Home Blog Page 2891

করোনা মোকাবেলায় বিশেষ বরাদ্দ

0

আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে করোনাভাইরাস মোকাবেলা এবং অর্থনীতির পুনরুদ্ধারকে কেন্দ্র করে। তাই বাজেটে করোনা মোকাবেলায় থাকছে ১৬ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ।

এর মধ্যে ১০ হাজার কোটি টাকা রাখা হচ্ছে সরাসরি করোনা মোকাবেলায় খরচের জন্য। এ ছাড়া ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানার জন্য সরকার ঘোষিত প্যাকেজের সুদ খাতে খরচ বাবদ রাখা হচ্ছে সাড়ে তিন হাজার কোটি টাকা। আর দুই হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) শ্রমিকদের জন্য।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘করোনার প্রভাবে পুরো অর্থনীতি থমকে গেছে। ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলায় বাজেটে পৃথক বরাদ্দ রাখা ইতিবাচক দিক। তবে এসব বরাদ্দ যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

এদিকে, সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বাজেটে বাড়ানো হচ্ছে করমুক্ত আয়সীমা। চার অর্থবছর পর করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়ছে। এর ফলে করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা হচ্ছে।

এ ছাড়া আগামী অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা থাকছে বিশাল। তা ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে থাকবে নানা ছাড়। তাই আয়কর আদায় বাড়ানোর জন্য অন্ততপক্ষে ১০ লাখ নতুন করদাতা খুঁজে বের করার জন্য একটি ক্র্যাশ প্রগ্রাম হাতে নেওয়া হচ্ছে।

কাতার থেকে দেশে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

0

কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাংলাদেশিদের বহনকারী বিমানটি আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেছিলেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেওয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকিট সংগ্রহ করেন। কিন্তু শেষ মুহূর্তে ৫ জন যাত্রীর আসা হয়নি।
বিশেষ এই ফ্লাইটে অধিকাংশ যাত্রীই দেশটিতে বেকার অবস্থায় জীবন যাপন করছিলেন বলে জানা গেছে। এছাড়া, ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে গিয়েছিলেন এমন অনেক বাংলাদেশিও এই ফ্লাইটে ফিরেছেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরছেন। তাদের কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ নেই।
এর আগে, কাতার সরকার ও বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে দূতাবাস প্রথম ধাপে ৪১৪ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থা করে।
কাতারে প্রায় ৮ হাজার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরমধ‌্যে নয়জনের মৃত্যু হয়েছে।

বিকেলে সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

0

করোনাভাইরাস মহামারীর মধ্যেই গতকাল বসেছে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যার আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে এটি মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।
তবে এবার অধিবেশন হবে ১২-১৫ কার্যদিবসের। অধিবেশন কক্ষে যাতে দূরত্ব নিশ্চিত করা যায়, এ জন্য ৩৫০ জন সাংসদের সবাই সব দিন উপস্থিত হবেন না। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। এবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বও থাকছে না। সংসদ ভবনে দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেয়া হবে না।
২০২০-২০২১ অর্থবছরের স্বাস্থ্যখাতে বরাদ্দের প্রস্তাব করা হবে ২৯ হাজার ২৪৬ কোটি টাকা। এছাড়াও জনপ্রশাসনে ১ লাখ ৭১৫ কোটি, স্থানীয় সরকারের ৩৯ হাজার ৫৭৩ কোটি, শিক্ষা ও প্রযুক্তিতে ৮৫ হাজার ৭৬০ হাজার কোটি, কৃষি খাতে ২৯ হাজার ৯৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের কথা রয়েছে।
বাজেট কাঠামোতে মোট ব্যয় ৫ লাখ ৬৮ হাজার কোটি ও মোট আয় ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা।

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

0

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ বৃহস্পতিবার। সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে (১১ জুন) মুক্তি লাভ করেন তিনি।
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে।
আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত অপ্রতিরোধ্য আন্দোলন, আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
এ বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে সৃষ্ট সংকটে শেখ হাসিনার নির্দেশে সব ধরনের জনসমাগমপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পরিহার করায় দিবসটি উপলক্ষে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করছে না বাংলাদেশ আওয়ামী লীগ।
স্বাস্থ্যবিধি মেনে যার যার জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে পরম করুণাময়ের কাছে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সংকট জয়ের ঐক্যবদ্ধ সুরক্ষাব্যুহ সৃষ্টি করে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ণ লকডাউনের সুপারিশ জাতীয় কমিটির

0

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার বন্ধ করতে পূর্ণ লকডাউন প্রয়োজন বলে মনে করে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আর তাই সারাদেশে আক্রান্ত ও ঝুঁকির মাত্রার ভিত্তিতে যতটা বড় এলাকায় সম্ভব জরুরি লকডাউনের সুপারিশ করেছে কমিটি।
বুধবার (১০ জুন) কমিটির নবম সভায় স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য আলাদা হাসপাতালসহ পাঁচটি সুপারিশ করেছে বলে জানানো হয়েছে।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার পক্ষে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সুপারিশে আরও বলা হয়, চিকিৎসকসহ স্বাস্থ্যসেবা কর্মীরা ব্যাপক হারে করোনায় আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত বেশ কয়েকজন স্বাস্থ্যসেবা কর্মী মারা গিয়েছেন। এ হারে আক্রান্ত হতে থাকলে ও স্বাস্থ্যসেবা কর্মীদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা না থাকলে স্বাস্থ্যসেবা প্রবলভাবে ব্যাহত হবে। তাই হাই-ফ্লো অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানসহ স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য আলাদা হাসপাতাল চালু করা প্রয়োজন। একইসঙ্গে অত্যন্ত জরুরিভিত্তিতে সব হাসপাতালে হাই-ফ্লো অক্সিজেন থেরাপির প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর আগে এই প্রসঙ্গে কমিটি যে পরামর্শ দিয়েছিল সে লক্ষ্যে হাই-ফ্লো অক্সিজেন থেরাপির ব্যবস্থা সব হাসপাতালে চালু ও সম্প্রসারণ করার জন্য স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়কে পুনরায় জানানো হয়।
অন্য সুপারিশে কমিটি বলেছে, কোভিড-১৯ নির্ধারিত হাসপাতালগুলোতে সবসময় রোগী পূর্ণ থাকছে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে ইতোমধ্যে সব হাসপাতালে পৃথক এলাকা ঠিক করে কোভিড ও নন-কোভিড রোগীর চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব হাসপাতালে এ সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন হয়নি সেসব হাসপাতালে এ সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি কোভিড-১৯ রোগীদের চিকিৎসা ব্যবস্থা আরও বাড়ানো দরকার বলেও জানায় কমিটি। আর এজন্য বক্ষব্যাধি হাসপাতাল বা এরকম অন্য যে কোনও উপযুক্ত হাসপাতাল শিগগিরিই চালু করা দরকার।
কমিটির শেষ সুপারিশে বলা হয়, সরকার করোনা টেস্টের সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে সফলতা দেখিয়েছে। কিন্তু এখন পরীক্ষার মান উন্নয়ন ও দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যতদিন সময় কমানো সম্ভব না হয়, পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা না করে সন্দেহজনক রোগীর চিকিৎসা বা আইসোলেশন নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

করোনায় মৃত্যুর মিছিলে আরেক চিকিৎসক

0

দেশে করোনায় মৃত্যুর মিছিলে যোগ হলেন তানজিলা রহমান নামে আরো এক ডাক্তার। আজ বুধবার সকালে ঢাকার লালমাটিয়ায় মেরিস্টোপস ক্লিনিকের প্রধান কার্যালয়ের চিকিৎসক তানজিলা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি-এফডিএসআর জানিয়েছে, তানজিলা রহমানসহ করোনাভাইরাসে প্রাণ হারানো বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।

এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা তার বন্ধুদের মাধ্যমে জেনেছি। তিনি মারা যাওয়ার তিন দিন আগে সিএমএইচে ভর্তি হয়েছিলেন। আজ সেখানেই মারা যান। ডা. তানজিলা কভিড-১৯ আক্রান্ত ছিলেন বলেও তার বন্ধুরা জানিয়েছেন।

মেরিস্টোপস বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ হুসেইন চৌধুরী বলেন, ডা. তানজিলা রহমান মেটার্নিটি বিভাগের হেড অব কোয়ালিটি হিসেবে কাজ করতেন। তিনি করোনার আক্রান্ত হওয়ার পর থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

লাইফ সাপোর্টে থাকা নাসিমকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার

0

উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নিতে চায় তার পরিবার। ইতিমধ্যে তার পরিবার প্রক্রিয়াও শুরু করেছে।

আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, নাসিম ভাইয়ের ছেলে তানভীর শাকিল জয় আমাকে সকালে জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেওয়ার জন্য সেখানে কাগজপত্র পঠানো হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছে।

এদিকে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিক্যাল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন, অবস্থার তেমন উন্নতি হয়নি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম গত ৮দিন ধরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে থাকা অবস্থায় গত শুক্রবার সকালে ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। নাসিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম কয়েক দশক ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলেরও মুখপাত্র।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মোহাম্মদ নাসিম কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি স্বরাষ্ট্র, ডাক, তার ও টেলিযোগাযোগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিগত সরকারের তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে টানা পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন।

আমি জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সময় অনেক দেশ বাজেট দিতে পারছে না। কিন্তু আমরা একদিকে যেমন করোনা মোকাবিলা করবো, পাশাপাশি আমরা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করবো। তারা যেন কষ্ট না পায় সেজন্য যা যা করণীয় করে যাবো। আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি। আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি, এটাতে তো ভয় পাওয়ার কিছু নেই। ভয়ের কী আছে!

আজ বুধবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসে মরি, গুলি খেয়ে মরি, অসুস্থ হয়ে মরি, মরতে একদিন হবেই। এই মৃত্যু যখন অবধারিত সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাইনি। কখনো ভয় পাবো না। আমি যখন বাংলাদেশে ফিরে আসি, সেটা ছিল সেই বাংলাদেশ, যেখানে আমার বাবা, ভাই, বোন, শিশু ভাইটিকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। আমাদের পরিবারের বহুজনের সদস্য বুলেটবিদ্ধ, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বুলেটবিদ্ধ বা স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সবারই কাজ করার সুযোগ ছিল না। যারা নিয়মিত চাকরির বেতন পেতেন তার বাইরে কিছু লোক থাকেন, যারা ছোটখাট কাজ করে খান, ব্যবসা করে খান, এমন প্রতিটি মানুষের খবর নিয়ে নিয়ে তাদের ঘরে ঘরে খাবার দেয়ার ব্যবস্থা করি। এমনকি রিকশার পেছনে যারা আর্ট করে, সাংস্কৃতিককর্মী, তাদেরকে কিছু সরকারিভাবে, কিছু আমাদের ত্রাণ তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করেছি। আর্টিস্ট বা শিল্পী কিংবা শিল্পীদের সহযোগিতা করে যারা, তাদের কথা কেউ ভাবে না। এই ভাবনাটা কিন্তু আমার নিজের না, সত্যিকারের কথা বলতে কি- এটা শেখ রেহানার চিন্তা। সে-ই কিন্তু খুঁজে খুঁজে তাদের সাহায্য দেয়ার ব্যবস্থা করেছে।

তিনি বলেন, আল্লাহ জীবন দিয়েছেন, একদিন সে জীবন নিয়ে যাবেন। আর আল্লাহ মানুষকে কিছু কাজ দেন। সেই কাজটুকু যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ হয়তো আমি কাজ করে যাব। যখন কাজ শেষ হয়ে যাবে, সময় শেষ হবে, তখন আমি চলে যাব। তাই এই নিয়ে চিন্তার কিছু নেই।

এবারের বাজেট অধিবেশন চলবে স্বাস্থ্যবিধি মেনে : স্পিকার

0

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, এবারের বাজেট অধিবেশন শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই চলবে। এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে করেনা সংক্রমণ পরিস্থিতিতে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি, শারীরিক দূরত্ব, মাস্ক, হ্যান্ড গ্লাভস- এসব অনুসরণ করেই অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে উত্থাপিত হবে বাজেট।

আজ বুধবার (১০ জুন) অধিবেশনের শুরুতে তিনি একথা জানান।

স্পিকার বলেন, বাজেট অধিবেশনে সরকারি ও বিরোধীদলের সদস্যরা অংশ নেবেন। আগামী ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন জাতীয় বাজেট পাস হবে। এবারের অধিবেশন সীমিত সময়ের জন্য অনুষ্ঠিত হচ্ছে।

অধিবেশনের জন্য নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন কর্নেল (অব.) ফারুক খান, এবিএম তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ অধিবেশন পরিচালনা করবেন।

কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে করোনাকালের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার বিকেল ৫টায়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই বাজেট ও অষ্টম অধিবেশন শুরু হয়।

এদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংসদে যাননি। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ অধিবেশনে উপস্থিত আছেন।

শ্রমিক ফেরত না পাঠাতে আমিরাতকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

0

করোনা মহামারির কারণে বাংলাদেশি শ্রমিকরা যেন চাকুরিচ্যুত হয়ে দেশে ফেরত না আসে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আল সায়েঘের সাথে ফোনে আলাপকালে তিনি এ অনুরোধ করেন।

সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে ড. মোমেন বলেন, কেউ চাকুরিচ্যুত হলেও যেন কমপক্ষে ৬ মাসের সমপরিমাণ ভাতা ও অন্যান্য সুবিধা পায়। তিনি সেদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন। এ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্থ করা হয়।

ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশে কোয়ারেন্টিনের সুবিধা নিশ্চিত করতে কোনো বাংলাদেশি শ্রমিক সংযুক্ত আরব আমিরাত থেকে যদি ফেরত আসতে চায় তবে তারা যেন করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ ধাপে ধাপে আসতে পারে।

ড. মোমেন বাংলাদেশ থেকে সবজি এবং হালাল চিকেন ও গরুর মাংস আমদানি করতে সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেন। তাছাড়া সেদেশে কৃষির উন্নয়নে বাংলাদেশের কৃষি শ্রমিকদের কাজে লাগাতে পারবে বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উল্লেখ করে ড. মোমেন সেদেশের উন্নয়নে আহমেদ আল সায়েঘের বাবার দুরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশে শ্রমিকদের সহায়তার জন্য Covid 19 Recovery & Response Fund গঠনে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পারিক অংশীদারিত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী উল্লেখ করেন। ওআইসির সভাপতি হিসেবে সংযুক্ত আরব আমিরাত এ সংস্থার ব্যবস্থাপনা, জনবল, আর্থিক কাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এ সময় করোনা মোকাবিলায় বাংলাদেশে মাস্ক, স্যানিটাইজারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রেরণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান ড. মোমেন।