Home Blog Page 2896

করোনাভাইরাস: যেভাবে সেরে উঠলাম

0

মো. শরীফ মাহমুদ অপু

শিল্পী আপেল মাহমুদের জাগরণের গান ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে…’ গানটি আমি ডেঙ্গু ও কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর থেকে অসংখ্যবার শুনেছি। কারণ আমার কাছে মনে হয়েছে ঝঞ্ঝা-বিক্ষুব্ধ তীরবিহীন সাগরে নৌকা যখন এদিক-ওদিক হেলেদুলে যায়, তখন জীবন বাঁচাতে যেমন মাঝিকে বৈঠা হাতে সংগ্রাম করে যেতে হয়, ঠিক তেমনি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। শুধু লক্ষণ অনুযায়ী ওষুধ খেতে হয়। আমি সংগ্রামী মানুষ; জীবনে যা কিছু প্রাপ্তি ঘটেছে নিরন্তর সংগ্রামের মাধ্যমেই। আবারো সংগ্রাম করেই যেন জীবন ফিরে পেলাম। অদৃশ্য ঘাতকের সঙ্গে আমার যুদ্ধ জয়ের গল্প বর্ণনার উদ্দেশ্যই হচ্ছে পাঠকরা যদি এ যুদ্ধে শেষ পর্যন্ত জড়িয়েই যান তাহলে যেন এ লেখা থেকে কিছুটা উপকৃত হন।

পেশায় আমি জনসংযোগ কর্মকর্তা। মিডিয়ার মানুষদের সঙ্গেই আমার কাজ। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ; তারপর ২৬শে মার্চ থেকে পালাক্রমে সরকারি ছুটি চলতে থাকে ৩১ মে পর্যন্ত। কিন্তু ছুটির মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ যেন দ্বিগুণ হলো। ছুটির মধ্যেই গার্মেন্টস মালিক-শ্রমিকদের সাথে মিটিং নিয়মিত হয়ে গেল। তাছাড়া ছুটি সংক্রান্ত সভা, ব্যবসা-বাণিজ্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি করোনা-কালের আইন-শৃংখলার উন্নয়ন সংক্রান্ত সভাগুলি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সমাধান হচ্ছিল। এমনকি সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও সারাদিনব্যাপী সভা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে প্রতিটি সভায় নিয়মিত উপস্থিত থেকেছি। তাছাড়া করোনাভাইরাস প্রতিরোধে জননিরাপত্তা বিভাগ কর্তৃক গঠিত ‘করোনাভাইরাস প্রতিরোধে আইন-শৃঙ্খলা সহায়তা সমন্বয় সেল’ এ ও আমি নিয়মিত সদস্য হিসেবে কাজ করে গেছি। সেল থেকে সংবাদ সংগ্রহ করে তা সংবাদমাধ্যমে পাঠিয়েছি। এরইমধ্যে নিজ এলাকা কুমিল্লার বুড়িচংয়ে করোনা-কালের অভাবীদের মধ্যে ত্রাণ ও ঈদের উপহার দিয়ে এসেছি। এত ব্যস্ততার মাঝেও পুুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলেছি। বারবার হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার লাগানো, গ্লাভ্স ব্যবহার এমনকি আই প্রোটেক্টরও ব্যবহার করে চলেছি। এরই ফাঁকে ঘাতক ভাইরাসটি আমার দেহে প্রবেশ করে।

জ্বর ও পরীক্ষা পর্ব

মে মাসের ১৬ তারিখ শনিবার মন্ত্রণালয়ে প্রায় সারাদিন সভা চলছিল গার্মেন্টস শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে।

১৬ তারিখ রাতে খুব গরম ছিল, আমার শরীরেও অস্বাভাবিক অনুভূত হচ্ছিল। নিজের স্বভাববিরোধী হয়ে ফ্রিজ থেকে নামিয়ে এক গ্লাস বরফ ঠাণ্ডা পানি খেলাম। তখন যে প্রাণঘাতী ভাইরাসটি আমার গলায় বসে মিটিমিটি হাসছে সেটা আমি ঘূর্ণাক্ষরেও টের পাইনি। এভাবে ১৭ তারিখও শরীরের অস্বাভাবিকতা টের পেয়েছিলাম কিন্তু গা করিনি। ১৮ তারিখ সোমবার অফিস করি, করোনা-সেল এ কিছু কাজ করে বাসায় ফিরি। রাত দশটার দিকে এক সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি আমার কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন- জ্বর আছে কি না। মধ্য রাতে শরীরের তাপমাত্রা প্রচণ্ড রকম বাড়ছিল।

ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বন্ধু-বড় ভাই ডাক্তার উজ্জ্বল কুমার সাধুখাঁকে ফোনে জ্বরের অবস্থা জানালাম। সব শুনে তিনি আমাকে করোনার লক্ষণ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করলেন। তখন আমার জ্বর ছিল ১০৪ ডিগ্রি ফারেনহাইট এবং অন্য কোনো লক্ষণ তখনো প্রকাশ পায়নি। সব শুনে আমাকে বললেন- এখনতো ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে, আপনি ডেঙ্গু টেস্ট করিয়ে ফেলেন আগে। ছোট ভাই আবিরকে নিয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু টেস্ট করালাম। ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এলো। ওই দিন সন্ধ্যার পর থেকে কাশি শুরু হলো সাথে সামান্য গলাব্যথা। উজ্জ্বলদা-কে জানালাম। দাদা শুনে বললেন, ‘অপু ভাই, আমি যা ভাবছি ওই দিকেই যাচ্ছে মনে হয়। আপনি কাল কোভিড টেস্ট করেন। আপাতত ওষুধের পাশাপাশি ডেঙ্গুর জন্য প্রচুর তরল খাবার খেয়ে যান।’

আমি স্যারকে (মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী) ফোন করে আমার শরীরের অবস্থা জানালাম। স্যার সব জেনে আমাকে বাসা থেকে বের হতে না করলেন এবং কোভিড পরীক্ষা করার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম বড়ুয়া-কে ফোন দেয়ার পরামর্শ দিলেন। রাত বারোটার পর ডাক্তার উত্তম বড়ুয়াকে ফোনে পেলাম। উনি আমাকে পরদিন সকাল ১১টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যেতে বললেন এবং একজন ডাক্তারের মোবাইল নম্বর দিয়ে বললেন- সে তোমার সব ব্যবস্থা করে দিবে। করোনা-পরীক্ষার কথা ধানমণ্ডি জোনের এডিশনাল এসপি বন্ধু আব্দুল্লাহিল কাফি-কে বললে সে জানালো- যে শের-ই বাংলা নগর মহিলা মহা বিদ্যালয়ে পুলিশের তত্ত্বাবধানে প্রতিদিন কিছুসংখ্যক করোনা টেস্ট করে। “আপনি হাসপাতালে না গিয়ে শের-ই-বাংলানগর থানার ওসিকে বলেন, সে সব ব্যবস্থা করে দিবে।”

২০ তারিখ সকালে টেস্টের জন্য স্যম্পল দিয়ে আসলাম। ২১ তারিখ বিকেলে সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল থেকে সার্টিফিকেট পেয়ে ওসি সাহেব আমাকে ফোন করে জানায় যে আমি করোনা পজিটিভ। খবরটা পেয়ে আমি বাক্‌রুদ্ধ হয়ে যাই। ওসি জানে আলম আমাকে মোবাইলে পরামর্শ দিয়ে যাচ্ছেন সেদিকে আমার কোন মনোযোগই ছিল না। আমার চোখের সামনে যেন আমার দুই ছেলের ছবি ভাসছে। কথা শেষ করে উনি মাননীয় মন্ত্রী মহোদয়ের এপিএস মনির ভাই-কে আমার করোনা পজিটিভ হওয়ার খবর জানালেন; যাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের বাসা এবং অফিসের সবাই সতর্ক হয়ে যায়।

চিকিৎসা পর্ব

করোনা পজিটিভ জানার পর থেকেই আমি আমার মা-বাবার রুমে আলাদা হয়ে গেলাম। আমি পিতা-মাতা, ভাই, স্ত্রী সন্তান নিয়ে একসাথে থাকি। লকডাউন শুরু হওয়ার আগে আমার মা-বাবা কুমিল্লার বাড়িতে যান এবং পরবর্তীতে লকডাউন এ আটকা পড়েন। মনে প্রশান্তি পেলাম এই ভেবে যে উনারা বয়স্ক মানুষ; বাসায় থাকলে ক্ষতি হয়ে যেতে পারতো। বাসায় আমার স্ত্রী সন্তান আর ভাই। করোনা পজিটিভ খবর পাওয়ার পর ওরা যেন আমার গায়ের উপর এসে পড়তে শুরু করলো। আমি এদেরকে অনেকটা ধমক দিয়ে সরিয়ে দেই। এবং খুব রাগতস্বরে বলি- আমার রুমের আশেপাশে তারা যেন না আসে। যা বলার (কী কী লাগবে) মোবাইল ফোনে বলবো। স্ত্রী মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, তোয়ালেসহ নিত্য প্রয়োজনীয় জিনিস আমার রুমে দিয়ে গেল। ডাক্তার উজ্জ্ব দা ফোনে ১৫ মিনিটের মতো আমার একটি পরীক্ষা নিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে জানলেন জ্বর ১০২ ডিগ্রি ফারেনহাইট সঙ্গে কাশিসহ সামান্য গলা ব্যথা। তারপর হোয়াটসআপ -এ একটি প্রেসক্রিপশন পাঠালেন।

ডাক্তার আমাকে প্যারাসিটামল দিলেন, এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ দিলেন আর শ্বাসতন্ত্রের প্রদাহ কমাতে দিলেন মন্টিলুকাস্ট। সাথে দিলেন গ্যাসের ওষুধ, ভিটামিন সি, জিংক ও ভিটামিন ডি ট্যাবলেট। লিখে দিলেন বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণ পানি পান করতে। গরম পানির ভাপ নিতে; গরম পানি দিয়ে গড়গড়া করতে আর লেবু, আদা, লং, মধু দিয়ে চা অথবা সবুজ চা পান করতে।

শুরু করলাম বেঁচে থাকার যুদ্ধ। খবরটি শুনে বন্ধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ডা. স্বদেশ রঞ্জন সরকার ফোন দিলেন। তার পরামর্শও নিলাম। উনিও একই প্রেসক্রিপশন দিলেন। আমাদের ২৮তম বিসিএস ফোরামে ডাক্তার বন্ধুরা ফোনে পরামর্শ দিয়েছেন।

পরদিন ২৩ মে গায়ে ব্যথা শুরু হলো; যেন বিছানায় পিঠ লাগানোটাই ছিল কষ্টের। যথারীতি ডাক্তারের পরামর্শ নিলাম। পিঠে গরম পানির সেক নিলাম। পরামর্শমতো তা করতে থাকলাম। পরের দিন থেকে জ্বর কমে গেল। নিয়ম করে গরগরা করতে থাকলাম, দৈনিক তিনবার ভাপ নিতে থাকলাম। প্রতিদিন ২০ মিনিট করে ভাপ নিতে থাকলাম। স্ত্রী এটা আমাকে নিতে বাধ্য করত। আমি ভাপ নিয়েছি মসলা পানি দিয়ে। এটা অনেক কষ্টের হলেও আমি আমার মত করে একটি নিয়ম করে নিয়েছিলাম। যেহেতু ২০ মিনিট ভাপ নিতেই হবে ইউটিউব থেকে ভূপেন হাজারিকার- ‘সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত’, আপেল মাহমুদের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’- সহ মোট চারটি গান মনোযোগ সহকারে শুনতাম আর নাক-মুখ দিয়ে গরম পানির ভাপ নিতাম। ভাপ নিলে মনে হতো শ্বাসযন্ত্রের পুরোটা যেন পরিষ্কার হয়ে গেছে।

২৪ মে রোববার ঈদের আগের দিন পাতলা পায়খানা দিয়ে নতুন উপসর্গ শুরু হলো। স্যালাইন খাওয়া বাড়িয়ে দিলাম। অবশ্য ইতোমধ্যে ডেঙ্গু টেস্ট নেগেটিভ এসেছে। ওষুধ শেষ হয়ে গেলে কাফি ওষুধ কিনে দিত। এলাকার ছোট ভাই সৈকত ডাব, আনারস, তরমুজ, দুধ ইত্যাদি বাসায় পাঠাতে শুরু করে। নিত্য প্রয়োজনীয় বাজারসামগ্রী আমার ভাড়া বাসার ম্যানেজার কমল দত্ত করে দিত। পিপিই পরে সাহস করে সে আমার বাসার দরজা পর্যন্ত বাজার দিতে আসতো। যা হোক ঐদিন হঠাৎ ডায়রিয়া বেড়ে গেল তবে শরীরে জ্বর ছিল না। বিছানায় শুয়ে পড়ার মত অবস্থা। ডায়রিয়াটা ঈদের আগের দিন এবং ঈদের দিন আমাকে প্রচণ্ডভাবে দুর্বল করে দেয়। প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম বাসায় থেকেই চিকিৎসা করবো।

অসুস্থ হওয়ার পর থেকেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত খোঁজ নিচ্ছিলেন। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন স্যার খবর নিচ্ছিলেন।

হাসপাতলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি নিশ্চিত ছিলাম। অসুস্থ হওয়ায় র‌্যাব এর মহাপরিচালক আমাকে ফোন দিয়ে বলেছিলেন, ‘তোমার জন্য হাসপাতালে সিট থাকবে যখনই প্রয়োজন মনে করবা জানাবা।’ সেজন্য মনের মধ্যে অন্যরকম এক সাহস ছিল আমার। আমার জন্য পুলিশের রাজারবাগ ও ইমপাল্স হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ ছিল। কোভিড নন-কোভিড হাসপাতালে ছোটাছুটি করতেই অনেকের মৃত্যু হয়ে গেছে। যেহেতু ডায়রিয়া প্রকট ছিল সেজন্য আইসিডিডিআর’বি তে যোগাযোগ করে রেখেছিলাম যাতে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া যায়। স্যালাইন, ডাবের পানি ও রাইস স্যালাইন খেতে থাকি।

২৫ তারিখ ঈদের দিনে নিয়ম করে ওষুধ আর সারাদিন স্যালাইনের উপরেই ছিলাম। সাথে নিয়মে পরিণত হওয়া সকাল দুপুর রাতে ভাপ, ৫-৬ বার গড়গড়া, গরম চা ও মসলা পানি খাওয়া চলছিল। তখন দাবদাহ চলছিল। এর মধ্যেই এত গরম খাওয়া-দাওয়া, জীবনটাই যেন গরমে গরমময় হয়ে গেল। তার ওপর আমিষ, ভিটামিন খাওয়ার উপলক্ষ হিসেবে গরু, খাসি, মুরগি, ডিম , দুধ, মালটা ও কমলাসহ বিভিন্ন ধরনের ফল গেলা। ফাঁকি দিতে চেষ্টা করেছি কিন্তু পারিনি কারণ করোনাভাইরাসের এ সময়ে নিজের বউকে কেন যেন ‘পুলিশ’ ‘পুলিশ’ মনে হয়েছে। ছোট ভাই আবিরকে মনে হয়েছে গোয়েন্দা কর্মকর্তা। জ্বর,কাশি,গলাব্যথা আছে কিনা, ঠিকমতো খেয়েছি কিনা গরগরা গুনে গুনে পাঁচবার করেছি কিনা, শরীরের তাপমাত্রা মেপেছি কিনা, অক্সিজেন স্যাচুরেশন এর হার ৯২ এর উপরে কিনা, হার্টবিট ও স্ট্রেস কেমন ইত্যাদি খবর একটু পরপর নেয়া ছিল তাঁর কাজ। আমি ঘুমে থাকলে উঁকি দিয়ে এসে দেখতো আমার কী অবস্থা। এ দুজন গত প্রায় ২০ দিন কখন ঘুমিয়েছে আমি টের পাইনি।

ঈদের দিন সকালে আমার এক বছর বয়সী ছেলে তার মায়ের চোখকে ফাঁকি দিয়ে আমার ঘরে এসে কোলে ওঠার আবদার শুরু করে। জোরে ডাক দিয়ে তার মাকে বলি তাকে নিয়ে যেতে। এ কয়দিন আমি সন্তান দুটোকে বেশ বঞ্চিত করেছি বলা চলে। এক অজানা আতঙ্কের মধ্যে আমার করোনা-কালের ঈদটি কেটে যায়। যদিও ঈদের দিন বিকেলে বাসায় সবাই নতুন কাপড় পড়েছিল । মা-বাবাকে ছাড়া ঈদ করলাম। এদিকে আমার এলাকা বুড়িচংয়ের পূর্ণমতি গ্রামের মানুষ সবকটি মসজিদে আমার জন্য দোয়া পড়িয়েছে। আসলে মানুষ আমাকে কতটা ভালোবাসে সেটা হয়তো আমি জানতে পারতাম না আমার করোনাভাইরাসে আক্রান্ত না হলে। আমার জীবন নিয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া দুই থানার মানুষ যেন আতঙ্কিত হয়ে গিয়েছিল। কারণ আমি আক্রান্ত হওয়ার পর কুমিল্লায় আমার বয়সী বেশ কয়েকজন মানুষ মৃত্যুবরণ করে। আম্মা আমাকে ফোনে জানালেন যে আমার আত্মীয়দের মধ্যে ৫-৬ জন আমার জন্য কোরআন শরীফ খতম দিয়েছে। করোনা-কালে মানুষের ভালোবাসাই আমার প্রাপ্তি।

নিয়ম করে ওষুধ খেতে থাকি ও যথারীতি স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলি। এই সময়টাতে আমার ফোনে চাপ বাড়তে থাকে। কষ্ট হলেও সকল কল ধরার চেষ্টা করেছি। প্রতিটা ফোন কলই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মনে হয়েছে- তারা তো আমাকে নিয়ে উদ্বিগ্ন হয়েই ফোন করেছে। ফোনে সবাই আমাকে সাহস দিত। অনেকেই আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছে জানাতো। এলাকার মানুষজন বলতো মসজিদ, কবরস্থানসহ সামাজিক কাজগুলো সম্পূর্ণ শেষ করার জন্য হলেও আল্লাহ অপুকে বাঁচিয়ে রাখবেন।

পরদিন ২৬ মে ডায়রিয়া কমে যায়; জ্বর আর ওঠেনি। কিন্তু পিঠসহ শরীরের ব্যথাটা বেশ ছিল।

২৮ মে আবার আমার ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এবার আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ি। ডাক্তার উজ্জ্বলদা ও স্বদেশদা নিয়মিতই প্রতিদিন আমাকে ফোন দিতেন‌। উজ্জ্বলদা আমার উদ্বিগ্ন অবস্থা দেখে বললেন, ‘বেশি ওষুধ নিলে যে আপনি ভালো হয়ে যাবেন তা কিন্তু নয়। লক্ষণ অনুযায়ী যে ওষুধগুলি খেতে বলেছি সেগুলি খাবেন।’

তিনি এজিথ্রোমাইসিন ও মন্টিলুকাস্ট চালিয়ে যেতে বললেন পাশাপাশি বাকি স্বাস্থ্যবিধিও যাতে মেনে চলি সে পরামর্শ দেন।

তবে কোভিড-১৯ কে আমার কাছে চরিত্রহীন বলে মনে হয়েছে। মনে হল এ যে এক বর্ণচোরা গিরগিটি। একটা লক্ষণ কমে তো আরেকটা বাড়ে। একইভাবে ডাক্তাররাও লক্ষণ অনুযায়ী এক ওষুধ বন্ধ করে তো অন্যটা চালু করেন। এভাবে একটি রুমের মধ্যে আমার বন্দিদশা চলতে থাকে। এ এক অন্যরকম সময়। সব মিলিয়ে ২০ দিন আমি একটি রুমে।

তবে সময় কেটেছে প্রতিদিন দুটি পত্রিকা পড়ে, ইউটিউব এ গান শুনে, সুহৃদদের সঙ্গে ফোনে কুশল বিনিময় করে ও মুভি দেখে । আমি যখনই কোন সংকটে পড়ি তখনই হলিউডের ‘ট্রয়’ মুভিটা দেখি। ‘একিলিস’ চরিত্রটি বেশ আগ্রাসী; যেন সাহসী হিরোর প্রতিচ্ছবি। এ চরিত্রটি থেকে আমি সাহস সঞ্চয় করি। যদিও ব্যক্তি জীবনে আমাকে অধিকাংশ ক্ষেত্রে ‘হেক্টর’ এর মত ডিফেন্সিভ ভূমিকা পালন করতে হয়। ট্রয়সহ বেশ কিছু মুভি দেখি।

আল্লাহর উপর ভরসা ও নিজের মনের উপর সাহস রেখে সময়টা পার হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর হার মাত্র ১ দশমিক ৩৫ শতাংশ। একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থ হওয়ার জন্য লক্ষণ প্রকাশের প্রাথমিক পর্যায়েই বুঝতে পারা/শনাক্ত হওয়া, পারিবারিক সহযোগিতা এবং স্বাস্থ্যবিধি মেনে ওষুধ সেবনই মূলত প্রয়োজন। দেখা যাচ্ছে দেশে যেসব মানুষ মারা গেছে তাদের বেশিরভাগেরই রোগটি শনাক্তে দেরি হওয়া, পরিবারের উপেক্ষা অথবা পূর্বে বড় কোন শারীরিক সমস্যা ছিল। অবশ্য ব্যতিক্রমও আছে। আমার মনে সাহস ছিল, আমি জানতাম আমার ফুসফুসে ঢাকার দূষিত বায়ু ছাড়া বিষাক্ত আর অন্যকিছু নেই। আসলে এ সময় মনের জোরই প্রধান ওষুধ।

৩০ তারিখের পর থেকে আস্তে আস্তে লক্ষণগুলি কমে আসতে শুরু করে। কিন্তু নতুন করে জিহবা ও ঠোঁটের কোণে ঘা দেখা দেয়। মুখে স্বাদ ও নাকে কোনো গন্ধ পাইনি। নিয়মিত ওষুধ সেবন, ভাপ নেওয়া, গরম পানির গড়গড়া, গরম পানি ও চা পান চলতে থাকে। ইউটিউভ সার্চ দিয়ে শ্বাসযন্ত্রের ব্যায়াম শিখে নিয়ে তা করতে থাকি। মতিন ভাইয়ের (চাচাতো ভাই) পাঠানো কালোজিরার তেল আর মধু মিশিয়ে দিনে ৩ বার খেতে থাকি। আমার গাফিলতির চেষ্টা থাকলেও বউ আর ছোট ভাই সেগুলো নিশ্চিত করেছে। সিদ্ধান্ত নেই পুনরায় পরীক্ষা করার কিন্তু করোনার লক্ষণগুলো যেন মনে হচ্ছে পুরোপুরি যাচ্ছে না। অপেক্ষা করতে থাকি- করোনা মহাশয় আমার শরীরে কখন শহীদ হবেন।

করোনা পজিটিভ রিপোর্ট আসার ১৭ দিন পর ৪ জুন পুনরায় পরীক্ষা করতে দেই। সুখের খবর হলো পরের দিন ধরণীতে আমার আগমনের দিন বিকেলে, শের-ই-বাংলা নগর থানার ওসি জানে আলম ভাই হোয়াটসআপ এ আমার করোনা নেগেটিভ রিপোর্ট পাঠালেন। রিপোর্ট দেখে মনের অজান্তে ছেলে দুটির কথা মনে চলে এলো। কিন্তু এবার সাথে চোখের পানিও এলো। পরক্ষণেই ভাবলাম চোখের পানি কেন আসবে? যখন রিপোর্ট পজিটিভ আসলো তখন তো চোখের পানি আসেনি। দেখলাম পরিবারের সবার মধ্যে আনন্দের হাসি। আমার ছোট ছেলেটাও হাসি দিয়ে আমার কোলে উঠার বায়না ধরলো। এবার কোলে নিয়েই নিলাম। কোলে ওঠে সে যেন লাফাতে শুরু করলো। মনে মনে ভাবলাম, এতটুকু দুধের বাচ্চা! হঠাৎ সে আনন্দিত কেন? সে কী বুঝলো?

প্রথমে আমার মা-বাবাকে জানালাম; অপরপ্রান্তে উনাদের গলার স্বর যে ভারি হয়ে যাচ্ছে সেটা টের পেলাম। তারপর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী-কে জানালাম। তিনি শুনেই মনের অজান্তেই একটি আনন্দের হাসি দিলেন। যুগ্ম সচিব হারুন স্যার, এপিএস মনির ভাইকে জানালাম। তারপর একে একে আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু, সুহৃদ ও এলাকাবাসী সকলকে জানালাম। মনে হল খবরটি পেয়ে সবাই এত আনন্দিত হচ্ছে যেন আমি নতুন জীবন পেয়েছি।

প্লাজমা দান করতে চাই

হ্যাঁ, আমার কাছে মনে হল আমি যেন নতুন জীবন পেয়েছি, সে জীবনটা মানুষের জন্য উৎসর্গ করা আমার দায়িত্ব হবে।

মনে হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার দুটি লাইন,

“আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ।”

নতুন জীবন পেয়েছি, মানুষের ভালোবাসার কাছে আমি অনেক ঋণী হয়ে গেছি। বাকি জীবনটা যেন তা শোধ করার জন্যই সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন । সেজন্য প্রথমে শুরু করতে চাই ‘প্লাজমা’ দানের মাধ্যমে। আমার রক্তের গ্রুপ বি-পজিটিভ। প্লাজমা দেয়ার মাধ্যমে কমপক্ষে দুই জন রোগীকে সুস্থ করা সম্ভব। নিজে সুস্থ হওয়ার ১৪ দিন পর নাকি প্লাজমা দেয়া যায়। আমি এখন প্লাজমা দানের জন্য ১৪ দিনের অপেক্ষায় আছি।

মাস্ক পরে শুটিং করা অসম্ভব: ববি

0

করোনার কারণে দীর্ঘ দুইমাস চলচ্চিত্রের সব কার্যক্রম বন্ধ থাকার পর গত ৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরুর সিদ্ধান্ত হয়। কিন্তু এখন পর্যন্ত শুটিং শুরু হয়নি। তবে শুটিং শুরু হলেও অংশ নেবেন না ‘বিজলী’ খ্যাত অভিনেত্রী ইয়ামিন হক ববি।

ববি বলেন, আাগে জীবন, তারপর জীবিকা। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে! এ অবস্থায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে! স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার পরিবেশ কিন্তু শুটিং সেটে থাকে না। কারণ শুটিং করতে গেলে সেখানে টিমওয়ার্ক, লেকের ভিড় অনেক কিছুই থাকবে। তাছাড়া চলচ্চিত্রের প্রয়োজনে অ্যাকশন দৃশ্য, গান, অন্তরঙ্গ দৃশ্য সব থাকবে। এসব দৃশ্যে অভিনয় করতে গেলে কিন্তু মাস্ক পড়ে করা যাবে না। আমি মনে করি, আর কিছুদিন দেখে তারপর শুটিং শুরু করাই হবে বুদ্ধিমানের কাজ।

করোনার কারণে ববি অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ সিনেমার কাজ থমকে গেছে। এছাড়াও কলকাতার ছবিতে কাজ করার কথা ছিল ববির। অস্ট্রেলিয়ায় দুটি শো বাতিল করেছেন এই অভিনেত্রী।

করোনাকালে ঘরে সময় কাটানোর বিষয়ে ববি বলেন, ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসে। দম নেয়ার জন্য গাড়ি নিয়ে বের হই। তবে গাড়ি থেকে নামি না। এভাবে আর কতদিন চলা যায়। আমাদের সতর্ক থাকতে হবে।

ববি অভিনয় জীবন শুরু করেন মডেল হিসেবে। তিনি ২০১০ সালের ১৬ এপ্রিল খোঁজ-দ্য সার্চ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে বড় পর্দায় অভিষেক হয়।

নুসরাত ফারিয়ার হবু স্বামী সাবেক সেনাপ্রধানের ছেলে

0

দীর্ঘ সাত বছর গোপনে প্রেমের পর অবশেষে অভিনেত্রী নুসরাত ফারিয়া গত মার্চে বাগদান সেরেছেন। পাত্র একজন সেনাপ্রধানের ছেলে বলে জানিয়েছে নুসরাত ফারিয়ার ঘনিষ্ট সূত্র।

সোমবার (৮ জুন) ফেসবুকে বাগদানের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে তিনি জানিয়েছেন, গত ১ মার্চ আংটি বদল করেছেন।

আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি স্ট্যাটাসে লিখেছেন, আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।’

এ জন্য পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। করোনার সংকট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসবো।’

তবে হবু বর সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে নারাজ এ অভিনেত্রী।

তবে নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নুসরাত ফারিয়ার হবু স্বামী একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। নাম রনি রিয়াদ রশীদ। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত ছবি “শাহেনশাহ”। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

‘জোনভিত্তিক’ লকডাউনে প্রধানমন্ত্রীর সায়

0

করোনা ভাইরাসের অধিক সংক্রমণ এলাকাকে ‘জোনভিত্তিক’ লকডাউন ঘোষণাসংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (০৮ জুন) সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
করোনা সংক্রমণ মাত্রা বাড়ার মধ্যে রেড, ইয়োলো ও গ্রিন জোন করে এলাকাভিত্তিক লকডাউনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৮ মার্চ দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ার তিন মাসের মাথায় ০৮ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬৮ হাজার ৫০৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ৯৩০ জনের। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।
এ অবস্থায় জোনিং করে লকডাউনের বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি-না, প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা কেবিনেট মিটিংয়ে আলোচনা হয়নি, মন্ত্রী (স্বাস্থ্যমন্ত্রী) মহোদয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে সেই এলাকাকে যদি স্পেশালি নিয়ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন গতকালকেই। সেটা এডমিনিস্ট্রিটিভ ওয়েতে করে ফেলতে পারবে।
‘আমাদের যে সংক্রামক ব্যাধি আইন আছে, এটা সেই আইনের মধ্যে দেওয়া আছে। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর অথরাইজড।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রিশিয়েট করেছেন যে, আইটি ব্যবহার করে যেভাবে আইসিটি বিভাগ জোনিং করার চিন্তা-ভাবনা করছে, এটা সারা পৃথিবীতে করা হচ্ছে। এটাতে সুবিধা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি তারা বসেই যদি মনে করে কোনো জায়গাটাকে….।
‘রেড জোন ডিক্লেয়ার করা সবার জন্যই ভালো, কারণ সবাই তখন সতর্ক হতে পারবেন।’
৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। কিছু বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে অফিস খুলেছে। ১ জুন থেকে চালু হয়েছে গণপরিবহনও।
কিন্তু আক্রান্ত সংখ্যা বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি সচল রেখে এবার জোনভিত্তিক লকডাউনের দিকে যাচ্ছে সরকার। রোগীর সংখ্যা বেশি থাকায় ইতোমধ্যেই রাজধানীর পূর্ব রাজাবাজারকে ৯ জুন রাত ১২টা থেকে এই জোনভিত্তিক লকডাউন ঘোষণা করা হয়েছে।

জাতীয় নাগরিক সম্মান পেয়ে অবাক ক্লার্ক

0

মাইকেল ক্লার্ক ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ অফিসার নিযুক্ত হয়েছেন। অজি জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের আগে জাতীয় নাগরিক সম্মান পেয়েছেন অ্যালান বর্ডার, রিকি পন্টিং ও স্টিভ ওয়ার মতো কিংবদন্তিরা।
ক্রিকেটের মাধ্যমে দেশটিতে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে নাগরিক সম্মান হিসেবে দেয়া হয় ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’। এবার ২০১৫ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এবার একই সম্মানে ভূষিত করা হলো।
বিশেষ সম্মানে সম্মানিত হওয়ার পর ৩৯ বছর বয়সী ক্লার্ক বলেন, খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম জুনে আমাকে এপ্রিল ফুল করা হচ্ছে। আশ্চর্য এবং সম্মানীত বোধ করছি আমি।’
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফলতম দেশটির হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন মাইকেল ক্লার্ক। ২০১৫ সালে ঘরের মাঠে তার অধীনেই ওয়ানডে বিশ্বকাপ জিতে অজিরা। এরপরই অবসর নেন তিনি। ব্যাট-প্যাড তুলে রাখার আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ হাজারের বেশি রান করেন ক্লার্ক।

পুত্র সন্তানের নাম জানালেন আশরাফুল

0

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল গত ২৯ মে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে আশরাফুল ও আনিকা তাসনিম দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান। নতুন এই অতিথির নাম জানিয়েছেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

আশরাফুল জানিয়েছেন, পুত্র সন্তানের নাম রাখা হয়েছে মোহাম্মদ তাওয়াফ আদভি। নাম নির্বাচনে স্ত্রী আনিকা তাসনিম অর্চির পছন্দকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

তিনি বলেন, তাওয়াফ নামটি রেখেছি আমি, আর আদভি রেখেছে ছেলের মা।

সীমিত মুসল্লি নিয়ে এবারের হজ

0

বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে মহামারি করোনাভাইরাস। তারই ধারাবাহিকতায় সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে এবার সীমিত মুসল্লি নিয়েই হজের পরিকল্পনা করছে সৌদি সরকার। আজ সোমবার হজ পরিকল্পনার সঙ্গে জড়িতে সৌদি সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

সূত্র জানায়, প্রতি দেশের হজের কোটার ২০ শতাংশ মুসল্লি আনার পরিকল্পনা করছে সৌদি সরকার। তবে সৌদি সরকারের অনেক কর্মকর্তাই এ বছরের হজ বাতিলের পক্ষ মত দিয়েছেন বলে জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। হজ এবং উমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় করে । আর এবারের করোনার ভাইরাসের কারণে তেলের দাম কমে যাওয়ার পাশাপাশি যদি হজ বন্ধ হয়ে যায় তাহলে সৌদি আরব অর্থনৈতিক সংকোচন মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

হজ উপলক্ষে সারাবিশ্ব থেকে ২৫ লাখ মুসলিম সৌদি আরব ভ্রমণ করেন । আগামী জুলাইয়ের শেষের দিকে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত মার্চে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর সৌদি সরকারের পক্ষ থেকে হজ নিয়ে মুসল্লিদের অপেক্ষা করতে বলা হয়েছিল। এবারের হজ পরিকল্পনার সঙ্গে জড়িত দুই জন কর্মকর্তা রয়টার্সকে বলেন, শুধুমাত্র প্রতীকী সংখ্যা হিসেবে কিছু মুসল্লি হজের সুযোগ পাবে। এছাড়া বৃদ্ধদের হজ করায় নিষেধাজ্ঞা দেয়া হবে। পাশপাশি স্বাস্থ্যগত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা হবে ।

৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ল কলকাতায়

0

পশ্চিমবঙ্গে ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কিছুতেই থামছে না সংক্রমণ। প্রতিদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক চিকিৎসক, নার্স, পুলিশকর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন। ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি। রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা বিচার করেই বাংলায় লকডাউন আরও বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ জুন পর্যন্ত বাংলায় লকডাউন চলবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, আগামী ১০ জুন পর্যন্ত ভিন রাজ্য থেকে আরও অনেক ট্রেন আসবে। সব মিলিয়ে ১১ লক্ষেরও বেশি লোক ঢুকে যাবে বাইরে থেকে। ফলে সতর্কতা বজায় রাখতেই হবে।

গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। তবে লকডাউনের এই পর্বে সবকিছু বন্ধ থাকবে না। ধাপে ধাপে তালা খুলবে। আনলক. ১ তৎপরতায় ৮ জুন অর্থাৎ আজ থেকেই থেকে সব রেস্তোরাঁ, শপিংমল, ধর্মস্থান নির্দিষ্ট নিয়ম মেনে খুলে গিয়েছে। এরাজ্যেও শর্তসাপেক্ষে খুলেছে মল, রেস্তোরাঁ।

কেন্দ্র নির্দেশিকা দিয়ে আরও জানায়, কন্টেনমেন্ট জোনে জরুরি পরিষেবা ছাড়া আর কিছু খোলা থাকবে না। রাজ্যও সেই নির্দেশিকা মেনেই এগোচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন জানান, রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে সবরকম কঠোর নিষেধাজ্ঞা জারি রাখা হবে।

এদিকে, করোনার সংক্রমণ এড়াতে বাসের চেয়ে বাইক-সাইকেল অনেক বেশি নিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে সাইকেল-বাইক কেনার হিড়িক। কলকাতার রাস্তায় গত কয়েক সপ্তাহে সাইকেলের সংখ্যা বেড়েছে। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এদিন কলকাতার ছোট এবং মাঝারি রাস্তা গুলিতে এবার সাইকেল চালানোর অনুমতি দিল রাজ্য সরকার।

রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার বিকেল পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ১৮৭। করোনায় বাংলায় মৃত বেড়ে ৩৯৬।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ বাড়ছে। পুলিশ, সিআরপিএফ আক্রান্ত হচ্ছেন।’ রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করেই এবার থেকে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা অন্য সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ১৫ জন উপস্থিত থাকতে পারবেন বলে ঘোষণা রাজ্য সরকারের।

শ্রমিক ছাঁটাই না করতে বিজিএমইএ-কে শ্রম মন্ত্রণালয়ের চিঠি

0

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, ক্রয়াদেশ কমতে থাকায় কারখানাগুলোকে শ্রমিক ছাঁটাইয়ের দিকে যেতে হবে। এই বক্তব্যে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এমন পরিপ্রেক্ষিতে আজ সোমবার শ্রম মন্ত্রণালয় চিঠি পাঠালো বিজিএমইএ সভাপতিকে।

সেইমাথে চিঠি প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও পাঠানো হয়েছে। অবশ্য মালিকপক্ষ বলছেন, শ্রম আইন অনুযায়ী তাদের শ্রমিক ছাঁটাইয়ের অধিকার রয়েছে।

করোনা ভাইরাস শুরু হওয়ার পর কারখানায় শ্রমিক ছাঁটাই ও লে অফ শুরু হয়। এ নিয়ে শ্রম অসন্তোষও দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে সরকার কারখানা মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আপাতত শ্রমিক ছাঁটাই ও লে অফ না করার সিদ্ধান্ত নেয়। এর বিপরীতে কারখানাগুলোকে শ্রমিকদের মজুরি পরিশোধের লক্ষ্যে ঘোষিত পাঁচ হাজার কোটি টাকার ঋণ সুবিধার শর্ত শিথিল করা হয়।

ডিআইএফই’র মহাপরিদর্শক শিবনাথ রায় জানান, একটি সংগঠনের প্রধান হিসেবে বিজিএমইএ সভাপতির এমন ঘোষণা দেওয়া ঠিক হয়নি। শ্রমিক ছাঁটাই হলে শ্রম অসন্তোষ হতে পারে। আমাদের কাছে প্রতিদিনই বিভিন্ন শ্রমিক সংগঠন এসব বিষয়ে চিঠি দেয়। ডিআইএফই’র অফিসগুলোকেও ছাঁটাই ইস্যুতে আলোচনা, সমঝোতা করতে হয়।

তিনি আরো জানান, প্রণোদনার অর্থ দিয়েই তো জুন মাসের বেতন দেওয়া হচ্ছে। অথচ এখন আবার ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে। তাহলে শ্রমিকরা যাবে কোথায়? তিনি বলেন, এসব বিষয়ে আলোচনার জন্য বিজিএমইএকে ডাকা হলেও তারা এড়িয়ে গেছে।

অন্যদিকে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম জানান, শ্রম আইনের ২০ ধারায় বলা আছে কাজের অতিরিক্ত শ্রমিক ছাঁটাই করা যাবে। তাহলে যারা ছাঁটাই না করার জন্য বলছেন, প্রকারান্তরে শ্রম আইনকে অস্বীকার করছেন। আমাদের কাছে শ্রমিক ছাঁটাইয়ের বিকল্প নেই। তাদের কাছে কোন ভালো বিকল্প থাকলে আমাদের জানান।

১২০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

0

করোনাভাইরাস মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট, ১৬৫০ মেডিকেল টেকনিশিয়ান ও ১৫০ কার্ডিওগ্রাফার নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে করোনাভাইরাস সংক্রমনের ফলে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রোগীর পরীক্ষা-নিরীক্ষা, স্যাম্পল কালেকশন ইত্যাদি ব্যাপক কার্যক্রমের জন্য দেশের বিদ্যমান সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানদের মাধ্যমে সম্ভব নয়। তাই কাজের গতিশীলতার জন্য ৩০০০ পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে।তারা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।

মেডিকেল টেকনোলজিস্ট (গ্রেড-১১) ১২০০ টি, মেডিকেল টেকনিশিয়ান (গ্রেড ১৬) ১৬৫০টি, কার্ডিওগ্রাফার (গ্রেড ১৬) ১৫০টি পদে নিয়োগের জন্য নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,মহামান্য রাষ্ট্রপতির সম্মতিক্রমে মেডিকেল টেকনোলজিস্টের ১২০০টি পদ, মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০টি পদ, ও কার্ডিওগ্রাফারের ১৫০টি পদ অর্থাৎ, মোট ৩হাজার পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের জন্য অনুরোধ করা হলো।