Home Blog Page 2995

প্রধানমন্ত্রী সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান : সেতুমন্ত্রী

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ। প্রধানমন্ত্রী সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান। সততা ও সাহসই হচ্ছে তার শক্তির উৎস।

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সংসদ ভবনের নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

বিএনপি করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করছে উল্লেখ করে কাদের বলেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছ। কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিল মির্জা ফখরুলদের। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর।

কাদের বলেন, আপনারা সংকটে পতিত মানুষের জন্য এ পর্যন্ত কী কাজ করেছেন। সরকার সকলকে নিয়ে কাজ করছে। সরকার ইতিমধ্যে সমন্বয়ে গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে। সকল সরকারি সংস্থা, পেশাজীবী সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবিলায় সফল হবো ইনশাল্লাহ।

ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রমজান মাসে একশ্রেণির মুনাফাখোর, মজুদদার ও অসৎ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দুরভিসন্ধিতে লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা স্থগিত

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ রবিবার এনটিআরসিএ’র সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক আদেশে এই পরীক্ষা স্থগিত করা হয়।

১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ ও ১৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর লিখিত পরীক্ষা ৭ এবং ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে ১১ লাখ ৭২ হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানা যায়।

স্থগিতের আদেশে বলা হয়, অনিবার্য কারণে ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার নতুন সূচি পরবর্তীতে জানানো হবে।

আগামী ১৫ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং ১৬ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আগামী ৭ ও ৮ আগস্ট ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে গত ২৩ জানুয়ারি ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পায় প্রার্থীরা। এতে ১১ লাখ ৭২ হাজার প্রার্থী আবেদন করেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ ৯, মৃত্যু ৫

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন। এছাড়া করোনায় আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট ১৪৫ জন প্রাণ হারালেন।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫,৪১৬।

গতকাল শনিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৩০৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪,৯৯৮ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৯ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৪০।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বন্ধই থাকছে সারা দেশের আদালত

0

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে ঘোষিত সাধারণ ছুটির মধ্যে আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। সরকার সাধারণ ছুটির মেয়াদ বাড়ালে সেক্ষেত্রেও এই সিদ্ধান্ত বর্ধিত হবে। তবে ভার্চুয়াল আদালত ব্যবস্থা চালুর বিষয়ে হাইকোর্ট রুলস সংশোধনের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন। এই সভায় বিচারপতিরা তাদের মতামত তুলে ধরেন। এরপরই আদালত কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৬ মার্চ থেকে সারা দেশে আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ক্রমেই সাধারণ ছুটির মেয়াদ বাড়তে থাকায় সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আবেদনে সীমিত পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৩ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর আদালত খোলার বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে পৃথকভাবে কয়েকটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এই সিদ্ধান্তের পর অধিকাংশ আইনজীবীদের তীব্র সমালোচনার মুখে ঢাকা ও চট্টগ্রাম আইনজীবী সমিতি আদালত বন্ধ রাখার জন্য উল্টো আবেদন দেয়। এ ছাড়া সাধারণ ও সিনিয়র আইনজীবীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। তারা আদালত কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান। এ প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রশাসন আগের সিদ্ধান্ত থেকে সরে আসে।

গতকাল শনিবার নিম্ন আদালত খোলার সিদ্ধান্ত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়। আর হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয় ২৭ এপ্রিল পর্যন্ত। এ জন্য শনিবারই সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়। এ অবস্থায় করোনাভাইরাসের প্রকোপের মধ্যে স্বল্প পরিসরে আদালত খোলা রাখা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি।

দেশের ২৫ ল্যাবে করোনা পরীক্ষা চালু

0

দেশে বর্তমানে ২৫টি ল্যাবে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করা হচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নতুন স্থাপিত ল্যাবে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এজন্য সিভাসু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডা. নাসিমা।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। শুরুতে বিদেশফেরত এবং তাদের সংস্পর্শে না এলে পরীক্ষা করা হয়নি। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। ৩০ মার্চ থেকে পরীক্ষা কেন্দ্রের আওতা বাড়ানো শুরু হয়।

দেশে নতুন ৪১৮ জনের করোনা শনাক্ত

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪১৬।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল শনিবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৩০৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪,৯৯৮ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৯ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৪০।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কভিড-১৯ শনাক্তে যেভাবে কাজ করবে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট

0

কভিড-১৯ সনাক্তে র‍্যাপিড কিট ‘জিআর কভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করেছে বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্র। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কাছে এই কিট হস্তান্তর করেছে তারা। গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেডের গবেষকরা কিটটি তৈরি করেছেন। এখন এগুলো সরকারের কাছে হস্তান্তর করা হবে। তবে পরীক্ষার আগে এই বিষয়ে কোন মন্তব্য করতে চান না সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা।

আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ কিট হস্তান্তর করা হয়। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য করোনাভাইরাস টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তরের কথা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিল না সরকারের কোনো প্রতিষ্ঠান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে, তাদের ১০ হাজার কিট প্রস্তুত আছে যার মধ্যে পরীক্ষার জন্য কয়েকশো নিতে পারে সরকার। তিনি বলেন, ‘এটা দিচ্ছি তারা (সরকার) যাতে কম্পারিজন (তুলনা) করতে পারে। আশা করছি এই কিট দেয়ার পর কিছুদিনের মধ্যে সরকার চূড়ান্ত অনুমোদন দেবে। অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে এক লাখ কিট দেয়া হবে।’

এর আগে গত ২০শে এপ্রিল কিট জমা দেয়ার কথা থাকলেও বৈদ্যুতিক গোলযোগের কারণে ল্যাবে যান্ত্রিক ত্রুটি তৈরি হওয়ায় সেই ব্যাচটি বরবাদ হয়ে যায়। ফলে পুরো ব্যাচটিই নতুনভাবে তৈরি করতে হয়েছে। যার কারণে ঠিক সময়ে সেগুলো হস্তান্তর করা যায়নি।

যেভাবে কাজ করবে এই কিট

ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, র‍্যাপিড ডট ব্লট নামের এই কিট অনেকটা একই রকম পদ্ধতিতে কাজ করবে বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেন, মাত্র ১৫ মিনিটের মধ্যেই এই কিট দিয়ে করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলছেন, ‘বিশ্বের অন্যান্য র‍্যাপিড টেস্ট কিটগুলোয় সাধারণত শুধু অ্যান্টিবডি পরীক্ষা করা হয়ে থাকে – যেটা ভারতে হয়েছে। ফলে সেখানে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে। আমাদের এই কিটে অ্যান্টিবডি ও অ্যান্টিজেন, দুইটাই পরীক্ষা করা হবে।’

তিনি জানান, সিরিঞ্জের মাধ্যমে তিন সিসি রক্ত নেয়ার পর সেটার সিরাম আর সেল আলাদা করে ফেলা হবে। পরে সেটা থেকে অ্যান্টিবডি ও অ্যান্টিজেন পরীক্ষা করে দেখা হবে। সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ১৫ মিনিট সময় লাগবে বলে তিনি জানান। এর মধ্যেই বোঝা যাবে যে, রক্তদাতা করোনাভাইরাস পজিটিভ নাকি নেগেটিভ।

এই কিটগুলো ব্যবহার করে তারা ৯৩ শতাংশের বেশি সাফল্য পেয়েছেন জানিয়ে তিনি বলেন, সংক্রমিত বাংলাদেশিদের রক্তের উপর গবেষণার পরই এসব কিট তৈরি করা হয়েছে। এর আগে সরকার ৫টি রক্তের নমুনা পাঠানোর পর সেগুলোর উপর গবেষণা চালানো হয়।

কী সুবিধা দেবে এসব কিট?

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলছেন, “লকডাউন তুলে দেয়ার পর দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসতে শুরু করবে। তাদের দ্রুত পরীক্ষা করতে হবে। সেজন্য এই টেস্ট কিটগুলো উপকারে আসবে।”

তিনি জানান, এসব কিট ব্যবহার করতে স্বাস্থ্যকর্মীদের সহজেই প্রশিক্ষণ দেয়া সম্ভব। ফলে দেশের যেকোনো স্থানে এই কিট ব্যবহার করে করোনাভাইরাস রোগীদের দ্রুত শনাক্ত করা যাবে। বিশেষ করে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় বেশি কাজে আসবে।

এই কিটগুলোর দাম কতো হতে পারে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

সূত্র- বিবিসি বাংলা।

‘রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান চালাবে র‌্যাব’

0

রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করেন। আশা করছি, এবার সেটা হবে না। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এ লক্ষ্যে র‌্যাব সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, পাশাপাশি গোয়েন্দা অভিযানও অব্যাহত থাকবে। এভাবে রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ার এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ শনিবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সাংবাদিকদের উদ্দেশ্যে নবনিযুক্ত র‌্যাব মহাপরিচালক আরো বলেন, রমজানে করোনাভাইরাস এর বিস্তার ঠেকানোর পাশাপাশি সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থতি ও রমজানের বাজার নিয়ন্ত্রণে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ দেশব্যাপী চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। সেই সঙ্গে ভার্চুয়াল জগতে মনিটরিংয়ে থাকবে সাইবার মনিটরিং সেল। সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রমজানে তারাবি ও ঈদের নামাজের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা বাস্তবায়নে র‌্যাবের নজরদারি থাকবে। প্রয়োজন ছাড়া মানুষ যেন বাইরে বের না হয় সে লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে সারা দেশে ৩৫৮ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। যার মাধ্যমে দুই হাজার ২৪০ জনকে তিন কোটি ৪০ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। নতুন দায়িত্বভার প্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, করোনাকালে লকডাউনের সুযোগে চাল-পেঁয়াজসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা রুখে দেয়া সম্ভব হয়েছে। এরই মধ্যে র‌্যাব রাজধানীর বাবুবাজার, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে পাঁচটি অভিযান পরিচালনা করে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক কোটি ৩২ লাখ টাকা জরিমানা করেছে। সরকারি খাদ্যশস্য বিতরণেও দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার ও কয়েকটি নিয়মিত মামলা করেছে।

করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা নির্দেশনা বাস্তবায়নে একযোগে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে র‌্যাব ডিজি বলেন, সামাজিক দূরত্ব ও লকডাউন বাস্তবায়ন নিশ্চিতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে প্রচারণা, নিয়মিত টহল মাইকিং, চেকপোস্ট, নৌ টহল অব্যাহত রয়েছে।

এ ছাড়া অবৈধ, নিম্নমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস, কিট তৈরি ও অবৈধ আমদানি ও বিক্রির বিরুদ্ধে রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, মিডফোর্ড, বনানী, বাবুবাজার, নয়াবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ প্রতিষ্ঠানের ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিম্নমানের ও অব্যবহৃত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস ও ১২০০ কিট।

করোনা নিয়ে গুজব বিরোধী বেশ প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে র‌্যাব। গুজব প্রতিরোধে র‌্যাবের ভার্চুয়াল পেট্রোলিং অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত গুজব রটনাকারী ৫০টি সাইট নজরদারিতে রয়েছে। গুজব ছড়ানোর দায়ে ১১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বিশেষ করে অনেকেই না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য দেখলেই বা বিভিন্ন কনটেন্টে না বুঝে, সত্যতা যাচাই না করেই লাইক- শেয়ার ও কমেন্টস করছেন। পরবর্তিতে দেখা যায় ওইসব তথ্য বা কনটেন্ট ভুয়া।

সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে র‌্যাব মহাপরিচালক বলেন, কোনো তথ্য-কমেন্টস শেয়ার বা লাইক দেবার আগে যাচাই করুন। কারণ অনেকেই কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে বা মিথ্যা প্রচারের জন্য গুজব ছড়ায়। না বুঝেও ওইসব কনটেন্টে কমেন্টস বা শেয়ার লাইক দেওয়ার কারণে আইনের আওতায় আসার মতো পরিস্থিতিতে পড়েন। তাই অনুরোধ, না বুঝে কেউ এ ধরনের কর্মকাণ্ড করবেন না। সত্য জানুন। প্রয়োজনে যেকোনো তথ্য যাচাইয়ে র‌্যাব সাইবার ভেরিফিকেশন সেন্টারের সহায়তা নেওয়ার কথাও বলেন তিনি।

করোনা পরিস্থিতিতে র‌্যাবের প্রত্যেক ব্যাটালিয়ন জনসাধারণের ব্যবহারে জীবাণুনাশক পয়েন্ট স্থাপন, ১২ হাজার পরিবারের মাঝে ৬৩ হাজার ৬২৬ কেজি চাল, ১২ হাজার ৫৭২ কেজি ডাল, ১২ হাজার ২৪৯ কেজি তেলসহ অন্যন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছে। সিরাজগঞ্জের দুগ্ধ খামারিদের কাছ থেকে ৩৫ হাজার লিটার দুধ র‌্যাব সদস্যদের জন্য ক্রয় করা হয়েছে।

খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

0

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

মন্ত্রী আজ শনিবার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুমোদনহীন টেস্টিং কিটে পরীক্ষা করা যাবে না : স্বাস্থ্য মন্ত্রণালয়

0

সরকারের অনুমোদনহীন কোনো কিট দিয়ে পরীক্ষা করা যাবে না এবং তা গ্রহণযোগ্যও হবে না। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিডিয়া সেলের পক্ষ থেকে আজ শনিবার এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

হাবিবুর রহমান খান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিটস এর মাধ্যমেই কেবল পরীক্ষা করা হচ্ছে। র‌্যাপিড কিটস নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে। ব্রিফিংকালে মিডিয়া সেলের আহ্বায়ক মিডিয়া সেল গঠনের কারণ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

ব্রিফিংকালে মো. হাবিবুর রহমান খান করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকে সরকারের কার্যক্রম ধারাবাহিকভাবে তুলে ধরেন।

করোনা প্রতিরোধে দেশব্যাপী সকল হাসপাতালে চিকিৎসা সেবা মনিটরিং এর জন্য বর্তমানে মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা নিয়োজিত রয়েছে এবং জেলা শহরে করোনা পরীক্ষায় ব্যবহারের জন্য ২টি করে আলাদা গাড়ি বরাদ্দ রাখা আছে বলেও হাবিবুর রহমান খান জানান। করোনা মোকাবেলায় নতুন আরো ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগে সরকার কাজ করছে বলেও তিনি জানান।

প্রেস ব্রিফিং এর আগে সকাল ১১টায় মিডিয়া সেলে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিদিনের মিডিয়া মনিটরিং করে তার রিপোর্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করার উদ্যোগ নেওয়া হয় এবং করোনায় সকল তথ্য আপডেট রাখতেও কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়।

ব্রিফিংকালে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব বেগম রীনা পারভীন, যুগ্মসচিব নিলুফার নাজনীন ও মিডিয়া সেলের সদস্য সচিব মো. মাইদুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন।