Home Blog Page 2994

কাল রাজশাহীর আট জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আগামীকাল ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এতে রাজশাহী বিভাগের আট জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলে যুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ এতথ্য জানান। জেলাগুলো হচ্ছে, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।

এরআগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জনগণকে স্বাস্থ্যবিধিসমূহ মেনে চলার আহবান জানানোর পাশাপাশি সংকট উত্তরণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজেরও ঘোষণা দেন।

সবাই যখন দিশেহারা, এই ৫ দেশ করোনাকে হারাতে যাচ্ছে!

0

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস। এরই মধ্যে এই মারণ ভাইরাসের ছোবলে প্রায় গেছে দুই লাখেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে প্রায় ৩০ লাখ। এমন ভয়াবহ পরিস্থিতিতেও সঠিক পদক্ষেপ, দ্রুত সীমান্ত বন্ধ করা এবং সরকারি দায়বদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে কভিড-১৯ মহামারি জয়ের পথে ৫ দেশ- তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি ও অষ্ট্রেলিয়া।

১) তাইওয়ান

করোনা জয়ের পথে সবচেয়ে এগিয়ে আছে উৎসভূমি চীনের সান্নিধ্যে থাকা তাইওয়ান। ২ কোটি ৪০ লাখ মানুষের দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে পূর্বাভাস দেয়া হয়েছিল। কারণ দেশটির সাড়ে আট লাখ মানুষ চীনের মূল ভূখণ্ডে কাজ করেন। তবে দেশটির ঝুঁকি এখন শুন্যের কোঠায়।

১০ দিনের বেশি হতে চললো তাইওয়ানে নতুন করে কেউ করোনাভাইরাস সংক্রমিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়নি। করোনা মহামারিতে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, তখন ভাইরাসটি প্রতিরোধে তাইওয়ান অন্য দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে।

দ্বীপরাষ্ট্র তাইওয়ান গত জানুয়ারি থেকে করোনা পরীক্ষা করে আসছে। সামান্য লক্ষণ ও ভ্রমণ ইতিহাস থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরীক্ষা করা হতো। সে সময় তাদের পাশ্ববর্তী দেশে চীনে মৃত্যুর মিছিল চলছিল। বৈশ্বিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডও মিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তাইওয়ানে ৪২৯ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩৩৮ জনই বিদেশফেরত। আর মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে ফিরেছেন ২৮১ জন।

এই সফলতার পেছনে রয়েছে- ভ্রমণ নিষেধাজ্ঞা, ব্যাপক হারে পরীক্ষা, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও কঠোর কোয়ারেন্টাইনে দেশটি দৃঢ়তার সঙ্গে কার্যকর করেছে।

২) অস্ট্রেলিয়া

করোনা জয়ের পথে এগিয়ে যাওয়া আরেক দেশ অস্ট্রেলিয়া। দেশটিতে এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। শনিবার দেশটিতে নতুন করে মাত্র ৮ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। যা দেশটির জন্য কিছুটা স্বস্তির। প্রথমদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের কারণে করোনা যুদ্ধে জয়ের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির পাঁচটি রাজ্য ও অঞ্চলে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। অপরদিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে মাত্র একজন করোনায় আক্রান্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল,পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এমনকি সেখানকার ৯০ শতাংশ রোগী ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। এছাড়া দেশজুড়ে ব্যাপকহারে করোনার টেস্ট করা হয়েছে। ফলে প্রথম থেকেই আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৭১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৩৯ জনই সুস্থ হয়ে উঠেছে। অপরদিকে মারা গেছেন ৮৩ জন।

প্রথম থেকেই কড়াকড়ি পদক্ষেপের কারণে অস্ট্রেলিয়া করোনা বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। শুরু থেকেই বিদেশ ফেরত নাগরিকদের ১৪ দিনের আইসোলেশন বাধ্যতামূলক করা হয়। এমনকি আইসোলেশন নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিয়েছে পুলিশ। একই সঙ্গে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়। প্রথম থেকেই চীনফেরতদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া।

৩) জার্মানি

ইউরোপের দেশ জার্মানিতে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলেও সরকারের কঠোর পদক্ষেপ ও উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে শুরু থেকেই মৃত্যুর হারে লাগাম পরিয়ে রাখতে পেরেছিল অ্যাঙ্গেলা মেরকেলের দেশ। টানা কঠোর লকডাউন ও উন্নত চীকিৎসা ব্যবস্থার সুফল অবশেষে পেতে শুরু করেছে দেশটি। বর্তমানে করোনা জয়ের পথে জার্মানি। ওয়ার্ল্ডও মিটারের দেওয়া তথ্য মতে দেশটি এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫১৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৯ হাজার ৮০০ জন। ৪১ হাজারের মতো চিকিৎসাধীন রোগী সুস্থ হওয়ার পথে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৭৭ জনের। মোট আক্রান্তের তুলনায় এটা খুবই নগন্য।

৪) দক্ষিণ আফ্রিকা

করোনা ভাইরাসের জয়ের খুব কাছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এরই মধ্যে লকডাউন শিথিল করা শুরু হয়েছে। কৃষি খাতকে পুনারয় উন্মুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে প্রায় এক মাস ধরে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছিল। তারই সুফল পাচ্ছে দেশটি।

রবিবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হিসাবে ৪ হাজার ৩৬১ জনকে শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন অন্তত ৭৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন অন্ত ১ হাজার ৪৭৩ করোনা রোগী।

৫) দক্ষিণ কোরিয়া

করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিশ্বের অনেক উন্নত দেশ। সেক্ষেত্রে করোনা নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। এক অংকে নেমে এসেছে দেশটির করোনায় আক্রান্তে সংখ্যা। রবিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১০ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৭২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৮ হাজার ৭১৭ জন এবং সুস্থ হওয়ার পথে ১ হাজার ৭৬৯ জন।

শুরুতে বড় আকারে ছড়িয়ে পড়ার পর কয়েক দিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া ব্যাপকভাবে পরীক্ষা শুরু করে। উপসর্গ না থাকলেও অন্যকে সংক্রমিত করতে পারেন এমন লোকদের পরীক্ষা করা, নিশ্চিত রোগীদের বিচ্ছিন্ন করে রাখা এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার মত বিস্তৃত কর্মসূচি নিয়েছিল দেশটি। বেশি একটা বিপর্যয় সৃষ্টির আগেই নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার নেওয়া কার্যকর পদক্ষেপ খুবই প্রশংসিত হয়।

সূত্র- স্টাফ ডটকম।

মসজিদ খোলা আছে, খতম তারাবিও হবে : ধর্ম প্রতিমন্ত্রী

0

ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের সব মসজিদ খোলা আছে, খোলা থাকবে এবং তারাবিও হবে।

আজ রবিবার করোনাভাইরাসের এ দুর্যোগকালীন রমজান মাসে মসজিদ খোলা রাখা ও তারাবির নামাজের বিষয়ে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মসজিদ বন্ধ না। আমরা বলেছিলাম, ওয়াক্তের নামাজে ৫ জন ও জুমার নামাজে ১০ জন উপস্থিত থাকবেন। জুমার নামাজে যে শর্ত মেনে ১০ জন থাকবেন, সে শর্ত মেনে এশার ও তারাবির নামাজের সময় ১০ জন মুসল্লি ঠিক করবেন। ২ জন কোরআনে হাফেজ সম্পূর্ণরুপে খতম তারাবি পড়বেন। খতম তারাবি বন্ধ থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, যে সব স্থানীয় মসজিদে কমিটি খতম তারাবি পড়তে চান, অবশ্যই সব মসজিদ খোলা আছে খোলা থাকবে, তারাবি হবে তবে সংক্ষিপ্ত হবে। কারণ বাইরে থেকে কোনো অসুস্থ কেউ এলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারেন। মানুষের জীবনরক্ষার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাবলিগ জামাত সদস্যদের আসামের দুই মসজিদে ঢুকতে মানা!

0

দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে তাবলিগ জামাত সদস্যদের করোনায় আক্রান্ত হওয়া ও পরবর্তীতে দেশের বিভিন্ন মসজিদে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবার তাবলিগ সদস্যদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আসামের অন্তত দুটি মসজিদ কমিটি।

কামরূপ জেলার রাঙ্গিয়ার সাহান মসজিদ কমিটি শনিবার নোটিশ দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। নোটিশে বলা হয়েছে, দিল্লির ধর্মীয় সমাবেশে যোগ দেওয়া তাবলিগ জামাতের সদস্যরা মসজিদে ঢোকার চেষ্টা করবেন না। আপনাদের মসজিদে প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ। নোটিশে এ-ও উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া আসামের নওগাঁওয়ের পুরানিগুদাম এলাকার এক মসজিদেও অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন সামাজিক সংগঠন আঞ্জুমান-ই-ইসলামের সহসচিব জাকির হোসেন। ভবিষ্যতে কেউ যদি তাবলিগ জামাতে যায়, তাদের ক্ষেত্রেও একইরকম পদক্ষেপ করা হবে বলে মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

লকডাউন চলার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়িতেই এবার তারাবি নামাজ পড়বেন আসামের মুসলিমরা। বুরহা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নিজামুল হকসহ আসামের একাধিক মুসলিম নেতা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, ঘরে থেকেই নমাজ পড়ুন।

সূত্র- টেলিগ্রাফ ইন্ডিয়া।

করোনাভাইরাসে বিশ্বে মোট ২ লাখ ৭৩৬ জনের মৃত্যু

0

চীনে গত ডিসেম্বরে করোনা ভাইরাস ছড়িয়ে পরার পরে এই মহামারিতে এ পর্যন্ত ২ লাখ ৭৩৬ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে নেয়া বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্র থেকে প্রাপ্ত হিসেব সমন্বিত করে শনিবার গ্রীনিচ মান সময় ১৯০০টায় এএফপি এই মোট মৃত্যুর সংখ্যা জানায়।

এতে বলা হয়, ১৯৩টি দেশ ও ভূখন্ডে মোট করোনায় আক্রান্ত হয়েছেন, ২৮ লাখ ৬৪ হাজার ৭০ জন। এদের মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৯০০ জন করোনামুক্ত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী নতুন করে মোট ৬ হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে, এ সময়ে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৩২০ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ সময় ২ হাজার ৭১০ জনের মৃত্যু হয়েছে। বৃটেনে ৮১৩ এবং ইতালিতে ৪১৫ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে মোট ৫৩ হাজার ৭০ জনের মৃত্যু এবং ৯ লাখ ২৪ হাজার ৮৬৫ জন আক্রান্ত হয়েছে।

ইতালিতে মোট মৃত্যু ২৬ হাজার ৩৮৪ জন, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন, এর পরেই স্পেনে মৃত্যু মৃত্যু ২২ হাজার ৯০২ জন ,আক্রান্ত ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন; ফ্রান্সে মৃত্যু ২২ হাজার ৬১৪ জন ,আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ৪৮৮জন; বৃটেনে মৃত্যু ২০ হাজার ৩১৯ জন, আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন।

হংকং ও ম্যাকাও বাদে চীনে মোট ৪ হাজার ৬৩২ জনের মৃত্যুর ঘোষণা দেয়া হয়েছে, আক্রান্ত ৮২ হাজার ৮১৬ জন।
ইউরোপে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৭১ জন, আক্রান্ত ১৩ লাখ ৬০ হাজার ৩১৪ জন; যুক্তরাষ্ট্র ও কানাডায় মোট মৃত্যু ৫৫ হাজার ৫৮৬ জন, আক্রান্ত ৯ লাখ ৬৯ হাজার ৮৯৬ জন; এশিয়ায় ৭ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১ লাখ ৯৫ হাজার ১০২ জন; লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে ৭ হাজার ৪৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ১৬২ জন; আফ্রিকায় ১ হাজার ৩৬১ মৃত্যু এবং ২৯ হাজার ৯৮১ আক্রান্ত; মধ্যপ্রাচ্যে ৬ হাজার ২২৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ৬২৫ জন; ওশেনিয়া অঞ্চলে ১০৫ জনের মৃত্যু এবং ৭ হাজার ৯৯১ জন আক্রান্ত হয়েছে।

মন্তব্য

লকডাউন ছাড়া যে সিস্টেমে চলছে সুইডেন

0

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইউরোপের অধিকাংশ দেশেই কোনো না কোনো মাত্রার লকডাউন আরোপ করা হলেও সুইডেনে অধিকাংশ নাগরিকই অনেকটা স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে পারছেন। সুইডেনের এই কৌশল অবলম্বন করার পেছনে দেশটির নাগরিকদের সমর্থন ছিল।

দেশটির বিজ্ঞানীরা এই কৌশলের প্রবর্তক এবং সরকার এটিকে সমর্থন করেছে। কিন্তু সুইডেনের সব ভাইরোলজিস্ট এখনও এই কৌশল নিয়ে পুরোপুরি আশ্বস্ত নন। এখানে কোনো লকডাউন নেই। সুইডেনের বিভিন্ন পানশালায় মানুষের ছবি থেকে শুরু করে আইসক্রিমের দোকানের সামনে মানুষের দীর্ঘ লাইনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে।

তবে সেসব ছবির ভিত্তিতে এখানে জীবন ‘স্বাভাবিকভাবে’ চলছে মনে করলে কিন্তু ভুল ধারণা করা হবে। সুইডেনে হয়তো লকডাউনের পরিধি খুব সামান্য, কিন্তু সেখানকার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যে জনসংখ্যার সিংহভাগই স্বেচ্ছায় সামাজিক দূরত্ব মেনে চলছেন, যেটিকে মনে করা হচ্ছে সুইডেনের ভাইরাস সংক্রমণ প্রতিরোধের প্রধান অনুষঙ্গ।

গণপরিবহন ব্যবহারের হার যথেষ্ট পরিমাণে কমেছে, জনসংখ্যার একটা বড় অংশ ঘরে থেকে কাজ করছেন এবং অধিকাংশই ইস্টারের ছুটিতে কোথাও ভ্রমণ করেননি। সুইডেনের সরকার ৫০ জনের বেশি মানুষ একসাথে জমায়েত হওয়া এবং বৃদ্ধনিবাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নোভাস নামের একটি জরিপ পরিচালনা করা প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে যে প্রতি ১০ জন সুইডিশের ৯ জনই দিনের অন্তত কিছু সময় অন্য ব্যক্তির চেয়ে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখেন।

সুইডেনে সংক্রমণের পরিস্থিতি কী?
সুইডেনের সরকারি স্বাস্থ্য সংস্থার দৃষ্টিভঙ্গিতে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুইডেনের মানুষ যেরকম মনোভাব দেখিয়েছে তা উদযাপনযোগ্য। সুইডেনের বিজ্ঞানীদের নেয়া কৌশল নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক হয়েছে। সুইডেনের নেয়া কৌশল বিচক্ষণ ও টেকসই নাকি এর ফলে তারা অদূরদর্শীভাবে দেশের মানুষকে গবেষণার বস্তুতে পরিণত করছে – যার ফলে অপ্রয়োজনীয় ভাবে মানুষ মারা যাচ্ছে এবং কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতেও ব্যর্থ হতে পারে তারা – তা ছিল বিতর্কের বিষয়বস্তু।

সুইডেনের প্রাদুর্ভাবের কেন্দ্র স্টকহোমে সংক্রমণের হার এরই মধ্যে চূড়ায় পৌঁছে স্থিতিশীল রূপ নিয়েছে – যদিও গত সপ্তাহের শেষে নতুন সংক্রমণের সংখ্যা কিছুটা বেড়েছিল। তবে এখনো সুইডেনের আইসিইউগুলোতে জায়গা রয়েছে এবং নতুন একটি ফিল্ড হাসপাতাল এখনো ব্যবহার শুরু হয়নি।

রাষ্ট্রীয় মহামারি বিশেষজ্ঞ আন্দ্রেস টেগনেল বলেন, আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তার অনেকটাই পেরেছি। সুইডেনের স্বাস্থ্য বিভাগ যদিও যথেষ্ট চাপের মধ্যে তাদের কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের এখনো কোনো রোগীকে ফিরিয়ে দিতে হয়নি।

অন্য অনেক দেশেই রাজনৈতিক নেতাদের করোনাভাইরাস সম্পর্কিত তথ্য দেশবাসীর সামনে পেশ করতে দেখা গেলেও সুইডেনে এ সংক্রান্ত অধিকাংশ সংবাদ সম্মেলনে ডা. টেগনেলই নেতৃত্ব দিয়েছেন।

সুইডেন কেন ভিন্ন কৌশল অবলম্বন করলো?
ডা. টেগনেলের নেতৃত্বাধীন দল একটি মডেলের মাধ্যমে অনুমান করে যে জনসংখ্যার অনুপাতে ভাইরাসের প্রভাব সীমিত হবে, যা ইউরোপের অন্যান্য দেশের বিজ্ঞানীদের করা ধারণার বিপরীত। পাশাপাশি সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা আগেই ধারণা দিয়েছিল যে আক্রান্তদের একটা বড় অংশের মধ্যে রোগের তীব্রতা থাকবে মৃদু।

তবে তারা বলছে, তাদের কৌশল ‘হার্ড ইমিউনিটি’ বা জনসংখ্যার বড় একটা অংশের মধ্যে প্রাকৃতিক ভাবে রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার চিন্তা থেকে উদ্ভূত হয়নি। মূল লক্ষ্য ছিল সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মগুলো যেন কম কঠোরভাবে আরোপ করা হয় – যেন দীর্ঘ সময় ধরে সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি পালন করতে পারে মানুষ।

অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের স্কুলগুলোও খোলা রাখা হয়েছে যেন তাদের অভিভাবকরা নিজেদের কাজ চালিয়ে যেতে পারে। অন্য সবগুলো নরডিক দেশেই অপেক্ষাকৃত কঠিন নিষেধাজ্ঞা জারি হয়েছে, সম্প্রতি কয়েকটি দেশে সেই নিষেধাজ্ঞা শিথিলও করা হয়েছে।

সংখ্যা কী বলছে?
মোট আক্রান্তের সংখ্যার হিসেবে ১ কোটি মানুষের দেশ সুইডেন পৃথিবীর শীর্ষ ২০টি দেশের মধ্যে পড়ে – যদিও সুইডেনে তীব্র মাত্রায় উপসর্গ দেখা দেয়ার আগে কাউকে পরীক্ষা করা হয়নি। সম্প্রতি তারা গুরুত্বপূর্ণ খাতে কাজ করা কর্মীদের পরীক্ষার ওপর গুরুত্ব দেয়া শুরু করেছে। স্ক্যান্ডিনেভিয়ার যে কোনো দেশের তুলনায় জনসংখ্যার অনুপাতে সুইডেনে মৃত্যুর হার বেশি।

তবে সুইডেন তাদের করোনাভাইরাস পরিসংখ্যানে বৃদ্ধ নিবাসে মারা যাওয়া ব্যক্তিদের তথ্যও সংযোজন করে, যা অন্য অনেক দেশেই করা হয়না। প্রায় ৫০% মৃত্যু নথিবদ্ধ হয় ঐ বৃদ্ধ নিবাসগুলোতে।

সুইডেনের বৃহত্তম মেডিকেল গবেষণা প্রতিষ্ঠানের একজন মহামারি বিশেষজ্ঞ ও সরকারের নেয়া কৌশলের সমালোচক ক্লডিয়া হ্যানসন মনে করেন করোনাভাইরাসের কারণে অতিরিক্ত মানুষ মারা যাচ্ছে যা প্রতিরোধে আরো কঠোর মাত্রায় লকডাউন আরোপ করা উচিত ছিল।

সুইডেনের শীর্ষ দৈনিকে গত সপ্তাহে ক্লডিয়া হ্যানসন সহ ২২ জন বিজ্ঞানীর লেখা একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে মন্তব্য করা হয় যে ‘মেধাহীন কর্মকর্তাদের’ নীতি নির্ধারক হিসেবে বসানো হয়েছে।

সুইডেনের প্রতিক্রিয়ার নেতৃত্বে আছেন যিনি
দেশটির মহামারি বিষয়ক প্রধান বিশেষজ্ঞ আন্দ্রেস টেগনেল আবার সুইডেনে দারুণ জনপ্রিয়। মেডিসিন বিষয়ে ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই বিজ্ঞানী তার ঢিলেঢালা আচরণের জন্য মানুষের কাছে পরিচিত।

সুইডেনের আরেক মহামারি বিশেষজ্ঞ এবং লেখক এমা ফ্রান্স বলেন, “আমার মনে হয় মানুষ তাকে একজন ভালো নেতা মনে করলেও নম্রভাষী হিসেবে দেখে। আমার মনে হয় এই বিষয়টি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।”

এমা ফ্রান্স মনে করেন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়া সুইডেনের বিজ্ঞানীদের মধ্যে ‘মতবিরোধ’ খুঁজলেও মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে, আন্দ্রেস টেগনেলের কৌশল ‘যথেষ্ট ইতিবাচক’ অথবা ‘অন্তত অন্য কোনো কৌশলের চেয়ে খারাপ নয়।’

সুইডিশদের কি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে?
শুধুমাত্র ইতিহাসই বিচার করতে পারবে যে কোন কোন দেশ সঠিক পদক্ষেপ নিতে পেরেছিল। তবে বর্তমানে যেই বৈজ্ঞানিক আলোচনাটি চলছে, তা হলো সুইডেনের কী পরিমাণ মানুষ কোনো উপসর্গ ছাড়াই মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ করেছে।

সুইডেনের অনেক বিজ্ঞানী মনে করেন যেসব দেশে মানুষ অপেক্ষাকৃত কঠোর লকডাউনের মধ্যে রয়েছেন, সেসব দেশের মানুষের তুলনায় সুইডিশদের মধ্যে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে।

এই সপ্তাহে প্রকাশিত হওয়া স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে উঠে আসে যে মে’র শুরুতে স্টকহোমের এক তৃতীয়াংশ মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হতে পারে।

পরবর্তীতে অবশ্য সংস্থাটি তাদের গবেষণার ভুলের কথা জানিয়ে নতুন ধারণা প্রকাশ করে যে সুইডেনের ২৬% বাসিন্দার মধ্যে ভাইরাস সংক্রমণ হবে। তবে অনেক প্রতিষ্ঠিত বিজ্ঞানীই ধারণা করেছেন যে মৃত্যুর হার আরো অনেক বেশি হবে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) সাবেক প্রধান বৈজ্ঞানিক অধ্যাপক জোহান জিয়েসেক বিশ্বাস করেন স্টকহোমের অন্তত অর্ধেক মানুষ মে মাস শেষ হওয়ার আগে ভাইরাস সংক্রমিত হবে। স্টকহোম ইউনিভার্সিটির গণিতবিদ টম ব্রিটন মনে করেন পুরো সুইডেনের অর্ধেক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ হতে পারে।

আর এমা ফ্রান্স বলেন, যতক্ষণ না প্রতিষেধক তৈরি হচ্ছে, ততক্ষণ সুইডেনের জন্য ‘প্রতিরোধ ক্ষমতা সম্ভবত গুরুত্বপূর্ণ।’ “অন্য ধরণের করোনাভাইরাসের গবেষণায় দেখা গেছে যে মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। অনেকসময় তা দীর্ঘ সময়ের জন্য হয় না, তবে আমাদের যদি স্বল্পমেয়াদী প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয় সেটিও মহামারি থামানোর জন্য যথেষ্ট হবে,” বলেন ড, ফ্রান্স।

প্রতিরোধ ক্ষমতা বিষয়ে যথেষ্ট জানা যায় না কেন?
সুইডেনের স্বাস্থ্য সংস্থা মনে করে উপসর্গহীন সংক্রমণ হতে দেয়া হলে তা দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে কতটা ভূমিকা রাখবে তা নিয়ে ধারণা প্রকাশ করে ‘মন্তব্য করার সময়’ এখনো হয়নি।

ডা. টেগনেলের ডেপুটি আন্দ্রেস ওয়ালেনস্টেন বলেন, “আমরা প্রতিরোধ ক্ষমতা নিয়ে এখনও বিশেষ কিছু জানি না। যত বেশি মানুষের অ্যান্টিবডি পরীক্ষা করা হবে ততই আমরা এ সম্পর্কে জানবো।”

এটি কী সুইডিশদের ব্যতিক্রমী মানসিকতার পরিচায়ক?
সুইডেনের পরিস্থিতি এরপর কী হতে পারে তা নির্ভর করছে সেদেশের মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মকানুন মানছে কিনা, তার ওপর।

স্টকহোম সডারটর্ন বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল সায়েন্সের অধ্যাপক নিকোলাস এয়লট মনে করেন সুইডিশরা ‘তীব্র জাতীয়তাবাদী’ মানসিকতা প্রকাশ করেছে এবং ‘বাকি ইউরোপের রীতি থেকে ভিন্ন পদক্ষেপ নেয়ায় তাদের মধ্যে এক ধরণের জাত্যাভিমান কাজ করেছে।’

এই ধরণের ধারণার কারণে কিছু সুইডিশ সরকারের দেয়া নিয়ম মানলেও করোনাভাইরাসকে ইস্যুতে দেশ হিসেবে সুইডেন একেবারেই ঐক্যবদ্ধ নয়।

বিদেশে থাকা অনেক সুইডিশই সোশ্যাল মিডিয়ায় আরো কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আবার সুইডেনে থাকা অনেকে বিশ্বাস করেন যে সংকটের সবচেয়ে খারাপ ধাপ পার হয়ে গেছে। কাজেই মানুষ ধীরে ধীরে সামাজিক দূরত্ব মানার ব্যাপারে আগ্রহ হারাচ্ছে।

তবে প্রধানমন্ত্রী স্টেফান লভরেন সতর্ক করেছেন যে, এটি ‘ঢিলে দেয়ার সময় নয়’ এবং মানুষকে আহ্বান করেছেন পরিবারের সাথে বেশি বেশি সময় কাটাতে। তবে সুইডেনের অতি দীর্ঘ শীতকাল শেষে বসন্ত শুরু হওয়ার আগে দিয়ে মানুষকে ঘরে রাখতে এই ধরণের সতর্কবার্তা দেয়াটা যতটা সহজ, এর বাস্তবায়ন করাটা কিন্তু ততটা সহজ নয়।

বিবিসি বাংলা

করোনা মোকাবেলায় মাফিয়াদের কারামুক্তি দিল ইতালি

0

করোনা মোকাবেলায় মাফিয়াদের কারামুক্তি দিয়েছে ইতালি। করোনা ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। প্রাণঘাতী করোনা যেনো কারাবন্দীদের মধ্যে ভয়াবহ রুপ নিতে না পারে এজন্য মাফিয়া নেতাদের মুক্ত করা হয়েছে।

করোনা ঝুঁকি এড়াতে ১৮ মাস বা তার চেয়ে কম সময় যাদের জেল হয়েছে তাদেরকে গৃহবন্দী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের সবাইকে কারামুক্তি দেওয়া হয়েছে। শীর্ষ ৩ জনকে কারাগারে আইসোলেশনে রাখা হয়েছে যেনো বাইরের কারো সাথে যোগাযোগ না করতে পারে। গেল ২৯ ফেব্রুয়ারী থেকে ৬ হাজার ৫শ জনকে কারামুক্তি দিয়েছে ইতালি।

এদিকে দুর্ধর্ষ মাফিয়াদের মুক্ত করার পর সমালোচনার মুখে পড়েছে ইতালি। ইতালির বিরোধী দলীয় মাতেয় সালভিনি ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন এ সিদ্ধান্ত নিয়ে অন্য পেশায় কর্মরত সবাইকে অশ্রদ্ধা করা হচ্ছে। এমন সিদ্ধান্ত দেশটিতে সংকটজনক পরিস্থিতি তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

কারফিউ শিথিল করেছে সৌদি আরব

0

প্রায় একমাস পর মক্কা এবং আগে থেকে রেড এলার্টে রাখা কিছু এলাকা বাদে পুরো সৌদি আরব কারফিউ মুক্ত করা হয়েছে। কারফিউ প্রত্যাহারের সময়সীমা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। রমজান উপলক্ষ্যে মে মাসের ১৩ তারিখ পর্যন্ত কারফিউ মুক্ত থাকবে সৌদি আরব।

২৯ এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত সৌদি আরবের সমস্ত এলাকায় উল্লেখিত সময়ে আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান বিশেষ করে শপিংমল, পাইকারি ও খুচরা বিক্রেতা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে পারবেন। নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরিসমূহ তাদের কার্যক্রমও উল্লেখিত সময়ের মধ্যে চালু রাখতে পারবে বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি এসপিএ। এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে কার্যক্রম চালু রাখতে হবে। তবে সেলুন, বিউটি পার্লার, হেলথ ক্লাব,বিনোদন কেন্দ্র, রেস্তোরা, ক্যাফে, সিনেমা আগের মতই বন্ধ থাকবে।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা মোকাবেলায় বড় সাফল্য পেল ইরান

0

মার্কিন নিষেধাজ্ঞার কারণে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা হয়েছে ইরানে। তা সত্ত্বেও করোনাভাইরাস মোকাবেলায় ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ কথা বলেছেন।

ইরানে করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হয়ে ওঠার প্রবণতা অনেক বেড়েছে বলেও জানান তিনি।

শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট রুহানি তেহরানে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।

করোনাভাইরাসকে বিশ্বের সবগুলো দেশের সরকারের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা হিসেবে উল্লেখ করেন রুহানি।

তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রেখে কীভাবে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় গোটা বিশ্ব এখন সে পরীক্ষায় অবতীর্ণ।

ইরানের ওপর মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে রুহানি বলেন, বিশ্বের বহু উন্নত দেশ করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেলেও ইরানে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত কোনো রোগী বিনা চিকিৎসায় মারা যায়নি।

নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করেছে তেহরান।

করোনা : সংসদ ভবনে সাবেক এমপি আসাদুজ্জামানের জানাজা হয়নি

0

করোনা পরিস্থিতির কারণে জাতীয় সংসদ ভবনে সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের জানাজা হয়নি। তার মরদেহ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নারচী গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সংক্ষিপ্ত আকারে জানাজা ও রাষ্ট্রীয় সম্মান জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ওই বীর মুক্তিযোদ্ধাকে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ ভবনে সাবেক সংসদ সদস্যদের জানাজা ও শ্রদ্ধা জানানোর রেওয়াজ থাকলেও করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামানের জানাজা হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এর আগেও কয়েকজনের ক্ষেত্রে এমনটি হয়েছে। মরহুমের গ্রামের বাড়িতে জানাজা ও রাষ্ট্রীয় সম্মান জানানোর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন আসাদুজ্জামানের মেয়ে বর্তমান সংসদ সদস্য অপরাজিতা হক।

উল্লেখ্য, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও মুজিবনগর সরকারের অর্থ সচিব আসাদুজ্জামান গতকাল শনিবার রাজধানীর গুলশানের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬ সালের তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচিত হয়েছিলেন।