Home Blog Page 2893

দ্বিতীয়বার সিভিএফের সভাপতি হল বাংলাদেশ

0

জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং ভালনারেবল টোয়েন্টি (ভি-২০) গ্রুপের দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১০ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মার্শাল আইল্যান্ড থেকে এ দায়িত্ব গ্রহণ করার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আগামী ২০২০-২০২২ মেয়াদে এ দুই জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিএফ ও ভি-২০ গ্রুপের সভাপতি হিসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে থাকা দেশগুলোর কণ্ঠস্বর হয়ে উঠবে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের স্বার্থ তুলে ধরবে।
সংবাদ সম্মেলনে মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাস্টেন এন নেমরা বলেন, আশা করি, ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে কথা বলার ক্ষেত্রে ’ভাষাহীনদের ভাষা’ হয়ে উঠবে বাংলাদেশ।
এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
৪৮টি দেশ নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ফোরাম সিভিএফ বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে।
গত মেয়াদে সিভিএফের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর অবস্থান তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের আগে সিভিএফ প্রতিষ্ঠা করেছিল মালদ্বীপ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইথিওপিয়ার বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক কমিশনার ফেকাদু বেয়েনে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

সৌদি আরবে করোনায় ২৬৪ বাংলাদেশির মৃত্যু

0

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে আরও ৩৭ জন।
করোনাভাইরাস নিয়ে নিয়মিত বুলেটিনে মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবে এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৫৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৭৩০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩৩৯ জন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের তথ্যানুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ২৬৪ বাংলাদেশি করোনায় মৃত্যুবরণ করেছেন।

তাদের মধ্যে জেদ্দা অঞ্চলে ১৬৪ ও রিয়াদ অঞ্চলে ১০০ জন। চিকিৎসাধীন প্রায় ১১ হাজার।
করোনার সংক্রমণ ঠেকাতে গত ৫ জুন হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার প্রবেশপথ বন্দরনগরী জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করে সৌদি আরব।
লকডাউনের পাশাপাশি বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও চলছে। সেখানে মসজিদগুলোতে নামাজ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সব সরকারি-বেসরকারি কর্মীদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
দেশটির অন্য শহরগুলোতে নামাজের জন্য মসজিদ খোলা রয়েছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চলে একাত্তরটি মসজিদ বন্ধ করা হয়েছে। মুসল্লিদের সংক্রমণ থেকে বাঁচাতে ওই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

অতিরিক্ত ভাড়া নিলে রেজিস্ট্রেশন-রুট পারমিট বাতিল : মন্ত্রণালয়

0

করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি না মানলে এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে গাড়ির রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সরকার কতিপয় শর্ত সাপেক্ষে সীমিত আকারে গণপরিবহন চালু করেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কতিপয় গণপরিবহন কর্তৃক স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে মর্মে প্রচার হচ্ছে।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ শিরোনামকে উদ্ধৃত করে নির্দেশনায় বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা সরকারি নির্দেশনা ও ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায় যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা/প্রচলিত বিধি-বিধান অনুযায়ী রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করে বিআরটিএ চেয়ারম্যানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে জানাতে বলা হয়েছে নির্দেশনায়।
প্রসঙ্গত, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার জন্য গত ৩১ মে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সমঝোতায় লাদাখ থেকে সেনা সরাল চীন ও ভারত

0

সীমান্তবর্তী লাদাখের বেশ কিছু এলাকা থেকে সমঝোতার মাধ্যমে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে চীন ও ভারতের সেনাবাহিনী।

মঙ্গলবার সরকারি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে বুধবার আলোচনার আগেই এমন খবর আসলো।

প্যাংগং সো লেক এলাকা ছাড়া চীনা সেনাবাহিনী দুই থেকে তিন কিলোমিটার সরে গিয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

অন্যদিকে, ভারতও তাদের কিছু সংখ্যক সেনা ও যানবাহন ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছে।

সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি সপ্তাহে আলোচনা হতে চলেছে দুই দেশের সেনাবাহিনীর। পেট্রোলিং পয়েন্ট ১৪ (গালোয়াঁ), পেট্রোলিং পয়েন্ট ১৫ এবং গুরুত্বপূর্ণ এলাকায় আলোচনা হতে পারে।

চীনের সেনাদের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যেই চুসুলে পৌঁছেছে ভারতীয় সেনা প্রতিনিধি দল।

এর আগে সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ‘যত দ্রুত সম্ভব’ চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রস্তাবনা চায় ভারত।

পূর্ব লাদাখে গত সপ্তাহে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি হওয়া নিয়ে গত সপ্তাহে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনাকে ‘ইতিবাচক’ বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ৫ ও ৬ মে প্যাংগং লেক এলাকায় দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে বিচ্ছিন্ন লড়াইয়ের পরেই সীমান্তে উত্তেজনা ছড়ায়। দুপক্ষই অতিরিক্ত মোতায়েন করে।

পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসছে বুধবার

0

পদ্মা সেতুতে বসতে যাচ্ছে ৩১তম স্প্যান। বুধবার (১০ জুন) ২৬ ও ২৫ নম্বর খুঁটিতে বসবে এই স্প্যান। এ দুই খুঁটির মাঝামাঝি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের চ্যানেল। ৩১৪০ মেট্রিক টন ওজনের ১৫০ মিটার দীর্ঘ স্প্যানটি স্থাপনে নিরাপত্তার স্বার্থে ৮ ঘণ্টার জন্য এ নৌরুট বন্ধ রাখা হচ্ছে।

এ নৌরুটের ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল বন্ধ রাখার জন্য বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএকে চিঠি দিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের পরিচালক শফিকুল ইসলাম জানান, এ ৮ ঘণ্টায় বিকল্প রুটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচলের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

৩১তম স্প্যানটি জাজিরা প্রান্তের শেষ স্প্যান। এটি বসে গেলে সেতুর বিশেষ একটি ধাপ সম্পন্ন হবে। এতে বসে যাওয়া ৩১তম স্প্যানের মধ্যে ২৯টি স্প্যান একসঙ্গে যুক্ত হবে। অর্থাৎ জাজিরা থেকে এই স্প্যান যুক্ত হয়ে মাওয়ার কাছাকাছি চলে আসবে। সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৪২তম খুঁটি থেকে ১৩তম খুঁটি পর্যন্ত এই সেতু বন্ধন হতে যাচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি ব্যস্ততম নৌরুটের কারণে ২৬তম খুঁটি স্থাপনে বিলম্ব হয়। সেখানেও বিকল্প চ্যানেল কেটে দিয়ে খুঁটিটি স্থাপন করতে হয়েছিল। বর্ষা মৌসুমে জাজিরার ৪২তম খুঁটি থেকে মাওয়ার ১৩তম খুঁটি এলাকা পর্যন্ত লাখ লাখ ঘন ফুট পলি পরে নব্যতা সৃষ্টি হয়। তাই ভরা বর্ষার আগেই এই স্প্যান স্থাপন করা না গেলে নাব্যতা সঙ্কটের বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতো। তাই বর্ষার পলি আসার আগেই এই স্প্যান স্থাপন হতে যাচ্ছে। এতে সংশ্লিষ্টরা খুশি। এখন মাওয়া প্রান্তে আর মাত্র ১০টি স্প্যান বসানো বাকী থাকছে। যা ভরা বর্ষায়ও খুঁটির ওপর বসাতে নাব্যতা বাঁধা হতে পারবে না। কারণ মাওয়ার এই অংশে মূল পদ্মা। সব সময় স্রোত বইতে থাকে। এখানে পলি জমতে পারে না। এই অংশের ৫, ৬ ও ৭ নম্বর খুঁটিতে দুই স্প্যান বসেছে আগেই। এখন এই দুই স্প্যানের দু’পাশে বাকি ১০ স্প্যান বসে গেলেই পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার দৃশ্যমান হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ৩১তম স্প্যানটি আগামী ১১ জুন বৃহস্পতিবার বসানোর সব কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত বৈরী আবহাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে একদিন আগে বুধবার এটি বসানোর পরিকল্পানা করা হয়েছে।

এদিকে “৫-এ” নম্বর স্প্যানটি মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে পূর্বনির্বারিত বুধবার সকালেই রওনা হচ্ছে। সাড়ে তিন হাজার ধারণ ক্ষমতার ভাসমান এটি ইয়ার্ড থেকে পাজা করে নিয়ে সরাসরি ২৫ ও ২৬ নম্বর খুঁটির সামনে প্লেস করবে। এরপরই ১১টা থেকে নৌরুট বন্ধ হয়ে যাবে। পরে ইঞ্চি ইঞ্চি মেপে বসিয়ে দেয়া হবে খুঁটিতে। সেই অনুযায়ী বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে।

সেতু বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী বুধবার যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সেতু বিভাগ।

এর আগে গত ৩১ মে পদ্মা সেতুর ৩০তম স্প্যান খুঁটির ওপর বসানো হয়। স্প্যানটি জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়। এতে সেতুর দৃশ্যমান হয় সেতুর ৪৫০০ মিটার বা সাড়ে ৪ কিলোমিটার।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

বিকালে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

0

আজ বুধবার (১০ জুন) একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সংসদে বাজেট পেশের ইতিহাসে এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে এ অষ্টম অধিবেশন শুরু হচ্ছে। বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে।

করোনা পরিস্থিতিতে সংসদ সচিবালয় থেকে এবার সম্পূর্ণ নতুনভাবে এমনকি অনেক ক্ষেত্রে বিধি নিষেধ ও কড়াকড়ি আরোপ করে বাজেট অধিবেশন পরিচালনার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

এর মধ্যে গণমাধ্যমকর্মীদের সংসদে না গিয়ে সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে বাজেট অধবেশনের সংবাদ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় বাজেট উত্থাপনের দিন বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে বাজেট প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানানো হয়নি।

করোনা পরিস্থিতির কারণে এবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতিও সীমিত করা হয়েছে। ৩৫০ সংসদ সদস্যের মধ্যে তালিকা করে ৮০-৯০ জনকে অধিবেশনে যোগদানের জন্য বলা হবে। এরই মধ্যে তালিকা করে হুইপদের পক্ষ থেকে ওই সব সংসদ সদস্যকে বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যারা একটু বয়স্ক তাদের আসতে নিরুৎসাহিত করা হয়েছে।

অধিবেশন পরিচালনার জন্য সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আসাও সীমিত করা হয়েছে। শুধু যাদের প্রয়োজন হবে তারাই আসবেন। আর যেসব কর্মকর্তা-কর্মচারী করোনা পজিটিভ তাদের কোয়ারেন্টিনে রাখা হবে।

করোনা সংক্রমণ রোধে সংসদে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে।

একইভাবে অন্যদের আসনও ফাঁকা রেখে বিন্যাস করা হবে। সংসদে যোগদানকারী সংসদ সদস্যদের অবশ্যই স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। এ ছাড়া টানেলের ভেতর স্থাপন করা জীবাণুমক্তকরণ চেম্বারের ভেতর দিয়ে সব সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে হবে।

এ ছাড়া করোনা পরিস্থিতির কারণে এবার বাজেট অধিবেশন খুবই সংক্ষিপ্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে ১২ কার্যদিবস চলবে এবারের অধিবেশন। এরই মধ্যে বাজেট অধিবেশন নিয়ে সংসদ সচিবালয় একটি সূচি তৈরি করা হয়েছে।

১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকাল ৩টায় ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। এবারের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৬০ হাজায় কোটি টাকারও বেশি। বাজেট পেশের পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি অধিবেশনের মুলতবি থাকবে। ১৪ ও ১৫ জুন ২০১৯-২০২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হতে পারে।

১৬ জুন প্রস্তাবিত (২০২০-২০২১ অর্থ বছরের) সাধারণ বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ২৯ জুন সোমবার বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে। এদিনই পাস হবে অর্থবিল। ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস করা হবে। ক্যালেন্ডার অনুযায়ী, অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক শুরু করে একটানা দুপুর দেড়টা পর্যন্ত চালানোর কথা রয়েছে।

ওয়েব সিরিজে অশ্লীলতা চলছে (ভিডিও)

0

দেশীয় ওয়েব সিরিজে এখন অবলীলায় চলছে অশ্লীলতা । আর এতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় তারকারা। সেন্সরশিপ না থাকায় জনপ্রিয় নির্মাতাদের নির্মিত ওয়েব ধারাবাহিক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো এখন আর পারিবারিকভাবে দেখার অবস্থায় নেই। কারণ গল্পে থাকছে অশ্লীল সংলাপ এবং সহিংসতার দৃশ্য। বলা যায় ব্যবসায়িক স্বার্থে দর্শক টানতে বিদেশী অনুষ্ঠানগুলোর সাথে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন দেশের কনটেন্ট নির্মাতা ও অভিনয় শিল্পীরা।
গত ২৭ মে অনলাইনে মুক্তি পেয়েছে ‘সত্য ঘটনা অবলম্বনে’ শিহাব শাহীন পরিচালিত ক্রাইম থ্রিলার ‘আগস্ট ১৪’। ঐশী নামে বখে যাওয়া এক মেয়ের গল্প এটি। সে পুলিশ কর্মকর্তার মেয়ে। ২০১৩ সালে যে মেয়েটি মা-বাবাকে নির্মমভাবে খুন করেছিল। আলোচিত সেই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে সিরিজটি। এই ধারাবাহিকে তুশি চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মনিরা মিঠু, শাওন, তানভীর প্রমুখ।
সেখানে দেখা যায়, বন্ধুদের সাথে শারীরিক সম্পর্ক, বাসায় একা নীল ছবি দেখার মুহূর্তসহ নানা কুরুচিপূর্ণ দৃশ্য। থ্রিলারের শুরুতেই বলে নেয়া হয়, এটি ১৮ বছরের কম বয়সী দর্শকের জন্য নয়। আর এমন অশ্লীল দৃশ্যগুলোতে অবলীলায় অভিনয় করেছেন তিশা, যেভাবে আগে কখনোই তাকে দেখা যায়নি।

আদনান ফারুক হিল্লোল ও নাজিয়া হক অর্ষা অভিনীত ওয়েব সিরিজ ‘বুমেরাং’ মুক্তি পেয়েছে ঈদে। সিরিজের শুরুটাই চমকে দেবে দর্শককে। পর্দায় বাংলাদেশী অভিনয়শিল্পীদের এত নিবিড় বিছানার দৃশ্য এর আগে কখনো দেখানো হয়েছে কি না, তা নিয়েও ভাবাবে দর্শককে। সিরিজটির নির্মাতা ওয়াহিদ তারেক জানান, ‘আমরা গল্পের বাইরে কিছুই দেখাইনি। আমাদের তিনটি স্টোরির বেসিক জিনিস হচ্ছে কারমা। এখন কারমার ব্যাপারে আমরা ভায়োলেন্স বলেন, সেক্স বলেন, খুব বেশি কাটছাঁট করিনি। আদিরস নিয়ে যখন কাজ করছি, সেভাবেই তাকে গল্পে উপস্থাপনের চেষ্টা করেছি। যে যেভাবে দেখবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি গল্পের বাইরে গিয়ে কোনো অশ্লীলতা কখনো দেখাতে চাই না।’
এসব ওয়েব সিরিজ দেখে অনেক দর্শক বিস্মিত ও হতাশ। তারা বলছেন, এটি সমাজ এবং সংস্কৃতির জন্য নিঃসন্দেহে একটি অশনি সঙ্কেত। বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারলে এ জাতীয় কার্যক্রম প্রতিটি পরিবারে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। টাকার লোভে এমন অশ্লীল ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরিতে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থারও দাবি জানান তারা।

এর আগে ২০১৭-১৮ সালে অনলাইনে মুক্তি পাওয়া কিছু নাটকে দেখা যায় কতিপয় তারকার খোলামেলা দৃশ্য। সেই সময়ে ‘আবাসিক হোটেল’, ‘হেলেন অব ট্রয়’ সিরিজগুলোতে কিছুটা খোলামেলা দৃশ্য থাকায় বেশ সমালোচনার মুখে পড়েন সেগুলোর নির্মাতা এবং শিল্পীরা।
বিশেষ করে গত ১৮ সালের রোজার ঈদে ইউটিউব চ্যানেলে একাধিক ধারাবাহিক নাটক প্রকাশ পায়। তার মধ্যে সিএমভির ইউটিউব চ্যানেলে ৭ পর্বের ‘আমি ক্রিকেটার হতে চাই’ ও ‘অ্যাডমিশন টেস্ট’, ‘এল আমোর টিভি’ নামে ইউটিউব চ্যানেলে ‘টেস্টিং সল্ট’, বাংলা ঢোলের উদ্যোগে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বাংলা ফিক্সে প্রচার পায় বিশেষ নাটক ‘উপহার’।

এ ছাড়া ঈদুল ফিতরের ধারাবাহিকতায় ঈদুল আজহায়ও প্রকাশ পায় একাধিক নাটক। এর মধ্যে সিএমভির ব্যানারে সাত পর্বের ওয়েব সিরিজ ‘দ্য লিস্ট’, ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে সাত পর্বের দুই সিরিজ ‘বাঘবন্দী’ ও ‘আবাসিক হোটেল’, কিংবা টয়া অভিনীত ‘পালাবি কোথায়’ উল্লেখযোগ্য।
এসব গল্পের মাধ্যমে ইতিবাচক বার্তা দিতে গিয়ে নেতিবাচক বিষয়গুলোকেই যৌনতার মাধ্যমে তুলে ধরা হয়। বিশেষ করে সে বছর ঈদুল আজহায় প্রচারিত ‘পালাবি কোথায়’ দেখে অনেকে বিব্রত বোধ করেছেন। ঈদের ‘লিস্ট’, ‘বাঘবন্দী’ প্রভৃতি ওয়েব সিরিজে যৌনতা, অশালীন সংলাপ ও অঙ্গভঙ্গি, মাদকগ্রহণের বিষয়গুলো সমালোচনার জন্ম দেয়। অপর দিকে আরেক ওয়েব সিরিজ ‘আবাসিক হোটেল’-এর প্রমো রিলিজ হয়েছে। তা দেখে বিবেকবান দর্শক রীতিমতো বিস্মিত ও হতবাক । এ ছাড়া বর্তমানে আরেক নির্মাতা অনন্য মামুন নির্মাণ করেছেন একই রকমের ‘ফোন এক্স’ নামে ওয়েব সিরিজ।

এ বিষয়ে টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, বিষয়টি কিছুতেই কাম্য নয়। তিনি নির্মাতাদের উদ্দেশে বলেন পরিবার নিয়ে যা দেখতে পারবেন না তা দর্শকদেরও দেখানোর চেষ্টা করবেন না। তার মতে, নির্মাতা নির্মাণ করবেনÑ এটাই স্বাভাবিক। কিন্তু তা যদি অসামাজিক হয় তবে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। নিয়ন্ত্রণহীনভাবে যদি এ রকম মানহীন নির্মাণ চলতে থাকে তবে এ অঙ্গন ঝুঁকির মধ্যে পড়বে। তিনি বলেন, ওয়েব সিরিজ যাতে সেন্সরের মাধ্যমে প্রচারে যায় তার জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে লিখিত দাবি জানাবেন।
অন্য দিকে টেলিভিশন শিল্পীদের সংগঠন ‘শিল্পী সংঘের’ সভাপতি ক্রাইম থ্রিলার ‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজের অভিনেতা শহিদুজ্জামান সেলিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। নিজের বাসার ইন্টারনেট নষ্টের অজুহাত দেখিয়ে বলেন, তিনি যেহেতু এগুলো দেখেননি তাই কোনো মন্তব্য করতে পারবেন না। এ বিষয়ে সংগঠনের অন্য নেতা অভিনেতা নাসিমের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।

রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার এলাকায় সেনাটহল

0

পূর্ব রাজাবাজারকে রাজধানীর প্রথম রেডজোন এলাকা ঘোষণা করে পরীক্ষামূলক লকডাউনের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ ১২টার পর থেকে। লকডাউন নিশ্চিত করতে রাত ১২টা থেকে এ এলাকায় জোরদার করা হচ্ছে সেনা টহল। মঙ্গলবার (৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

জোনভিত্তিক লকডাউনের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে পূর্ব রাজাবাজার এলাকাকে গতকাল সোমবার ঢাকা উত্তর সিটির মেয়র লকডাউনের সিদ্ধান্তের কথা জানান।

লকডাউন চলাকালীন নির্দেশনায় জানানো হয়, যে ১৪ দিন লকডাউন চলবে সে সময় এ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দারা বাইরে যেতে পারবে না এবং বাইরের কেউ এ এলাকায় প্রবেশ করতে পারবে না। তবে, নিত্যপন্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবে এলাকাবাসী। যা বাসায় পৌঁছে দেয়া হবে। এটুআই ও ইক্যাব যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করবে।

হোম ডেলিভারির জন্য ইতিমধ্যে একদল প্রশিক্ষিত কর্মীবাহিনী তৈরি করা হয়েছে। যাদের অনলাইন সুবিধা নেই, নগদ অর্থে খাদ্যসামগ্রী ক্রয় করতে চান তাদের জন্য দু-একটি শাক-সবজি, মাছ-মাংসের ভ্যান, ভ্যানচালক ও পণ্যসামগ্রী সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হবে।

এবার চাকরি গেল ডিএসসিসিদর মশক শ্রমিকের

0

লার্ভিসাইডিং-এর কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তথা সরকারের সম্পদ নষ্ট করার দায়ে কর্মচ্যুত করা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক শ্রমিক রাজন দাসকে। অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অদক্ষ মশক শ্রমিক রাজন দাস ইচ্ছাকৃতভাবে লার্ভিসাইডিং এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দেয়ায় তাকে কর্মচ্যুত করা হয়।

একইসাথে, মশক নিধন কার্যক্রম সুপারভাইজিং এ দায়িত্ব পালনে অবহেলার জন্য অঞ্চল-২ এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকুরী বিধিমালা/২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সিটি কর্পোরেশনের সচিব বরাবরে কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, গত ৭ জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের আওতাধীন লালবাগের নবাবগঞ্জ পার্কে কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস “বছরব্যাপী সমন্বিত মশক নিধন” কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় লার্ভিসাইডিং কার্যক্রম সুপারভাইজ করতে মনিরুজ্জামানকে নির্দেশনা প্রদান করলেও তিনি সে সময় অনুপস্থিত ছিলেন এবং তার অনুপস্থিতির সুযোগে মশক শ্রমিক রাজন দাস লার্ভিসাইডিং এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে কর্পোরেশনের সম্পদ বিনষ্ট করেন। পরবর্তীতে এ বিষয়ে কর্পোরেশনের মেয়র তাপসের কাছে অভিযোগ করা হলে মেয়র অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে রাজনকে কর্মচ্যুত ও মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশনা দেন।

আলোচিত এসপি হারুন এবার তেজগাঁওয়ের উপ-কমিশনার

0

আলোচিত সেই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ এবার পুলিশের উপ-কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ডিএমপির একই আদেশে ডিসি পদের আরও চার কর্মকর্তার দপ্তর পরিবর্তন হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে লালবাগে, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের লালবাগ মুনতাসিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার লজিস্টিকস্, লজিস্টিকস্ বিভাগের মো. জিয়াউল আহসান তালুকদারকে পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টে (পিওএম-পশ্চিম) এবং পিওএম-পশ্চিম বিভাগের মোহাম্মদ নজরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালনের আগে ঢাকা মহানগর পুলিশে ছিলেন।