Home Blog Page 2904

পদোন্নতির তালিকায় ৬ ডিসি, ৪ মন্ত্রীর একান্ত সচিব

0

উপসচিব থেকে যুগ্ম-সচিব পদে ১২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত ১২৩ কর্মকর্তার মধ্যে ছয়জন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন। এছাড়াও রয়েছেন ৪ জন মন্ত্রীর একান্ত সচিব (পিএস)।

জনপ্রশাসন মন্ত্রণালয় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (০৫ জুন) কর্মকর্তাদের পদোন্নতির আদেশ জারি করেছে। পদোন্নতিপ্রাপ্তরা প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচ ও অন্যান্য ক্যাডারের কর্মকর্তা।

ঢাকার ডিসি আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খান, রাজশাহীর ডিসি মো. হামিদুল হক, বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মদ, মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলাম, নোয়াখালীর ডিসি তন্ময় দাস এবং যশোরের ডিসি মোহাম্মদ শফিউল আরিফ উপসচিব থেকে পদোন্নতি পেয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল, রেলপথ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ এবং স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী যুগ্মসচিব হয়েছেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ভূঞার নামও পদোন্নতির তালিকায় রয়েছে।

হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ফাহমিদা আখতার অন্যান্যদের মধ্যে স্থান পেয়েছেন।

দেশের প্রথম রেড জোনে সাত নির্দেশনা

0

করোনাভাইরাস রোধে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডকেই ‘রেড জোনে’র আওতায় আনা হয়েছে। আজ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে টানা ১৪ দিনের জন্য এই রেড জোনে কড়াভাবে ‘লকডাউন’ চলবে।

ইতোমধ্যে রেড জোন সম্পর্কিত ৭টি নির্দেশিকা দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন।

জেলা প্রশাসকের দেওয়া সেই সাত নির্দেশনা
১. সব ধরণের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হল। সকল জনসাধারণ আবশ্যিকভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করবেন।

২. সব ধরণের ব্যক্তিগত ও গণপরিবহণ বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী হালকা ও ভারী যানবাহন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। কোভিড-১৯ মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বেসরকারি গাড়ি চলাচলে জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ করতে হবে। অ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যত্তিবর্গের (অনডিউটি) পরিবহন, কভিড-১৯ মোকাবেলা ও জরুরী সেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি এর আওতার বাইরে থাকবে।

৩. সব ধরনের দোকান, মার্কেট, বাজার, হাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র রবিবার ও বৃহস্পতিবার কাঁচা বাজার ও মুদি দোকান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। ওষুধের দোকান এর আওতার বাইরে থাকবে।

৪. কেবলমাত্র কোভিড-১৯ মোকাবেলা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকবে। কেবলমাত্র রবিবার ও বৃহস্পতিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে। সব হাসপাতাল, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোভিড-১৯ মোকাবেলায় পরিচালিত ব্যাংকিং সেবা প্রদান এর আওতার বাইরে থাকবে।

৫. জরুরি সংবাদ সংগ্রহের জন্য নির্বাচিত সংবাদকর্মীদের রেড জোনে কাজ করার নিমিত্ত কক্সবাজার প্রেসক্লাব কর্তৃক প্রদত্ত ছবিযুক্ত বিশেষ পরিচিতিপত্র দৃশ্যমান অবস্থায় গলায় ঝুলানো থাকা সাপেক্ষে এবং কোভিড-১৯ মোকাবেলায় রেড জোনে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর কর্তৃক প্রদত্ত ছবিযুক্ত বিশেষ পরিচিতিপত্র দৃশ্যমান অবস্থায় গলায় ঝুলানো থাকা সাপেক্ষে কাজ করার অনুমতি দেয়া হবে।

৬. সব ধরনের গণপরিবহন টার্মিনাল রেড জোনের বাইরে স্থানান্তর করতে হবে।

৭. প্রকাশ্য স্থানে বা গণজমায়েত করে কোন প্রকার ত্রাণ, খাদ্য সামগ্রী বা অন্য কোন পণ্য বিতরণ করা যাবে না।

যুক্তরাষ্ট্রে গোলাগুলি : ভয়াবহ দৃশ্য, বাড়িতে পড়ে আছে ৭ জনের লাশ!

0

যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের মরগান শহরের একটি বাড়িতে গোলাগুলির ঘটনার পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ৭ জনের লাশ উদ্ধার করেছে। এই হামলাকে ভয়াবহ দৃশ্য উল্লেখ করে স্থানীয় পুলিশ জানিয়েছে,কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। তবে তদন্ত চলছে।

রবিবার সন্ধ্যায় পুলিশ ঘরে আগুন লেগেছে এমন একটি ইমার্জেন্সি কল পেয়ে বাড়িটিতে আসে। ঘটনাস্থলে এসে আগুন নেভানোর পর দেখতে পায় ঘরের ভেতরে ৭ জনের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে।

মরগান কাউন্টি শেরিফের পুলিশের মুখপাত্র মাইক সোয়াফোর্ড বলেন, ‘অফিসবাড়ির ভিতরে পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রাপ্ত বয়স্ক ৭ জনের লাশ পাওয়া গেছে। এই ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করা হচ্ছে।’

একজন ব্যক্তি গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। সোয়াফোর্ড বলেন, ‘আমরা বিশ্বাস করি যে কেউ এই বাসভবনে খারাপ কাজ করতে এসেছিল, করেছে এবং চলে গেছে। আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন এবং পরিকল্পিত হত্যাকাণ্ড।’

ঘটনাটিকে একটি ভয়াবহ দৃশ্য উল্লেখ করে পুলিশের ওই মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘তদন্ত চলছে। এটি প্রক্রিয়া করতে কিছুটা সময় লাগবে। ঘটনাস্থলে একটি কুকুরও মারা গেছে।

সোয়াফোর্ড বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুলিশ একই ঠিকানায় বেশ কয়েকটি কল পেয়েছে। এটি মরগান কাউন্টিতে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এর আগে সেখাইনে একটি ট্রিপল হত্যাকাণ্ড ঘটেছিল। ঘটনাটির তদন্তে এফবিআই সহায়তা করছে। তদন্তে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সূত্র- ইন্ডিপেন্ডেন্ট ইউকে।

করোনার পিছনে তাঁর হাত রয়েছে, শুনে হতবাক বিল গেটস!

0

মারণ ভাইরাস করোনার তাণ্ডবে বিপর্যস্ত গোটা পৃথিবী। গুঁড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দম্ভ। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলতার মুখ দেখেননি। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র ভ্যাকসিন তৈরির সর্বাত্মক প্রচেষ্টায় কোটি কোটি ডলার ব্যয় করছে। তবে আতঙ্কের পাশাপাশি চলছে গুজব ও ষড়যন্ত্র তত্ত্বের প্রচার। গুজব রটেছে, করোনা ছড়ানোর পিছনে নাকি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের হাত রয়েছে!

হাতেগোনা কয়েক জন নন, আমেরিকার ২৮ শতাংশ বাসিন্দাই একে সত্যি বলে মনে করেন। এমনটাই জানিয়েছে একটি সমীক্ষা। সেই সঙ্গে আরো গুজব রটেছে, কভিড-১৯ ভ্যাকসিনের মাধ্যমে লোকজনের মধ্যে ট্র্যাকিং ডিভাইস বসানোর চেষ্টা করছেন বিল গেটস। যদিও গোটা বিষয়টিকেই অত্যন্ত অবিশ্বাস্য বলে উড়িয়ে দিয়েছেন বিল গেটস স্বয়ং। বলেছেন, এ ধরণের ভুল তথ্য এবং ষড়যন্ত্র তত্ত্বগুলো প্রত্যেকের জন্য বিপজ্জনক।

করোনাভাইরাসের প্রতিষেধক খোঁজার কাজে বরাবরই উদ্যোগী ছিলেন বিল গেটস। এ কাজে বিল ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস দু’জনেই সক্রিয়। এরই মধ্যে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষেধক তৈরির কাজে ৩০ কোটি ডলারের অর্থসাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে। তা সত্ত্বেও এই মহামারির পিছনে বিল গেটসের হাত রয়েছে বলে গুজব রটেছে কেন?

ষড়যন্ত্র তত্ত্ব প্রচারকারী ডানপন্থীদের দাবি, কোনো না কোন ভাবে এই মহামারি উৎসে জড়িত গেটস এবং তা ছড়ানোর পিছনেও তাঁরই হাত রয়েছে। করোনার ভ্যাকসিন বিক্রি করে তার থেকে ফায়দা তুলতে চান বিল গেটস।

ইয়াহু নিউজ এবং ইউগভ নামে একটি আন্তর্জাতিক মাকের্ট রিসার্চ এবং ডেটা অ্যানালিটিকস সংস্থার যৌথ সমীক্ষা রিপোর্টে দাবি, আমেরিকার ২৮ শতাংশ মানুষই এই ধারণায় বিশ্বাসী। রিপাবলিকানদের মধ্যে ৪৪ শতাংশও একে সত্যি বলে মনে করেন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক ‘ফক্স নিউজ’-এর ৫০ শতাংশ দর্শকই এই তথ্যে বিশ্বাস করেন বলে মত দিয়েছেন। যদিও এমএসএনবিসি নামে আর একটি টেলি-নেটওয়ার্কের ৬১ শতাংশ দর্শকই মনে করেন, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।

এ বিষয়ে বিল গেটস কী মনে করেন? গোটা বিষয়টিকেই অদ্ভুত বলে আখ্যা দিয়েছেন বিল গেটস। তাঁর কথায়, ‘আমি কখনই কোনো ধরনের মাইক্রোচিপ সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত নই। এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাও মুশকিল। ব্যাপারটা এতটাই নির্বোধ আর অদ্ভুত।’

মহামারি নিয়ে অবশ্য দীর্ঘ দিন ধরেই সচেতনতা প্রসারের কাজে জড়িত বিল গেটস। ২০১৫ সালে ‘টেড টকস’-এ সে বিষয়ে সতর্কবার্তাও দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানেই বিশ্ব জুড়ে এক ভয়ানক মহামারিতে ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথা শুনিয়েছিলেন বিল গেটস। এ কাজে বিশ্বনেতাদের সক্রিয় হওয়ার কথাও বলেছিলেন তিনি। তা সত্ত্বেও তাঁকে ঘিরে ছড়িয়েছে গুজব।

তবে এই গুজবের ফলে যে করোনার প্রতিষেধক খোঁজার কাজ ব্যাহত হবে না, সেটাই স্বস্তির বলে জানিয়েছেন বিল গেটস। তাঁর মতে, করোনার প্রতিষেধক তৈরি হলে প্রথমেই তা এমন দেশে পাঠানো উচিত, যেখানকার স্বাস্থ্য পরিকাঠামো অপেক্ষাকৃত দুর্বল এবং সামাজিক দূরত্ব বজায় রাখাটা প্রায় অসম্ভব। প্রতিষেধক তৈরি কাজে আগামী পাঁচ বছরের জন্য আরো অতিরিক্ত ১৬০ কোটি ডলারের প্রতিশ্রুতিও দিয়েছে বিল ও মেলিন্ডার ফাউন্ডেশন।

সূত্র- ইউএস টুডে, আনন্দবাজার।

লাদাখে নতুন সেনা কমান্ডার নিয়োগ করেছে চীন, উত্তেজনা আরো বাড়বে

0

ভারতের সঙ্গে সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখে নতুন সেনা কমান্ডার নিয়োগ করেছে চীন। নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সেনা মোতায়েন করলেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছিল। তার মধ্যেই চিনের সেনা পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওইলিং। নতুন কমান্ডার নিয়োগের ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই মনে করছে কূটনৈতিক শিবির। চায়না রাষ্ট্রিয় গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতের দ্য হিন্দু পত্রিকা।

জেনারেল জু ওইলিং এর আগেও ওয়েস্টার্ন থিয়েটারে কাজ করেছেন। তিনি সামরিক বাহিনীর কমান্ডার পদে ছিলেন। ফলে অনেক কিছুই তার পরিচিত এবং নখদর্পণে। তাই কৌশলগত ভাবেই চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক শিবিরের ব্যাখ্যা। আবার আগামিকাল শনিবারই দু’দেশের সামরিক পর্যায়ের বৈঠক রয়েছে। এমন পরিস্থিতিতে জু ওইলিংয়ের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক শিবির।

চীনের ওই রিপোর্টের সূত্রে জানা গিয়েছে, জেনারেল জু ওইলিং জেনারেল ঝাও জোঙ্গকির অধীনে কাজ করবেন। ঝাও এক সময় ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন। তিনি পদাতিক, বিমান সেনা এবং রকেট ফোর্সের পুরো বিষয় দেখভাল করতেন। চীনের সেনাবাহিনীর পাঁচটি থিয়েটারের মধ্যে এই ওয়েস্টার্ন থিয়েটারের উপর ভারত-চীন সীমান্তের নিরাপত্তার ভার ন্যস্ত। আবার ২০১৭ সালে যখন ডোকালাম সীমান্তে কয়েক মাস ধরে ভারত-চীন সীমান্ত বিবাদ চলছিল তখনও ওয়েস্টার্ন থিয়েটারের দায়িত্বে ছিলেন এই জেনারেল ঝাও। তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। ভারত-চীন সেনা মোতায়েন সংক্রান্ত বিষয়ে জেনারেল ঝাও জোঙ্গকি এবং জেনারেল জু ওইলিং— এই দুই সেনা কর্মকর্তাই সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে।

প্রায় মাসখানেক ধরে পূর্ব লাদাখের পার্বত্য অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাতে লিপ্ত রয়েছে চীনা ও ভারতীয় বাহিনী। বাড়ছে তিক্ততা। এমন পরিস্থিতিতে পূর্ব লাদাখের দুই প্রান্তে ভারী যুদ্ধ সামগ্রী, অস্ত্র, আর্টিলারি গান এবং কমব্যাট ভেহিকল মজুত রাখার কাজ শুরু হয়েছে। দুই দেশই অতিরিক্ত বাহিনী, সামরিক যান ও প্রচুর অস্ত্রসম্ভার পাঠিয়েছে।

সূত্র- দ্য হিন্দু।

করোনা ত্রাণের তালিকায় নেইমারের নাম; পরে বাদ!

0

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ব্রাজিল সুপারস্টার নেইমারকে সম্প্রতি একটি বিব্রতকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ব্রাজিলে করোনায় আক্রান্ত স্বল্প আয়ের কর্মীদের সহায়তায় ১২০ ডলার করে সহায়তা দিচ্ছে দেশটির সরকার। তাজ্জব ব্যাপার হলো, সহায়তা গ্রহণকারীদের তালিকায় চলে এসেছে সুপারস্টার নেইমারের নাম ও তার আইডি। তবে পরে জানা গেছে, বিষয়টি ভুলবশত ঘটেছে। তবে নেইমারের মুখপাত্র এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

স্থানীয় গণমাধ্যম নিউজ সাইট ইউওএল এর রিপোর্টে বলা হয়, ফেডারেল সরকারের অর্থ প্রদানের রেজিস্টারে প্যারিস সেন্ট জার্মেই তারকার নাম ও জন্ম তারিখও লেখা রয়েছে। আছে তার আইডি নাম্বারও। পরিচ্ছন্ন কর্মী বা বাবুর্চির কাজ করে এমন মানুষের জন্য জরুরী ভিত্তিতে এই অর্থ সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। কারণ করোনা মাহামারির সময় ঘরে অবস্থানের কারণে তাদের আয় রোজগারের পথ রুদ্ধ হয়ে গেছে।

বিশ্বের সর্বাধিক ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়া নেইমার এই বছর ক্লাবটি থেকে আয় করেছে ৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। রিপোর্টে বলা হয়, নেইমারের নামে আবেদনকৃত দরখাস্তটি প্রাথমিক ভাবে অনুমোদন পেয়েছিল। সেই অনুযায়ী অর্থ প্রদানের সিদ্ধান্তও চুড়ান্ত হয়। কিন্তু চুড়ান্ত বাছাইয়ে সেটি বাতিল হয়।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপিকে কোনো মন্তব্য করতে রাজি হননি এই ফুটবল তারকার মুখপাত্র। তবে রিপোর্টে বলা হয়, এটি নিশ্চিত যে নেইমার এমন আবেদন করতে পারেন না। তবে কে বা কারা এই কাণ্ডটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে রিও ডি জেনিরোর অদূরে একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করছেন ২৮ বছর বয়সী তারকা নেইমার।

দর্শক ছাড়া বিশ্বকাপ হতেই পারে না : ওয়াসিম আকরাম

0

করোভাইরাসের কারণে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ হুমকির মুখে। হয়তো এ মাসেই চূড়ান্ত সিদ্বান্ত নেবে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১০ জুন আইসিসির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত আসতে পারে। তবে যাই হোক না কেন, ক্রিকেট বিশেষজ্ঞ-সাবেক ও বর্তমান খেলোয়াড়রা এবারে বিশ্বকাপ বাতিল বা পিছিয়ে দেয়ার পক্ষে।

স্বয়ং আয়োজক অস্ট্রেলিয়াই বলছে, আগামী বিশ্বকাপ আয়োজন ঝুঁকি মধ্যে পড়ে যাবে। এবার সেই দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘দ্য নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘দর্শক ছাড়াই বিশ্বকাপ আয়োজন মেনে নেয়া যাবে না। দর্শক ছাড়া বিশ্বকাপ হতে পারে না। প্রয়োজনে আরও অপেক্ষা করা উচিত আইসিসির। পরিস্থিতি অনুকূলেই থাকলেই তা আয়োজন করা যেতে পারে।’

ভক্ত-সমর্থক-ক্রিকেটপ্রেমীদের ছাড়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট আয়োজন করা ঠিক হবে না বলে আকরাম বলেন, ‘দর্শক ছাড়া একটি ক্রিকেট বিশ্বকাপ সম্ভব নয়। ব্যক্তিগতভাবে, আমার মতে এটি ভালো পরিকল্পনা নয়। বিশ্বকাপ মানেই দর্শকদের সমারোহ, দর্শকদের উন্মাদনা। নিজের দলকে সমর্থন করতে, উৎসাহ দিতে বিশ্বের সব প্রান্ত থেকে সমর্থকরা মাঠে আসবে। বিশ্বকাপের ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়াম ভাবা যায় না। দ্বিপাক্ষীক সিরিজ রূদ্ধদ্বার স্টেডিয়ামে সম্ভব, তবে বিশ্বকাপ নয়।’

বিশ্বকাপ নিয়ে আইসিসির পক্ষ থেকে ভালো ও উপযুক্ত সিদ্বান্তই আশা করেন আকরাম, ‘আমি মনে করি, আইসিসি উচিত উপযুক্ত একটা সময়ের জন্য অপেক্ষা করা। যখন মহামারি বিদায় নিবে, পৃথিবীর পরিবেশ স্বাভাবিক হবে, বিধি নিষেধ ওঠে যাবে, তখন আপনি একটি সত্যিকারের বিশ্বকাপ দেখতে পাবেন। বিশ্বকাপের জন্য ক্রিকেটপ্রেমীরা অনেক বেশি আগ্রহী থাকে। বিশ্বকাপ মানেই বিশাল দর্শক। দর্শকদের জন্য বিশ্বকাপে উত্তেজনা অনেক গুণ বেড়ে যায়।’

মেসির খেলা নিয়ে আশাবাদী বার্সা

0

উরুর হালকা ইনজুরিতে রয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার রিওনেল মেসি। তারপরও লকডাউনের বিরতির পর আগামী ১৩ জুন প্রত্যাবর্তনের ম্যাচে ময়োর্কার বিপক্ষে মেসিকে মাঠে দেখা যাবে বলে শুক্রবার জানিয়েছে কাতালান ক্লাবটি। মঙ্গলবার থেকে স্কোয়াডের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলন করছেন না মেসি। আলাদাভাবে বুধ ও শুক্রবার জিমে সময় কাটিয়েছেন তিনি। বৃহস্পতিবার সব খেলোয়াড়দের ছুটি দেয়া হয়েছিল।

বার্সেলোনা জানায় কয়েক দিনের মধ্যে অনুশীলনে ফিরবেন মেসি। তবে তার অনুপস্থিতি আসন্ন ময়োর্কা সফরে মেসির ফিটনেস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লা লিগার অন্য দলগুলোর মতো বার্সার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রত্যাবর্তনের আগে দলগত অনুশীলনের জন্য সময় পাচ্ছে ১০ দিন। ১১ জুন থেকে মাঠে ফিরছে লা লিগা। করোনা মহামারির কারণে দীর্ঘ তিনমাস বন্ধ ছিল খেলা।

ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেসি সামান্য ইনজুরিতে পড়েছেন। তাই একাকী অনুশীলন করেছেন তিনি। বার্সার মাঠের খেলা শুরুর বাকী আর মাত্র আটদিন বাকী। এমন অবস্থায় অপ্রত্যাশিত কোন ঝুকিতে না গিয়ে সুনির্দিষ্ট অনুশীলন করেছেন তিনি। কয়েকদিনের মধ্যেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যুক্ত হবেন মেসি।’

আর্জেন্টাইন তারকার এবার ইনজুরিকবলিত একটি মৌসুম কাটছে। ৩২ বছর বয়সী মেসি গত আগস্ট ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কাফ ইনজুরির কারণে কমপক্ষে ছয় সপ্তাহ খেলার বাইরে ছিলেন। সেপ্টেম্বরের শেষভাগে বাঁ উরুর ইনজুরির কারণে আরো এক সপ্তাহ বিশ্রামে কাটিয়েছেন মেসি। তবে ফিটনেস ফিরে পাওয়ার পর বেশ দ্রুতই নিজের ফর্ম দেখাতে সক্ষম হন তিনি। ৩১ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ২৪টি। এখনো পর্যন্ত দুই পয়েন্টের ব্যবধানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বার্সেলোনা।

আনসারের ৩৮২ সদস্য করোনা আক্রান্ত

0

শুক্রবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর আরও ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীর দুইজন উর্ধ্বতনকর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ৩৮২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকায় অক্রান্ত হয়েছেন ২৯৮ জন এবং ঢাকার বাইরে ৮৪ জন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, উপপরিচালক (চিকিৎসা) একজন, ১০৫ জন ব্যাটালিয়ন আনসার, ২৫৮ জন অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নাসিংসহকারী, ২জন মহিলা আনসার, একজন ভিডিপি সদস্য এবং একজন আনসার কমান্ডার।

সংশ্লিষ্টরা জানান, করোনা আক্রান্তদের মধ্যে ৮১ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১৮৬ জন অঙ্গীভূত সাধারণ আনসার ঢাকা মহানগর পুলিশের সাথে কর্মরত রয়েছেন। এ ছাড়া বাকিদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

শুক্রবার বিকাল ৫ টা পর্যন্তবাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় একজন কর্মকর্তাসহ সুস্থ হয়েছেন ৫জন। মোটসুস্থ হয়েছেন ১৬৬ জন এবং সুস্থতারহার ৪৯.০২ শতাংশ। করোনাযুদ্ধে জয়ী বাহিনীর এ সকল সদস্য সুস্থ হয়ে যার যার কর্মস্থলে যোগদান করে আবার তাদের উপর অর্পিত দায়িত্ব ও সেবামূলক কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৩ জন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আাবাসিক হোটেল কোয়ারেন্টাইনে ৯৯ জন। বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বাহিনীর ৯৮ জন সদস্য চিকিৎসাধীন আছেন।

এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মৃতুবরণ করেছেন। মৃতুবরণকারী সদস্য হলেন অঙ্গীভূত সাধারণ আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুল মজিদ। তিনি ঢাকার ভাটারা থানায় কর্মকালীন থাকা অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১১ মে ইন্তেকালকরেন।

করোনায় তরুণদের আক্রান্তের হার সবচেয়ে বেশি

0

দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকরা।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, তরুণ ও যুবকদের করোনায় আক্রান্তের হার ২৮ শতাংশ। এরপরই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন ৩০ থেকে ৪০ বছর বয়সীরা। তাদের আক্রান্তের হার ২৭ শতাংশ। তরুণ-যুবকরা বেশি আক্রান্ত হলেও মত্যু হারে এগিয়ে ৬০ বছরের বেশি বয়সী বৃদ্ধরা।

করোনা সংক্রমণের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে তিনি এসব তথ্য তুলে ধরেন ।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘লিঙ্গভেদে শনাক্তের হার পুরুষ ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ। বয়স বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সী ৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ১১ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৭ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ২৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের ২৮ শতাংশ, ১১ থেকে ২০ বছরের ৭ শতাংশ এবং ১ থেকে ১০ বছরের মধ্যে ৩ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘২১ থেকে ৩০ বছর বয়সীরা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরই আক্রান্তের দিক থেকে এগিয়ে রয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সীরা। এই বয়সী মানুষদের অনেক বেশি সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। এই বয়সের মানুষেরা কর্মস্থলে বেশি থাকেন। বাইরে বেশি ঘোরাঘুরি করেন, কাজের জন্যই হোক বা অন্য কারণেই হোক। যেহেতু তরুণ বয়স, তারা অনেক সময় সতর্কতা ও সচেতনতাকে ঠিকভাবে গ্রহণ করেন না। এ জন্য ২১ থেকে ৩০ এবং ৩১ থেকে ৪০ বছর বয়সীদের বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সতর্ক হোন, সচেতন থাকেন। আপনার কারণে যেন আপনার পরিবারের অন্য কেউ যেন ঝুঁকিতে না পড়ে।’

করোনায় মৃতদের বয়সের হার তুলে ধরে অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘১ থেকে ১০ বছর বয়সীদের মৃতের হার শূন্য দশমিক ৮২ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ দশমিক ৪৯ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ দশমিক ৪ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৮ দশমিক ২৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৭ দশমিক ৩৯ শতাংশ, ৫১ থেকে ৬০ বয়সীদের ২৯ দশমিক ৬২ শতাংশ এবং ৬১ বছরের বেশি বয়সীদের মৃত্যুর হার ৩৮ দশমিক ৯৯ শতাংশ।

তিনি বলেন, ‘মৃত্যুর হার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যেই মৃত্যুর হার বেশি। কাজেই এই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারাও অনেক বেশি সচেতন থাকবেন।’