাজারের ৬০৩ জনে ঠেকেছে। প্রাণ গেছে ৬ হাজার ১৮৫ জনের।
সংক্রমণ ১ লাখ সাড়ে ৪ হাজারে ছাড়িয়েছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে সাড়ে ৭ হাজার জনের। আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার পেরিয়েছে টেক্সাসে। তবে, সেখানে প্রাণহানি কিছুটা কম। যার সংখ্যা ১ হাজার ৯৪৫ জন।
পেনসিলভেনিয়ায় সংক্রমণ ৮২ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ গেছে সেখানে ৬ হাজার ২০৫ জনের।

রেমিট্যান্স আহরণের নতুন রেকর্ড

0

প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের কারণে বিশ্ব অর্থনীতি বলতে গেলে স্থবির। এর মধ্যেই সুখবর দিল দেশের কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির চরম সংকটের মধ্যেও রেমিট্যান্স আহরণে নতুন রেকর্ড হয়েছে। চলতি অর্থবছর শেষ হওয়ার ২০ দিন আগেই প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৭০৬ কোটি ডলার বা ১৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।
বৃহস্পতিবার (১১ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে গত ১০ জুন পর্যন্ত প্রবাসীরা মোট ১ হাজার ৭০৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর আগে কোনো এক অর্থবছরে এত অর্থ দেশে আর আসেনি। অর্থাৎ অর্থবছর (২০১৯-২০২০) শেষ হওয়ার ২০ দিন আগেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
জানা গেছে, চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে ১ হাজার ৬৩৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান প্রবাসীরা। আর জুন মাসের প্রথম ১০ দিনে এসেছে ৭০ কোটি ডলার। সব মিলে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা হয়েছে ১ হাজার ৭০৬ কোটি ডলার। এর আগে গত ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়। ওই সময়ে প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল।
এই সফলতার পেছনে কাজ করেছে সরকারের প্রণোদনা ঘোষণা। চলতি অর্থবছরে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এর পর থেকেই রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে, যা চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ২০ শতাংশ।
তবে করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউনের কারণে দুই মাস (মার্চ ও এপ্রিল) রেমিট্যান্সের প্রভাব কমে যায়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ঈদের মাস মে-তে আবারও রেমিট্যান্স প্রবাহ বেড়ে য়ায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। সে সময় রেমিট্যান্স আসে ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। এর পর ২০১৫-১৬ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৩ কোটি ১১ লাখ মার্কিন ডলার, ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। আর ২০১৭-১৮ অর্থবছরের রেমিট্যান্স আসে এক হাজার ৪৯৮ কোটি ডলার, যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।
এদিকে চলতি অর্থবছরের মতো রেমিট্যান্স বাড়াতে আগামী অর্থবছরও এ খাতে ২ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রবাসীদের সামগ্রিক কল্যাণ ও সুযোগের সমতা নিশ্চিতকরণ, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি এবং ওই বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এ সময় লিখিত বাজেট বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক অভিবাসী কর্মী কর্মরত। গত ১০ বছরে পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ ও স্বল্পদক্ষ ক্যাটাগরিতে মোট ৬৬ লাখ ৩৩ হাজারের বেশি বৈদেশিক কর্মসংস্থান হয়েছে, যা এ পর্যন্ত মোট কর্মসংস্থানের প্রায় ৬০ শতাংশ। এর মধ্যে ২০১৯ সালে ৭ লাখের বেশি মানুষের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।