Home Blog Page 3044

করোনার থাবায় পাইকারি পণ্য বিক্রিতে ধাক্কা

0

স্থানীয় ও নিয়মিত যাতায়াত করেন এমন মানুষের কাছে সদরঘাট, বাদামতলী ও শ্যামবাজার তীব্র যানজট ও লোকারণ্য জায়গা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব জায়গায় গাড়িজটের সঙ্গে থাকে মানুষজটও। মাছে মাঝে পায়ে হেঁটে চলাও দুস্কর হয়ে পড়ে। কিন্তু এখন চিত্র ঠিক পুরোটাই উল্টো। মানুষের আনাগোনা নেই। নেই যানজট, রিকশাজট।

বাবুবাজার থেকে সদরঘাটের ওয়াইজঘাট পর্যন্ত এমন ফাঁকা চিত্র দেখা গেলেও শ্যামবাজার কাঁচাবাজারে মিললো উল্টো চিত্র। শত শত মানুষের ভিড়। শাক-সবজি থেকে শুরু করে কাঁচা পণ্য কিনতে মানুষের ভিড়। কেউ মাথায় পণ্য নিয়ে আড়তে নিচ্ছে আবার কেউ আড়ত থেকে রিকশা-ভ্যানে পণ্য তুলছে। দূর-দূরান্ত থেকে আসা কাঁচাপণ্য বিক্রি চলছে। আড়তদার থেকে খুচরা ব্যবসায়ীরা পণ্য কিনে রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন।

সরেজমিনে দেখা যায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হলেও কারো ক্ষেত্রে এমনটা চোখে পড়লো না। মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার ব্যবহার করতে বলা হলেও ক্রেতা-বিক্রেতা কারো ক্ষেত্রেই দেখা যায়নি। তবে কিছু মানুষকে দেখা গেছে যারা মাস্ক, স্যানিটাইজার কিংবা গ্লাভস পরে বাজারে এসেছেন। নিজে সতর্কতার সঙ্গেও চলার চেষ্টা করছেন।

পণ্য বিক্রেতারা বলছেন, পণ্য বিক্রির আয় দিয়ে সংসার চলে। নিষেধাজ্ঞা মেনে ঘরে বসে থাকলে সংসার চলবে না। আবার প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে পণ্য বিক্রি করাও সম্ভব হবে না। তবে বাসায় ফিরলে স্যানিটাইজার কিংবা অন্যান্য সতর্কতা অবলম্বন করা হয়।

পঞ্চাশোর্ধ্ব বয়সী সবজি বিক্রেতা আবুল কালাম বলেন, ‘ঘরে বসে থাকলে তো সংসার চলবে না। নিয়মিত মাস্ক পরি, কিন্তু এখন নেই। নির্দিষ্ট দুরত্বেও থাকা সম্ভব হয় না। ক্রেতার কাছে গিয়ে পণ্য বিক্রি করতে হয়। আল্লাহ যা করবেন, তাই-ই। কিছু করার নেই। সংসার চালাতে তো হবে।’

বাদামতলী ঘাটে ফলের ব্যবসা করেন রহিম শেখ। নিজ জেলা বরিশাল। ঢাকায় আসা যাওয়া থেকে ব্যবসার শুরু। তিনদশক ধরে এখানে ব্যবসা করলেও এমন ফাঁকা ও মানবহীন চিত্র দেখেননি। বুড়িগঙ্গা নদীর তীরে বায়তুল আমান মসজিদের সামনে তিনি জানালেন, মানুষ নেই। ফুল বিক্রি কমেছে। বড় বড় দোকানীরা ফল কিনলেও আগের চেয়ে বিক্রি কমেছে এক-তৃতীয়াংশ। আগে লাখ লাখ টাকার ফল বিক্রি হয়েছে। কিন্তু এখন কয়েক হাজার টাকার বিক্রি হয়। দোকান ভাড়া ও অন্যান্য খরচেই সেটা চলে যায়।

আগে বাদামতলীর চেহারা কেমন দেখেছেন জানতে চাইলে তিনি বলেন, দিনভর মানুষের ভিড়। রাস্তা দিয়ে রিকশা চলছে। ফলের গাড়ি ঢুকছে। তীব্র যানজট। মানুষের হেঁটে চলার জায়গাও থাকে না। গাড়ির হর্ণের শব্দ বাজতেই থাকতো। করোনার কারণে মানুষের আনাগোনা কম থাকায় বাদামতলীকে অচেনা মনে হয়। সন্ধ্যার পরও ভীড় থাকতো কিন্তু এখন সেটা নেই।’

সরেজমিনে সদরঘাটের বাদামতলী, শ্যামবাজার ও বাবুবাজার ঘুরে দেখা গেছে, স্বাভাবিক সময়ে দিনভর যানজট ও মানুষের ভিড় থাকলেও এখন নেই। রিক্সা ও গাড়ির ভিড়ে পায়ে হাঁটা যেখানে কঠিন ছিল, এখন সেই জায়গাগুলো ফাঁকা। পণ্যের কেনাবেচা কমে যাওয়ায় এখানকার নিম্ন আয়ের মানুষগুলোও পড়েছে মসীবতে। কাজ নেই, তাই কোনো আয়ও নেই। পেটে খাবারের ক্ষুধা ও কাজের ইচ্ছা থাকলেও অবসরে সময় কাটছে তাদের।

বাদামতলীর ফল বিক্রেতারা জানান, করোনার কারণে রাজধানীর সবকিছুই বন্ধ থাকলেও ফল বা নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাবেচায় তেমন কোনো বাধা নেই। পুলিশের দফায় দফায় হুঁশিয়ারিতে পণ্য বিক্রি বাধাগ্রস্থ হচ্ছে। মানুষকে ঘরে থাকতে বলায় ক্রেতার আনাগোনা কম। এক-তৃতীয়াংশ লেনদেন কমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের রুপে ফেরার আশা করছেন ফল ব্যবসায়ীরা।

হাজী আফছার-করিম সুপার মার্কেটের সামনে ৮-১০ কার্টন আপেল নিয়ে বসেছিলেন আখতার। তিনি বলেন, ‘বিক্রি অনেক কমে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত কাটনের পর কাটন মাল (আপেল) বিক্রি করেছি কিন্তু এখন সেটা হয় না। ক্রেতাও নেই। নির্দিষ্ট কিছু দোকানদার আপেল নিচ্ছেন।’

বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষা শ্যামবাজার নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজার। রাজধানীবাসী দৈনন্দিন চাহিদার বড় অংশই মেটায় এই বাজার। বেলা ১২টা থেকে দুইটা পর্যন্ত ঘুরে দেখা গেছে, শ্যামবাজারে পেঁয়াজ ও রসুনের দোকানে মানুষের ভিড় নেই বললেই চলে। মাঝে মাঝে হাতে গোনা কয়েকজন ক্রেতা পণ্য কিনে নিচ্ছে। বেশির ভাগ দোকানদারকেই অলস সময় কাটাতে দেখা গেছে। বিক্রেতারা জানান, পণ্য বিক্রি নেই বললেই চলে। পেঁয়াজ ও রসুনের দাম কম হলেও ক্রেতা নেই। হাতে গোনা কিছু ব্যবসায়ী আসছেন, যারা নিজের দোকানে পণ্য বিক্রির জন্য কিনছেন।

বাবুবাজার ব্রিজের পূর্বপাশে কয়েকটি মার্কেটে চলছে ওষুধ বিক্রি। মার্কেটগুলো সামনে দাঁড়িয়ে দেখা যায়, করোনার কারণে মানুষের আনাগোনা কম। পাইকারি দোকানগুলোতে সবসময় ভিড় লেগে থাকতো। কিন্তু এখন সেটা নেই। আলী চেয়্যারম্যান মেডিসিন প্লাজায় কয়েশ পাইকারি ওষুধের দোকান। ছোট ছোট দোকানগুলোতে লাখ লাখ টাকা কেনাবেচা হয়। কিন্তু এখন চিত্র ভিন্ন। ফার্মেসির মালিকরা আসতে না পারায় বিক্রি কমে গেছে। তবে থেমে নেই। ওষুধ বিক্রি চলছে।

দেশের ৯ জেলায়, রাজধানীর ১৮ এলাকায় করোনা

0

করোনাভাইরাসে (কভিড-১৯) শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের ৯ জেলায় সংক্রমণ ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকায় ৩৬ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীর ১৮ এলাকা রয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে পাওয়া গেছে এ তথ্য।

দেশের করোনা আক্রান্ত নয়টি জেলা হলো ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, কক্সবাজার, চুয়াডাঙ্গা, রংপুর, কুমিল্লা ও গাজীপুর।

এছাড়া রাজধানীর যে ১৮টি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে- মণিপুর‌ (পাঁচজন), বাসাবো (চারজন), পুরান ঢাকার বাংলাবাজার (তিনজন), সেনপাড়া, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, উত্তরা ও উত্তরখান (দুজন করে) এবং মিরপুর ১০ ও ১১ নম্বর, যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত (একজন করে)।

মেসির বদলে রোনালদোকেই বেছে নেবেন কোহলি

0

গত এক দশক ধরে মেসি-রোনালদোকে নিয়ে বিভক্ত সারাবিশ্ব। শুধু ফুটবল অঙ্গনেই নয়, ক্রিকেটাঙ্গনেও মেসি-রোনালদোকে নিয়ে বিভক্তি আছে। যেমন ভারত অধিনায়ক বিরাট কোহলি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। মেসি-আর রোনালদোর মাঝে একজনকে বেছে নিতে বলা হলে তিনি রোনালদোকেই বেছে নেবেন। বৃহস্পতিবার রাতে সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রাম ভিডিও চ্যাটিংয়ে এসব কথা বলেন ভারত অধিনায়ক।

সেই চ্যাটিংয়ে যখন পিটারসেন ফেভারিট ব্যাটিং পার্টনারের নাম জানতে চাইলেন তখন কোহলি নির্ধিদ্বায় জানিয়ে দেন ধোনি, এবি ডিভিলিয়ার্সের নাম। কোহলি বলেন, ‘যারা আমার কল বোঝে এবং দারুণ দৌঁড়াতে পারে তাদের সঙ্গে ব্যাটিং করতে ভালো লাগে। যে দুজনের সঙ্গে ব্যাটিং করা উপভোগ করি তারা হলেন ধোনি এবং ডি ভিলিয়ার্স। এবির সঙ্গে পার্টনারশিপ এমনিতেই ছুটতে থাকে। এমনকি আমরা ক্রিজে ক্রিকেট নিয়ে আলোচনাও করি না।’

২০১১ সালের একটি বিশেষ মুহূর্ত নিয়েও আলোচনা করেন দুই তারকা। নিজের ০ ডেলিভারিতে কোহলি পিটারসেনকে আউট করে দিয়েছিলেন। ওয়াইড বলে পিটারসেন স্ট্যাম্পড আউট হয়ে গিয়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলিই প্রথম বোলার যার ০ ডেলিভারিতে কেউ আউট হন। সেই ঘটনার কথা বর্ণনা করে কোহলি বলেন, ‘আমিই প্রথম টি-টোয়েন্টি বোলার যে ক্যারিয়ারের প্রথমেই কোনো বৈধ বল না করেও আউট করেছিলাম। এটা জিরো বল ছিল। এবং একটা উইকেট। তুমি এতটাই অপ্রস্তুত হয়ে গিয়েছিলে যে আমার দিকে তাকাও নি।’

যুবরাজ-হরভজনকে পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহবান কানোরিয়ার

0

সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির ফাউন্ডেশনে অর্থ সাহায্য দিয়ে আলোচিত হয়েছেন ভারতের দুই সাবেক তারকা যুবরাজ সিং এবং হরভজন সিং। এ নিয়ে উগ্র জাতীয়তাবাদীরা ট্রোল করলেও উচিত জবাব দিয়েছেন দুজন। এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে থাকার জন্য যুবরাজ সিংহ ও হরভজন সিংহের কাছে আবেদন করলেন দেশটির সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।

যুবরাজ সিংহ ও হরভজন সিং সম্প্রতি করোনার বিরুদ্ধে লড়াইয়ে শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে আফ্রিদি সোশ্যাল মিডিয়াতে তাদের ধন্যবাদ জানিয়েছিলেন। এদিকে গত কয়েকমাস ধরে হুট করেই মিডিয়ার শিরোনাম হয়েছেন দানিশ কানোরিয়া। ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ এই ক্রিকেটার আলোচনায় আসেন তার একসময়ের সতীর্থ স্পিডস্টার শোয়েব আখতারের একটি মন্তব্যের পর। সেই থেকে তিনি পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো তুলে ধরছেন বারবার।

বিশ্বের মতো পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার যুবরাজ-হরভজনের কাছে সাহায্য প্রার্থনা করলেন পাকিস্তানের সাবেক এই লেগস্পিনার। আজ শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, ‘যুবরাজ ও হরভজনের কাছে পাকিস্তানের সংখ্যালঘুদের নিয়ে ভিডিও তৈরির অনুরোধ করছি। করোনা-সঙ্কটে তোমাদের সাহায্য দরকার সংখ্যালঘুদের।” সেই টুইটে তিনি দান করার উপায়ও বলে দিয়েছেন। এখন দেখার, দুই ভারতীয় ক্রিকেটার কোনো জবাব দেন কিনা।

করোনা ঠেকাতে সৌরভ-কোহলিদের সঙ্গে নরেন্দ্র মোদির ভিডিও চ্যাট

0

ভিডিও চ্যাটিংয়ে সৌরভ গাঙ্গুলীদের করোনা মোকাবেলায় মানুষকে সচেতন করতে আহবান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটিতে এখন ২১ দিনের লকডাউন চলছে। কেটেছে ১০ দিন। কিন্তু অনেক মানুষ এই লকডাউন অমান্য করে পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন। এসব বিষয় ভারতের ৪০জন ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও চ্যাটিংয়ে কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই প্রথম ক্রীড়াবিদদের সঙ্গে করোনা প্রতিরোধের ব্যাপারে আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী। জানা গেছে, তিনি সমস্ত ক্রীড়াবিদদের দেশবাসীর উদ্দেশে নিয়ম মেনে চলার আবেদন রাখতে বলেছেন। ক্রীড়ায় যেমন চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা, শৃঙ্খলা, ইতিবাচক মানসিকতা ও নিজের প্রতি বিশ্বাসের প্রয়োজন, তেমনই করোনার বিরুদ্ধে লড়াইয়েও এই গুণগুলো দরকার বলে জানান মোদি।

এই সময় মোদি ক্রীড়াবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এই ভিডিও কনফারেন্সে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি ছাড়াও ছিলেন পিটি ঊষা, পুলেল্লা গোপীচন্দ, বিশ্বনাথন আনন্দ, হিমা দাস, বজরং পুনিয়া, রোহিত শর্মা, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, মানু ভকর, শরদ কুমার, অজয় ঠাকুর প্রমুখ। এই বিপদে সবার একাত্মতা প্রকাশের জন্য রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য নাগরিকদের ঘরের আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে বলেছেন মোদি।

করোনার প্রভাবে গত ১৩ মাসে প্রবাসী আয় সর্বনিম্ন

0

করোনাভাইরাসের প্রভাবে গত মার্চ মাসে বড় ধরনের পতন হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বা প্রবাসী আয়ে। এ মাসে রেমিট্যান্স এসেছে মাত্র ১২৮ কোটি ৬০ লাখ ডলার, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এটি গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১২ শতাংশ কম।

২ শতাংশ প্রণোদনা ঘোষণার পর ১৪০ কোটি ডলারের কম রেমিট্যান্স আসেনি কোনো মাসেই। আগের মাস ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৪৫ কোটি ডলার। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় সামনের মাসগুলোতে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা।

তাঁরা বলছেন, রেমিট্যান্স কমে গেলে অর্থনীতিতে আরো চাপ তৈরি হবে। কেননা, কয়েক মাস ধরে রপ্তানি কমে গেছে। আমদানির পরিমাণও বেশ কিছুদিন ধরে কমছে। এমন পরিস্থিতিতে আশা জাগাচ্ছিল প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স। বিশেষ করে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণার ফলে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশের বেশি। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সে সূচকেও পতন শুরু হয়েছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা প্রায় ৩৮ কোটি ডলারের রেমিট্যান্স পাঠান। দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় সাড়ে ৪২ কোটি ডলারে। তবে তৃতীয় সপ্তাহে সেটি কমতে থাকে এবং মাসের শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল। এতে পুরো মার্চ মাসে রেমিট্যান্সের পরিমাণ নেমে এসেছে মাত্র ১২৮ কোটি ৬০ লাখ ডলারে। গত বছরের মার্চে যা ছিল ১৪৫ কোটি ৮৬ লাখ ডলার। সব মিলে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) দেশে প্রায় এক হাজার ৩৭৮ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স আসে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬.১৫ শতাংশ বেশি। সে সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ১৮৬ কোটি ৮৬ লাখ ডলার। অথচ প্রথম আট মাসে প্রবৃদ্ধির হার ছিল ২০ শতাংশেরও বেশি।

এ ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বাংলাদেশে যেসব দেশ থেকে বেশি রেমিট্যান্স আসে, তার সব গুলোতেই ছড়িয়েছে করোনাভাইরাস। ফলে করোনার কারণে প্রবাসী শ্রমিকরাও ভালো নেই। আবার এসব দেশে নতুন করে শ্রমিক পাঠানো আপাতত সম্ভব হবে না। ফলে আগামীতে রেমিট্যান্সের ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নাও হতে পারে।

বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, ওমান, মালয়েশিয়া, কাতার, ইতালি, বাহরাইন ও দক্ষিণ কোরিয়া থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে। এর বাইরে সিঙ্গাপুর, হংকং, জাপান ও জার্মানি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসে। কিন্তু এই ১৫ দেশের কোনোটিই করোনাভাইরাসমুক্ত নয়।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটে রেমিট্যান্সে এই প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে এ জন্য তিন হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত ৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করে। আর ২ অক্টোবর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাত্ক্ষণিক ২ শতাংশ হারে নগদ প্রণোদনা কার্যকর হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, প্রণোদনা দেওয়ার পর থেকেই প্রতি মাসে তার আগের মাসের চেয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ছিল। তবে সর্বশেষ ফেব্রুয়ারি মাসে তার আগের মাসের তুলনায় রেমিট্যান্স প্রবাহ কমে যায়। জানুয়ারি মাসে প্রায় ১৬৪ কোটি ডলারের রেমিট্যান্স আসে। সেখানে ফেব্রুয়ারি মাসে আসে ১৪৫ কোটি ডলারের। আর মার্চে সেটি আশঙ্কাজনকহারে কমল।

আমেরিকায় দুই সপ্তাহে চাকরি হারাল ১ কোটি লোক!

0

করোনাভাইরাসের চাপে স্থবির হয়ে পড়েছে আমেরিকার অর্থনীতি। টানা দ্বিতীয় সপ্তাহে চাকরি হারিয়েছে লাখ লাখ মানুষ। দেশটির শ্রমবিভাগ জানায়, গত সপ্তাহে রেকর্ড ৬৬ লাখ ৫০ হাজার আমেরিকান প্রথমবারের মতো বেকারভাতার জন্য আবেদন করেছেন। যা আগের সপ্তাহের চেয়ে দ্বিগুণ। এর আগের সপ্তাহে ৩৩ লাখ নাগরিক বেকারভাতার জন্য আবেদন করেন।

করোনাভাইরাস দ্রুত বিস্তৃত হওয়ায় আমেরিকায় আকস্মিকভাবেই বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার অর্থনীতিকে পিষ্ট করতে শুরু করেছে করোনাভাইরাস। দুই সপ্তাহের ব্যবধানেই বেকারভাতার আবেদন এক কোটিতে চলে এসেছে। ২০০৮ থেকে ২০১০ সালের মহামন্দার সময় প্রায় ৯০ লাখ নাগরিক চাকরি হারিয়ে বেকারভাতার জন্য আবেদন করেছিলো।

আমেরিকার অনলাইন চাকরির অনুসন্ধান প্রতিষ্ঠান ইনডিডের অর্থনৈতিক গবেষণা পরিচালক নিক বাঙ্কার বলেন, ‘শ্রমবাজারে স্বরণকালের সবচেয়ে বড় পতন চলছে। যে সব শিল্প প্রতিষ্ঠানে ছাটাই হচ্ছে তার মধ্যে এগিয়ে রয়েছে আবাসন, খাদ্য সেবা প্রতিষ্ঠান ও ম্যানুফেকচারিং। এছাড়া অন্যান্য খাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

দেশটির প্রতিটি রাজ্যেই বেকার বেড়ে চলেছে। ক্যালিফোর্নিয়ায় গত দুই সপ্তাহে ১০ লাখ মানুষ বেকারভাতার আবেদন করেছে। যেখানে এর আগের সপ্তাহে আবেদন ছিলো ১ লাখ ৮৬ হাজার। গত সপ্তাহে নিউইয়র্কে আবেদন করেছে ৩ লাখ ১১ হাজার নাগরিক।

অক্সফোর্ড ইকোনোমিকসের যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনীতিবিদ গ্রেগরি ডেকো বলেন, ‘আগামী মে মাস নাগাদ যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ লোক চাকরি হারাবে বলে ধারণা করছি।’
সূত্র: ইউএসএ টুডে

করোনায় লণ্ডভণ্ড অর্থনীতি, নিরাপত্তা বাড়াতে ৮ পরামর্শ

0

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাজস্ব আদায়, প্রবাসী আয়, আমদানি-রপ্তানিসহ অর্থনীতির সব সূচকই স্থবির। কবে নাগাদ সব কিছু স্বাভাবিক হয়ে উঠে, তা বলা অনিশ্চিত। তাই আগামী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার যে পরিকল্পনা রয়েছে, সেই সময় বাড়ানোর পরামর্শ দিয়েছে সেরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।

কমপক্ষে তিন বছরের জন্য এলডিসি থেকে উত্তরণের সময়কাল বিলম্বিত করার পরামর্শ দিয়েছে সানেম। স্থবির হয়ে যাওয়া অর্থনীতিকে আগের জায়গায় ফিরিয়ে নিতে দুই বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করতেও সরকারের কাছে প্রস্তাব তুলে ধরেছে সানেম। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বর্তমান পরিস্থিতিতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে দুই বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।

তিনি সুনির্দিষ্টভাবে আট দফার কথা উল্লেখ করেছেন। প্রথম দফায় তিনি বলেছেন, আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে দুই বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা নেওয়া যেখানে মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে ২০১৯ সালের ডিসেম্বর মাসের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া। দ্বিতীয় দফা হবে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের সময় দুই বছর পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নতুনভাবে প্রণয়ন করা। এই পরিকল্পনার একটি উল্লেখযোগ্য অংশ বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিকতা হারিয়েছে।

তৃতীয় দফায় সেলিম রায়হান বলেন, তৈরি পোশাক খাতসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্প এবং অভ্যন্তরীণ বাজার-নির্ভর খাত ও এসএমই খাতে সহায়তা দেওয়ার জন্য রাজস্ব উদ্দীপক (ফিসক্যাল স্টিমুলাস) প্যাকেজ ও মুদ্রাবিষয়ক নীতি প্রণয়ন করা। চতুর্থ দফায় বলা হয়েছে, দরিদ্র, অতি দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী এবং বর্তমান পরিস্থিতে আকস্মিকভাবে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ উলে­খযোগ্যভাবে বাড়ানো। পঞ্চম দফায় সানেম বলেছে, বাণিজ্য, কর কাঠামো এবং ব্যাংকিং খাতে ,রাজনৈতিকভাবে বাস্তবায়নযোগ্য’ কিছু নীতি সংশোধন করা। ষষ্ঠ দফা সেলিম রায়হান বলেন, রাজস্ব উদ্দীপনা (সরকারি ব্যয় বৃদ্ধি ও কর কমানো) বাস্তবায়ন এবং মুদ্রাবিষয়ক নীতিকে সহজ করার জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের উপায় বের করা।

সপ্তম দফায় বলা হয়, কমপক্ষে তিন বছরের জন্য এলডিসি থেকে উত্তরণের সময়কাল বিলম্বিত করা। শেষ পরামর্শ হিসেবে সানেম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের সময়কাল ২০৩০ থেকে বাড়িয়ে ২০৩৫ এ নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক মহলে জোর প্রচেষ্টা চালানো কথা বলেছেন।

সেন্টমার্টিন’স দ্বীপকে নিরাপদ রাখতে নৌবাহিনীর তৎপরতা

0

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সেন্টমার্টিন’সে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ বঙ্গবন্ধু, নির্ভয় ও নির্মূল। দেশের একমাত্র এ প্রবাল দ্বীপটিকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে এসময় নৌসদস্যরা স্থানীয় জনগণ, জেলে ও মাঝিদের জীবাণুনাশক স্প্রে তৈরি ও তা ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদান করে। পরে তাদের মাঝে জীবাণুনাশক স্প্রে তৈরির বিভিন্ন উপকরণ, স্প্রে মেশিন, মাস্ক, সাবান ইত্যাদি পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়। যাতে তারা এ দ্বীপটিতে আগত সকল পর্যটক, জাহাজ, বোট ও ট্রলারগুলোকে সঠিকভাবে জীবাণুমুক্ত করার মাধ্যমে তাদের নিরাপদ আগমন নিশ্চিত করতে পারে।

এসময় নৌসদস্যরা করোনা ভাইরাস প্রতিরোধে দ্বীপটিতে প্রবেশের একমাত্র জেটি, তৎসংলগ্ন এলাকা ও স্থানীয় বাজারে জীবাণুনাশক স্প্রে করে। তাছাড়া স্থানীয় জনসমাগম পরিহার পূর্বক সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরীতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সেন্টমার্টিন’স দ্বীপের পূর্ব পাড়া জামে মসজিদ ঈদগাহ মাঠ, স্বাস্থ্য কমপ্লেক্স ও মেরিন পার্কের ৯টি ওয়ার্ডের দুই শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, লবণসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী জাহাজ ও কন্টিনজেন্টসমূহ নিয়োজিত রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্টসমূহের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ থেকে আমেরিকানদের দ্বিতীয় বিশেষ ফ্লাইট রবিবার

0

নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) ফলে সৃষ্ট মহামারীর প্রেক্ষিতে আগামী রবিবার বিশেষ ফ্লাইটে বেশ কিছু আমেরিকান বাংলাদেশ ছাড়ছেন। জানা গেছে, বিশেষ ওই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহায় যাবে। সেখানে কিছু সময় অবস্থানের পর ওই ফ্লাইট ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করবে।

এটি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশেষ ফ্লাইট। গত রবিবার প্রথম ফ্লাইটে ২৬৯ জন আমেরিকান বাংলাদেশ ছেড়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেছেন, যারা স্বেচ্ছায় ফিরতে চাচ্ছেন তাদের তারা সহযোগিতা দিচ্ছেন।

এর আগে গত ২৪ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দেশটির ২৩০ জন এবং ২৫ মার্চ ড্রুক এয়ারের দুটি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন। গত বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটে ৩২৭ জন জাপানি বাংলাদেশ ছেড়ে জাপানে ফিরে গেছেন।