Home Blog Page 3078

করোনাভাইরাস প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, দাবি গবেষকদের

0

নতুন করোনাভাইরাস প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। কোনো কৃত্রিম উপায়ে এই ভাইরাস তৈরি করা হয়নি। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট এই দাবি করেছে। এ সংশ্লিষ্ট একটি গবেষণাপত্র সম্প্রতি নেচার মেডিসিন নামক জার্নালে প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা আইএএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান। নতুন নতুন গবেষণার ক্ষেত্রে বিশ্বজুড়ে এর খ্যাতি রয়েছে। সম্প্রতি এক গবেষণাপত্রে প্রতিষ্ঠানটি দাবি করেছে, নতুন করোনাভাইরাস সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। এই ভাইরাস সৃষ্টি হয়েছে প্রাকৃতিক বিবর্তনের ধারাবাহিকতায়।

প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে, নতুন করোনাভাইরাস কৃত্রিমভাবে তৈরি করা-সম্প্রতি এমন একটি মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। গবেষণায় দেখা গেছে, নতুন করোনাভাইরাস কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। বরং প্রাকৃতিক বিবর্তনের প্রক্রিয়াতেই নতুন করোনাভাইরাস সৃষ্টির প্রমাণ মিলেছে।

স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন বলেন, ‘করোনাভাইরাস গোত্রের যেসব জিনোম সিকোয়েন্স ডাটা আমাদের হাতে আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা গেছে, নতুন করোনাভাইরাস পুরোপুরি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে।’

২০০৩ সালে প্রথম চীনে সার্স আঘাত হানে। সেটিই ছিল প্রথম করোনাভাইরাস। পরে মার্স নামে আরেকটি করোনাভাইরাস ২০১২ সালে সৌদি আরবে ছড়িয়ে পড়েছিল। এবার যে কোভিড-১৯ সংক্রমণ বিশ্বব্যাপী দেখা যাচ্ছে, সেটিও এক ধরনের করোনাভাইরাস।

নতুন করোনাভাইরাস বর্তমানে দেড় শরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৮ হাজারেরও বেশি মানুষ। এই রোগকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আগ্রাসী পদক্ষেপেই সফলতা

0

আগ্রাসী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ইউরোপের দেশগুলোতে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই লাখের বেশি মানুষ। মৃত্যু আট

হাজারের বেশি। তাদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চীনেই। সেই চীনই করোনাভাইরাসের সংক্রমণ নাটকীয়ভাবে কমিয়ে এনেছে। চীন ছাড়াও দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকংও এখন পর্যন্ত বেশ সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জরুরি ভিত্তিতে এবং আগ্রাসী পদক্ষেপ নেওয়ার কারণে ওই দেশগুলো করোনা মোকাবিলায় সফলতা পেয়েছে। এই দেশগুলোর মতো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ইউরোপের দেশগুলোতে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানতে পারে, চীনের হুবেই প্রদেশের উহান শহরে মানুষ অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। সপ্তাহখানেক পর প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর ক্রমেই সংক্রমণ বাড়তে শুরু করে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮১ হাজার ১০২। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৬৯ হাজার ৭৫৫ জন। মারা গেছে ৩ হাজার ২৪১ জন। গত মঙ্গলবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ জন। মারা গেছে ১১ জন।

চীনের কর্তৃপক্ষ করোনা মোকাবিলায় পুরো হুবেই প্রদেশ অবরুদ্ধ করে। ছয় দিনে নির্মাণ করা হয় এক হাজার শয্যার একটি হাসপাতাল। দ্রুততর সময়ে নির্মাণ করা হয় আরও ১৫টি হাসপাতাল। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই অবরুদ্ধকালীন উহানে কোনো ট্রেন থামেনি। যে ব্যক্তিরই সন্দেহ হয়েছে, তিনিই চীনের যেকোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনা মূল্যে করোনার পরীক্ষা করাতে পেরেছেন। ২০০২ সালে সার্স–করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই চীন জনস্বাস্থ্য কৌশলে রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার শুরু করে। এবার সেই প্রযুক্তি ভালোভাবেই কাজে দিয়েছে। এতে খুব দ্রুত রোগী ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে কোয়ারেন্টিন করা গেছে।

রোগীর চাপ বাড়ার পর চীনা কর্তৃপক্ষ জরুরি নয় এমন চিকিৎসাসেবা স্থগিত রেখে শুধু করোনা রোগীদের চিকিৎসা জোরদার করেছে। জরুরি নয় এমন চিকিৎসাসেবা দেওয়া হয়েছে অনলাইনে। কোয়ারেন্টিনের সময়ে অনলাইনে অর্ডারের ভিত্তিতে বাড়ি বাড়ি যথাসময়ে খাবারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চীনের জনগণও সরকারকে করোনা মোকাবিলায় সার্বিক সহযোগিতা করেছে।

তবে চীনের পথে হাঁটেনি দক্ষিণ কোরিয়া কিংবা হংকং। সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়ার এক খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া রোগী ও রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার কৌশল নিয়েছে। তারা ব্যাপক হারে পরীক্ষার ব্যবস্থা করেছে। এই কাজ করতে বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ফোন বুথের মতো পরীক্ষা বুথ তৈরি করা হয়েছে। এভাবে ব্যাপকভাবে পরীক্ষা করে রোগী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করার মাধ্যমে দেশটি সফল হয়েছে। দেশটিতে গতকাল পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৪১৩ জন। মারা গেছে ৮৪ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৫৪০ জন।

সিঙ্গাপুরের চিকিৎসাকর্মীরা রোগী পাওয়ামাত্র প্রথমেই কিছু তথ্য নিচ্ছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, তারা বিদেশ সফর করেছে কি না, শেষ কয়েক দিন তাদের অবস্থান কোথায় ছিল, সড়কে থুতু ফেলেছে কি না, তাদের বন্ধু ও আত্মীয়–পরিজন কারা, কোনো প্রার্থনা কিংবা উৎসবে যোগ দিয়েছিল কি না। এসব তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন রোগীদের শনাক্ত করছে নগররাষ্ট্রটি। এ ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক ভারনন লি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘আমরা ভাইরাসের সংক্রমণের চেয়ে এক–দুই ধাপ এগিয়ে থাকতে চাই। আপনি যদি ভাইরাসের পেছনে ছোটেন, তাহলে সব সময় পিছিয়েই থাকবেন।’ সিঙ্গাপুরে এ পর্যন্ত সংক্রমিত ৩১৩ জনের মধ্যে ১১৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কেউ মারা যায়নি সেখানে।

হংকংয়েও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত সচেতনতা। চীনের মূল ভূখণ্ডের পার্শ্ববর্তী এলাকা হওয়া সত্ত্বেও হংকংয়ে আক্রান্ত রোগীর সংখ্যা এ পর্যন্ত ১৮১ জন। মারা গেছে ৪ জন। সুস্থ হয়েছে ৯২ জন।

করোনাভাইরাস মোকাবিলায় সবার আগে সতর্ক হয়েছে তাইওয়ান। গত ডিসেম্বরে বেইজিং করোনার সংক্রমণের কথা স্বীকার করার আগেই চীন থেকে সেখানে যাওয়া ব্যক্তিদের পরীক্ষা শুরু করে কর্তৃপক্ষ। জানুয়ারিতে চীনের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয় ভূখণ্ডটি। গতকাল পর্যন্ত তাইওয়ানে রোগীর সংখ্যা ছিল ১০০। তাদের মধ্যে সুস্থ হয়েছে ২০ জন, মারা গেছে ১ জন।

জরুরি কেনাকাটায় কার্ড ও বিকাশ-রকেটে মাশুল লাগবে না

0

করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় গ্রাহকদের জন্য নানা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশ-রকেটের মতো সেবায় কোনো মাশুল দিতে হবে না। পাশাপাশি জরুরি কেনাকাটায় লেনদেন সীমাও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে জরুরি সেবা চালুর জন্য পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে কোনো মাশুল কাটা যাবে না। এভাবে দৈনিক সর্বোচ্চ ১৫ হাজার ও প্রতি মাসে ১ লাখ টাকার জরুরি পণ্য কেনা যাবে। এর বেশি কেনাকাটায় মাশুল দিতে হবে।

একইভাবে বিকাশ-রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জরুরি কেনাকাটাতে কোনো মাশুল কাটা যাবে না। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে প্রতি মাসের লেনদেন সীমা ৭৫ হাজার টাকা থেকে ২ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে দিনে একবার ১ হাজার টাকা উত্তোলন করলে কোনো মাশুল কাটা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নিত্য প্রয়োজনীয় ও ওষুধ বিক্রয়কারী ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যক্তিগত ব্যাংক হিসাব, এমএফএস হিসাব, এজেন্ট ব্যাংকিং হিসাব ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসাবকে ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতিটি ব্যাংক শাখার ক্যাশ কাউন্টার, এজেন্ট ব্যাংকিং, এটিএম, পয়েন্ট অফ সেলস, ইন্টারনেট, অ্যাপ ও ইউএসএসডি ভিত্তিক সব লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে হবে। লেনদেনের স্থানে নিয়মিতভাবে জীবাণুমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে উদ্যোগ নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনা মোকাবিলায় সবার দায়িত্ব আছে। ব্যাংক ও এমএফএস সেবাদাতাদের এখনই এসব নির্দেশনা মানতে হবে।

শেয়ারবাজারে সূচক ও কোম্পানির দামের সর্বনিম্ন সীমা বেঁধে দিল নিয়ন্ত্রক সংস্থা

0

নতুন বিধান করে নিয়ন্ত্রক সংস্থা বলেছে, এখন থেকে শেয়ারের দাম নির্দিষ্ট একটি সীমার নিচে নামতে পারবে না। এ কারণে সূচকও নির্ধারিত একটি সীমার নিচে নামার পথ বন্ধ হয়ে গেল।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দরপতন ঠেকাতে বিশেষ এই ব্যবস্থা চালু করেছে। ইতিমধ্যে দুই স্টক এক্সচেঞ্জে এ বিধান কার্যকর হয়ে গেছে। নতুন এ বিধান মেনেই বেলা দুইটা থেকে দুই শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম শুরু হয়েছে। বেলা আড়াইটায় দেশের প্রধান শেয়ারবাজারের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭২ পয়েন্ট।

বিএসইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ কার্যদিবসের সর্বনিম্ন দামের গড়কে আজকের দিনের শুরুর দাম হিসেবে ধরা হয়েছে। এতে করে প্রায় সব শেয়ারেরই দাম লেনদেন শুরুর আগে গতকালের চেয়ে কয়েক শতাংশ বেড়ে গেছে।

করোনা ঠেকাতে বিসিবি যা করছে

0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ের মূল ফটক দিয়ে ঢুকতেই এগিয়ে এলেন দুজন নিরাপত্তাকর্মী। দুজনের মুখে মাস্ক আর হাতে গ্লাভস। একজন ‘হ্যান্ড রাব’ নিয়ে এগিয়ে এলেন। অনুরোধের সুরে বললেন, ‘হাত পরিষ্কার করে যান।’ যাঁরাই বিসিবি কার্যালয়ে আসছেন, পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছেন। সবার মনে যে এখন করোনা-আতঙ্ক।
ভয়াল করোনাভাইরাসের থাবায় বিশ্বের বিভিন্ন স্থানের মতো থমকে আছে মিরপুরও।

লিভারপুল তাহলে লিগ পাচ্ছেই

0

তাদের ৩০ বছর অপেক্ষার অবসানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনাভাইরাস। শঙ্কা জেগেছিল, বলতে গেলে নিশ্চিত শিরোপাটাও বুঝি লিভারপুলের হাতছাড়া হয়ে যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের দাপটে। কিন্তু করোনার আশঙ্কা দুর্ভাগ্য হয়ে এখনো থেকে গেলেও লিভারপুলের শিরোপা হারানোর শঙ্কা আর নেই। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আজ ঘোষণা দিয়েছে, যত দিনই লাগুক, ২০১৯-২০ মৌসুম তারা শেষ করবে।

এর আগে ৩ এপ্রিল পর্যন্ত ফুটবল লিগ স্থগিত রাখলেও সেটি বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে ইংলিশ এফএ। তত দিনে করোনাকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে, ফুটবল ফিরবে আবার মাঠে, এ-ই আপাতত আশা।

ইংল্যান্ড তো বটেই, ইউরোপে করোনা বেশ জেঁকে বসেছে। দেশে দেশে মানুষ গৃহবন্দী। যুক্তরাজ্যে আজ পর্যন্ত ২ হাজার ৬ শ-রও বেশি মানুষ করোনায় আক্রান্ত, মারা গেছেন ১১০ জনের মতো। করোনার প্রভাব কাটিয়ে মানুষের জীবন কবে আবার পথে ফিরবে সে উত্তরই এখনো অজানা, ফুটবল সেখানে কোন ছার! তবু করোনা বিদায় নিলে কীভাবে কী হবে, সে পরিকল্পনা তো করতে হবে। সে জন্যই আজ এফএ বৈঠকে বসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইএফএল (প্রিমিয়ার লিগের নিচের তিন স্তর—চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান ও লিগ টু-র আয়োজক), মেয়েদের ফুটবল লিগের আয়োজক, পিএফএ (পেশাদার খেলোয়াড়দের সংগঠন) ও এলএমএ-র (লিগের কোচদের সংগঠন) সঙ্গে।

বৈঠক শেষে বিবৃতিতে এফএ লিখেছে, ‘এফএ নিয়মে লেখা আছে, মৌসুমটা ১ জুনের মধ্যেই শেষ করতে হবে। আর এফএ-র বেঁধে দেওয়া সীমা মেনে প্রতিটি টুর্নামেন্ট তাদের মৌসুম কত দিন পর্যন্ত চলবে সেটি ঠিক করবে। তবে আমাদের বোর্ড ২০১৯-২০ মৌসুমের সীমা অনির্ধারিত সময়ের জন্য ঠিক করতে সম্মত হয়েছে।’ অর্থাৎ, লিগ শেষ করার জন্য এখন আর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। যত দিন সময়ই লাগুক, মৌসুম পুরোপুরি শেষ করবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

করোনার প্রভাব কবে শেষ হবে, সেটি তো আর নিশ্চিত নয়। সেটি কাটিয়ে লিগ কবে শুরু হবে, কবে ও কীভাবে শেষ-ই বা হবে, তা-ও বলা যায় না। সে কারণেই এমন সিদ্ধান্ত ইংলিশ এফএ-র।

কঠিন এই সময়ে লিভারপুল ভক্তদের কানে নিশ্চিত মধু ঢালবে খবরটি। লিগে আর ম্যাচ বাকি আছে ৯-১০টি, এর মধ্যেই যে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে ইয়ুর্গেন ক্লপের দল। ২৮ ম্যাচ শেষে পেপ গার্দিওলার সিটির পয়েন্ট ৫৭, এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের পয়েন্ট ৮২। তিনে থাকা লেস্টার সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৫৩। অর্থাৎ, আর ৬ পয়েন্ট হলেই লিগ নিশ্চিত সালাহ-মানেদের। বাকি ৯ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া নিয়ে নিশ্চয়ই সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়া লিভারপুল ভক্তও শঙ্কায় থাকবেন না!

এখন তাই মার্সিসাইডের লাল অংশে দুটি অপেক্ষা। করোনার বিদায়ের আর ছয়টি পয়েন্টের। প্রাণঘাতী এই ভাইরাসটি বিদায় নিলেই যে প্রাণ খুলে উদ্‌যাপন করতে পারবে লিভারপুল! ত্রিশ বছরের জমে থাকা দুঃস্বপ্ন অবশেষে মুছে যাওয়ার উদ্‌যাপন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

0

করোনাভাইরাসের হুমকির মুখে আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় হল খালি করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়তে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

বিদেশফেরতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

0

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মূলত দেশে প্রবেশমাত্র তাদের কোয়ারেন্টিনে যেতে বাধ্য করতেই এ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের করা এক রীটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিষয়টি নজরে আনেন। এছাড়াও করোনা প্রতিরোধে সরকারকে আরো ৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত

0

বাংলাদেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন।

আজ বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাঁরা ইতালি ফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে জানান আবুল কালাম আজাদ।

গতকাল বুধবার আইইডিসিআর জানায়, দেশে প্রথম কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।। মারা যাওয়া ব্যক্তি ৭০ বছর বয়সী একজন পুরুষ। তিনি ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এ ছাড়া তাঁর হার্টে স্টেন্ট পরানো ছিল।

আজ আবুল কালাম আজাদ বলেন, নতুন আক্রান্ত হওয়া তিনজন একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ।

দেশে গত ৮ মার্চ প্রথম তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এঁদের মধ্যে তিনজনই সুস্থ হয়ে উঠেছেন।

করোনা শনাক্তে কিটের কাঁচামাল আনতে চায় গণস্বাস্থ্য, ভাবছে সরকার

0

করোনাভাইরাস শনাক্ত করার জন্য আবিষ্কার করা কিট ব্যবহার করতে প্রয়োজনীয় কাঁচামাল বা রিএজেন্ট আমদানির অনুমতি চেয়েছে গণস্বাস্থ্যকেন্দ্র। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগ পরীক্ষার সহজ ও স্বল্পমূল্যের পদ্ধতি উদ্ভাবন করেছে গণস্বাস্থ্যকেন্দ্র। গতকাল বুধবার গণস্বাস্থ্যকেন্দ্র থেকে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কিটটি ব্যবহারে কাঁচামাল আনার জন্য অনুমতি চাওয়া হয়।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা গতকাল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘গণস্বাস্থ্যকেন্দ্রের একটি দল ওই কিটের ব্যাপারে কথা বলতে আমাদের কাছে এসেছিল। এ ব্যাপারে কী করা যায়, সরকার ভাবছে।’

বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্যকেন্দ্রের চার চিকিৎসক নিহাদ আদনান, মোহাম্মদ রাশেদ জমিরউদ্দিন ও ফিরোজ আহমেদ এই পদ্ধতি উদ্ভাবন করেছেন। ২০০৩ সালে পৃথিবীজুড়ে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লে বিজন কুমার শীল সিঙ্গাপুর গবেষণাগারে কয়েকজন সহকারীকে নিয়ে সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। বিজন কুমার গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী।

নতুন উদ্ভাবিত পদ্ধতিতে ৩৫০ টাকায় ১৫ মিনিটে করোনা শনাক্ত সম্ভব বলে জানিয়েছে গণস্বাস্থ্যকেন্দ্র।
গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা মোটামুটি সে রকমের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে অত্যন্ত স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে। এটা করতে রিএজেন্ট লাগে। কেমিক্যাল রিএজেন্টগুলো সহজলভ্য নয়। এগুলো পাওয়া যায় সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।

বিজন কুমার ও তাঁর দলের উদ্ভাবিত পদ্ধতিতে ৩৫০ টাকায় ১৫ মিনিটে করোনা শনাক্ত সম্ভব জানিয়ে গণস্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হয়েছে, ‘গণস্বাস্থ্যকেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতিতে মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। এতে খরচ পড়বে তিন শ থেকে সাড়ে তিন শ টাকা। সরকার যদি এর ওপর ট্যাক্স-ভ্যাট আরোপ না করে, তাহলে গণস্বাস্থ্যকেন্দ্র দুই থেকে আড়াই শ টাকায় এটি বাজারজাত করতে পারবে বলে দাবি করেছে।