Home Blog Page 2984

বিজেপির পার্টি অফিস থেকে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল!

0

করোনা দুর্গতদের ত্রানের চাল নয়ছয়ের ঘটনা বাংলাদেশে অনেক শোনা গেছে। এবার একই ঘটনা ঘটল পার্শবর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে। জলপাইগুড়ির বানারহাট বিজেপির পার্টি অফিস থেকে বস্তা বস্তা রেশনের চাল উদ্ধার করা হয়েছে।

অভিযোগ, বানারহাটের তেলি পাড়ার বিজেপি পার্টি অফিসে কয়েকশো কুইন্টাল চাল মজুত করা হয়েছিল। এদিন খবর পেয়ে সেখানে হানা দেয় বানারহাট থানার পুলিশ ও ফুড ইনস্পেক্টর। উদ্ধার করে বস্তা বস্তা চাল।

স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান সীমা দাস ও তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী অভিযোগ করেছেন, স্থানীয় রেশন এজেন্ট তার কোটার আগামী মাসের পুরো চালটাই বিজেপির হাতে তুলে দিয়েছিলেন। এই ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগামিকাল থেকে এলাকায় রেশন বিলি শুরু হবে।

যদিও বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই কথা ঠিক যে গত লোকসভা নির্বাচনের সময় জন বার্লার নির্বাচনী কাজের জন্য ওই ঘর আমরা ভাড়া নিয়েছিলাম। কিন্তু ভোটের পর আমরা ঘর ছেড়ে দিই। তবে সেখান থেকে আমরা আমাদের ফ্ল্যাগ খুলতে ভুলে গিয়েছিলাম। তাই ওখানে দলীয় ফ্ল্যাগ রয়ে গেছে।’ যদিও ছবিতে দেখা যাচ্ছে, শুধু ফ্ল্যাগ নয়, ঘরে মোদী-শাহের ছবিও রয়েছে।

অন্যদিকে, এই ঘটনায় জলপাইগুড়ি জেলা খাদ্য কর্মকর্তা অমৃত ঘোষ জানান, ‘অভিযোগ পেয়েছি। আমাদের কর্মকর্তারা তদন্তে গিয়েছেন। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র- জি নিউজ।

লকডাউনে ভারতের শীর্ষ ১০০ কম্পানির ২৭টি‌ই বেতন ঝুঁকিতে পড়েছে

0

করোনার ধাক্কায় সংকটে বিশ্ব অর্থনীতি। এর প্রভাব পড়ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও। লকডাউনের জেরে দেশটিতে একের পর লোকসানের সম্মুখীন হচ্ছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান। এক সমীক্ষায় দেখা গেছে, লকডাউনের কারণে কম্পানিগুলোর আয় ৩০ শতাংশ বা তার বেশি কমে গেলে কর্মীদের বেতন ঝুঁকির মধ্যে পড়বে। সে ক্ষেত্রে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত শীর্ষ ১০০টি কম্পানির মধ্যে ২৭টিই কর্মীদের বেতন ঝুঁকিতে পড়বে।

বহুজাতিক সংস্থা Deloitte-এর সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই বলা দাবি করা হয়েছে। ২৭টি সংস্থায় এরই মধ্যে কর্মী ছাঁটাই প্রায় নিশ্চিত বলেও জানাচ্ছে Deloitte।

জানা গেছে, যেকোনো ক্ষেত্রেই এখন চাহিদা তুলনামূলক কম। ফলে জোগানের প্রয়োজনও নেই। ভারতজুড়ে বহু সংস্থা রয়েছে যারা এই দুঃসময়ে লোকসানে মুখোমুখি। সেইসব সংস্থাগুলোও কর্মীদের বেতন দিতে সমস্যায় পড়বে। তবে ভারতের সেরা ২৭টি সংস্থার এমন দুরাবস্থা অবশ্য উদ্বেগ সৃষ্টি করতে পারে। করোনা পরবর্তী পরিস্থিতিতে বহু মানুষের চাকরি নিয়ে টানাটানি হবে, সে ইঙ্গিত আগেই দিয়েছে ভারতীয় শিল্প প্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতিতে কর্মীদের বেতন দেওয়ার জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, সেই রাস্তা যেকোনো সংস্থাকে নিজে থেকেই খুঁজে নিতে হবে বলে জানিয়েছে Deloitte.

ভারতে লকডাউনের কারণে শুধুমাত্র এপ্রিল মাসে ৯.৮ লক্ষ কোটি রুপির GVA ক্ষতি হবে বলে জানা গেছে। করোনার থাবায় ২০২১ আর্থিক বর্ষে দেশের ১২.১ লক্ষ কোটি রুপি ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল SBI Ecowrap। প্রতিটি ক্ষেত্রে যেকোনো সংস্থা এখন লোকসানের মুখে দাঁড়িয়ে। ভারতে কলকারখানা থেকে শুরু করে বিমান চলাচল, সবই বন্ধ। দেশটির আর্থিক প্রগতির চাকা যেন থমকে গেছে।

তাবলিগ জামাত প্রধান মাওলানা সাদকে করোনা পরীক্ষার নোটিশ

0

তাবলিগ জামাত প্রধান মাওলানা সাদ কান্ধলভীকে সরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করাতে নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। এছাড়া বৃহস্পতিবার ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে নিজামুদ্দিন মারকাজ ইস্যুতে বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়ে তাঁকে নোটিশ করা হয়েছে।

এরই মধ্যে তাবলিগ জামাত প্রধান মাওলানা সাদের করোনা পরীক্ষা একটি বেসরকারি পরীক্ষাগারে করানো হয়েছে। তাতে তাঁর শরীরে এই মারণ ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি বলেই জানা গেছে। আর এই রিপোর্ট মাওলানার আইনজীবী ফয়জুল আইয়ুবি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে জমাও দিয়েছেন।

ক্রাইম ব্রাঞ্চ সূত্রে আরও জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাত সদস্যদের নিয়ে ধর্মীয় জমায়েত করায় মাওলানা সাদ ও অন্যদের বিরুদ্ধে মহামারি আইন ১৮৯৭, অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে ইডির তরফেও তাবলিগ প্রধান সাদ-সহ কয়েকজনের নামে আর্থিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত মোট চারবার মাওলানা সাদকে নোটিশ পাঠাল দিল্লি পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, মাওলানা সাদের বিরুদ্ধে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগ উঠেছিল। সাবধান করা সত্ত্বেও তিনি নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতের সমাবেশ চালিয়ে যান বলে অভিযোগ। মার্চের মাঝামাঝি সময়ে হওয়া ওই ধর্মীয় সমাবেশ ঘিরে বিতর্ক দেখা দেয় পুরো ভারতজুড়ে। শারীরিক পরীক্ষার পর অনেক তাবলিগ সদস্যের শরীরে করোনার জীবাণুও পাওয়া যায়।

সূত্র- সংবাদ প্রতিদিন।

করোনার ভ্যাকসিন প্রায় তৈরি, দাবি চীনা প্রতিষ্ঠান সিনোভাকের

0

করোনাভাইরাসের ভ্যাকসিনের খোঁজে তোলপাড় চলছে গোটা বিশ্বে। অন্তত ৮০টি জায়গায় স্বতন্ত্র গবেষণা চলছে। অনেকেই দাবি করছেন, তারা প্রায় সেরে ফেলেছেন গবেষণা। তাদের সবার থেকে এগিয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভাক। তারা বলছে, এখন শুধু গণ উৎপাদনের ছাড়পত্রের অপেক্ষা। তাদের গবেষণাগারে তৈরি ভ্যাকসিনই করোনা ঠেকাতে সাহায্য করবে।

এই মুহূর্তে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। তাই আর দেরি না করে গণহারে উৎপাদন করতে চায় এই চীনা প্রতিষ্ঠান। সিনোভাকের দাবি, বানরের শরীরে অভুতপূর্ব সাফল্য মিলেছে এই ভ্যাকসিনের। তবে গণহারে উৎপাদন করার জন্যে এখনো অনেকগুলো ধাপ পেরোনো বাকি তাদের।

করোনার এই দুঃসময়ে যে চারটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে চীন, তার একটি পরিচালনা করছে সিনোভ্যাক বায়োটেক। বিশ্বব্যাপী করোনাভাইরাস রোধে পরীক্ষামূলক ভ্যাকসিনটির ব্যাপক উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে চীন। ভ্যাকসিনটি সদ্যই মানব শরীরে পরীক্ষার কাজ শুরু হয়েছে।

সংস্থাটি বলছে, করোনা প্রতিরোধের জন্য প্রতি বছরে ১০ কোটি ডোজ উৎপাদন করতে তারা প্রস্তুত। একটি নিষ্ক্রিয় প্যাথোজেনের ওপর ভিত্তি করে এই ভ্যাকসিনের হাজারো শট সাদা-কমলা রঙের একটি প্যাকেজে সজ্জিত করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে করোনাভ্যাক। এই ভ্যাকসিনটি প্রায় তৈরি হয়ে গেছে।

ভ্যাকসিনটির অনুমোদন পেতে আরো দীর্ঘ পথ পারি দিতে হবে। যথাযথ কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে কম্পানিটিকে এটাও দেখাতে হবে যে, তারা বৃহৎ পরিসরে ভ্যাকসিনটি উৎপাদন করতে সক্ষম। তবে এর আগে সোয়াইন ফ্লু’র ভ্যাকসিনও গণ হারে উৎপাদন করেছিল সিনোভাক। তাই ধারণা করা হচ্ছে, এই সংস্থাটি করোনার ভ্যাকসিন উৎপাদন করতে পারবে।

সিনোভ্যাক চীনের পূর্ব জিয়াংসু প্রদেশে এপ্রিল মাসে একশ ৪৪ জন স্বেচ্ছাসেবীর ওপর ভ্যাকসিনটি পরীক্ষা চালিয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর প্রথম দুটি পর্যায়ের পরে জুনের শেষ নাগাদ ভ্যাকসিনটির আশাব্যাঞ্জক ফল পাওয়া যাবে বলে আশাবাদী কম্পানিটি।

পরীক্ষার তৃতীয় ধাপ সম্পন্ন হলেই নির্ধারণ করা যাবে ভাইরাসের বাহকের মধ্যে ভ্যাকসিনটি কার্যকর কি-না। তবে সিনোভাক তৃতীয় ধাপের পরীক্ষার জন্য প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। কারণ, চীনে ভাইরাসটির সংক্রমণ কমে যাওয়ায় ভ্যাকসিন পরীক্ষার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক তারা পাচ্ছে না।

সিনোভ্যাক নামক এই সংস্থাটির আন্তর্জাতিকবিষয়ক পরিচালক মেং উইং বলেন, বর্তমানে আমরা ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা বলছি। তৃতীয় ধাপের জন্য কয়েক হাজার লোকের প্রয়োজন হবে। তবে ভ্যাকসিন পরীক্ষার জন্য কোন দেশ থেকে এই পরিমাণ স্বেচ্ছাসেবী পাওয়া সহজ নয়। পরবর্তী ধাপে সাফল্য পেলেও সিনোভ্যাক পুরো বিশ্বের জনগণের চিকিৎসার জন্য পর্যাপ্ত টিকা তৈরি করতে সক্ষম হবে।

সিনোভ্যাকের এই আন্তর্জাতিক বিষয়ক পরিচালক বলেন, ব্যাপক হারে ভ্যাকসিন উৎপাদন করতে সংস্থাটি বিদেশি অংশীদারদের সহযোগিতা করতে প্রস্তুত আছে। গবেষণা কাজের পাশাপাশি সিনোভ্যাক ব্যাপক উৎপাদনের জন্যও প্রস্তুতি নিচ্ছে। আমরা দিনরাত কাজ করছি। আমাদের কর্মীরা তিন শিফটে ২৪ ঘণ্টা কাজ করছেন। ভ্যাকসিনটি তৈরির জন্য আমরা এক মিনিটও অপচয় করি না।

সূত্র: দ্য স্টার অনলাইন।

লন্ডনে লাল সুতা আর তেলে করোনা নিরাময়!

0

লাল সুতা আর বিশেষ তেল মালিশেই মিলবে করোনা সংক্রমণ থেকে মুক্তি! এমন দাবি লন্ডনের একটি চার্চের। এবং দেদারছে বিক্রি হচ্ছে এই ‘ডিবাইন ক্লিনজিং ওয়েল’। যার তিন বোতল গায়ে মালিশ করলে করোনা কভিড-১৯ থেকে নিরাময় থাকা যাবে।

কেম্বারওয়েলে অবস্থিত কিংডম চার্চের বিশপ ক্লাইমেট ওয়াইজম্যান দাবি করেছেন – এক বোতল তেল এবং কিছু লাল সুতা, যার দাম ৯৯ পাউন্ড – তার অনুসারীদের ভাইরাস থেকে রক্ষা করবে। ব্রিটেনের চ্যারেটি কমিশন কর্তৃক তদন্তাধীন থাকা সত্ত্বেও লন্ডনের এই গির্জা একটি জাল কভিড -১৯ নিরাময়ের এই বিশেষ তেল বিক্রয় অব্যাহত রেখেছে।

এর আগে করোনোভাইরাস “সুরক্ষা কিট” বিক্রির জন্য এপ্রিল মাসের শুরুতে দক্ষিণ লন্ডনের কিংডম চার্চে তদন্ত শুরু করেছিল দেশটির চ্যারেটি কমিশন। তাই সেই কিট বিক্রি বন্ধ করে এখন এই “ঐশ্বরিক বিশুদ্ধকরণ তেল” বিক্রি করছে গির্জাটি।

কাহিনীটি যখন প্রকাশ্যে আসে, ইংল্যান্ড এবং ওয়েলসের দাতব্য সংস্থাকে নিয়ন্ত্রনকারী চ্যারিটি কমিশন পাশাপাশি ট্রেডিং স্ট্যান্ডার্ডসও ভেজাল নিরাময় কিট বিক্রির জন্য গির্জার তদন্ত শুরু করেছিল।

কিন্তু বিবিসি লন্ডনের পক্ষ থেকে এই সপ্তাহে গ্রাহক হিসাবে সেখানে উপস্থিত হয়ে দেখা গেছে যে চার্চ এখনও তথাকথিত “ডিবাইন ক্লিনজিং ওয়েল ” বিক্রি করছে যা বলেছে যে তিনটি তি নিলে কোভিড -১৯ প্রতিরোধ করে এবং নিরাময় করে।

চ্যারেটি কমিশন বলেছে যে এটি “কিংডম চার্চ সম্পর্কে গুরুতর অভিযোগগুলো তদন্ত করে দেখেছে” এবং “ভুয়া কোভিড -১৯ সুরক্ষা ডিভাইস” বিক্রির জন্য জড়িতদের বিরুদ্ধে তদন্ত করেছে।

গীর্জার পক্ষ থেকে এক কর্মচারী বিবিসি কে বলেন, আমরা জাতিকে সাহায্য করছি। প্রায় দুই হাজার বোতল তেল ইতমধ্যে বিক্রয় হয়েছে বলে ও জানিয়েছেন ঐ কর্মী।

মহানগর পুলিশ জানিয়েছে যে এটি পণ্য বিক্রির সাথে জড়িত থাকার কারণে ইংল্যান্ড ট্রেডিং স্ট্যান্ডার্ড এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। চ্যারিটি কমিশন বলেছে যে তারা সাউথওয়ার্ক কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ড বিভাগের সাথে যোগাযোগ করছে, যার ফলে তারা নিশ্চিত করেছে যে এটি বিষয়টি তদন্ত করছে।

সাউথওয়ার্ক কাউন্সিল বলেছে যে এই চার্চের বিরুদ্ধে “কভিড -১৯ সম্পর্কিত অনেকগুলি কেলেঙ্কারী রয়েছে” এবং সতর্ক করা হয়েছে যে গ্রাহকদের “বোগাস টেস্ট কিট, নিরাময় এবং চিকিত্সা এবং অন্যান্য আর্থিক কেলেঙ্কারীর জন্য।

প্রাক্তন মেট পুলিশ পরিদর্শক পিটার কিরহাম বলেছেন, এটি বিপজ্জনক। আমি বিশ্বাস করতে পারি না যে মানুষ সুরক্ষার জন্য এতটা নির্লজ্জ এবং বেপরোয়া।

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনীর বর্বরতা চলছেই

0

করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় সারাবিশ্ব ব্যস্ত। আর এ সময়ে্ও মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন প্রদেশের বেসামরিক জনগণের উপর তাদের বর্বরতা অব্যাহত রেখেছে। এমনটাই দাবি করেছে জাতিসংঘ।

মিয়ানমারে সামরিক বাহিনী এখনো মানবতাবিরোধী অপরাধ করছে। বেসামরিক লোকজনকে এখনো লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়াংগি লি এই অভিযোগ করেছেন।

গতকাল বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ প্রতিনিধি এসব কথা বলেন।

ইয়াংগি লি বলেছেন, সারাবিশ্ব যখন করোনাভাইরাসের মহামারি মোকাবেলায় ব্যস্ত তখন মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন প্রদেশের বেসামরিক জনগণের উপর তাদের বর্বরতা চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের সেনারা সেখানকার বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

তিনি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন প্রদেশের জনগণের উপরে যে নিষ্ঠুরতা চালাচ্ছে তাতে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। মিয়ানমারের সেনাবাহিনী ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানবিক আইন এবং মানবাধিকার লংঘন করে যাচ্ছে।

জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন এবং চিন প্রদেশে যে হতাযজ্ঞ চালিয়েছে তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়তে পারে।

ইয়াংগি লি বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী সম্প্রতি রাখাইন ও প্রতিবেশী চীন প্রদেশে যে বিমান হামলা চালিয়েছে তাতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে যার মধ্যে বেশকিছু শিশু রয়েছে। শুধু তাই নয়, বিমান হামলায় আহতদের চিকিৎসা নিতে বাধা দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।

ব্রিটিশ ফার্মের দাবি, করোনা চিকিৎসার দুটি কার্যকর পদ্ধতি তারা পেয়েছে

0

গুরুতর কভিড-১৯ রোগীদের চিৎসায় ভেন্টিলেটর লাগানোর আগে দুটি কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে বলে দাবি স্কটল্যান্ডের গ্লাসগো ভিত্তিক একটি বায়োটেকনোলজি ফার্মের। তাদের দাবি নতুন এই পদ্ধতিতে রোগীকে ভেন্টিলেটর লাগানোর প্রয়োজনীয়তা অনেক কমবে।

সংস্থাটি বলেছে, সেফটি স্টাডি এবং ক্লিনিক্যাল ট্রায়ালগুলোকে ত্বরান্বিত করতে এখনই জরুরিভাবে ৪০ লাখ ডলার তহবিল প্রয়োজন।

আইএলসি থেরাপিউটিক্স জানিয়েছে যে, এটি ইন্টারফেরন আলফা সাব টাইপকে পেটেন্ট করেছে, যেটি ইন্টারফেরন-আলফা ১৪ নামে পরিচিত। যা ইনজেকশন বা ইনহেলেশনের মাধ্যমে রোগীদের দেওয়া যেতে পারে। এটি প্রকাকৃতিকভাবে কভিড -১৯ রোগীদের তীব্র শ্বাসযন্ত্রের যন্ত্রণা, শ্বাসকষ্ট প্রতিরোধ করতে পারে। যার অর্থ দাঁড়াচ্ছে যে, যথেষ্ট সংখ্যক রোগীকে আর কোনো ভেন্টিলেটরে থাকতে হবে না।

আইএলসি বলেছে যে এটি কভিড -১৯ এর সাথে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ কোষগুলো বাড়িয়েও চিকিৎসা করতে পারে যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং একটি প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে মারাত্মক ক্ষতির হাত থেকে ফুসফুস রক্ষা পায়।

ইন্টারফেরন প্রকল্পের পাশাপাশি সংস্থাটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সৌম্য ভট্টাচার্যের সাথে কাজ করছে। দুটি চিকিৎসা পদ্ধতিই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে দ্রুত পরীক্ষা সম্ভব হলে তা কভিড -১৯ রোগীদের প্রাণ বাঁচাতে দারুন ভুমিকা রাখবে। ভেন্টিলেটরের মতো জটিল ও ব্যয়বহুল যন্ত্রের ব্যবহার অনেকাংশে কমে আসবে। ফলে অনেক রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হবে।

সংস্থাটি নিশ্চিত করেছে যে, ডক্টর অ্যালান ওয়াকার নতুন চিকিৎসার পদ্ধতির উন্নয়নের নেতৃত্ব দিতে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হতে সম্মত হয়েছেন। জীব বিজ্ঞানে ড.ওয়াকারের ৫০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ইন্টার্নিস এবং রাইবোকিনের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওয়ার্নার ল্যামবার্টে ২৮ বছর অতিবাহিত করেছেন।

ড. ওয়াকার বলেছিলেন, ‘এটি লক্ষণীয় যে এই আকারের একটি ছোট, বায়োটেক কম্পানি একটি নয় বরং দুটি অভিনব চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে এবং আমি আশা করি যে, এই চিকিৎসাগুলো ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে সফল হবে এবং জীবন বাঁচাতে দ্রুত এটি বাজারে নিয়ে আসতে পারব বলে আশা করি।’

তিনি আরো বলেন, আমরা দেখেছি যে, একবারে খুব কম রোগী ভেন্টিলেটর লাগিয়ে বেঁচে থাকে। তাই আমরা নিরাপদে এবং স্কেলেবল উপায়ে এই চিকিৎসা যত দ্রুত তৈরি করতে পারি ততই ভাল।

সূত্র- দ্য হেরাল্ড।

স্বাস্থ্য ও কৃষি খাতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

0

করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। পাশাপাশি স্বাস্থ্য ও কৃষি খাতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের সঙ্গে করোনা পরিস্থিতি এবং সহযোগিতা নিয়ে ফোনে আলাপচারিতার সময় তিনি এ প্রতিশ্রুতি দেন। অর্থমন্ত্রী কৃষি যান্ত্রিকীকরণ, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ও মানবিক সহায়তা কর্মসূচির জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা চান।

ফোনালাপে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস আঘাত হেনেছে। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী থমকে দাঁড়িয়েছে অর্থনীতি। যা বিশ্বের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। এ মহামারির কারণে সব থেকে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এশিয়ার উন্নয়নশীল রাষ্ট্রগুলোর। এ মুহূর্ত সবচেয়ে জরুরি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার। ২০১৩ সালে আমাদের জিএসপি সুবিধা স্থগিত হয়েছে এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো চুক্তি (টিকফা) স্বারিত হয়, যদিও অগ্রাধিকারযোগ্য বাজারে প্রবেশের সমস্যা এখনও মীমাংসিত হয়নি। কভিড-১৯ মহামারীর প্রভাবে সৃষ্ট বাণিজ্য ও অর্থনীতিতে বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারযোগ্য বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের কাছে অর্থমন্ত্রী বেশ কিছু সুবিধা চান। এ সময় তিনি বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উপর কভিড-১৯ এর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার, স্বাস্থ্য খাতে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা, সমতা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য সমর্থন বাড়ানোর অনুরোধ করেন। পাশাপাশি সামাজিক সুরা নেট প্রোগ্রাম প্রশস্তকরনে সমর্থন দেওয়া, উন্নয়নের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সম কৃষি যান্ত্রিকীকরণের অর্থায়নে সহায়তা; স্বাস্থ্য, শিা, দুর্যোগ ও মানবিক সহায়তা কর্মসূচির জন্য স্বল্প সুদে ঋণ সহায়তারও অনুরোধ করেন। মার্কিন রাষ্ট্রদূত স্বাস্থ্য ও কৃষিখাতে সহায়তার প্রতিশ্রুতি দেন।

রাষ্ট্রদূত মিলার ইউএস এক্সিম ব্যাংকের নতুন পণ্য সম্পর্কে অবহিত করেন। এক বছরের জন্য প্রদত্ত এ সুবিধার আওতায় রয়েছে- সরাসরি ঋণ বা ঋণ গ্যারান্টি, সাপ্লাই চেইন অর্থায়ন গ্যারান্টি, কার্যনির্বাহী মূলধন গ্যারান্টি এবং প্রি ডেলিভারি/প্রি এক্সর্পোট অর্থায়ন সুবিধা।

করোনা পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে জরুরি সেবা কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন দেশের সিংহভাগ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং ছোট-খাটো কারখানা বন্ধ। গণপরিবহন ও বিমান চলাচল স্থগিত। করোনার প্রভাবে আমাদের আমদানি-রপ্তানির উপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। স্থবিরতা নেমে এসেছে রেমিটেন্স প্রবাহে।

তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশের মানুষ ও অর্থনীতির জন্য ১১.৬ বিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, যা জিডিপির ৩.৫ শতাংশ। এই প্যাকেজের অর্থ ব্যয়ে জনসাধারণের ব্যয় বৃদ্ধি, সামাজিক সুরক্ষা জালকে প্রশস্ত করা এবং আর্থিক সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত শিল্প, পরিষেবা খাত এবং কুটির শিল্পগুলিকে সুরার জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কার্যনির্বাহী মূলধনের বিধান অর্ন্তভুক্ত করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বাংলাদেশ সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই সংকট মোকাবেলায় সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবেন বলে তিনি আশ্বস্ত করেন।

করোনা মোকাবেলায় জোটবদ্ধ হয়েছে ৬টি মানবিক সহায়তা সংস্থা

0

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ শুরু করেছে বাংলাদেশে কর্মরত প্রথম সারির ছয়টি আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ, অক্সফাম, ওয়ার্ল্ড ভিশন এবং কারিতাস বাংলাদেশ।

কনসোর্টিয়ামটি ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলোর জন্য স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর কর্মসূচির ব্যবস্থা ও উন্নত সেবাদানের মাধ্যমে কভিড -১৯ এর ব্যাপকতা কমিয়ে আনার পরিকল্পনা করেছে।

চলতি বছরের মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড -১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য বিশেষ করে শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী, কক্সবাজারের স্থানীয় সম্প্রদায়সহ দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষদের জন্যএটি একটি উদ্বেগের বিষয়।

প্রায় সাড়ে চার লাখ স্থানীয়জনগোষ্ঠী ও রোহিঙ্গাসহ কক্সবাজারে বসবাসরত দশ লাখেরও বেশি মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। যদিও রোহিঙ্গা শিবিরগুলোতে এখনো পর্যন্ত কভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়নি, ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর জীবনযাপন, পরিষ্কার পানি ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত উপকরণগুলোর সীমিত সুযোগ, পাশাপাশি পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধার অভাবে শিবিরগুলোতে এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে এই রোগের দ্রুত প্রসারের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

বর্ষার মৌসুম আসন্ন হওয়ায় মানবিক সহায়তা বিশেষজ্ঞরা দুই ধরণের জরুরি অবস্থা নিয়েই উদ্বিগ্ন। তাদের আশঙ্কা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর সংক্রমণের সাথে বন্যা বা ঘূর্ণিঝড় যুক্ত হলে একটি বড় সঙ্কট সৃষ্টি করবে এবং এই ভাইরাসের বিস্তারকে ত্বরান্বিত করবে।

অস্ট্রেলিয়ান হিউম্যানিটারিয়ান পার্টনারশিপ, অস্ট্রেলিয়া সরকার এবং মানবিক সংস্থাগুলোর একটি অংশীদারি জোট, যার মাধ্যমে সংস্থাগুলো সংঘাত, বিপর্যয় এবং অন্যান্য মানবিক সংকট মোকাবেলায় জীবন বাঁচাতে, দুর্দশা লাঘবে এবং আক্রান্তদের মানবিক সহায়তা পৌঁছে দিতে কাজ করে। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে, ছয়টি মানবিক সংস্থা স্বতন্ত্রভাবে বাংলাদেশে দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং মানবিক কর্মসূচী পরিচালনা করছে এবং সম্প্রতি কভিড-১৯ মহামারীতে সাড়া দিতে এগিয়ে এসেছে।

সংস্থাগুলো মানুষের সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিট বিতরণ, স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার অনুশীলন প্রচার, পরিষ্কার পানির পয়েন্ট স্থাপন, নগদ ক্যাশ ও ভাউচার বিতরণ, ইতিবাচক অভিভাবকসুলভ আচরণের প্রচার এবং বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ যত্ন, শিশু সুরক্ষা, যৌন এবং প্রজনন স্বাস্থ্য পরিষেবা এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) বিতরণ এর মাধ্যমে এই রোগ প্রতিরোধে কাজ করবে।

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ফলে সৃষ্ট মানবিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতা মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে চলেছে।

সেভ দ্য চিলড্রেন ৪৭ হাজার রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য সাতটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করছে এবং কমিউনিটি কেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দুই কোটি সাত লাখ টাকা বরাদ্দ করেছে।

কেয়ার বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে পরিচালিত চলমান প্রকল্পগুলোর আওতায় প্রায় ১২ হাজার লোকের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে।

অক্সফাম কভিড-১৯ এর কারণে শরণার্থী শিবিরের ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে সহায়তার জন্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনা করেছে।

ওয়ার্ল্ড ভিশন ২৬ হাজার ৯৬৫ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর মানুষের সহায়তার জন্য দুই কোটি ৭০ লাখ টাক্ বরাদ্দের পরিকল্পনা করেছে।

কারিতাস বাংলাদেশ, ক্যান ডু নেটওয়ার্কের অংশ হিসেবে, প্রায় ২২ দশমিক ২৪ মিলিয়ন টাকা কারিতাস নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া তহবিল থেকে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, জীবাণুনাশক এবং পিপিই সরবরাহ করছে সামনের সারির সহায়তাকর্মীদের জন্য।

এই কার্যক্রম পরিচালিত হবে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান হিউম্যানিটারিয়ান পার্টনারশীপের মাধ্যমে বাস্তবায়িত বাংলাদেশে কর্মরত ছয়টি আন্তর্জাতিক সহায়তা সংস্থার তিন বছরের কনসোর্টিয়াম প্রোগ্রামে বরাদ্দকৃত ৪৪ মিলিয়ন ডলার অর্থে।

কনসোর্টিয়ামভুক্ত সংস্থাগুলো এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রাথমিক শিক্ষা এবং সুরক্ষা পরিষেবা সরবরাহ করবে। এই প্রোগ্রামটি রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর মানুষকে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।

এই কর্মসূচির মাধ্যমে সহায়তা সংস্থাগুলি স্থানীয়করণ, ভুক্তভোগী জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা, যৌথ সহায়তা কার্যক্রম এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বিত কার্যক্রমের লক্ষ্যে মানবিক ব্যবস্থার উন্নতিতে একত্রে কাজ করবে।
এএইচপি-সমর্থিত কনসোর্টিয়াম, সংকটে মানবতাবাদী সহায়তার জন্য অস্ট্রেলিয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।
সংস্থাগুলো বাংলাদেশের যেসব এলাকায় অস্ট্রেলিয়ার সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেসব অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে কাজ করছে।

২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়ান তহবিল কক্সবাজারে মানবিক সহায়তার নেতৃত্ব দিতে বাংলাদেশকে সহায়তা করে আসছে। এই তহবিলের ফলে ৪৮ হাজারেরো বেশি শিশু উপকৃত হয়েছে এবং সংকটে ক্ষতিগ্রস্থদের জন্য পরিষ্কার পানি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। কভিড-১৯ মহামারির সময়েও অস্ট্রেলিয়ান এইড বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় তাদের কর্যক্রম অব্যাহত রেখেছে।

মহান মে দিবস কাল, অনুষ্ঠান বাতিল

0

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে স্বীকৃত মহান মে দিবস আগামীকাল। তবে করোনাভাইরাস মোকাবিলায় সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে এবছর সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য তাদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেবেন। এছাড়া কয়েকটি জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। প্রতি বছর নানা অনুষ্ঠানের মধ্যেদিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে দিনটি পালিত হলেও এবারের পরিস্থিতি ভিন্ন। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ ভাইরাসের সংক্রমণরোধে সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে এবছর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।