Home Blog Page 2897

জ্বর-কাশি নিয়ে আইসোলেশনে অরবিন্দ কেজরিওয়াল

0

এবার করোনা ভাইরাসের উপসর্গ লক্ষ্য করা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। জ্বর-কাশি নিয়ে আইসোলেশনে মুখ্যমন্ত্রী, হবে করোনা পরীক্ষা। ডাক্তারের পরামর্শ মেনে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার বিকেল থেকে জ্বর-কাশির উপসর্গ নিয়ে ডাক্তারের পরামর্শে আইসোলেশনে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার তিনি কোভিড-১৯ পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন।

আগামিকাল করোনা পরীক্ষার জন্য একদিন আগে তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সেই মতন তিনি নিজেকে আলাদা রেখেছেন বলেই খবর পাওয়া গিয়েছে।

এদিকে শপিং মল থেকে রেস্তোরা এবং ধর্মস্থান খুলে গিয়েছে সোমবার থেকে। তবে বন্ধ থাকছে ব্যাঙ্কোয়েট এবং হোটেল, করোনা ভাইরাসের জন্য দু’মাসের লকডাউন কেটে যাওয়ার পর রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমনটাই জানিয়েছেন।

রবিবার একটি অনলাইন বার্তায় কেজরিওয়াল জানিয়েছেন আগামীদিনে নভেল করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হোটেল এবং ব্যাঙ্কোয়েটকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতে পারে তাই এইসব জায়গা বন্ধ থাকছে। তিনি আরও জানিয়েছেন, “কেন্দ্রের গাইডলাইন মেনে শপিং মল, রেস্তোরা এবং ধর্মীয়স্থান সোমবার থেকে খুলে যাচ্ছে”।

তবে এও জানানো হয়েছে, কেন্দ্রের এবং গবেষকদের গাইডলাইন মেনে দিল্লি সরকারের তরফে থাকছে কিছু নিয়মাবলি যেমন সোশ্যাল ডিসট্যানসিং বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে।

তবে দিল্লিতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ দেখে হোটেল এবং ব্যাঙ্কোয়েটকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতে পারে তাই ওই জায়গাগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে মাসের ৩০ তারিখে কেন্দ্র জানিয়েছে, জুনের ৮ তারিখ থেকে আনলক-১ শুরু হচ্ছে শুধু তাই নয়, লকডাউনের নিয়মেও থাকবে শিথিলতা।

বয়স্কদের উদ্দেশ্যে কেজরিওয়াল জানিয়েছেন, তাঁদের জন্য করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি তাই তাঁদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে, তা রীতিমত আশঙ্কার। ইতিমধ্যেই স্পেনকে ছাপিয়ে সর্বাধিক আক্রান্তের হিসেবে পঞ্চমস্থানে উঠে এসেছে ভারত।

রবিবার একটি অনলাইন বার্তায় কেজরিওয়াল জানিয়েছেন আগামীদিনে নভেল করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হোটেল এবং ব্যাঙ্কোয়েটকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতে পারে তাই এইসব জায়গা বন্ধ থাকছে।

নিউ ইয়র্কে লকডাউন শিথিলের প্রথম পর্যায় শুরু

0

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সবচেয়ে বড় ধাক্কা গেছে যে নিউ ইয়র্ক নগরীর ওপর দিয়ে, সেখানে আজ থেকে লকডাউন শিথিল করা হচ্ছে।

নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং এবং রিটেইল খাতের প্রায় চার লাখ কর্মী আজ কাজে ফিরতে পারবেন।

নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হন ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ, মারা যান প্রায় ২২ হাজার। দুই মাস আগে সেখানে যখন করোনাভাইরাসের সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন প্রতিদিন মারা যাচ্ছিল প্রায় ৮০০ জন। নিউ ইয়র্কের গভর্নর লক ডাউন শিথিলের আগে গতকাল এক টুইটে বলেন, নিউ ইয়র্ক নগরী আজ খুলছে, আজ এক নতুন দিনের শুরু।

আম্পান মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে প্রধানমন্ত্রীকে ম্যাক্রোঁর চিঠি

0

ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে সহায়তার হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
চিঠিতে ম্যাক্রোঁ গত ২০ মে আঘাত হানা আম্পানে দেশে যে মানবিক ও অবকাঠামোগত সংকট তৈরি হয়েছে তাতে দু:খপ্রকাশ করেন।
এই সংকট মোকাবেলায় দুটি এনজিওকে অর্থনৈতিক সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। দুটির একটি বাংলাদেশের ফ্রেন্ডশিপ এবং অন্যটি ফ্রান্সের সলিডারিটিস ইন্টারন্যাশনাল। দুটি সংস্থা এরই মধ্যে সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে এবং সেখানে স্বাস্থ্য, নিরাপদ পানি ও জরুরি আশ্রয়ের কাজে হাত দিয়েছে। সেটা দ্রুত ও স্থায়ী সহায়তারই অংশ হবে বলে মনে করেন ম্যাক্রোঁ।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সামাজিক-অর্থনৈতিক সঙ্কটের সময়েই এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। তাই সামনেই বাংলাদেশের সমর্থনে ১৫০ মিলিয়ন ইউরোর কনসেশনাল ঋণও বৈধতা দিবে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি।
সবশেষে চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট লিখেছেন, বঙ্গবন্ধুর স্বাধীনতা চাওয়ার সময় থেকেই বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক আরো গভীর হয়েছে। ফ্রান্স জোটবদ্ধতায়, আন্তর্জাতিক আইনের সম্মানে এবং টেকসই ও ব্যাপক উন্নয়নের লক্ষ্যে সঙ্গীর মতো বাংলাদেশের পাশে থাকবে বলেও জানানো হয় চিঠিতে।

মানবপাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় নয় : র‍্যাব ডিজি

0

মানবপাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ সোমবার (০৮ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
র‍্যাবের করোনা আক্রান্ত সদস্যের চিকিৎসা মনিটরিংয়ের জন্য তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদ্বোধন এবং র‌্যাবের পক্ষ থেকে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্র্যাব) চিকিৎসা সামগ্রী দেওয়া ও করোনায় আত্মোৎসর্গকারী সাংবাদিক পরিবারদের আর্থিক সহযোগিতার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিবিয়ায় মানবপাচারের শিকার হয়ে মর্মান্তিকভাবে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, লিবিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। আমরা ইতিমধ্যে এর মূলহোতাকে গ্রেপ্তার করেছি। কাউকে ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তেও আমাদের অভিযান চলছে।
র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি এই করোনাকালেও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এই সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছে।’
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, ‘আমরা কোভিড-১৯ চিকিৎসায় একটি মডেল করার চেষ্টা করেছি। সারাদেশে যাতে হাসপাতালে চাপ না বাড়ে সেজন্য কিছু উদ্যোগ নিয়েছি। দেশের কমিউনিটি সেন্টার ভাড়া করে আমরা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল করেছি। সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সেখানে অক্সিজেনসহ সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে।’
একই অনুষ্ঠানে ক্র্যাবকে দুটি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্টেটর উপহার দেয় র‌্যাব। যাতে করোনা আক্রান্ত ক্রাইম রিপোর্টাররা প্রয়োজনের সময় দ্রুত অক্সিজেন পান।
এসময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।

নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত

0

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে আইসিইউতে রয়েছেন তিনি।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় জানান, তিনি এখনো ভেন্টিলেশনে আছেন। রোববার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

পহেলা জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। এতে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র।

ইতিহাসকে অস্বীকারকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয় : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, যারা ইতিহাসকে অস্বীকার করে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়।
তিনি আজ সোমবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় নিজ দপ্তরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ‘বিএনপি কেন ৭ জুন ৬ দফা দিবস পালন করে না’- এ প্রশ্নের জবাবে একথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘৭ জুন আমাদের ইতিহাসের অংশ, ৬ দফা আমাদের মুক্তির সনদ। এটি যারা পালন করে না, তারা প্রকৃতপক্ষে ইতিহাসকে অস্বীকার করে। কারণ ৭ জুন পালন করলে তো যে সংগ্রামের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জিত হয়েছে, তাকে স্বীকার করা হয়।
সেটিকে অস্বীকার করার জন্যই তারা সচেতনভাবে ৭ জুন পালন করে না উল্লেখ করে তিনি বলেন, “কারণ ইতিহাস বিকৃত করে তারা বলতে চায়, একজন শিঙ্গা ফুঁকেছিল, সেটি শুনে সবাই যুদ্ধে গিয়েছিল এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু বিষয়টি তা নয়,” বলেন তথ্যমন্ত্রী।
বহু আগে থেকেই বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৫১ সালে বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন কমরেড মনি সিংহকে চিঠি লিখেছিলেন যে, ‘আমি বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করছি, আপনার এতে সমর্থন আছে কি না?’ অর্থাৎ ১৯৫১ সালের আগে থেকেই বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন।
ড. হাছান বলেন, এই ঐতিহাসিক সত্যগুলোকে বিএনপি পালন করে না ইতিহাসকে অস্বীকার করার জন্য। কিন্তু যারা ইতিহাসকে অস্বীকার করে, তারা ইতিহাসের আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হয়। বিএনপিও ইতিহাসকে অস্বীকার করলে একদিন ইতিহাসের আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ৬ দফা ঘোষণা করেছিলেন তা ছিল বাঙালির মুক্তির সনদ। তিনি স্বাধীনতার লক্ষ্যে বাঙালির মনন তৈরি করার জন্যই ৬ দফা ঘোষণা করেছিলেন। সেটির ভিত্তিতেই ১৯৭০ সালে নির্বাচন হয়েছিল এবং এই নির্বাচনে জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল এবং তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার উল্লেখ করে ড. হাছান জানান, প্রধানমন্ত্রী এ দুর্যোগের সময় বিপদগ্রস্ত সাংবাদিকদের সহায়তার ঘোষণা দিয়েছেন।
সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া গেলে আগামী সপ্তাহে আমরা সহায়তা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করতে পারবো বলে আশা করছি। মন্ত্রী এসময় করোনায় আক্রান্ত সাংবাদিকদের দ্রুত আরোগ্য এবং করোনা ও এর উপসর্গে মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করেন।
গণমাধ্যমকর্মীদের এসময় চাকুরিচ্যুতি না করার অনুরোধ জানিয়ে সকল পত্র-পত্রিকা ও ইলেক্ট্রনিক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘মহামারির এ পরিস্থিতিতে মানুষ অত্যন্ত অসহায়। যারা বিভিন্ন কাজ করছেন, চাকুরি করছেন তারাও অসহায়। আমি আগেও অনুরোধ জানিয়েছি, আবারও অনুরোধ জানাই, এ পরিস্থিতিতে কাউকে যেন চাকুরিচ্যুত না করা হয়। সেই সাথে সবার বেতন-ভাতাও যেন নিয়মিত পরিশোধ করা হয়। কারণ এসময়ে চাকুরিচ্যুতি অত্যন্ত অমানবিক। আমি সেটি না করার জন্য অনুরোধ জানাই।’
বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু ও উপস্থিত সীমিতসংখ্যক গণমাধ্যম প্রতিনিধি এসময় গণমাধ্যমে ছাঁটাই বন্ধে মালিকদের প্রতি আহ্বানের জন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

চীনের বিশেষজ্ঞ টিম আসায় রোগীরা সাহস পাবেন : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা উৎসাহ পাবেন। তাছাড়া এদেশের রোগীরাও সাহস পাবেন।
তিনি বলেন, পৃথিবীর সব দেশকে সম্মিলিতভাবে করোনা মহামারি মোকাবিলায় কাজ করতে হবে। করোনা বৈশ্বিক ইস্যু এবং এটা কোনো একক দেশের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। করোনা পরবর্তী অথনৈতিক সমস্যা মোকবিলায়ও বিভিন্ন দেশের পারস্পারিক সহযোগিতা ও অংশীদারিত্ব প্রয়োজন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের করোনা মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা বিষয়েও বিশেষ আগ্রহ নিয়ে কাজ করছে।
তিনি বলেন, আশা করি রোহিঙ্গা সমস্যার সমাধানেও চীনের সহায়তা আমাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে বলে ড. মোমেন আশাবাদ ব্যক্ত করেন।
ড. মোমেন বলেন, চীনের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল আমাদের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন, বিভিন্ন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করবেন। প্রয়োজনবোধে তারা এদেশের করোনা চিকিৎসার বিষয়ে সুপারিশ করবেন। এতে আমাদের রোগীরা সাহস পাবেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, চীন করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে। করোনা রোগী ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যান্য দেশও চীনকে অনুসরণ করছে। এমনকি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও চীন প্রথম আবিষ্কার করে।
চিকিৎসক দল পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং আশ্বস্ত করেছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও চীনের চিকিৎসক দল বাংলাদেশের ডাক্তারদের পরামর্শ প্রদান করেছিল। ইতোপূর্বে চীন সরকার এবং চীনের বেসরকারি সংস্থা আলীবাবা ও জ্যাকমা পিপিই, মাস্ক, টেস্টিং কীট, থার্মোমিটারসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে। বাংলাদেশও চীনকে করোনা মোকাবিলায় চিকিৎসাসামগ্রী পাঠানো করেছিল।
বাংলাদেশকে কারোনা চিকিৎসায় সহযোগিতা করার জন্য চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার (৮ জুন) ঢাকায় এসে পৌঁছেছে । তারা আগামী ২২ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন।

গভর্নর পদে বয়সসীমা বাড়িয়ে আইনের সংশোধনী অনুমোদন

0

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বয়সসীমা ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করে আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (৮ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২০’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, গভর্নরের বয়সসীমা ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করে আইনের সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্টস অর্ডার নম্বর ১২৭, ১৯৭২) এর আর্টিকেল ১০ এর ক্লোজ ৫ এর বিধান অনুযায়ী গভর্নরের কার্যকাল বা মেয়াদ চার বছর এবং তাকে পুনঃনিয়োগ করা যাবে। তবে উক্ত ক্লোজ (৫) এর শর্তাংশে (প্রভিশন) উল্লেখ রয়েছে যে, ৬৫ বছর বয়স পূর্তির পর কোনো ব্যক্তি গভর্নর পদে আসীন থাকতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক গভর্নর হিসেবে আর্থিক খাতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত থাকায় আর্থিকখাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে ৬৫ বছরের পর গর্ভনর হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হয় না। এমনকি বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ ব্যক্তিকেও ৬৫ বছরের পর পুনঃনিয়োগ দেওয়া সম্ভব হয় না। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই।

‘এমতাবস্থায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত ‘দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্টস অর্ডার নম্বর ১২৭, ১৯৭২) এর আর্টিকেল ১০ এর ক্লোজ ৫ এর শর্তাংশ বা প্রভিশন বিলুপ্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৯৩০ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৭৩৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ হাজার ৫০৪।
আজ সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৯৪৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ১০ হাজার ৯৩১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৩৫ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। আগেরদিনও ৪২ জনের মৃত্যু হয়েছিল, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হলো ৯৩০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৪ হাজার ৫৬০ জন।
গত রোববারের (৭ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৪৩ জনের মধ্যে। সে হিসাবে আগের ২৪ ঘণ্টার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু হয়েছে সমানসংখ্যক। দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে দুই হাজার ৯১১ জনের, যা গত ২ জুনের বুলেটিনে জানানো হয়।
বরাবরের মতোই ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের সুরক্ষা নিজের হাতে।
করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৭১ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা চার লাখ ছয় হাজারেরও বেশি। তবে প্রায় পৌনে ৩৫ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

সংসদ সচিবালয়ের ৩৩৫ কোটি টাকার বাজেট অনুমোদন

0

সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
আজ সোমবার (০৮ জুন) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
জানা যায়, বৈঠকে ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৮৮ শতাংশ বেশি। এছাড়া বৈঠকে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়।
এর বাইরে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৩৫৮ কোটি ৮১ লাখ টাকা ও ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৮৩ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠকে ডেপুটি স্পিকার ও চিফ হুইপের নিরাপত্তা সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য জন্য ২টি ডাবল কেবিন পিকআপ ভ্যান এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ১টি অ্যাম্বুলেন্স টিওঅ্যান্ডই এ অন্তর্ভুক্তকরণ, সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে বিগত ৩০তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়।
এতে আলোচ্য সূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।