Home Blog Page 3084

করমর্দন করছেন না তাহসান

0

করোনার কারণে নাটকের শুটিং বন্ধ করে দিলেন শিল্পী তাহসান খান। আগামী বুধবার থেকে টানা চার দিন দুটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। করোনাভাইরাস নিয়ে সতর্কতার কারণেই শুটিং থেকে সরে আসেন তাহসান। এমনকি কারও সঙ্গে করমর্দনও করছেন না তিনি।

ঈদে প্রচারের জন্য দুটি নাটকেরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পরিচালক ও প্রযোজক। শুটিংয়ে অংশ না নেওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘সারা পৃথিবীতেই বুদ্ধিমান মানুষ বলছে, এ ভাইরাসের প্রকোপ ঠেকাতে আইসোলেশন জরুরি। শুধু শিশুরা যদি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, তাহলেই হবে না। সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক হতে হবে। প্রয়োজনে কিছুদিন ঘরে থাকতে হবে। আমি আমার জায়গা থেকে নাটকের শুটিং করছি না। আমার মনে হয়েছে এই মুহূর্তে পরিস্থিতি বিবেচনা করে সবারই কিছুদিন ঘর থেকে বাইরে বের না হওয়া উচিত। কারণ এটা বিশ্বব্যাপী একটি বড় সমস্যা। আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। করোনা নিয়ে পূর্বসতর্কতা থেকেই প্রযোজকদের অনুরোধ করেছি, তাঁরা যেন আমার নাটকগুলো পিছিয়ে দেন।’
এই মুহূর্ত থেকে আর কোনো শুটিংয়ে অংশ নেওয়ার সম্ভাবনা নেই তাহসানের। সর্বশেষ শুটিংয়ের কাজ ছাড়া খুব বেশি বের হননি তাহসান। এমনকি সবার কাছে থেকে দূরে দূরে থেকেছেন। কারও সঙ্গে করমর্দনও করেননি। করোনাভাইরাস আগামী দিনে কী প্রভাব ফেলে, সেটার ওপর নির্ভর করেই এগোতে চান এই তারকা।

ঘরের বাইরে বের না হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘আপাতত আগামী ২-৩ সপ্তাহ কোনো কাজ করছি না। সব কাজ বাতিল করেছি। উন্নত দেশগুলো ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। আমাদের ছোট দেশ, জনসংখ্যা ঘনত্ব খুবই বেশি। আমরা যদি সতর্ক না থাকি তাহলে এই ভাইরাস ছড়াতে বেশি সময় লাগবে না। সামনে হয়তো কোনো দুর্যোগ আসতে পারে, সে জন্য আগে থেকে সতর্ক ভালো।’

সবার উদ্দেশে তাহসান বলেন, ‘এই মুহূর্তে সবাই একসঙ্গে বাইরে বের হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। কাজ ছাড়া যতটা সম্ভব বাইরে বের না হওয়াই ভালো। যদিও অনেকের প্রয়োজনীয় কাজ থাকে, সবাই বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে পারবে না। তবে চেষ্টা করতে হবে। যতটুকু পারা যায় সতর্ক থাকতে হবে।’

শুটিং বন্ধ হয়ে যাওয়া নাটক দুটিতে তাহসানের সঙ্গে অভিনয়ের কথা ছিল সাবিলা নূর ও মাহিমার। ‘সেই রাতে’ নামের দ্বিতীয় নাটকটি পরিচালনা করবেন অনন্য ইমন।

শ্রীদেবী নন, শ্রীদেবী–কন্যা

0

বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে নানা ‘অবান্তর’ প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জাহ্নবী কাপুরকে। কখনো ‘নেপোটিজম’ ইস্যুতে তিনি সমালোচিত হন। আবার কখনোবা খেসারত দিতে হচ্ছে শ্রীদেবী–কন্যা হওয়ায়। প্রায়ই জাহ্নবীর তুলনা টানা হয় মা শ্রীদেবীর সঙ্গে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী কোনো ছবি পোস্ট করলে অনেকে তাঁর মধ্যে শ্রীদেবীর ছায়া খুঁজতে শুরু করেন।

অভিষেক ছবি ‘ধড়ক’ মুক্তির পর থেকেই অনেকে তাঁর অভিনয়ের মধ্যে শ্রীদেবীর ঝলক খুঁজে বের করতে চান। শুধু তাই নয়, বলিউডের দুই নবাগত নায়িকা সারা আলী খান এবং অনন্যা পান্ডের সঙ্গে তুলনা টেনে প্রতিনিয়ত চলে চুলচেরা বিশ্লেষণ। এ সব নিয়ে বিরক্ত জাহ্নবী। এবার এসব নিয়ে মুখ খুললেন ২৩ বছর বয়সী এই উঠতি বলিউড তারকা।

কখনোই শ্রীদেবী হতে না চাওয়া জাহ্নবী মনে করেন, মায়ের সঙ্গে তাঁর তুলনা টানা অর্থহীন। অভিনয়ের ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। কিন্তু কিংবদন্তিতুল্য মায়ের সঙ্গে তাঁর তুলনা টানা অনুচিত ও অসুস্থ ভাবনা। এ প্রসঙ্গে ‘ঘোস্ট স্টোরিজ’খ্যাত জাহ্নবী বলেন, ‘আমার মনে হয় সবার এটা বোঝা উচিত যে আমি শ্রীদেবী নই, আমি জাহ্নবী, একটা অন্য মানুষ। “ধড়ক” মুক্তির পর অনেকে আমার মধ্যে শ্রীদেবীর ছায়া খুঁজে ব্যর্থ হয়েছেন। আমার আগামী কাজ দেখে হয়তো সবাই বুঝবেন, আমি এক স্বতন্ত্র অভিনেত্রী। আমার অভিনয় আর পছন্দও আলাদা।’

অন্য সব তারকার সন্তান ও আত্মীয়দের মতো ‘নেপোটিজম’-এর কবলে পড়তে হয় জাহ্নবীকেও। অনেকেরই ধারণা, নিজের যোগ্যতা থাকুক বা না থাকুক, তারকার সন্তান হিসেবেই বলিউডে জায়গা পেয়েছেন এই তরুণী; যদিও এসব ধারণাকে পাত্তা দেন না তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী একটি ভিডিও দেখা গেছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে যেতে যেতে তিনি গাইছেন একটি গান। শাহরুখ খান, মাধুরী ও কারিশমা কাপুর অভিনীত ছবি ‘দিল তো পাগল হ্যায়’-এর গান ‘ভোলি সি সুরথ’ গাইছিলেন তিনি। তাঁর গাওয়া সেই গানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। উঠতি এই বলিউড তারকাকে এবার দেখা যাবে ‘গুঞ্জন স্যাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘তখত’, ‘রুহ আফজা’ এবং ‘দস্তানা টু’ ছবিতে।

ডাকটিকিটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

0

১৭ মার্চ, ১৯২০ সালের এই দিনে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ পূর্ণ হচ্ছে তাঁর জন্মশতবর্ষ। সে জন্য ২০২০ সালকে সরকার মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। একটি বিষয় লক্ষণীয়, যে মার্চ মাসে বাঙালির স্বাধীনতাসংগ্রামের সূচনা, সেই মার্চ মাসেই বঙ্গবন্ধুর জন্ম। বঙ্গবন্ধু এখন শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি বিপ্লব, একটি আন্দোলন এবং বাংলাদেশের স্রষ্টা। বিশ্ব ইতিহাসে তিনি এক ধ্রুবতারা।

এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৯ সালের ১৬ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। ডাকটিকিটে বঙ্গবন্ধুর ছবি স্থান পায়। এটির নকশা করেছিলেন আনোয়ার হোসেন।
এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০০৯ সালের ১৬ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়। ডাকটিকিটে বঙ্গবন্ধুর ছবি স্থান পায়। এটির নকশা করেছিলেন আনোয়ার হোসেন।
ডাকটিকিট একটি দেশের প্রতিনিধিত্ব করে। ডাকটিকিটের মাধ্যমে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ব্যক্তিত্ব ইত্যাদিকে বিশ্বব্যাপী উপস্থাপন করা হয়। তাই বাংলাদেশ ডাক বিভাগ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীকে চির স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যে প্রকাশ করেছে ৫টি স্মারক ডাকটিকিট, ১টি স্মারক সিট ও ৬টি উদ্বোধনী খাম। ২০২০ সালে বাংলাদেশ ডাক বিভাগ মুজিব বর্ষ উপলক্ষে আজ (১৭ মার্চ) ১০ টাকা মূল্যমানের ১টি স্মারক ডাকটিকিট এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর ১০০টি ছবি–সংবলিত ১০০টি ডাকটিকিটসহ ১টি অ্যালবাম এবং বঙ্গবন্ধুর ভাষণ–সংবলিত টকিং ডাকটিকিট প্রকাশ করবে। এ ডাকটিকিটগুলো বাংলাদেশের ডাকটিকিটের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। আশা করি বঙ্গবন্ধুপ্রেমীরা এ ডাকটিকিটগুলো সংগ্রহে রাখবেন।

মহামানব বঙ্গবন্ধুর জন্মদিন আজ

0

আজ ১৭ মার্চ, মঙ্গলবার। ১৯২০ সালের এই দিনে রাত আটটায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’। তাঁর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। ৫৫ বছর বয়সে কিছু বিপথগামী সেনা কেড়ে নেন তাঁর প্রাণ। কিন্তু দেশের প্রতিটি কোনায় আজ উচ্চারিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আজ শততম জন্মদিনে তাঁর জন্মক্ষণ রাত আটটায় সারা দেশে উৎসবের ফোয়ারা ছোটাবে আতশবাজির ঝলকানি।

‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই…’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু কিংবা জন্মবার্ষিকীতে এ গানটি বাজানো হয় অবধারিতভাবেই। আজও সারা দেশে তা শোনা যাবে। এই গানের আকুতির মতোই সত্যিই যদি বঙ্গবন্ধু মারা না যেতেন, তাহলে আজ শতবর্ষী হতেন তিনি। জনতার নেতা মুজিব না থাকলেও তাঁর আদর্শ ও অনুপ্রেরণা আজও বাঙালির মননে গেঁথে আছে। শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞচিত্তে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে বাঙালি।

সরকার ১৭ মার্চ থেকে পরবর্তী এক বছরকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বর্ণাঢ্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত থাকার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশি-বিদেশি বরেণ্য ব্যক্তিদের। কিন্তু এ অনুষ্ঠানটি হচ্ছে না। জনতার নেতার জন্মদিনের এই উপলক্ষটা জনতার ঢল দিয়েই আয়োজন করার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতঙ্ক সেই উদ্‌যাপনে ছেদ টেনেছে। অনুষ্ঠান বর্ণাঢ্য রাখারই চেষ্টা আছে। কিন্তু জনতার উপস্থিতি এড়ানো হচ্ছে। জনগণের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করেই এমন কর্মসূচি। বেশির ভাগ কর্মসূচি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হবে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ১০ জানুয়ারি থেকেই জন্মশতবর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ প্রতিটি জেলা, উপজেলা ও জনপরিসরে ক্ষণগণনার জন্য কাউন্টডাউন ঘড়ি বসানো হয়েছে। ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এবার বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি দূতাবাসে ২৬১টি অনুষ্ঠানের পরিকল্পনা নেয়।

১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর মহকুমার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বাংলাদেশকে যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনার হাতে প্রাণ হারান বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীটি জাতীয় শিশু দিবসও। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল এবং সংবাদপত্রগুলোতে বিশেষ আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব—এ প্রত্যাশা করি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

আজ যত আয়োজন
মূল আয়োজন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন জাতীয় কমিটি। করোনাভাইরাস পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে কোনো ধরনের জনসমাগমের ব্যবস্থা না রেখে। বঙ্গবন্ধুর জন্মক্ষণের সঙ্গে মিল রেখে রাত আটটায় সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে প্রচার করা হবে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘মুক্তির মহানায়ক’। এরপর জাতীয় সংগীতের পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর থাকবে শত শিশুর কণ্ঠে গান।

সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে উদ্‌যাপন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী কর্মসূচির কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী এরপর জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ব্যক্ত করবেন তাঁর অনুভূতি। শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করবেন বড় বোন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে নিয়ে যে থিম সং করা হয়েছে, সেটি গেয়ে শোনাবেন শিল্পীরা। শেখ রেহানাও সেখানে কণ্ঠ দিয়েছেন।

কামাল আবদুল নাসের চৌধুরী জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের রেকর্ড করা ভাষণ সম্প্রচার করা হবে। জাতিসংঘ ও ওআইসি মহাসচিবের পাশাপাশি ভারত, নেপাল, ভুটানের প্রধানমন্ত্রীর ভাষণ থাকবে সেখানে। এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে পিক্সেল ম্যাপিং, সেখানে থাকবে লেজার শো। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে দুই সিটি করপোরেশন আতশবাজির প্রদর্শনীর আয়োজন করবে।

বিকেল পাঁচটায় গণভবনে মুজিব বর্ষের স্মারক ডাকটিকিট ও স্মারক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও কোনো কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত হয়েছে।

বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি নিয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এরপর দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচি পালন করা হবে।

দুপুর ১২টায় আজিমপুর এতিমখানা, কড়াইল বস্তি, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার, বস্ত্র ও মিষ্টি বিতরণ করা হবে। বাদ আসর রাজধানীর প্রতিটি ওয়ার্ডে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণ করার কর্মসূচি রয়েছে আওয়ামী লীগের।

রাত আটটায় বঙ্গবন্ধু ভবনের সামনে, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও জাতীয় সংসদ ভবন এলাকায় আতশবাজি প্রদর্শনী হবে।

নিষেধাজ্ঞার পরও কাতার এয়ারওয়েজ আনল ৯৪ যাত্রী, হজ ক্যাম্পে স্বাস্থ্যপরীক্ষার পর সিদ্ধান্ত

0

কাতার এয়ারওয়েজে করে ইউরোপ থেকে বাংলাদেশে আসা ৯৪ ব্যক্তিকে রাজধানীর আশকোনো হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কিউআর ৬৩৪ নম্বরের ওই ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসব ব্যক্তির মধ্যে ৫৮ জন ইতালি ও বাকি ৩৬ জন ইউরোপের অন্যান্য দেশ থেকে এসেছেন।

এর আগে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে আকাশপথে যাত্রী আসায় নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। গতকাল রোববার সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকেও বলা হয়েছিল যে, কোনো বিমান সংস্থা ইউরোপ থেকে যাত্রী বহন করতে পারবে না। তারপরও ইউরোপ থেকে আজ কাতার এয়ারওয়েজের এই ফ্লাইট বাংলাদেশে আসে।

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, এই ব্যক্তিদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসার ব্যাপারে অনুমতি দিয়েছে। শেষবারের মতো এই অনুমতি দেওয়া হয়েছে। তবে ইউরোপ থেকে যাত্রী বাংলাদেশে আনায় সিভিল অ্যাভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের কাছে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বেবিচক কাতার সিভিল অ্যাভিয়েশনের কাছে অসন্তোষপত্র পাঠাবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেছেন, দেশে আসা এই ৯৪ জনের স্বাস্থ্য পরীক্ষা হবে। করোনাভাইরাসের লক্ষণ না থাকলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

আবার ধসে পড়ল সূচক

0

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৯৬ পয়েন্ট। অবস্থান করছে ৩ হাজার ৭৭২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭৭ পয়েন্ট কমে নেমে এসেছে ১২ হাজার পয়েন্টের নিচে।

সকালে লেনদেনের শুরুতে কিছুটা বাড়তে দেখা যায় সূচক। প্রথম ১৩ মিনিটে ডিএসইএক্স ৫৯ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। পরে আবার কমতে থাকে। তবে দুপুরে দেশে করোনাভাইরাসে আরও তিনজন আক্রান্ত হয়েছেন, এমন ঘোষণা আসার পর সূচকের পতনে সুনামি হয়। লেনদেন শেষে ডিএসইএক্স কমে ১৯৬ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৬৩ লাখ টাকার। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৩৩৩টির। বেড়েছে মাত্র ১০টির দর। অপরিবর্তিত ১২টির দর।

গতকাল রোববার ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বা প্রায় ৪ শতাংশ কমে ৪ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে যায়। ২০১৫ সালের ৪ মে বা পাঁচ বছর পর এ সূচকটি আবারও ৪ হাজারের নিচে নেমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমে ৪৮৯ পয়েন্ট বা ৪ শতাংশ হয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনার আতঙ্ক শেয়ারবাজারে জেঁকে বসেছে। এ আতঙ্কে ব্যক্তিশ্রেণি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিজেদের গুটিয়ে নিয়েছে। এতে বাজারে চরম ক্রেতাসংকট দেখা দিয়েছে।

সিএসইতে আজ মোট লেনদেন হয়েছে মাত্র ১৩ কোটি ৩৮ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৩৫টির। বেড়েছে মাত্র ২৫টির দর। অপরিবর্তিত ১১টির দর।

নিজেদের মাস্ক তৈরি করছে পুলিশ

0

টেবিলে প্যাকেটভর্তি টিস্যু ও রাবার রাখা। পাশে চার-পাঁচজন পুলিশ সদস্য টিস্যু ভাঁজ করছেন। আরও দুই-তিনজন ভাঁজ করা টিস্যুর দুই পাশে রাবার রেখে তা ভাঁজ করে স্ট্যাপলারের পিন মেরে আটকে দিচ্ছেন। এভাবে একেক করে তৈরি হচ্ছে সাশ্রয়ী মাস্ক।

পরে পুলিশ সদস্যরা নিজেরা তা ব্যবহার করছেন এবং অন্যদের মধ্যে বিতরণ করছেন। মৌলভীবাজারের কুলাউড়া থানায় আজ সোমবার সকালে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
বেলা সাড়ে ১০টার দিকে থানায় গেলে দেখা যায়, মাস্ক তৈরিতে ব্যস্ত উপপরিদর্শক (এসআই) সনক কান্তি দাস। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সবাই এখন স্বাস্থ্যসচেতন। বাজারে এমনিতেই মাস্কের সংকট। অনেক দোকানে আবার বেশি দাম নেওয়া হয়। এ অবস্থায় টিস্যু ও রাবার কিনে নিজেরাই এটা তৈরি করে নিচ্ছেন। এতে খরচও অনেক কম পড়ছে। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও দেখে এটা তৈরির কৌশল শিখেছেন তাঁরা।

সনক আরও বলেন, আইনশৃঙ্খলাসংক্রান্ত কাজে প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটতে হয় তাঁদের। তাই নিজেদের সুরক্ষার জন্য তাঁরা মাস্ক তৈরি করছেন।

একটু পর দেখা যায়, এসআই আবদুর রহিম, হারুন আল রশীদ ও পরিমল চন্দ্র দাস মাস্ক পরে মামলার তদন্তে বাইরে যাচ্ছেন। তাঁরা বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শকসহ (তদন্ত) অন্য পুলিশ সদস্যদেরও একটি করে মাস্ক দেওয়া হয়েছে। এটি পেয়ে সবাই খুশি।

করোনা রোধে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান ঢাকার

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে সব দেশকে ‘ঐক্যবদ্ধ’ হতে এবং পরস্পরকে সহায়তা করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ সোমবার সন্ধ্যায় এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই আমরা একসাথে এ বৈশ্বিক মহামারির পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।’ তিনি বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য তাদের দেশের সহযোগিতাও কামনা করেন। সেই সঙ্গে এ প্রতিকূল সময়ে বিদেশে বাংলাদেশ মিশনগুলো যাতে তাদের দায়িত্ব পালন করতে পারে, সে জন্য সাহায্য করতে ঢাকার প্রতিনিধিদের মাধ্যমে বিদেশি সরকারগুলোর প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে করোনাভাইরাস বিষয়ে এখন পর্যন্ত সরকারের নেওয়া সাময়িক সিদ্ধান্তগুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি কূটনীতিকদের আশ্বাস দেন, বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের এ দেশের মানুষজনের মতোই সমানভাবে দেখভাল করা হবে।

দেশে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন তিন রোগী শনাক্ত করার ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়ানো শুরু করেছে। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের আটজন রোগী পাওয়া গেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

করোনা মোকাবিলায় সরকারকে সহায়তা করবে জাপা: জি এম কাদের

0

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সব উদ্যোগে জাতীয় পার্টি সক্রিয়ভাবে সহায়তা করবে। এ সময় তিনি জাতীয় পার্টির সব নেতা-কর্মীকে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের উদ্যোগকে সহায়তা করতে নির্দেশ দেন।

আজ সোমবার দুপুরে করোনাভাইরাস মোকাবিলায় গণসচেতনতা সৃষ্টিতে মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি এম কাদের। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় যুব সংহতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় অনুষ্ঠিত পথসভায় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, আজ জাতীয় পার্টির পক্ষ থেকে করোনাভাইরাস মোকাবিলায় গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি উদ্বোধন হলো। আজ থেকে সারা দেশে জাতীয় পার্টির সচেতনতামূলক কর্মকাণ্ড চালু হলো।

জি এম কাদের বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস আগ্রাসী রূপে ছড়িয়ে পড়েছে। আতঙ্ক সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। উন্নত বিশ্ব করোনাভাইরাস মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা বিভিন্ন এলাকা, শহর ও রাষ্ট্র বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে আইসোলেশন করা কঠিন হয়ে যাবে। তাই সচেতনার বিকল্প নেই। সাধারণ মানুষ যদি করোনাভাইরাসের লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্বন্ধে সচেতন হয়, তাহলেই করোনা মোকাবিলা অনেকটা সহজ হয়ে যাবে।

পরে জাতীয় পার্টি চেয়ারম্যান উপস্থিত জনসাধারণের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

৪৭ বলে তামিমের ১৯, আশরাফুল করলেন ৩

0

প্রিমিয়ার লিগে আজ ভালো করতে পারেননি তামিম ইকবাল
ঢাকা প্রিমিয়ার লিগে আজ ব্যাট হাতে বাজে দিন কাটল তামিম ইকবালের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দুর্দান্ত ফর্ম ঘরোয়ায় টেনে নিতে পারেননি প্রাইম ব্যাংক অধিনায়ক। প্রায় পঞ্চাশটির কাছাকাছি বল খেলেও হতাশ করেছেন জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক।

শেরেবাংলা স্টেডিয়ামে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগ ব্যাট করে প্রাইম ব্যাংক। দুই ওপেনারের কাছ থেকে মোটেও ভালো শুরু পায়নি প্রাইম ব্যাংক। ৪৭ বলে ১৯ রান করে আউট হন তামিম। একটি চারের মার। স্ট্রাইকরেট ৪০.৪৩! গাজীর স্পিনার নাসুম আহমেদকে উইকেট দেন তামিম। আরেক ওপেনার এনামুল হক তো রানের খাতাই খুলতে পারেননি। ৩ বলে নির্ভেজাল ‘ডাক’ মেরে ফেরেন জাতীয় দলের বাইরে চলে যাওয়া এ ব্যাটসম্যান।

প্রাইম ব্যাংকের হয়ে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। ৩৯ বলে ২৭ করে আউট হন তিনি। রনি তালুকদার ও নাহিদুল ইসলামের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫১ রান তুলেছে আবাহনী। বিকেএসপিতে শেখ জামালের হয়ে হতাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। খেলাঘরের বিপক্ষে ওপেন করতে নেমে ১৪ বলে ৩ রান করে আউট হন জাতীয় দলের বাইরে চলে যাওয়া এই ব্যাটসম্যান। ৭ বলে ১ রান করে আউট হন মাশরাফি বিন মুর্তজা। ৯ উইকেটে ২৭৬ রানে থেমেছে শেখ জামালের ইনিংস।