Home Blog Page 3093

পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, মক্তবের শিক্ষক আটক

0

রাজধানীর পল্লবীর কালসী এলাকায় আট বছরের এক শিশুকের ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি এখন হাসপাতালে ভর্তি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক নাজির হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ৮ বছরের শিশুকন্যা ওই এলাকার একটি মসজিদে (মক্তব) সকালে আরবি পড়তে যায়। সেখানে তাদের শিক্ষক নাজির হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করেন।

অভিযোগের ভিত্তিতে নাজির হোসেনকে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিক্যালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ-সমাবেশ স্থগিত

0

করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জেলা ও উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ ও সব ধরনের সমাবেশ স্থগিত করেছে সরকার।

২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সংশোধিত জাতীয় কর্মসূচি থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশোধিত কর্মসূচি জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

সংশোধিত কর্মসূচিতে জানানো হয়েছে, ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সীমিতসংখ্যক আমন্ত্রিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সীমিত আকারে পুস্পস্তবক অর্পণের জন্য অনুরোধ করা যেতে পারে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন (ওইদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে)। ২৬ মার্চ সারাদেশে জেলা ও উপজেলায় সীমিত উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। তবে কুচকাওয়াজ ও সমাবেশ স্থগিত থাকবে বলে কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।

জেলা ও উপজেলা সদরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার বিষয়ে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করে জেলা ও উপজেলা প্রশাসন থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার পাঠানো যেতে পারে।

কাল থেকে বাংলাদেশিদের ভারতে প্রবেশ বন্ধ

0

করোনাভাইরাসের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল পাঁচটার পর থেকে আর কোন বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে যেতে পারবেন না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এই সময়ে মধ্যে এই স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বেনাপোল স্থলবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) বিভাগ এ তথ্য জানিয়েছে।

বেনাপোল স্থলবন্দরের অভিবাসন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান হাবিব বলেন, ‘করোনাভাইরাসের কারণে ভারত অন্যান্য দেশের মতো বাংলাদেশি যাত্রীদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল বিকেল পাঁচটা থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা ভারতে যেতে পারবেন। এ ছাড়া ভারতীয় নাগরিক ও ভারতে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা বন্দর দিয়ে বাংলাদেশে আসতে পারবেন।’

বেনাপোলসহ দেশের সকল স্থল, বিমান, নৌ বন্দর ট্রেন পথে আগামীকাল থকে ভারতে প্রবেশ বন্ধ হয়ে যাবে। এই ঘোষণার পর বেনাপোল চেকপোস্টে গিয়ে দেখা গেল, আন্তর্জাতিক টার্মিনাল এবং নো-ম্যানস ল্যান্ডে হাজারখানেক যাত্রীর লম্বা লাইন।

ঢাকার ব্যবসায়ী আলি কাউসার বলেন, ‘স্বল্প সময় ও খরচে আমরা ভারতে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছি। কিন্তু, ভারত সরকারের এই সিদ্ধান্তে আমরা বিপাকে পড়েছি।’

হাম রুবেলার টিকা কর্মসূচি শুরু হচ্ছে ১৮ মার্চ

0

দেশব্যাপী নয় মাস থেকে দশ বছর বয়সী ৩ কোটি ৪০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। টিকা দেয়ার এই কর্মসূচি আগামী ১৮ মার্চ শুরু হয়ে শেষ হবে ১১ এপ্রিল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা কক্ষে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এমআর টিকা দেয়া হবে। এ সব শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান কর হবে। এর উদ্দেশ্য হাম-রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করা। ক্যাম্পেইনটি দুই ভাগে পরিচালিত হবে। প্রথম সপ্তাহে ১৮ থেকে ২৪ মার্চ এবং ২৮ থেকে ১১ এপ্রিল ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহ পরিচালিত হবে।

জাহিদ মালেক বলেন, ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে সারা দেশের ১ লাখ ৭৩ হাজার ২৮৯টি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি বা সমপর্যায় পর্যন্ত অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। আর ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহে ২ লাখ ৪৪ হাজার ৪ শত ৪৪টি নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এমআর টিকা প্রদান করা হবে।

তিনি বলেন, ক্যাম্পেইন শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত টিকাদান কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। এই টিকা দানের উদ্দেশ্য নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে ২ বছর বয়সের নিচের সকল বাদ পড়া ও ঝরে পড়া শিশুদের খুঁজে বের করে নিয়মিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে এমআর টিকা নিশ্চিত করা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ইতোপূর্বে দেশে ২০০৬ সালে ক্যাচ আপ এবং ২০১০ সালে ফলো আপ ক্যাম্পেইন করার ফলে হামের প্রভাব বহুলাংশে কমে গিয়েছিল। ২০১২ সাল থেকে রুবেলা নিয়ন্ত্রণে হামের টিকার সাথে রুবেলা টিকা সংযোজন করে এমআর টিকা দেয়া হচ্ছে। পরবর্তীতে ২০১৪ সালে হাম-রুবেলা দূরীকরণে এমআর ক্যাম্পেইন+ পরিচালিত হয়। কিন্তু পরাগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী ১৮ মার্চ থেকে আবার টিকা দান কর্মসূচি শুরু হবে।

জাহিদ মালেক বলেন, ঝুঁকিতে থাকা শিশু অর্থাৎ দোকান বা বাজার, কারখানা, রাইস মিল ইত্যাদিতে কর্মরত মায়েদের শিশু, বেদে বহরের শিশু ও সুবিধাবঞ্চিত শিশু যারা রেল-বাস স্টেশনে ঘুমায়, হাসপাতালে ভর্তি বা মায়েদের সাথে অবস্থানরত শিশু, জেলখানায় মায়েদের সাথে অবস্থানরত শিশু, পতিতালয়ের শিশু, বস্তির শিশু ও দুর্গম এলাকার শিশুদের টিকা প্রদানের জন্য সেসব এলাকায় আলাদা টিকাকেন্দ্র পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মওলা বক্স চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আইপিএলের ভবিষ্যত অনিশ্চিত

0

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভবিষ্যৎকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। দেশটির জাতীয় ক্রীড়া সংস্থাকে স্বাস্থ্য দপ্তরের জারি করা সব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে পড়ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। নভেল করোনাভাইরাসের কথা মাথায় রেখে বিপুল সংখ্যায় মানুষের এক জায়গায় জমায়েত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।

ক্রীড়া সচিব রাধে শ্যাম বলেছেন, দেশে খেলাধূলার ইভেন্ট হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। কিন্তু তাতে যেন বেশি মানুষ একসঙ্গে উপস্থিত না থাকেন। তিনি বলেছেন যে, জনতার উপস্থিতি এড়িয়ে যেতে হবে খেলাধূলার ইভেন্টে। ফলে, আইপিএল হওয়া নিয়ে সংশয় আরও বাড়ছে। এমনিতেই ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসা বাতিল করা হয়েছে। ফলে, আইপিএল যদি হয়, তবে বিদেশিদের ছাড়াই শুরুতে খেলতে হবে সব দলকে।

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে আইপিএল পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে আবেদন করা হয়েছিল। কিন্তু জরুরি ভিত্তিতে সেই আবেদন শুনতে রাজি হয়নি বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি অনিরুদ্ধ বসুকে নিয়ে গড়া অবসরকালীন বেঞ্চ। আবেদনকারী আইনজীবী মোহন বাবু আগরওয়ালকে এই বেঞ্চ বলেছে, ‘এটা এমন কোনো ব্যাপার নয় যা কিনা কোর্ট খোলা পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। ১৬ মার্চ কোর্ট নিয়মিত ভাবে খোলার পরই এই মামলা উঠতে পারে।’

মুজিববর্ষে শিশু অধিদপ্তরের কাজ শুরুর তাগিদ

0

সরকার এরইমধ্যে শিশু অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিলেও তা নিয়ে চলছে দীর্ঘসূত্রিতা। এই অধিদপ্তরের কার্যক্রম দ্রুত শুরুর তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে শিশু অধিদপ্তরের কার্যক্রম উদ্বোধনের জন্য বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে শিশু অধিদপ্তরের কার্যক্রম শুরুর পাশাপাশি প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা সম্প্রসারণে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়।

এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে (১০-২০ বছর) বাংলাদেশের সব মানুষকে ডিএনএ ডাটাবেজে অন্তর্ভুক্ত করার কাজটি দ্রুত করার তাগিদ দেওয়া হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও মহান মুক্তিযুদ্ধে বীরদের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া কিশোর-কিশোরী ক্লাবগুলো সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন

0

খুলে দেওয়া হলো দেশের প্রথম প্রবেশনিয়ন্ত্রিত ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ২ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বমানের মহাসড়ক হিসেবে ৫৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর তা যান চলাচলের জন্য পুরোপুরি চালু হলো। আগামী বছর পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা যেতে সড়কযানে লাগবে মাত্র ৪২ মিনিট। তবে এখন ঢাকার যাত্রাবাড়ী থেকে এই এক্সপ্রেসওয়ে হয়ে সড়কযানে সরাসরি যেতে লাগবে প্রায় আধাঘণ্টা। এই মহাসড়ক ব্যবহারের আগে যাত্রাবাড়ী থেকে মাওয়া যেতে লাগত গড়ে দুই ঘণ্টা। এখন লাগছে ৩০-৪০ মিনিট। তবে প্রথম বুড়িগঙ্গা সেতুতে টোল আদায়ের জন্য যানজট হচ্ছে। এলাকাবাসী, চালক ও যাত্রীরা জানান, এ সেতুর টোল আদায় বন্ধের দাবি পুরনো। এখানে টোল আদায় বন্ধ করা হলে এই পথে ভ্রমণ সময় আরো কমবে।

৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর চার কিলোমিটার নির্মাণ এরই মধ্যে শেষ হয়েছে। ২০২১ সালের জুনের মধ্যে সেতুটি চালু হবে বলে প্রকল্প কর্মকর্তারা আশা করছেন। তখন এ মহাসড়ক ব্যবহার করে শতভাগ সুফল ভোগ করবেন বরিশাল বিভাগের ছয়, খুলনা বিভাগের ১০ ও ঢাকা বিভাগের ছয় জেলাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার যাত্রীরা। যাত্রাবাড়ী থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার ও পাচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এটি।

মুজিববর্ষে প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন হবে আশা করা হলেও সব প্রস্তুতি শেষ হওয়ায় মুজিবর্ষের আগেই এটি চালু হচ্ছে। আগামী ২০ বছরের ক্রমবর্ধমান যান চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে ১১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই এক্সপ্রেসওয়ে এশীয় মহাসড়কের অংশ। এ ছাড়া দেশে ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের সমান্তরালে ছয় লেনের একটি, ঢাকার বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত একটি ও ঢাকা থেকে আশুলিয়া পর্যন্ত আরো একটি এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রথম বিশ্বমানের মহাসড়ক। গত বুধবার ঢাকার যাত্রাবাড়ী থেকে মাওয়া অংশ ঘুরে দেখা গেছে, মূল মহাসড়কটি চার লেনের, তার দুই পাশে হালকা যানবাহনের জন্য আছে দুটো সার্ভিস লেন। চার লেন মহাসড়কের দুই পাশে থাকছে সাড়ে পাঁচ মিটার করে সার্ভিস লেন। এটির পুরো পথ অবমুক্ত করা না হলেও বেশির ভাগ অংশ ব্যবহার করে সড়কযান চলাচল করছিল। প্রকল্প সূত্রে জানা গেছে, বিশ্বমানের মহাসড়কে পাঁচটি উড়াল সেতু কদমতলী-বাবুবাজার লিংক রোড, আবদুল্লাহপুর, শ্রীনগর, পুলিয়াবাজার ও মালিগ্রামে নির্মাণ করা হয়েছে।

১৯টি নিচ দিয়ে চলার পথ, ১০০টি ছোট-বড় সেতু আছে। জুরাইন, কুচিয়ামোড়া, শ্রীনগর ও আতাদিতে রেল সেতু নির্মাণ করা হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে প্রকল্পের নির্মাণকাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন বা এসডাব্লিউও (পশ্চিম)। ২০১৬ সালের মে থেকে প্রকল্পের কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের তিন মাস আগেই নির্মাণ শেষ হয়েছে। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছিল।

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোয় গুরুত্বারোপ

0

করোনা ভাইরাস প্রতিরোধে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, মোরশেদ আলম, রওশন আরা মান্নান ও আদিবা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখনও সেভাবে করোনাভাইরাস দেখা যায়নি। কিন্তু বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই এটি ছড়িয়ে পড়লে অনেকে আক্রান্ত হতে পারেন। এজন্য সংসদীয় কমিটি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। এজন্য জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরের উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পসমূহের বাস্তব অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরীর প্রস্তাবমতে সাংসারিক কর্মকাণ্ডে নিয়োজিত নারী সমাজের অবদানকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

0

বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। গতকাল বুধবার রাতে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে ২-১ গোলে হেরেছিল পিএসজি।

এদিন ম্যাচের ২৮তম মিনিটেই দি মারিয়ার কর্নারে ডাইভিং হেডে নেইমারের গোলে এগিয়ে যায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। দি মারিয়ার বাড়ানো বল পেয়ে কোণাকোণি শট নিয়েছিলেন পাবলো সারাবিয়া। শেষ মুহূর্তে হুয়ান বেরনাতের আলতো টোকায় দিক পাল্টালে বল ঠিকানায় পৌঁছে যায়।

বিরতির পর ৮৯তম মিনিটে কান লালকার্ড দেখলে ডর্টমুন্ডের ম্যাচ ফেরার পথ আরও কঠিন হয়ে যায়। আক্রমণে ওঠা নেইমারকে পেছন থেকে ফাউল করার পর তার সঙ্গে তর্কে জড়ান জার্মান এই মিডফিল্ডার। এক পর্যায়ে নেইমারকে ধাক্কা মেরে ফেলে দেন। দুই পক্ষের খেলোয়াড়রাও জড়িয়ে পড়েন হাতাহাতি, ধাক্কাধাক্কিতে।
এ ঘটনায় নেইমার, মার্কিনিয়োস ও ৭৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে গ্যালারিতে বসে থাকা দি মারিয়াকেও হলুদ কার্ড দেখান রেফারি।

এবার আফগানিস্তান থেকে সরে যাচ্ছে ব্রিটিশ বাহিনী

0

সম্প্রতি তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির প্রেক্ষিতে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। এদিকে আফগানিস্তান থেকে নিজেদের সেনাবাহিনী সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার।

টাইমস পত্রিকার এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিতে যাচ্ছে ওয়াশিংটনের ধ্বজাধারী লন্ডন।

আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালানোর প্রায় দুই দশক পর এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার।

তালেবান-মার্কিন চুক্তি অনুযায়ী, আগামী জুলাই মাসের মাঝামাঝি কয়েকশ’ ব্রিটিশ সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার নেয়া হবে। প্রথম পর্যায়ে আগামী গ্রীষ্মের শেষ নাগাদ মোট ৩৩০ ব্রিটিশ সেনা আফগানিস্তান ত্যাগ করবে।

বর্তমানে আফগানিস্তানে ১,১০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে এবং এদের বেশিরভাগ রাজধানী কাবুল ও এর আশপাশে অবস্থান করছে।

দ্বিতীয় পর্যায়ে ব্রিটিশ সরকার বাকি সেনা সরিয়ে নেবে কিনা তা নির্ভর করছে তালেবান-মার্কিন শান্তি চুক্তি কতখানি বাস্তবায়ন হচ্ছে তার ওপর।

প্রসঙ্গত, ২০০১ সালের শেষ নাগাদ ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে দেশটি দখল করে নেয়। তখন থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে ৪৫৬ ব্রিটিশ সেনা নিহত ও দেশটির দুই হাজারের বেশি সেনা আহত হয়।